১৫

الحجر

সূরা আল্ হিজ্‌র

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১০০ আয়াত এবং ৬ রুকু আছে।

اِلَّا عِبَادَکَ مِنۡہُمُ الۡمُخۡلَصِیۡنَ ﴿۴۱﴾

৪১
তাহাদের মধ্য হইতে কেবল তোমার নিষ্ঠাবান মনোনীত বান্দাগণ ব্যতিরেকে।’

قَالَ ہٰذَا صِرَاطٌ عَلَیَّ مُسۡتَقِیۡمٌ ﴿۴۲﴾

৪২
তিনি বলিলেন, ‘আমার দিকে আসিবার ইহাই সরল-সুদৃঢ় পথ;

اِنَّ عِبَادِیۡ لَیۡسَ لَکَ عَلَیۡہِمۡ سُلۡطٰنٌ اِلَّا مَنِ اتَّبَعَکَ مِنَ الۡغٰوِیۡنَ ﴿۴۳﴾

৪৩
নিশ্চয় যাহারা আমার বান্দা, তাহাদের উপর কখনও তোমার কোন আধিপত্য হইবে না, তাহারা ব্যতিরেকে যাহারা পথভ্রষ্টদের মধ্য হইতে তোমার অনুসরণ করিবে।’১৫০০
১৫০০। এই আয়াত ইংগিত করিতেছে যে, মানব-প্রকৃতি স্বভাবতঃই পবিত্র। কেবলমাত্র যাহারা নিজেদের স্বভাবকে কলুষিত করে তাহারাই সত্য পথ হারায়। এই তত্ব ৯১ঃ১১ আয়াতেও বর্ণিত হইয়াছে।

وَاِنَّ جَہَنَّمَ لَمَوۡعِدُہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۟ۙ۴۴﴾

৪৪
এবং নিশ্চয় জাহান্নাম তাহাদের সকলের জন্য প্রতিশ্রুতির স্থান -

لَہَا سَبۡعَۃُ اَبۡوَابٍ ؕ لِکُلِّ بَابٍ مِّنۡہُمۡ جُزۡءٌ مَّقۡسُوۡمٌ ﴿٪۴۵﴾

৪৫
যাহার সাতটি দরজা১৫০১ আছে, প্রত্যেক দরজার জন্য তাহাদের মধ্য হইতে এক নির্ধারিত অংশ থাকিবে।
সূরা আল্ হিজ্‌র - রুকু ৩
১৫০১। আরবী ভাষায় সাত সংখ্যা সত্তর সংখ্যার মতই শুধু নির্দিষ্ট সংখ্যা অর্থেই ব্যবহৃত হয় না, বরং পূর্ণতা অথবা প্রাচুর্য সম্বন্ধেও বুঝায়। এই আয়াত ইংগিত করে যে, জাহান্নামের দ্বার অপরাধী ব্যক্তির কৃত নানান পাপের সংখ্যার অনুরূপ অনেক সংখ্যক হইবে। সাত সংখ্যাটি সপ্ত বাহ্য ইন্দ্রিয় (যথাঃ দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, আস্বাদ, স্পর্শ, বেদনা এবং শীতলতা ও উষ্ণতার আন্দাজবোধক জ্ঞানেন্দ্রিয় যদ্বারা মানুষ বাহ্য জগৎ হইতে ধারণা বা জ্ঞান আহরণ করে) প্রভৃতিকেও বুঝায়।

اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿ؕ۴۶﴾

৪৬
নিশ্চয় মোত্তাকীগণ জান্নাত ও ঝরণাসমূহে থাকিবে।

اُدۡخُلُوۡہَا بِسَلٰمٍ اٰمِنِیۡنَ ﴿۴۷﴾

৪৭
‘তথায় তোমরা শান্তির সহিত নিরাপদে১৫০২ প্রবেশ কর।’
১৫০২। ‘শান্তির সহিত নিরাপদে’ অর্থ অভ্যন্তরীণ অশান্তি যাহা মানুষের অন্তরকে কুরিয়া কুরিয়া খায় তাহা হইতে শান্তি এবং বাহ্যিক বা দৈহিক যন্ত্রণা ও শাস্তির অবস্থা হইতে মুক্তি লাভ করা।

وَنَزَعۡنَا مَا فِیۡ صُدُوۡرِہِمۡ مِّنۡ غِلٍّ اِخۡوَانًا عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیۡنَ ﴿۴۸﴾

৪৮
এবং তাহাদের বক্ষঃসমূহে যেসকল বিদ্বেষ১৫০৩ থাকিবে, আমরা উহা দূর করিয়া দিব, তাহারা ভাই ভাই হইয়া সামনাসামনি আসনে (উপবিষ্ট) হইবে;
১৫০৩। কেবলমাত্র ঐ সকল লোকেরাই প্রকৃত স্বর্গীয় শান্তিময় জীবন ভোগ করিতে পারে যাহাদের হৃদয় তাহাদের ভাইদের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা ও আক্রোশ হইতে মুক্ত।

لَا یَمَسُّہُمۡ فِیۡہَا نَصَبٌ وَّمَا ہُمۡ مِّنۡہَا بِمُخۡرَجِیۡنَ ﴿۴۹﴾

৪৯
উহাতে তাহাদিগকে ক্লান্তিও স্পর্শ করিবে না,১৫০৪ এবং উহা হইতে তাহারা বহিষ্কৃতও হইবে না।
১৫০৪। এই আয়াত ইংগিত করিতেছে যে, জান্নাত অবিরাম কর্মের স্থান। এতদ্‌সত্বেও বিশ্বাসীগণ বিরতিহীন কঠোর পরিশ্রমের অনিবার্য ফলশ্রুতিতে যে ক্লান্তি সৃষ্টি হয় তাহা বোধ করিবে না এবং কঠোর শ্রমের কারণে কোন অবনতি কিম্বা অপচয়ের সম্মুখীন হইবে না। এই আয়াতটি ইহাও স্পষ্ট নির্দেশ করিতেছে যে, জান্নাতবাসীকে জান্নাত হইতে আদৌ বাহির করা হইবে না।

نَبِّیٴۡ عِبَادِیۡۤ اَنِّیۡۤ اَنَا الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ ﴿ۙ۵۰﴾

৫০
(হে নবী!) আমার বান্দাদিগকে তুমি এই সংবাদ অবহিত কর যে, নিশ্চয় আমি অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।