২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

وَاِنۡ کَانَ ذُوۡ عُسۡرَۃٍ فَنَظِرَۃٌ اِلٰی مَیۡسَرَۃٍ ؕ وَاَنۡ تَصَدَّقُوۡا خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۲۸۱﴾

২৮১
এবং যদি কোন (ঋণী) ব্যক্তি দুর্দশাগ্রস্ত হয়, তাহা হইলে তাহাকে সচ্ছলতা৩৫৩ পর্যন্ত অবকাশ দিতে হইবে, আর তোমাদের দান করিয়া দেওয়া তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝ।
৩৫৩। ঋণ-দেওয়াকে ইসলাম উৎসাহিত করে। তবে সেই ঋণদান সুদ-বিহীন ও কল্যাণকর হওয়া চাই। যদি কোন ঋণী ব্যক্তি অভাবের কারণে, সময় মত ঋণ পরিশোধ করিতে বাস্তবিকই অসমর্থ হয়, তাহা হইলে তাহাকে আরও সময় দেওয়া উচিত, যাহাতে সে সুবিধামত ঋণ পরিশোধ করিতে পারে।

وَاتَّقُوۡا یَوۡمًا تُرۡجَعُوۡنَ فِیۡہِ اِلَی اللّٰہِ ٭۟ ثُمَّ تُوَفّٰی کُلُّ نَفۡسٍ مَّا کَسَبَتۡ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۲۸۲﴾٪

২৮২
এবং তোমরা সেই দিনকে ভয় কর যেদিন তোমাদিগকে আল্লাহ্‌র দিকে ফিরাইয়া লইয়া যাওয়া হইবে; অতঃপর, প্রত্যেক ব্যক্তিকে সে যাহা অর্জন করিয়াছে তাহা পূর্ণরূপে প্রদান করা হইবে এবং তাহাদের উপর যুলুম করা হইবে না।
সূরা আল্ বাকারা - রুকু ৩৮

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا تَدَایَنۡتُمۡ بِدَیۡنٍ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی فَاکۡتُبُوۡہُ ؕ وَلۡیَکۡتُبۡ بَّیۡنَکُمۡ کَاتِبٌۢ بِالۡعَدۡلِ ۪ وَلَا یَاۡبَ کَاتِبٌ اَنۡ یَّکۡتُبَ کَمَا عَلَّمَہُ اللّٰہُ فَلۡیَکۡتُبۡ ۚ وَلۡیُمۡلِلِ الَّذِیۡ عَلَیۡہِ الۡحَقُّ وَلۡیَتَّقِ اللّٰہَ رَبَّہٗ وَلَا یَبۡخَسۡ مِنۡہُ شَیۡئًا ؕ فَاِنۡ کَانَ الَّذِیۡ عَلَیۡہِ الۡحَقُّ سَفِیۡہًا اَوۡ ضَعِیۡفًا اَوۡ لَا یَسۡتَطِیۡعُ اَنۡ یُّمِلَّ ہُوَ فَلۡیُمۡلِلۡ وَلِیُّہٗ بِالۡعَدۡلِ ؕ وَاسۡتَشۡہِدُوۡا شَہِیۡدَیۡنِ مِنۡ رِّجَالِکُمۡ ۚ فَاِنۡ لَّمۡ یَکُوۡنَا رَجُلَیۡنِ فَرَجُلٌ وَّامۡرَاَتٰنِ مِمَّنۡ تَرۡضَوۡنَ مِنَ الشُّہَدَآءِ اَنۡ تَضِلَّ اِحۡدٰٮہُمَا فَتُذَکِّرَ اِحۡدٰٮہُمَا الۡاُخۡرٰی ؕ وَلَا یَاۡبَ الشُّہَدَآءُ اِذَا مَا دُعُوۡا ؕ وَلَا تَسۡـَٔمُوۡۤا اَنۡ تَکۡتُبُوۡہُ صَغِیۡرًا اَوۡ کَبِیۡرًا اِلٰۤی اَجَلِہٖ ؕ ذٰلِکُمۡ اَقۡسَطُ عِنۡدَ اللّٰہِ وَاَقۡوَمُ لِلشَّہَادَۃِ وَاَدۡنٰۤی اَلَّا تَرۡتَابُوۡۤا اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً حَاضِرَۃً تُدِیۡرُوۡنَہَا بَیۡنَکُمۡ فَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَلَّا تَکۡتُبُوۡہَا ؕ وَاَشۡہِدُوۡۤا اِذَا تَبَایَعۡتُمۡ ۪ وَلَا یُضَآرَّ کَاتِبٌ وَّلَا شَہِیۡدٌ ۬ؕ وَاِنۡ تَفۡعَلُوۡا فَاِنَّہٗ فُسُوۡقٌۢ بِکُمۡ ؕ وَاتَّقُوا اللّٰہَ ؕ وَیُعَلِّمُکُمُ اللّٰہُ ؕ وَاللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۲۸۳﴾

২৮৩
হে যাহারা ঈমান আনিয়াছ! যখন তোমরা নির্দিষ্টকালের জন্য ঋণ সম্পর্কে পরস্পরের মধ্যে লেন-দেন কর, তখন তোমরা উহা লিখিয়া লও। এবং তোমাদের মধ্যে কোন লেখক যেন ন্যায়সংগতভাবে লিখিয়া দেয়, এবং লেখক যেন লিখিতে অস্বীকার না করে, কারণ আল্লাহ্ তাহাকে শিক্ষা দিয়াছেন, অতএব সে যেন লিখে, এবং যাহার উপর (ঋণ শোধের) দায়িত্ব সে যেন (সংশ্লিষ্ট বিষয়বস্তু) লেখায়,৩৫৪ এবং তাহার প্রভু আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন করে, এবং উহার মধ্যে যেন সে কিছু কম না করে। কিন্তু ঋণ গ্রহণকারী যদি নির্বোধ অথবা দুর্বল হয় অথবা স্বয়ং (বিষয়বস্তু) লিখাইতে অসমর্থ হয় তাহা হইলে তাহার অভিভাবক যেন ন্যায়সংগতভাবে (বিষয়বস্তু) লেখায়। এবং তোমাদের পুরুষদের মধ্য হইতে দুই জনকে সাক্ষী রাখ, কিন্তু যদি দুইজন পুরুষ না জোটে তাহা হইলে উপস্থিত দর্শকগণের মধ্য হইতে যাহাদিগকে তোমরা পসন্দ কর একজন পুরুষ এবং দুইজন স্ত্রীলোক (সাক্ষী থাকিবে), এই জন্য যে, দুইজন স্ত্রীলোকের মধ্যে যদি একজন ভুলিয়া যায় তাহা হইলে অপরজন স্মরণ করাইয়া দিবে। এবং যখন সাক্ষীগণকে ডাকা হয় তখন তাহারা যেন অস্বীকার না করে, এবং লেন-দেন ছোট হউক বা বড় হউক তোমরা উহাকে মিয়াদসহ লিখিতে অবহেলা করিও না। ইহা আল্লাহ্‌র নিকট সর্বাধিক ন্যায়সংগত এবং প্রমাণের জন্য সর্বাধিক দৃঢ় এবং সমধিক নিকটবর্তী পন্থা যাহাতে তোমরা সন্দেহে না পড়, কিন্তু যদি নগদ কারবার হয় যাহাতে তোমরা পরস্পর (মাল ও মূল্যের) বিনিময় কর, এইরূপ ক্ষেত্রে ইহার কোন লেখা-পড়া না৩৫৪-ক করিলে তোমাদের উপর কোন পাপ বর্তিবে না। এবং যখন তোমরা পরস্পরের৩৫৪-খ মধ্যে বেচাকেনা কর তখন সাক্ষী রাখিও, এবং লেখক ও সাক্ষী কাহাকেও যেন ক্ষতিগ্রস্ত করা না হয়। কিন্তু যদি তোমরা এইরূপ কর তাহা হইলে ইহা তোমাদের অবাধ্যতা বলিয়া গণ্য হইবে। এবং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর। এবং আল্লাহ্ তোমাদিগকে শিক্ষা দিতেছেন; বস্তুতঃ আল্লাহ্‌ সকল বিষয়ে সর্বজ্ঞানী।
৩৫৪। ঋণের শর্তাবলী ঋণ-গ্রহীতা লিপিবদ্ধ করিবে বা ঘোষণা করিবে। কারণ (১) ঋণ-গ্রহীতাকে ঋণের বোঝা বহন করিতে হইবে এবং সংশ্লিষ্ট দায়িত্বাবলী পালন করিতে হইবে। অতএব, ইহাই ন্যায়সঙ্গত যে, শর্তের কথাগুলি তাহার দ্বারাই বিকশিত হউক। (২) ঋণ সংক্রান্ত দলিলটি ঋণদাতার হাতে থাকিতে হইবে, যাহাতে ঋণ-গ্রহীতা কখনও ঋণের পরিমাণ ও ঋণের শর্তাদি সম্বন্ধে প্রশ্ন উঠাইতে না পারে। আর অনেকটা এই কারণেও, দলিলটা তাহার নিজহাতে কিংবা তাহার উচ্চারিত বাক্যদ্বারা লিখিত হওয়া উচিত।
৩৫৪-ক। ইহার অর্থ হইল, নগদ বেচা-কেনাতেও লিখিত ক্যাশমেমো বা ভাউচার বা রশীদ ইত্যাদি কিছু থাকা ভাল। ইহাতে অনেক সুবিধা আছে, অসুবিধা মোটেই নাই।
৩৫৪-খ। ইহা বড় ধরণের বেচা-কেনা বা লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য।

وَاِنۡ کُنۡتُمۡ عَلٰی سَفَرٍ وَّلَمۡ تَجِدُوۡا کَاتِبًا فَرِہٰنٌ مَّقۡبُوۡضَۃٌ ؕ فَاِنۡ اَمِنَ بَعۡضُکُمۡ بَعۡضًا فَلۡیُؤَدِّ الَّذِی اؤۡتُمِنَ اَمَانَتَہٗ وَلۡیَتَّقِ اللّٰہَ رَبَّہٗ ؕ وَلَا تَکۡتُمُوا الشَّہَادَۃَ ؕ وَمَنۡ یَّکۡتُمۡہَا فَاِنَّہٗۤ اٰثِمٌ قَلۡبُہٗ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ عَلِیۡمٌ ﴿۲۸۴﴾٪

২৮৪
এবং যদি তোমরা সফরে থাক এবং কোন লেখক না পাও তাহা হইলে দখলসহ৩৫৫ কোন বস্তু বন্ধক রাখা বিধেয়। এবং তোমাদের মধ্যে যদি কেহ অন্যের নিকট কিছু আমানত (গচ্ছিত) রাখে তাহা হইলে যাহার নিকট আমানত রাখা হইয়াছিল সে যেন তাহার আমানত প্রত্যর্পণ করে, এবং স্বীয় প্রভু আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন করে। এবং তোমরা সাক্ষ্যকে গোপন করিও না; এবং যে কেহ উহা গোপন করে নিশ্চয় সে এমন মানুষ যাহার অন্তর পাপী। এবং তোমরা যে কাজকর্ম কর তদ্‌সম্বন্ধে আল্লাহ্‌ সর্বজ্ঞানী।
সূরা আল্ বাকারা - রুকু ৩৯
৩৫৫। কোন বস্তু ঋণদাতার কাছে আমানত রাখিয়াও ঋণ গ্রহণ করা যায়। ইহাকে আমনতী ঋণ বলা যাইতে পারে। এই ঋণকে ‘আমানত’ নামে অভিহিত করার অর্থ ইহাই যে, ঋণ ঠিক তেমনি যত্ন ও সততার সহিত যেন ফেরৎ দেওয়া হয়, যেমন ভাবে আমানত-কৃত ধন ঋণ-দাতার কাছ হইতে সুরক্ষিত অবস্থায় চাওয়া মাত্র ফেরৎ পাওয়ার অধিকার থাকে।

لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَاِنۡ تُبۡدُوۡا مَا فِیۡۤ اَنۡفُسِکُمۡ اَوۡ تُخۡفُوۡہُ یُحَاسِبۡکُمۡ بِہِ اللّٰہُ ؕ فَیَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲۸۵﴾

২৮৫
যাহাকিছু নভোমণ্ডলে আছে এবং যাহাকিছু ভূমণ্ডলে আছে সবই আল্লাহ্‌র; তোমাদের অন্তরে যাহা কিছু আছে, যদি তাহা তোমরা প্রকাশ কর বা তাহা গোপন কর, আল্লাহ্ তোমাদের নিকট হইতে উহার হিসাব৩৫৬ গ্রহণ করিবেন, অতঃপর, তিনি যাহাকে চাহিবেন ক্ষমা করিবেন এবং যাহাকে চাহিবেন শাস্তি দিবেন, এবং আল্লাহ্ প্রত্যেক বিষয়ের৩৫৭ উপর সর্বশক্তিমান।
৩৫৬। ‘বিহি’ শব্দটির অর্থ (ক) উপায় দ্বারা বা ভিত্তিতে, (খ) কারণে, জন্য। বাক্যাংশটির অর্থ হইবে, “আল্লাহ্ তোমাদের নিকট হইতে উহার হিসাব গ্রহণ করিবেন”। অন্যকথায়, “মানুষের কোন চিন্তা বা কাজ বিনা হিসাবে ছাড়া হইবে না, তাহা যতই গোপন হউক না কেন; ইহার জন্য পুরস্কার, শাস্তি কিংবা ক্ষমা, আল্লাহ্‌র ইচ্ছানুযায়ী, পাইতেই হইবে।”
৩৫৭। “যাহা তিনি ইচ্ছা করেন” কথাটি দ্বারা বরং ইহা বুঝা যায়, প্রকৃতির নিয়ম বা আইনের অস্তিত্ব রহিয়াছে (৭ঃ১৫৭)। কিন্তু আল্লাহ্‌র ক্ষেত্রে, যেহেতু তাঁহার ইচ্ছাই আইন, সেই হেতু কুরআন এই প্রকাশভঙ্গি ব্যবহার করিয়া বুঝাইতে চাহিয়াছে (১) বিশ্ব জগতের সার্বভৌম ও চূড়ান্ত কর্তৃত্ব আল্লাহ্‌রই এবং (২) তাঁহার ইচ্ছাই আইন এবং (৩) তাঁহার ইচ্ছা ন্যায় ও হিতের মাধ্যমে আত্মপ্রকাশ করে, কেননা তিনি সকল পূর্ণ গুণের অধিকারী (১৭ঃ১১১)।

اٰمَنَ الرَّسُوۡلُ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡہِ مِنۡ رَّبِّہٖ وَالۡمُؤۡمِنُوۡنَ ؕ کُلٌّ اٰمَنَ بِاللّٰہِ وَمَلٰٓئِکَتِہٖ وَکُتُبِہٖ وَرُسُلِہٖ ۟ لَا نُفَرِّقُ بَیۡنَ اَحَدٍ مِّنۡ رُّسُلِہٖ ۟ وَقَالُوۡا سَمِعۡنَا وَاَطَعۡنَا ٭۫ غُفۡرَانَکَ رَبَّنَا وَاِلَیۡکَ الۡمَصِیۡرُ ﴿۲۸۶﴾

২৮৬
এই রসূল স্বয়ং ঈমান রাখে উহার উপর যাহা তাহার প্রতি তাহার প্রভুর পক্ষ হইতে নাযেল করা হইয়াছে এবং অপরাপর মো’মেনগণও; তাহারা সকলেই আল্লাহ্ এবং তাঁহার ফিরিশ্‌তা এবং তাঁহার কিতাবসমূহ এবং তাঁহার রসূলগণের৩৫৮ উপর ঈমান রাখে, (এবং তাহারা বলে) ‘আমরা তাঁহার রসূলগণের কাহারও মধ্যে কোন পার্থক্য করি না;’ এবং তাহারা বলে, ‘আমরা শ্রবণ করিলাম এবং আমরা আনুগত্য করিলাম; হে আমাদের প্রভু! আমরা তোমারই নিকট ক্ষমা প্রার্থনা করি, এবং তোমারই নিকট প্রত্যাবর্তন।’
৩৫৮। আধ্যাত্মিক পবিত্রতা অর্জনের প্রধান উপায় সৎকর্মশীলতা। তবে, হৃদয়ের সততা ও পবিত্রতার উপরে সৎকর্মশীলতা নির্ভরশীল। আর সঠিক ঈমানই হইল হৃদয়ের সততা ও পবিত্রতার মূল উৎস। তাই, কুরআনের শিক্ষানুযায়ী, এই আয়াতে ইসলামের মূল বিশ্বাসগুলি সঠিক ক্রমানুযায়ী তুলিয়া ধরা হইয়াছে, যথাঃ আল্লাহ্ ও ফিরিশ্‌তাগণের উপর ঈমান, তাঁহার কিতাব ও নবীগণের উপর ঈমান।

لَا یُکَلِّفُ اللّٰہُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَا ؕ لَہَا مَا کَسَبَتۡ وَعَلَیۡہَا مَا اکۡتَسَبَتۡ ؕ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ اِنۡ نَّسِیۡنَاۤ اَوۡ اَخۡطَاۡنَا ۚ رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَیۡنَاۤ اِصۡرًا کَمَا حَمَلۡتَہٗ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَۃَ لَنَا بِہٖ ۚ وَاعۡفُ عَنَّا ٝ وَاغۡفِرۡ لَنَا ٝ وَارۡحَمۡنَا ٝ اَنۡتَ مَوۡلٰٮنَا فَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۲۸۷﴾٪

২৮৭
আল্লাহ্ কোন ব্যক্তির উপর তাহার সাধ্যাতীত৩৫৯ (কষ্টকর) দায়িত্বভার ন্যস্ত করেন না। সে যাহা ভাল উপার্জন করিবে উহা তাহারই জন্য কল্যাণকর হইবে এবং যাহা মন্দ উপার্জন৩৬০ করিবে উহা তাহারই বিপক্ষে যাইবে। ‘হে আমাদের প্রভু! তুমি আমাদিগকে পাকড়াও করিও না যদি আমরা ভুলিয়া যাই অথবা ত্রুটি-বিচ্যুতি৩৬১ করি; হে আমাদের প্রভু! তুমি আমাদের উপর এমন দায়িত্বভার৩৬২ অর্পণ করিও না যেরূপ দায়িত্বভার তুমি আমাদের পূর্ববর্তীগণের উপর অর্পণ করিয়াছিলে। হে আমাদের প্রভু! তুমি আমাদের উপর এমন বোঝা চাপাইও না যাহা বহন করার শক্তি আমাদের নাই; তুমি আমাদিগকে মার্জনা কর এবং আমাদিগকে ক্ষমা কর এবং তুমি আমাদের উপর রহম কর, (কারণ) তুমিই আমাদের অভিভাবক, অতএব কাফের জাতির বিরুদ্ধে তুমি আমাদিগকে সাহায্য কর’।
সূরা আল্ বাকারা - রুকু ৪০
৩৫৯। এই আয়াতের প্রথম বাক্যটি প্রায়শ্চিত্তবাদকে তীব্রভাবে খণ্ডন করিতেছে। ইহাতে দুইটি নীতি বর্ণিত হইয়াছেঃ (১) মানুষের ক্ষমতা ও প্রকৃতিগত সীমাবদ্ধতা বিবেচনা করিয়াই আল্লাহ্‌তা’লা তাহার উপর নির্দেশ জারী করেন, (২) এই বিশ্বে থাকিয়া নৈতিক পবিত্রতা অর্জনের অর্থ ইহা নয় যে, সর্বপ্রকার দোষ-ত্রুটি হইতে মানুষ সম্পূর্ণ মুক্ত হইয়া যাইবে। মানুষের কাছ হইতে যাহা আশা করা হয়, তাহা এই যে, সে যেন সৎকর্মশীল, মঙ্গলময় জীবন যাপনের জন্য প্রাণপণ চেষ্টা করে, আর পাপকে বর্জন করিবার জন্য সর্বশক্তি নিয়োগ করে। আন্তরিক প্রচেষ্টা এই দুইটি বিষয়ের দিকে থাকিলে, বাদ বাকী ত্রুটি করুণাময় আল্লাহ্‌ই ক্ষমা করিয়া দিবেন। অতএব, প্রায়শ্চিত্তের প্রয়োজন কি?
৩৬০। ‘কাসাবা’ সাধারণতঃ সৎ কাজ করা বুঝায় এবং ‘ইকতাসাবা’ অসৎ কাজ করা বুঝায়। উভয় শব্দই একটি ধাতু হইতে উৎপন্ন হইয়াছে, তথাপি শেষের শব্দটিতে অধিক প্রচেষ্টার ভাব বিদ্যমান রহিয়াছে। সৎকর্ম, বিনা চেষ্টায় এবং সজ্ঞানে না করিলেও তাহা পুরস্কৃত হইবে। কিন্তু কেবল সেই ব্যক্তিকেই শাস্তি দেওয়া হইবে, যে সজ্ঞানে ও স্ব-ইচ্ছায় মন্দ কাজে লিপ্ত হইবে।
৩৬১। ‘নিসিয়ান’ ও ‘খাতিয়াহ’ স্বাভাবিক অবস্থায় শাস্তিযোগ্য নহে; কেননা শাস্তিদানের মৌলিক উপাদান ‘ইচ্ছা’ বা সংকল্প যাহা এখানে অনুপস্থিত। কিন্তু এখানে শব্দগুলিতে বিস্মৃতি-জনিত ভুলের ইঙ্গিত আছে যাহা সাবধানতা অবলম্বন করিলে ঘটিত না।
৩৬২। ‘ইস্‌র’ মানে (১) এমন বোঝা যাহা লইয়া নড়াচড়া করা যায় না, (২) অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যাহা পালনে অবহেলা করিলে বা অপারগ হইলে শাস্তি পাইতে হইবে, (৩) পাপ বা অপরাধ এবং (৪) পাপের গুরুতর শাস্তি। “আমাদের উপর এমন দায়িত্বভার অর্পণ করিও না, যেরূপ তুমি আমাদের পূর্ববর্তীগণের উপর অর্পণ করিয়াছিলে” এই বাক্যটির অর্থ ইহা নহে যে পূর্ববর্তীগণের বোঝা হইতে আমাদের বোঝা যেন লাঘব হয়। ইহার আসল অর্থ হইল, তোমার প্রদত্ত বোঝা বহন করিবার শক্তি আমাদিগকে প্রদান করিও, যাহাতে চুক্তিভঙ্গ ও দায়িত্ব পালন না করার অভিযোগে আমরা অভিযুক্ত না হই, যেমনটা হইয়াছিল আমাদের পূর্ববর্তীগণের ক্ষেত্রে। ইহা ব্যক্তিগত প্রার্থনা নহে, বরং ইসলামের নিরাপত্তা ও সংরক্ষণের জন্য একটি সম্মিলিত প্রার্থনা এবং বিশ্বের মুসলমানকে আল্লাহ্‌তা’লার অসন্তষ্টি অর্জন হইতে বাঁচাইবার জন্য একটি সমবেত কাতর মিনতি।