১৫

الحجر

সূরা আল্ হিজ্‌র

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১০০ আয়াত এবং ৬ রুকু আছে।

فَسَجَدَ الۡمَلٰٓئِکَۃُ کُلُّہُمۡ اَجۡمَعُوۡنَ ﴿ۙ۳۱﴾

৩১
সুতরাং ফিরিশ্‌তাগণ সকলেই সমবেতভাবে সেজদা করিল -

اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ اَبٰۤی اَنۡ یَّکُوۡنَ مَعَ السّٰجِدِیۡنَ ﴿۳۲﴾

৩২
ইবলীস ব্যতিরেকে; সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করিল।১৪৯৬
১৪৯৬। আল্লাহ্‌তা’লা শয়তানকে শাস্তি প্রদান করিয়াছিলেন (আয়াত ৩৫, ৩৬) ফিরিশ্‌তাগণকে দেওয়া তাঁহার আদেশ পালন না করার অপরাধে (আয়াত ২৯,৩০)। কারণ ফিরিশ্‌তাদিগকে দেওয়া আল্লাহ্‌তা’লার হুকুম স্বভাবতঃই ঐ সমস্ত জীবনের উপরও প্রযোজ্য ছিল, যাহারা ফিরিশ্‌তাগণের কর্তৃত্বাধীন ছিল। অন্যত্র কুরআন নিজেই এই বিষয়কে পরিষ্কার করিয়া বলিয়াছে যে, ফিরিশ্‌তার প্রতি আদেশ ইব্‌লিসের উপরও কার্যকর (৭ঃ ১২,১৩)।

قَالَ یٰۤـاِبۡلِیۡسُ مَا لَکَ اَلَّا تَکُوۡنَ مَعَ السّٰجِدِیۡنَ ﴿۳۳﴾

৩৩
তিনি বলিলেন, ‘হে ইবলীস! তোমার কি হইয়াছে১৪৯৬-ক যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইলে না?’
১৪৯৬-ক। ‘মা-লাকা’ আরবী বাগ্‌ধারার অর্থঃ তোমার কি হইয়াছে? তোমার যুক্তি কি; মনক্ষুণ্নের কারণ কি?

قَالَ لَمۡ اَکُنۡ لِّاَسۡجُدَ لِبَشَرٍ خَلَقۡتَہٗ مِنۡ صَلۡصَالٍ مِّنۡ حَمَاٍ مَّسۡنُوۡنٍ ﴿۳۴﴾

৩৪
সে বলিল, ‘আমি এমন নহি যে, এইরূপ এক মানুষের জন্য সেজদা করি যাহাকে তুমি সৃষ্টি করিয়াছ খন্‌খনে শুষ্ক কাদা হইতে অর্থাৎ এমন কাল পচা কাদা হইতে, বহুকাল অতীত হওয়ার ফলে যাহার আকৃতি-প্রকৃতি পরিবর্তিত হইয়া গিয়াছে।’

قَالَ فَاخۡرُجۡ مِنۡہَا فَاِنَّکَ رَجِیۡمٌ ﴿ۙ۳۵﴾

৩৫
তিনি বলিলেন, ‘তাহা হইলে তুমি এখান হইতে১৪৯৭ বাহির হইয়া যাও, কারণ তুমি নিশ্চয় বিতাড়িত,
১৪৯৭। এখানে ‘মিনহা’ (বা জায়গা হইতে) শব্দের মধ্যে ‘হা’ (অর্থ এই, ইহা) মৃত্যুর পরে যে জান্নাত উহার প্রতি নির্দেশ করে না, কারণ সেই জান্নাত এমন এক স্থান যেখানে শয়তানের প্রবেশ করা এবং আদম (আঃ)-কে প্ররোচিত করা সম্ভব নয় এবং যে স্থান (জান্নাত) হইতে কেহ কখনো বহিষ্কৃত হয় না (১৫ঃ৪৯)। ইহা এই জগতের ঐ অবস্থাকে নির্দেশ করিতেছে যাহা আপাতঃদৃষ্টিতে পরম সুখ বা স্বর্গবাস বলিয়া প্রতীয়মান হয়: উহার মধ্যে নবী আবির্ভূত হওয়ার পূর্বে মানুষ আপাতঃ সুখময় জীবন উপভোগ করিতে থাকে: সেখানে যদিও তাহারা ভুল বিশ্বাসের শিকার হইয়া থাকে, তথাপি যুগ-নবীকে অস্বীকার না করিলে, তাহারা ঐশী করুণা ও অনুগ্রহ হইতে সম্পূর্ণরূপে বঞ্চিত হয় না, যাহাকে অর্থাৎ সেই অবস্থাকে জান্নাত (বাগান) নামে কুরআন করীমের মধ্যে আখ্যায়িত করা হইয়াছে।

وَّاِنَّ عَلَیۡکَ اللَّعۡنَۃَ اِلٰی یَوۡمِ الدِّیۡنِ ﴿۳۶﴾

৩৬
এবং নিশ্চয় বিচার-দিবস পর্যন্ত তোমার উপর অভিসম্পাত।’

قَالَ رَبِّ فَاَنۡظِرۡنِیۡۤ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ ﴿۳۷﴾

৩৭
সে বলিল, ‘হে আমার প্রভু! তাহা হইলে সেই দিন পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও যেদিন তাহারা পুনরুত্থিত হইবে।’১৪৯৮
১৪৯৮। ‘যেদিন তাহারা পুনরুত্থিত হইবে’ এই বাক্য দ্বারা মানুষের আধ্যাত্মিক পুনর্জন্ম বুঝানো হইয়াছে, যখন নফসে মুতমাইন্না (শান্তিপ্রাপ্ত আত্মা) লাভ করিয়া শয়তানী প্রলোভন এবং আধ্যাত্মিক পতন হইতে মানুষ মুক্তি লাভ করে। আল্লাহ্‌তা’লা এবং ইবলীসের মধ্যে এই বাক্যালাপ, যাহা এই আয়াতে উল্লেখ রহিয়াছে, ইহা রূপক মাত্র।

قَالَ فَاِنَّکَ مِنَ الۡمُنۡظَرِیۡنَ ﴿ۙ۳۸﴾

৩৮
তিনি বলিলেন, ‘তাহা হইলে নিশ্চয় তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত —

اِلٰی یَوۡمِ الۡوَقۡتِ الۡمَعۡلُوۡمِ ﴿۳۹﴾

৩৯
নির্ধারিত সময়ের দিন পর্যন্ত।’১৪৯৯
১৪৯৯। ‘নির্ধারিত সময়ের দিন পর্যন্ত’ অর্থাৎ (যেমন পূর্ববর্তী ৩৭ আয়াতে বর্ণিত) যখন নবীগণ ও তাঁহাদের অনুসারীগণ শত্রুদের (অবিশ্বাসী) উপরে চূড়ান্ত বিজয় লাভ করে এবং মিথ্যাও উহার উপাসকবৃন্দ চরমভাবে পরাজিত এবং নিষ্পেষিত হয়।

قَالَ رَبِّ بِمَاۤ اَغۡوَیۡتَنِیۡ لَاُزَیِّنَنَّ لَہُمۡ فِی الۡاَرۡضِ وَلَاُغۡوِیَنَّہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۴۰﴾

৪০
সে বলিল, ‘হে আমার প্রভু! যেহেতু তুমি আমাকে বিপথগামী সাব্যস্ত করিয়াছ, অতএব নিশ্চয় আমি তাহাদের জন্য পৃথিবীতে (বিপথগামিতাকে) সুশোভিত করিয়া দেখাইব এবং নিশ্চয় আমি তাহাদের সকলকে বিপথগামী করিব,