২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اذۡکُرُوۡا نِعۡمَتِیَ الَّتِیۡۤ اَنۡعَمۡتُ عَلَیۡکُمۡ وَاَوۡفُوۡا بِعَہۡدِیۡۤ اُوۡفِ بِعَہۡدِکُمۡ ۚ وَاِیَّایَ فَارۡہَبُوۡنِ ﴿۴۱﴾

৪১
হে বনী ইসরাঈল!৭৫ তোমরা আমার নেয়ামতকে স্মরণ কর, যে নেয়ামত আমি তোমাদিগকে দান করিয়াছিলাম, এবং তোমরা আমার (সহিত কৃত) অঙ্গীকার পূর্ণ কর, আমিও (তোমাদের সহিত কৃত) অঙ্গীকার৭৬ পূর্ণ করিব, এবং আমাকেই ভয় কর।
৭৫। হযরত ইস্‌হাকের পুত্র হযরত ইয়াকুবের অপর নাম ইসরাঈল। আল্লাহ্‌তা’লা হযরত ইয়াকুবকে জীবনের শেষার্ধে ইসরাঈল নামে ভূষিত করিয়াছিলেন (আদিপুস্তক- ৩২ঃ২৮)। মূল হিব্রুতে ইহা একটি যুগ্ম শব্দ, ‘ইয়াসারা’ ও ‘অ্যাঈল’ এই দুই শব্দের মিলনে গঠিত। অর্থ হইল (১) আল্লাহ্‌র যুবরাজ, যোদ্ধা বা সৈনিক (কনকরডেন্স, লেখক-ক্রুডেন হিব্রু ইংলিশ লেক্সিকন, লেখক-ডব্লিউ জেসেনিয়াস)। ইসরাঈল শব্দটি তিনটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হইয়াছেঃ (১) ব্যক্তি ইয়াকুব (আদি পুস্তক- ৩২ঃ২৮) (২) হযরত ইয়াকুবের বংশধর (দ্বিতীয় বিবরণ-৬ঃ ৩,৪), (৩) যে কোন ধার্মিক ও খোদাভীরু ব্যক্তি বা গোষ্ঠী (হিব্রু-ইংলিশ লেক্সিকন)।
৭৬। হযরত ইব্‌রাহীম (আঃ)-এর পরে, বনী ইসরাঈল-এর সাথে আল্লাহ্‌তা’লার চুক্তি নবায়িত হয়। বাইবেলের বহুস্থানে এই দ্বিতীয় চুক্তির উল্লেখ দেখিতে পাওয়া যায় (যাত্রাপুস্তক- অধ্যায় ২০ দ্বিতীয় বিবরণ- অধ্যায় ৫, ১৮,২৬)। যখন এই চুক্তি বা প্রতিশ্রুতি সম্পাদিত হইতেছিল এবং আল্লাহ্‌র মাহাত্ম্য সিনাই পর্বতে প্রকাশিত হইতেছিল, তখন সাথে সাথে মেঘ-গর্জন, বজ্রপাত, বিদ্যুৎ চমকানী, শিঙ্গা ধ্বনি ও পার্বত্য ধুম্রজাল দেখিয়া (যাত্রাপুস্তক-১৮) বনী ইসরাঈল জাতি হযরত মূসা (আঃ)-কে বলিল, হে মূসা ! তুমিই আমাদের সাথে কথা বল, আমরা শুনিব। কিন্তু আল্লাহ্ যেন আমাদের সাথে কথা না বলেন, কেননা তাহা হইলে ত আমরা মরিয়াই যাইব (যাত্রাপুস্তক-২০ঃ১৯)। এই বেয়াদবীপূর্ণ কথাগুলি বনী ইসরাঈল জাতির ভাগ্যের যবনিকা পাত ঘটাইল। মূসা (আঃ)-কে আল্লাহ্ বলিলেন, তোমার জাতি এতই ঔদ্ধত্য প্রকাশ করিয়াছে যে, ভবিষ্যতে তাহাদের মধ্যে আর কোন শরীয়াতধারী নবীর আগমন হইবে না। তবে, ভবিষ্যতে তাহাদের ভ্রাতৃকুলে অর্থাৎ ইসমাঈলের বংশে, শরীয়াতবাহী নবীর আগমন হইবে। এইরূপে, আল্লাহ্‌তা’লা এই আয়াতে বনী ইসরাঈল জাতিকে স্মরণ করাইয়া দিতেছেন যে, তিনি ইস্‌হাক ও তাঁহার বংশের সহিত যে চুক্তি করিয়াছিলেন, তাহারা ঐ চুক্তি পূর্ণ করিলে এবং তাহার আদেশ-নিষেধ মানিয়া চলিলে, তিনিও তাহাদের প্রতি স্বীয় অনুগ্রহরাজি বর্ষণ করিতে থাকিবেন। কিন্তু তাহারা যদি চুক্তি (প্রতিশ্রুতি) পালন না করে, তাহা হইলে, আল্লাহ্ তাঁহার অনুগ্রহসমূহ হইতে তাহাদিগকে বঞ্চিত করিবেন। অতএব, বনী ইসরাঈল জাতি যেহেতু সেই চুক্তি পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হইল, তখন আল্লাহ্ তাঁহার প্রতিশ্রুতি অনুযায়ী ইসমাঈলের বংশে সেই প্রতিশ্রুত নবীকে প্রেরণ করিলেন এবং সেই অবধি চুক্তিটি নবাগত নবী হযরত মুহম্মদ (সাঃ)এর অনুসারীদের মধ্যে স্থানান্তরিত করিলেন।

وَاٰمِنُوۡا بِمَاۤ اَنۡزَلۡتُ مُصَدِّقًا لِّمَا مَعَکُمۡ وَلَا تَکُوۡنُوۡۤا اَوَّلَ کَافِرٍۭ بِہٖ ۪ وَلَا تَشۡتَرُوۡا بِاٰیٰتِیۡ ثَمَنًا قَلِیۡلًا ۫ وَّاِیَّایَ فَاتَّقُوۡنِ ﴿۴۲﴾

৪২
এবং তোমরা উহার উপর ঈমান আন যাহা আমি নাযেল করিয়াছি, যাহা তসদীক্‌৭৭ করে উহার যাহা তোমাদের নিকট রহিয়াছে, এবং তোমরা ইহার সর্বপ্রথম অবিশ্বাসী হইও না, এবং আমার আয়াতসমূহকে অল্পমূল্যে বিক্রী করিও না, এবং তোমরা আমারই তাক্‌ওয়া অবলম্বন কর।
৭৭। ‘মুসাদ্দিক্‌’—সাদ্দাকা হইতে উৎপন্ন, যাহার অর্থ সে ইহাকে বা তাহাকে সত্য বলিয়া মানিল (মুফ্‌রাদাত, লেইন)। যখন শব্দটি উপরোক্ত অর্থে ব্যবহৃত হয় তখন ইহার পরে কোন অব্যয় ব্যবহৃত হয় না অথবা, ‘বা’ অব্যয়টি ব্যবহৃত হয়। কিন্তু যখন এই শব্দটি (মুসাদ্দিক্‌) পূর্ণ করা অর্থে ব্যবহৃত হয়, যেরূপ এইস্থলে হইয়াছে, তখনই ইহার পরে ‘লাম’ অব্যয়টি ব্যবহৃত হইয়া থাকে (২৪৯২;৩৫ঃ৩২)। কাজেই এখানেও ইহা পালন করা বা পূর্ণ করা অর্থে ব্যবহৃত হইয়াছে, সত্যায়ন করা বা সত্য বলিয়া ঘোষণা করা অর্থে নয়। পূর্ববতী ধর্মগ্রন্থগুলিতে বিশ্বজনীন গ্রন্থ সহকারে একজন শরীয়াত-দাতা নবীর আগমনের যে ভবিষ্যদ্বাণী ছিল, কুরআন সেই ভবিষ্যদ্বাণীকে পূর্ণ করিয়াছে। যেখানেই কুরআন পূর্ববতী গ্রন্থ সমূহের মুসাদ্দিক বলিয়া নিজেকে বর্ণনা করিয়াছে, সেখানেই এই অর্থেই বর্ণনা করিয়াছে যে, পূর্ববর্তী কিতাব সমূহের ভবিষ্যদ্বাণী কুরআনের আগমনের দ্বারা পূর্ণ হইয়াছে, পূর্ববর্তী কিতাবসমূহের শিক্ষামালাকে সত্যায়ন ও প্রতিষ্ঠিত করা অর্থে নহে। তবে কুরআন এই কথা স্বীকার করে যে, পূর্বের অবতীর্ণ কিতাব সমূহও ঐশী ছিল বটে, কিন্তু মানবের স্মৃতিবিভ্রম ও হস্তক্ষেপের কারণে এইগুলির পবিত্রতা ও বিশুদ্ধতা বহুলাংশে নষ্ট হইয়া গিয়াছে। তাই,এই কিতাবগুলির শিক্ষাসমূহকে সর্বাংশে গ্রহণ করা যায় না। তাহা ছাড়া এই কিতাব গুলির অধিকাংশ শিক্ষামালাই ছিল নির্দিষ্ট সময়ের জন্য, সময়ের দীর্ঘ ব্যবধানে এইগুলি অচল হইয়া পড়িয়াছে।

وَلَا تَلۡبِسُوا الۡحَقَّ بِالۡبَاطِلِ وَتَکۡتُمُوا الۡحَقَّ وَاَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۴۳﴾

৪৩
এবং তোমরা জানিয়া বুঝিয়া৭৮ সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না এবং সত্যকে গোপন করিও না।
৭৮। এখানে ইহুদীদিগকে দুইটি অপকর্ম করা হইতে বারণ করা হইতেছে (১) ধর্মগ্রন্থের উদ্ধৃতিসমূহের উপর ভুল ব্যাখ্যা লাগাইয়া সত্য-মিথ্যার মিশ্রণ ঘটানো, (২) সত্যকে চাপা দেওয়া বা লুকাইয়া রাখা অর্থাৎ তাহাদের ধর্মগ্রন্থে আঁ হযরত (সাঃ) এর আগমনের যেসব ভবিষ্যদ্বাণী রহিয়াছে, সেগুলিকে প্রকাশ না করা, তাহার (সাঃ) আগমনের চিহ্নাবলীকে জন-সমক্ষ হইতে গোপন রাখা।

وَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاٰتُوا الزَّکٰوۃَ وَارۡکَعُوۡا مَعَ الرّٰکِعِیۡنَ ﴿۴۴﴾

৪৪
এবং নামায কায়েম কর এবং যাকাত দাও এবং রুকূ কর রুকূকারীগণের৭৯ সহিত।
৭৯। ‘রাকিউন’ মানে, ‘আল্লাহ্‌র সম্মুখে মাথা নতকারী’(লিসান)। আরবেরা এই শব্দটি একেশ্বরবাদী উপাসকদের জন্য ব্যবহার করিত, যাহারা পুতুল পূজা করিত না (আসাস)।

اَتَاۡمُرُوۡنَ النَّاسَ بِالۡبِرِّ وَتَنۡسَوۡنَ اَنۡفُسَکُمۡ وَاَنۡتُمۡ تَتۡلُوۡنَ الۡکِتٰبَ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۴۵﴾

৪৫
তোমরা কি লোকদিগকে সৎ৮০ কাজের উপদেশ দাও এবং নিজদিগকে ভুলিয়া যাও, অথচ তোমরা কিতাব৮১ (তওরাত) আবৃত্তি কর? তবুও কি তোমরা বিবেক-বুদ্ধি খাটাইবে না?
৮০। ‘বির্‌রুন’ (ভাল, মঙ্গল) অর্থ আত্মীয়-স্বজন ও অন্যান্যদের সহিত মঙ্গল ও উপকারজনক ব্যবহার, সত্যবাদিতা, বিশ্বস্ততা, আল্লাহ্‌র প্রতি আনুগত্য (আকরাব)। শব্দটি দ্বারা বহুবিধ মঙ্গল ও পরোপকার করা বুঝায়।
৮১। এখানে ‘কিতাব’ বলিতে বাইবেলকে বুঝাইতেছে। তবে, “অথচ তোমরা কিতাব আরত্তি কর” বলা দ্বারা এই কথা বুঝায় না যে প্রচলিত বাইবেলের সব কথা সত্য বলিয়া মনে করা হইয়াছে।

وَاسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَالصَّلٰوۃِ ؕ وَاِنَّہَا لَکَبِیۡرَۃٌ اِلَّا عَلَی الۡخٰشِعِیۡنَ ﴿ۙ۴۶﴾

৪৬
এবং তোমরা ধৈর্য৮২ ও নামাযের৮৩ মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, এবং নিশ্চয় বিনয়ীগণ ব্যতিরেকে (অন্যান্যদের জন্য) ইহা বড়ই কঠিন,
৮২। ‘সব্‌রুন’ অর্থ আইন ও যুক্তি দ্বারা সমর্থিত যে কোন বিষয়ে দৃঢ়ভাবে, অধ্যবসায়ের সহিত লাগিয়া থাকা এবং তাহার বিপরীত ব্যাপার হইতে একইভাবে বিরত থাকা, তদুপরি সর্বাবস্থায় শোক-দুঃখ, অধৈর্য ও উশৃংখলতা প্রদর্শন না করা (মুফরাদাত)।
৮৩। এই আয়াত ও পরবর্তী আয়াত, দুইটি আয়াতকেই মুসলমান ও ইহুদী উভয়ের প্রতিই আরোপ করা যাইতে পারে। ইহুদীদের প্রতি এই সম্বোধন আরোপ করা হইলে, ইহার অর্থ এই দাঁড়াইবে যে মহানবী (সাঃ)-কে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিতে তাহারা যেন ব্যস্ততা না দেখায় এবং তাড়াহুড়া না করে, বরং ধৈর্য ধারণ পূর্বক প্রার্থনার সাহায্যে সত্যে উপনীত হইবার চেষ্টা করে। মুসলমানদের প্রতি আরোপিত অবস্থায়, ইহার মর্ম হইবে এই যে, তাহারা যদি ধৈর্য ও প্রার্থনার সহিত কর্তব্য সম্পাদন করে, তাহা হইলে তাহাদের ভয়ের কোন কারণ নাই, তাহাদের সকল বিপদাপদ কাটিয়া যাইবে। ইহা মুসলমানদের জন্য উৎসাহব্যঞ্জক আশার বাণী।

الَّذِیۡنَ یَظُنُّوۡنَ اَنَّہُمۡ مُّلٰقُوۡا رَبِّہِمۡ وَاَنَّہُمۡ اِلَیۡہِ رٰجِعُوۡنَ ﴿٪۴۷﴾

৪৭
যাহারা বিশ্বাস করে যে, নিশ্চয় তাহারা তাহাদের প্রভুর সহিত সাক্ষাৎ করিবে এবং অবশ্যই তাহারা তাঁহারই দিকে ফিরিয়া যাইবে।
সূরা আল্ বাকারা - রুকু ৫

یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اذۡکُرُوۡا نِعۡمَتِیَ الَّتِیۡۤ اَنۡعَمۡتُ عَلَیۡکُمۡ وَاَنِّیۡ فَضَّلۡتُکُمۡ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿۴۸﴾

৪৮
হে বনী ইস্‌রাঈল! তোমরা আমার নেয়ামতকে স্মরণ কর যে নেয়ামত আমি তোমাদিগকে দান করিয়াছিলাম, এবং আমি তোমাদিগকে (তৎকালীন) বিশ্ববাসীর৮৪ উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম।
৮৪। এই আয়াতের তাৎপর্য ইহাই যে, বনী ইসরাঈল জাতি কেবলমাত্র সম-সাময়িক জাতিগুলি হইতে উৎকৃষ্ট ছিল। যখন কুরআন কাহারও চিরস্থায়ী উৎকর্ষতা সম্বন্ধে তুলনামূলকভাবে বক্তব্যরাখিতে চায়, তখন ইহা ভিন্ন ধরণের ভাষা ব্যবহার করে, যেমন করা হইয়াছে ৩ঃ১১১ তে। সেখানে মুসলমানদিগকে বলা হইয়াছে, “তোমরা সর্বোত্তম জাতি, সব মানুষের কল্যাণের জন্য উদ্ভূত”।

وَاتَّقُوۡا یَوۡمًا لَّا تَجۡزِیۡ نَفۡسٌ عَنۡ نَّفۡسٍ شَیۡئًا وَّلَا یُقۡبَلُ مِنۡہَا شَفَاعَۃٌ وَّلَا یُؤۡخَذُ مِنۡہَا عَدۡلٌ وَّلَا ہُمۡ یُنۡصَرُوۡنَ ﴿۴۹﴾

৪৯
এবং সেই দিনকে ভয় কর যখন কোন আত্মার বিনিময়ে কোন আত্মা কাজে আসিবে না, এবং তাহার নিকট হইতে কোন শাফায়াত৮৫ কবুল করা হইবে না এবং তাহার নিকট হইতে কোন মুক্তিপণও৮৬ গ্রহণ করা হইবে না এবং তাহাদিগকে কোন সাহায্য করা হইবে না।
৮৫। ‘শাফায়াতুন’ শব্দটি ‘শাফায়া’ হইতে উদ্ভূত, যাহার অর্থ একক একটি বস্তুর সহিত সমজাতীয় আরেকটি বস্তুর সংযোগ সাধন করা, একটি জিনিসের সহিত সমজাতীয় জিনিস সংযুক্ত করা (মুফরাদাত)। শব্দটি সাদৃশ্যের ও সমমনা হওয়ার তাৎপর্য রাখে। মধ্যস্থতা করা বা অন্যের প্রতি ক্ষমা ও অনুগ্রহ প্রদর্শনের জন্য উচ্চতম কর্তৃপক্ষের কাছে প্রার্থনা ও সুপারিশ করাকেও শাফায়াত বলা হয়। এইরূপ ক্ষেত্রে মধ্যস্থতাকারী বা সুপারিশকারী ব্যক্তি ক্ষমাকাঙ্খী ব্যক্তি হইতে বহু উচ্চ মর্যদার হইয়া থাকেন এবং ক্ষমাকারীর সহিত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হইয়া থাকেন (মুফরদাত,লিসান)। ‘শাফায়াত’ (মধ্যস্থতা বা সুপারিশ) করার কয়েকটি শর্ত আছে (১) যিনি সুপারিশ করেন, সুপারিশ গ্রহণকারীর সহিত তাহার সুগভীর সম্পর্ক থাকা প্রয়োজন—কেননা, সম্পর্কের প্রগাঢ় গভীরতা না থাকিলে কিংবা নৈকট্যের বৈশিষ্ট্য না থাকিলে, সুপারিশ করা যায় না এবং সুপারিশে কোন ফল হয় না; (২) যাহার জন্য সুপারিশ করা হয়, সুপারিশকারীর সাথে তাহার সত্যিকার ভালবাসা ও ভক্তির সম্পর্ক থাকা প্রয়োজন, কেননা পারস্পরিক সম্পর্ক না থাকিলে, কে কাহার জন্য সুপারিশ করে; (৩) যাহার জন্য সুপারিশ করা হয়, তাহাকে নিশ্চয় একজন ভাল মানুষ হইতে হইবে (২১ঃ২৯), যিনি আল্লাহ্‌র সন্তুষ্টি লাভে চেষ্টারত থাকা সত্বেও সাময়িক দুর্বলতার কারণে পাপে পতিত হইয়াছেন; (8) আল্লাহ্‌র প্রকাশ্য অনুমতি প্রাপ্তির পরেই কেবল সুপারিশ করা যাইতে পারে, নতুবা নয় (২ঃ২৫৬, ১০ঃ৪)। ইসলামে শাফায়াতের যে ধারণা আছে, তাহা ‘তওবা’ (অনুতাপ)-এর নামান্তর। তওবা (অনুতাপ)-এর তাৎপর্য হইল ছিন্ন-সম্পর্কের পুনঃস্থাপন কিংবা শিথিল ও ঢিলা সম্পর্কের দৃঢ় করণ। তাই, যখন মৃত্যুর সাথে সাথে তওবার দরজা বন্ধ হইয়া যায়, তখনও শাফায়াতের দরজা খোলা থাকে। তদুপরি, শাফায়াত দ্বারা আল্লাহ্‌তা’লার রহমতের প্রকাশ ঘটে। যেহেতু, আল্লাহ্ কেবলমাত্র বিচারকই নহেন, বরং মালিকও বটেন, অতএব, যাহাকে ইচ্ছা, ক্ষমা করিবার পূর্ণ কর্তৃত্বও তিনি রাখেন।
৮৬। আদ্‌লুন (মুক্তি-পণ) অর্থ সুবিচার, ন্যায়-বিচার, সমানুপাতিক ক্ষতিপূরণ, ন্যায্য মুক্তিপণ (আকরাব)।

وَاِذۡ نَجَّیۡنٰکُمۡ مِّنۡ اٰلِ فِرۡعَوۡنَ یَسُوۡمُوۡنَکُمۡ سُوۡٓءَ الۡعَذَابِ یُذَبِّحُوۡنَ اَبۡنَآءَکُمۡ وَیَسۡتَحۡیُوۡنَ نِسَآءَکُمۡ ؕ وَفِیۡ ذٰلِکُمۡ بَلَآءٌ مِّنۡ رَّبِّکُمۡ عَظِیۡمٌ ﴿۵۰﴾

৫০
এবং (স্মরণ কর সেই সময়কে) যখন আমরা তোমাদিগকে ফেরাউনের৮৭ জাতি৮৮ হইতে উদ্ধার করিয়াছিলাম, তাহারা তোমাদের উপর নির্মমভাবে উৎপীড়ন৮৮-ক করিতেছিল, তাহারা তোমাদের পুত্র সন্তানদিগকে নৃশংসভাবে হত্যা করিত এবং তোমাদের নারীদিগকে জীবিত রাখিত এবং ইহার মধ্যে তোমাদের জন্য তোমাদের প্রভুর পক্ষ হইতে ছিল এক মহা পরীক্ষা।
৮৭। ‘ফেরাউন’ কোন নির্দিষ্ট বাদশাহের নাম নহে। নীল নদ উপত্যকা ও আলেকজান্দ্রিয়ার শাসকগণকে ফেরাউন বলা হইত। দ্বিতীয় রামেসিস নামক ফেরাউনের রাজত্ব কালে হযরত মূসা (আঃ) জন্মগ্রহণ করেন। এই দ্বিতীয় রামেসিসের পুত্র দ্বিতীয় মেরেন্‌প্তাহের রাজত্ব কালে মূসা বনী ইসরাঈলগণ সহ মিশর ত্যাগ করেন। দ্বিতীয় রামেসিসকে বলা হয় অত্যাচারী ফেরাউন এবং তাহার পুত্র মেরেন্‌প্তাহ্‌কে বলা হয় বনী ইসরাঈলের মিশর ত্যাগকালীন ফেরাউন (এনসাইক্লো-বিবিকা এবং পিকের বাইবেল ব্যাখ্যা)।
৮৮। ‘আ-ল’ (জাতি), আ-ল ক্রিয়া হইতে উৎপন্ন, যাহা প্রত্যাবর্তন করা, শাসন করা বা অধিকার খাটানো অর্থে ব্যবহৃত হয়। এই ভাবে, এর অর্থ হয়, ব্যক্তি বিশেষের পরিবার বা লোকজন, একজন নেতার অনুসারীগণ, একজন শাসকের প্রজাবৃন্দ, যাহার কাছে তাহারা বার বার আসে এবং যাহাদের উপরে তিনি কর্তৃত্ব বা নেতৃত্ব করেন (মুফরাদাত, লেইন)।
৮৮-ক। ফেরাউন বনী ইসরাঈলদের উপরে অকথ্য নির্যাতন চালাইত। তাহাদিগকে ঘৃণ্য ও দুঃসাধ্য শ্রমের কাজে নিয়োজিত করিত। তাহাদের সাথে অমানুষিক ব্যবহার করিত ও কারণে-অকারণে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। এমন কি, তাহাদের পুত্র সন্তানদিগকে মারিবার ও কন্যা-সন্তানগণকে জীবিত রাখিবার হুকুম জারি করিয়াছিল। এইভাবে, ফেরাউন বনী ইসরাঈলদের সাহসিকতা ও অন্যান্য পুরুষ-সুলভ গুণাবলীকে বিলোপ করার অভিসন্ধিতে লিপ্ত হইয়াছিল, যাহাতে তাহারা কোনদিন মাথা তুলিতে না পারে এবং নিজের জাতি-সত্ত্বাকে ভুলিয়া যায়।