২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

وَمَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ نَّفَقَۃٍ اَوۡ نَذَرۡتُمۡ مِّنۡ نَّذۡرٍ فَاِنَّ اللّٰہَ یَعۡلَمُہٗ ؕ وَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ اَنۡصَارٍ ﴿۲۷۱﴾

২৭১
এবং যাহাকিছু তোমরা খরচ কর অথবা যাহাকিছু তোমরা মানত কর,৩৪১ নিশ্চয় আল্লাহ্ উহা জানেন, এবং যালেমদের জন্য কোন সাহায্যকারী হইবে না।
৩৪১। হাদীসে আছে রসূলে আকরাম (সাঃ) বাধ্যতামূলক নহে এমন কোন সৎকর্ম করার জন্য শর্তযুক্ত শপথ করা অনুমোদন করেন না। কিন্তু যদি কেহ নিজ হইতে এইরূপ শপথ করিয়া ফেলে, তবে তাহা পূরণ করা তাহার জন্য বাধ্যতামূলক হইয়া যায়।

اِنۡ تُبۡدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا ہِیَ ۚ وَاِنۡ تُخۡفُوۡہَا وَتُؤۡتُوۡہَا الۡفُقَرَآءَ فَہُوَ خَیۡرٌ لَّکُمۡ ؕ وَیُکَفِّرُ عَنۡکُمۡ مِّنۡ سَیِّاٰتِکُمۡ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۲۷۲﴾

২৭২
যদি তোমরা প্রকাশ্যে সদকাহ দান কর, তাহা হইলে ইহাও খুব ভাল, এবং যদি তোমরা উহা গোপনে দান কর এবং উহা দরিদ্রগণকে দাও, তাহা হইলে ইহা তোমাদের জন্য উৎকৃষ্টতর,৩৪২ এবং তিনি (ইহার কারণে) তোমাদের অনেক অনিষ্ট৩৪৩ তোমাদের নিকট হইতে দূরীভূত করিয়া দিবেন। এবং তোমরা যাহা কর উহা সম্বন্ধে আল্লাহ্ সম্যক অবগত আছেন।
৩৪২। গোপনে দান করা এবং প্রকাশ্যে দান করা, এই উভয় প্রকারের দানই ইসলাম উৎসাহিত করিয়াছে, ইহাতে বুদ্ধিমত্তা রহিয়াছে। প্রকাশ্যে দান করিয়া মানুষ দৃষ্টান্ত স্থাপন করিলে, অন্যেরা সেই দৃষ্টান্ত অনুসরণ করার প্রেরণা লাভ করে। গোপনে দান করা অনেক ক্ষেত্রে শ্রেয়ঃ; কেননা দান গ্রহণকারী ব্যক্তির অভাব-অনটন জনিত অসম্মানবোধও ইহাতে ঢাকা থাকে এবং তাহার মর্যাদা ক্ষুন্ন হয় না। অপরদিকে, দাতার গৌরববোধও ইহাতে সংযত থাকে।
৩৪৩। এখানে ‘মিন’ শব্দটি বাক্যটিকে জোরালো করার উদ্দেশ্যে ব্যবহৃত হইয়াছে, অথবা ‘অনেক’ বা ‘কতিপয়’ অর্থে ব্যবহৃত হইয়াছে।

لَیۡسَ عَلَیۡکَ ہُدٰٮہُمۡ وَلٰکِنَّ اللّٰہَ یَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ خَیۡرٍ فَلِاَنۡفُسِکُمۡ ؕ وَمَا تُنۡفِقُوۡنَ اِلَّا ابۡتِغَآءَ وَجۡہِ اللّٰہِ ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ خَیۡرٍ یُّوَفَّ اِلَیۡکُمۡ وَاَنۡتُمۡ لَا تُظۡلَمُوۡنَ ﴿۲۷۳﴾

২৭৩
তাহাদিগকে হেদায়াত দেওয়ার দায়িত্ব তোমার উপর ন্যস্ত নহে, বরং আল্লাহ্ যাহাকে চাহেন হেদায়াত দান করেন। এবং ধন-সম্পদ হইতে তোমরা যাহা খরচ কর উহা তোমাদেরই আত্মার কল্যাণের জন্য, কারণ তোমরা শুধু আল্লাহ্‌র৩৪৪ সন্তুষ্টি লাভের জন্যই খরচ করিয়া থাক, এবং ধন-সম্পদ৩৪৫ হইতে তোমরা যাহা কিছু খরচ কর উহা তোমাদিগকে সম্পূর্ণরূপে ফেরৎ দেওয়া হইবে এবং তোমাদের প্রতি যুলুম করা হইবে না।
৩৪৪। এই আয়াতটি, আঁ-হযরত (সাঃ)-এর সাহাবীগণের সহজাত সৎকর্মশীলতার এক দলিল বা প্রশংসাপত্র। আল্লাহ্‌র পথে নিজের ধন ও অর্থ বিলাইতে তাহাদের কোন নির্দেশের প্রয়োজন হয় নাই। আল্লাহ্‌র নির্দেশ জারী হইবার পূর্ব হইতেই, তাহারা আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের লক্ষ্যে স্বেচ্ছা-প্রণোদিত হইয়া এই সৎকাজ করিয়া আসিতেছিলেন। আয়াতটিতে আল্লাহ্‌তা’লা ইহাই বলিয়াছেন।
৩৪৫। ‘খায়ের’ অর্থ ‘যাহা কিছু ভাল’ (লেইন)। এখানে ‘খায়ের’ শব্দটি ব্যবহার দ্বারা দানের অর্থকে বহু ব্যাপক করিয়া দিয়াছে। ‘দান’ করার অর্থ কেবল টাকা-পয়সা দানই নয়, বরং যতপ্রকারের পরোপকার হইতে পারে, তাহার সবই ‘দান বা খায়ের’ এর অন্তর্ভুক্ত করা হইয়াছে।

لِلۡفُقَرَآءِ الَّذِیۡنَ اُحۡصِرُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ لَا یَسۡتَطِیۡعُوۡنَ ضَرۡبًا فِی الۡاَرۡضِ ۫ یَحۡسَبُہُمُ الۡجَاہِلُ اَغۡنِیَآءَ مِنَ التَّعَفُّفِ ۚ تَعۡرِفُہُمۡ بِسِیۡمٰہُمۡ ۚ لَا یَسۡـَٔلُوۡنَ النَّاسَ اِلۡحَافًا ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ خَیۡرٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ ﴿۲۷۴﴾٪

২৭৪
(উপরোক্ত দান সমূহ) ঐ অভাবীগণের জন্য যাহাদিগকে আল্লাহ্‌র পথে (অন্যান্য কাজ হইতে) এমনভাবে আবদ্ধ৩৪৬ করা হইয়াছে যে, তাহারা ভূপৃষ্ঠে চলাফেরা করিতে পারে না। (তাহারা সাহায্য) চাওয়া হইতে বিরত থাকার কারণে অজ্ঞ লোক তাহাদিগকে ধনী মনে করে। তুমি তাহাদিগকে তাহাদের চেহারার৩৪৭ লক্ষণ দেখিয়া চিনিতে পারিবে, তাহারা মানুষের নিকট নাছোড়বান্দা৩৪৮ হইয়া কিছু চাহে না। এবং তোমরা ধন-সম্পদ৩৪৮-ক হইতে যাহা কিছু খরচ কর, আল্লাহ্‌ নিশ্চয় উহা সম্বন্ধে সম্যক৩৪৯ অবগত আছেন।
সূরা আল্ বাকারা - রুকু ৩৭
৩৪৬। অবস্থা অনেক সময় মানুষকে এমন স্থানে আটক থাকতে বাধ্য করে, যেখানে রুযি-রোযগারের কোন পথ নাই। এইরূপ লোকদের জন্য, সম্পদশালীদের সাহায্য একান্ত প্রয়োজন। দুই ধরণের লোক বিশেষভাবে এই শ্রেণীভুক্তঃ (ক) ঐসকল লোক যাহারা আধ্যাত্মিক কল্যাণ লাভের উদগ্র ইচ্ছায়, কোন ওলী-আল্লাহ্‌র সান্নিধ্যে অবিচ্ছেদ্যরূপে দিনাতিপাত করেন, (খ) যাহারা শত্রু-পরিবেষ্টিত অবস্থায় এমনি আটকা পড়িয়াছেন যে, নিত্য প্রয়োজনীয় জিনিষ-পত্র যোগাড় করা তাহাদের পক্ষে সম্ভব নয়।
৩৪৭। ‘সীমা’ অর্থ পরিচিতি চিহ্ন বা সাধারণ মুখমণ্ডলের লক্ষণ (আকরাব)।
৩৪৮। এই আয়াত, ঘটনাক্রমে, ঐসব আত্ম-সম্মানী ব্যক্তিদের প্রশংসা করিয়াছে যাহারা অন্যের কাছে হাত পাতে না। ইহাতে ‘ভিক্ষাবৃত্তির’ প্রতি কটাক্ষ করা হইয়াছে। ‘তা আফ্‌ফুফ’ (দূষণীয় ও অন্যায় বস্তু হইতে বিরত থাকা) ও ‘ইলাহাফ্‌’ (অতিরিক্ত মিনতি) শব্দদ্বয় ব্যবহার দ্বারা ঘৃণা প্রকাশ পায়। মহানবী (সাঃ) ভিক্ষা করাকে নিরুৎসাহিত করিয়াছেন।
৩৪৮-ক। ‘খায়ের’ মানে ধন-দৌলত, অপরিমেয় সম্পদ, সৎভাবে উপার্জিত মালামাল ও অর্থকড়ি (মুফরাদাত)।
৩৪৯। দান দুই প্রকারের - যাকাত যাহা অবশ্য দেয়, এবং ‘সাদ্‌কাহ্’ যাহা স্বেচ্ছা-প্রণোদিত। ‘যাকাত’ কর্তৃপক্ষ কর্তৃক অবস্থাশালী মুসলমানদের কাছ হইতে সঞ্চিত ধনের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ হিসাবে সংগৃহীত হয় এবং গরীব-দুঃখী, এতিম, বিধবা, পথিক ইত্যাদির মঙ্গল ও সাহায্যার্থে ব্যয় করা হয়। সাহায্য প্রাপ্তরা যাকাত প্রদানকারীদের কাহাকেও চিনে না বলিয়া ব্যক্তিগতভাবে কাহারও কাছে ঋণী বলিয়া মনে করে না। ‘যাকাত’ কর্তৃপক্ষের (নেযামের) অবশ্য প্রাপ্য এবং ধনীর অবশ্য দেয় বলিয়া ইহা ‘দানের’ পর্যায়ে পড়ে না। ‘সাদ্‌কাহ্‌’ হইল স্বেচ্ছা-প্রণোদিত প্রকৃত দান। ইহার দাতা ব্যক্তিগতভাবে সাহায্য স্বরূপ ব্যক্তি বিশেষকে কিংবা সমাজের কল্যাণমূলক প্রতিষ্ঠানের জন্য দান করিয়া থাকেন। ইহার দাতাগণ সমাজের গরীব-দুঃখী ভাইদের প্রতি ভ্রাতৃত্ব ও সহানুভূতি প্রকাশ করেন, অপরপক্ষে ইহার গ্রহীতাগণ দাতাদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করিয়া থাকেন। এই দানের মধ্য দিয়া, একদিকে দয়া ও সহানুভূতি এবং অপরদিকে ভক্তি-ভালবাসা ও কৃতজ্ঞতা ইত্যাদি সৎ গুণাবলী সমাজে সঞ্চারিত হয়। তাহা ছাড়া, সত্যিকার বিশ্বাসী ও মৌখিক বিশ্বাসীর মাঝে তারতম্যও বুঝা যায় ‘সাদ্‌কা’ দ্বারা।

اَلَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ بِالَّیۡلِ وَالنَّہَارِ سِرًّا وَّعَلَانِیَۃً فَلَہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۚ وَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۲۷۵﴾ؔ

২৭৫
যাহারা নিজেদের ধন-সম্পদ রাত্রে এবং দিবসে গোপনে এবং প্রকাশ্যে খরচ করে, তাহাদের জন্য তাহাদের প্রভুর সন্নিধানে পুরস্কার সংরক্ষিত আছে, এবং তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না।

اَلَّذِیۡنَ یَاۡکُلُوۡنَ الرِّبٰوا لَا یَقُوۡمُوۡنَ اِلَّا کَمَا یَقُوۡمُ الَّذِیۡ یَتَخَبَّطُہُ الشَّیۡطٰنُ مِنَ الۡمَسِّ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَالُوۡۤا اِنَّمَا الۡبَیۡعُ مِثۡلُ الرِّبٰوا ۘ وَاَحَلَّ اللّٰہُ الۡبَیۡعَ وَحَرَّمَ الرِّبٰوا ؕ فَمَنۡ جَآءَہٗ مَوۡعِظَۃٌ مِّنۡ رَّبِّہٖ فَانۡتَہٰی فَلَہٗ مَا سَلَفَ ؕ وَاَمۡرُہٗۤ اِلَی اللّٰہِ ؕ وَمَنۡ عَادَ فَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۲۷۶﴾

২৭৬
যাহারা সুদ৩৫০ খায় তাহারা সেইভাবে দাঁড়ায় যেভাবে ঐ ব্যক্তি দাঁড়ায় যাহাকে শয়তান সংস্পর্শে আনিয়া জ্ঞান-বুদ্ধি৩৫১ হাৱা করিয়া ফেলে, ইহা এই কারণে যে, তাহারা বলে, ‘ক্রয়-বিক্রয়ও সুদেরই মত’, অথচ আল্লাহ্ ক্রয়-বিক্রয়কে হালাল করিয়াছেন এবং সুদকে হারাম করিয়াছেন। সুতরাং যাহার নিকট তাহার প্রভুর পক্ষ হইতে কোন উপদেশ আসে এবং সে বিরত হয়, তাহা হইলে অতীতে যাহা কিছু হইয়াছে উহা তাহারই এবং তাহার ব্যাপার আল্লাহ্‌র নিকট ন্যস্ত। এবং যাহারা পুনরায় ইহা করিবে, তাহারা নিশ্চয় অগ্নিবাসী হইবে, সেখানে তাহারা দীর্ঘকাল থাকিবে।
৩৫০। ‘রিবা’র শাব্দিক অর্থ হইল ‘অতিরিক্ত কিছু বা সংযোজিত কিছু’; টাকার ক্ষেত্রে, মূল অর্থের উপরে কিছু সংযোজন (মুফরাদাত,লেইন)। অর্থনীতির ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদ ও সাধারণ সুদ উভয়ই রিবার অন্তর্গত। হাদীসের দ্বারা বুঝা যায়, ‘নির্দিষ্ট লাভের উদ্দেশ্যে ঋণ-দান’ ‘রিবা’র আওতায় পড়ে। তবে ‘রিবা’র গৃঢ় অর্থ, ‘সুদ’-এর সাথে একেবারে এক, তাহা নহে। ‘রিবা’ অর্থ পূর্ণভাবে প্রকাশ করিতে পারে এমন শব্দের অভাবে, ‘সুদ’ শব্দকেই মোটামুটি ও কাছাকাছি অনুবাদ হিসাবে গ্রহণ করা যায়। যে পরিমাণ টাকা, মূল ঋণের অতিরিক্ত দেওয়া হয় বা নেওয়া হয়, তাহাই ‘সুদ’। এই কারবার ব্যক্তিতে ব্যক্তিতে হউক, ব্যাঙ্কের সাথে হউক, সংস্থার সাথে হউক, পোষ্টাফিসের সাথে হউক, তাহাতে কিছু আসে যায় না। সুদ কেবল টাকা কড়ি আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। যে কোনও সামগ্রী যদি ঋণ স্বরূপ এইরূপ শর্তে দান করা হয় যে, পরিশোধের সময় একটি পূর্ব-নির্ধারিত পরিমাণ অতিরিক্ত সামগ্রী পরিশোধ করিতে হইবে, ইহাও ‘রিবার’ সংজ্ঞাভুক্ত।
৩৫১। “শয়তান তাহাকে জ্ঞান-বুদ্ধিহারা করিয়া ফেলে” কথাগুলি দ্বারা ইহাই বুঝায় যে, পাগল যেমন নিজের কর্মফলের হিতাহিত জ্ঞান রাখে না, তেমনি অর্থ লগ্নিকারীরা জগতের, সমাজের ও ব্যক্তির নৈতিক ও আর্থিক কতবড় ক্ষতি সাধন করে, সেই দিকে মোটেও তাকায় না এবং পরওয়াও করে না। ‘রিবা’ ঋণদাতার লাভের লালসাকে এতই বাড়াইয়া তুলে যে, তাহার মন-মস্তিষ্ক নেশাগ্রস্ত হইয়া পড়ে এবং ভালোর দিকে তাহার আকর্ষণ একেবারে কমিয়া যায়। ‘রিবা’কে ইসলাম বিশেষভাবে এই কারণে নিষিদ্ধ করিয়াছে, যেহেতু ইহা ধনকে মাত্র গুটিকতক লোকের হাতে কুক্ষিগত করিবার অবাধ সুযোগ করিয়া দেয় এবং ধনের ন্যায়সঙ্গত ও সুষম বন্টনকে প্রতিরোধ করে। অর্থ লগ্নিকারীরা অলসতায় জীবন কাটায়। অন্যকে সাহায্য করার প্রবৃত্তি, তাহাদের পূরাপূরি লোপ পায়, তাহাদের হৃদয়ের সহানুভূতির দরজাগুলি একেবারে বন্ধ হইয়া যায়। অন্যের অভাব-অনটন ও দারিদ্র্য-কষ্ট হইতে তাহারা ফায়দা লুটে। তেমনি ঋণ-গ্রহীতা সাধারণতঃ সহজ-লভ্য টাকা-প্রাপ্তির লোভ সংবরণ করিতে না পারিয়া, ঋণ-গ্রহণের ব্যাপারে বেশ তাড়াহুড়া করে। এমনকি পরিশোধ ক্ষমতা তাহার আছে কি নাই, তাহাও বিবেচনা করার ধৈর্য তাহার থাকে না। এইভাবে, নিজের নৈতিক অধঃপতনের সাথে সাথে, সে ঋণ-দাতারও নৈতিক পতন ঘটায়। ‘রিবা’ যুদ্ধ লাগায় এবং যুদ্ধকে দীর্ঘায়িত করে। ঋণ ছাড়া দীর্ঘস্থায়ী যুদ্ধ কখনও সম্ভব নয়। এই ঋণ ও সুদ যখন পরিশোধ করার সময় হয়, তখন বিজয়ী এবং বিজিত উভয়েই নিজেদেরকে অর্থনৈতিক চরম দুর্দশায় নিপতিত দেখিতে পায়। সহজে ঋণ-প্রাপ্তি যুদ্ধ-স্পৃহাকে বাড়াইয়া তুলে, কেননা নাগরিকগণ হইতে প্রত্যক্ষ কর আদায়ের ঝক্কি-ঝামেলা ইহাতে কমিয়া যায়। তাই, ইসলাম সর্ব প্রকারের সুদকে নিষিদ্ধ ঘোষণা করে। বর্তমান যুগে সুদের সাথে ব্যবসায়ের যে অবিচ্ছেদ্য সম্পর্ক গড়িয়া উঠিয়াছে, তাহাতে ‘সুদকে’ জীবন হইতে সম্পূর্ণ বাদ দেওয়া একেবারে অসম্ভব বলিয়া মনে হয়। তবে পদ্ধতির পরিবর্তন, পারিপার্শ্বিকতার বিবর্তন ও ব্যবস্থার নিয়ন্ত্রণ দ্বারা সুদ-মুক্ত ব্যবসা-বাণিজ্য চালানো নিশ্চয় সম্ভব হইতে পারে, যেমনটি হইয়াছিল ইসলামের উন্নতির যুগে।

یَمۡحَقُ اللّٰہُ الرِّبٰوا وَیُرۡبِی الصَّدَقٰتِ ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ کُلَّ کَفَّارٍ اَثِیۡمٍ ﴿۲۷۷﴾

২৭৭
আল্লাহ্‌ সুদকে বিলুপ্ত৩৫২ করেন এবং দানকে সমৃদ্ধ করেন।বস্তুতঃ আল্লাহ্ কোন কাফের, পাপীকে আদৌ ভালবাসেন না।
৩৫২। ইহা একটি ভবিষ্যদ্বাণী বলিয়া মনে হয়, সুদ-ভিত্তিক অর্থনীতি একদিন তিরোহিত হইবে কিংবা ধ্বস-প্রাপ্ত হইবে।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوۃَ وَاٰتَوُا الزَّکٰوۃَ لَہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۚ وَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۲۷۸﴾

২৭৮
নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক কাজ করে, এবং নামায কায়েম করে এবং যাকাত দেয়, তাহাদের জন্য পুরস্কার তাহাদের প্রভুর নিকট আছে, এবং তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَذَرُوۡا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۲۷۹﴾

২৭৯
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর, এবং যদি তোমরা মো’মেন হও তাহা হইলে তোমরা সুদের যাহাকিছু বকেয়া আছে উহা ছাড়িয়া দাও।

فَاِنۡ لَّمۡ تَفۡعَلُوۡا فَاۡذَنُوۡا بِحَرۡبٍ مِّنَ اللّٰہِ وَرَسُوۡلِہٖ ۚ وَاِنۡ تُبۡتُمۡ فَلَکُمۡ رُءُوۡسُ اَمۡوَالِکُمۡ ۚ لَا تَظۡلِمُوۡنَ وَلَا تُظۡلَمُوۡنَ ﴿۲۸۰﴾

২৮০
এবং যদি তোমরা ইহা না কর, তাহা হইলে আল্লাহ্ এবং তাঁহার রসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা শ্রবণ কর, কিন্তু যদি তোমরা তওবা কর তাহা হইলে তোমাদের জন্য তোমাদের মূলধন রহিয়াছে; (এইরূপে) তোমরা কাহারও উপর যুলুম করিবে না এবং তোমাদের উপরও যুলুম করা হইবে না।