১০১

القارعة

সূরা আল-কারিআ

Al-Qari`ah

মক্কী ১২ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ৭:৯; ২৩:১০৩

اَلۡقَارِعَۃُ ۙ﴿۲﴾

২
(ঔদাসীন্যের নিদ্রা ভঙ্গকারী) প্রলয়ংকরী বিকট শব্দ!

مَا الۡقَارِعَۃُ ۚ﴿۳﴾

৩
কী সেই প্রলয়ংকরী বিকট শব্দ?৩৪১৮
৩৪১৮। ‘কারিআ’ শব্দের সঙ্গে ‘আল’ উপসর্গটি সংযুক্ত হয়ে ‘প্রলয়ংকরী বিকট শব্দ’-কে নির্দিষ্ট করা ছাড়াও এর ভয়াবহতা প্রকাশ করেছে। তদুপরি ‘মা’ শব্দটি ব্যবহৃত হয়ে বুঝাচ্ছে, এ ‘প্রলয়ংকরী বিকট শব্দ’ সত্যিকারভাবে মহাবিধ্বংসী ও জগদ্‌ব্যাপী হবে।

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا الۡقَارِعَۃُ ؕ﴿۴﴾

৪
আর তোমাকে কীসে অবহিত করবে, সেই প্রলয়ংকরী বিকট শব্দ কী?৩৪১৯
৩৪১৯। এ মহাবিপদ এতই ক্ষতিসাধনকারী হবে যে, এর বর্ণনা দেওয়া অসম্ভব। ৬৯ নম্বর সূরার ২-৫ নম্বর আয়াতে এত ভয়াবহ মহাবিপদ বুঝাতে অনুরূপ ভাষাই ব্যবহৃত হয়েছে। ‘কারিআ’ সংকট ছাড়াও অপ্রত্যাশিত আকস্মিক শাস্তিকে বুঝিয়ে থাকে।

یَوۡمَ یَکُوۡنُ النَّاسُ کَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِ ۙ﴿۵﴾

৫
যে-দিন মানুষ বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন পঙ্গপালের মতো হয়ে যাবে।

وَتَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِہۡنِ الۡمَنۡفُوۡشِ ؕ﴿۶﴾

৬
আর পাহাড়পর্বত ধুনিত পশমের মতো হয়ে পড়বে।৩৪২০
৩৪২০। যেহেতু সে ভয়াবহ ধ্বংসের ধারণা করা মানুষের পক্ষে সম্ভব নয়, সেহেতু সে ধ্বংসলীলার সামান্যই বর্ণনা দেওয়া হয়েছে। এ আয়াত ও পরবর্তী আয়াতে সে ভয়ংকর ঘটনার সময় যে অবর্ণনীয় দুর্দশা, বিশৃঙ্খলা ও ক্লেশ উপস্থিত হবে তার কিছুটা ধারণা দেওয়া হয়েছে মাত্র। সেই প্রলয়ংকরী ঘটনা মানুষকে ধুনো পশমের মতো এদিক-সেদিক নিক্ষিপ্ত করবে। তারা কোথাও আশ্রয় পাবে না।

فَاَمَّا مَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُہٗ ۙ﴿۷﴾

৭
অতএব যার (পুণ্যের) পাল্লা ভারী হবে,৩৪২১
৩৪২১। ‘মাওয়াযীন’ শব্দটি যখন ব্যক্তিবিশেষের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন শব্দটির অর্থ হয়, তার কার্যাবলি। আবার শব্দটি যখন কোনো জাতির ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন এর অর্থ দাঁড়ায়, সে জাতির জাগতিক উপায়-উপকরণ ও সম্পদ। সাম্প্রতিক কালের যুদ্ধসরঞ্জামের পরিভাষায় ‘টনের ওজন’ বা ‘টনেজ’ শব্দটি ‘মাওয়াযীনের’ প্রতিশব্দ বলা যেতে পারে। জাতিগত দিক থেকে দেখলে আয়াতটির অর্থ হবে, যে জাতির যত বেশি ধনসম্পদ থাকবে অথবা যত বেশি ওজনের মালবাহী জাহাজ, এরোপ্লেন ইত্যাদি থাকবে তারা প্রতিপক্ষের মোকাবিলায় ততই অধিক শক্তিশালী হবে ও প্রভাব খাটাবে। এ অবস্থা সে জাতির সম্মান-প্রতিপত্তি ও সুখশান্তি বৃদ্ধির পরিচায়ক বলে মনে করা হবে।

فَہُوَ فِیۡ عِیۡشَۃٍ رَّاضِیَۃٍ ؕ﴿۸﴾

৮
সেক্ষেত্রে সে সন্তোষজনক জীবন কাটাবে।কদেখুন: ৭:১০; ২৩:১০৪

وَاَمَّا مَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُہٗ ۙ﴿۹﴾

৯
পক্ষান্তরে যার (পুণ্যের) পাল্লা হালকা হবে,

فَاُمُّہٗ ہَاوِیَۃٌ ؕ﴿۱۰﴾

১০
তার জননী৩৪২২ হবে ‘হাবিয়া’।
৩৪২২। মায়ের সাথে তার গর্ভস্থ সন্তানের যে-রূপ সম্পর্ক, দোযখের সাথে পাপীদের সেরূপ সম্পর্ক। মায়ের গর্ভে ভ্রূণ অনেক স্তর পার হয়ে উন্নতি করতে করতে অবশেষে মানবাকারে পূর্ণতা লাভের পর নিষ্পাপ শিশুরূপে ভূমিষ্ঠ হয়। তেমনই পাপী লোকেরা স্বীয় পাপানুযায়ী অনেক ধরনের আধ্যাত্মিক শাস্তি ও যাতনা ভোগের মধ্য দিয়ে যখন পাপমুক্ত হয় তখন তাদের নতুন জীবন লাভ হয়ে থাকে। দোযখের শাস্তি ও জ্বালাযন্ত্রণা পাপী ও দুষ্কৃতকারীদের অনুতাপ করার ও আত্মশুদ্ধি করার সুযোগ দান করে। ইসলামের দৃষ্টিতে দোযখ হচ্ছে সংশোধনকারী কারাগার বা নিরাময়কারী প্রতিষ্ঠান বিশেষ।