الأنبياء
Al-Anbiya'
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটি পূর্ববর্তী তিনটি সূরার মতোই নবুওয়তের গোড়ার দিকে মক্কাতে অবতীর্ণ হয়েছিল। ইবনে মাসউদ (রা.)-এর বর্ণনা মতে নবুওয়তের ৫ম বছরের পূর্বে সূরা ‘তাহা’, ‘আল-কাহফ’ এবং ‘মারইয়াম’ অবতীর্ণ হবার সময় বর্তমান সূরাটিও অবতীর্ণ হয়। সূরা মারইয়ামের প্রথম দিককার আয়াতসমূহ আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে হযরত জাফর (রা.) পাঠ করে শুনিয়েছিলেন যখন তাঁরা সে বছর হিজরত করে সেখানে পৌঁছান। সূরা ‘তাহা’-র সাথে আলোচ্য সূরাটির যে নিকটসম্পর্ক রয়েছে তা হলো, সূরা ‘তাহা’-র শেষ দিকে বলা হয়েছিল, তিনি যেন ধৈর্য ও দৃঢ়তার সাথে বিরুদ্ধবাদীদের অত্যাচার ও নির্যাতনের মোকাবিলা করেন। উক্ত বক্তব্যের সূত্র ধরে আলোচ্য সূরাটিতে কাফিরদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণপূর্বক বলা হয়েছে, তাদের শাস্তির সময় সমাসন্ন। এ সময়ে যদিও তাদের কাজের হিসাবনিকাশ দিতে হবে, কিন্তু উদাসীনতা ও অবিশ্বাসে এখনো তারা মুখ ফিরিয়ে রয়েছে। এই সতর্কবাণীর মাধ্যমেই পূর্ববর্তী সূরার সাথে আলোচ্য সূরাটির ধারাবাহিক সংযোগ রক্ষা করা হয়েছে। আর সার্বিকভাবে বিষয়বস্তুর দিক থেকে বর্তমান সূরাটির সাথে এর পূর্ববর্তী কয়েকটি সূরার সত্যিকারের সম্পর্ক বিদ্যমান। সূরা মারইয়ামে খ্রিষ্টানদের কয়েকটি ভ্রান্ত ধর্মীয় বিশ্বাস যুক্তিপ্রমাণ দ্বারা খণ্ডন করা হয়েছিল। দৃষ্টান্তস্বরূপ- হযরত ঈসা (আ.)-এর ঐশী গুণাবলি, ঈসা (আ.) কর্তৃক বিধানকে রহিত করা এবং শরীয়ত মাত্রেই অভিশাপ, এই ঘোষণা দেওয়া, মানুষের মুক্তি সৎ কাজের দরুন হবে না বরং প্রায়শ্চিত্তবাদ মানার মাধ্যমে হবে এ জাতীয় ভুল বিশ্বাসগুলো সেখানে আলোচনা হয়েছিল। সূরা ‘তাহা’-তেও এ জাতীয় ভ্রান্ত আকীদা খণ্ডনের লক্ষ্যে হযরত মূসা (আ.)-এর জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ করা হয়েছিল। বস্তুত খ্রিষ্টান ধর্ম মূসায়ী বিধানেরই অংশবিশেষ। তাই খ্রিষ্টানদের উদ্দেশ্যে বলা হয়েছিল, স্বয়ং মূসা (আ.) তাঁর শিক্ষার মাধ্যমে আল্লাহর একত্ববাদ, বিধানের প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়গুলো পালন করে ভ্রান্ত খ্রিষ্টীয় মতবাদ প্রত্যাখ্যানের ভিত্তি রচনা করে গিয়েছেন। হযরত মূসা (আ.)-এর গৌরবের বিষয় হলো, তিনি একজন বিধান বা শরীয়তওয়ালা নবী। যদি বিধান মাত্রেই অভিশাপ হয় তাহলে খ্রিষ্টানদের বিশ্বাস মতে হযরত মূসা (আ.)-কে শ্রদ্ধা ও গৌরবের পরিবর্তে নিন্দা ও ভর্ৎসনা করা উচিত। তারপর সূরা ‘তাহা’-তে আদম (আ.) কর্তৃক অনিচ্ছাকৃত ভুলের প্রসঙ্গ আলোচনা সাপেক্ষে খ্রিষ্টানদের আদিপাপজনিত তত্ত্বের মূলকেও খণ্ডন করা হয়েছিল। উক্ত সূরাতে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে, উত্তরাধিকারসূত্রে কেউই পাপ অর্জন করে না, বরং মানুষ তার নিজস্ব অন্যায় ও অবৈধ কাজের জন্য শাস্তিপ্রাপ্ত হয়। অতঃপর বলা হয়েছে, কোনো মানুষের পক্ষেই যদি পাপ বর্জন করা সম্ভবপর না হয় তাহলে ঐশী শাস্তি প্রদানের বিষয়টিই নস্যাৎ হয়ে পড়ে। তখন আল্লাহর প্রেরিত নবী-রসূলগণকে সতর্ক করার পরিবর্তে পাপীদেরকে একথা বলতে হবে যে, মানুষ তো অবস্থার শিকার মাত্র, তাদের না আছে কোনো ইচ্ছাশক্তি, না আছে ভালো-মন্দ যাচাই করার কোনো বিচক্ষণতা। তাই তাদের কাজের জন্য তারা দায়ী নয়। বর্তমান সূরাতে এ বিষয়টিই ব্যাপক পরিসরে আলোচিত হয়েছে এবং বলা হয়েছে, বিশেষ কোনো নবী বা রসূলের শত্রুপক্ষই শুধু নয়, বরং হযরত আদম (আ.) থেকে শুরু করে হযরত ঈসা (আ.), এমনকি তৎপরবর্তী হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত, সার্বিকভাবে সকল নবী-রসূলের বিরুদ্ধপক্ষকেই বিনা ব্যতিক্রমে তাদের অন্যায় কাজের জন্য শাস্তি দেওয়া হয়েছে এবং নবী-রসূলের সাহায্যকারী দলকে তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়েছে। মানুষ যদি উত্তরাধিকারসূত্রেই পাপী হয়ে জন্মগ্রহণ করে এবং কোনোভাবেই এ পাপ থেকে মুক্তি না পায় তাহলে তো পাপীদের শাস্তি বা পুণ্যবানদের পুরস্কার কোনোকিছুই অর্থবহ হয় না। কাজেই আদিপাপজনিত খ্রিষ্টানদের এ ধর্মবিশ্বাস একটি ভিত্তিহীন উদ্ভাবনা বা অলীক বিশ্বাস ছাড়া আর কিছু নয়।
অবিশ্বাসীদের প্রতি এক সতর্কবাণী উচ্চারণপূর্বক সূরাটিতে বলা হয়েছে, ঐশী শাস্তি দ্রুত তাদের নিকটবর্তী হচ্ছে, অথচ তারা এক মিথ্যা নিরাপত্তার খেয়ালে নিজেদেরকে এখনো উদাসীন রাখছে। অতঃপর বলা হয়েছে, পৃথিবীতে যখনই কোনো ঐশীবাণীবাহকের আবির্ভাব হয়েছে তখনই সমসাময়িক লোক তাঁদেরকে নিয়ে হাসিঠাট্টা ও উপহাস করেছে, কিন্তু নিজ সমাজ ও সম্প্রদায়ের লোকদের আধ্যাত্মিক মঙ্গল ও সহানুভূতির তাগিদে আল্লাহর রসূলগণ সর্বদাই তাদেরকে সত্য গ্রহণের আহবান জানিয়েছেন, যেন তারা সত্য গ্রহণপূর্বক ধ্বংস থেকে রক্ষাপ্রাপ্ত ৮০৩
হয়। মানুষ যদি উত্তরাধিকারসূত্রে পাপী হতো তাহলে এ ধরনের আহ্বানের কোনো যৌক্তিকতা থাকত না। তারপর সূরাটিতে অবিশ্বাসীদের আরোপিত কতগুলো আপত্তির উল্লেখ করে সেগুলোর যথাযথ উত্তর প্রদান করা হয়েছে। তারপর সত্য প্রত্যাখ্যানকারীদের ভেবে দেখতে বলা হয়েছে, পবিত্র কুরআন কী এমন নতুন বোঝা তাদের ওপর অর্পণ করছে যার ফলে তারা এর বাণীকে প্রত্যাখ্যান করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ! কুরআনের শিক্ষার আসল উদ্দেশ্যই হচ্ছে, তাদেরকে নৈতিকতার উচ্চতর স্তরে উন্নীত করা। আর যেহেতু পবিত্র কুরআন আল্লাহর নিজস্ব বাণী, কাজেই এর অস্বীকারকারীরা তাঁর শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে না। অতঃপর অবিশ্বাসীদের উদ্দেশ্যে সূরাটিতে বলা হয়েছে, তারা কি ভেবে দেখে না, সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় আল্লাহ কোন মহান উদ্দেশ্যে এ বিশ্বের বস্তুরাজি সৃষ্টি করেছেন! কাজেই যারা আল্লাহর এই মহান লক্ষ্য অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারা অবশ্যই ব্যর্থ হবে।
অতঃপর সূরাটি আল্লাহ তা’লার তওহীদ বা একত্ব যা সমস্ত ধর্মবিশ্বাসের মূল ভিত্তি, সে বিষয়ের আলোচনা করেছে। বলা হয়েছে, সমস্ত বিশ্বচরাচর যখন একই নিয়মের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে তখন বহুঈশ্বরবাদীরা কীভাবে এক আল্লাহর সাথে অন্য উপাস্যের প্রসঙ্গ উত্থাপন করে? আল্লাহ যদি একাধিক হতো তাহলে এ বিশ্বজগতের পরিচালনা ও নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিত। অথচ এটা সুস্পষ্ট, বিশ্বপরিচালনার নীতি ও নিয়ম একই শৃঙ্খলে আবদ্ধ। তাই বিশ্বজগতের একই স্রষ্টা ও একই পরিচালক রয়েছে এবং এমন অদ্বিতীয় যে সত্তা, তাঁর তো কোনো পুত্রের দরকার নাই, কেননা পুত্র তখনই প্রয়োজন হয় যখন পিতার লয় বা মৃত্যুর আশঙ্কা থাকে এবং যখন পিতা এককভাবে অন্যের সাহায্য ছাড়া তাঁর কর্ম সম্পাদনে অপারগ হন। কাজেই আল্লাহর অংশীদার সম্পর্কিত সমস্ত ধারণাই অপবিত্র ও ভিত্তিহীন। অতঃপর সূরাটিতে অন্য একটি ঐশী নিয়মের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, পৃথিবী যখন আধ্যাত্মিক অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় তখন এর বুকে সত্যিকার পুণ্যাত্মা লোকের বড়োই অভাব দেখা দেয়। এমতাবস্থায় আল্লাহ দয়াপরবশ হয়ে পুনরায় তাঁর কৃপা ও আশিসের বারি বর্ষণ করেন, যা ওহী-ইলহামের আকারে পৃথিবীতে অবতীর্ণ হয় এবং পাপপঙ্কিলতায় নিমজ্জিত পৃথিবীকে আরেকবার নতুন জীবন দান করে। এভাবে আধ্যাত্মিক ক্ষেত্রেও আলো এবং অন্ধকারের আবর্তন হয় যে-রূপে পৃথিবীতেও দিনরাতের আবর্তন ঘটে থাকে। অতঃপর সূরাটিতে এ যুক্তি পেশ করা হয়েছে, হযরত মুহাম্মদ (সা.) একজন সাধারণ মানুষ মাত্র, এই ওজর পেশ করে অবিশ্বাসীরা তাঁকে অস্বীকার করতে পারে না। এটা তাদের জন্য বোকামি ছাড়া অন্য কিছু নয়, কেননা ঐশীবাণীর বাহক হিসাবে তাঁর মান, মর্যাদা বা প্রতিপত্তিই বড়ো কথা নয়। বড়ো কথা হচ্ছে, কে তাঁকে প্রেরণ করেছেন সে দিকে লক্ষ রাখা। পরিণামে হযরত মুহাম্মদ (সা.)-এর কার্যক্রমই যে সফল হবে এই সত্য অনুধাবনের জন্য সূরাটিতে পূর্ববর্তী সময়ের একাধিক নবী-রসূলের জীবনের দৃষ্টান্ত পেশ করা হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত নূহ (আ.), ইবরাহীম (আ.), সুলায়মান (আ.), ইদরীস (আ.) এবং আরো কতিপয় নবী-রসূল যাঁরা সমসাময়িক কালের তীব্র বিরোধিতা, অত্যাচার, উৎপীড়ন সত্ত্বেও পরিণামে সফল হয়েছিলেন। এসব নবী-রসূল হযরত ঈসা (আ.)-এর মতো স্ব স্ব যুগে ন্যায় ও পুণ্যকর্মের আদর্শ দৃষ্টান্ত ছিলেন এবং ঈসা (আ.)-এর মতো তাঁরাও আল্লাহর পথে বড়োই বাধাবিপত্তি ও ক্লেশ ভোগ করেছিলেন। তাহলে তাঁদের সকলের মধ্যে একমাত্র হযরত ঈসা (আ.)-কেই কেন ঈশ্বরপুত্র হিসাবে বিবেচনা করা হবে, ঈশ্বরপুত্র হিসাবে তাঁরা সকলেই কেন গণ্য হবেন না? এ সমস্ত নবী রসূলের ঘটনা উল্লেখের পর সূরাটিতে বিশেষভাবে হযরত ঈসা (আ.) ও তাঁর মাতার প্রসঙ্গও বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে, তাঁদের সঙ্গেও পূর্ববর্তীদের মতোই ব্যবহার করা হয়েছিল। এমনকি হযরত ঈসা (আ.)-এর ব্যতিক্রমী জন্মের দিক বিবেচনা করেও তাঁকে বিশেষ কোনো আধ্যাত্মিক মর্যাদা বা সত্তার অধিকারী বলে অভিহিত করা যায় না, কেননা হযরত ইয়াহইয়া (আ.)-এর জন্মও অত্যন্ত ব্যতিক্রমী অবস্থার মধ্যে হয়েছিল। ঈসা (আ.) জন্মগ্রহণ করেছিলেন কোনো পিতার মাধ্যম ছাড়া এটা যেমন সত্য, তেমনই এটাও নিশ্চিতভাবে সত্য, ইয়াহইয়া (আ.)-এর জন্ম তখন হয়েছিল যখন তাঁর পিতা অত্যন্ত বার্ধক্যে উপনীত হয়েছিলেন এবং তাঁর মাতা ছিলেন বন্ধ্যা ও সন্তান উৎপাদনে সম্পূর্ণ অযোগ্য। তদ্রূপ সত্যের জন্য হযরত ঈসা (আ.)-এর কষ্ট করাও অভিনব কোনো বিষয় নয়। তাঁকে যদিও ক্রুশে লটকানো হয়েছিল, তথাপি পরে জীবিতাবস্থায় তাঁকে ক্রুশ থেকে নামানো হয়েছিল, কিন্তু আল্লাহর রাস্তায় হযরত ইয়াহইয়া (আ.)-কে জীবন দান করতে হয়েছিল। তাহলে শুধু ঈসা (আ.)-এর রক্তই কেন পাপের প্রায়শ্চিত্ত করবে? সূরাটির শেষাংশে পাশ্চাত্যের খ্রিষ্টান শক্তি তথা ইয়াজুজ-মাজুজের অসাধারণ উন্নতি, ইহজাগতিক প্রাচুর্য ও প্রতিপত্তির কথা বলা হয়েছে। প্রসঙ্গত ইঙ্গিত দেওয়া হয়েছে, এ জাতিগুলো যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ক্ষমতা ও খ্যাতির উচ্চপদসমূহে আরোহণ করবে আর অন্যান্য জাতিসমূহ তাদের নিকট বশ্যতা ও আনুগত্য স্বীকার করবে তখনই তাদের ধ্বংসের সেই প্রতিশ্রুতি পূর্ণতাপ্রাপ্ত হবে। তাদের ওপর এমন হঠাৎ করে ও ত্বরিত গতিতে ঐশী শাস্তি নেমে আসবে যে তারা সকলেই হতবুদ্ধি হয়ে পড়বে। তাদের বিভিন্ন শিল্পকারখানা, জাগতিক প্রাচুর্যের বিভিন্ন উপকরণ, আড়ম্বর ও জাঁকজমকের বিভিন্ন উৎস-উপকরণ সবই এ বিপর্যয়ের ফলে ভস্মীভূত ও ধূলিসাৎ হয়ে যাবে।
** এ সূরায় বলা হয়েছে, হযরত ঈসা (আ.)-এর ন্যায় আল্লাহ তা’লার আরো অনেক পবিত্র বান্দা রয়েছেন যাদেরকে আল্লাহর শরীক সাব্যস্ত করা হয়েছে। এর অব্যবহিত পরই এ সূরায় এরূপ একটি আয়াত অবতীর্ণ করা হয়েছে, যা বিশ্বজগৎ সৃষ্টি, লালন ও ধ্বংসের রহস্যাবলির দ্বার এরূপে উন্মোচন করেছে যা সে যুগের মানুষের ধ্যানধারণাতেও আসতে পারত না। এ আয়াতে বলা হয়েছে, এক সময় বিশ্বজগৎ দৃঢ়ভাবে আবদ্ধ করে দেওয়া একটি গোলাকার বলের আকারে ছিল, যা থেকে কোনোকিছু বাইরে যেতে পারত না। এরপর আমরা একে ফেড়ে দিলাম এবং অকস্মাৎ গোটা বিশ্বজগৎ তা থেকে বেরিয়ে এলো। এরপর আমরা পানির মাধ্যমে প্রত্যেক জীবিত বস্তুকে সৃষ্টি করেছি। পানির অব্যবহিত পরেই পাহাড়ের সাথে এ পানির অবতীর্ণ হবার প্রক্রিয়া সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এরপর একথাও উল্লেখ করা হয়েছে, আকাশ কীভাবে পৃথিবী ও পৃথিবীবাসীকে সুরক্ষা করে থাকে। এরপর পৃথিবী ও আকাশ এবং গোটা জ্যোতিষ্কমণ্ডলীর অবিরাম প্রদক্ষিণের কথা বলা হয়েছে আর যেভাবে পৃথিবী ও আকাশ চিরস্থায়ী নয় সেভাবে একথার প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, মানুষও চিরস্থায়ী নয়। বলা হয়েছে, হে রসূল! কাউকেই স্থায়িত্ব দান করা হয় নি।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اِقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُہُمۡ وَہُمۡ فِیۡ غَفۡلَۃٍ مُّعۡرِضُوۡنَ ۚ﴿۲﴾
مَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ ذِکۡرٍ مِّنۡ رَّبِّہِمۡ مُّحۡدَثٍ اِلَّا اسۡتَمَعُوۡہُ وَہُمۡ یَلۡعَبُوۡنَ ۙ﴿۳﴾
لَاہِیَۃً قُلُوۡبُہُمۡ ؕ وَاَسَرُّوا النَّجۡوَی ٭ۖ الَّذِیۡنَ ظَلَمُوۡا ٭ۖ ہَلۡ ہٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثۡلُکُمۡ ۚ اَفَتَاۡتُوۡنَ السِّحۡرَ وَاَنۡتُمۡ تُبۡصِرُوۡنَ ﴿۴﴾
قٰلَ رَبِّیۡ یَعۡلَمُ الۡقَوۡلَ فِی السَّمَآءِ وَالۡاَرۡضِ ۫ وَہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۵﴾
بَلۡ قَالُوۡۤا اَضۡغَاثُ اَحۡلَامٍۭ بَلِ افۡتَرٰٮہُ بَلۡ ہُوَ شَاعِرٌ ۚۖ فَلۡیَاۡتِنَا بِاٰیَۃٍ کَمَاۤ اُرۡسِلَ الۡاَوَّلُوۡنَ ﴿۶﴾
مَاۤ اٰمَنَتۡ قَبۡلَہُمۡ مِّنۡ قَرۡیَۃٍ اَہۡلَکۡنٰہَا ۚ اَفَہُمۡ یُؤۡمِنُوۡنَ ﴿۷﴾
وَمَاۤ اَرۡسَلۡنَا قَبۡلَکَ اِلَّا رِجَالًا نُّوۡحِیۡۤ اِلَیۡہِمۡ فَسۡـَٔلُوۡۤا اَہۡلَ الذِّکۡرِ اِنۡ کُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۸﴾
وَمَا جَعَلۡنٰہُمۡ جَسَدًا لَّا یَاۡکُلُوۡنَ الطَّعَامَ وَمَا کَانُوۡا خٰلِدِیۡنَ ﴿۹﴾
ثُمَّ صَدَقۡنٰہُمُ الۡوَعۡدَ فَاَنۡجَیۡنٰہُمۡ وَمَنۡ نَّشَآءُ وَاَہۡلَکۡنَا الۡمُسۡرِفِیۡنَ ﴿۱۰﴾