الشعراء
Ash-Shu`ara'
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
অধিকাংশ মুসলিম পণ্ডিতের অভিমত অনুযায়ী আলোচ্য সূরাটি একটি মক্কী সূরা। এর শিরোনাম ‘আশ-শুআরা’ বা কবিবৃন্দ। এ নামকরণের মাধ্যমে আল্লাহ তা’লা মুসলমানদেরকে একটি উত্তম দৃষ্টান্ত প্রদান করেছেন। আর উক্ত দৃষ্টান্ত হচ্ছে, কোনো জাতি তখনই সাফল্য লাভ করে যখন তাদের কথা ও কাজের মধ্যে সমন্বয় থাকে এবং কবিদের মতো শুধুমাত্র বাকসর্বস্ব হওয়াতে এ লক্ষ্য অর্জন সম্ভবপর নয়। এ সূরার বিষয়বস্তু উপস্থাপনার ধারা পূর্ববর্তী ষোলোটি সূরা থেকে ব্যতিক্রমধর্মী, কেননা সূরা ইউনুস থেকে লক্ষ করলে দেখা যাবে, প্রধানত ইহুদী ও খ্রিষ্টানদের উদ্দেশ্যেই উল্লিখিত সূরাগুলোর বক্তব্য কেন্দ্রীভূত ছিল। আর আলোচ্য সূরা থেকে মুমিনদের উদ্দেশ্যেই বেশিরভাগ প্রসঙ্গ বর্ণিত হয়েছে। ফলে সম্ভাষণের স্বরূপ, রীতি ও কার্যক্ষেত্র পালটে গেছে। এমনকি সূরাটির শুরুতে উপস্থাপিত ‘হুরূফে মুকাত্তায়াত’-এর ব্যাপারেও পরিবর্তন সাধিত হয়েছে। পূর্ববর্তী সূরাতে এ প্রসঙ্গ তুলে সমাপ্তি টানা হয়েছিল, এমন ধারণা করা নিতান্তই বোকামি যে, প্রাচীনকাল থেকে চিরাচরিত ঐশী নিয়ম যেভাবে নবী-রসূলের মাধ্যমে কার্যকর ছিল তা আল্লাহ তা’লা ধ্বংস করে দেবেন। পরন্তু আল্লাহ তা’লা মানুষকে এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন যেন সে আল্লাহ তা’লার মহান গুণাবলি দ্বারা নিজেকে ভূষিত করে এবং ঐশী আহ্বানে সাড়া দেয়। মানুষ যদি তার সৃষ্টির উদ্দেশ্য না বোঝে এবং তা পূর্ণ না করে তাহলে তার জীবনের অস্তিত্বের কোনোই প্রয়োজন নাই আর তাকে ধ্বংস করার জন্য আল্লাহর দ্বিধা করারও কোনো কারণ নাই। সূরাটিতে আরো বলা হয়েছে, মানবতার প্রতি অকৃত্রিম মমতা ও উদ্বেগের কারণে হযরত মুহাম্মদ (সা.) ব্যথিত চিত্তে সর্বদা এই আশঙ্কা করতেন, মানুষ যেন তার কৃতকর্মের জন্য ধ্বংসের কারণ হয়ে না পড়ে। তিনি ব্যাকুলভাবে কামনা করতেন যেন মানুষ সম্ভাব্য ধ্বংস থেকে রক্ষা পায়। আর মানুষের বিনাশ সাধন তো আল্লাহ তা’লার অভিপ্রেত ও পরিকল্পনার পরিপন্থি, কেননা আল্লাহ তো চান, মানুষকে যে জ্ঞান ও প্রজ্ঞা দান করা হয়েছে এর সুষ্ঠু প্রয়োগ ও চেষ্টাপ্রচেষ্টার মাধ্যমে সে আল্লাহর নৈকট্যপ্রাপ্তির পথের সন্ধান করুক। অতঃপর সে তাঁর নৈকট্য অর্জন করুক, কিন্তু সে যদি তা করতে অস্বীকার করে তাহলে অস্বীকারজনিত পরিণাম তাকে ভোগ করতে হবে। অতঃপর সূরাটিতে বলা হয়েছে, মানুষকে যদি স্বাধীন ইচ্ছা ও পছন্দের ক্ষমতা না দেওয়া হতো তাহলে সে কেবল একটি যন্ত্র বা যন্ত্রমানবে পরিণত হতো এবং সেই অবস্থায় সে তার স্রষ্টার প্রতিচ্ছবি হিসাবে যে মর্যাদায় ভূষিত তা থেকে বঞ্চিত হতো। সুতরাং মানুষের উচিত ঐশী পরিকল্পনার আলোকে তার জীবনকে পরিচালিত করা। এটা না করলে মানুষ কিছুতেই সত্যিকার মুক্তি বা পরিত্রাণ লাভ করতে পারবে না।
সূরাটির শুরুতেই এই দাবি করা হয়েছে, কুরআন স্বয়ং এর সত্যতার প্রমাণ ও যুক্তি হিসাবে যথেষ্ট এবং এর সমর্থনে বাইরের কোনো সাহায্য ও সমর্থনের প্রয়োজন নাই। অতঃপর বলা হয়েছে, পার্থিব জগতে মানুষের প্রয়োজন ও অভাব মেটানোর জন্য আল্লাহ তা’লা যেভাবে প্রত্যেক বস্তুর জোড়া সৃষ্টি করেছেন সেজন্য এটাই যুক্তিসংগত, আধ্যাত্মিক জগতেও আল্লাহ তা’লা প্রত্যেক বস্তুর জোড়া সৃষ্টি করবেন। তারপর অত্যন্ত যুক্তিযুক্ত উপায়ে সূরাটিতে কয়েকজন নবী-রসূলের জীবনের কিছু বিবরণী দেওয়া হয়েছে। প্রথমেই হযরত মূসা (আ.)-এর কাহিনি বর্ণনাপূর্বক দেখানো হয়েছে, কীভাবে ঐশী আদেশের অনুসরণে মূসা (আ.) বনী ইসরাঈলকে মিশর থেকে বের করে নিতে সক্ষম হন। সত্যই পরিণামে বিজয়ী হয় এবং মিথ্যা পরাভূত হয়- এই শাশ্বত বিষয়টিকে আরো ব্যাখ্যার লক্ষ্যে সূরাটিতে এরপর সংক্ষিপ্তভাবে হযরত ইবরাহীম, নূহ, হৃদ, সালেহ, লূত এবং শুয়াইব (আ.)-এর ঘটনা বর্ণিত হয়েছে। হযরত ইবরাহীম (আ.) তাঁর জাতির কাছে প্রতিমাপূজার অযৌক্তিকতা ও অসারতা প্রমাণিত করেন। তারপর হযরত নূহ (আ.)-এর ঘটনায় দেখা যায়, কীভাবে তাঁর জাতি তাঁকে এ ধারণার বশবর্তী হয়ে অস্বীকার করেছিল যে, তিনি সমাজের সকল উঁচু ও নীচুর ব্যবধান বিলোপ করতে চেয়েছিলেন। এরপর হযরত হৃদ এবং সালেহ (আ.)-এর ঘটনা বর্ণিত হয়েছে। ঐশীবাণীবাহক এই উভয় নবীই তাঁদের স্বজাতিকে এ বিষয়টি অনুধাবনের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন যে, সত্যিকার সফলতা জাগতিক উপকরণ ও ক্ষমতার ওপর নির্ভর করে না, বরং তা নির্মল নৈতিকতা ও আধ্যাত্মিক শক্তির ওপর নির্ভরশীল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁদের জাতি এই শিক্ষা এবং সতর্কবাণীকে নিতান্ত অবহেলাভরে বর্জন করেছিল। হযরত লূত এবং শুয়াইব (আ.)-এর স্বজাতিও তাঁদের সাথে কোনো ভালো ব্যবহার করে নি। হযরত লূত (আ.)-এর সম্প্রদায় এক অস্বাভাবিক পাপকাজে নিজেদেরকে জড়িত রাখে। আর শুয়াইব (আ.)-এর জাতি বাণিজ্যিক লেনদেনে বড়োই অসাধুতার পরিচয় দেয়। যে বিষয় নিয়ে সূরাটির শুরু হয়েছিল, সেটিই শেষাংশে পুনরায় আলোচিত হয়েছে, অর্থাৎ পবিত্র কুরআন আল্লাহর অবতীর্ণ বাণী, এর সত্যতা ও দাবির প্রমাণস্বরূপ এ গ্রন্থ নিজেই যুক্তিপূর্ণ নিদর্শন পেশ করে। শুধু তাই নয়, অতীতের নবী-রসূলগণও এর সত্যতা সম্পর্কে সাক্ষ্য দান করে গেছেন। এমনকি শিক্ষিত বনী ইসরাঈলীদের অনেকেই তাদের হৃদয়ের অন্তস্তলে একথার স্বীকৃতি প্রদান করে, কুরআন স্বয়ং আল্লাহর বাণী, কেননা তাদের ধর্মগ্রন্থের অনেক ভবিষ্যদ্বাণী এর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। অতঃপর সূরাটিতে অবিশ্বাসীদেরকে কুরআনের শিক্ষার ওপর গভীরভাবে চিন্তা করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা কি অনুধাবন করে না কুরআনের মতো এমন অনুপম শিক্ষা কি কোনো শয়তানের কাজ হতে পারে? কিংবা হযরত মুহাম্মদ (সা.)-এর মতো একজন মানুষ কর্তৃক রচিত হতে পারে? এতে আরো বলা হয়েছে, কুরআনের অনেক বিষয় বা শিক্ষাই পূর্ববর্তী ধর্মগ্রন্থের প্রকৃত শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজেই শয়তান স্বভাবের মানুষের এসব ধর্মগ্রন্থের ঐশী উৎসের মধ্যে তো হস্তক্ষেপ করার ব্যাপারে কোনো সুযোগ ছিল না। শয়তান তো কেবল তাদের ওপরই অবতীর্ণ হয় যারা পাপী, মিথ্যাবাদী এবং তাদের কাজই হচ্ছে অসত্যের সমর্থন করা ও নির্জলা মিথ্যার উদ্ভাবন করা। যারা কবি তারা এ ধরনের মিথ্যার সমর্থন ও ভক্তবৃন্দের অনুপ্রেরণা লাভ করে থাকে। তদুপরি তাদের অনুসারীরা সাধারণভাবে দুর্বল নৈতিকতার অধিকারী হয় এবং কোনো নীতিনৈতিকতা মেনে চলে না। এছাড়া কবি এবং তাদের অনুসারীরা অর্থহীন বাগাড়ম্বরপ্রিয় হয়। আসলে তারা যা বলে তা কখনো কাজে পরিণত করে দেখায় না। অতঃপর সূরাটিতে হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি কতিপয় নির্দেশ প্রদানপূর্বক বলা হয়েছে, তিনি যেন তাঁর লোকদের নিকট আল্লাহর তওহীদ ও একত্বের বিষয় প্রচার করতে থাকেন এবং ইসলামের উন্নতিকে ত্বরান্বিত করার জন্য তাদেরকে প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করেন। তাঁকে আরো নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন আল্লাহর প্রতি পূর্ণবিশ্বাস ও আস্থা রাখেন, কেননা তাঁরই নিরাপত্তা ও সাহায্যের আশ্রয়ে তাঁর জীবন অতিবাহিত হচ্ছে। পরিশেষে এই আশ্বাস বাণীসহ সূরাটির সমাপ্তি টানা হয়েছে, শীঘ্রই আল্লাহ তা’লা মুসলমানদের বিক্ষিপ্ত অবস্থার নিরসন ঘটাবেন এবং এমন এক স্থানে তাদেরকে একত্রিত করবেন যেখানে তারা সুখেশান্তিতে অবস্থান করবে আর পরিপূর্ণ নিরাপত্তার সাথে এক আল্লাহর ইবাদত করবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
طٰسٓمّٓ ﴿۲﴾
تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ الۡمُبِیۡنِ ﴿۳﴾
لَعَلَّکَ بَاخِعٌ نَّفۡسَکَ اَلَّا یَکُوۡنُوۡا مُؤۡمِنِیۡنَ ﴿۴﴾
اِنۡ نَّشَاۡ نُنَزِّلۡ عَلَیۡہِمۡ مِّنَ السَّمَآءِ اٰیَۃً فَظَلَّتۡ اَعۡنَاقُہُمۡ لَہَا خٰضِعِیۡنَ ﴿۵﴾
وَمَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ ذِکۡرٍ مِّنَ الرَّحۡمٰنِ مُحۡدَثٍ اِلَّا کَانُوۡا عَنۡہُ مُعۡرِضِیۡنَ ﴿۶﴾
فَقَدۡ کَذَّبُوۡا فَسَیَاۡتِیۡہِمۡ اَنۡۢبٰٓؤُا مَا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۷﴾
اَوَلَمۡ یَرَوۡا اِلَی الۡاَرۡضِ کَمۡ اَنۡۢبَتۡنَا فِیۡہَا مِنۡ کُلِّ زَوۡجٍ کَرِیۡمٍ ﴿۸﴾
اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۹﴾
وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿٪۱۰﴾