الأعراف
Al-A`raf
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
হযরত ইবনে আব্বাস, ইবনে যুবায়ের, হামান, মুজাহিদ, ইকরামা, আতা এবং জাবির বিন যায়েদের মতে সূরাটি মক্কী সূরাগুলোর অন্তর্ভুক্ত এবং ১৬৫ থেকে ১৭২ আয়াত ছাড়া সম্পূর্ণ সূরাটি হিজরতের পূর্বেই অবতীর্ণ। হযরত কাতাদা অবশ্য এ অভিমত পোষণ করেন, এ সূরার ১৬৫ নম্বর আয়াতটি মদীনায় অবতীর্ণ। সূরাটির শিরোনাম অর্থাৎ ‘আল-আরাফ’ এরই ৪৭ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। অধিকাংশ তফসীরকার এই সূরাটির বিষয়বস্তু এবং শিরোনাম ‘আল-আরাফ’ এর মধ্যে সত্যিকারের কী সম্পর্ক তা নির্ণয় করতে পারেন নি, কারণ তাঁরা আরাফ শব্দটিতে একটি ভুল অর্থ আরোপ করেছেন। তাঁরা মনে করেন, আরাফ হলো বেহেশত এবং দোযখের মধ্যবর্তী একটি আধ্যাত্মিক অবস্থানস্থল আর আরাফের অধিবাসীরা দোযখবাসী থেকে স্বতন্ত্র প্রতীয়মান হলেও তখন পর্যন্ত বেহেশতে প্রবেশ করতে পারে নি। পবিত্র কুরআন আরাফের এ ধরনের অর্থ সমর্থন করে না, কেননা এতে কেবল দুদল লোক, বেহেশতবাসী ও দোযখবাসীর কথাই বর্ণিত হয়েছে, অন্য কোনো তৃতীয় দল বা শ্রেণির কথা উল্লেখ নাই। তাছাড়া আরাফ শব্দের সার্বিক ব্যাখ্যাও মধ্যবর্তী একটি আধ্যাত্মিক অবস্থাপ্রাপ্ত লোকের কথা সমর্থন করে না। আবার কোনো অভ্যন্তরীণ যুক্তিও এর সমর্থনে উদ্ধৃত করা যায় না। কুরআনের বর্ণনায় দেখা যায়, আরাফবাসী এক সময় বেহেশতবাসীদের সম্বোধন করে কথা বলছে, অন্য সময় আবার দোযখবাসীদের সাথে কথা বলছে। শুধু তাই নয়, তাদের আধ্যাত্মিক জ্ঞান এমন সুদূরপ্রসারী যে, তারা বেহেশতবাসীদের বিশেষ চিহ্ন দেখে শনাক্ত করতে সক্ষম এবং দোযখবাসীদেরও বিশেষ নিদর্শন দেখে চিহ্নিত করতে পারে। তারা বেহেশতবাসীদের জন্য প্রার্থনা করে (৭:৪৭) এবং দোযখবাসীদের তিরস্কার করে (৭:৪৯, ৫০)। এটা কি আশ্চর্যজনক নয়, যাদের নিজেদের অবস্থাই এখন পর্যন্ত দোদুল্যমান, অর্থাৎ বেহেশত নাকি দোযখে যাবে তা সঠিকভাবে নির্ধারিত হয় নি, তারা কীভাবে এ ধরনের উচ্চমর্যাদায় অধিষ্ঠিত লোকের অনুরূপ সাহস ও শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে?
আসল কথা, আরাফবাসী আল্লাহ তা’লার নবী-রসূল, যারা শেষ বিচারের দিন ঐশী অনুগ্রহে এক বিশেষ মর্যাদা লাভ করবেন, যার বদৌলতে তাঁরা বেহেশতবাসীদের স্বাগত জানিয়ে দোয়া করবেন এবং দোযখবাসীদের তিরস্কার ও ভর্ৎসনা করবেন। আর যেহেতু কুরআন মজীদের সূরাসমূহের মাঝে প্রথমে এ সূরাতেই কতিপয় নবী-রসূলের জীবনী সম্পর্কে কিছুটা আলোকপাত করা হয়েছে, সেহেতু সংগত কারণেই এর নাম ‘আল-আরাফ’ রাখা হয়েছে। এছাড়া আরাফ শব্দটির গঠনও এ সিদ্ধান্তকে সমর্থন করে। আরাফ শব্দটি ‘উরফ’ শব্দের বহুবচন, যার অর্থ একটি সুউচ্চ উন্নত স্থান, যেখানে উন্নীত হতে আল্লাহপ্রদত্ত শক্তির পূর্ণ সদ্ব্যবহার ও আধ্যাত্মিক উপলব্ধির প্রয়োজন। এ সমস্ত দিক বিবেচনা করে আরাফ দ্বারা সেসব শিক্ষাকেই বুঝায় যেগুলোর সত্যতা বিচারবুদ্ধি বা মানবীয় প্রকৃতির সাক্ষ্য দ্বারা প্রতিষ্ঠিত। যেহেতু নবী-রসূলগণের শিক্ষা ও আদর্শে এ সমস্ত বৈশিষ্ট্য সর্বাধিক বিদ্যমান, তাই সংগত কারণে তাঁরাই এ উচ্চ আধ্যাত্মিক পদমর্যাদার অধিকারী এবং তাঁদেরকেই সংগতভাবে আরাফের অধিবাসী বা উচ্চমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গ হিসাবে অভিহিত করা হয়েছে। সংক্ষেপে সূরা আল-আরাফে এমন কিছু ব্যক্তিত্বের উদাহরণ দেওয়া হয়েছে, যাদের জীবন ছিল অত্যন্ত মহান ও সুউচ্চ আধ্যাত্মিক মর্যাদাসম্পন্ন এবং যারা অতীতে মানবপ্রকৃতি ও বুদ্ধিবৃত্তির চাহিদা অনুযায়ী শাশ্বত সত্যের শিক্ষা প্রদান করেছিলেন। বলা বাহুল্য, সমস্ত নবী-রসূলের সমসাময়িক লোকজন তাঁদের সর্বাত্মক বিরোধিতা করেছিল এবং তাঁদেরকে হেয় ও অপদস্থ করার জন্য কোনো চেষ্টারই ত্রুটি করে নি, কিন্তু আল্লাহ তা’লা পরিণামে তাঁদেরকেই বিজয়ী করেছেন এবং উচ্চমর্যাদায় অধিষ্ঠিত করেছেন।
আধ্যাত্মিক অর্থে বলতে গেলে এ সূরাটি পূর্ববর্তী এবং পরবর্তী সূরাসমূহের মধ্যে এক ধরনের ‘বারযাখ’ বা মধ্যবর্তী যোগসূত্র। স্বাভাবিকভাবে পূর্ববর্তী সূরাসমূহের বিষয়বস্তু এক নতুন আঙ্গিকে এ সূরায় পেশ করা হয়েছে। পূর্ববর্তী সূরাসমূহের মূলভাব ছিল ইহুদী, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মমত যেগুলো দার্শনিক তত্ত্ব ও যুক্তির ওপর প্রতিষ্ঠিত বলে দাবি করা হয় সেগুলোর দাবি খণ্ডন করা। তেমনই এ সূরাতে একদিকে যেমন সেসব ভ্রান্ত ধর্মমতের ভুল বিশ্বাস প্রদর্শন করা হয়েছে, তেমনই অন্যদিকে ইসলামের সত্যতাও সাথে সাথে প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে, যেহেতু কুরআন আল্লাহ তা’লার প্রেরিত বাণী, সেহেতু এর ধ্বংস বা ঈপ্সিত লক্ষ্য অর্জনে ব্যর্থতার কোনো অবকাশ নাই। অতঃপর মুসলমানদের সতর্ক করে বলা হয়েছে, সাময়িকভাবে কোনো হতাশা বা নৈরাজ্যজনক অবস্থা দেখে তারা যেন অবিবেচকের মতো অন্য ধর্মের অনুসারীদের সাথে কোনো আপোশ নিষ্পত্তির মনোভাব প্রদর্শন না করে, কেননা সত্য ধর্মের বিরুদ্ধশক্তি যত প্রবল ও শক্তিধরই হোক না কেন, পরিণামে তারা অপদস্থ হবে। অতঃপর বলা হয়েছে, আল্লাহ তা’লা মানুষকে এক মহান উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্টি করেছেন, যদিও অধিকাংশ মানুষ জীবনের এ উচ্চ লক্ষ্যকে প্রায়শই ভুলে যায়। এ বিষয়টির একটি দৃষ্টান্ত হিসাবে পৃথিবীর বুকে হযরত আদম (আ.)-এর জান্নাতের জীবন এবং সেখান থেকে তাঁর নির্বাসনের ঘটনা বর্ণনা করে বলা হয়েছে, মানুষ সৃষ্টির আদিলগ্নেই আল্লাহ তা’লা তাঁর উচ্চ আধ্যাত্মিক পদমর্যাদা লাভের ব্যবস্থা করে দিয়েছিলেন; কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ ঐশী পরিকল্পনা ভুলে গিয়ে শয়তানের অনুসরণ করে। ইসলামের শিক্ষা সর্বজনীন, তাই ইসলাম সমস্ত সমাজব্যবস্থার সংস্কার ও সংশোধনের প্রতি গুরুত্ব প্রদান করে। পূর্ববর্তী নবী-রসূলগণ যেখানে ব্যক্তিকে বেহেশতের আস্বাদ গ্রহণ করানোর চেষ্টা করেছে, সেখানে ইসলামের প্রচেষ্টা হচ্ছে সকল সম্প্রদায় ও জাতি যেন বেহেশত লাভ করতে পারে তার ব্যবস্থা করা, কিন্তু সংস্কারধর্মী প্রতিটি প্রচেষ্টাই লক্ষ্যে পৌঁছানোর পথে নানারূপ বাধাবিপত্তির সম্মুখীন হয়েছে। তাই মুসলিম সম্প্রদায় যখন সত্যিকারের ইসলামী শিক্ষা ও নীতি থেকে দূরে সরে পড়ে তখন আল্লাহ তা’লা স্বীয় অনুগ্রহে নবী করীম (সা.)-এর উম্মত থেকে প্রত্যাদিষ্ট কোনো সংস্কারকের আবির্ভাব ঘটান, যেন মানুষ ঐক্যবদ্ধ জীবন থেকে বিচ্যুত না হয় এবং জাতীয় উন্নতি ও প্রগতি থেকে বঞ্চিত না হয়।
অতঃপর সূরাটিতে এ ধরনের প্রতিশ্রুত সংস্কারকদের স্বীকৃতি ও সত্যতা নির্ণয়ের মানদণ্ড এবং বাঞ্ছনীয় বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে আর বলা হয়েছে, বিরুদ্ধবাদী শক্তি ব্যর্থতায় পর্যবসিত হবে। অতঃপর বলা হয়েছে, সমস্ত ঐশী পরিকল্পনাই ক্রমে ক্রমে কার্যকরী হয়ে থাকে। পার্থিব জগতের অনুরূপ আধ্যাত্মিক জগতেও সর্বপ্রকার উন্নতি ক্রমবিকাশের সূত্রে গাঁথা এবং এ বিবর্তনের ধারা অনুসারেই হযরত আদম (আ.) থেকে শুরু করে হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত মানুষের আধ্যাত্মিক উৎকর্ষ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সেজন্য হযরত রসূল করীম (সা.)-এর প্রদর্শিত শিক্ষা সমগ্র মানবজাতিকে উন্নতিশীল ও সংগঠিত করণের ওপর অধিক গুরুত্ব প্রদান করেছে। মুসলমানদেরকে তাই সবসময় এ সত্যকে মনে রাখতে হবে, একটি মহামহীরূহ অতি ছোটো বীজ থেকে যে-রূপে জন্মলাভ করে থাকে, তেমনই অনেক বড়ো ঘটনা বা বিষয় এর উষালগ্নে অনেকটা অজ্ঞাত পরিচয় থেকে যেতে পারে, যা হয়ত তেমন কোনো উল্লেখের দাবিই রাখে না। তাই মুসলমানদের জন্য এটাই সংগত, তারা যেন সর্বাবস্থায় তাদের চোখ কান খোলা রাখে এবং তাদের সৃষ্টির মুখ্য উদ্দেশ্য যেন কোনো অবস্থাতেই তাদের অগোচরে না থেকে যায়, অন্যথায় চিরদিনের জন্য তা হয়ত হারানোই থেকে যাবে।
অতঃপর ৬০ নম্বর আয়াত থেকে পূর্বের কয়েকজন নবী-রসূলের জীবনেতিহাস সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বলা হয়েছে, এ পৃথিবীর বুকে মানুষের পরম সুখকর যে অবস্থান থেকে তারা একদিন নির্বাসিত হয়েছিল সেখানে তাদের পুনর্বাসন করাই ছিল এসব নবী-রসূলের জীবনের প্রধান উদ্দেশ্য। অতঃপর বলা হয়েছে, ঈমান বিল্লাহ (আল্লাহর প্রতি বিশ্বাস) মানুষের স্বভাবজাত, মানুষের অভ্যন্তরীণ সত্তার গভীরে এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে নিহিত। পক্ষান্তরে মানুষের জীবনে পরবর্তীতে অশুভের সৃষ্টি হয় এবং তা মূলত পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থা থেকে জন্মলাভ করে। অবশ্য একথা সত্য, শুভগুণ মানুষের স্বভাবের বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও ঐশীবাণীর সাহায্য ছাড়া মানুষ কখনো পূর্ণতা লাভ করতে পারে না, বরং ঐশী নির্দেশ অমান্য করার ফলে মানুষ তার স্বভাবজাত ভালো বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলে এবং আধ্যাত্মিকভাবে ধ্বংস হয়ে যায়। অতঃপর হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের উদ্দেশ্যকে উল্লেখ করে তাঁর বিরুদ্ধবাদীদেরকে সতর্ক করা হয়েছে, তারা এ প্রকাশ্য সত্যকে যেন উপেক্ষা না করে। হযরত নবী করীম (সা.)-এর বুদ্ধি, বিচারশক্তি ঐশী নিয়ন্ত্রণে পরিচালিত হবার কারণে এটা দোষত্রুটি মুক্ত এবং তাঁর শিক্ষা প্রাকৃতিক আইন ও মানবপ্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যুগের সাক্ষ্যপ্রমাণও তাঁর অনুকূলে। অতঃপর অবিশ্বাসীদের কিছু সংশয় ও আশঙ্কার অপনোদন করে বলা হয়েছে, বিরুদ্ধবাদীদের প্রবল শত্রুতা সত্ত্বেও আল্লাহ তা’লা তাঁকে সর্বপ্রকার অনিষ্ট থেকে রক্ষা করবেন। অবশ্য মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তারা যেন কাফিরদের নির্যাতন ধৈর্যের সাথে শুধু মোকাবিলাই না করে, বরং তাদের জন্য যেন দোয়াও করে। অতঃপর এ বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে যে, পূর্ববর্তী যুগের নবীগণের বিরুদ্ধবাদীরা যে-রূপ তাঁদের নিকট নিদর্শন দেখতে চাইত, তদ্রূপ হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধবাদীরাও তাঁর নিকট নিদর্শন চাইতে থাকবে, যদিও নিদর্শন প্রদর্শন করা কেবল আল্লাহ তা’লারই আওতাভুক্ত। তাঁর অনন্ত জ্ঞানে যখন তিনি প্রয়োজন মনে করেন তখনই নিদর্শন দেখিয়ে থাকেন। কাফিরদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তারা কি ঐশী নিদর্শন হিসাবে কুরআনকে দেখে না? বস্তুত কুরআন নবুওয়তের আসল লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করার দরুন স্বয়ং এক জীবন্ত ও পর্যাপ্ত নিদর্শন বা মুজিযা। মুসলমানদেরকে তাই এ জীবন্ত নিদর্শনের অলৌকিকতার যথোচিত মূল্য, যা সত্যিকারভাবেই এর প্রাপ্য, তা প্রদানের জন্য উৎসাহিত করা হয়েছে। অবশ্য একথা সত্য, যত বেশি ঐশী আলো মানুষকে দান করা হবে তত বেশি কুরআনের যথোচিত মূল্যায়ন করা সম্ভব হবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
الٓـمّٓصٓ ۚ﴿۲﴾
کِتٰبٌ اُنۡزِلَ اِلَیۡکَ فَلَا یَکُنۡ فِیۡ صَدۡرِکَ حَرَجٌ مِّنۡہُ لِتُنۡذِرَ بِہٖ وَذِکۡرٰی لِلۡمُؤۡمِنِیۡنَ ﴿۳﴾
اِتَّبِعُوۡا مَاۤ اُنۡزِلَ اِلَیۡکُمۡ مِّنۡ رَّبِّکُمۡ وَلَا تَتَّبِعُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اَوۡلِیَآءَ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ ﴿۴﴾
وَکَمۡ مِّنۡ قَرۡیَۃٍ اَہۡلَکۡنٰہَا فَجَآءَہَا بَاۡسُنَا بَیَاتًا اَوۡ ہُمۡ قَآئِلُوۡنَ ﴿۵﴾
فَمَا کَانَ دَعۡوٰٮہُمۡ اِذۡ جَآءَہُمۡ بَاۡسُنَاۤ اِلَّاۤ اَنۡ قَالُوۡۤا اِنَّا کُنَّا ظٰلِمِیۡنَ ﴿۶﴾
فَلَنَسۡـَٔلَنَّ الَّذِیۡنَ اُرۡسِلَ اِلَیۡہِمۡ وَلَنَسۡـَٔلَنَّ الۡمُرۡسَلِیۡنَ ۙ﴿۷﴾
فَلَنَقُصَّنَّ عَلَیۡہِمۡ بِعِلۡمٍ وَّمَا کُنَّا غَآئِبِیۡنَ ﴿۸﴾
وَالۡوَزۡنُ یَوۡمَئِذِ ۣالۡحَقُّ ۚ فَمَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُہٗ فَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۹﴾
وَمَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُہٗ فَاُولٰٓئِکَ الَّذِیۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَہُمۡ بِمَا کَانُوۡا بِاٰیٰتِنَا یَظۡلِمُوۡنَ ﴿۱۰﴾