২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

وَاِذِ اسۡتَسۡقٰی مُوۡسٰی لِقَوۡمِہٖ فَقُلۡنَا اضۡرِبۡ بِّعَصَاکَ الۡحَجَرَ ؕ فَانۡفَجَرَتۡ مِنۡہُ اثۡنَتَا عَشۡرَۃَ عَیۡنًا ؕ قَدۡ عَلِمَ کُلُّ اُنَاسٍ مَّشۡرَبَہُمۡ ؕ کُلُوۡا وَاشۡرَبُوۡا مِنۡ رِّزۡقِ اللّٰہِ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ﴿۶۱﴾

৬১
এবং (সেই সময়কে স্মরণ কর) যখন মূসা তাহার কওমের জন্য পানি চাহিল, তখন আমরা বলিলাম, ‘তুমি তোমার লাঠি দ্বারা পাথরটির উপর আঘাত কর;’ ইহার ফলে উহার মধ্য হইতে বারটি১০১ ঝরণা উদগত হইয়া প্রবাহিত হইল, (তখন) প্রত্যেক গোত্র নিজ নিজ পান-স্থান চিনিয়া লইল, (এবং তাহাদিগকে বলা হইল) ‘তোমরা আল্লাহ্‌র রিয্‌ক হইতে খাও এবং পান কর এবং যমীনে বিশৃংখলা সৃষ্টি করিয়া বেড়াইও না।’
১০১। এখন ঐ ঝরণাগুলির চিহ্ন পর্যন্ত সেখানে নাই। কিন্তু তাহাতে আশ্চর্য হইবার কিছুই নাই। কেননা, এখনও সুনির্দিষ্টভাবে জ্ঞাত হওয়া যায় নাই, কোন স্থানটি দিয়া মূসা (আঃ) এই ভ্রমণটি সম্পন্ন করিয়াছিলেন। তাহা ছাড়াও, সাধারণ অভিজ্ঞতা হইতেও দেখা যায়, ধীরে ধীরে ঝরণা ধারার উৎসমুখ বন্ধ হইয়া যায়। এখানে বর্ণিত ঘটনা, হাজার হাজার বৎসর পূর্বে ঘটিয়াছিল। ইহাও জানা কথা যে, সময় সময় ঝরণা হঠাৎ করিয়া প্রবাহিত হইয়া আবার বন্ধ হইয়া যায়, এমনকি শুষ্ক হইয়া যায়। অনেক ক্ষেত্রে এমনভাবে শুকাইয়া যায় যে, ঝরণার চিহ্নও সেখানে থাকে না। বলা হইয়াছে যে, পঞ্চদশ শতাব্দীতেও বারটি ঝরণা সেখানে প্রবাহিত ছিল। “পাহাড়টি আরব দেশের সীমানার মধ্যেই অবস্থিত এবং তাঁহার (মুহাম্মদ সাঃ) স্বদেশ বাসীরা তাহা দেখিয়াছেন, যদিও তিনি স্বয়ং হয়তো উহা দেখেন নাই, ইহা অধিক সম্ভব যে, তিনি (সাঃ) স্বয়ং উহা দেখিয়াছেন। মোট কথা, কার্যতঃ তাঁহার কথা সঠিক বলিয়াই মনে হয়। কেননা, পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে এক ব্যক্তি ঐ অঞ্চল ভ্রমণ করিয়া আসিয়া বলিয়াছিলেন যে, তিনি স্বয়ং একটি বিরাট পাথর হইতে ১২টি স্রোতধারা নির্গত হইতে দেখিয়াছিলেন। ইসরাঈলের ১২টি গোত্রের সংখ্যার সহিত এই সংখ্যার মিল আছে” (আল্-কোরান, সেইল অনুদিত, পৃষ্ঠা-৮)। হযরত মূসা (আঃ) এর সঙ্গে বনী ইসরাঈলের বারটি গোত্র ছিল, তাই আল্লাহ্‌তা’লা বারটি ঝরণাও প্রবাহিত করিয়াছিলেন। কারণ একটি ঝরণা তাহাদের প্রয়োজন মিটাইতে পারিত না, কেননা তাহাদের সংখ্যা ছিল অনেক বাইবেলের মতে তাহাদের সংখ্যা ছিল ছয় লক্ষ (গণনা পুস্তক- ১ঃ১৪৬)। মূসা (আঃ)-এর মুজেযা এই কথার মধ্যে নিহিত নহে যে, তিনি ঐ সময়ে প্রকৃতির নিয়ম-কানুন বিরুদ্ধ ঘটনা ঘটাইয়াছিলেন। বরং তাহার মুজেযা বা অলৌকিকতা এই কথার মধ্যেই নিহিত যে, আল্লাহ্‌তা’লা ঐ নির্দিষ্ট স্থানটি তাঁহার কাছে প্রকাশ করিয়া লাঠিদ্বারা আঘাত করিবার জন্য নির্দেশ দিয়াছিলেন যেখানে পানি প্রবাহিত হইবার জন্য প্রস্তুত ছিল। ইহা ভূ-তাত্ত্বিকদের কাছে সুবিদিত যে, সময় সময় পাহাড়ের বা প্রস্তরের অল্প নীচেই পানির ঝরণা প্রবাহিত হইয়া থাকে এবং ভারি বস্তু বা চোখা বস্তু দ্বারা আঘাত করা মাত্র পানি সজোরে বাহির হইতে থাকে। “ইয্‌রিব বি আসাকাল হাজারা” বাক্যের অর্থ ইহাও হয় যে, “তাড়াতাড়ি তোমার সম্প্রদায়কে নিয়া প্রস্তরটার নিকট যাও”। “আসা” রূপক অর্থে সম্প্রদায়কে বুঝায়, ‘ইয্‌রিব’ রূপকভাবে ‘তাড়াতাড়ি যাও’ বুঝায়। আরবীতে বলা হয়, ‘যারাবাল আরযা’ অথবা ‘যারাবা ফিল আরযে’ যার অর্থ হয়, সে তাড়াতাড়ি ভূমিতে দৌড়িল (লেইন)।

وَاِذۡ قُلۡتُمۡ یٰمُوۡسٰی لَنۡ نَّصۡبِرَ عَلٰی طَعَامٍ وَّاحِدٍ فَادۡعُ لَنَا رَبَّکَ یُخۡرِجۡ لَنَا مِمَّا تُنۡۢبِتُ الۡاَرۡضُ مِنۡۢ بَقۡلِہَا وَقِثَّآئِہَا وَفُوۡمِہَا وَعَدَسِہَا وَبَصَلِہَا ؕ قَالَ اَتَسۡتَبۡدِلُوۡنَ الَّذِیۡ ہُوَ اَدۡنٰی بِالَّذِیۡ ہُوَ خَیۡرٌ ؕ اِہۡبِطُوۡا مِصۡرًا فَاِنَّ لَکُمۡ مَّا سَاَلۡتُمۡ ؕ وَضُرِبَتۡ عَلَیۡہِمُ الذِّلَّۃُ وَالۡمَسۡکَنَۃُ ٭ وَبَآءُوۡ بِغَضَبٍ مِّنَ اللّٰہِ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ کَانُوۡا یَکۡفُرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ وَیَقۡتُلُوۡنَ النَّبِیّٖنَ بِغَیۡرِ الۡحَقِّ ؕ ذٰلِکَ بِمَا عَصَوۡا وَّکَانُوۡا یَعۡتَدُوۡنَ ﴿٪۶۲﴾

৬২
এবং (স্মরণ কর, যখন তোমরা বলিয়াছিলে, ‘হে মূসা! আমরা একই প্রকার খাদ্যে আদৌ ধৈর্য ধারণ করিতে পারিব না সুতরাং তুমি তোমার প্রভুর নিকট আমাদের জন্য দোয়া কর যেন যমীন যাহা উৎপন্ন করে উহা হইতে তিনি কতক আমাদের জন্য উৎপন্ন করেন, যথা - উহার শাক্‌-সব্‌জী, উহার শসা এবং উহার গম এবং উহার মুসুর এবং উহার পিঁয়াজ।’ তিনি বলিলেন, ‘তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাহ? চলিয়া যাও কোন শহরে, এবং তোমরা যাহা চাহিয়াছ১০২ তাহা সেখানে অবশ্যই রহিয়াছে’, এবং তাহাদের জন্য লাঞ্ছনা এবং দারিদ্র অবধারিত করিয়া দেওয়া হইল, এবং তাহারা আল্লাহ্‌র গযবের পাত্র হইল, ইহা এই জন্য হইল যে, তাহারা আল্লাহ্‌র নিদর্শনাবলীকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায় ভাবে হত্যা১০৩ করিতে চেষ্টা করিত; ইহা এই জন্য যে, তাহারা অবাধ্যতা এবং সীমালংঘন করিত।
সূরা আল্ বাকারা - রুকু ৭
১০২। দীর্ঘকাল ধরিয়া পর-নির্ভর দাসত্বের জীবন-যাপন করার ফলে, ইসরাঈলী জাতি ভীতু ও অলস হইয়া গিয়াছিল। তাই, আল্লাহ্‌তা’লা চাহিয়াছিলেন তাহারা কিছুদিন মরুভূমিতে থাকিয়া, শিকার করিয়া ও শাক-সব্‌জী খাইয়া জীবন-ধারণ করুক, যাহাতে তাহাদের ভীতি ও আলস্য কাটিয়া যায় এবং তাহারা স্বাধীনভাবে শ্রমসাধ্য জীবন যাপনের উপযুক্ত হইয়া উঠে। এইভাবে, পুনরুজ্জীবিত হইয়া উঠিলে, তাহাদিগকে প্রতিশ্রুত ভূমিতে লইয়া যাওয়া হইবে এবং ফিলিস্তীনের শাসন কর্তৃত্ব দেওয়া হইবে। কিন্তু বনী ইসরাঈল জাতি আল্লাহ্‌র এই অভিপ্রায় বুঝিতে পারিল না অথবা বুঝিয়াও ইহাকে মর্যাদা দিল না। তাহারা শহরে বসবাসের জন্য পীড়াপীড়ি করিতে লাগিল। আল্লাহ্ চাহিতেছিলেন তাহাদিগকে প্রতিশ্রুত দেশের শাসন ও কর্তৃত্বের যোগ্য করিয়া তুলিতে, আর হতভাগ্য জাতি চাহিতেছিল গৃহকর্তা বনিতে। তাই, তাহাদিগকে বলা হইল, ‘এই জনপদে প্রবেশ কর এবং সেখান হইতে যেখানে যাহা তোমাদের ইচ্ছা তৃপ্তিসহকারে আহার কর।’
১০৩। ‘কতল’ শব্দটির প্রাথমিক অর্থ মারিয়া ফেলা’ ছাড়াও মারিয়া ফেলার চেষ্টা বা ইচ্ছা করা, মারধর করা, অভিশাপ দেওয়া, পূর্ণভাবে সম্পর্ক ত্যাগ করা, কোন জিনিসের মন্দ প্রভাবকে নির্মূল করা ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। এখানে ‘ইয়াক্‌তুলুনান্নাবীঈনা’ দ্বারা এই কথা বুঝায় না যে, তাহারা সত্যি সত্যি নবীগণকে মারিয়া ফেলিয়া ছিল, কেননা মূসা (আঃ) পর্যন্ত তাহারা কোন নবীর জীবন নাশ করিয়াছিল বলিয়া জানা যায় না। প্রকৃতপক্ষে মূসা (আঃ)-ই ছিলেন তাহাদের মধ্যে আগত প্রথম জাতীয় পর্যায়ের নবী। মূসা ও হারূন (আঃ)-এর ক্ষেত্রেই এই বাক্যটি প্রযোজ্য হইতে পারে। কিন্তু তাহারা এই দুই নবীকে হত্যা করে নাই। তবে হ্যাঁ, তাহারা তাহাদিগকে সময়ে সময়ে হত্যা করার চেষ্টা করিয়াছিল (যাত্রাপুস্তক- ১৭ঃ৪)। অতএব, এই আয়াতের ‘কতল’ শব্দটি ‘সত্য সত্যই হত্যা করা’ অর্থে ব্যবহৃত হয় নাই। বরং এই অর্থেই ব্যবহৃত হইয়াছে যে, তাহারা নবীদের তীব্র ও প্রাণঘাতি বিরোধীতা করিয়াছিল এবং সামর্থ্য থাকিলে হত্যা করিয়াই ফেলিত। (৩ঃ২২ এবং ৪০ঃ২৯ দেখুন)।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَالَّذِیۡنَ ہَادُوۡا وَالنَّصٰرٰی وَالصّٰبِئِیۡنَ مَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۪ۚ وَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۶۳﴾

৬৩
নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে, এবং যাহারা ইহুদী হইয়াছে এবং খৃষ্টানগণ এবং সাবীগণ১০৪— (তাহাদের মধ্যে) যাহারা আল্লাহ্ এবং পরকালের উপর (পূর্ণ) ঈমান আনিয়াছে এবং নেক আমল(পূণ্যকর্ম) করিয়াছে, তাহাদের জন্য রহিয়াছে তাহাদের প্রভুর নিকট (যথাযোগ্য) পুরস্কার, তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না।  
১০৪। ‘সাবী’ তাহাকে বলা হয় যিনি নিজ ধর্ম ত্যাগ পূর্বক নূতন ধর্ম অবলম্বন করেন। বস্তুতঃ আরব দেশের ও পার্শ্ববর্তী দেশগুলির কোন কোন অংশে কয়েকটি ধর্মীয় গোত্র বসবাস করিত, তাহাদিগকে ‘সাবিয়ুন’ বলা হইত। তাহারা ছিল (১) মেসোপটেমিয়াতে বসবাস কারী তারকা-উপাসক গোষ্ঠি (গিবনের ‘রোমান ইম্পায়ার’ ‘মুরূজুদ্‌ দাহাব’ এবং এনসাইক্লো রিল-এথিক্স ৮ম-এর ম্যানডিয়ান্স); (২) ইরাক ভূখণ্ডের মসুলে বসবাসকারী এক জাতি, যাহারা এক খোদায় বিশ্বাসী ছিল, নবীগণকেও মানিত কিন্তু তাহাদের কোন ধর্মপুস্তক ছিল না। তাহারা দাবী করিত, তাহারা হযরত নূহ (আঃ)-এর ধর্মাবলম্বী (জরীর ও কাসীর)। তবে উপরোক্তদের সাথে বাইবেলের ব্যাখ্যাকারদের ইয়ামেন বাসী সাবিয়ানদের কোন সম্পর্ক নাই। এই আয়াতের তাৎপর্য এই নয় যে, আল্লাহ্‌ ও শেষ দিনের উপর বিশ্বাস স্থাপন করিলেই পরিত্রাণের জন্য যথেষ্ট হইবে। ভ্রমবশতঃ কেহ কেহ এইরূপ মনে করিয়া থাকেন। কুরআন অত্যন্ত জোরের সহিত ঘোষণা করে, রসূলে করীম (সাঃ)-এর উপর বিশ্বাস আনয়ন একান্ত অপরিহার্য (৪ঃ১৫১-১৫২, ৬ঃ৯৩)। মহানবীর (সাঃ) উপর বিশ্বাস আল্লাহ্‌র প্রতি পূর্ণাঙ্গ ও সার্বিক বিশ্বাসের একটি অঙ্গ এবং পরকালের উপর বিশ্বাস স্থাপনের সহিত ওহী-এলহামের প্রতি বিশ্বাস অঙ্গাঙ্গীভাবে জড়িত (৪ঃ১৫১,১৫২ এবং ৬ঃ৯৩)। অন্যত্র দেখা যায়, কুরআন সুস্পষ্ট ভাষায় ঘোষণা করিতেছে, ইসলামই একমাত্র ধর্ম, যাহা আল্লাহ্‌র কাছে গ্রহণযোগ্য (৩ঃ২০,৮৬)। এই আয়াত আল্লাহ্‌ ও আখেরাতে বিশ্বাস স্থাপনের কথা উল্লেখ করিয়াই ক্ষান্ত হইয়াছে, কেননা আল্লাহ্‌ ও আখেরাতে বিশ্বাসের মধ্যেই রসূলে পাক (সাঃ)- এর প্রতি বিশ্বাস ও ওহী-এলহামের প্রতি বিশ্বাস অন্তর্ভুক্ত হইয়া রহিয়াছে; এই জন্য নহে যে, শেষোক্ত বিশ্বাস দুইটি পরিহারযোগ্য। মোট কথা, চারিটি ব্যাপারে অবিভাজ্য বিশ্বাস রাখাই পুরামাত্রায় প্রয়োজন। আসল কথা হইল এই যে, ইহুদীরা দাবী করে তাহারাই আল্লাহ্‌র অনুগৃহীত জাতি এবং কেবল মাত্র তাহারাই আল্লাহ্‌র কাছে পরিত্রাণযোগ্য, অন্যেরা পরিত্রাণযোগ্য নহে। তাহাদের ঐ ভ্রান্তিপূর্ণ বিশ্বাসের মূলে কুঠারাঘাত করিবার জন্য আল্লাহ্‌তা’লা এই আয়াত নাযেল করিয়াছেন। এই আয়াতের আরেকটি তাৎপর্য আছে। ইহা বলিয়া দিতে চায় যে, বাহ্যিক ভাবে ইহুদী, খৃষ্টান, সাবিয়ান, এমনকি মুসলমানই হউক না কেন, যদি বিশ্বাসটা কেবল ব্যক্তির ঠোটের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহা হইলে ইহা কোন কাজে আসে না। বিশ্বাসের মধ্যে যদি কোন চালিকাশক্তি ও কর্মপ্রেরণা না থাকে, তাহা হইলে ইহা জীবন্ত নহে, বরং মৃত। এই আয়াতে একটি ভবিষ্যদ্বাণী রহিয়াছে এবং ইসলামের সত্যতার যাচাই করার মাপকাঠি রহিয়াছে। ভবিষ্যদ্বাণীটি হইল, ইসলাম নিশ্চয়ই বিজয়ী ও প্রবল হইবে, কেননা ইহা সত্য ধর্ম। মাপকাঠি হইল এই যে, ভবিষ্যদ্বাণীটি করা হইয়াছিল এমনি একটি সময়ে যখন ইসলাম প্রবল বিরোধী শক্তির মোকাবিলায় আপন অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত ছিল। এই আয়াতের আরেকটি তাৎপর্য ইহাও হইতে পারে যে, যাহারা নিজেকে বিশ্বাসী বলিয়া দাবী করে, তাহারা ইহুদী, খৃষ্টান, সাবিয়ান বা অন্য যে কোন ধর্মেরই হউক না কেন, যদি আল্লাহ্‌তে ও আখেরাতে তাহাদের অটল ও অকপট বিশ্বাস থাকে এবং সত্য ধর্মের (ইসলামের) সারবস্তু সৎকর্মশীলতাকে জীবনের অবলম্বন করে তাহা হইলে পরিণামে তাহাদের কোনও ভয়ের কারণ নাই এবং তাহারা দুঃখে নিপতিত হইবে না।

وَاِذۡ اَخَذۡنَا مِیۡثَاقَکُمۡ وَرَفَعۡنَا فَوۡقَکُمُ الطُّوۡرَ ؕ خُذُوۡا مَاۤ اٰتَیۡنٰکُمۡ بِقُوَّۃٍ وَّاذۡکُرُوۡا مَا فِیۡہِ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ﴿۶۴﴾

৬৪
এবং (স্মরণ কর সেই সময়কে) যখন আমরা তোমাদের নিকট হইতে দৃঢ় অঙ্গীকার লইয়াছিলাম এবং তূর পর্বতকে১০৫ তোমাদের উপর সমুচ্চ করিয়াছিলাম (এবং বলিয়াছিলাম), ‘আমরা তোমাদিগকে যাহা দিয়াছি উহা তোমরা মযবুত ভাবে ধর এবং ইহার মধ্যে যাহা আছে তাহা স্মরণ রাখ যেন তোমরা মুত্তাকী হইতে পার।’
১০৫। ‘ওয়া রাফা’না ফাওকাকুমুত্তুরা’ বাক্যদ্বারা ইহা বুঝায় না যে, ইসরাঈলীদের মাথার উপরে সিনাই পর্বতকে উত্তোলন পূর্বক লটকানো অবস্থায় রাখা হইয়াছিল। ইহার সোজা সরল অর্থ হইল এই যে, যখন ইসরাঈলীদের নিকট হইতে প্রতিজ্ঞা গ্রহণ করা হইতেছিল, তখন তাহারা সিনাই পর্বতের পাদদেশে দণ্ডায়মান ছিল। বাক্যটি এই বিষয়ের প্রতিও ইঙ্গিত করিতে পারে যে, ইসরাঈলী জাতি যখন সিনাই পর্বতের পাদদেশে তাঁবু খাটাইয়া অবস্থান করিতেছিল, তখন ভূমিকম্প আসিয়া পাহাড়টিকে ভীষণভাবে প্রকম্পিত করিয়া ছিল (যাত্রাপুস্তক- ১৯ঃ২)। এইরূপ ক্ষেত্রে মনে হয় যে, পর্বত চূড়া যেন নীচে দণ্ডায়মানদের মাথার উপর ঝুলিতেছে।

ثُمَّ تَوَلَّیۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ ذٰلِکَ ۚ فَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ لَکُنۡتُمۡ مِّنَ الۡخٰسِرِیۡنَ ﴿۶۵﴾

৬৫
অতঃপর, তোমরা ইহার (হেদায়াত প্রাপ্তির) পরও পৃষ্ঠ প্রদর্শন করিলে, অতএব, যদি তোমাদের উপর আল্লাহ্‌র ফযল এবং তাহার রহমত১০৬ না হইত, তাহা হইলে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হইয়া যাইতে।
১০৬। ‘রহমত’ (দয়া), ফযল (অনুগ্রহ) প্রায় সমার্থক শব্দ। তবে তুলনামূলক পার্থক্য এতটুকু আছে যে, ‘রহমত’ আল্লাহ্‌ তা’লার ঐ সব কাজের সহিত সাধারণতঃ সম্পর্ক রাখে যাহা ধর্ম বা আধ্যাত্মিকতার সহিত জড়িত।

وَلَقَدۡ عَلِمۡتُمُ الَّذِیۡنَ اعۡتَدَوۡا مِنۡکُمۡ فِی السَّبۡتِ فَقُلۡنَا لَہُمۡ کُوۡنُوۡا قِرَدَۃً خٰسِئِیۡنَ ﴿ۚ۶۶﴾

৬৬
এবং তোমাদের মধ্য হইতে যাহারা সাবাতের বিষয়ে সীমালংঘন করিয়াছিল তাহাদের (পরিণাম) সম্বন্ধে তোমরা নিশ্চয় অবগত হইয়াছ। সুতরাং আমরা তাহাদিগকে বলিয়াছিলাম, তোমরা লাঞ্ছিত বানর১০৭ হইয়া যাও।’
১০৭। ‘বানর’ শব্দটি এখানে আলঙ্কারিক ভাবে ব্যবহৃত হইয়াছে। ইহার মর্ম এই যে, ইসরাঈলীরা আধ্যাত্মিক চরিত্র ও নৈতিকতার দিক হইতে বানরের মত ঘৃণ্য ও নীচ হইয়া পড়িয়াছিল। শারীরিক গঠনের দিক দিয়া তাহারা বানর হইয়া যায় নাই। তাহারা সত্যি সত্যি বানরে পরিবর্তিত হইয়া যায় নাই, কেবল তাহাদের হৃদয় পরিবর্তিত হইয়া গিয়াছিল (মুজাহিদ)। ‘আল্লাহ্ এখানে আলঙ্কারিক ভাষা ব্যবহার করিয়াছেন’ (কাসীর)। কুরআনে যদি শারীরিক পরিবর্তন অর্থেই বানর শব্দ ব্যবহৃত হইত, তাহা হইলে ইহার সাথে ‘খাসিয়াহ্’ বিশেষণ বসিত, কেননা ‘খাসিয়ীন’ শব্দটি কেবল যুল-উকূল অর্থাৎ বুদ্ধিবৃত্তিসম্পন্ন বিচারক্ষম প্রাণীর জন্য ব্যবহৃত হয়। এখানে এই শব্দটি ইচ্ছাপূর্বক ব্যবহৃত হইয়াছে; উদ্দেশ্য এই যে, বানর যেমন ঘৃণ্য ও অবহেলিত প্রাণী, তেমনি ইহুদীরা চিরকাল অবজ্ঞা ও ঘৃণিত অবস্থায় পৃথিবীতে বসবাস করিবে। শিক্ষাদীক্ষা ও অর্থে সম্পদে তাহারা যতই ধনী হউক না কেন, তাহারা পৃথিবীর বুকে কোন স্থায়ী নিরাপত্তার স্থান রচনা করিতে পারিবে না। ‘খাসিয়ীন’ শব্দটির ধাতুগত অর্থ ঘৃণা, অপমান এবং এরূপ অবস্থায় ভূলুণ্ঠিত হওয়া।

فَجَعَلۡنٰہَا نَکَالًا لِّمَا بَیۡنَ یَدَیۡہَا وَمَا خَلۡفَہَا وَمَوۡعِظَۃً لِّلۡمُتَّقِیۡنَ ﴿۶۷﴾

৬৭
অতএব, আমরা ইহাকে তাহাদের সমসাময়িক এবং তাহাদের পরবর্তীকালের লোকদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত এবং মুত্তাকীগণের জন্য উপদেশ স্বরূপ করিয়াছিলাম।

وَاِذۡ قَالَ مُوۡسٰی لِقَوۡمِہٖۤ اِنَّ اللّٰہَ یَاۡمُرُکُمۡ اَنۡ تَذۡبَحُوۡا بَقَرَۃً ؕ قَالُوۡۤا اَتَتَّخِذُنَا ہُزُوًا ؕ قَالَ اَعُوۡذُ بِاللّٰہِ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡجٰہِلِیۡنَ ﴿۶۸﴾

৬৮
এবং (স্মরণ কর) যখন মূসা তাহার কওমকে বলিয়াছিল, ‘নিশ্চয় আল্লাহ্‌ তোমাদিগকে একটি গাভী যবাহ্‌ করার আদেশ দিতেছেন’, তাহারা বলিয়াছিল, ‘তুমি কি আমাদিগকে ঠাট্টার পাত্র পাইয়াছ?’ সে বলিল, ‘আমি আল্লাহ্‌র আশ্রয় চাহিতেছি যাহাতে আমি মূর্খদের অন্তর্ভুক্ত না হই।’

قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا ہِیَ ؕ قَالَ اِنَّہٗ یَقُوۡلُ اِنَّہَا بَقَرَۃٌ لَّا فَارِضٌ وَّلَا بِکۡرٌ ؕ عَوَانٌۢ بَیۡنَ ذٰلِکَ ؕ فَافۡعَلُوۡا مَا تُؤۡمَرُوۡنَ ﴿۶۹﴾

৬৯
তাহারা বলিল, ‘তুমি আমাদের জন্য তোমার প্রভুর সমীপে দোয়া কর, যেন তিনি আমাদিগকে স্পষ্টভাবে অবহিত করেন যে, উহা কিরূপ।’ সে বলিল, ‘তিনি বলিতেছেন, উহা এমন একটি গাভী, যাহা বৃদ্ধাও নহে এবং অল্প-বয়স্কাও নহে, বরং ঐ দুই-এর মাঝামাঝি পূর্ণ যৌবনা, সুতরাং তোমাদিগকে যাহা আদেশ দেওয়া হইতেছে তাহা পালন কর।’

قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا لَوۡنُہَا ؕ قَالَ اِنَّہٗ یَقُوۡلُ اِنَّہَا بَقَرَۃٌ صَفۡرَآءُ ۙ فَاقِعٌ لَّوۡنُہَا تَسُرُّ النّٰظِرِیۡنَ ﴿۷۰﴾

৭০
তাহারা বলিল, ‘তুমি আমাদের জন্য তোমার প্রভুর সমীপে দোয়া কর, যেন তিনি আমাদিগকে স্পষ্টভাবে অবহিত করেন যে, উহার রং কি।’ সে বলিল, ‘তিনি বলিতেছেন, উহা একটি হলুদ বর্ণের গাভী, উহার রং উজ্জ্বল গাঢ়, যাহা দর্শক দিগকে আনন্দ দেয়।’