الأنعام
Al-An`am
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটি মক্কী সূরাগুলোর অন্তর্ভুক্ত। অধিকাংশ বর্ণনাকারীর মতে, সূরাটির সম্পূর্ণ অংশ একসাথে অবতীর্ণ হয়েছে। কোনো কোনো বিশেষজ্ঞের মতে, সূরাটি অবতীর্ণ হবার সময় প্রায় ৭০,০০০ ফেরেশতা প্রহরারত ছিল। এতে সূরাটির বিষয়বস্তু যে আল্লাহর বিশেষ অনুগ্রহে সংরক্ষিত হয়েছে সেদিকেই ইঙ্গিত করে। সূরাটির শিরোনাম সম্ভবত এর ১৩৭-১৩৯ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে, যেখানে গবাদি পশুকে শিরকের অন্যতম কারণ বলে নিন্দা করা হয়েছে।
এ সূরাতে বিষয়বস্তু বর্ণনার দিক থেকে পূর্ববর্তী সূরাসমূহের সাথে একটা পরিবর্তন লক্ষ করা যায়। যেমন-অইসরাঈলী ধর্মগুলোর ভ্রান্তি খণ্ডন প্রসঙ্গ এতে বর্ণিত হয়েছে এবং প্রথমেই যরথুস্ত্রীয় ধর্মের দ্বৈতবাদী বিশ্বাসকে খণ্ডন করা হয়েছে- অর্থাৎ শুভ ও অশুভের খোদা যে আলাদা অস্তিত্ব নয়, বরং শুভ ও অশুভ একই আল্লাহর সৃষ্টি-এ সত্য ঘোষিত হয়েছে। কুরআন এ দ্বৈতবাদী বিশ্বাসকে খণ্ডনের লক্ষ্যে যে যুক্তি পেশ করেছে তা হলো, ভালো এবং মন্দ করার ক্ষমতা বস্তুত একই শিকলের দুটি কড়াস্বরূপ। এদের একটি অপরটি ছাড়া অসম্পূর্ণ। এজন্য এ দুটি আলাদা খোদা কর্তৃক সৃষ্ট হতে পারে না। আলো ও অন্ধকার সে একই আল্লাহর সৃষ্টি, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এ-তো আসলে আল্লাহর দ্বৈততার পরিবর্তে তাঁর একত্বকেই সাব্যস্ত করে এবং বিশেষভাবে মানুষ সৃষ্টির জন্য আল্লাহ তা’লার ঐশী অনুগ্রহ ও মানুষের সহজাত শক্তি আর ক্ষমতার প্রতি ইঙ্গিত করে। অতঃপর সূরাটিতে এ গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করা হয়েছে যে, ঐশী প্রদত্ত ক্ষমতার অপব্যবহারজনিত কারণেই মন্দের উৎপত্তি হয় এবং মানুষ যখন এরূপ খোদাপ্রদত্ত সৎপ্রবৃত্তির সুষ্ঠু ব্যবহার থেকে বিরত থাকে আর সত্য প্রত্যাখ্যানে তৎপর হয় তখনই আল্লাহ তা’লা তাঁর বিশেষ অনুগ্রহে তাদের মাঝে রসূল প্রেরণ করেন, যিনি তাদেরকে প্রবৃত্তির সঠিক ব্যবহার শিক্ষা দেন। এরপর বর্ণিত হয়েছে, ঐশী শাস্তি প্রদানে বিলম্ব দেখে কাফির অনেক সময় পাপকাজে আরো বেশি সাহসী হয়ে ওঠে, যদিও শাস্তি প্রদানে এ বিলম্ব আল্লাহ তা’লার অপার অনুগ্রহের জন্যই হয়ে থাকে। কাফিররা সমাগত নবী ও তাঁর অনুসারীদের দুঃখকষ্ট দিয়ে একটা অলীক আশা পোষণ করে, এভাবে তারা নবীর মিশন ও ধর্মবিশ্বাসকে দুর্বল করে ফেলবে, কিন্তু চরম নির্যাতন ও দুঃখকষ্টের মোকাবিলায় মুমিনরা অবিচল ও দৃঢ় থাকে। অন্যদিকে কাফিররা যদি কোনো দৈব দুর্বিপাকজনিত কারণে প্রতিকূল অবস্থার সম্মুখীন হয় তাহলে তারা তৎক্ষনাৎ তাদের অংশীবাদী বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নেয়। অতঃপর ধর্মহীনতা যে পরকালে অবিশ্বাস এবং অবিশ্বাসী কর্তৃক আল্লাহ তা’লার সাথে সত্যিকার সম্পর্ক স্থাপনের অক্ষমতা থেকে সৃষ্টি হয় সেই বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। এ ধরনের দ্বৈত মিথ্যা আচরণের ফলে তারা সত্য প্রত্যাখ্যানে সাহসী হয় এবং তাদের হৃদয় কঠিন হয়ে পড়ে। বস্তুত কাফির কর্তৃক নবীর মিশনের বিরোধিতা খুব একটা প্রকৃতিবিরুদ্ধ কাজ নয়, কেননা তারাই শুধু আল্লাহ তা’লার খোঁজ করে যারা আধ্যাত্মিক বিষয়াবলির সাথে একটা আত্মিক সম্পর্ক রাখে আর যারা আধ্যাত্মিকভাবে বধির তারা তো আল্লাহর ডাক শুনতে পায় না। তাদেরকে নিদর্শনের পর নিদর্শন দেখানো হলেও তোতা পাখির শেখানো বুলির মতো বলতে থাকে যে, কোনো নিদর্শনই তারা দেখতে পায় নি। হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধবাদীরা অনেক নিদর্শন দেখা সত্ত্বেও সেগুলোকে মিথ্যা বলেছে এবং সেগুলো থেকে উপকৃত হয় নি। তাদেরকে তাই সতর্ক করা হয়েছে যে, এবার তারা শুধু শাস্তির নিদর্শন দেখবে, কিন্তু আল্লাহ শাস্তি প্রদানে ধীর। কেবল তখনই আল্লাহ তা’লা তাদেরকে শাস্তি দেন যখন তারা ইচ্ছাকৃতভাবে বার বার ঐশী নির্দেশাবলিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এবং বিনীতভাবে তাঁর নিকট তওবা করে না। অতঃপর বলা হয়েছে, যাদের হৃদয়ে খোদাভীতি আছে শুধু তারাই সত্যকে গ্রহণ করে এবং যারা খোদাভীরু কেবল তাদের নিকটই হযরত মুহাম্মদ (সা.) তাঁর বাণী প্রচার করেন। অন্যান্যদের জন্য প্রথমে তাদের হৃদয়ে খোদাভীতি সৃষ্টি করতে হবে, তারপরই কেবল ধর্মসম্পর্কীয় যুক্তিতর্ক তাদের কাজে আসতে পারে। অতঃপর ইসলামের উন্নতির এক অপরিহার্য কারণ হিসাবে বলা হয়েছে, বিশ্বাসীদের অবশ্যই আধ্যাত্মিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, কেননা নবীও মরণশীল মানুষ এবং তিনি নিশ্চয় মারা যাবেন। তাঁর মৃত্যুর পর যে বিশ্বাসীর দল বেঁচে থাকবে তাদেরই দায়িত্ব হবে ঐশীবাণীর বিশ্বব্যাপী প্রচার করা। অতঃপর অবিশ্বাসীদের উদ্দেশ্যে বলা হয়েছে, শুধু এ কারণে তাদের পক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দোষারোপ করা সংগত হতে পারে না যে, ঐশী আযাব এখনো তাদের ওপর নেমে আসে নি। এটা তাদের এক ধরনের মূর্খতা, কেননা সত্যের অস্বীকারকারী দাম্ভিক লোকদের শাস্তি প্রদান তো একমাত্র আল্লাহ তা’লারই অধিকারে এবং তিনি যখন প্রয়োজন মনে করেন তখনই শাস্তি দিয়ে থাকেন। আজ যে লোক সত্যের বিরুদ্ধবাদী এবং ঐশী শাস্তির যোগ্য, আগামীকালই হয়ত সে তার ভিতরে সত্যিকারের পরিবর্তন সাধিত করবে এবং সে ঐশী অনুগ্রহের অধিকারী হবে। সুতরাং কারো প্রতি শাস্তির দণ্ড প্রদান অথবা তা স্থগিতকরণ একান্তভাবেই আল্লাহ তা’লার নিজস্ব কাজ। অতঃপর সূরাটিতে বহুঈশ্বর পূজার ভ্রান্ত ধারণা নিরসনে হযরত ইবরাহীম (আ.) এবং তাঁর বংশধরদের এ পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার কঠোর প্রচেষ্টার জন্য আল্লাহ তা’লা যে অনুগ্রহ ও মর্যাদা দান করেছিলেন এ-ও উল্লেখ করা হয়েছে। অতঃপর বলা হয়েছে, আল্লাহ তা’লার নবীগণের মিশন কখনো ব্যর্থতায় পর্যবসিত হয় না। বৃষ্টির পানি যেমন বিবর্ণ ও প্রাণহীন মাটির বুকে উর্বরতা ও প্রাণের স্পন্দন সৃষ্টি করে নবীগণের আগমনেও তেমনই আধ্যাত্মিক ভুবনে সজীবতা ফিরে আসে। আর যেহেতু আল্লাহ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা মানুষের পক্ষে ততক্ষণ পর্যন্ত সম্ভবপর হয় না যতক্ষণ না স্বয়ং আল্লাহ তা’লা মানুষের নিকট প্রকাশিত হন। তাই যুগে যুগে নবীগণের আবির্ভাব হবার একান্ত প্রয়োজন রয়েছে, কেননা নবীগণের মাধ্যমেই আল্লাহ তা’লা পৃথিবীতে নিজেকে প্রকাশিত করেন। অতঃপর বর্ণিত হয়েছে, সত্যিকার বিশ্বাস অর্জনের জন্য হৃদয়ের পরিপূর্ণ পরিবর্তন একটি অপরিহার্য শর্ত। এ ধরনের পরিবর্তন ছাড়া বিভিন্ন নিদর্শন বা মুজিযাও অধিকাংশ সময় কোনো কাজে আসে না। অতঃপর ইসলাম ও শিরক তথা অংশীবাদী চিন্তাধারার মাঝে যে বিপরীতধর্মী শিক্ষা নিহিত রয়েছে এর প্রতি ইঙ্গিতপূর্বক বলা হয়েছে, ইসলাম যুক্তি ও বিবেকের যথাযথ চাহিদা পূরণে সক্ষম, কিন্তু অংশীবাদী শিক্ষা, রীতিপদ্ধতির জ্ঞানও যুক্তি বহির্ভূত। সূরাটির শেষের দিকে বলা হয়েছে, সেসব জাতি, যারা এখনো কোনো ঐশীবাণী লাভ করে নি, তাদের সম্মান ও আত্মিক উন্নয়নের জন্যও কুরআনের শিক্ষা অবতীর্ণ হয়েছে, যেন আহলে কিতাবদের সামনে তারা কোনো হীনম্মন্যতায় না ভোগে। কুরআনের শিক্ষা পূর্ববর্তী ঐশী গ্রন্থসমূহের সীমিত শিক্ষা হতে স্বতন্ত্র, কেননা কুরআন সমগ্র মানবমণ্ডলীর জন্য প্রেরিত হয়েছে এবং মানবজাতির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সত্যিকার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সাথে সাথেই মানুষ ও তার সৃষ্টিকর্তার মাঝে এক সুদৃঢ় সম্পর্ক স্থাপন করতে সক্ষম।
** এর পূর্বের সূরার শেষ আয়াতে একথা বলা হয়েছে, সমগ্র বিশ্বজগৎ এবং যা কিছুই এর মাঝে রয়েছে এসবের অধিপতি হলেন আল্লাহ এবং এ সূরার শুরুতে একথাটাই আরো বিস্তারিত ও সুস্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ সব প্রশংসা আল্লাহরই, যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং এগুলোর রহস্য জানার পথে কয়েক ধরনের অন্ধকার থাকা সত্ত্বেও তিনি সেই প্রজ্ঞা বা নূর (আলো) দান করেছেন যার মাধ্যমে এ অন্ধকার বিদূরিত হতে থাকবে। অতএব আজকের জ্যোতির্বিজ্ঞান পৃথিবী ও আকাশ সৃষ্টির অন্ধকারের দ্বার এভাবে উন্মোচন করে দিয়েছে যে, এগুলোর রহস্য এবং এগুলোর মাঝে যা রয়েছে এ সম্পর্কে অধিক থেকে অধিকতর জ্ঞান মানুষ অর্জন করে চলেছে এবং সব অন্ধকার আলোতে পরিবর্তিত হচ্ছে। যেভাবে সূচনাতে আকাশের অন্ধকার দূর করার উল্লেখ দেখতে পাওয়া যায়, সেভাবেই স্থলভাগ ও সমুদ্রের অন্ধকারকে আলোতে পরিবর্তন করার উল্লেখও এতে দেখতে পাওয়া যায়। এভাবেই আকাশ থেকে মানুষের ওপর আযাবও অবতীর্ণ হয়ে থাকে। মানুষের অভ্যন্তরীণ অন্ধকার এ আযাবকেও টেনে নিয়ে আসে। এই সূরার ৬৬ নম্বর আয়াতে এই বিষয়টির উল্লেখ দেখতে পাওয়া যায়।
একদিকে রয়েছে বিজ্ঞানীরা। তাদের গবেষণার ফলে তাদের কাছে পৃথিবী ও আকাশের অন্ধকারের বিষয়টি সুস্পষ্ট করে দেওয়া হচ্ছে। অন্যদিকে রয়েছেন হযরত ইবরাহীম (আ.)-এর ন্যায় আল্লাহ তা’লার সেসব মহান বান্দা, যাদেরকে আল্লাহ তা’লা পৃথিবী ও আকাশের আধিপত্য দেখিয়ে দিয়ে থাকেন এবং আকাশ থেকে তাঁদের প্রতি নূর বর্ষণ করেন। এ বিষয়টি ৭৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে।
এ সূরায় ধারাবাহিকভাবে নবীগণের এবং তাদের প্রতি ঐশী গ্রন্থ অবতীর্ণ হবার ও হিদায়াতের নূর অবতীর্ণ হবার উল্লেখ দেখতে পাওয়া যায়। এ সূরায় আবদ্ধ বীজ ও আঁটি ফেড়ে এগুলো থেকে কীভাবে অন্ধকার থেকে জীবনের স্পন্দন নিয়ে চারা বের হয় এর-ও উল্লেখ দেখতে পাওয়া যায়। এভাবেই এ সূরায় নক্ষত্রপুঞ্জের উল্লেখ রয়েছে, কীভাবে এরা জল ও স্থলের অন্ধকার দূর করে ভ্রমণকারীদের পথনির্দেশনার কারণ হয়ে থাকে।
৯৬ নম্বর আয়াত থেকে শুরু হওয়া রুকূতে মহান একটি আয়াত এ বিষয়টির বর্ণনা দিচ্ছে, উদ্ভিদ থেকে স্তরে স্তরে সব ধরনের বীজ নির্গত হয়, এরপর সব ধরনের ফল ধরে। এসব ফলের পাকার প্রক্রিয়ার প্রতি লক্ষ করো। আল্লাহ তা’লার আয়াতের প্রতি যে-সব লোক ঈমান রাখে তাদের জন্য এতে অগণিত নিদর্শন রয়েছে।
উদ্ভিদ ক্লোরোফিল থেকে সৃষ্টি হয়, যা নিজ সত্তায় এক মহান নিদর্শন। বিজ্ঞানীরা এতে কোনো বিবর্তন দেখতেই পায় না। এটি এক অনেক জটিল রাসায়নিক উপাদান, যা অন্যান্য রাসায়নিক উপাদান থেকে বেশি জটিল। জীবনের শুরুতেই ক্লোরোফিলের প্রয়োজনীয়তা দেখা দেয়, যা দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে। সেসময় ক্লোরোফিল কোন কোন বিবর্তন প্রক্রিয়া অতিক্রম করে সৃষ্টি হয়েছিল, এ প্রশ্নের উত্তর আজও পাওয়া যায় নি। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, ক্লোরোফিল নূর অর্থাৎ সূর্যের আলো দিয়ে জীবন সৃষ্টি করে, আগুন দিয়ে নয়। এ সূরার শেষের দিকে এই নূরের বিষয়টিই চূড়ান্ত রূপ লাভ করেছে যে, তিনি (অর্থাৎ আল্লাহ) এই নূরের মাধ্যমে পৃথিবী ও আকাশে কত-না বিপ্লব সাধন করেছেন। *
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক অনূদিত কুরআন করীমের উর্দু অনুবাদে সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اَلۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوۡرَ ۬ؕ ثُمَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ یَعۡدِلُوۡنَ ﴿۲﴾
ہُوَ الَّذِیۡ خَلَقَکُمۡ مِّنۡ طِیۡنٍ ثُمَّ قَضٰۤی اَجَلًا ؕ وَاَجَلٌ مُّسَمًّی عِنۡدَہٗ ثُمَّ اَنۡتُمۡ تَمۡتَرُوۡنَ ﴿۳﴾
وَہُوَ اللّٰہُ فِی السَّمٰوٰتِ وَفِی الۡاَرۡضِ ؕ یَعۡلَمُ سِرَّکُمۡ وَجَہۡرَکُمۡ وَیَعۡلَمُ مَا تَکۡسِبُوۡنَ ﴿۴﴾
وَمَا تَاۡتِیۡہِمۡ مِّنۡ اٰیَۃٍ مِّنۡ اٰیٰتِ رَبِّہِمۡ اِلَّا کَانُوۡا عَنۡہَا مُعۡرِضِیۡنَ ﴿۵﴾
فَقَدۡ کَذَّبُوۡا بِالۡحَقِّ لَمَّا جَآءَہُمۡ ؕ فَسَوۡفَ یَاۡتِیۡہِمۡ اَنۡۢبٰٓؤُا مَا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۶﴾
اَلَمۡ یَرَوۡا کَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَبۡلِہِمۡ مِّنۡ قَرۡنٍ مَّکَّنّٰہُمۡ فِی الۡاَرۡضِ مَا لَمۡ نُمَکِّنۡ لَّکُمۡ وَاَرۡسَلۡنَا السَّمَآءَ عَلَیۡہِمۡ مِّدۡرَارًا ۪ وَّجَعَلۡنَا الۡاَنۡہٰرَ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہِمۡ فَاَہۡلَکۡنٰہُمۡ بِذُنُوۡبِہِمۡ وَاَنۡشَاۡنَا مِنۡۢ بَعۡدِہِمۡ قَرۡنًا اٰخَرِیۡنَ ﴿۷﴾
وَلَوۡ نَزَّلۡنَا عَلَیۡکَ کِتٰبًا فِیۡ قِرۡطَاسٍ فَلَمَسُوۡہُ بِاَیۡدِیۡہِمۡ لَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۸﴾
وَقَالُوۡا لَوۡلَاۤ اُنۡزِلَ عَلَیۡہِ مَلَکٌ ؕ وَلَوۡ اَنۡزَلۡنَا مَلَکًا لَّقُضِیَ الۡاَمۡرُ ثُمَّ لَا یُنۡظَرُوۡنَ ﴿۹﴾
وَلَوۡ جَعَلۡنٰہُ مَلَکًا لَّجَعَلۡنٰہُ رَجُلًا وَّلَلَبَسۡنَا عَلَیۡہِمۡ مَّا یَلۡبِسُوۡنَ ﴿۱۰﴾