৯১

الشمس

সূরা আশ্‌ শামস

Ash-Shams

মক্কী ১৬ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬ আয়াত এবং ১ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

وَالشَّمۡسِ وَضُحٰہَا ۪ۙ﴿۲﴾

২
কসম সূর্যের৩৩৫৪ এবং ইহার প্রাতঃকালীন৩৩৫৫ কিরণের,
৩৩৫৪। কুরআনের শপথসমূহের অন্তরালে গভীর অর্থ ও তাৎপর্য নিহিত থাকে। ঐশী বিধান আল্লাহ্‌র কাজের দুইটি দিক নির্দেশ করেঃ (ক) যাহা স্বতঃই বুঝা যায়; (খ) যাহা ইশারা-ইঙ্গিতে বুঝানো হয়। প্রথমোক্ত দিকটি স্পষ্ট ও সহজ-বোধ্য; দ্বিতীয়টি বুঝিতে ভুলের অবকাশ থাকে। আল্লাহ্‌র শপথের মধ্যে যাহা স্পষ্ট ও সহজবোধ্য, তাহা হইতে অন্তর্নিহিত অর্থ বাহির করার দিকে আল্লাহ্ আমাদের দৃষ্টি আকর্ষণ করিয়া থাকেন। ২ আয়াত হইতে ৭ আয়াত পর্যন্ত শপথগুলি— চন্দ্র-সূর্যের শপথ, দিন-রাত্রির শপথ, আকাশ-পৃথিবীর শপথ স্পষ্ট ও সহজবোধ্য বিষয়ের মধ্যে পরিগণিত। কেননা এদের প্রাকৃতিক রূপ ও গুণাগুণ সকলেরই জানা। কিন্তু মানুষের আত্মিক রাজ্যের ক্ষেত্রে এইসব বস্তু ও উহাদের গুণাগুণ স্পষ্ট ও দৃষ্ট নয়। মানুষের আত্মার রাজ্যে এই সকল বস্তু ও এদের গুণরাজির অস্তিত্বের দিকে আমাদের চিন্তাকে আকর্ষণ করার উদ্দেশ্যই, আল্লাহ্ তাঁহার এই সুস্পষ্ট সৃষ্টিগুলিকে আমাদের সম্মুখে সাক্ষীরূপে উপস্থিত করিয়াছেন। টীকা ২৪৬৫ দেখুন।
৩৩৫৫। এই আয়াতে ‘সূর্য’ দ্বারা আধ্যাত্মিক বিশ্বের সূর্য হযরত নবী আকরাম (সাঃ)-কে বুঝাইতে পারে। তিনিই সকল আধ্যাত্মিক আলোর উৎস এবং শেষ দিন পর্যন্ত তাঁহার জ্যোতিঃই বিশ্বকে জ্যেতিষ্মান করিয়া রাখিবে।

وَالۡقَمَرِ اِذَا تَلٰٮہَا ۪ۙ﴿۳﴾

৩
কসম চন্দ্রের,৩৩৫৬ যখন ইহা উহার (সূর্যের) অনুগমন করে,
৩৩৫৬। এখানে ‘চন্দ্র’ দ্বারাও মহানবী (সাঃ)-কে বুঝাইতে পারে। কেননা তিনি আল্লাহ্‌র কাছ হইতে আলো প্রাপ্ত হইয়া, আধ্যাত্মিকভাবে অন্ধকারাচ্ছন্ন দুনিয়াতে তাহা বিচ্ছুরিত করিয়াছেন। অথবা, ‘চন্দ্র’ বলিতে যুগের ধর্ম-নেতা ও সংস্কারক মুজাদ্দেদগণকে, বিশেষ করিয়া রসূলুল্লাহ্ (সাঃ)-এর প্রতিনিধি মহান প্রতিশ্রুত মসীহ্‌কে বুঝাইতে পারে, যাহারা মহানবী (সাঃ) হইতে সত্যের জ্যোতিঃ আহরণ করিয়া, বিশ্বের নৈতিক পতনের সময়, তাহা বিশ্বময় ছড়াইবেন এবং জগতের আধ্যাত্মিক অন্ধকার দূরীভূত করিবেন।

وَالنَّہَارِ اِذَا جَلّٰٮہَا ۪ۙ﴿۴﴾

৪
কসম দিবসের৩৩৫৭ যখন ইহা উহাকে (সূর্যকে) প্রকাশ করে,
৩৩৫৭। ‘দিন’ দ্বারা ঐ সময়কে বুঝাইয়াছে যখন ইসলামের বাণী ও নবী করীম (সাঃ)-এর সত্যতা দিবালোকের মত স্পষ্ট হইয়া উঠিতেছিল এবং পৃথিবীতে ছড়াইয়া পড়িতেছিল। এই আয়াতটি বিশেষভাবে, খোলাফায়ে রাশেদীনের ও তৎসন্নিহিত শতাব্দীকেও বুঝাইতে পারে, যখন ইসলামের আলো চতুর্দিকে কিরণ বিতরণ করিয়া দূর-দূরান্তের দেশগুলিকে পর্যন্ত উদ্ভাসিত করিয়াছিল।

وَالَّیۡلِ اِذَا یَغۡشٰٮہَا ۪ۙ﴿۵﴾

৫
কসম রাত্রির,৩৩৫৮ ইহা যখন উহাকে (সূর্যকে) আচ্ছন্ন করে।
৩৩৫৮। ‘রাত্রি’ দ্বারা মুসলিম জাহানের অবনতি ও অধঃপতনের সময়কে বুঝাইয়াছে, যখন ইসলামের আলো ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া, বিশ্বের চোখে ইহা প্রচ্ছন্ন ও অন্ধকার বলিয়া প্রতিভাত হইতে লাগিল। এই চারটি আয়াত (২ হইতে ৫) ইসলামের ঘটনাবহুল ইতিহাসের চারিটি উল্লেখযোগ্য পর্যায়কে বুঝাইয়াছে। (১) নবী করীম (সাঃ)-এর সময় যখন আধ্যাত্মিক সূর্য (মহানবী স্বয়ং) বিশ্বের আধ্যাত্মিক আকাশে থাকিয়া বিশ্বকে উজ্জ্বল আলো বিতরণ করিতেছিলেন; (২) নবী করীম (সাঃ)-এর মহান প্রতিনিধি প্রতিশ্রুত মসীহের সময়, যখন তিনি নবী করীম (সাঃ) হইতে আলো সংগ্রহ করিয়া অন্ধকার জগতে তাহা প্রতিফলিত করিবেন; (৩) খোলফায়ে রাশেদীন ও অন্যান্য খলীফাগণের সময়, যখন ইসলামের আলোর কিরণ চারিদিকে ছড়াইতেছিল; (৪) ইসলামের গৌরবোজ্জ্বল তিনটি শতাব্দীর পরে, আধ্যাত্মিক ক্রমাবনতি ও অন্ধকারের সুদীর্ঘ অমানিশার সময়।

وَالسَّمَآءِ وَمَا بَنٰہَا ۪ۙ﴿۶﴾

৬
কসম আকাশের৩৩৫৯ এবং (কসম) ইহার যে, তিনি ইহাকে (বিস্ময়কররূপে) সুগঠিত করিয়াছেন,
৩৩৫৯। ‘মা’ এখানে ও পরবর্তী দুই আয়াতে ‘মস্‌দরিইয়া’ হিসাবে ব্যবহৃত হইয়াছে অথবা ইহা দ্বারা ‘আল্লাহ্’ (যিনি, তিনি) বুঝাইয়াছে। অতএব, এই আয়াতগুলিতে, বিশ্ব-জগতের পরিকল্পনাকারী ও নির্মাতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে। অথবা, এই অকল্পনীয় মহাবিশ্ব-মহাকাশ সৃষ্টির অনবদ্য ও অনাবিল কলাকৌশল ও ত্রুটিহীন নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করা হইয়াছে।

وَالۡاَرۡضِ وَمَا طَحٰہَا ۪ۙ﴿۷﴾

৭
কসম পৃথিবীর এবং (কসম) ইহার যে, তিনি ইহাকে সুবিস্তৃতি দান করিয়াছেন,

وَنَفۡسٍ وَّمَا سَوّٰٮہَا ۪ۙ﴿۸﴾

৮
কসম আত্মার এবং (কসম) ইহার যে, তিনি ইহাকে পূর্ণাঙ্গ-সুঠাম করিয়াছেন—৩৩৫৯-ক
৩৩৫৯-ক। আয়াতটির অর্থ হইলঃ মহাকাশজনিত বস্তু-নিচয় যথা চন্দ্র, সূর্য ইত্যাদি নিজ নিজ গুণাবলীকে আল্লাহ্‌র সৃষ্ট জীবের সেবায় নিয়োজিত রাখিয়াছে (এই কথার ইঙ্গিত এই সূরার দশম আয়াতে রহিয়াছে)। ইহারা এই সাক্ষ্য দান করে যে, মানুষকেও এই সব গুণাবলী দ্বারা, বরং আরও উচ্চতর গুণাবলী দ্বারা ভূষিত করা হইয়াছে। বস্তুতঃ মানুষ একটি ক্ষুদ্র-বিশ্ব বিশেষ। বহির্বিশ্বে যাহাকিছু আছে, উহার সব কিছুই ক্ষুদ্রাকারে মানুষের মধ্যে রহিয়াছে। সূর্যের মতই মানুষও পৃথিবীকে জ্যোতিঃ প্রদান করে এবং জ্ঞান ও প্রজ্ঞার আলো দ্বারা বিশ্বকে আলোকিত করিয়া থাকে। চন্দ্রের মতই, মানুষ মূল উৎস হইতে আলো, অনুপ্রেরণা ও ঐশী-বাণী আহরণ করিয়া অন্ধকারাচ্ছন্নদের মধ্যে বিতরণ করে। দিনের মত উজ্জ্বল হইয়া সে অপরকে সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করে। রাত্রির মত সেও অন্যের দোষ ঢাকিয়া রাখে, অন্যের বোঝা লাঘব করে এবং ক্লান্ত-শ্রান্তদের শ্রান্তি-বিনোদন করে। আকাশের মত সে দুঃখ-ক্লিষ্ট আত্মাকে আশ্রয় দেয় এবং শান্তিদায়িনী বারিধারা বর্ষণ করিয়া প্রাণহীন পৃথিবীতে প্রাণের স্পন্দন জাগাইয়া তোলে। মাটীর পৃথিবীর মত বিনয় ও নম্রতার সহিত সে মানব-হিতৈষণার খাতিরে নিজে সকলের পদতলে পিষ্ট হইতেও কুণ্ঠিত হয় না। তাঁহার পবিত্রকৃত আত্মা হইতে সত্য ও জ্ঞানের বহুবিধ বৃক্ষ জন্মায়, যাহার ছায়া ও ফল-ফলাদি বিশ্বকে আপ্যায়িত করে। ধর্মসাধকেরা এবং ঐশী সংস্কারকগণ এইরূপই হইয়া থাকেন। এই চিত্রই তাঁহাদের বিশ্বরূপ। ইঁহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান হইলেন মহানবী হযরত মুহাম্মদ (আল্লাহ্‌র অনন্ত চিরশান্তি ও চিরকল্যাণ তাঁহার উপর বর্ষিত হউক)।

فَاَلۡہَمَہَا فُجُوۡرَہَا وَتَقۡوٰٮہَا ۪ۙ﴿۹﴾

৯
অতঃপর তিনি ইহার প্রতি প্রকাশ করিয়াছেন—উহার মন্দ পথ এবং উহার তাক্‌ওয়ার পথ,৩৩৬০
৩৩৬০। মানুষের প্রকৃতির মধ্যেই আল্লাহ্‌তা’লা এই অনুভূতি ও কাণ্ড-জ্ঞান প্রোথিত করিয়া দিয়াছেন যাহা দ্বারা সে ভালমন্দ বাছ-বিচার করিতে পারে। তাহার মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করিয়াছেন এবং প্রকাশ করিয়াছেন যে, সে মন্দ ও অন্যায়কে প্রতিহত ও দমন করিয়া যদি সত্য ও ন্যায়ের পথ অবলম্বন করে, তাহা হইলে সে আধ্যাত্মিক উন্নতির উচ্চ শৃঙ্গে আরোহণ করিতে পারে।

قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰٮہَا ۪ۙ﴿۱۰﴾

১০
সুতরাং যে ইহাকে পবিত্র করিয়াছে সে অবশ্যই সফলকাম হইয়াছে,