الإخلاص
Al-Ikhlas
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫ আয়াত ও ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
হযরত হাসান, ইকরামা, সর্বোপরি প্রথম দিকের সর্বজন শ্রদ্ধেয় সাহাবী হযরত ইবনে মাসউদ (রা.)-এর মতে এ সূরা প্রাথমিক পর্যায়ের মক্কী সূরা, কিন্তু হযরত ইবনে আব্বাস (রা.), যিনি বয়সে হযরত ইবনে মাসউদ (রা.)-এর চেয়ে অনেক ছোটো অথচ শিক্ষাদীক্ষায় অগ্রগণ্য, তিনি মনে করেন, এটি মদীনাতে অবতীর্ণ হয়েছিল। এরূপ অতি সম্মানিত দুইজন সাহাবীর মধ্যে মতানৈক্য দেখে তফসীরকারদের অনেকে এ অভিমত ব্যক্ত করেছেন, এ সূরাটি দুবার অবতীর্ণ হয়েছিল, প্রথমে মক্কাতে এবং পরে মদীনাতে। প্রাচ্যবিদ মুইর একে প্রথম দিকের মক্কী সূরা বলে স্থান দেন, আর নলডিকি নুবওয়তের চতুর্থ বছরকালীন সূরা বলে মনে করেন। সূরাটির বিষয়বস্তুর গুরুত্বের কারণে একে বহু নামে আখ্যায়িত করা হয়েছে। তন্মধ্যে প্রসিদ্ধ নামগুলো হলো: আত-তাফরীদ, আত-তাজরীদ, আত-তাওহীদ, আল-ইখলাস, আল-মারিফা, আস-সামাদ, আন-নূর ইত্যাদি। এ সূরাটি যেহেতু ইসলামের মৌলিক বিশ্বাস ‘তওহীদ’ অর্থাৎ আল্লাহর একত্বকে অতি সংক্ষেপে চমৎকারভাবে এবং সার্থকরূপে বিবৃত করেছে সেহেতু মহানবী (সা.) একে কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলে অভিহিত করেছেন (মাআনী)। হযরত আয়েশা (রা.) বলেছেন, নবী করীম (সা.) রাতে ঘুমাতে যাবার পূর্বে এ সূরা এবং পরবর্তী শেষ দুটি সূরা অন্তত তিন বার করে পাঠ করতেন (দাউদ)। সূরাটির শিরোনাম ‘ইখলাস’ দেওয়া হয়েছে এ কারণে, এ সূরাটি গভীর মনোযোগের সাথে পড়লে মনে আল্লাহ তা’লার প্রতি গভীর আগ্রহ ও আকর্ষণের সৃষ্টি হয় এবং অনুরাগ ও ভালোবাসা জন্মায়। যে বিষয়টি বিশেষ অনুধাবনযোগ্য ও অধিক গুরুত্ববহ তা হলো, ‘সূরা ফাতিহা’ যেমন সমগ্র কুরআনের সংক্ষিপ্ত সারমর্ম, এ সূরাটিও তেমনই পরবর্তী দুটি সূরার সাথে একত্রে সূরা ‘ফাতিহা’-র বিষয়বস্তুকেই কুরআনের সমাপ্তি পর্বে পুনর্ব্যক্ত করছে। এ সূরা আল্লাহ তা’লার চারটি অনতিক্রম্য ও অননুকরণীয় গুণের উল্লেখ করেছে, পক্ষান্তরে সূরা ফাতিহায় আল্লাহর চারটি সাদৃশ্যাত্মক অনুকরণীয় প্রধান গুণ বর্ণিত হয়েছে।
** এটি অত্যন্ত সংক্ষিপ্ত একটি সূরা হলেও এতে সেসব সুমহান বিজয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা খ্রিষ্টধর্মের বিরুদ্ধে ইসলাম অর্জন করবে। আর এতে এ ঘোষণাও দেওয়া হয়েছে যে, আল্লাহ কারো পিতা নন আর তাঁর কোনো সন্তানও নাই। এই একটি বাক্যের মাধ্যমে ত্রিত্ববাদী খ্রিষ্টধর্মের প্রাসাদ ধূলিসাৎ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তা’লার যদি কোনো পিতা না থাকে, তবে তাঁর মাঝে কারো পিতা হবার গুণ আসবে কীভাবে? আর হযরত ঈসা (আ.)- যাকে আল্লাহর ঔরসজাত পুত্র হিসাবে বর্ণনা করা হয়, তিনি নিজের পিতার গুণাবলি কেন ধারণ করলেন না? আর পিতা যদি কোনো পুত্রসন্তানের জন্ম দিয়ে থাকেন, তবে সেই পুত্রসন্তান পরবর্তীতে কোনো পুত্রসন্তানের জন্ম দিলেন না কেন? অতঃপর বর্ণনা করা হয়েছে, আল্লাহ তা’লার কোনো ‘কুফুভ’ (তথা সমকক্ষ) নাই। ফলে এ ধরনের নিরর্থক কথাবার্তায় মহান আল্লাহর অসম্মান করা ছাড়া অন্য কোনো ফলাফল বের হবে না।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
قُلۡ ہُوَ اللّٰہُ اَحَدٌ ۚ﴿۲﴾
اَللّٰہُ الصَّمَدُ ۚ﴿۳﴾
لَمۡ یَلِدۡ ۬ۙ وَلَمۡ یُوۡلَدۡ ۙ﴿۴﴾
وَلَمۡ یَکُنۡ لَّہٗ کُفُوًا اَحَدٌ ﴿٪۵﴾