الواقعة
Al-Waqi`ah
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৭ আয়াত এবং ৩ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
সূরা কাফ থেকে আরম্ভ করে কাছাকাছি সময়ে অবতীর্ণ সাতটি সূরা আছে, যেগুলোকে এক গ্রুপভুক্ত করা যায়। সূরা ওয়াকিআ এ গ্রুপের শেষ সূরা। এ সূরাগুলো নবুওয়তের প্রাথমিক পর্যায়ে মক্কায় অবতীর্ণ হয়েছিল। স্বাভাবিকভাবে ভাষা, ভাব ও বিষয়ের দিক দিয়ে এগুলোর মাঝে মিল রয়েছে। তবে পূর্ববর্তী সূরা আর-রাহমান ও এ সূরার মধ্যে যতটা ঘনিষ্ঠতা আছে, অন্য সূরাগুলোর মধ্যে সাধারণ মিল থাকলেও ততটা ঘনিষ্ঠতা নাই। সূরা আর-রাহমানের বিষয়াবলি এ সূরাতে এসে শেষ হয়েছে। তাই এ সূরাটি সংগতভাবেই সূরা আর-রাহমানের অব্যবহিত পরে স্থান পেয়েছে। সূরা আর-রাহমানে তিন প্রকার লোকের কথা ইঙ্গিত করা হয়েছে, যেমন- (১) সেসব ভাগ্যবান ব্যক্তি যাদেরকে আল্লাহ তা’লার বিশেষ নৈকট্য মঞ্জুর করা হয়েছে, (২) মুমিনদের মধ্যে যারা সাধারণভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন এবং (৩) আল্লাহর প্রেরিত পুরুষগণকে প্রত্যাখ্যানকারীদের দল। এ সূরাতে তাদের কথা ইঙ্গিতে নয়, বরং স্পষ্ট উল্লেখ করা হয়েছে। মৃত্যুর পর পুনরুত্থান, আল্লাহর কাছ থেকে ওহী-ইলহামের অবতরণ এবং পৌত্তলিকতার অসারতা ইত্যাদি প্রয়োজনীয় ও সময়োপযোগী বিষয়সংবলিত এ সূরা নবুওয়তের প্রথম দিকে মক্কাতে অবতীর্ণ হওয়া তাৎপর্যপূর্ণ ছিল, কেননা মক্কার কুরাইশরা পৌত্তলিকতায় আপাদমস্তক এরূপ নিমগ্ন ছিল যে, পুনরুত্থান, ওহী-ইলহাম বা ঐশীবাণী ইত্যাদির কথা তাদের চিন্তার বাইরে ছিল। কুরাইশ ছিল কুরআনের বাণীর প্রথম সম্বোধিত জাতি। এ সপ্তসূরায় পুনরুত্থানের অনিবার্যতার জোরালো উপস্থাপনের পাশাপাশি ইসলামের গৌরবময় ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী করা হয়েছে এই উদ্দেশ্যে যে, ইসলামের উন্নতির ভবিষ্যদ্বাণীগুলো যদি বাস্তব সত্যে পরিণত হয় তাহলে নিশ্চিতভাবে এ-ও প্রমাণিত হয়ে যাবে, পুনরুত্থানও অপ্রতিরোধ্য সত্য।
পূর্ববর্তী সূরাতে যে অনিবার্য মহাঘটনার অটল ভবিষ্যদ্বাণী অত্যন্ত দৃঢ়তার সাথে উদাত্ত ভাষায় ঘোষণা করা হয়েছিল তা নিশ্চয় সংঘটিত হবে, এ বক্তব্য দ্বারা এ সূরাটির শুরু হয়েছে এবং বলা হয়েছে, যখন ঐশী মহাবিধ্বংসী ঘটনাটি ঘটে যাবে তখন পৃথিবীর তলদেশ পর্যন্ত কেঁপে উঠবে, পাহাড়পর্বত চূর্ণবিচূর্ণ হবে এবং বিধ্বস্ত বিশ্বের ছাইমাটি থেকে এক নতুন পৃথিবীর অভ্যুদয় ঘটবে। এ ঘটনার ফলে মানুষকে তিনটি বৈশিষ্ট্যে চিহ্নিত করা হবে: (ক) সেসব সৌভাগ্যবান মানুষ যারা আল্লাহ তা’লার বিশেষ নৈকট্য লাভ করবে, (খ) সত্যিকার ধর্মপরায়ণ মুমিন যারা নিজেদের সৎকর্মের জন্য পর্যাপ্ত পুরস্কার লাভ করবে, (গ) দুর্ভাগা কাফিররা যারা নিজেদের দুষ্কর্মের জন্য শাস্তিপ্রাপ্ত হবে। এ সূরায় প্রথম দুই দলের প্রাপ্য ঐশী পুরস্কারসমূহের সুন্দর বর্ণনার মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং এর পর পরই ঐশীবাণী প্রত্যাখ্যানকারীদের শাস্তির বিবরণও দেওয়া হয়েছে। অতঃপর সামান্য বীর্যের ফোঁটা থেকে মানুষের সৃষ্টি ও ক্রমোন্নতির ধারায় পূর্ণ মানবাকারে তার দৈহিক-মানসিক বিকাশের উল্লেখপূর্বক যুক্তি প্রদর্শন করা হয়েছে যে, মৃত্যুর পরে (আরো বিকাশ লাভের জন্য) তার পুনরুত্থান হবে। সূরার শেষ দিকে প্রারম্ভিক বক্তব্যের জের টেনে ব্যাখ্যা করা হয়েছে, যে বৈপ্লবিক পরিবর্তনের কথা সূরাটির উদ্বোধনী আয়াতগুলোতে উল্লিখিত হয়েছে তা পবিত্র কুরআনের মাধ্যমেই সাধিত হবে যে, কুরআন সুনিশ্চিতভাবে আল্লাহ তা’লার অবতীর্ণ বাণী, সুরক্ষিত ও সংরক্ষিত মহামূল্য সম্পদ। একটি চমৎকার ধর্মোপদেশ দিয়ে সূরাটি সমাপ্ত হয়েছে। উপদেশটি হলো, মৃত্যুই যখন পার্থিব জীবনের অনিবার্য পরিণতি তখন মানুষ এ কঠোর সত্যকে কীভাবে ভুলে এত সংসারাসক্ত হয় এবং আল্লাহকে স্মৃতি থেকে সরিয়ে রাখে?
** এ সূরার ৬১ ও ৬২ নম্বর আয়াতে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে, আল্লাহ তা’লা তোমাদের (মৃত্যুর) পরবর্তী সৃষ্টির সময় যে আকারে তোমাদের নতুনভাবে জীবিত করবেন এর কোনো জ্ঞানই তোমাদের নাই। ভাবার বিষয় হলো, এর জ্ঞান বাহ্যিকভাবে তো দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এ সতর্কবাণী দেওয়া হচ্ছে, বাহ্যিক শব্দগুলোকে হুবহু অর্থ গ্রহণ কোরো না। এগুলো কেবল দৃষ্টান্ত। প্রকৃত বিষয়ের কোনো জ্ঞানই তোমরা রাখো না। এরপর চারটি এরূপ বিষয় বর্ণিত হয়েছে, যার সম্পর্কে চিন্তাভাবনা করলে প্রত্যেক নিরপেক্ষ ব্যক্তির হৃদয় থেকে অবশ্যই এ ধ্বনি উত্থিত হবে, আল্লাহ তা’লা ছাড়া অন্য কেউ এ সবকিছু তৈরি করার ক্ষমতা রাখে না। প্রথমে বলতে হয় সেই পদার্থের কথা, যা দিয়ে মানবসৃষ্টির সূচনা হয়েছে এবং এরপর এতে এরূপ সূক্ষ্মাতিসূক্ষ্ম অগণিত জটিল বৈশিষ্ট্য সন্নিবেশিত করে দেওয়া হয়েছে, যেগুলো পরবর্তীতে প্রকাশিত হবার ছিল। উদাহরণস্বরূপ- চোখ, কান, নাক, গলা ও শ্রবণযন্ত্র ইত্যাদির কথা বলা যেতে পারে। দেহের এসব অঙ্গপ্রত্যঙ্গের মাঝে কোন অঙ্গপ্রত্যঙ্গ কোন সীমা পর্যন্ত বৃদ্ধি পাবে এবং এরপর কোন সময় এ বৃদ্ধি পাওয়াটা বন্ধ হয়ে যাওয়া প্রয়োজন সে সম্পর্কে এগুলোকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দাঁতের কথাই ধরা যাক। একটি নির্দিষ্ট সময়ের পর দুধের দাঁত বের হয়। আবার একটি নির্দিষ্ট সময় টিকে থাকার পর সেগুলো পড়ে যায় এবং শৈশবকালে যে-সব শিশু দাঁতের যত্ন নিতে পারে না এর অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করা হয়ে থাকে। এরপর সাবালক হবার পর যে দাঁত ওঠে এর সুরক্ষার দায়িত্ব মানুষের নিজের ওপর বর্তায়। এসব দাঁত এক সীমা পর্যন্ত বৃদ্ধি পেয়ে কেন থেমে যায়? এদের আরো বৃদ্ধি লাভ করতে কীসে বাধা দেয়? মানুষের ডিএনএ-র (DNA) মাঝে একটি কম্পিউটারের মতো প্রোগ্রাম রয়েছে। আল্লাহ তা’লার বিধানের অধীনে এ প্রোগ্রাম অনুযায়ী এসব দাঁত ক্রিয়াশীল রয়েছে। বিজ্ঞানীরা বলেন, যে গতিতে এসব দাঁত ঘষা খেয়ে ক্ষয়প্রাপ্ত হতে থাকে মোটামুটি সেই গতিতে এগুলো বাড়তে থাকে। এগুলো যদি বাড়তেই থাকত এবং থামার কোনো ব্যবস্থা না থাকত তাহলে মানুষের নীচের পাটির দাঁত মস্তিষ্ক ভেদ করে মাথার অনেক ওপর পর্যন্ত বেরিয়ে যেতে পারত এবং ওপরের পাটির দাঁত চোয়াল ভেদ করে বুককে অকেজো করে দিতে পারত। অতএব বলা হয়েছে, তোমরা কি নিজেরাই এসব জেনেটিক (Genetic) বৈশিষ্ট্য তৈরি করেছ? বলা বাহুল্য, এর উত্তর নেতিবাচক।
এভাবেই মানুষ বাহ্যত মনে করে তারা জমিতে বীজ বপন করে, এটাই যথেষ্ট, কিন্তু জমি থেকে এসব বীজের বৃক্ষ, শাকসবজি ও ফলের আকারে বের হবার প্রক্রিয়াও এক অসীম জটিল প্রক্রিয়া। এসব বৃক্ষ, শাকসবজি ও ফল নিজে নিজেই সৃষ্টি হতে পারে না।
এভাবেই পৃথিবীতে সব ধরনের জীবনকে রক্ষা করার জন্য আকাশ থেকে যে পানি অবতীর্ণ হয় এর ব্যবস্থাপনার ওপরও মানুষের কোনো হাত নাই। আর যে আগুনের শক্তির সহায়তায় মানুষ আকাশে যাবার প্রচেষ্টা নেয় সেটিও আল্লাহর বিধানের অধীনে ক্রিয়াশীল। নতুবা এ আগুনই তাদেরকে সুউচ্চ আকাশে পৌঁছানোর পরিবর্তে পুড়িয়ে ভস্ম করে দিতে পারত। এ প্রসঙ্গে উড়োজাহাজ সম্পর্কে হযরত মুহাম্মদ (সা.)-এর এ ভবিষ্যদ্বাণী বিদ্যমান রয়েছে যে, সেগুলো আগুনের মাধ্যমে চলার বাহন হবে। এতে বসে থাকা ভ্রমণকারীদের সে আগুন কোনো ক্ষতি করবে না।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اِذَا وَقَعَتِ الۡوَاقِعَۃُ ۙ﴿۲﴾
لَیۡسَ لِوَقۡعَتِہَا کَاذِبَۃٌ ۘ﴿۳﴾
خَافِضَۃٌ رَّافِعَۃٌ ۙ﴿۴﴾
اِذَا رُجَّتِ الۡاَرۡضُ رَجًّا ۙ﴿۵﴾
فَاَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ؕ﴿۹﴾