৬৬

التحريم

সূরা আত্‌ তাহ্‌রীম

At-Tahrim

মাদানী ১৩ আয়াত ২ রুকু পারা ২৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩ আয়াত এবং ২ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

یٰۤاَیُّہَا النَّبِیُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰہُ لَکَ ۚ تَبۡتَغِیۡ مَرۡضَاتَ اَزۡوَاجِکَ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۲﴾

২
হে নবী! তুমি কেন উহা হারাম করিতেছ যাহা আল্লাহ্‌ তোমার জন্য হালাল করিয়াছেন, তুমি তোমার স্ত্রীগণের সন্তুষ্টি কামনা করিতেছ?৩০৭১ বস্তুতঃ আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
৩০৭১। বর্ণিত আছে যে, একদিন নবী করীম (সাঃ)-এর একজন স্ত্রী তাঁহাকে মধুমিশ্রিত শরবত পান করিতে দিলেন এবং তিনি তাহা পসন্দও করিলেন বলিয়া মনে হইল। ইহাতে অন্য স্ত্রীদের কেহ কেহ ঈর্ষাবশতঃ রসূলুল্লাহ্ (সাঃ)-কে বলিলেন, তাঁহার মুখ হইতে ‘মাগাফীরের’ গন্ধ আসিতেছে। মাগাফীর এক প্রকারের গুল্মের রস যাহা রং ও স্বাদে মধুর মত, কিন্তু যাহা পান করিবার পরে মুখ হইতে দুর্গন্ধ বাহির হয়। মহানবী (সাঃ) অত্যন্ত অনুভূতিপ্রবণ লোক ছিলেন। তিনি বলিলেন, তিনি আর মধু পান করিবেন না (বুলদান)। এই ঘটনার সহিত আলোচ্য আয়াতের সম্পর্ক রহিয়াছে বলিয়া সাধারণভাবে মনে করা হইয়া থাকে। কিন্তু এরূপ কাজ মহানবী (সাঃ) দ্বারা অসম্ভব বলিয়া মনে হয় যে, এক বা একাধিক স্ত্রী কর্তৃক প্ররোচিত হইয়া একটি বৈধ বস্তুকে নিজের জন্য চিরতরে নিষিদ্ধ করার মত চরম পন্থা বাছিয়া লইবেন, বিশেষ করিয়া যে বস্তুকে কুরআনে মানুষের জন্য আরোগ্যকর বলা হইয়াছে (১৬ঃ৭০)। এই ঘটনার বর্ণনাকারী বা বর্ণনাকারীরা কিছু ভুল-বুঝাবুঝি বা বিভ্রান্তির শিকার হইয়াছে বলিয়া মনে হয়। কেননা, এক বর্ণনাতে দেখা যায় যে, তিনি উম্মুল মো’মেনীন যয়নবের গৃহে শরবত পান করিয়াছিলেন এবং উম্মুল মো’মেনীন আয়েশা ও হাফসা মহানবী (সাঃ) হইতে ভবিষ্যতে মধু না খাওয়ার প্রতিশ্রুতি আদায় করিয়াছিলেন। আবার অন্য বর্ণনাতে দেখা যায়, হাফসার গৃহে মধুর শরবত পান করিয়াছিলেন এবং আয়েশা, যয়নব ও সফিয়া মিলিয়া রসূলুল্লাহ্ (সাঃ)-কে বুঝাইয়াছিলেন যে, ইহা তো মধু নহে, অন্য কিছু। হাদীস হইতে দেখা যায় যে, দুই বা তিন স্ত্রী মাত্র ঘটনার সহিত জড়িত ছিলেন। কিন্তু এই সূরার ২ ও ৬ আয়াত হইতে দেখা যায় যে, সকল উম্মুল মো’মেনীনই এই ব্যাপারে সংশ্লিষ্ট ছিলেন। তবে দুই জন ইহাতে নেতৃত্ব দিয়াছিলেন (আয়াত ৫)। এই সকল তথ্য ইহাই প্রকাশ করে যে, মধুর শরবত পান-জনিত সামান্য ঘটনাকে কেন্দ্র করিয়া নহে, বরং তদপেক্ষা বহু বেশী গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় ঘটনাকে অবলম্বন করিয়া সূরাটি নাযিল হইয়াছে। এই সূরাটির ব্যাখ্যা করিতে যাইয়া ইমাম বুখারী (কিতাবুল মাযালীম ওয়াল গাস্‌ব) হযতর ইবনে আব্বাসকে উদ্ধৃত করিয়াছেন। হযরত ইবনে আব্বাস বলিয়াছেন, তিনি হযরত উমর হইতে কথা জানিবার জন্য সর্বদা ঔৎসুক্য সহকারে সুযোগের সন্ধানে ছিলেন যে, ঐ উম্মুল মো’মেনীন দুইজন কাহারা, যাহাদের সম্বন্ধে এই সূরাটির ৫ম আয়াতে বলা হইয়াছে–‘যদি তোমরা উভয়ে আল্লাহ্‌র নিকট তওবা কর তাহা হইলে ইহাই তোমাদের জন্য মঙ্গলজনক হইবে, তোমাদের হৃদয় অবশ্য পূর্ব হইতেই ইহার জন্য ঝুঁকিয়া আছে। একদিন হযরত ইবনে আব্বাস হযরত উমরকে একা পাইয়া জিজ্ঞাসা করিতে না করিতেই হযরত উমর বলিলেন, ঐ দুইজনের একজন আয়েশা ও অপর জন হাফসা। এই বলিয়াই তিনি ঘটনার ইতিবৃত্ত এইভাবে বর্ণনা করিলেন, “একদিন আমার স্ত্রী আমাকে পারিবারিক ব্যাপারে কিছু পরামর্শ দিতে চাহিলে আমি তাহাকে সংক্ষিপ্তভাবে উত্তর দিলাম যে, আমাকে পরামর্শ দিবার প্রয়োজন নাই। কেননা ঐ সময়ে স্ত্রীলোককে মোটেই পাত্তা দেওয়া হইত না। আমার স্ত্রীও দৃঢ়তার সহিত প্রত্যুত্তর দিলেন, ‘তোমার মেয়ে হাফসা তো রসূলুল্লাহর (সাঃ) সহিত মুক্ত-মনে দাবী খাটাইয়া কথা বলে এবং রসূলুল্লাহর কোন কথা মনোমত না হইলে তৎক্ষণাৎ জবাব দেয়, অথচ তুমি আমাকে পারিবারিক ব্যাপারেও একটু বলার সুযোগ দাও না। এই কথা শুনিবা মাত্র আমি হাফসার কাছে গেলাম এবং তাহাকে বলিলাম, সে যেন আয়েশার (রাঃ) মত বাড়াবাড়ি না করে, কেননা আয়েশা মহানবী (সাঃ)-এর হৃদয়ের অধিক কাছে। অতঃপর আমি উম্মে সাল্‌মার কাছে এই বিষয়ে কিছু বলিতে চাহিলে তিনি শক্তভাবে আমাকে সতর্ক করিয়া দিলেন, আমি যেন রসুলে পাক (সাঃ) ও তাঁহার বিবিগণের মধ্যেকার ব্যাপারে আমার নাক না গলাই। এই ঘটনার অল্পকাল পরেই নবী করীম (সাঃ) নিজেকে স্ত্রীদের কাছ হইতে দূরে রাখলেন এবং কিছুদিন তাহাদের গৃহে যাওয়া বন্ধ করিয়া দিলেন। জনরব উঠিল যে মহানবী (সাঃ) তাঁহার স্ত্রীগণকে তালাক দিয়াছেন। এই জনবর সত্য কি না তাহা জিজ্ঞাসা করিলে তিনি (সাঃ) আমাকে না-বোধক উত্তর দান করিলেন।” এই ঘটনা বলিয়া দিতেছে যে, এই সূরার সংশ্লিষ্ট আয়াতগুলি মহানবী (সাঃ) কর্তৃক স্ত্রীগণ হইতে সাময়িকভাবে আলাদা থাকার সহিত জড়িত। পূর্ববর্তী সূরাতে স্থায়ী তালাকের বিষয়ে উল্লেখ থাকায়, ইহা খানিকটা সঙ্গত বলিয়া মনে হয় যে, এই সূরার আলোচ্য আয়াতগুলি মহানবী (সাঃ)-এর উপরোক্ত ঘটনার সহিত সম্পর্কিত। তাহা ছাড়া, আয়েশা (রাঃ) বর্ণনা করেন যে, উপরোক্ত ঘটনা ঘটার পরে পরেই, সূরা আহযাবের ২৯ আয়াত নাযেল হইল এবং মহানবী (সাঃ) সঙ্গে সঙ্গে স্বীয় স্ত্রীগণকে এই ব্যাপারে মুক্তভাবে নিজ নিজ মতামত ব্যক্ত করার পূর্ণ ক্ষমতা দিলেন যে, তাঁহারা মহানবী (সাঃ)-এর সঙ্গিণী থাকিয়া দরিদ্র, সরল ও কষ্টকর জীবন যাপন করিতে চান, নাকি তাঁহাকে (সাঃ) পরিত্যাগ পূর্বক সুখ-স্বাচ্ছন্দ্য ও আরাম-আয়েসের জীবন যাপন করিতে চান। এইভাবে স্বীয় অভিমত প্রকাশ করার অধিকার এক এক করিয়া সকল স্ত্রীকেই দেওয়া হইয়াছিল এবং আলোচ্য আয়াতেও সকল স্ত্রীর কথা উল্লেখ করা হইয়াছে। তেমনি ৪র্থ আয়াতেও, ব্যাপারটাতে সকল স্ত্রীকেই (রাঃ) জড়িত বলিয়া দেখা যায়। ইহাতে বুঝা যায় যে, এই আয়াত যে ঘটনার সহিত সংশ্লিষ্ট, তাহাতে সকল উম্মুহাতুল মো’মেনীনই (রাঃ) জড়িত ছিলেন, যাহাতে দুই জন স্ত্রী নেতৃত্ব দিয়াছিলেন। ঘটনাটা ঐতিহাসিকভাবে এই যে, আয়েশা (রাঃ) ও হাফসা(রাঃ)-র নেতৃত্বে মহানবী (সাঃ)-এর স্ত্রীগণ একজোট হইয়া তাহার কাছে দাবী জানাইলেন, যেহেতু মুসলমানগণের অবস্থার প্রভূত উন্নতি হইয়াছে, সেই হেতু উম্মুল মো’মেনীনগণকেও এখন হইতে একটু আরামের ও সাচ্ছন্দ্যের জীবন ভোগ করার সুযোগ দেওয়া উচিত। কেননা, অন্যান্য মুসলিম মহিলাগণ ইতিমধ্যে এই সব সুযোগ-সুবিধা ভোগ করিতেছেন (ফাতহুল কাদীর)। এই প্রসঙ্গকে সামনে রাখিয়া, “তুমি তোমার স্ত্রীগণের সন্তুষ্টি কামনা করিতেছ” কথাগুলির অর্থ এইরূপ দাঁড়ায় যেহেতু তুমি সর্বদাই তোমার সুকোমল ব্যবহার দ্বারা স্ত্রীদিগকে সন্তুষ্ট রাখতে সচেষ্ট থাক, সেই হেতু, তাহারা এতদূর সাহসী হইয়া গিয়াছে যে, তাঁহারা তোমার রেসালতের উচ্চতম মর্যাদার প্রতি লক্ষ্য না রাখিয়াই যাহা ইচ্ছা চাহিয়া বসে।’ মারিয়া কুবতিয়া সম্পর্কীত খৃস্টানদের রচিত তথাকথিত ঘটনা এতই অবাস্তব কল্পনাবিলাস যে, ইহা সম্পূর্ণভাবে বিবেচনার অযোগ্য। ইহার পিছনে কোন ঐতিহাসিক প্রমাণ নাই। মহানবী (সাঃ) কখনও কৃতদাসী রাখেন নাই। তবে মরিয়ম নাম্নী মহানবী (সাঃ)-এর একজন স্ত্রী ছিলেন, যিনি সম্মানীয়া উম্মুল মো’মেনীন ছিলেন।

قَدۡ فَرَضَ اللّٰہُ لَکُمۡ تَحِلَّۃَ اَیۡمَانِکُمۡ ۚ وَاللّٰہُ مَوۡلٰٮکُمۡ ۚ وَہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۳﴾

৩
আল্লাহ্‌ অবশ্যই তোমাদের জন্য তোমাদের (এমন) কসমসমূহকে ভাঙ্গিয়া ফেলা ফরয করিয়াছেন (যদ্বারা কষ্ট ও কলহ সৃষ্টি হয়),৩০৭২ বস্তুতঃ আল্লাহ্ তোমাদের অভিভাবক এবং তিনি সর্বজ্ঞানী, পরম প্রজ্ঞাময়।
৩০৭২। স্বীয় স্ত্রীগণের সাংসারিক সুখ-সাচ্ছন্দ্যের অভিলাষ ও দাবীর কথা মহানবী (সাঃ)-কে এতই মর্মপীড়া দিয়াছিল যে, তিনি নিজের অসন্তুষ্টি প্রকাশের জন্য প্রতিজ্ঞা করিলেন যে, একমাসের জন্য তিনি তাহাদের কাছেও ঘেষবেন না। আলোচ্য আয়াতে বলা হইয়াছে যে, কোন আইন-সঙ্গত হালাল বস্তু ব্যবহার না করার প্রতিজ্ঞার কারণে অবৈধ হইয়া যাইতে পারে না। এইরূপ অবস্থার উদ্ভব হইলে প্রতিজ্ঞা ভঙ্গের কাফ্‌ফারা দান করিয়া ব্যবহার্য বস্তু ব্যবহার করাই উচিত।

وَاِذۡ اَسَرَّ النَّبِیُّ اِلٰی بَعۡضِ اَزۡوَاجِہٖ حَدِیۡثًا ۚ فَلَمَّا نَبَّاَتۡ بِہٖ وَاَظۡہَرَہُ اللّٰہُ عَلَیۡہِ عَرَّفَ بَعۡضَہٗ وَاَعۡرَضَ عَنۡۢ بَعۡضٍ ۚ فَلَمَّا نَبَّاَہَا بِہٖ قَالَتۡ مَنۡ اَنۡۢبَاَکَ ہٰذَا ؕ قَالَ نَبَّاَنِیَ الۡعَلِیۡمُ الۡخَبِیۡرُ ﴿۴﴾

৪
এবং যখন নবী তাহার স্ত্রীগণের মধ্যে কোন একজনের নিকট সংগোপনে একটি কথা বলিয়াছিল, অতঃপর সে যখন উহা অন্যকে বলিয়াছিল এবং আল্লাহ্ নবীর কাছে উহা প্রকাশ করিয়া দিলেন, তখন সে উহার কতকাংশ (স্ত্রীকে) জানাইয়া দিল এবং কতকাংশ এড়াইয়া গেল। অতঃপর যখন সে তাহাকে (স্ত্রীকে) উহার খবর দিল তখন সে (স্ত্রী) বলিল, ‘আপনাকে কে এই সংবাদ দিয়াছে?’৩০৭৩ সে বলিল, ‘সর্বজ্ঞানী, সর্ববিদিত আল্লাহ্ আমাকে এই সংবাদ দিয়াছেন।’
৩০৭৩। এই আয়াতটি কোন বিশেষ ঘটনার কথা বলিতেছে তাহা সঠিক নির্ণয় করা কঠিন। তবে বর্ণনার ধারাবাহিকতার দ্বারা বুঝা যায় যে, ইহা আয়েশা (রাঃ) কর্তৃক বর্ণিত নিম্ন ঘটনাটির কথাই বলিতেছে। হযরত আয়েশা (রাঃ) বলেনঃ যখন ৩৩ঃ২৯ আয়াত অবতীর্ণ হইল, তখন রসূলুল্লাহ্ (সাঃ)-এর স্ত্রীগণকে দুইটি পথের নির্বাচন করিবার অনুমতি দেওয়া হইল। একটি পথ হইল মহানবী (সাঃ)-এর সহিত দুঃখ-কষ্ট করিয়া চিরসঙ্গিনীরূপে থাকিয়া যাওয়া এবং অপরটি হইল তাঁহাকে ছাড়িয়া গিয়া সুখ-সম্ভোগ ও বিলাসিতার জীবন অতিবাহিত করা। কেননা, তাঁহারা সকলে মিলিয়া মহানবী (সাঃ)-এর কাছে সুখ-সাচ্ছন্দ্যের জীবিকার দাবী করিয়াছিলেন। প্রত্যুত্তরে, মহানবী (সাঃ) উপরোক্ত দুইটি পথের একটি অবলম্বন করার জন্য স্ত্রীগণকে প্রস্তাব দিলেন। কিন্তু এই প্রস্তাবটি তিনি সর্ব প্রথম হযরত আয়েশা (রাঃ)-র কাছে গোপনে প্রকাশ করেন (বুখারী কিতাবুল মাযলিম ওয়াল গাস্‌ব)। সর্বপ্রথমে হযরত আয়েশার কাছে কথাটি উত্থাপনের কারণ হইল, স্ত্রীগণের স্বাচ্ছন্দ্য জীবিকার দাবী উত্থাপনের বেলায় হযরত আয়েশা (রাঃ)-ই নেতৃত্ব দিয়াছিলেন। এই নেতৃত্বের দ্বিতীয় স্থানে ছিলেন হাফসা (রাঃ)। ইহা অসম্ভব নহে যে, হযরত আয়েশা রসূলে মকবুল (সাঃ)-এর কাছ হইতে প্রস্তাবটি পাইয়া, ইহা হযরত হাফসাকে জ্ঞাত করেন। এইভাবে রসূলুল্লাহ (সাঃ)-এর প্রস্তাবটি যাহা কেবল হযরত আয়েশা (রাঃ)-এর কাছে ব্যক্ত হইয়াছিল এবং অন্য কোন স্ত্রীর কাছে তখনও উত্থাপিত হয় নাই, তাহা গোপনীয়তা ভেদ করিয়া প্রকাশিত হইয়া পড়িল। যাহা হউক, বাস্তবে কি ঘটিয়াছিল সম্পূর্ণ উদঘাটন করা সম্ভব না হইলেও, আয়াতটি এই কথার উপরে সবিশেষ জোর দিতেছে যে, কোন ব্যক্তির কাছে কোন কথা বা বিষয়ের গোপনীয়তা রক্ষার ভার দিলে, সে যেন তাহা প্রকাশ না করে। বিশেষভাবে গোপন বিষয়টি যদি স্বামী-স্ত্রীর হয় কিংবা ব্যক্তিগত বা পারিবারিক ব্যাপার হয়, আর একই ধারায় ব্যাপারটা যদি আল্লাহ্‌র নবী ও তাঁহার কোন অনুসারীর মধ্যেকার বিষয় হইয়া থাকে তাহা হইলে ইহার গোপনীয়তা আমানত।

اِنۡ تَتُوۡبَاۤ اِلَی اللّٰہِ فَقَدۡ صَغَتۡ قُلُوۡبُکُمَا ۚ وَاِنۡ تَظٰہَرَا عَلَیۡہِ فَاِنَّ اللّٰہَ ہُوَ مَوۡلٰٮہُ وَجِبۡرِیۡلُ وَصَالِحُ الۡمُؤۡمِنِیۡنَ ۚ وَالۡمَلٰٓئِکَۃُ بَعۡدَ ذٰلِکَ ظَہِیۡرٌ ﴿۵﴾

৫
যদি তোমরা উভয়ে৩০৭৪ আল্লাহ্‌র নিকট তওবা কর - তোমাদের হৃদয় অবশ্য পূর্ব হইতে ইহার জন্য ঝুঁকিয়া আছে – (ইহা তোমাদের জন্য কল্যাণজনক হইবে), কিন্তু যদি তোমরা তাহার (রসূলের) বিরুদ্ধে একে অন্যের পৃষ্ঠপোষকতা কর, তাহা হইলে জানিয়া রাখ যে, আল্লাহ্‌ই তাহার অভিভাবক, এবং জিবরাঈল এবং সকল সৎকর্মপরায়ণ মো’মেনও এবং ইহা ছাড়া সকল ফিরিশ্‌তাও (তাহার) পৃষ্ঠপোষক।
৩০৭৪। ‘তোমরা দুইজন’ বলিতে আয়েশা ও হাফসা (রাঃ)-কে বুঝাইয়া থাকিবে, কেননা এই দুইজনই মহানবী (সাঃ)-এর স্ত্রীগণের জন্য সুখ-সাচ্ছন্দ্যের, জীবন-জীবিকার দাবী উত্থাপনে নেতৃত্ব প্রদান করিয়াছিলেন। মহানবী (সাঃ)-এর অন্যান্য সকল স্ত্রীই এই দাবী উত্থাপনে একজোট ছিলেন। কিন্তু যেহেতু আয়েশা (রাঃ) ও হাফসা (রাঃ) যথাক্রমে মহাসম্মানিত সাহাবীদয় হযরত আবুবকর ও হযরত উমরের (রাঃ) কন্যা ছিলেন, সেইজন্যই মনে হয় তাহারা এই বিষয়ে নেতৃত্ব দিয়াছিলেন। আয়াতটির ভাষার ধরণও কঠোর, ইহার গাম্ভীর্যপূর্ণ বাগ্‌ধারা হইতেই বুঝা য়ায় যে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এক জনের স্ত্রীর গৃহে মধুমিশ্রিত শরবত পান করার মাঝে এমন কি কঠোরতার ব্যাপার আসিয়া যাইতে পারে যে, মহানবী (সাঃ)-এর মত মহামহিম ব্যক্তিত্ব এক মাসের জন্য সকল স্ত্রী হইতে নিজেকে সম্পূর্ণ আলাদা রাখার মত কঠিন ব্রত অবলম্বনে প্রতিজ্ঞা করিলেন? আল্লাহ্‌র বাণীতে, মহানবী (সাঃ)-এর স্ত্রীগণকে কঠোর ভাষায় পরোক্ষভাবে শাসানো হইতেছে— “আল্লাহ্ই তাহার অভিভাবক এবং জিব্‌রাঈল এবং সকল সৎকর্মপরায়ণ মো’মেনও এবং ইহা ছাড়া সকল ফিরিশ্‌তাও (তাহার) পৃষ্ঠপোষক।’

عَسٰی رَبُّہٗۤ اِنۡ طَلَّقَکُنَّ اَنۡ یُّبۡدِلَہٗۤ اَزۡوَاجًا خَیۡرًا مِّنۡکُنَّ مُسۡلِمٰتٍ مُّؤۡمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓئِبٰتٍ عٰبِدٰتٍ سٰٓئِحٰتٍ ثَیِّبٰتٍ وَّاَبۡکَارًا ﴿۶﴾

৬
যদি সে তোমাদিগকে তালাক দেয়, তাহা হইলে অচিরেই তাহার প্রতিপালক তাহাকে তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উৎকৃষ্টতর স্ত্রী দান করবেন– আত্মসমর্পণকারিণী, মো’মেনা, অনুগতা, তওবাকারিণী, ইবাদতকারিণী, রোযা পালনকারিণী, বিধবা এবং কুমারী মহিলাগণ।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا قُوۡۤا اَنۡفُسَکُمۡ وَاَہۡلِیۡکُمۡ نَارًا وَّقُوۡدُہَا النَّاسُ وَالۡحِجَارَۃُ عَلَیۡہَا مَلٰٓئِکَۃٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعۡصُوۡنَ اللّٰہَ مَاۤ اَمَرَہُمۡ وَیَفۡعَلُوۡنَ مَا یُؤۡمَرُوۡنَ ﴿۷﴾

৭
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা নিজদিগকে এবং তোমাদের পরিবার-পরিজনদিগকে আগুন হইতে রক্ষা কর, যাহার ইন্ধন হইবে মানুষ এবং পাথর, উহার উপর নির্মম ও কঠোর ফিরিশ্‌তাগণ নিয়োজিত থাকিবে, আল্লাহ্ তাহাদিগকে যে আদেশ দেন উহাতে তাহারা তাঁহার অমান্য করে না এবং তাহারা উহাই করে যাহা তাহাদিগকে আদেশ করা হয়।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ کَفَرُوۡا لَا تَعۡتَذِرُوا الۡیَوۡمَ ؕ اِنَّمَا تُجۡزَوۡنَ مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿٪۸﴾

৮
হে যাহারা অস্বীকার করিয়াছ! আজ তোমরা কোন ওজর-আপত্তি করিও না, তোমাদিগকে কেবল সেই কর্মেরই প্রতিফল দেওয়া হইতেছে যাহা তোমরা করিতে।
সূরা আত্‌ তাহ্‌রীম - রুকু ১

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا تُوۡبُوۡۤا اِلَی اللّٰہِ تَوۡبَۃً نَّصُوۡحًا ؕ عَسٰی رَبُّکُمۡ اَنۡ یُّکَفِّرَ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَیُدۡخِلَکُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۙ یَوۡمَ لَا یُخۡزِی اللّٰہُ النَّبِیَّ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ ۚ نُوۡرُہُمۡ یَسۡعٰی بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَبِاَیۡمَانِہِمۡ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَتۡمِمۡ لَنَا نُوۡرَنَا وَاغۡفِرۡ لَنَا ۚ اِنَّکَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۹﴾

৯
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা আল্লাহ্‌র সমীপে তওবা কর—খাঁটি তওবা। অচিরেই তোমাদের প্রতিপালক তোমাদের কর্মের অনিষ্টসমূহ তোমাদিগ হইতে দূরীভূত করিয়া দিবেন, এবং তোমাদিগকে এমন জান্নাতসমূহে প্রবিষ্ট করিবেন যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত থাকিবে, সেইদিন আল্লাহ্ এই নবীকে এবং তাহাদিগকে যাহারা তাহার সঙ্গে ঈমান আনিয়াছে, অপমানিত করিবেন না। তাহাদের নূর তাহাদের সম্মুখে এবং তাহাদের ডান দিকে ছুটতে থাকিবে; তাহারা বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণ কর,৩০৭৫ এবং আমাদিগকে ক্ষমা কর,৩০৭৬ নিশ্চয় তুমি সকল কিছুর উপর সর্বশক্তিমান।’
৩০৭৫। পরিপূর্ণতা লাভের অদম্য বাসনা বেহেশ্‌তেও মো’মেনগণের মনকে উদ্বেল করিয়া রাখিবে। “হে আমাদের প্রতিপালক আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণ কর”— বেহেশ্‌তে মো’মেনগণের এই প্রার্থনার মধ্যে এই তথ্যই প্রকাশ পায়। আরো প্রকাশ পায় যে, বেহেশ্‌তের জীবন কর্মহীন হইবে না, বরং বেহেশ্‌তী জীবন উদ্যম ও কর্মময় হইবে। কেননা, বেহেশ্‌তে আধ্যাত্মিক উন্নতির এক অন্তহীন পথ খুলিয়া যাইবে। অগ্রগতির ঊর্ধ্বতন এক স্তরে উপস্থিত হইয়া, তাহারা দেখিবে ইহাই শেষ স্তর নয়। উর্দ্ধে আরও স্তর রহিয়াছে, তখন তাহারা ঐ স্তরে পৌছাইবার জন্য আগে বাড়িবে। এমনি করিয়া উচ্চ হইতে উচ্চতর স্তর অতিক্রম করিতে করিতে মো’মেন অগ্রসরই হইতে থাকিবে—এই প্রক্রিয়া অনন্ত কাল ধরিয়া চলিতে থাকিবে, কখনও থামিবে না।
৩০৭৬। মো’মেনগণ বেহেশ্‌তে পৌঁছার পরে মাগফেরাত কামনা করিবে অর্থাৎ তাহাদের কমতি ও দোষ-ক্রুটি ঢাকিয়া রাখিবার জন্য আল্লাহ্‌র কাছে দোয়া করিবে (মাগফেরাত মানে ঢাকিয়া রাখা—লেইন)। তাহারা অবিরত আল্লাহ্‌র কাছে দোয়া করিতে থাকিবে, অধিকতর পূর্ণতা ও ঐশী জ্যোতিঃ লাভের জন্য। তাহারা আধ্যাত্মিক উন্নতি ও অগ্রগতির উচ্চ হইতে উচ্চতর মোকাম পাড়ি দিতে থাকিবেন। প্রত্যেক উচ্চতার পর আরো উচ্চতা দৃষ্ট হইতে থাকিবে। পূর্বতন অতিক্রান্ত উচ্চতাকে পরবর্তী উচ্চতার তুলনায় ত্রুটিপূর্ণ মনে হইবে এবং ত্রুটিপূর্ণতাকে ঢাকিয়া ফেলার জন্য বেহেশ্‌তীগণ আল্লাহ্‌র কাছে প্রার্থনা করিতে থাকিবেন। যাহাতে ত্রুটিহীন উর্দ্ধস্তর লাভ সম্ভব হয়। ‘ইসতেগফার’ এর আসল তাৎপর্য ইহাই। অবশ্য ইহার শাব্দিক অর্থ “ত্রুটি-বিচ্যুতি ও পাপমুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা”।

یٰۤاَیُّہَا النَّبِیُّ جَاہِدِ الۡکُفَّارَ وَالۡمُنٰفِقِیۡنَ وَاغۡلُظۡ عَلَیۡہِمۡ ؕ وَمَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۱۰﴾

১০
হে নবী! তুমি কাফের এবং মোনাফেকদের বিরুদ্ধে জিহাদ কর৩০৭৭ এবং তাহাদের ব্যাপারে কঠোর হও; বস্তুতঃ তাহাদের বাসস্থান হইতেছে জাহান্নাম, এবং কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল!
৩০৭৭। কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে সংগ্রাম ও পূর্ণ প্রচেষ্টা না চালাইয়া অগ্রগতি সাধন করা সম্ভব নয়। ঘটনাক্রমে, এই আয়াতে, ‘জিহাদ’ শব্দের আসল অর্থ ও তাৎপর্য তথা চরম মাত্রার প্রচেষ্টা চালানো প্রকাশ পাইয়াছে। কারণ মোনাফেকরা মুসলিম সমাজেরই একটি অংশ বিশেষ ছিল। তাহাদের বিরুদ্ধে কখনও তলোয়ারের যুদ্ধ করা হয় নাই।