الأحزاب
Al-Ahzab
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৪ আয়াত এবং ৯ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
এ সূরাটি মদীনায় অবতীর্ণ হয়েছিল। হিজরতের ৫ম বছর থেকে শুরু করে ৭ম বছর, এমনকি কারো কারো অভিমত অনুযায়ী হিজরি ৮ম ও ৯ম বছর পর্যন্ত এ সূরাটি অবতীর্ণ হয়। এ বিষয়ের সত্যতা প্রমাণ করার মতো যথেষ্ট অভ্যন্তরীণ প্রমাণাদিও রয়েছে। পূর্ববর্তী কয়েকটি সূরায় বার বার অত্যন্ত জোরালো ভাষায় এই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, ইসলাম ক্রমাগত উন্নতির দিকে ধাবিত হবে এবং এর বর্তমান দুর্বলতা অতিক্রম করে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে। আর এই অগ্রগতি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সমস্ত আরবে ইসলামের বাণীকে গ্রহণ করা হবে এবং যতক্ষণ পর্যন্ত না পৌত্তলিকতার বিলুপ্তি এমনভাবে ঘটবে যেন তা আর কখনোই ফিরে আসতে না পারে। আলোচ্য সূরার অব্যবহিত আগের সূরা আস-সাজদায় বলা হয়েছিল, অচিরেই মুসলমানদেরকে সর্বপ্রকার জাগতিক সম্পদ ও বস্তুগত উন্নতির উপকরণাদি দেওয়া হবে। অতঃপর উক্ত সূরার শেষের দিকে কাফিরদের বিদ্রূপাত্মক একট প্রশ্নের উল্লেখ করা হয়েছে যেখানে তারা জানতে চেয়েছিল, ইসলামের বিজয় ও অগ্রগতি সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এর পূর্ণতা কখন হবে? এর উত্তরে অত্যন্ত বলিষ্ঠ ভাষায় বর্তমান সূরাটিতে জানানো হয়েছে যে, ইসলামের বিজয় ও সাফল্য-সংক্রান্ত ভবিষ্যদ্বাণী ইতোমধ্যেই পূর্ণতা লাভ করেছে এবং ইসলাম একটি বিরাট শক্তি হিসাবেও ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।
একটি রাজনৈতিক শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা এবং একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থা হিসাবে ইসলামের উত্তরণের পর শরীয়তের বিধিবিধান বেশ দ্রুত হারে একটির পর একটি অবতীর্ণ হতে থাকে, যেন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে মুসলমানদেরকে নির্দেশ দেওয়া যায়। বর্তমান সূরাটিতে এ ধরনের একাধিক বিধিবিধান অন্তর্ভুক্ত রয়েছে। শুরুতেই এটি আরব সমাজে প্রচলিত দীর্ঘদিনের একটি কুপ্রথাকে রহিত করেছে। আর এই বদ্ধমূল প্রথাটি ছিল, অন্যের পুত্রকে একেবারে নিজের পুত্র হিসাবেই গ্রহণ করা। অতঃপর উল্লেখ করা হয়েছে মুসলমানদের সাথে হযরত মুহাম্মদ (সা.)-এর আধ্যাত্মিক সম্পর্কের স্বরূপ কী এবং বাস্তব ক্ষেত্রেই তা কতটুকু গভীর ও যথার্থভাবে বিদ্যমান তা বুঝানো হয়েছে। বস্তুত নবী হিসাবে তিনি তাঁর উম্মতের নিকট আধ্যাত্মিক পিতা আর সেই দিক দিয়ে তাদের নিজ সত্তা অপেক্ষাও নবী মুহাম্মদ (সা.)-এর সত্তা তাদের অধিকতর নিকটবর্তী আর তাঁর স্ত্রীরা হচ্ছে মুমিনদের আধ্যাত্মিক মাতা। অতঃপর সূরাটিতে খন্দক যুদ্ধের কিছুটা বর্ণনা দেওয়া হয়েছে। এ যুদ্ধ ছিল সে সময় পর্যন্ত অনুষ্ঠিত শত্রুর সাথে মুখোমুখি যুদ্ধের মধ্যে সর্বাপেক্ষা ভয়াবহ। সমস্ত আরব যেন একাত্ম হয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এবং তাদের ১০,০০০ থেকে ২০,০০০-এর মতো এক সুসজ্জিত ও শক্তিশালী বাহিনী মদীনার উপকণ্ঠে গিয়ে হাজির হয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল খুবই নগণ্য (১২০০-এর মতো), যদিও কোনো কোনো লেখকের বর্ণনানুযায়ী নারী-পুরুষ ও শিশু মিলিয়ে যারা পরিখা খননের কাজে অংশগ্রহণ করেছিলেন তাদের সম্মিলিত সংখ্যা ছিল ৩০০০ এর কাছাকাছি। কাজেই সৈন্যসংখ্যার বিবেচনায় এ যুদ্ধ ছিল খুবই অসম। তদুপরি মুসলমানরা ছিল নিদারুণ দুঃখকষ্টের মধ্যে নিপতিত, কিন্তু আল্লাহ নিজ সৈন্যদল অর্থাৎ ফেরেশতাদেরকে প্রেরণ করলেন এবং শত্রুপক্ষের শক্তিশালী বাহিনী ছত্রভঙ্গ ও পর্যুদস্ত হয়ে পলায়ন করল। পরবর্তী কয়েকটি আয়াতে বলা হয়েছে, একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে-রূপ একনিষ্ঠ অনুসারীরও অভাব থাকে না, তেমনই কিছু কিছু দুর্বলচেতা বিশ্বাসী এবং মুনাফিক লোকও পরিলক্ষিত হয়ে থাকে। এসব মুনাফিকরা বেশ জোরগলায় নিজেদেরকে খাঁটি অনুসারী বলে ব্যক্ত করে, কিন্তু নবী করীম (সা.)-এর সময়ে যখন মদীনা শত্রু কর্তৃক আক্রান্ত হলো তখন এসব মুনাফিকরা অত্যন্ত বাজে ওজর দেখিয়ে মুসলমানদের পক্ষে যুদ্ধ করা থেকে বিরত থাকল। তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করল। এদের মধ্যে বনু কুরায়যা গোত্রই ছিল প্রথম যারা তাদের চুক্তির শর্ত ভঙ্গ করে এবং মুসলমানরা যখন চারদিক দিয়ে শত্রু কর্তৃক আক্রান্ত এবং ইসলামের ভবিষ্যতও অনেকটা অনিশ্চিত তখন তারা মুসলমানদের পক্ষ ত্যাগ করে। শত্রুর সম্মিলিত বাহিনী ছত্রভঙ্গ হয়ে পলায়নের পর নবী করীম (সা.) এ গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন।
খন্দকের যুদ্ধ যখন শেষ হলো, বনু কুরায়যা গোত্রকে যখন নির্বাসন দেওয়া হলো তখন মুসলমানদের হাতে প্রচুর পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ এসে জমা হলো। এক নিতান্ত অসহায় ও আর্থিকভাবে দরিদ্র অবস্থা থেকে মুসলমানরা হঠাৎ ধনী, শক্তিশালী ও এক উন্নতিশীল জাতিতে পরিণত হলো। বস্তুগত প্রাচুর্যের স্বাভাবিক পরিণতি হলো, এর ফলে মানুষ পার্থিব মনোভাবসম্পন্ন হয় এবং আরাম-আয়েশের দিকে ঝুঁকে পড়ে আর পূর্বে তার মধ্যে সেবা ও ত্যাগের যে প্রবণতা ছিল তাতে অনেকটা অনীহা দেখা দেয়। এটা এমন ধরনের একটা বিষয় যার মোকাবিলায় আল্লাহর তরফ থেকে প্রেরিত যে-কোনো সংস্কারককে বিশেষভাবে সতর্ক থাকতে হয়। সাধারণত এই ধরনের আরামপ্রিয়তা পারিবারিক পরিসরে প্রথম পরিলক্ষিত হয়ে থাকে। পরবর্তীতে নবী করীম (সা.)-এর পরিবারের সদস্যদের যেহেতু সামাজিক আচরণের ক্ষেত্রে নমুনা বা আদর্শ স্থাপন করতে হবে, তাই এটা অত্যন্ত যুক্তিসংগত বিষয় যে, প্রথমেই জীবনযাপনের ব্যাপারে তাদের পক্ষে স্বার্থ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। এ উদ্দেশ্যে হযরত রসূল করীম (সা.)-এর পত্নীদেরকে (রা.) আহ্বান জানানো হয়েছিল যে, একদিকে পার্থিব আরাম-আয়েশ এবং অন্যদিকে নবী করীম (সা.)-এর সহজ, সাদামাটা এবং কষ্টকর জীবনের মধ্যে কোনটিকে তাঁরা বরণ করে নেবেন? তাৎক্ষণিকভাবে নবী করীম (সা.)-এর পত্নীরা এ ব্যাপারে তাদের মনোভাব ব্যক্ত করেন এবং নবীজী (সা.)-এর সাহচর্যকেই তারা পছন্দ করে নেন। নবী করীম (সা.)-এর স্ত্রীদের তাই বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়, যেন দয়া ও ধার্মিকতার কাজে তারা এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেন, যা আল্লাহর শ্রেষ্ঠতম নবীর সহধর্মিণী হিসাবে তাঁদের জন্য যথাযোগ্য এবং তাঁদের সম্মান ও সুউচ্চ পদমর্যাদা রক্ষা আর মুসলমানদের ধর্ম-সংক্রান্ত বিষয়াদি শিক্ষা দেবার জন্য একান্ত জরুরি।
অতঃপর সূরাটিতে হযরত যায়েদ (রা.)-এর সাথে বিবি যয়নব (রা.)-এর বিয়ে সংক্রান্ত বিষয়টির উল্লেখ করা হয়েছে। এই বিয়ের ব্যর্থতা ও পরবর্তী পর্যায়ে হযরত রসূল করীম (সা.)-এর সাথে বিবি যয়নবের বিয়ের মাধ্যমে দ্বিবিধ উদ্দেশ্য সাধিত হয়েছে। বিবি যয়নব (রা.) ছিলেন হযরত মুহাম্মদ (সা.)-এর ফুফাতো বোন এবং জন্মসূত্রে এক অতি সম্ভ্রান্ত আরব মহিলা। স্বাভাবিকভাবেই তাঁর কৌলীন্য ও উচ্চ সামাজিক পদমর্যাদার ব্যাপারে বেশ গর্বিত থাকার কথা আর অন্যদিকে যায়েদ (রা.) ছিলেন একজন মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস। এ বিয়ের মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.) তৎকালীন আরব সমাজে প্রচলিত ঘৃণ্য সামাজিক বৈষম্য ও শ্রেণিবিভেদ প্রথার মূলোৎপাটন করতে চেয়েছিলেন, কেননা ইসলামী মতে আল্লাহর দৃষ্টিতে সকল মানুষই স্বাধীন ও সমান। তারপর সূরাটিতে একটি অমূলক আশঙ্কার নিরসন করা হয়েছে, যা দত্তকপুত্র প্রথা নিরসন করায় বিরুদ্ধবাদীদের মনে সংক্রমিত হয়েছিল। তা হচ্ছে, নবী করীম (সা.)-এর কোনো পুত্রসন্তান না থাকায় তিনি অপুত্রক হিসাবে মারা যাবেন এবং তাঁর কোনো উত্তরসূরি না থাকাতে ইসলামও ধীরে ধীরে ম্লান হয়ে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। সূরাটিতে বলা হয়েছে, আল্লাহ তা’লার নিজস্ব পরিকল্পনা এটাই ছিল যে, হযরত মুহাম্মদ (সা.)-এর দৈহিক কোনো পুত্রসন্তান থাকবে না; কিন্তু এর অর্থ এই নয় যে, তিনি নিঃসন্তান থাকবেন, কেননা বিশ্বনবী হিসাবে তিনি সকল মানবজাতির আধ্যাত্মিক পিতা। এই দাবির বাস্তব প্রমাণ হিসাবে সকল যুগেই তাঁর (সা.) অনুগত এক অত্যন্ত বিশ্বস্ত ও আল্লাহভীরু সম্প্রদায় থাকবে, যারা তাঁর আধ্যাত্মিক সন্তান হবে। সূরাটিতে আরো বলা হয়েছে, যেহেতু হযরত মুহাম্মদ (সা.) সকল বিশ্বাসীর আধ্যাত্মিক পিতা, সেই হিসাবে তাঁর স্ত্রীরাও তাঁদের আধ্যাত্মিক মাতা। সুতরাং নবীজী (সা.)-এর মৃত্যুর পর তাঁর স্ত্রীদেরকে বিয়ে করা এক জঘন্য পাপ। অপরদিকে হযরত মুহাম্মদ (সা.)-কে নির্দেশ দেওয়া হয়েছে যেন তিনি তাঁর বর্তমান স্ত্রীদের কাউকে তালাক না দেন এবং নতুন কোনো স্ত্রী-ও গ্রহণ না করেন। নবী করীম (সা.)-এর পত্নীদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা বিশ্বাসীদের মাতা (উম্মুল মুমিনীন) হিসাবে নিজেদের মানসম্ভ্রম বজায় রাখার দিকে খেয়াল রাখেন এবং ঘরের বাইরে যাবার সময় তাদের বহিরাবরণ ও দেহের পরিধেয় পোশাকের ব্যাপারে কিছু নিয়মনীতি মেনে চলেন। এ বিষয়টিই হলো নারীদের পর্দা-সংক্রান্ত নির্দেশ এবং যদিও নবীজী (সা.)-এর পত্নীদেরকে সম্বোধন করে এই নির্দেশ দেওয়া হয়েছে, তথাপি সকল মুসলিম নারীর জন্য এটি সমানভাবে প্রযোজ্য। সূরাটির শেষের দিকে মানুষের সৃষ্টির মহৎ উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, আল্লাহ তা’লার সকল সৃষ্টির মধ্যমণি ও মুকুট হিসাবে মানুষের দায়িত্বও অত্যন্ত মহান। এজন্য মানুষের প্রকৃতিতে এরূপ সামর্থ্য দেওয়া হয়েছে যা অন্য কোনো প্রাণিকে দেওয়া হয় নি। বস্তুত সকল সৃষ্টির মধ্যে একমাত্র মানুষেরই এই ক্ষমতা রয়েছে যে, সে শরীয়তের বিধিবিধান মেনে চলতে এবং নিজ সত্তায় আল্লাহ তা’লার গুণাবলির প্রতিফলন ঘটিয়ে নিজেকে আল্লাহর গুণে গুণান্বিত করতে সক্ষম।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا النَّبِیُّ اتَّقِ اللّٰہَ وَلَا تُطِعِ الۡکٰفِرِیۡنَ وَالۡمُنٰفِقِیۡنَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا ۙ﴿۲﴾
وَّاتَّبِعۡ مَا یُوۡحٰۤی اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا ۙ﴿۳﴾
وَّتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَکِیۡلًا ﴿۴﴾
مَا جَعَلَ اللّٰہُ لِرَجُلٍ مِّنۡ قَلۡبَیۡنِ فِیۡ جَوۡفِہٖ ۚ وَمَا جَعَلَ اَزۡوَاجَکُمُ الّٰٓئِیۡ تُظٰہِرُوۡنَ مِنۡہُنَّ اُمَّہٰتِکُمۡ ۚ وَمَا جَعَلَ اَدۡعِیَآءَکُمۡ اَبۡنَآءَکُمۡ ؕ ذٰلِکُمۡ قَوۡلُکُمۡ بِاَفۡوَاہِکُمۡ ؕ وَاللّٰہُ یَقُوۡلُ الۡحَقَّ وَہُوَ یَہۡدِی السَّبِیۡلَ ﴿۵﴾
اُدۡعُوۡہُمۡ لِاٰبَآئِہِمۡ ہُوَ اَقۡسَطُ عِنۡدَ اللّٰہِ ۚ فَاِنۡ لَّمۡ تَعۡلَمُوۡۤا اٰبَآءَہُمۡ فَاِخۡوَانُکُمۡ فِی الدِّیۡنِ وَمَوَالِیۡکُمۡ ؕ وَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ فِیۡمَاۤ اَخۡطَاۡتُمۡ بِہٖ ۙ وَلٰکِنۡ مَّا تَعَمَّدَتۡ قُلُوۡبُکُمۡ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۶﴾
اَلنَّبِیُّ اَوۡلٰی بِالۡمُؤۡمِنِیۡنَ مِنۡ اَنۡفُسِہِمۡ وَاَزۡوَاجُہٗۤ اُمَّہٰتُہُمۡ ؕ وَاُولُوا الۡاَرۡحَامِ بَعۡضُہُمۡ اَوۡلٰی بِبَعۡضٍ فِیۡ کِتٰبِ اللّٰہِ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُہٰجِرِیۡنَ اِلَّاۤ اَنۡ تَفۡعَلُوۡۤا اِلٰۤی اَوۡلِیٰٓئِکُمۡ مَّعۡرُوۡفًا ؕ کَانَ ذٰلِکَ فِی الۡکِتٰبِ مَسۡطُوۡرًا ﴿۷﴾
وَاِذۡ اَخَذۡنَا مِنَ النَّبِیّٖنَ مِیۡثَاقَہُمۡ وَمِنۡکَ وَمِنۡ نُّوۡحٍ وَّاِبۡرٰہِیۡمَ وَمُوۡسٰی وَعِیۡسَی ابۡنِ مَرۡیَمَ ۪ وَاَخَذۡنَا مِنۡہُمۡ مِّیۡثَاقًا غَلِیۡظًا ۙ﴿۸﴾
لِّیَسۡـَٔلَ الصّٰدِقِیۡنَ عَنۡ صِدۡقِہِمۡ ۚ وَاَعَدَّ لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا اَلِیۡمًا ﴿٪۹﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اذۡکُرُوۡا نِعۡمَۃَ اللّٰہِ عَلَیۡکُمۡ اِذۡ جَآءَتۡکُمۡ جُنُوۡدٌ فَاَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ رِیۡحًا وَّجُنُوۡدًا لَّمۡ تَرَوۡہَا ؕ وَکَانَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرًا ۚ﴿۱۰﴾