২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

وَالَّذِیۡنَ یُتَوَفَّوۡنَ مِنۡکُمۡ وَیَذَرُوۡنَ اَزۡوَاجًا ۚۖ وَّصِیَّۃً لِّاَزۡوَاجِہِمۡ مَّتَاعًا اِلَی الۡحَوۡلِ غَیۡرَ اِخۡرَاجٍ ۚ فَاِنۡ خَرَجۡنَ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡ مَا فَعَلۡنَ فِیۡۤ اَنۡفُسِہِنَّ مِنۡ مَّعۡرُوۡفٍ ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۲۴۱﴾

২৪১
এবং তোমাদের মধ্য হইতে যাহারা মৃত্যু বরণ করে এবং তাহারা স্ত্রীগণকে ছাড়িয়া যায়, তাহারা (ওয়ারিসগণকে) তাহাদের স্ত্রীগণের জন্য ওসীয়্যত করিয়া যাইবে যে, তাহাদিগকে গৃহ হইতে বহিষ্কার না করিয়া এক বৎসর২৯৮ পর্যন্ত ভরণপোষন দিতে হইবে।কিন্তু যদি তাহারা স্বেচ্ছায় চলিয়া যায় তাহা হইলে ন্যায়সংগতভাবে তাহারা নিজেদের সম্বন্ধে কোন ব্যবস্থা গ্রহণ করিলে উহাতে তোমাদের কোন পাপ হইবে না। বস্তুতঃ আল্লাহ্‌ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
২৯৮। বিধবার জন্য যে, ৪ মাস ১০ দিনের ইদ্দৎ বা অপেক্ষার সময় নির্ধারণ করা হইয়াছে (২ঃ২৩৫) সেই সময়ে স্বামীর বাড়ীতে থাকিবার তাহার পূর্ণ অধিকার রহিয়াছে এবং উক্ত সময়ে তাহার ভরণ-পোষণ করিতে সদ্যমৃত স্বামীর উত্তরাধিকারীরা বাধ্য। তবে, এখানে যে এক বৎসরের ভরণ-পোষণ ও থাকা খাওয়ার কথা বলা হইয়াছে, তাহা ইদ্দতের অতিরিক্ত ব্যাপার, যাহা বিধবার প্রতি অধিক সুবিধা দান বা অনুগ্রহ প্রদর্শন স্বরূপ। এই সুবিধা দান অবশ্য কর্তব্য বা বাধ্যতামূলক নহে।

وَلِلۡمُطَلَّقٰتِ مَتَاعٌۢ بِالۡمَعۡرُوۡفِ ؕ حَقًّا عَلَی الۡمُتَّقِیۡنَ ﴿۲۴۲﴾

২৪২
এবং তালাকপ্রাপ্তা নারীদিগকে ন্যায়সংগতভাবে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী২৯৯ দান করিতে হইবে —ইহা মুত্তাকীগণের উপর বাধ্যকর।
২৯৯। পূর্ববর্তী আয়াতে বিধবার প্রতি যেরূপ অতিরিক্ত সুবিধা দানের কথা বলা হইয়াছে, তেমনি বর্তমান আয়াতে তালাকপ্রাপ্তা স্ত্রীর প্রতি অতিরিক্ত সুবিধা দান ও দয়া প্রদর্শনের কথা বলা হইয়াছে। ইহা তালাক-প্রাপ্তা স্ত্রীর ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়, কেননা বিবাহ বিচ্ছেদকালে স্বাভাবিক ভাবে যে ক্ষোভের সঞ্চার হয়, তাহা মানুষকে বিচ্ছিন্ন স্ত্রীর প্রতি অন্যায় ও নিষ্ঠুর ব্যবহারের দিকে প্ররোচিত করে।

کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۲۴۳﴾٪

২৪৩
এই ভাবে আল্লাহ্ তোমাদের জন্য তাঁহার নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা বিচার-বুদ্ধি প্রয়োগ কর।
সূরা আল্ বাকারা - রুকু ৩১

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ خَرَجُوۡا مِنۡ دِیَارِہِمۡ وَہُمۡ اُلُوۡفٌ حَذَرَ الۡمَوۡتِ ۪ فَقَالَ لَہُمُ اللّٰہُ مُوۡتُوۡا ۟ ثُمَّ اَحۡیَاہُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَذُوۡ فَضۡلٍ عَلَی النَّاسِ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَشۡکُرُوۡنَ ﴿۲۴۴﴾

২৪৪
তোমার নিকট কি তাহাদের সংবাদ পৌঁছে নাই যাহারা সংখ্যায় হাজার হাজার৩০০ হইয়াও মৃত্যু৩০১ ভয়ে নিজেদের গৃহ হইতে বাহির৩০২ হইয়াছিল? ইহাতে আল্লাহ্ তাহাদিগকে বলিলেন, ‘মর৩০৩ তোমরা’; অতঃপর, তিনি তাহাদিগকে জীবিত করিলেন। নিশ্চয় আল্লাহ্ মানুষের প্রতি পরম অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না।
৩০০। ফেরাউনের অত্যাচারের দরুন ইসরাঈলীরা যখন মিশর পরিত্যাগ করিয়া এশিয়ায় উপনীত হইল, তখন মূসা (আঃ) তাহাদিগকে ‘প্রতিশ্রুত ভূমিতে’ প্রবেশ করিবার জন্য অগ্রসর হইতে বলিলেন। কিন্তু সেই স্থানের অধিবাসীদের ভয়ে তাহারা আর অগ্রসর হইল না (৫ঃ২৫)।
৩০১। মিশর ত্যাগকারী ইসরাঈলীদের সংখ্যা বাইবেলে ছয় লক্ষ বলিয়া উল্লেখিত হইয়াছে। কুরআনের বর্ণনা অনুযায়ী তাহারা কয়েক সহস্র ছিল। সাম্প্রতিক গবেষণার ফলে প্রাপ্ত সংখ্যা, কুরআনের অভিমতকেই সত্য সাব্যস্ত করে (হিস্ট্রী অব দি পিপল অব ইসরাঈল প্রণেতা আরনেষ্ট রেনান, পৃষ্ঠা ১৪৫, ১৮৮৮ এবং হিস্ট্রী অব প্যালেষ্টাইন এণ্ড দি জিউয্‌, ১ম খণ্ড ১৭৪ পৃঃ প্রণেতা জন কিট্রো, ২ঃ৬১ ও দেখুন)।
৩০২। বনী ইসরাঈলগণ এই জন্য মিশর ত্যাগ করিতে বাধ্য হইয়াছিল যে, সেখানে আরও থাকার অর্থ হইত তাহাদের ভাবী প্রজন্মসহ সমূলে ধ্বংস প্রাপ্তি। কেননা ফেরাউন তাহাদের পুরুষগণকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার সকল উপায় ও প্রক্রিয়া অবলম্বন করিয়াছিল। ২ঃ৫০ দেখুন।
৩০৩। হযরত মূসা (আঃ) এর উপদেশ ও আদেশ অগ্রাহ্য করিয়া, যাহারা প্রতিশ্রুত ভূমি\’র দিকে অগ্রসর হইতে সাহস করিল না, তাহারা সিনাই-এর পার্বত্য অঞ্চলে ঘুরিতে ঘুরিতে অবশেষে বনাঞ্চলেই বিনষ্ট হইয়া গেল। অতঃপর, তাহাদের মধ্য হইতে নূতন বংশের উদ্ভব ঘটিলে তাহারা নব উৎসাহে প্রণোদিত হইয়া যিহোশূয়ের নেতৃত্বে প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করে। অন্যত্র কুরআন বলে “অতঃপর আমরা তোমাদের মৃত্যুর পর, তোমাদিগকে উত্থিত করিলাম” (২ঃ৫৭)।

وَقَاتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۲۴۵﴾

২৪৫
এবং আল্লাহ্‌র পথে তোমরা যুদ্ধ৩০৪ কর এবং জানিয়া রাখ যে, নিশ্চয় আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
৩০৪। উপরে বনী ইসরাঈলীদের ভীতির দৃষ্টান্ত দিয়া, এই আয়াতে মুসলমানদিগকে বলা হইয়াছে যে, যাহারা মৃত্যুকে ভয় করে এবং জাতীয় সত্তা ও সম্মান রক্ষার জন্য আত্মত্যাগ করিতে প্রস্তুত হয় না, তাহারা বাঁচিয়া থাকিতে পারে না। আত্মোৎসর্গকে জাতীয় উন্নতির চাবিকাঠি রূপে কুরআন চিহ্নিত করিয়াছে।

مَنۡ ذَا الَّذِیۡ یُقۡرِضُ اللّٰہَ قَرۡضًا حَسَنًا فَیُضٰعِفَہٗ لَہٗۤ اَضۡعَافًا کَثِیۡرَۃً ؕ وَاللّٰہُ یَقۡبِضُ وَیَبۡصُۜطُ ۪ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۲۴۶﴾

২৪৬
কে এমন আছে যে আল্লাহ্‌কে নিজ ধন-সম্পদ হইতে উত্তম ঋণ৩০৫ দিবে যেন তিনি উহাকে তাহার জন্য বহু গুণে বাড়াইয়া দেন? এবং আল্লাহ্‌ ধন-সম্পদ গ্রহণ করেন এবং বাড়াইয়া থাকেন, এবং তোমাদিগকে তাঁহারই দিকে প্রত্যাবর্তিত করা হইবে।
৩০৫। আল্লাহ্‌র রাস্তায় টাকা-পয়সা ও ধন-দৌলত খরচ করাকে, কুরআন আল্লাহ্‌কে ঋণদান রূপে বর্ণনা করিয়াছে। ইহার অর্থ এই যে, ধর্ম কর্ম ও পূণ্য কাজে অর্থ ব্যয় করিলে, সেই অর্থ কখনও বিফলে যায় না।

اَلَمۡ تَرَ اِلَی الۡمَلَاِ مِنۡۢ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ مِنۡۢ بَعۡدِ مُوۡسٰی ۘ اِذۡ قَالُوۡا لِنَبِیٍّ لَّہُمُ ابۡعَثۡ لَنَا مَلِکًا نُّقَاتِلۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ قَالَ ہَلۡ عَسَیۡتُمۡ اِنۡ کُتِبَ عَلَیۡکُمُ الۡقِتَالُ اَلَّا تُقَاتِلُوۡا ؕ قَالُوۡا وَمَا لَنَاۤ اَلَّا نُقَاتِلَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَقَدۡ اُخۡرِجۡنَا مِنۡ دِیَارِنَا وَاَبۡنَآئِنَا ؕ فَلَمَّا کُتِبَ عَلَیۡہِمُ الۡقِتَالُ تَوَلَّوۡا اِلَّا قَلِیۡلًا مِّنۡہُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالظّٰلِمِیۡنَ ﴿۲۴۷﴾

২৪৭
তুমি কি বনী ইস্‌রাঈলের ঐ সকল প্রধানের বিষয় অবগত হও নাই যাহারা মূসার পরে গত হইয়াছে, যখন তাহারা তাহাদের এক নবীকে বলিয়াছিল, আমাদের জন্য কোন বাদ্‌শাহ নিযুক্ত করিয়া দাও যেন আমরা (তাহার অধীন হইয়া) আল্লাহ্‌র পথে যুদ্ধ করিতে পারি?’ সে বলিল, ‘এমনতো হইবে না যে তোমাদের উপর যুদ্ধ ফরয করা হইলে, তোমরা যুদ্ধ করিবে না?’ তাহারা বলিল, ‘আমাদের কি হইয়াছে যে আমরা আল্লাহ্‌র পথে যুদ্ধ৩০৬ করিব না, অথচ আমাদিগকে আমাদের গৃহ হইতে এবং আমাদের সন্তান-সন্ততি হইতে বহিষ্কৃত করা হইয়াছে?’ কিন্তু যখন তাহাদের উপর যুদ্ধবিধিবদ্ধ করা হইল তখন তাহাদের মধ্যে অল্প সংখ্যক ব্যতীত সকলেই পৃষ্ঠ প্রদর্শন করিল। এবং আল্লাহ্‌ যালেমদিগকে সবিশেষ জানেন।
৩০৬। হযরত মূসা (আঃ)-এর সময় বনী ইসরাঈল জাতি যে অবস্থায় ছিল, পরবর্তী কালে, এই আয়াতে বর্ণিত ঘটনার সময়ে তাহাদের অবস্থার কিছু উন্নতি হইয়াছিল বলিয়া দৃষ্ট হয়। কুরআনের ৫ঃ২৫ হইতে দেখা যায়, যখন হযরত মূসা (আঃ) তাঁহার অনুসারীগণকে আদেশ ও উপদেশ দিলেন যে, আল্লাহ্‌র খাতিরে, শত্রুদের সাথে তাহাদের যুদ্ধ করিতে হইবে, তখন তাহারা উত্তর দিয়াছিল, তুমি এবং তোমার প্রভু যাও এবং তোমরা দুইজনই যুদ্ধ কর, আমরা এখানে বসিয়া থাকিব। এই উত্তরের তুলনায়, বর্তমান আয়াতে যে উত্তর দেওয়া হইয়াছে তাহা হইলঃ আমরা যখন আমাদের বাড়ীঘর ও সন্তান-সন্ততি হইতে বহিস্কৃত হইয়াছি, তখন কি কারণে আমরা আল্লাহ্‌র জন্য যুদ্ধ করিব না? তবে এই উভয় উত্তরের মধ্যে যে তারতম্য আছে, তাহা মৌখিক, কার্যতঃ নহে। কেননা যখন প্রকৃতই যুদ্ধের সময় হইল ও ডাক পড়িল, তখন দেখা গেল, তাহাদের বেশীর ভাগই ইতস্ততঃ করিয়া যুদ্ধ করিতে রাজি হইল না। এই ঘটনা মুসলমানদিগের জন্য এক বিরাট হুশিয়ারী উচ্চারণ করিতেছে যে, তাহারা যেন ঐ ইসরাঈলীদের পদাঙ্ক অনুসরণ না করে।

وَقَالَ لَہُمۡ نَبِیُّہُمۡ اِنَّ اللّٰہَ قَدۡ بَعَثَ لَکُمۡ طَالُوۡتَ مَلِکًا ؕ قَالُوۡۤا اَنّٰی یَکُوۡنُ لَہُ الۡمُلۡکُ عَلَیۡنَا وَنَحۡنُ اَحَقُّ بِالۡمُلۡکِ مِنۡہُ وَلَمۡ یُؤۡتَ سَعَۃً مِّنَ الۡمَالِ ؕ قَالَ اِنَّ اللّٰہَ اصۡطَفٰٮہُ عَلَیۡکُمۡ وَزَادَہٗ بَسۡطَۃً فِی الۡعِلۡمِ وَالۡجِسۡمِ ؕ وَاللّٰہُ یُؤۡتِیۡ مُلۡکَہٗ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۲۴۸﴾

২৪৮
এবং তাহাদের নবী তাহাদিগকে বলিল, ‘নিশ্চয় আল্লাহ্ তোমাদের জন্য তালুতকে৩০৭ বাদ্‌শাহ নিযুক্ত করিয়াছেন।’ তাহারা বলিল, ‘সে কি প্রকারে আমাদের উপর হুকূমত লাভ করিতে পারে, অথচ তাহার চাইতে আমরা হুকুমতের বেশী হক্‌দার, এবং তাহাকে এমন কিছু আর্থিক প্রাচুর্যও দেওয়া হয় নাই?’ সে বলিল, ‘নিশ্চয় আল্লাহ্ তাহাকে তোমাদের উপর মনোনীত করিয়াছেন, এবং তিনি তাহাকে জ্ঞানে এবং দৈহিক বলে অধিক করিয়াছেন।’ বস্তুতঃ আল্লাহ্‌ যাহাকে চাহেন তাঁহার শাসনক্ষমতা দান করেন, এবং আল্লাহ্‌ প্রাচুর্যদাতা, সর্বজ্ঞানী।
৩০৭। ‘তালুত’ বনী ইসরাঈল জাতির একজন বাদ্‌শা, যিনি দাউদ নবী (আঃ)-এর দুইশত বৎসর পূর্বে এবং মূসা (আঃ)-এর দুইশত বৎসর পরে রাজত্ব করিয়াছিলেন। কুরআনের তফসীরকারকগণের মধ্যে কেহ কেহ তালুতকে ‘সাউল’ বলিয়া ভ্রম করিয়াছেন। কিন্তু কুরআনের বর্ণনা ‘গিদিওনের’ সহিত বেশী মিল খায়, সাউলের সহিত ততটা মিলে না (বিচারকর্তৃগণের বিবরণ ৬-৮)। গিদিওন ১২৫০ খৃষ্টপূর্বে ছিলেন এবং বাইবেল তাহাকে সাহসী ও প্রতিপত্তিশালী ব্যক্তিত্ব বলিয়া অভিহিত করিয়াছে (বিচারক ৬ঃ১২) আর তালুত বলিতেও তাহাই বুঝায়। কয়েকজন খৃষ্টান লেখক বলিয়াছেন যে, এই পরিচ্ছেদে বর্ণিত ঘটনা, দুইটি ভিন্ন ভিন্ন সময়ে দুইশত বৎসরের ব্যবধানে ঘটিয়াছে, অতএব এই পরিচ্ছেদটিতে ঘটনা বর্ণনায় কুরআনের ঐতিহাসিক কাল নির্ণয়ে ভ্রম পরিলক্ষিত হয়। পরিচ্ছেদটি নিশ্চয়ই দুই ভিন্ন সময়ের ঘটনাই উল্লেখ করিয়াছে। কিন্তু ইহাতে সময়ের কোন অসঙ্গতি ঘটে নাই। কুরআনের বর্ণনার আসল উদ্দেশ্য হইল, ইহুদী জাতির ভিন্ন ভিন্ন গোত্রের বিচ্ছিন্নতাকে ছাড়াইয়া তাহাদের মধ্যে ঐক্য কিভাবে সম্পন্ন হইল, তাহা বর্ণনা করা। ঐক্য সাধনের প্রক্রিয়া আরম্ভ হইয়াছিল গিদিওনের (অর্থাৎ তালুতের) সময়ে, দাউদ (আঃ)-এর দুইশত বৎসর পূর্বে, আর তাহা পূর্ণতা প্রাপ্ত হয় দাউদ (আঃ)-এর রাজত্ব কালে। “মূসা (আঃ)-এর পরে” কথাটি পূর্ববর্তী কাছাকাছি সময়ে ঘটিয়াছিল, যখন ইসরাঈলীরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, তাহাদের কোন বাদশা ছিল না এবং তাহাদের কোন সেনা বাহিনীও ছিল না। তাহাদের দলাদলি ও বিশৃংখলার কারণে, আল্লাহ্‌ শাস্তি স্বরূপ তাহাদিগকে মিদিয়ানদের হাতে সমর্পণ করিলেন। মিদিয়ানরা সাত বৎসর ধরিয়া তাহাদের উপর লুণ্ঠন-নির্যাতন চালাইল এবং তাহারা পর্বত গুহায় আশ্রয় নিতে বাধ্য হইল (বিচারক ১ঃ৬)। এই অসহায় অবস্থায় তাহারা আল্লাহ্‌র কাছে ক্রন্দন করিতে লাগিল এবং তিনি তাহাদের মধ্যে এক নবীর আবির্ভাব ঘটাইলেন। গিদওনের কাছে আল্লাহ্‌র এক ফিরিশ্‌তা আসিয়া তাহাকে বাদশা নিযুক্ত করিয়া স্বর্গীয় সাহায্যের আশ্বাস-বাণী প্রদান করিল। তখন গিদিওন আল্লাহ্‌কে বলিলেন, হে আমার প্রভু, কীভাবে, কী দিয়া আমি বনী ইসরাঈলকে বাঁচাইব? তুমি তো জান, আমি মানাশের এক গরীব পরিবারের লোক এবং আমার পিতার সন্তানদের মধ্যে আমি নগণ্য (বিচারক ৬ঃ৫)। এই কথাগুলি, কুরআনের আলোচ্য আয়াতে বর্ণিত তালুতের বর্ণনার সহিত হুবহু মিলিয়া যায়। গিদিওন ও তালুত যে একই ব্যক্তি তাহা আরও পরিষ্কার হইয়া যায়, যখন দেখা যায় যে, গিদিওনের সময় ও সাউলের সময় এক নহে, ইসরাঈলীগণকে পানি দ্বারা কষ্ট দিয়া পরীক্ষা করা হইয়াছিল। বাইবেলে প্রদত্ত এই পরীক্ষার বর্ণনা (বিচারক ৭ঃ৪-৭) কুরআনের বর্ণনার সহিত একেবারে মিলিয়া যায়। বিচারক ৭ঃ৪-৭ হইতে আমরা জানিতে পাই যে, এই পরীক্ষার পরে গিদিওনের সাথে মাত্র তিনশত লোক অবশিষ্ট ছিল। ইহা এক চিত্তাকর্ষক ও কৌতুহলোদ্দীপক ব্যাপার যে মহানবী (সাঃ)-এর একজন সাহাবী বলিয়াছিলেন; বদরের যুদ্ধে আমরা সংখ্যায় ছিলাম তিনশত তেরজন এবং এই সংখ্যাটি তালুতকে অনুসরণকারীদের সংখ্যার সমান” (তিরমিযী বাবুস সিয়ার)। ইহা হইতে এই সিদ্ধান্তে উপনীত হইতে সাহায্য করে যে, তালুত গিদিওন ব্যতীত অন্য কেহ নয়। তালুতও গিদিওন যে একই ব্যক্তি তাহা গিদিওন শব্দটির অর্থ হইতেও প্রতিপন্ন হয়। এই শব্দটি যে হিব্রু ধাতু হইতে উৎপন্ন হইয়াছে তাহার অর্থ হইল কাটিয়া ফেলিয়া দেওয়া বা কাটিয়া ফেলা’ (যিউইস এনসাই)। অতএব, গিদিওন অর্থ দাঁড়ায় “যে ব্যক্তি তাহার প্রতিদ্বন্দ্বীকে কাটিয়া ধরাশায়ী করে।” এবং বাইবেলে গিদিওনকে ‘মহাশক্তিধর সাহসী ব্যক্তিত্ব’ হিসাবে অভিহিত করা হইয়াছে। (বিচারক ৬ঃ১২)। (ইংরাজী তফসীরে কবীর দেখুন)।

وَقَالَ لَہُمۡ نَبِیُّہُمۡ اِنَّ اٰیَۃَ مُلۡکِہٖۤ اَنۡ یَّاۡتِیَکُمُ التَّابُوۡتُ فِیۡہِ سَکِیۡنَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ وَبَقِیَّۃٌ مِّمَّا تَرَکَ اٰلُ مُوۡسٰی وَاٰلُ ہٰرُوۡنَ تَحۡمِلُہُ الۡمَلٰٓئِکَۃُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۲۴۹﴾٪

২৪৯
এবং তাহাদের  নবী তাহাদিগকে বলিল, ‘নিশ্চয় তাহার শাসনক্ষমতার নিদর্শন এই যে, তোমাদের নিকট এক তাবূত৩০৮ আসিবে যাহার মধ্যে তোমাদের প্রভুর পক্ষ হইতে মনের প্রশান্তি থাকিবে এবং মূসার বংশধরগণ এবং হারূনের বংশধরগণ যাহা ছাড়িয়া গিয়াছে উহার উত্তম অবশিষ্টাংশ৩০৯ থাকিবে, ফিরিশ্‌তাগণ উহা বহন করিবে। যদি তোমরা মো’মেন হইয়া থাক তাহা হইলে ইহাতে অবশ্যই তোমাদের জন্য নিদর্শন আছে।’
সূরা আল্ বাকারা - রুকু ৩২
৩০৮। ‘তাবুত’ অর্থ (১) সিন্দুক বা বাক্স, (২) বক্ষস্থল, বুক ও বুকের হাড় এবং যাহা কিছু সেখানে থাকে, যেমন হৃদয় ইত্যাদি (লেইন), (৩) হৃদয়, যাহা জ্ঞান প্রজ্ঞা ও শান্তি ধারণ করে (মুফরাদাত)। তফসীরকারকগণ তাবুত শব্দের তাৎপর্য নিয়া মতভেদ করিয়াছেন। বাইবেল ইহাকে নৌকা বা সিন্দুক বলিয়া উল্লেখ করিয়াছে এবং কুরআনের বর্ণনা হইতে ইহা স্পষ্ট বুঝা যায় শব্দটি ‘হৃদয়’ বা বক্ষ অর্থে ব্যবহৃত হইয়াছে। এই আয়াতে, ‘তাবুত’ সম্বন্ধে বলা হইয়াছে যাহার মধ্যে তোমার প্রভুর তরফ হইতে প্রশান্তি থাকিবে। এই কথা নৌকা, বাক্স বা জাহাজ সম্বন্ধে খাটে না। অন্যকে প্রশান্তি দান ত দূরের কথা, বাইবেলের কথিত সিন্দুক বা বাক্স বনী ইসরাঈলকে পরাজয় হইতে বাঁচাইতে তো পারিলই না, এমনকি নিজেকেও লুণ্ঠিত হওয়া হইতে বাঁচাইতে পারিল না। ঐ সিন্দুক সাথে নিয়া যে সাউল বিজয় অভিযানে গিয়াছিলেন, তিনি স্বয়ং অপমানজনক পরাজয় বরণ করিলেন এবং অতি হীন ও অসম্মানিত অবস্থায় তাহার মৃত্যু হইল৷ এইরূপ সিন্দুক (তাবুত) বনী ইসরাঈলীদের শান্তির উৎস হইতে পারে না। যাহা আল্লাহ্‌তা’লা তাহাদিগকে দিয়াছিলেন, তাহা ছিল বীরত্বভরা, অধ্যবসায়ী হৃদয় (তাবুত) যাহার সহিত প্রশান্তি মিলিত হইয়া তাহাদিগকে এমনি শক্তিশালী করিয়া তুলিল যে, তাহারা অকাতরে শত্রুর মোকাবিলা করিয়া তাহাদিগকে শোচনীয় ভাবে পরাজিত করিতে সক্ষম হইল।
৩০৯। অন্য একটি অনুগ্রহ যাহা আল্লাহ্‌তা’লা বনী ইসরাঈলীদের প্রতি করিয়াছিলেন, তাহা এই আয়াতে ‘বংশধরগণ যাহা ছাড়িয়া দিয়াছে’ বলিয়া উল্লেখিত হইয়াছে। মূসা ও হারূনের (আঃ) বংশের মধ্যে যে গুণাবলী বিকশিত হইয়াছিল, সেই মহাগুণগুলিও আল্লাহ্‌তা’লা তাহাদের হৃদয়ে প্রস্ফুটিত করিয়াছিলেন। মূসা ও হারূনের (আঃ) বংশ, উত্তরাধিকার রূপে কোন পার্থিব ধন-সম্পদ রাখিয়া যান নাই, তাহারা নিজেদের সন্তান-সন্ততির মধ্যে মন-মস্তিষ্কের উচ্চ নৈতিকগুণাবলীর উত্তরাধিকার রাখিয়া গিয়াছিলেন যাহা আল্লাহ্‌র অনুগ্রহে বনী ইসরাঈলীরা পরে প্রাপ্ত হইয়াছিল।

فَلَمَّا فَصَلَ طَالُوۡتُ بِالۡجُنُوۡدِ ۙ قَالَ اِنَّ اللّٰہَ مُبۡتَلِیۡکُمۡ بِنَہَرٍ ۚ فَمَنۡ شَرِبَ مِنۡہُ فَلَیۡسَ مِنِّیۡ ۚ وَمَنۡ لَّمۡ یَطۡعَمۡہُ فَاِنَّہٗ مِنِّیۡۤ اِلَّا مَنِ اغۡتَرَفَ غُرۡفَۃًۢ بِیَدِہٖ ۚ فَشَرِبُوۡا مِنۡہُ اِلَّا قَلِیۡلًا مِّنۡہُمۡ ؕ فَلَمَّا جَاوَزَہٗ ہُوَ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ ۙ قَالُوۡا لَا طَاقَۃَ لَنَا الۡیَوۡمَ بِجَالُوۡتَ وَجُنُوۡدِہٖ ؕ قَالَ الَّذِیۡنَ یَظُنُّوۡنَ اَنَّہُمۡ مُّلٰقُوا اللّٰہِ ۙ کَمۡ مِّنۡ فِئَۃٍ قَلِیۡلَۃٍ غَلَبَتۡ فِئَۃً کَثِیۡرَۃًۢ بِاِذۡنِ اللّٰہِ ؕ وَاللّٰہُ مَعَ الصّٰبِرِیۡنَ ﴿۲۵۰﴾

২৫০
অতঃপর, যখন, তালুত সৈন্যবাহিনীসহ বাহির হইল তখন সে বলিল, ‘নিশ্চয় আল্লাহ্ তোমাদিগকে এক নদীর দ্বারা পরীক্ষা করিবেন। অতএব, যে কেহ উহা হইতে পানি পান করিবে সে আমার মধ্য হইতে নহে, এবং যে কেহ উহার স্বাদ গ্রহণ করিবে না, নিশ্চয় সে আমার মধ্য হইতে হইবে, কেবল সেই ব্যাক্তি ব্যতীত যে তাহার হস্ত দ্বারা এক অঞ্জলী৩১০ পানি পান করিবে (সে-ও আমারই মধ্য হইতে হইবে); অতঃপর, তাহাদের মধ্য হইতে অল্প সংখ্যক ব্যতীত বাকী সকলেই উহা হইতে পান করিল। এবং যখন সে স্বয়ং এবং তাহার সহিত যাহারা ঈমান আনিয়াছিল তাহারা নদী অতিক্রম করিল, তখন তাহারা বলিল, ‘আজ আমাদের মধ্যে জালুত৩১০-ক এবং তাহার সৈন্যবাহিনীর সহিত মোকাবেলা করিবার আদৌ ক্ষমতা নাই।’ কিন্তু যাহারা বিশ্বাস রাখিত যে, তাহারা আল্লাহ্‌র সহিত সাক্ষাৎ করিবে, তাহারা বলিল, ‘কত ছোট ছোট দল আল্লাহ্‌র হুকুমে বড় বড় দলের উপর জয়যুক্ত হইয়াছে; এবং আল্লাহ্‌ ধৈর্যশীলগণের সঙ্গে আছেন।
৩১০। নিষিদ্ধ পানি হইতে, কেবল এক অঞ্জলি পানি পানের অনুমতি দানের দুইটি উদ্দেশ্য আছেঃ (১) অগ্রসরমান যোদ্ধাগণকে শুধু জিহ্বা ও গলা ভিজাইয়া সামান্য শারীরিক শান্তি দান করা এবং মুক্তভাবে বেশী পান করা হইতে বিরত রাখিয়া, তাহাদের তেজ-বিক্রমে ভাটা বা অবসাদ আসিতে না দেওয়া, যাহাতে শত্রুর মোকাবিলার সামর্থ্য বজায় থাকে, (২) লোভ-সংবরণের পরীক্ষাকে কঠোরতর করা। একজন তৃষ্ণার্ত লোকের পক্ষে পানি পান না করিয়া থাকা তুলনামূলক ভাবে বরং সহজ, কিন্তু প্রচুর পানি পাইয়াও, মাত্র এক গঞ্জুষ পানি পান করিয়া নিজেকে সংবরণ করা কঠিন (দেখুন বিচারক ৭ঃ৫-৬)। নহর শব্দের অন্য অর্থ “প্রাচুর্য”। শব্দটির এই অর্থ ধরিলে আয়াতটির অর্থ হইবে, তাহাদিগকে প্রাচুর্য দ্বারা পরীক্ষা করা হইবে। যাহারা তখন লোভ-সংবরণ করিতে পারিবে না, তাহারা আল্লাহ্‌র প্রদত্ত দায়িত্ব সম্পাদনের অযোগ্য হইয়া পড়িবে। আর যাহারা প্রাচুর্যের মাঝে থাকিয়াও, অল্পেই আত্মতুষ্টি সাধন করিবে এবং বাদ-বাকী সব আল্লাহ্‌র পথে পরহিতব্রতে ছাড়িয়া দিবে, তাহারাই জীবন-যুদ্ধে জয়ী হইবে।
৩১০-ক। ‘জালুত’ একটি গুণবাচক নাম যাহার অর্থ বিশৃঙ্খল ব্যক্তি বা জাতি যাহারা অপরকে আক্রমণ ও অপমান করিয়া বেড়ায়। বাইবেলে ইহার সমার্থক নাম গলিয়াথ (১ম শমুয়েল-১৭ঃ৪)। ‘গলিয়াথ’ অর্থ “দ্রুতগতি, ভাংচুরকারী, ধ্বংসকারী, প্রেতাত্মা” অথবা “নেতা” অথবা “দানব” (এনসাই বিবি, যিউশ এনসাই)। বাইবেল যদিও শব্দটিকে ব্যক্তি বিশেষের নামরূপে ব্যবহার করিয়াছে, তথাপি শব্দটির প্রকৃত অর্থ একদল বেপরওয়া উচ্ছঙ্খল লোক। তবে শব্দটি কোন কোন ব্যক্তি বিশেষের জন্যও ব্যবহৃত হইতে পারে, যাহাদিগকে অবিমৃশ্যতা, বর্বরতা ও উচ্ছঙ্খলতার প্রতীক বলিয়া ধরিয়া নেওয়া হইয়াছে। কুরআন এই উভয় অর্থেই শব্দটাকে এই আয়াতে ব্যবহার করিয়াছে।