البقرة
Al-Baqarah
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
এ সূরা যা ‘আল-বাকারা’ নামে সবচেয়ে বেশি পরিচিত, কুরআন শরীফের সর্ববৃহৎ সূরা। হিজরতের প্রথম চার বছরের মধ্যেই এ সূরা মদীনায় অবতীর্ণ হয়। স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) এ সূরার নামকরণ করেন। এ সূরার নামকরণে খুব সম্ভব এর ৬৮ থেকে ৭২ নম্বর আয়াতে বর্ণিত বক্তব্যের প্রতি লক্ষ রাখা হয়েছে, যেখানে ইহুদীদের জাতীয় জীবনের একটি বিশেষ ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। দীর্ঘদিন ধরে ইহুদীরা মিশরে ফেরাউনদের ভূমিদাস ও ক্রীতদাস হিসাবে অত্যন্ত প্রতিকূল অবস্থায় দিনযাপন করছিল। ফেরাউনরা ছিল গাভির পূজারি। সাধারণত অধীনস্থ প্রজাদের মধ্যে প্রভু শ্রেণির আচারব্যবহার অনুকরণের অন্ধ মোহ কাজ করে, এরই বশবর্তী হয়ে মিশরীয়দের গাভি পূজার অভ্যাসটি ইহুদীদের মাঝেও ধীরে ধীরে সংক্রমিত হয়। কালক্রমে ইহুদীরাও গাভিকে শ্রদ্ধার চোখে দেখতে থাকে এবং পূজনীয় দেবতা হিসাবে গণ্য করে। হযরত মূসা (আ.) যখন তাদেরকে তাদের উপাস্যের প্রতীক হিসাবে চিহ্নিত একটি বিশেষ গাভি জবাই করতে বলেন, তখন তারা অযথা প্রশ্ন করতে আরম্ভ করে। সূরাটির উক্ত আয়াতসমূহে এ ঘটনারই উল্লেখ রয়েছে। সূরা বাকারা ছাড়াও এ সূরার আরেকটি নাম হলো ‘আয-যাহরা’ এবং একে ও সূরা ‘আলে ইমরান’-কে সম্মিলিতভাবে ‘আয-যাহরাওয়ান’ বা দুটি উজ্জ্বল আলো বলা হয় (মুসলিম)। হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘প্রত্যেক জিনিসেরই একটি চূড়া বা শীর্ষ থাকে। আল-কুরআনের চূড়া হলো আল-বাকারা’ (তিরমিযী)। সূরা ফাতিহার পর পরই এ সূরাকে সন্নিবেশিত করার কারণ হলো, পাঠক সূরা ফাতিহা পাঠ করে যে-সব প্রশ্নের মুখোমুখি হয় এর সঠিক উত্তর এতে নিহিত আছে। সার্বিকভাবে যদিও সূরা ফাতিহার সাথে কুরআনের অন্যান্য সব সূরার সম্পর্ক রয়েছে তথাপি সূরা বাকারার সাথে এর বিশেষ সম্পর্ক হলো, সূরা ফাতিহায় বর্ণিত প্রার্থনা ‘তুমি আমাদেরকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করো’- এর কবুল হবার উত্তম পন্থা এ সূরায় বর্ণিত হয়েছে। সূরা বাকারায় দীর্ঘ বক্তব্যের মাধ্যমে আল্লাহর নিদর্শন বা আয়াত বর্ণনা, কিতাব ও প্রজ্ঞা শিক্ষা এবং পবিত্রকরণের উপায়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে (২:১৩০) এবং এতে সঠিক ও বিশদভাবে সূরা ফাতিহার উক্ত মহান প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে।
অনেক সময় বলা হয়, এ সূরাটি দিয়েই কুরআন মজীদ শুরু হয়েছে, কেননা এ সূরার শুরুতে, ‘এটি সেই সর্বাঙ্গীণ-সম্পূর্ণ গ্রন্থ, যাতে কোনো সন্দেহ নাই’ বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে এর পূর্ববর্তী সূরা ফাতিহা সার্বিক বিবেচনায় সংক্ষিপ্ত কুরআন এবং কুরআনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে সর্বজনস্বীকৃত। অতএব শিক্ষার পথনির্দেশিকা হিসাবে উভয় সূরাতেই যে সন্দেহাতীত জ্ঞানভাণ্ডার রয়েছে, এ বিষয়ে মতভেদের কোনো অবকাশ নাই। অবশ্য সূরা ফাতিহার অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে কুরআন নিজেই সাক্ষ্য দিয়েছে (১৫:৮৮)। এ বৃহৎ সূরাটির বিষয়বস্তু সংক্ষিপ্তাকারে এর ১৩০ নম্বর আয়াতে দেওয়া হয়েছে। উক্ত আয়াতে হযরত ইবরাহীম (আ.) মক্কাবাসীদের মধ্য থেকে একজন নবীর আবির্ভাবের জন্য আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা জানান, যিনি আবির্ভূত হয়ে তাদের মাঝে (১) আল্লাহর নিদর্শন বর্ণনা করবেন, (২) পরিপূর্ণ শরীয়তের মাধ্যমে বিশ্ববাসীকে চিরন্তন হিদায়াত দেবেন, (৩) জ্ঞান ও প্রজ্ঞা শেখাবেন এবং (৪) জীবনের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় এমন একটি সুষ্ঠু নীতি ও আদর্শের বাস্তবায়ন ঘটাবেন, যা তাদের জীবনে এক আধ্যাত্মিক পরিবর্তন আনবে এবং যার ফলে তারা এক মহৎ ও শক্তিধর জাতি হিসাবে সারা পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হবে। হযরত ইবরাহীম (আ.)-এর এ মহান প্রার্থনা যে চারটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত, সে চারটি বিষয়ই ধারাবাহিকভাবে এ সূরায় বর্ণনা করা হয়েছে। প্রথম ১৬৮টি আয়াতে আল্লাহর নিদর্শন বর্ণনা, ১৬৯ থেকে ২৪৩ আয়াত পর্যন্ত ঐশী গ্রন্থ ও প্রজ্ঞা শিক্ষার প্রসঙ্গ এবং পরিশেষে ২৪৪ থেকে ২৮৭ আয়াত পর্যন্ত জাতীয় জীবনে সফলতার উপকরণ সম্পর্কিত নীতিমালা আলোচনা করা হয়েছে। আল্লাহর নিদর্শন-সংক্রান্ত আয়াতসমূহ হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর সত্যতার প্রমাণও বহন করে।
এ সূরাতে বর্ণিত শরীয়তের বিধান ও এর ব্যাখ্যা এবং এতে অন্তর্নিহিত প্রজ্ঞা ও দর্শন, সর্বোপরি ইবরাহীম (আ.)-এর দোয়ায় বর্ণিত আধ্যাত্মিক পরিবর্তনের কথা- এ সবই জাতীয় জাগরণের প্রতি দিকনির্দেশ করে।
এ সূরাতে ৪০টি রুকূ ও ২৮৭টি আয়াত আছে। আল্লাহ, ওহী ও পরকাল এ তিনটি মৌলিক বিষয়ে ঈমান রাখা এবং নামায ও যাকাত- এ দুটি ব্যবহারিক বিধির বর্ণনার মাধ্যমে সূরাটি শুরু হয়েছে। বাদবাকি মূলত এ নীতিমালা ও বিধিবিধানের ব্যাখ্যা হিসাবেই উপস্থাপিত হয়েছে। হিদায়াত-সংক্রান্ত প্রার্থনার উত্তরে পবিত্র কুরআনের দাবি হলো, এ গ্রন্থ মানুষের জন্য পরিপূর্ণ জীবনবিধান। পূর্ববর্তী গ্রন্থগুলোতে যে সত্য অবতীর্ণ হয়েছিল তা আরো সুস্পষ্ট ও অকৃত্রিমভাবে এতে সন্নিবেশিত হয়েছে এবং এর সঠিক উপলব্ধির ভিত্তিতে মানুষ আধ্যাত্মিক স্তরের উচ্চতম মার্গে উন্নীত হতে পারে। দ্বিতীয় রুকূতে সে ধরনের মৌখিক বিশ্বাস যা হৃদয়ের গভীরে প্রোথিত নয় তা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণীয় বলে বর্ণিত হয়েছে। পবিত্র কুরআনের সত্যতা যাচাইয়ের মান ও নীতিনির্ধারণী বক্তব্য রাখা হয়েছে তৃতীয় রুকুতে। এ লক্ষ্যে বস্তুজগতে ক্রিয়াশীল বিবর্তন প্রক্রিয়ার প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যা আধ্যাত্মিক ক্ষেত্রেও সমভাবে দেখা যায়। অতঃপর আধ্যাত্মিক ধারার প্রথম সংযোগ স্থাপনকারী মানব হযরত আদম (আ.)-এর প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাঁর ইচ্ছাকে সর্বপ্রথম পৃথিবীতে প্রকাশ করেছেন। চতুর্থ রুকৃতে বিরুদ্ধবাদীদের দ্বারা হযরত মুহাম্মদ (সা.)-এর বিরোধিতার প্রসঙ্গ বর্ণিত হয়েছে এবং বলা হয়েছে, যেভাবে হযরত আদম (আ.)-এর বিরোধিতা তাঁর সত্যতা বা মূল্যকে খাটো করতে পারে নি, তদ্রূপ হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি আরোপিত অপবাদও তাঁর সত্যতায় কোনো কলঙ্ক লেপন করতে পারবে না।
৫ রুকূ থেকে ১৬ রুকূ পর্যন্ত অর্থাৎ পরবর্তী ১২ রুকূতে নতুন ওহী অবতরণের যৌক্তিকতা বর্ণিত হয়েছে এবং হযরত আদম (আ.)-এর মাধ্যমে আল্লাহ নিজেকে প্রকাশ করা সত্ত্বেও বিশেষ করে নতুন ওহী-ইলহামের কী প্রয়োজন তা বর্ণনা করে- এ সংক্রান্ত আপত্তির খণ্ডন করা হয়েছে। বলা হয়েছে, আধ্যাত্মিক জগতে ক্রমবর্ধমান উৎকর্ষ ও বিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আল্লাহ তা’লা সব যুগেই তাঁর বাণী প্রেরণ করেন এবং প্রত্যেক বাণী এর পূর্ববর্তী বাণী থেকে উন্নততর হয়ে থাকে। ঐশীবাণীর এ ধারায় একটি নতুন বিধান দিয়ে আল্লাহ তা’লা হযরত মূসা (আ.)-কে প্রেরণ করেন। হযরত মূসা (আ.)-এর পরে বনী ইসরাঈলের জন্য বহু নবী প্রেরিত হন এবং বনী ইসরাঈল তাঁদের অনেককেই অস্বীকার ও উৎপীড়ন করে। ঐশী আদেশ-নির্দেশের ক্রমাগত অস্বীকৃতি, পাপ ও অবিচারের ফলে ইসরাঈল জাতি ঐশী অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে পড়ে। পরিণামে নবুওয়তের ধারা বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী বনী ইসরাঈল থেকে বনী ইসমাঈলের দিকে স্থানান্তরিত হয়ে যায় এবং পরিপূর্ণ ও নির্ভুল শরীয়তসহ মক্কার অনুর্বর মরুপ্রান্তরে হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব ঘটে। এতে বনী ইসরাঈল অত্যন্ত ক্রোধান্বিত হয়, যদিও নবুওয়ত থেকে বঞ্চিত হবার জন্য তাদের নিজেদের অপকর্মই দায়ী ছিল। তাই অন্যের প্রতি তাদের ক্রোধান্বিত হবার কোনো যুক্তিসংগত কারণ ছিল না। তারা হযরত মুহাম্মদ (সা.)-এর সাথে সর্বাত্মক বিরোধিতায় লিপ্ত হয় এবং তাঁর উদ্দেশ্যকে বানচাল করার আপ্রাণ চেষ্টা করে। ঐশী পরিকল্পনার বিরোধিতা যেহেতু কোনো যুগেই সফল হয় নি তাই পরিণামে তারা ব্যর্থ হয়।
পরবর্তী দুই রুকূতে (১৭ ও ১৮ রুকূ) পূর্ববর্তী নবীগণের কিবলা পরিবর্তন করে কেন তা কাবায় স্থির করা হলো সে সম্পর্কে ইসরাঈলীদের বিভিন্ন আপত্তির উত্তর দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলা হয়েছে, প্রথমত, প্রার্থনার সময় কোনো বিশেষ দিকে মুখ করে দাঁড়ানো বা কোনো স্থানকে কিবলা হিসাবে ঠিক করায় কোনো পুণ্য নাই, কিবলা সাধারণত একটি সম্প্রদায়ের মাঝে ঐক্যের প্রতীক হিসাবে কাজ করে। দ্বিতীয়ত, হযরত ইসমাঈল (আ.)-এর ভবিষ্যৎ বংশধরদের জন্য হযরত ইবরাহীম (আ.) যে সকাতর প্রার্থনা করেছিলেন তাতে ভবিষ্যদ্বাণী ছিল, মক্কা একদিন তাদের জন্য একটি তীর্থস্থান এবং কাবা কিবলা হিসাবে প্রতিষ্ঠিত হবে। ১৯ রুকূতে বলা হয়েছে, হযরত মুহাম্মদ (সা.) তাঁর সত্য প্রচারে মুশরিকদের পক্ষ থেকে ঘোর বিরোধিতার সম্মুখীন হবেন এবং মক্কা-বিজয়ের পূর্ব পর্যন্ত এ বিরোধিতা চলতে থাকবে। ২০ রুকূতে এ অমোঘ সত্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে, পূর্বে বর্ণিত বিষয়াবলি নিছক কল্পনা বা অলীক স্বপ্ন নয়, বরং এটা চিরন্তন সত্য। আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টি, পালাক্রমে দিবারাত্রির আগমন ও অন্যান্য প্রাকৃতিক ঘটনাবলি এর সত্যতা প্রতিপন্ন করে। শুধু তাই নয়, প্রাকৃতিক নিয়মাবলিও আধ্যাত্মিক আইনকানুনের মতোই পরিচালিত হয় এবং এতে ক্রমবিবর্তন প্রক্রিয়া ক্রিয়াশীল। একদিকে এ যেমন সত্য, ঠিক একইভাবে এটাও সত্য যে, সমস্ত বিশ্বজগৎ সন্দেহাতীতভাবে হযরত মুহাম্মদ (সা.)-এর অনুকূলে কাজ করে যাচ্ছে।
২১ রুকুর মাধ্যমে শরীয়তের বিধিবিধানের বর্ণনা ও সেগুলোর অন্তর্নিহিত তাৎপর্য ব্যক্ত করা হয়েছে এবং প্রথমেই বৈধ ও পবিত্র খাদ্য গ্রহণ সম্পর্কিত আদেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, মানুষের বাহ্যিক কাজকর্ম তার মানসিক অবস্থার ওপর নির্ভরশীল এবং সে যে খাদ্য গ্রহণ করে তার দরুন তার মানসিক অবস্থা গভীরভাবে প্রভাবিত হয়।
২২ রুকূতে ইসলামী শিক্ষার সারসংক্ষেপ বর্ণনা করা হয়েছে, যাতে আল্লাহ, পরকাল, ঐশী কিতাবসমূহ ও নবী-রসূলের প্রতি বিশ্বাস স্থাপনের প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে। অন্যের মঙ্গল সাধন করা, সালাত (তথা নামায) কায়েম করা ও যাকাত দেওয়া ইত্যাদিকেও সৎকর্ম হিসাবে বর্ণনা করা হয়েছে। দুঃখেদারিদ্র্যে ও বিপদাপদে ধৈর্য ধরা ও প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করার বিষয়ও বর্ণিত হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আত্মীয়স্বজনকে বৈধ সাহায্য প্রদান এবং সামাজিক আইনকানুন মেনে চলার প্রসঙ্গ; বিশেষ করে উত্তরাধিকারীদের মাঝে সম্পত্তি বণ্টন বা ওসিয়্যত করার বিষয়েও আলোচনা করা হয়েছে। ২৩ রুকূতে ধর্ম সম্বন্ধীয় সাধনা বা আল্লাহ প্রেমের অনুশীলন হিসাবে রোযার প্রসঙ্গ বর্ণিত হয়েছে। ২৪ ও ২৫ রুকূতে হজ্জের অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন নিয়মকানুনের বিষয় আলোচিত হয়েছে যা মুসলমানদের জাতীয় ঐক্য ও সংহতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২৬ রুকূতে রয়েছে শরীয়তের কিছু বিধিবিধানের দার্শনিক আলোচনা। আল্লাহর আদেশে যে কল্যাণ নিহিত থাকে- এর প্রতি বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের আনুগত্যের প্রয়োজন, কেননা বাহ্যিক আচরণ অন্তরের পবিত্রতাকে প্রভাবিত করে। অতঃপর বলা হয়েছে, মানুষ এ কারণে শরীয়তের বিধিবিধানকে অস্বীকার করে থাকে যে, তারা আল্লাহর রাস্তায় তাদের সময় ও সম্পদকে ব্যয় করতে অনিচ্ছুক এবং এ ব্যাপারে অনর্থক ওজর-আপত্তি পেশ করতে তারা অধিক আগ্রহী। বস্তুত কুরবানী ছাড়া কোনো সফলতা অর্জনই সম্ভব নয় এবং বিশ্বাসীরা তাদের কষ্টার্জিত ধনসম্পদ থেকে আল্লাহর রাস্তায় কুরবানী করে যেন পূর্ণ ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়।
২৭ রুকূতে বলা হয়েছে, যখন ধর্মীয় স্বাধীনতাকে প্রতিহত করা হয় তখন শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে এবং এমতাবস্থায় প্রাণ ও ধনসম্পদের কুরবানীর প্রয়োজন হয়। অতঃপর বর্ণিত হয়েছে, অযথা সময় কাটানো বা আনন্দের আশায় লোকেরা মদ পান করে এবং যুদ্ধের খরচ বহনার্থে টাকা সংগ্রহের জন্য তারা জুয়া খেলে, কিন্তু ইসলাম এ উভয় বিষয়কেই ঘৃণ্য ও অপকারী বলে বর্জন করেছে। পুনরায় বলা হয়েছে, যুদ্ধের ফলে যারা পিতৃহীন হয়ে পড়ে তাদের সুষ্ঠু ভরণপোষণ করতে হবে। এ ব্যাপারে মুসলমানরা যেন অংশীবাদী (তথা মুশরিক) নারীদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ না হয়, কেননা এতে তাদের পারিবারিক জীবনের সুখশান্তি বিঘ্নিত হতে পারে।
২৮, ২৯, ৩০ এবং ৩১ রুকূতে বলা হয়েছে, ঋতুস্রাবকালে যেন স্ত্রীগমন না করা হয়। এ নির্দেশের পর তালাক সম্পর্কিত বিধিবিধানের বিষয় উপস্থাপিত হয়েছে। অতঃপর স্তন্যপানকাল ও বিধবাদের সাথে আচরণ সম্পর্কিত বিধিবিধান নিয়ে আলোচনা রয়েছে।
৩২ ও ৩৩ রুকূতে জাতীয় অগ্রগতির নীতিপদ্ধতি বিষয়ক বক্তব্য রাখা হয়েছে যার ভিত্তিতে একটি জাতি সত্যিকারার্থে সফলকাম জাতি হিসাবে পরিগণিত হতে পারে। মুসলমানদেরকে বলা হয়েছে, কোনো জাতি যদি পৃথিবীতে শক্তিশালী জাতি হিসাবে নিজেদেরকে চিহ্নিত করতে চায় তাহলে তাদেরকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে মৃত্যুর সম্মুখীন হবার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে।
৩৪ রুকূতে বর্ণিত হয়েছে, পৃথিবীতে মানুষের জীবনকাল নিতান্তই সাময়িক এবং এ সময়ে তাকে স্রষ্টার সাথে সত্যিকার সম্পর্ক স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তা’লার ঐশী সত্তা ও গুণাবলির প্রতি গভীর ধ্যান ও অনুশীলন ছাড়া এ সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। অতঃপর ‘আয়াতুল কুরসী’ নামক অতুলনীয় আয়াত বর্ণিত হয়েছে, যাকে স্বয়ং হযরত মুহাম্মদ (সা.) কুরআনের অন্যতম শ্রেষ্ঠ ও মহিমান্বিত আয়াত বলে বর্ণনা করেছেন। উক্ত আয়াতে আল্লাহ তা’লার গুণাবলির সংক্ষিপ্ত ও সুন্দর বর্ণনা দিয়ে বলা হয়েছে, এ অতুলনীয় গুণাবলির অধিকারী আল্লাহ তা’লার সাথে সম্পর্ক স্থাপনের জন্য কারো প্রতি বলপ্রয়োগের প্রয়োজন নাই।
অতঃপর ৩৫ রুকূতে বলা হয়েছে, যদিও ব্যক্তি পর্যায়ে নৈতিক গুণাবলি আল্লাহ তা’লার সরাসরি অনুগ্রহে অর্জিত হয়, কিন্তু জাতীয় পর্যায়ে নৈতিকতার রূপলাভ আল্লাহ তা’লার নবী-রসূলগণের অনুসরণের মাধ্যমেই লাভ হয়ে থাকে এবং এ উভয় প্রকার পরিবর্তন হযরত ইবরাহীম (আ.)-এর বংশধরদের মাঝে চার বার সংঘটিত হবে বলে নির্ধারিত রয়েছে। পুনরায় বলা হয়েছে, জাতীয় পর্যায়ে নৈতিক পরিবর্তনের জন্য সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা একান্তই অপরিহার্য এবং এদিক থেকে মুমিনদের সম্মিলিত ও পরিকল্পিত প্রচেষ্টা আর পারস্পরিক সহযোগিতা তাদের ব্যক্তিগত কুরবানীর চেয়ে বেশি হতে হবে। অতঃপর সুদের ওপর ভিত্তি করে সকল প্রকার লেনদেনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সুদ দেওয়া বা নেওয়া উভয়কেই আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমার্থক বলে বর্ণনা করা হয়েছে, কারণ সুদের লেনদেন পারস্পরিক সাহায্য ও সহযোগিতা এবং অপর ভাইয়ের মঙ্গল সাধন করার মনোভাবের স্পষ্ট পরিপন্থি। মুসলমানদেরকে আরো বলা হয়েছে, তারা যেন এরূপ মনে না করে যে, সুদের কারবার ছাড়া কোনো প্রকার বৈষয়িক উন্নতি সম্ভব নয়, কেননা আল্লাহর বিধান হলো সুদের লেনদেনকারী জাতিসমূহ পরিণামে ধ্বংসপ্রাপ্ত হবে। পরবর্তীতে বলা হয়েছে, প্রয়োজনে ধারকর্জ দেবার মাধ্যমেও পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধি পায়, কিন্তু এ ধরনের সমস্ত লেনদেন যথাযথভাবে লিখিত হওয়া উচিত।
পরিশেষে এ সূরা এ মর্মে বক্তব্য প্রদান করেছে, কোনো জাতিতে যদিও নৈতিক অবস্থার সার্বিক পরিবর্তনের জন্য উল্লিখিত নির্দেশাবলি মেনে চলা অপরিহার্য ও সবচেয়ে নিরাপদ ও নিশ্চিত উপায়, যার ফলে সত্যিকারভাবে তাদের মধ্যে নৈতিক উন্নতি, পুণ্যবোধ ও সচ্চরিত্রের উন্মেষ ঘটবে, তথাপি আল্লাহর বাণীর প্রতি তাদের দৃঢ়বিশ্বাস স্থাপন করা, আল্লাহর গুণাবলি সর্বদা স্মরণ করে নিজেদের জীবনে সেগুলো অনুশীলনের প্রচেষ্টা অব্যাহত রাখা এবং ঐকান্তিক প্রার্থনার মাধ্যমে আল্লাহর সাহায্য ও কৃপা ভিক্ষা করা একান্ত প্রয়োজন।
এটাই সংক্ষেপে সূরা বাকারার বিষয়বস্তু। এতে সাধারণভাবে অবিশ্বাসী এবং বিশেষভাবে আহলে কিতাবদের উদ্দেশ্য করে অত্যন্ত জোরালোভাবে বলা হয়েছে, হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের মাধ্যমেই হযরত ইবরাহীম (আ.)-এর প্রার্থনা পরিপূর্ণতা লাভ করেছে। এখন হযরত মুহাম্মদ (সা.)-কে অস্বীকার করা হলে হযরত ইবরাহীম (আ.)-কে একজন মিথ্যাবাদী ও প্রতারক হিসাবে গণ্য করতে হবে এবং এর ফলশ্রুতিতে সমস্ত মূসায়ী শরীয়ত ও খ্রিষ্টান ধর্মমত মিথ্যা ও বাতিলযোগ্য বলে সাব্যস্ত হবে। পরোক্ষভাবে এ সূরার মাধ্যমে ইসলামের বাণীর সত্যতাকে সুস্পষ্টভাবে তুলে ধরে এটা গ্রহণ করার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানানো হয়েছে। বস্তুত মানুষ সৃষ্টির পেছনে যে মহান উদ্দেশ্য নিহিত রয়েছে তা কেবল কুরআন শরীফে বর্ণিত মহান শিক্ষার অনুসরণের মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করতে পারে, কেননা জগতে কুরআন শরীফই একমাত্র সঠিক শরীয়ত গ্রন্থ যাতে উপস্থাপিত বিভিন্ন বিধিবিধানের স্বরূপ ও তাৎপর্য যথার্থ প্রজ্ঞা ও হিকমতসহ বর্ণনা করা হয়েছে এবং সেগুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও আমল করেই হৃদয়ের পবিত্রতা ও ঐশী উপলব্ধি অর্জন সম্ভব।
পারা
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
الٓـمّٓ ۚ﴿۲﴾
ذٰلِکَ الۡکِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡہِ ۚۛ ہُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ﴿۳﴾
الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِالۡغَیۡبِ وَیُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ۙ﴿۴﴾
وَالَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ وَمَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِکَ ۚ وَبِالۡاٰخِرَۃِ ہُمۡ یُوۡقِنُوۡنَ ؕ﴿۵﴾
اُولٰٓئِکَ عَلٰی ہُدًی مِّنۡ رَّبِّہِمۡ ٭ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۶﴾
اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا سَوَآءٌ عَلَیۡہِمۡ ءَاَنۡذَرۡتَہُمۡ اَمۡ لَمۡ تُنۡذِرۡہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۷﴾
خَتَمَ اللّٰہُ عَلٰی قُلُوۡبِہِمۡ وَعَلٰی سَمۡعِہِمۡ ؕ وَعَلٰۤی اَبۡصَارِہِمۡ غِشَاوَۃٌ ۫ وَّلَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿٪۸﴾
وَمِنَ النَّاسِ مَنۡ یَّقُوۡلُ اٰمَنَّا بِاللّٰہِ وَبِالۡیَوۡمِ الۡاٰخِرِ وَمَا ہُمۡ بِمُؤۡمِنِیۡنَ ۘ﴿۹﴾
یُخٰدِعُوۡنَ اللّٰہَ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا ۚ وَمَا یَخۡدَعُوۡنَ اِلَّاۤ اَنۡفُسَہُمۡ وَمَا یَشۡعُرُوۡنَ ؕ﴿۱۰﴾