২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

وَاِذۡ قَالَ اِبۡرٰہٖمُ رَبِّ اَرِنِیۡ کَیۡفَ تُحۡیِ الۡمَوۡتٰی ؕ قَالَ اَوَلَمۡ تُؤۡمِنۡ ؕ قَالَ بَلٰی وَلٰکِنۡ لِّیَطۡمَئِنَّ قَلۡبِیۡ ؕ قَالَ فَخُذۡ اَرۡبَعَۃً مِّنَ الطَّیۡرِ فَصُرۡہُنَّ اِلَیۡکَ ثُمَّ اجۡعَلۡ عَلٰی کُلِّ جَبَلٍ مِّنۡہُنَّ جُزۡءًا ثُمَّ ادۡعُہُنَّ یَاۡتِیۡنَکَ سَعۡیًا ؕ وَاعۡلَمۡ اَنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۲۶۱﴾٪

২৬১
এবং (স্মরণ কর সেই ঘটনাকেও) যখন ইব্‌রাহীম বলিয়াছিল, ‘হে আমার প্রভু! তুমি আমাকে দেখাও, কিরূপে তুমি মৃতকে জীবিত কর।’ তিনি বলিলেন, ‘তুমি কি ঈমান আন নাই?’ সে বলিল, ‘হাঁ, (ঈমান অবশ্যই আনিয়াছি) কিন্তু (প্রশ্ন এই জন্য করিয়াছি) যেন আমার হৃদয় প্রশান্তি লাভ৩২৭ করিতে পারে।’ তিনি বলিলেন, ‘তুমি চারিটি পাখী লও এবং উহাদিগকে নিজের প্রতি পোষ৩২৮ মানাও। অতঃপর, তুমি উহাদের মধ্য হইতে এক এক অংশ৩২৯ এক এক পাহাড়ের উপর রাখিয়া দাও, তারপর উহাদিগকে ডাক, তাহারা তোমার নিকট ছুটিয়া আসিবে।’ এবং জানিয়া রাখ, নিশ্চয় আল্লাহ্ মহা পরাক্রমশালী, অতীব প্রজ্ঞাময়।
সূরা আল্ বাকারা - রুকু ৩৫
৩২৭। ‘ঈমান’ ও ‘ইতমিনান’ এই দুইটি শব্দের অর্থ যথাক্রমে ‘বিশ্বাস’ ও ‘হৃদয়ের প্রশান্তি’। ঈমানের অবস্থায় মানুষমাত্রই বিশ্বাস করে যে, আল্লাহ্ এইরূপ করিতে পারেন; আর ইতমিনানের অবস্থায় মানুষকে ব্যক্তিগতভাবে নিশ্চয়তা দেওয়া হয়যে এইরূপ নিশ্চয় তোমার ক্ষেত্রেও করা হইবে। হযরত ইব্‌রাহীম (আঃ) প্রকৃতপক্ষে বিশ্বাস করিতেন যে, আল্লাহ্‌তা’লা মৃতকে জীবিত করিতে পারেন (২ঃ২৫৯)। কিন্তু তিনি আসলে যাহা চাহিয়াছিলেন তাহা হইল এই যে, তাহার নিজের বংশের বেলায়ও আল্লাহ্‌তা’লা এহেন করিবেন কি? এই আয়াতের প্রতি ইশারা করিয়া মহানবী (সাঃ) বলিয়াছিলেন, হযরত “ইব্‌রাহীম (আঃ)-এর চাইতে আমরাই সন্দেহের শিকার হইব বেশী” (মুসলিম)। ‘শাক’ শব্দটির তাৎপর্য হইল, মনের কোনে লুক্কায়িত বাসনার তীব্রতা ও ইহা পূরণের আগ্রহাতিশয্য। রসূলে করীম (সাঃ) কখনও এমনকি মুহূর্তের জন্যও আল্লাহ্‌র প্রতিশ্রুতি পূরণের ব্যাপারে সন্দেহ পোষণ করেন নাই। ইহাতে বুঝা যায় যে, হযরত ইব্‌রাহীম (আঃ)-এর প্রশ্নটি সন্দেহ-উদ্ভূত ছিলনা বরং মনের উদগ্রীবতা ও আগ্রহের গভীরতা দ্বারা প্রণোদিত হইয়াছিল।
৩২৮। ‘সুরতুল গুসনা ইলাইয়া’ আমি শাখাটাকে আমার দিকে আকর্ষণ করিলাম (লেইন)। ‘ইলা’ অব্যয়টি ‘সুরহুন্না’ শব্দটির তাৎপর্য নির্দ্ধারণ করিতেছে যে, ইহা কাটা অর্থে ব্যবহৃত হয় নাই বরং নিজের প্রতি অনুগত ও আকৃষ্ট করার অর্থে ব্যবহৃত হইয়াছে।
৩২৯। ‘জুয্‌’ অর্থ কোনও বস্তুর অংশ বা ভাগ। অতএব, একটি বস্তু যদি একটি দল হয়, তাহা হইলে ‘জুয্‌’ বলিতে ঐ দলের প্রত্যেক সদস্যকে বুঝায়। ইহা হযরত ইব্‌রাহীম (আঃ)-এর একটি ‘কাশ্‌ফ’। ‘চারিটি পাখী লও’ কথার মধ্যে ইঙ্গিত দেওয়া হইয়াছে যে, হযরত ইব্‌রাহীম (আঃ)- এর বংশধরেরা চারিবার উত্থান-পতনের সম্মুখীন হইবে। এই ঘটনা দুইবার ইসরাঈলীদের মধ্যে প্রত্যক্ষ করা হইবে এবং পুনরায় দুইবার আঁ হযরত (সাঃ) (যিনি হযরত ইসমাঈলের মাধ্যমে হযরত ইব্‌রাহীম (আঃ)-এর বংশোদ্ভূত) ও তাঁহার অনুসারীদের মধ্যে ঘটবে। ইহুদীগণ (যাহারা হযরত ইসহাকের মাধ্যমে হযরত ইব্‌রাহীম (আঃ)-এর বংশ) দুইবার ধ্বসের সম্মুখীন হয়—প্রথমবার নবুখদ নিৎসরের হাতে এবং দ্বিতীয়বার টাইটসের হাতে (১৭ঃ৫-৮, এনসাই, রূট যিউ শীর্ষক অধ্যায়)। প্রত্যেক বারই আল্লাহ্‌তা’লা তাহাদিগকে অধঃপতনের পর পুনরুদ্ধার করেন। দ্বিতীয়বারে পুনরুদ্ধার ঘটে, রোম সম্রাট কনষ্টাইনের দ্বারা যিনি স্বয়ং খৃষ্ট-ধর্ম গ্রহণ করিয়াছিলেন। অনুরূপ ভাবে, মুসলমানের শৌর্যবীর্য দুর্ধর্ষ তাতার বর্বরদের হাতে চূর্ণ-বিচূর্ণ হয় আর মুসলমানদের কেন্দ্রভূমি বাগদাদ নগরীতে তাতার-রাজ হালাকু খানের নৃশংস নরহত্যার হোলি খেলা সংঘটিত হয়। তবে, মুসলমানেরা শীঘ্রই এই ধ্বংসলীলা হইতে উদ্ধার লাভ করে। বিজয়ীরাই বিজিত হইয়া যায় এবং হালাকু খানের পৌত্র ইসলাম গ্রহণের মাধ্যমে পিতামহের হত্যালীলার প্রায়শ্চিত করেন। ইসলামের দ্বিতীয় পতন ঘটে এই আখেরী যামানাতে যখন সার্বিকভাবে এবং সাধারণভাবে মুসলমানেরা নৈতিক, আধ্যাত্মিক এবং রাজনৈতিক দিক হইতে অধঃপতিত হইয়া পড়িয়াছে। প্রতিশ্রুত মসীহ্ (আঃ)-এর মাধ্যমে ইসলামের পুনর্জাগরণের ও বিশ্ববিজয়ের কাজ আরম্ভ হইয়া গিয়াছে।

مَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ کَمَثَلِ حَبَّۃٍ اَنۡۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِیۡ کُلِّ سُنۡۢبُلَۃٍ مِّائَۃُ حَبَّۃٍ ؕ وَاللّٰہُ یُضٰعِفُ لِمَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۲۶۲﴾

২৬২
যাহারা নিজেদের ধন-সম্পদ আল্লাহ্‌র পথে খরচ করে তাহাদের দৃষ্টান্ত এক শস্যবীজের দৃষ্টান্তের ন্যায়, যাহা সাতটি শীষ উৎপন্ন করে এবং প্রত্যেকটি শীষে একশত শস্যবীজ থাকে। এবং আল্লাহ্‌ যাহার জন্য চাহেন (ইহা অপেক্ষাও) বৃদ্ধি করিয়া দেন; এবং আল্লাহ্‌ প্রাচুর্যদানকারী, সর্বজ্ঞানী।৩৩০
৩৩০। পূর্ববর্তী আয়াতগুলিতে বলা হইয়াছে, ইহাই আল্লাহ্‌তা’লার নিয়ম যে, উপযুক্ত জাতিগণ মৃতবৎ অধঃপতনের পরেও আল্লাহ্‌র অনুগ্রহ ক্রমে পুনর্জীবন লাভ করে এবং বনী ইসরাঈল জাতির দৃষ্টান্ত দিয়া তাহা বুঝানো হইয়াছে। এই কথার প্রতিও ইঙ্গিত করা হইয়াছে যে, হযরত ইব্‌রাহীম (আঃ)-এর বংশ চারিবার উত্থান-প্রাপ্ত হইবে, ইসরাঈলীগণ দুইবার এবং ইসমাঈলীগণ দুই বার। মুসলমানের অধঃপতনের পরও যাহাতে প্রতিশ্রুত উত্থান লাভ করিতে পারে, ইহার উপায় হিসাবে, আল্লাহ্‌তা’লা মুসলমানকে আল্লাহ্‌র পথে জান-মাল, টাকা-পয়সা ও ধন-দৌলত খরচ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাইয়াছেন।

اَلَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ثُمَّ لَا یُتۡبِعُوۡنَ مَاۤ اَنۡفَقُوۡا مَنًّا وَّلَاۤ اَذًی ۙ لَّہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۚ وَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۲۶۳﴾

২৬৩
যাহারা নিজেদের ধন-সম্পদ আল্লাহ্‌র পথে খরচ করে অতঃপর তাহারা যাহা খরচ করে উহার সম্বন্ধে পিছনে খোঁটা দিয়া ও কষ্ট৩৩১ দিয়া বেড়ায় না, তাহাদের জন্য তাহাদের প্রভুর সন্নিধানে পুরস্কার সংরক্ষিত আছে; তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না।
৩৩১। প্রত্যেক ভাল কাজেরই মন্দ ব্যবহারও আছে। আল্লাহ্‌র পথে খরচ করার মন্দ দিক হইল, খরচের পরে গর্বের সহিত ইহা ফলাও করিয়া প্রচার করা (যাহাকে বলা হয় “মান্ন্‌”) অথবা (দানের) পরে গ্রহীতার প্রতি দুর্ব্যবহার করা (যাহাকে বলা হয় “আযা”)। যাহারা প্রকৃতই আল্লাহ্‌র ওয়াস্তে ধন-দৌলত খরচ করেন, তাহাদিগকে নিষেধ করা হইয়াছে, তাহারা যেন অহেতুক, অনর্থক খরচের কথা উল্লেখ না করেন, সত্যের পথে তাহারা যে খেদমত পেশ করেন, তাহার প্রচারও বিনা কারণে নিষিদ্ধ। এইরূপ করাকে, ‘মান্ন্‌’ বলা হয়, যাহার অর্থ অনুগ্রহের খোঁটা দেওয়া। অনুরূপভাবে দান খয়রাতের পরিবর্তে, আল্লাহ্‌র কাছে ছাড়া, অন্যের কাছে কোনও রকমের পারিতোষিক লাভের চিন্তা করাও নিষেধ।

قَوۡلٌ مَّعۡرُوۡفٌ وَّمَغۡفِرَۃٌ خَیۡرٌ مِّنۡ صَدَقَۃٍ یَّتۡبَعُہَاۤ اَذًی ؕ وَاللّٰہُ غَنِیٌّ حَلِیۡمٌ ﴿۲۶۴﴾

২৬৪
ন্যায়সংগত কথা এবং ক্ষমা৩৩২ সেই দান হইতে উত্তম যাহার পরে কষ্ট-ক্লেশ আরম্ভ হইয়া যায়। বস্তুতঃ আল্লাহ্ স্বয়ংসম্পূর্ণ-ঐশ্বর্যশালী, পরম সহিষ্ণু।
৩৩২। সাহায্য প্রার্থীকে সাহায্য করিয়া পরে তাহাকে কোন কটু কথা শুনানোর চাইতে, তাহাকে সহানুভূতিসূচক দুই-চার কথা বলা এবং অপারগতা-নির্দেশক ক্ষমা চাওয়া বরং শ্রেয়ঃ। অথবা, সাহায্য প্রার্থীর অভাব-অনটনকে অন্যের কাছে অনর্থক বলা-বলি করিয়া তাহাকে হেয় ও খাটো করার চাইতে, তাহা ঢাকিয়া গোপন রাখা বরং ভাল। ইহাও মাগফিরাতের তাৎপর্য।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُبۡطِلُوۡا صَدَقٰتِکُمۡ بِالۡمَنِّ وَالۡاَذٰی ۙ کَالَّذِیۡ یُنۡفِقُ مَالَہٗ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤۡمِنُ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ فَمَثَلُہٗ کَمَثَلِ صَفۡوَانٍ عَلَیۡہِ تُرَابٌ فَاَصَابَہٗ وَابِلٌ فَتَرَکَہٗ صَلۡدًا ؕ لَا یَقۡدِرُوۡنَ عَلٰی شَیۡءٍ مِّمَّا کَسَبُوۡا ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡکٰفِرِیۡنَ ﴿۲۶۵﴾

২৬৫
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা দানের খোঁটা দিয়া এবং কষ্ট দিয়া নিজেদের দান সমূহকে ঐ ব্যক্তির ন্যায় ব্যর্থ করিও না যে নিজের ধন-সম্পদ লোক৩৩৩ দেখানোর জন্য ব্যয় করে এবং সে আল্লাহ্‌ ও শেষ দিবসের উপর ঈমান রাখে না। তাহার উপমা ঐ মসৃণ-শক্ত প্রস্তরের অবস্থার ন্যায়, যাহার উপর অল্প মাটি পড়িয়া আছে, অতঃপর, উহার উপর প্রবল বৃষ্টিপাত হয় এবং উহাকে পরিষ্কার শক্ত প্রস্তররূপেই রাখিয়া যায়। তাহারা যাহা কিছু উপার্জন করে উহার কোন অংশই তাহারা রক্ষা করিতে পারে না। বস্তুত কাফের জাতিকে আল্লাহ্ হেদায়াত দেন না।
৩৩৩। অন্যত্র কুরআনে, প্রকাশ্যে দান-খয়রাত করার জন্যও মুসলমানকে উৎসাহ দেওয়া হইয়াছে। ইহার উদ্দেশ্য শুধু এতটুকুই যে, অন্যেরাও যেন উৎসাহিত হইয়া তাহাদের দৃষ্টান্ত অনুসরণ করে এবং নিজেরা দান-খয়রাতে ব্রতী হয়। কিন্তু যাহারা আল্লাহ্‌কে বিশ্বাস করে না, তাহারা কেবল জনগণের প্রশংসা অর্জনের উদ্দেশ্যেই দেখাইয়া দেখাইয়া, ঘটা করিয়া দান-খয়রাত করিয়া থাকে। তাহারা আল্লাহ্‌র কাছ হইতে পুরস্কার প্রাপ্তির সুযোগ ও যোগ্যতা হারাইয়া ফেলে।

وَمَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمُ ابۡتِغَآءَ مَرۡضَاتِ اللّٰہِ وَتَثۡبِیۡتًا مِّنۡ اَنۡفُسِہِمۡ کَمَثَلِ جَنَّۃٍۭ بِرَبۡوَۃٍ اَصَابَہَا وَابِلٌ فَاٰتَتۡ اُکُلَہَا ضِعۡفَیۡنِ ۚ فَاِنۡ لَّمۡ یُصِبۡہَا وَابِلٌ فَطَلٌّ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۲۶۶﴾

২৬৬
এবং যাহারা নিজেদের ধন-সম্পদ আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্য এবং তাহাদের আত্মার দৃঢ়তার৩৩৪ জন্য খরচ করে তাহাদের দৃষ্টান্ত উচ্চস্থানে৩৩৫ অবস্থিত সেই বাগানের অবস্থার ন্যায় যাহার উপর প্রবল বৃষ্টিপাত হইলে উহা দ্বিগুণ ফল উৎপন্ন করে। এবং যদি উহাতে প্রবল বৃষ্টিপাত নাও হয় তাহা হইলে অল্প বৃষ্টিই যথেষ্ট এবং তোমরা যাহাকিছু করিতেছ আল্লাহ্ উহা সম্বন্ধে সম্যক দ্রষ্টা।
৩৩৪। আল্লাহ্‌র রাস্তায় যাহারা খরচ করেন, তাহাদের আত্মার শক্তি বৃদ্ধি পায়, কারণ তাহাদের কষ্টার্জিত অর্থ ও ধন আল্লাহ্‌র পথে দান করিয়া তাহারা নিজেদের উপরে স্বেচ্ছাকৃতভাবে যে বোঝা আরোপ করেন, তাহা বহন করিবার শক্তি লাভ করিয়া তাহারা শক্তিমান হইয়া উঠেন এবং তাহাদের ঈমানে দৃঢ়তা বৃদ্ধি পায়।
৩৩৫। মুক্ত হস্তে আল্লাহ্‌র পথে দান করার ফলে মো’মেনের হৃদয় উচ্চ ও ফলনশীল ভূমিখণ্ডের মত হইয়া যায়, যাহা অতিবৃষ্টিতেও ডুবে না এবং অল্প বৃষ্টিতেও ভাল ফসল প্রদান করে।

اَیَوَدُّ اَحَدُکُمۡ اَنۡ تَکُوۡنَ لَہٗ جَنَّۃٌ مِّنۡ نَّخِیۡلٍ وَّاَعۡنَابٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۙ لَہٗ فِیۡہَا مِنۡ کُلِّ الثَّمَرٰتِ ۙ وَاَصَابَہُ الۡکِبَرُ وَلَہٗ ذُرِّیَّۃٌ ضُعَفَآءُ ۪ۖ فَاَصَابَہَاۤ اِعۡصَارٌ فِیۡہِ نَارٌ فَاحۡتَرَقَتۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَتَفَکَّرُوۡنَ ﴿۲۶۷﴾٪

২৬৭
তোমাদের মধ্যে কেহ কি ইহা চাহে যে, তাহার জন্য খর্জুর ও আঙ্গুরের এমন একটি বাগান থাকুক, যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত থাকে, উহাতে তাহার জন্য সর্বপ্রকার ফল থাকে, অতঃপর তাহাকে বার্ধক্য আসিয়া আক্রমণ করে এবং তাহার দুর্বল সন্তান-সন্ততি থাকে, এমন সময় সেই বাগানের উপর দিয়া এক অগ্নিময় ঘূর্ণিঝড় বহিয়া যায়, ফলে উহা পুড়িয়া ভস্মীভূত৩৩৬ হইয়া যায়? এইরূপে আল্লাহ্ তোমাদের জন্য নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা চিন্তা করিয়া কাজ কর।
সূরা আল্ বাকারা - রুকু ৩৬
৩৩৬। এই উপমা দিয়া, মুসলমানকে সতর্ক করা হইতেছে যে, তাহারা যদি লোক-দেখানোর জন্য দান ও খয়রাত এবং আল্লাহ্‌র রাস্তায় টাকা-পয়সা খরচ করেন কিংবা দান-খয়রাতের পরে উপকৃতদের খোঁটা দিয়া মনঃকষ্ট দেন, তাহা হইলে তাহাদের সমস্ত দান-খয়রাত একেবারে বিফলে যাইবে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡفِقُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا کَسَبۡتُمۡ وَمِمَّاۤ اَخۡرَجۡنَا لَکُمۡ مِّنَ الۡاَرۡضِ ۪ وَلَا تَیَمَّمُوا الۡخَبِیۡثَ مِنۡہُ تُنۡفِقُوۡنَ وَلَسۡتُمۡ بِاٰخِذِیۡہِ اِلَّاۤ اَنۡ تُغۡمِضُوۡا فِیۡہِ ؕ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ غَنِیٌّ حَمِیۡدٌ ﴿۲۶۸﴾

২৬৮
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা খরচ কর পবিত্র বস্তু হইতে যাহা তোমরা উপার্জন কর, এবং উহা হইতেও যাহা আমরা তোমাদের জন্য যমীন হইতে উৎপন্ন করি; এবং তোমরা এমন নিকৃষ্ট বস্তুর সংকল্প করিও না, যাহা হইতে তোমরা খরচ কর বটে, কিন্তু তোমরা স্বয়ং চক্ষু বন্ধ না করিয়া আদৌ উহা৩৩৭ গ্রহণ করিতে প্রস্তুত নহ। এবং জানিয়া রাখ যে, নিশ্চয় আল্লাহ্ স্বয়ংসম্পূর্ণ-ঐশ্বর্যশালী, সকল প্রশংসার যোগ্য।
৩৩৭। এই আয়াতে বলা হইয়াছে যে, ন্যায়ভাবে উপার্জিত ভাল ও পবিত্র বস্তু নিজে রাখিয়া, মন্দ বস্তু আল্লাহ্‌র নামে দান করা অনুচিত। ব্যবহৃত বস্তু ইত্যাদি গরিবকে দান করা যাইতে পারে, তাই বলিয়া কেবল ঐগুলিকেই গরীবের জন্য চিহ্নিত করা ধনীদের পক্ষে ঠিক নয়।

اَلشَّیۡطٰنُ یَعِدُکُمُ الۡفَقۡرَ وَیَاۡمُرُکُمۡ بِالۡفَحۡشَآءِ ۚ وَاللّٰہُ یَعِدُکُمۡ مَّغۡفِرَۃً مِّنۡہُ وَفَضۡلًا ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۲۶۹﴾ۖۙ

২৬৯
শয়তান তোমাদিগকে দারিদ্র্যের৩৩৮ ভয় দেখায় এবং সে তোমাদিগকে অশ্লীলতার৩৩৯ আদেশ দেয়, পক্ষান্তরে আল্লাহ্ নিজ পক্ষ হইতে তোমাদিগকে ক্ষমা এবং ফযলের প্রতিশ্রুতি প্রদান করেন। বস্তুতঃ আল্লাহ্‌ প্রাচুর্যদানকারী, সর্বজ্ঞানী।
৩৩৮। ‘ফাকারা’ অর্থ ‘সে মুক্তার মধ্যে ছিদ্র করিল’, ‘ফাকুরা’ অর্থ সে গরীব ও অভাবী হইয়া গেল; ‘ফাকিরা’ অর্থ তাহার মেরুদণ্ডের কষ্ট দেখা দিল। অতএব, ‘ফক্‌র’ মানে ‘দারিদ্র্য’, ‘অভাব’, দায়গ্রস্ততা, যাহা মানুষের মেরুদণ্ড সোজা হইতে দেয় না, যাহা দুশ্চিন্তা ও অশান্তি দ্বারা মানসিক কষ্ট দেয় (লেইন)।
৩৩৯। শয়তান মানুষের মনে কুমন্ত্রণা যোগায় যে, এত দান-খয়রাত করিলেতো দুইদিনেই ধন-সম্পদ ফুরাইয়া যাইবে এবং দাতা দরিদ্র হইয়া পড়িবে। এই আয়াত শয়তানের এই কুপ্ররোচনাকে, দাতার মনে স্থান দিতে বারণ করে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করে যে, ধনী ব্যক্তিরা যদি পরোপকারের জন্য মুক্ত হস্তে ব্যয় না করে, তাহা হইলে, জাতি অল্পকালের মধ্যেই দরিদ্র হইয়া পড়িবে, আর্থিকভাবে দেশ অবনতির দিকে যাইবে এবং নৈতিক মূল্যবোধ হইতে দেশ বঞ্চিত হইয়া পড়িবে। যে সম্প্রদায়ের গরীব-দুঃখীদের অর্থনৈতিক প্রয়োজন মিটানো হয় না, সেই সম্প্রদায়ের চরিত্র-পতন ঘটে, কেননা জীবন-জীবিকার জন্য তাহারা গর্হিত ও ঘৃণিত পথে অগ্রসর হইতে থাকে। দেশ ও জাতির জন্য ইহা খুবই মারাত্মক অবস্থা।

یُّؤۡتِی الۡحِکۡمَۃَ مَنۡ یَّشَآءُ ۚ وَمَنۡ یُّؤۡتَ الۡحِکۡمَۃَ فَقَدۡ اُوۡتِیَ خَیۡرًا کَثِیۡرًا ؕ وَمَا یَذَّکَّرُ اِلَّاۤ اُولُوا الۡاَلۡبَابِ ﴿۲۷۰﴾

২৭০
তিনি যাহাকে চাহেন হিকমত৩৪০ প্রদান করেন, এবং যাহাকে হিকমত প্রদান করা হয়, তাহাকে প্রভূত কল্যাণ প্রদান করা হয়, প্রকৃত পক্ষে বুদ্ধিমান লোক ব্যতীত অন্য কেহ উপদেশ গ্রহণ করে না।
৩৪০। এই আয়াতটি ইহাই বুঝাইতে চাহে যে, আল্লাহ্‌র পথে, পরের উপকার সাধনের উদ্দেশ্যে, ব্যয় করার জন্য ধনীদের প্রতি আল্লাহ্‌র দেওয়া এই নির্দেশটি অত্যন্ত প্রজ্ঞাময় ও বুদ্ধিমত্তাপুর্ণ। কেননা, জাতির উন্নতি ও অগ্রগতির চাবিকাঠি এই নির্দেশ পালনের মধ্যে নিহিত আছে।