১১২

الإخلاص

সূরা আল-ইখলাস

Al-Ikhlas

মক্কী ৫ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫ আয়াত ও ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

قُلۡ ہُوَ اللّٰہُ اَحَدٌ ۚ﴿۲﴾

২
তুমি বলো,৩৪৬৩ কদেখুন: ১৬:২৩; ২২:৩৫; ৫৯:২৩‘তিনিই৩৪৬৪ আল্লাহ৩৪৬৫ এক-অদ্বিতীয়।৩৪৬৬
৩৪৬৩। ‘কুল’ (বলো বা ঘোষণা করো) শব্দটি দ্বারা এখানে আল্লাহ তা’লা মুসলমানদের জন্য একটি স্থায়ী আদেশ জারি করেছেন: হে মুসলিমরা! তোমরা স্থায়ীভাবে ঘোষণা করতে থাকো, ‘আল্লাহ এক-অদ্বিতীয়’।
৩৪৬৪। ‘হুয়া’ (তিনি, সে) এখানে ‘যমীরুশ শান’ রূপে ব্যবহৃত হয়েছে। যে কারণে ‘হুয়া’ অর্থ এটাই সত্য। সব মিলিয়ে এস্থলে শব্দটির তাৎপর্য হলো, মানুষের মনের প্রকৃতিই এ সত্যের সাক্ষ্য দেয়, আল্লাহ আছেন এবং তিনি এক-অদ্বিতীয়।
৩৪৬৫। ‘আল্লাহ’ নামটি কুরআনে পরম সত্তার একক নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। আরবী ভাষায় এ শব্দটি কখনো অন্য কোনো বস্তু বা সত্তার জন্য ব্যবহার করা হয় নি। আল্লাহ নামটি কোনো গুণবাচক বা বর্ণনামূলক নাম নয়, বরং এটা তাঁর মৌলিক নাম (টীকা ৩ দেখুন)।
৩৪৬৬। ‘আহাদ’ একটি বিশেষণ যা একমাত্র আল্লাহর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এর অর্থ এক, একক, যিনি সর্বদাই এক-অদ্বিতীয় ছিলেন, আছেন ও থাকবেন, যাঁর কোনো অংশীদার নাই এবং যাঁর মৌলিক গুণাবলিতেও কোনো অংশীদার নাই, যাঁর ব্যক্তিত্বে ও সত্তায় দ্বিতীয়ের কোনো সমকক্ষতা নাই (লেইন)। ‘আহাদ’ শব্দটি দ্বারা আল্লাহর সত্তার এরূপ একত্বকে বুঝায় যে, দ্বিতীয়ের ধারণাই নির্মূল করে দেয়। আর ‘ওয়াহিদ’ শব্দটি দ্বারা আল্লাহর গুণাবলির অনন্যতা ও অতুলনীয়তা বুঝায়। অতএব ‘আল্লাহু ওয়াহিদুন’-এর তাৎপর্য হবে, আল্লাহ সেই মহান সত্তা- যিনি সকল সৃষ্টির আদি উৎস। আর ‘আল্লাহু আহাদুন’ এর তাৎপর্য হলো, আল্লাহ সেই মহান সত্তা- যিনি এমনইভাবে সম্পূর্ণ এক ও একাকী যে, তাঁর কথা ভাবার বা চিন্তা করার সময় আমাদের মনে অন্য কোনো বস্তু বা সত্তার কথা সম্পূর্ণ অনুপস্থিত থাকে। তাই সকল দিক দিয়েই এবং সকল অর্থেই তিনি এক-অদ্বিতীয়। তিনি কোনো শিকলের (বা কার্যকারণের) শুরুর কড়াও নন এবং শেষ কড়াও নন। তাঁর মতো কিছুই নাই এবং তিনিও কোনোকিছুরই মতো নন। এরূপই হলেন ‘আল্লাহ’- যে-রূপে পবিত্র কুরআন তাঁকে মানুষের সামনে উপস্থাপন করেছে।

اَللّٰہُ الصَّمَدُ ۚ﴿۳﴾

৩
আল্লাহ স্বয়ংসম্পূর্ণ ও সর্বনির্ভরস্থল।৩৪৬৭
৩৪৬৭। ‘সামাদ’ অর্থ সে সত্তা যার ওপর সকলেই ও সবকিছুই নির্ভরশীল, যাঁর প্রতি আনুগত্য দেখানো ছাড়া গত্যন্তর নাই, যাঁকে ছাড়া কোনো কাজই সম্পাদিত হতে পারে না, এমন ব্যক্তি বা স্থান যার ওপর কেউ বা কিছুই নাই। ‘সামাদ’ আল্লাহ তা’লার গুণবাচক নাম যার অর্থ সেই সর্বোচ্চ সত্তা যাঁর ওপর নিজ নিজ প্রয়োজন মেটানোর জন্য সকলকেই নির্ভর করতে হয়। সকলেই এবং সবকিছুই তাঁর ওপর নির্ভরশীল, কিন্তু তিনি এক এবং একা হওয়া সত্ত্বেও স্বয়ংসম্পূর্ণ, স্বনির্ভর ও সকলের আশ্রয়দাতা। সবকিছুর অস্তিত্ব বিলুপ্ত হবার পরও তিনি চিরস্থায়ীভাবে অস্তিত্বমান থাকবেন, তাঁর ওপর কেউই নাই (লেইন)। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছিল, আল্লাহ এক-অদ্বিতীয়। এ আয়াতটি তা প্রমাণ করছে এবং যুক্তি উপস্থাপন করছে, বিশ্বজগৎ ও জীবজন্তু ইত্যাদি সবকিছুই আল্লাহর ওপর নির্ভর করে বাঁচে বা অস্তিত্বে টিকে থাকে। এছাড়া তিনি এমনই স্বাধীন ও স্বনির্ভর যে, কাউকে এবং কোনোকিছুকেই তাঁর কোনো প্রয়োজন হয় না। তিনি সকল প্রয়োজনের ঊর্ধ্বে। বিশ্বজগৎ সৃষ্টি করতে তাঁর না কোনো জীবজগতের সাহায্য নিতে হচ্ছে, না জড়বস্তুর। অপরদিকে বিশ্বজগতে এমন কিছুই নাই যা স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর, এমনকি অণুপরমাণুও নয়। কোনোকিছুই একাকী বাঁচে না বা টিকে থাকে না, বরং অন্য কিছুর ওপর নির্ভর করে টিকে থাকে। কেবল আল্লাহই একমাত্র সত্তা যিনি জীব বা বস্তুর ওপর নির্ভর করেন না। তিনি ধারণার ও কল্পনারও বহু ঊর্ধ্বে এবং তাঁর গুণাবলির কোনো সীমাপরিসীমা নাই।

لَمۡ یَلِدۡ ۬ۙ وَلَمۡ یُوۡلَدۡ ۙ﴿۴﴾

৪
তিনি কাউকে জন্ম দেন নি এবং তাঁকেও জন্ম দেওয়া হয় নি।৩৪৬৮
৩৪৬৮। আল্লাহ তা’লাকে পূর্ববর্তী আয়াতে ‘সামাদ’ (স্বাধীন, সর্বাধিপতি, স্বনির্ভর এবং অন্য সবকিছুরই ভরসাস্থল) বলা হয়েছে। এ গুণটি তাঁর একত্বকে বা ‘আহাদ’ হওয়াকে প্রতিপন্ন করে। এ আয়াতে বলা হয়েছে, তিনি জন্ম দেন না জন্মগ্রহণও করেন নি অর্থাৎ তিনি এমন এক মহান অস্তিত্ব- যিনি অজাত ও সর্বজন্ম পরিহারী। এতে তিনি যে ‘সামাদ’ (প্রয়োজনের ঊর্ধ্বে), তা-ই প্রতিপন্ন হয়, কেননা যে প্রয়োজনের অধীন সে অপরের সাহায্য ছাড়া স্বীয় প্রয়োজন মেটাতে সক্ষম নয় এবং তার আরাধ্য কার্যসম্পন্ন করার জন্য তার মৃত্যুর পরও তার কাজ চালিয়ে যাবার জন্য কেউ থাকা প্রয়োজন। প্রাকৃতিক নিয়ম এটাই, যারা জন্ম দেয় ও জন্ম নেয় তারা মৃত্যুর অধীন ও প্রয়োজনের অধীন। আল্লাহ কারো স্থলবর্তী উত্তরাধিকারীরূপে আসেন নি এবং কেউ তাঁর উত্তরাধিকারী হবে না। সর্বগুণে তিনি পরিপূর্ণভাবে গুণান্বিত, চিরস্থায়ী, চিরবিরাজমান, একচ্ছত্র অধিপতি তিনিই।

وَلَمۡ یَکُنۡ لَّہٗ کُفُوًا اَحَدٌ ﴿٪۵﴾

৫
কদেখুন: ১৭:১১২; ১৯:৯৩; ২৫:৩; ৩৭:১৫৩আর তাঁর সমতুল্য অন্য কেউ নাই।৩৪৬৯খদেখুন: ৪২:১২
সূরা আল-ইখলাস - রুকু ১
৩৪৬৯। পূর্ববর্তী আয়াতসমূহের বক্তব্যের পরও আল্লাহর একত্ব সম্বন্ধে যদি সন্দেহের সামান্যতম অবকাশও থেকে যায়, তা নিরসনের জন্য এ আয়াতটি এসেছে। যদি স্বীকৃতও হয় যে আল্লাহ এক-অদ্বিতীয়, একচ্ছত্র ও সর্বতোভাবে স্বনির্ভর-স্বাধীন এবং যদি এ-ও স্বীকৃত হয়, তিনি জন্ম দেবার-নেবার ঊর্ধ্বে, তথাপি প্রশ্ন উত্থাপিত হতে পারে, তাঁর মতো সেসব গুণসম্পন্ন অন্য কেউ তো থাকতে পারে। আলোচ্য আয়াতটিতে এ সন্দেহ ও সম্ভাবনাকে দূর করা হয়েছে এবং বলা হয়েছে, আল্লাহর মতো অন্য কেউই নাই। মানুষের বিবেকও একথায় সায় দেয়। বিশ্বজগতের জন্য কেবল একজন সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক থাকার প্রয়োজন। মহাবিশ্বের নিয়মশৃঙ্খলা, যা এর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দেখতে পাওয়া যায় তা তো একথাই সুস্পষ্টভাবে প্রকাশ করে, একই নিয়মের অধীনে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। এ একই নিয়মশৃঙ্খলা প্রমাণ করে, এর সৃষ্টিকারীও একজনই (২১:২৩)। এভাবে সূরাটি বহুঈশ্বরবাদী বিশ্বাসের মূল উৎপাটিত করেছে যা অন্যান্য ধর্মগুলোতে কোনো না কোনোভাবে টিকে রয়েছে। দুই, তিন বা ততোধিক আল্লাহতে বিশ্বাস কিংবা আল্লাহর সঙ্গে সমান্তরালভাবে বস্তু ও আত্মার চিরঅবস্থিতি ইত্যাদি বিশ্বাস, যা অন্য ধর্মগুলোতে দেখতে পাওয়া যায়, এ আয়াতগুলো তার মূলে কুঠারাঘাত করেছে। এ সূরার আয়াতগুলোতে কুরআন বর্ণিত আল্লাহর যে পবিত্র ও সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হয়েছে, বিশ্বের অন্যান্য ধর্মগ্রন্থের ঈশ্বর সম্পর্কিত বর্ণনা এ সৌন্দর্য, পবিত্রতা, সত্যতা ও মাহাত্ম্যের ধারেকাছেও পৌঁছাতে পারে নি।