২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

وَاِذۡ فَرَقۡنَا بِکُمُ الۡبَحۡرَ فَاَنۡجَیۡنٰکُمۡ وَاَغۡرَقۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ وَاَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ ﴿۵۱﴾

৫১
এবং (স্মরণ কর সেই সময়কে) যখন আমরা তোমাদের জন্য সাগরকে৮৯ বিভক্ত করিয়াছিলাম এবং তোমাদিগকে উদ্ধার করিয়াছিলাম এবং আমরা ফেরাউনের দলবলকে নিমজ্জিত করিয়াছিলাম, এমতাবস্থায় যে, তোমরা (ইহা) প্রত্যক্ষ করিতেছিলে।
৮৯। এই আয়াতের উল্লেখিত প্রসিদ্ধ ঘটনাটি সেই সময়ে ঘটিয়াছিল, যখন আল্লাহ্‌র নির্দেশক্রমে হযরত মূসা (আঃ) বনী ইসরাঈল জাতিকে ফেরাউনের কবল হইতে উদ্ধারের নিমিত্তে, ঐ জাতির সবাইকে নিয়া কেনান দেশের উদ্দেশ্যে রাত্রিযোগে মিশর ত্যাগ করিয়াছিলেন। বনী ইসরাঈল জাতি গোপনে রাত্রিযোগে মিশর হইতে পলায়ন করিয়াছে জানিতে পারিয়া ফেরাউন নিজের লোকজন ও সেনাবাহিনীসহ তাহাদের পশ্চাদ্ধাবন করিল এবং দলবল সহ লোহিত সাগরে নিমজ্জিত হইল। এই আয়াতে বর্ণিত ঘটনার প্রকৃতি ও তাৎপর্য পূর্ণভাবে হৃদয়ঙ্গম করিতে হইলে এবং ইহা যে আল্লাহ্‌তা’লার সাহায্যের এক বিরাট ও স্থায়ী নিদর্শনবিশেষ তাহা ভালরূপে বুঝিতে হইলে, এই আয়াতটির সাথে সংশ্লিষ্ট অন্যান্য আয়াত যথা ২০ঃ৭৮, ২৬ঃ৬২-৬৪, ৪৪ঃ২৫ মিলাইয়া পড়া দরকার। এই আয়াতগুলি পাঠে, নিম্নলিখিত সত্য উদঘাটিত হইয়া থাকে; (ক) যখন মূসা (আঃ) হস্তস্থিত লাঠিদ্বারা সমুদ্রজলে আঘাত করিলেন, যেরূপ কুরআনে বর্ণিত হইয়াছে, অথবা যখন মূসা (আঃ) সমুদ্রের দিকে হস্তকে প্রসারিত করিয়া তুলিয়া ধরিলেন, যেরূপে বাইবেলে বর্ণিত হইয়াছে, তখন সমুদ্রে ভাটার সময় ছিল, পানি দ্রুত কমিতেছিল এবং পারাপারের স্থানটি প্রায় শুকাইয়া গিয়াছিল; (খ) আল্লাহ্‌তা’লা মূসা (আঃ)-কে তাড়াতাড়ি শুষ্ক সমুদ্র পাড়ি দিবার নির্দেশ দিলেন এবং মূসা (আঃ) সেই নির্দেশ পালন করিলেন, (গ) কিন্তু ফেরাউনের দল যখন আসিয়া সমুদ্রসৈকতে পৌঁছিল, তখন জোয়ার আসিতেছিল। সেদিকে ভ্রুক্ষেপ না করিয়া, বনী ইসরাঈলকে যথাশীঘ্র ধরিয়া ফেলিবার বাসনাতিশয্যে তাহারা পানির মধ্যেই নামিয়া চলিতে লাগিল; (ঘ) ফেরাউনের সেনাবাহিনীতে বড় বড় রথ ও ভারী যুদ্ধাস্ত্র থাকার কারণে মনে হয়, পানির মধ্যে চলায় তাহাদের গতি মন্থর হইয়া পড়িয়াছিল এবং সে কারণেই মধ্য সমুদ্রে পৌঁছাইতে না পৌছাইতেই ভরা জোয়ার আসিয়া তাহাদিগকে ডুবাইয়া দিল। মুসা (আঃ) কর্তৃক লাঠিদ্বারা সমুদ্রজলে আঘাত করার ফলেই যে সমুদ্র দুইভাগে বিভক্ত হইয়া তাঁহার দলের জন্য পারাপারের রাস্তা করিয়া দিল,এরূপ মনে করা ঠিক নয়। কেবল একটি ঐশী নিদর্শনরূপে মূসা (আঃ) ঐশী-সংবাদ প্রাপ্ত হইলেন যে, এখনই ভাটার উপযুক্ত সময় যখন তাঁর দলবলের সমুদ্র অতিক্রম করা উচিত। তাই মূসা (আঃ) এই আদেশ অনুযায়ী সমুদ্র জলে আঘাত করিয়া তাহাদিগকে তাড়াতাড়ি সমুদ্র অতিক্রম করার নির্দেশ দিয়া, নিজে আগে আগে চলিতে লাগিলেন। সকল বিষয় আল্লাহ্‌তা’লা এমনিভাবে ঘটাইয়াছিলেন যে, মূসা (আঃ) যখন সমুদ্র তীরে পৌছিলেন, তখন ভাঁটার সময় ছিল এবং আল্লাহ্‌র নির্দেশক্রমে তিনি সমুদ্রজলে লাঠির আঘাত করিলে পানিও তখন কমিতে শুরু করিল এবং ওপারে যাইবার পথ সুগম হইয়া গেল। ঐ লাঠির আঘাত ও পানি কমিতে শুরু করা একই সময়ে একসাথে সংঘটিত হইল। ইহা মু’জেযা বা অলৌকিক ঘটনা, এই কারণেই যে, একমাত্র আল্লাহ্‌তা’লাই জানিতেন সমুদ্রে কখন ভাঁটার সময় হইবে এবং সেই সময় আসা মাত্র মূসা (আঃ)-কে তাহা জানাইয়া নির্দেশ দিলেন, ‘পানিতে লাঠি দ্বারা আঘাত কর।’ মূসা (আঃ) মিশর হইতে কেনান গমনকালে লোহিত সাগরের ঠিক কোন স্থানটি দিয়া অতিক্রম করিয়াছিলেন, সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। অনেকের মতে, ওয়াদি তামসিলাত বা তামসিলাৎ উপত্যকার গোশেন অঞ্চলে যেখানে ফেরাউনের রাজধানী ছিল (এনসাইক্লো বিব্লিকা, ভলিউম ৪, কলাম ১৪, রামসিস দেখুন), সেখান হইতে রওয়ানা হইয়া মূসা (আঃ) তামসা উপসাগর অতিক্রম করিয়াছিলেন (এন সাই, বিব, কলাম ১৪৩৮-৩৯)। অন্যেরা মনে করেন যে, তিনি আরো অনেক দূর উত্তর দিকে যোয়ান নামক স্থান অতিক্রম করিয়া কেনানের নিকটবর্তী ভূমধ্যসাগরের কাছে সমুদ্র অতিক্রম করিয়াছিলেন (এনসাইক্লো বিব্লিকা, কলাম,১৪৩৮)। কিন্তু খুব সম্ভব মূসা (আঃ)-এর সময়ে, ফেরাউনের রাজধানী ছিল তাল-আবি-সোলায়মান এবং সেখান হইতে বনী ইসরাঈলগণ প্রথমে উত্তর পূর্ব দিকে তিম্‌সা উপসাগরের তীরে পৌঁছে, কিন্তু সেখানে দ্বীপ ও উপসাগরের বেড়াজাল ডিঙ্গাইয়া যাওয়া সম্ভব নয় দেখিয়া তাহারা দক্ষিণে চলিয়া আসে এবং সুয়েজ খালের নিকটবর্তী কোন স্থানে লোহিত সাগরকে মাত্র ২/৩ মাইল প্রশস্ত পাইয়া অপর পারে ‘কাদাসের’ দিকে রওয়ানা হইয়া যায় (এনসাইক্লো বিব কল ১৪৩৭)। ইসরাঈলীরা তাহার (মূসার) সহিত পালাইয়া গোশেন জলাভূমি অতিক্রম করিয়া সিনাই উপদ্বীপে আসিল। লোহিত সাগর (ইয়াস্ সূফ সমূদ্র বা খাগ্‌ড়ার সরোবর) অতিক্রম বলিতে বর্তমান লোহিত সাগরের কয়েক মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত একটি হ্রদের শেষ দক্ষিণ প্রান্ত অতিক্রম করাকে বুঝাইতে পারে। সৈকতের বহুদূর বিস্তৃত এলাকা প্রবল বাতাসের কারণে পানিশূন্য অবস্থায় ছিল, এই অবস্থায় ফেরাউন বাহিনী পলাতকদের পিছু ধাওয়া করিলে, তাহাদের রথের চাকা ইত্যাদি ভিজা মাটির মধ্যে দাবিয়া যায়; ইত্যবসরে বাতাসের প্রাবল্য কমিয়া গেলে, পানি প্রবল বেগে ফিরিয়া আসিয়া ঐ বাহিনীর উপর ঝাপটাইয়া পড়ে। ইসরাঈলীরা কোন রাস্তা অবলম্বন করিয়াছিল, সেটা নিয়াও লেখকদের মধ্যে মতভেদ আছে। অনেকের মতে, তাহারা দক্ষিণে, বর্তমান সিনাই পর্বত মালায়, আসিয়া লোহিত সাগরের পূর্বতীর ধরিয়া আকাবা উপসাগরের উত্তরে ইযিয়ন-জেবারে পৌঁছায়। অন্যেরা মনে করেন, মক্কা যাত্রী হাজীগণ ইযিয়ন-জেবারের পূর্বদিকে যেপথে এখনও গমন করিয়া থাকেন, সেই পথ ধরিয়া ইযিয়ন-জেবারের কাছে পৌঁছায়, তাহারা উত্তর-পশ্চিম দিক দিয়া কাদেশ (বার্নিয়া) অঞ্চলে সিনাই পাহাড়ে আসে অথবা আকাবা উপসাগরের পূর্ব দিক বাহিয়া দক্ষিণ দিকে গমন করতঃ হরেব টিলায় উপনীত হয়। ঐতিহ্যগত বর্ণনাগুলির পার্থক্য এত বেশী যে, সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া অসম্ভব (পীকের ভাষ্যঃ বাইবেল)।

وَاِذۡ وٰعَدۡنَا مُوۡسٰۤی اَرۡبَعِیۡنَ لَیۡلَۃً ثُمَّ اتَّخَذۡتُمُ الۡعِجۡلَ مِنۡۢ بَعۡدِہٖ وَاَنۡتُمۡ ظٰلِمُوۡنَ ﴿۵۲﴾

৫২
এবং যখন আমরা মূসার৯০ সহিত চল্লিশ রাত্রির৯১ ওয়াদা করিয়াছিলাম, তখন তাহার অনুপস্থিতিতে তোমরা (উপাসনার নিমিত্তে) একটি গো-বৎসকে৯২ গ্রহণ করিয়াছিলে, এবং তোমরা ছিলে যালেম।
৯০। ইহুদী ধর্মের প্রবর্তক হযরত মূসা (আঃ), যিনি ইসরাঈল জাতিকে ফেরাউনের অত্যাচার হইতে মুক্ত করিয়াছিলেন, তিনিই ঐ জাতির নবীদের সর্বশ্রেষ্ঠ। বাইবেলের সূত্র অনুসারে হযরত ইব্‌রাহীম (আঃ) এর পাঁচশত বৎসর পর এবং হযরত ঈসা (আঃ)-এর প্রায় চৌদ্দশত বৎসর পূর্বে তিনি আর্বিভূত হইয়াছিলেন। তিনি শরীয়াতবাহী নবী ছিলেন। তাহার পরে ঐ জাতির মধ্যে যত নবী আসিয়াছিলেন, তাহারা সকলেই ঐ শরীয়াতেরই অনুসারী ছিলেন।
৯১। ৭ঃ১৪৩ দেখুন।
৯২। মানুষ সাধারণতঃ পারিপার্শ্বিকতার দাস হইয়া থাকে। পরাধীন জাতির জন্য একথা অধিক সত্য, কারণ তাহারা শাসকগণের আচার-আচরণ ও রীতি-নীতি অনুকরণ করিয়া থাকে। বনী ইসরাঈল জাতি দীর্ঘকাল ব্যাপী ফেরাউনদের শাসনাধীন দাসত্বের জীবন যাপন করায় স্বাভাবিক ভাবেই তাহারা মিশরীয়দের পৌত্তলিক বিশ্বাস ও আচার-আচরণকে প্রায় আত্মস্থ করিয়া নিয়াছিল। মূসা (আঃ)-এর সহিত মিশর ছাড়িয়া তাহারা যখন পথে এক মূর্তিপূজক গোষ্ঠির সাক্ষাৎ লাভ করিল, তখন তাহারা মূসা (আঃ)-কে অনুরোধ করিল, তিনিও যেন এই ধরণের পূজাপার্বণকে তাহাদের জন্য প্রবর্তন করেন (৭ঃ১৩৯)।

ثُمَّ عَفَوۡنَا عَنۡکُمۡ مِّنۡۢ بَعۡدِ ذٰلِکَ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۵۳﴾

৫৩
তখন আমরা তোমাদিগকে ইহার পরও ক্ষমা করিয়াছিলাম যেন তোমরা কৃতজ্ঞ হও।

وَاِذۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ وَالۡفُرۡقَانَ لَعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿۵۴﴾

৫৪
এবং (স্মরণ কর) যখন আমরা মূসাকে কিতাব৯৩ ও ফুরকান৯৪ দিয়াছিলাম যাহাতে তোমরা হেদায়াত প্রাপ্ত হও।
৯৩। ঐ ‘ফলকগুলি’ যাহার উপরে মূসা (আঃ)-কে প্রদত্ত ‘দশটি নির্দেশ’ লিপিবদ্ধ করা হইয়া ছিল (দেখুন ৭ঃ১৪৬,১৫১,১৫৫)।
৯৪। ‘ফুরকান’ অর্থ যুক্তি, উষা বা সকাল, সহায়ক (মুফরাদাত,লেইন)। এই আয়াত বুঝাইতেছে যে, আল্লাহ্‌তা’লা মূসা (আঃ)-কে কেবল কিতাব বা দশ নির্দেশ সম্বলিত ফলকগুলি দিয়াই ক্ষান্ত হন নাই, বরং তৎসঙ্গে তাঁহাকে অলৌকিক নিদর্শনাবলীসহ যুক্তিও দিয়াছিলেন এবং এমন সব ঘটনা সমূহ ঘটাইয়াছিলেন, যাহা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য প্রদর্শন করতঃ কোনটা সত্য ও কোনটা মিথ্যা তাহা প্রকাশ করিয়া দেয়।

وَاِذۡ قَالَ مُوۡسٰی لِقَوۡمِہٖ یٰقَوۡمِ اِنَّکُمۡ ظَلَمۡتُمۡ اَنۡفُسَکُمۡ بِاتِّخَاذِکُمُ الۡعِجۡلَ فَتُوۡبُوۡۤا اِلٰی بَارِئِکُمۡ فَاقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ عِنۡدَ بَارِئِکُمۡ ؕ فَتَابَ عَلَیۡکُمۡ ؕ اِنَّہٗ ہُوَ التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۵۵﴾

৫৫
এবং যখন মূসা তাহার জাতিকে বলিল, ‘হে আমার জাতি! তোমরা গো-বৎসকে (মাবুদরূপে) গ্রহণ করিয়া নিশ্চয় নিজেদের আত্মার উপর যুলুম করিয়াছ, অতএব তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তওবা কর, এবং তোমরা তোমাদের আত্মা৯৫ (এর কুপ্রবৃত্তি) সমূহকে হত্যা কর, তোমাদের সৃষ্টিকর্তার সমক্ষে ইহাই তোমাদের জন্য উত্তম হইবে; (যখন তোমরা আদেশ পালন করিলে) তখন তিনি তোমাদের প্রতি সদয় দৃষ্টিপাত করিলেন, নিশ্চয় তিনি পুনঃপুনঃ সদয় দৃষ্টিপাতকারী, পরম দয়াময়।
৯৫। ‘আনফুসাকুম’ (তোমাদের কু-প্রবৃত্তিগুলি) অর্থ তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের খারাপ কামনা-বাসনা। ‘নফস’ আনফুসের এক বচন; ইহার অর্থ কামনা, বাসনা, কু-প্রবৃত্তি। বনী ইসরাঈলকে নির্দেশ দেওয়া হইল, তাহারা যেন অনুতাপ-অনুশোচনার মাধ্যমে নিজেদের কু-প্রবৃত্তি গুলিকে মন হইতে তাড়াইয়া দেয়। বাইবেলে এই বক্তব্য আছে যে, তাহাদিগকে আদেশ করা হইয়াছিল, “প্রত্যেক ব্যক্তি তাহার ভাইকে হত্যা করিবে, প্রত্যেক মিত্র তাহার সাথীকে মারিয়া ফেলিবে। আর প্রত্যেক ব্যক্তি তাহার প্রতিবেশীকে মারিয়া ফেলিবে”(যাত্রা পুস্তক- ৩২ঃ২৭)। কুরআন এই বক্তব্য মোটেই সমর্থন করে না। কুরআনে দেখা যায়, তাহাদিগকে মাফ করিয়া দেওয়া হইয়াছিল (8ঃ১৫৪)। এমন কি তাহাদের নেতা সামিরীকে পর্যন্ত হত্যা করা হয় নাই (২০ঃ৯৮)।

وَاِذۡ قُلۡتُمۡ یٰمُوۡسٰی لَنۡ نُّؤۡمِنَ لَکَ حَتّٰی نَرَی اللّٰہَ جَہۡرَۃً فَاَخَذَتۡکُمُ الصّٰعِقَۃُ وَاَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ ﴿۵۶﴾

৫৬
এবং (স্মরণ কর) যখন তোমরা বলিয়াছিলে, ‘হে মূসা! আমরা তোমার উপর আদৌ ঈমান আনিব না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ্‌কে সামনাসামনি দেখিব, ফলে বজ্রপাত তোমাদিগকে আক্রমণ করিল, এবং তোমরা (নিজেদের আচরণের পরিণতি) অবলোকন করিতেছিলে।

ثُمَّ بَعَثۡنٰکُمۡ مِّنۡۢ بَعۡدِ مَوۡتِکُمۡ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۵۷﴾

৫৭
অতঃপর, আমরা তোমাদের মৃত্যুর৯৬ পর তোমাদিগকে উত্থিত করিলাম যেন তোমরা কৃতজ্ঞ হও।
৯৬। এই আয়াতে ইহা বুঝাইতে পারে যে, বনী ইসরাঈল জাতি অত্যন্ত বেয়াদবীপূর্ণ ভাষায় যে উদ্ধত ও যুক্তিহীন দাবী উত্থাপন করিয়াছিল, উহার কারণে তাহাদের আধ্যাত্মিক মৃত্যু ঘটিয়া গিয়াছিল,অবশ্যই তাহাদের শারীরিক মৃত্যু সংঘটিত হয় নাই। এই অর্থ ও তাৎপর্য পরবতী আয়াতদ্বারাও সাব্যস্ত হয়, যেখানে আল্লাহ্‌তা’লা বলেন, “অতঃপর আমরা তোমাদের মৃত্যুর পর তোমাদিগকে উত্থিত করিলাম” অর্থাৎ তোমরা হারানো ঈমান ও মর্যাদা ফিরিয়া পাইলে। ‘মওত’ শব্দের অর্থ বর্ধনশীলতা ও উন্নতি তিরোহিত ও স্তব্ধ হইয়া যাওয়া (৫৭ঃ১৮), অনুভূতি শক্তির লোপ (১৯ঃ২৪), যুক্তি ও বুদ্ধিমত্তার বিলুপ্তি (৬ঃ১২৩), এমন তীব্র শোক যাহা মানুষের জীবনকে দুর্বিষহ করিয়া তুলে (১৪ঃ১৮), শারীরিক মৃত্যু (লেইন)।

وَظَلَّلۡنَا عَلَیۡکُمُ الۡغَمَامَ وَاَنۡزَلۡنَا عَلَیۡکُمُ الۡمَنَّ وَالسَّلۡوٰی ؕ کُلُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا رَزَقۡنٰکُمۡ ؕ وَمَا ظَلَمُوۡنَا وَلٰکِنۡ کَانُوۡۤا اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۵۸﴾

৫৮
এবং আমরা তোমাদের উপর মেঘমালার৯৭ ছায়া দান করিলাম এবং আমরা তোমাদের জন্য ‘মান্ন্‌’৯৮ এবং ‘সাল্ওয়া’৯৯ নাযেল করিলাম (এবং বলিলাম) ‘তোমরা সেই পবিত্র রিয্‌ক হইতে আহার কর, যাহা আমরা তোমাদিগকে দিয়াছি।’ তাহারা (অবাধ্যতা করিয়া) আমাদের উপর কোন যুলুম করে নাই, বরং তাহারা নিজেদের উপরই যুলুম করিয়াছিল।
৯৭। যাত্রাপুস্তক ৪০ঃ ৩৪-৩৮ দেখুন।
৯৮। ‘মান্ন্‌’ অর্থ অনুগ্রহ বা দান, বিনা শ্রমে যাহা পাওয়া যায় এমন কিছু, মধু বা শিশির (আকরাব)। মহানবী (সাঃ)-এর একটি হাদীসেও ‘মান্নার’ উল্লেখ আছে। মাটির নীচে জন্মায়, এরূপ বেঙের ছাতা জাতীয় উদ্ভিদও মান্নার অন্তর্গত (বুখারী)। লেইনের অভিধানে ‘তুবাঞ্জাবীন্‌’ শব্দটির অর্থ দেখুন।
৯৯। ‘সালওয়া’ হইল (১) তিতিরের মত সাদা ধরণের পাখী, যাহা আরব দেশে বিভিন্ন এলাকায় পাওয়া যায় এবং পাশাপাশি দেশগুলিতেও দেখা যায় (২) এমন যে কোন বস্তু যাহা মানুষের মনকে প্রশান্তি ও সন্তোষে ভরিয়া দেয়, (৩) মধু (আকবার)। মান্ন ও সালওয়া পাঠাইবার কথা কুরআনে তিনটি স্থানে বলা হইয়াছে। আলোচ্য আয়াতে, ৭ঃ ১৬১ এবং ২০ঃ৮১ আয়াতে। এই তিন স্থানেই, মান্ন্‌-সাল্‌ওয়া অবতরণের উল্লেখের পরে পরেই বলা হইয়াছে যে, “আমরা যে সব ভাল জিনিস তোমাদের রিয্‌ক রূপে দিয়াছি, তাহা খাও” ইহা দ্বারা বুঝা যায়, সিনাই উপত্যকায় ইস্‌রাঈলদিগকে যে খাদ্য খাইতে দেওয়া হইয়াছিল, তাহা স্বাস্থ্যকর, সুস্বাদু ও রুচীসম্মত ছিল, সেই খাদ্যের মধ্যে বিভিন্ন বস্তু ছিল, যাহার মধ্যে মান্ন্‌ ও সালওয়া ছিল প্রধান (যাত্রাপুস্তক- ১৬ঃ১৩-১৫ দেখুন)।

وَاِذۡ قُلۡنَا ادۡخُلُوۡا ہٰذِہِ الۡقَرۡیَۃَ فَکُلُوۡا مِنۡہَا حَیۡثُ شِئۡتُمۡ رَغَدًا وَّادۡخُلُوا الۡبَابَ سُجَّدًا وَّقُوۡلُوۡا حِطَّۃٌ نَّغۡفِرۡ لَکُمۡ خَطٰیٰکُمۡ ؕ وَسَنَزِیۡدُ الۡمُحۡسِنِیۡنَ ﴿۵۹﴾

৫৯
এবং (স্মরণ কর সেই সময়ের কথা) যখন আমরা বলিয়াছিলাম, “এই জনপদে১০০ প্রবেশ কর এবং উহা হইতে যেখানে তোমাদের ইচ্ছা তৃপ্তি সহকারে আহার কর,এবং (উহার) দ্বারে আনুগত্যের সহিত প্রবেশ কর এবং তোমরা বল, (হে আল্লাহ্!) ‘আমাদের পাপের বোঝা নামাও’। আমরা তোমাদের পাপসমূহ ক্ষমা করিয়া দিব এবং আমরা নিশ্চয় সৎকর্ম পরায়ণদিগকে বাড়াইয়া দিব।
১০০। এখানে ‘কারিয়াতা’ বলিতে কোন নির্দিষ্ট জনপদকে বুঝায় নাই, বরং সিনাই হইতে কেনান যাত্রা-পথে নিকটবর্তী কোন জনপদকে বুঝাইতেছে। যেহেতু বনী ইসরাঈলী জাতি বহুদিন শহরে বসবাসের অভ্যাস বশতঃ শহুরে জীবনের প্রত্যাশায় ছিল এবং তাহাদের ক্রয়-ক্ষমতা ছিল, সেই হেতু তাহাদিগকে নির্দেশ দেওয়া হইল, তাহারা পার্শ্ববর্তী গ্রামে যাইয়া, মানুষের সামাজিক জীবনের সাথে মরু জীবনের মিলন-স্বাদ উপভোগ করিয়া লউক এবং স্বাধীনভাবে, মুক্ত মনে যেখানে ইচ্ছা খাওয়া-দাওয়া সারিয়া লউক। মরু জীবনে যেখানে ব্যক্তি-মালিকানা নাই, সেখানে জীবন-পদ্ধতি এই ধরণেরই। কিন্তু এই পরিবর্তন যেহেতু তাহাদিগকে ভিন্ন জাতীয় লোকের সংস্পর্শে নিয়া আসিবে এবং তাহাদের নৈতিক মূল্যবোধের উপর প্রভাব বিস্তার করিবে, সেই কারণে তাহাদিগকে এ ব্যাপারে সাবধান করিয়া দেওয়া হইয়াছিল যে, তাহারা যেন আল্লাহ্‌র আনুগত্যের কথা কোনও মতে না ভুলে।

فَبَدَّلَ الَّذِیۡنَ ظَلَمُوۡا قَوۡلًا غَیۡرَ الَّذِیۡ قِیۡلَ لَہُمۡ فَاَنۡزَلۡنَا عَلَی الَّذِیۡنَ ظَلَمُوۡا رِجۡزًا مِّنَ السَّمَآءِ بِمَا کَانُوۡا یَفۡسُقُوۡنَ ﴿٪۶۰﴾

৬০
কিন্তু যাহারা যুলুম করিয়াছিল তাহাদিগকে যে কথা (বলিতে) বলা হইয়াছিল তাহারা উহা বদলাইয়া অন্য কথা বলিল। ফলে যাহারা যুলুম করিয়াছিল আমরা তাহাদের উপর আসমান হইতে শাস্তি অবতীর্ণ করিলাম এইজন্য যে তাহারা অবাধ্যতা করিত।
সূরা আল্ বাকারা - রুকু ৬