১১২

الإخلاص

সূরা আল্‌ ইখ্‌লাস

Al-Ikhlas

মক্কী ৫ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫ আয়াত এবং ১ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

قُلۡ ہُوَ اللّٰہُ اَحَدٌ ۚ﴿۲﴾

২
তুমি বল,৩৪৬৩ ‘তিনিই৩৪৬৪ আল্লাহ্‌৩৪৬৫ একক-অদ্বিতীয়।৩৪৬৬
৩৪৬৩। ‘কুল’ (বল বা ঘোষণা কর) শব্দটি দ্বারা এখানে আল্লাহ্‌তা’লা মুসলমানগণের উপর একটি স্থায়ী আদেশ জারী করিয়াছেনঃ ‘হে মুসলমানগণ, তোমরা স্থায়ীভাবে ঘোষণা করিতে থাক যে, ‘আল্লাহ্ এক-অদ্বিতীয়’ এবং এই ঘোষণা যেন কখনও না থামে।
৩৪৬৪। ‘হুয়া’ (তিনি, সে) এখানে ‘যমীরুশ্‌ শান’ রূপে ব্যবহৃত হইয়াছে যাহার কারণে ‘হুয়া’র অর্থ হইবে ‘সত্য ইহাই যে’। সব মিলাইয়া এস্থলে শব্দটির তাৎপর্য হইল, মানুষের মনের প্রকৃতিই এই সত্যের সাক্ষ্য দেয় যে, আল্লাহ্‌ আছেন তিনি এক-অদ্বিতীয়।
৩৪৬৫। সৃষ্টিকর্তা ও বিশ্ব-নিয়ন্তার স্বকীয় বিশিষ্ট নাম হইল ‘আল্লাহ্’। কুরআনে আল্লাহ্‌তা’লার অনেক নাম আসিয়াছে। ‘আল্লাহ্’ নামটি ছাড়া অন্য সবগুলি নামই গুণবাচক। এক একটি নাম তাঁহার এক একটি গুণের পরিচায়ক। কিন্তু ‘আল্লাহ্’ নামটি কোন গুণবাচক নাম নহে, বরং এই নামটির মধ্যেই সকল গুণবাচক নামের একত্রীভূত সমাহার ঘটিয়াছে। ইহাকে আমরা ‘সার্বিক’ নাম বা আসল ও মৌলিক নাম (ইস্‌মে আযম) বলিতে পারি। আরবীতে ‘আল্লাহ্’ শব্দটি কোন বস্তু বা জীবের জন্য ব্যবহৃত হয় না (টীকা ৩ দেখুন)।
৩৪৬৬। ‘আহাদ’ একটি বিশেষণ যাহা একমাত্র আল্লাহ্‌র ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ইহার অর্থ এক; একক; যিনি সর্বদাই এক-অদ্বিতীয় ছিলেন এবং অনন্তকাল এইরূপই থাকিবেন, যাঁহার একাধিপত্যে দ্বিতীয় অংশীদার নাই এবং যাঁহার মৌলিক গুণাবলীতেও দ্বিতীয় অংশীদার নাই; যাঁহার ব্যক্তিত্বে ও সত্তায় দ্বিতীয়ের কোন সমত্ব নাই (লেইন)। ‘আহাদ’ শব্দটি দ্বারা আল্লাহ্‌র ব্যক্তি-সত্তার এরূপ একত্বকে বুঝায় যে, দ্বিতীয়ের ধারণাই নির্মূল করিয়া দেয়। আর ‘ওয়াহিদ’ শব্দটি দ্বারা আল্লাহ্‌র গুণাবলীর অনন্যতা ও অতুলনীয়তা বুঝায়। অতএব, ‘আল্লাহু ওয়াহিদুন’ বাক্যটির তাৎপর্য হইবে, আল্লাহ্‌ সেই মহা পরাক্রমশালী সত্তা যিনি সকল সৃষ্টির আদি উৎস। এবং ‘আল্লাহু আহাদুন’ বাক্যটির অর্থ ও তাৎপর্য হইবে—আল্লাহ্‌ হইলেন সেই সত্তা যিনি এমনিভাবে সম্পূর্ণ এক ও একাকী যে তাঁহার কথা ভাবিবার বা চিন্তা করিবার সময়, আমাদের মনে অন্য কোন বস্তু বা সত্তার কথা সম্পূর্ণ অনুপস্থিত থাকে। তাই, সকল দিক দিয়াই এবং সকল অর্থেই তিনি এক-অদ্বিতীয়। তিনি কোন শিকলের প্রারম্ভিক কড়াও নহেন এবং শেষ কড়াও নহেন। তাঁহার মত কিছুই নাই এবং তিনিও কোন কিছুর মত নহেন। এইরূপই হইলেন ‘আল্লাহ্’ যেরূপে পবিত্র কুরআন তাঁহাকে উপস্থাপন করিয়াছে।

اَللّٰہُ الصَّمَدُ ۚ﴿۳﴾

৩
আল্লাহ্‌ স্বনির্ভর এবং সর্বনির্ভর-স্থল।৩৪৬৭
৩৪৬৭। ‘সামাদ’ অর্থ ঐ সত্তা যাহার উপর সকলেই ও সবকিছুই নির্ভরশীল; যাহার প্রতি আনুগত্য প্রদর্শন ব্যতীত গত্যন্তর নাই, যাহাকে ছাড়া কোন কাজই সম্পাদিত হইতে পারে না; এমন ব্যক্তি বা স্থান যাহার উপরে কেহ বা কিছুই নাই। ‘সামাদ’ আল্লাহ্‌তা’লার গুণবাচক নাম যাহার অর্থ হইল, সেই সর্বোচ্চ সত্তা যাহার উপর, নিজ নিজ প্রয়োজন মিটাইবার জন্য, সকলকেই নির্ভর করিতে হয়। সকলেই এবং সবকিছুই তাঁহার উপর নির্ভরশীল, কিন্তু তিনি এক এবং একা হওয়া সত্বেও স্বয়ং স্বনির্ভর ও সকলের আশ্রয়দাতা। সবকিছুর অস্তিত্ব বিলুপ্ত হওয়ার পরও তিনি চিরস্থায়ীভাবে অস্তিত্বমান রহিবেন; তাঁহার উপরে কেহই নাই (লেইন)। পূর্ববর্তী আয়াতে বলা হইয়াছিল যে, আল্লাহ্‌ এক-অদ্বিতীয়। এই আয়াতটি তাহা প্রমাণ করিল এবং যুক্তি উপস্থাপন করিল যে, বিশ্ব-চরাচর ও জীবজন্তু ইত্যাদি সবকিছুই আল্লাহ্‌র উপর নির্ভর করিয়া বাঁচে বা অস্তিত্বে টিকিয়া থাকে। কিন্তু তিনি এমনই স্বাধীন ও স্বনির্ভর যে, কাহাকেও এবং কোন কিছুকেও তাঁহার প্রয়োজন হয় না, তিনি সকল প্রয়োজনের উর্ধ্বে। বিশ্ব-জগত সৃষ্টি করিতে, না তাঁহার কোন জীব-জগতের সাহায্য নিতে হইয়াছে, না জড়বস্তুর। অপরদিকে, বিশ্ব-জগতে এমন কিছুই নাই যাহা স্বয়ং সম্পূর্ণ ও স্বনির্ভর; এমনকি অনু-পরমাণুও তদ্রুপ নহে। কোন কিছুই একাকী বাঁচে না বা টিকিয়া থাকে না, বরং অন্য কিছুর উপর নির্ভর করিয়া টিকিয়া থাকে। কেবলমাত্র আল্লাহ্‌ই একমাত্র সত্তা যিনি জীব বা বস্তুর উপর নির্ভর করেন না; তিনি ধারণার ও কল্পনার বহু উর্ধ্বে এবং তাঁহার গুণাবলীর কোন সীমা-পরিসীমা নাই।

لَمۡ یَلِدۡ ۬ۙ وَلَمۡ یُوۡلَدۡ ۙ﴿۴﴾

৪
তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাঁহাকেও জন্ম দেওয়া হয় নাই;৩৪৬৮
৩৪৬৮। আল্লাহ্‌তা’লাকে পূর্ববর্তী আয়াতে ‘সামাদ’ (স্বাধীন, সর্বাধিপতি, স্বনির্ভর এবং অন্য সবকিছুরই ভরসাস্থল) বলা হইয়াছে। এই গুণটি তাঁহার একত্বকে বা ‘আহাদ’ হওয়াকে প্রতিপন্ন করে। এই আয়াতে বলা হইয়াছে ‘তিনি জন্মদান করেন না, জন্মগ্রহণও করেন নাই’ ইহাতে তিনি যে ‘সামাদ’ (প্রয়োজনের উর্ধ্বে), উহাই প্রতিপন্ন হয়। কেননা, যে প্রয়োজনের অধীন, সে অপরের সাহায্য ব্যতিরেকে স্বীয় প্রয়োজন মিটাইতে সক্ষম নহে এবং তাহার আরদ্ধ কার্য সম্পন্ন করার জন্য তাহার মৃত্যুর পরও কেহ তাহার কাজ চালাইয়া যাওয়ার জন্য থাকা আবশ্যক। স্বাভাবিকভাবেই, যাহারা জন্ম নেয় ও জন্ম দেয়, তাহারা মৃত্যুর অধীন ও প্রয়োজনের অধীন। আল্লাহ্‌ কাহারও স্থলবতী উত্তরাধিকারীরূপে আসেন নাই এবং কেহ তাহার উত্তরাধিকারী হইবে না। সর্বগুণে তিনি পরিপূর্ণভাবে গুণান্বিত, চিরস্থায়ী, চির-বিরাজমান, একচ্ছত্র অধিপতি তিনি।

وَلَمۡ یَکُنۡ لَّہٗ کُفُوًا اَحَدٌ ﴿٪۵﴾

৫
এবং তাঁহার সমতুল্য কেহ নাই।৩৪৬৯
সূরা আল্‌ ইখ্‌লাস - রুকু ১
৩৪৬৯। পূর্ববর্তী আয়াতসমূহে বক্তব্যের পরেও, আল্লাহ্‌র একত্ব সম্বন্ধে যদি সন্দেহের সামান্যতম অবকাশও থাকিয়া যায়, তাহা নিরসনের জন্য এই আয়াতটি আসিয়াছে। যদি স্বীকৃতও হয় যে, আল্লাহ্ এক-অদ্বিতীয়, একচ্ছত্র ও সর্বতোভাবে স্বনির্ভর-স্বাধীন এবং যদি ইহাও স্বীকৃত হয় যে, তিনি জন্ম দেওয়া-নেওয়ার উর্ধ্বে, তথাপি প্রশ্ন উত্থাপিত হইতে পারে, তাঁহার মত ঐসব গুণ-সম্পন্ন অন্য কেহ তো থাকিতে পারে। আলোচ্য আয়াতটিতে এই সন্দেহ ও সম্ভাবনাকে দূরীভূত করা হইয়াছে এবং বলা হইয়াছে যে, আল্লাহ্‌র মত অন্য কেহই নাই। মানুষের বিবেকও এই কথায় সায় দেয় যে, সৃষ্টিকর্তা ও নিয়ন্তারূপে বিশ্ব-জগতের জন্য একজন প্রতিপালকই থাকা চাই। মহাবিশ্বের নিয়ম-শৃংখলা, যাহা ইহার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দেখিতে পাই, উহা তো এই কথাই সুস্পষ্টভাবে প্রকাশ করে যে, একটি সর্বব্যাপী নিয়মের অধীনে ইহা নিয়ন্ত্রিত হইতেছে। এই সর্বব্যাপী নিয়ম-শৃংখলা ও পরিকল্পনার একত্ব প্রমাণ করে ও ঘোষণা করে যে, ইহার সৃষ্টিকারীও একজনই (২১ঃ২৩)। এইভাবে, সূরাটি বহু ঈশ্বরবাদী বিশ্বাসের মূল উৎপাটিত করিয়াছে যাহা অন্যান্য ধর্মে কোন না কোনভাবে বা রূপে টিকিয়া রহিয়াছে। দুই, তিন বা ততোধিক আল্লাহ্‌তে বিশ্বাস কিংবা আল্লাহ্‌র সহিত সমান্তরালভাবে বস্তু ও আত্মার চির-অবস্থিতি ইত্যাদি বিশ্বাস যাহা অন্য ধর্মগুলিতে দেখিতে পাওয়া যায়, এই আয়াত উহার মূলে কুঠারাঘাত করিতেছে। এই সূরার আয়াতগুলিতে কুরআনে বর্ণিত আল্লাহ্‌র যে পবিত্র ও সংক্ষিপ্ত পরিচিতি-সংজ্ঞা দেওয়া হইয়াছে, বিশ্বের অন্যান্য ধর্মগ্রন্থের ঈশ্বর সম্পর্কিত বর্ণনা এই সংজ্ঞার সৌন্দর্য, পবিত্রতা, সত্যতা ও মাহাত্ম্যের ধারে কাছেও পৌঁছিতে পারে নাই।