২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

فَاِنۡ طَلَّقَہَا فَلَا تَحِلُّ لَہٗ مِنۡۢ بَعۡدُ حَتّٰی تَنۡکِحَ زَوۡجًا غَیۡرَہٗ ؕ فَاِنۡ طَلَّقَہَا فَلَا جُنَاحَ عَلَیۡہِمَاۤ اَنۡ یَّتَرَاجَعَاۤ اِنۡ ظَنَّاۤ اَنۡ یُّقِیۡمَا حُدُوۡدَ اللّٰہِ ؕ وَتِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ یُبَیِّنُہَا لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۲۳۱﴾

২৩১
অতঃপর, যদি সে স্ত্রীকে (উক্ত দুই তালাকের সময় অতিক্রান্ত হইয়া যাওয়ার পর তৃতীয়) তালাক২৮৩ দেয় তাহা হইলে ঐ স্ত্রী ইহার পর তাহার জন্য হালাল হইবে না যতক্ষণ পর্যন্ত না সে অপর স্বামীকে বিবাহ করিবে, ইহার পর সেও যদি তাহাকে তালাক দেয়, তাহা হইলে তাহাদের দুইজনের পুনরায় প্রত্যাবর্তন করায় কোন পাপ হইবে না, যদি তাহারা উভয়ে মনে করে যে, তাহারা আল্লাহ্‌র সীমাসমূহ রক্ষা করিতে পারিবে। এইগুলি আল্লাহ্‌র সীমা, যাহা তিনি জ্ঞানীগণের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন।
২৮৩। এই আয়াতে, তৃতীয় এবং শেষবারের ‘তালাক’ এর কথা বলা হইয়াছে। ইহার পরমুহূর্ত হইতে স্ত্রীর সহিত পুণর্মিলনের আর কোন অধিকার থাকিল না। তবে যদি এমনটি ঘটে যে, তাহার পরিত্যক্ত স্ত্রী অন্য কাহাকেও বিবাহ করিল এবং ঐ স্বামীও তাহাকে তালাক দিল কিংবা মারা গেল, তখন পূর্ববতী স্বামী, তাহার মত নিয়া, তাহাকে বিবাহ করিতে পারে। ইসলামে, তালাকের আইনে এই ধারাটি সন্নিবিষ্ট থাকায় একদিকে যেমন বিবাহের গুরুত্ব, গাম্ভীর্য ও পবিত্রতা প্রতিপন্ন হয়, তেমনি অন্যদিকে একটি দূরতম সুযোগও রাখা হইল, যাহাতে সেই দম্পতি যাহারা এক সময় একত্রে বাস করিয়াছে, তাহারা ইচ্ছা করিলে পুনরায় একত্রিত হইতে পারে।

وَاِذَا طَلَّقۡتُمُ النِّسَآءَ فَبَلَغۡنَ اَجَلَہُنَّ فَاَمۡسِکُوۡہُنَّ بِمَعۡرُوۡفٍ اَوۡ سَرِّحُوۡہُنَّ بِمَعۡرُوۡفٍ ۪ وَلَا تُمۡسِکُوۡہُنَّ ضِرَارًا لِّتَعۡتَدُوۡا ۚ وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ فَقَدۡ ظَلَمَ نَفۡسَہٗ ؕ وَلَا تَتَّخِذُوۡۤا اٰیٰتِ اللّٰہِ ہُزُوًا ۫ وَّاذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ عَلَیۡکُمۡ وَمَاۤ اَنۡزَلَ عَلَیۡکُمۡ مِّنَ الۡکِتٰبِ وَالۡحِکۡمَۃِ یَعِظُکُمۡ بِہٖ ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۲۳۲﴾٪

২৩২
এবং যখন তোমরা স্ত্রীগণকে তালাক দাও এবং তাহারা তাহাদের ইদ্দতকাল পূর্ণ করার শেষ সময়ে পৌঁছে,২৮৩-ক তখন তোমরা তাহাদিগকে হয় ন্যায়সংগত ভাবে২৮৪ রাখ অথবা ন্যায়সংগতভাবে তাহাদিগকে বিদায় দাও; এবং তোমরা তাহাদিগকে কষ্ট দিয়া আটকাইয়া রাখিও না, যাহাতে তোমরা (তাহাদের উপর) অত্যাচার করিতে পার। এবং যে এইরূপ করে সে নিজের আত্মার উপরই যুলুম করে এবং তোমরা আল্লাহ্‌র আদেশসমূহকে উপহাসের ক্ষেত্র করিও না, এবং তোমরা তোমাদের উপর আল্লাহ্‌র নেয়ামতকে স্মরণ কর এবং উহাকে, যাহা তিনি তোমাদের উপর অবতীর্ণ করিয়াছেন— কিতাব এবং প্রজ্ঞা, যদ্বারা তিনি তোমাদিগকে উপদেশ দান করেন। এবং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং জানিয়া রাখ যে, নিশ্চয় আল্লাহ্‌ সকল বিষয়ে সর্বজ্ঞানী।
সূরা আল্ বাকারা - রুকু ২৯
২৮৩-ক। ‘বালাগাল আজালা’ অর্থ তাহার নির্ধারিত সময় শেষ হইয়া আসিল, বা নির্ধারিত সময় পূর্ণ করিল। বিজ্ঞ পণ্ডিতেরা সকলেই একমত যে, এখানে প্রথমোক্ত অর্থটিই প্রযোজ্য (কুরতুবী)।
২৮৪। প্রসঙ্গ হইতে স্পষ্ট বুঝা যায়, এখানে যে তালাকের কথা বলা হইয়াছে, তাহা প্রত্যাহার-যোগ্য তালাক। প্রত্যাহার-যোগ্য তালাক ঘোষণার পর দুইটি পথ খোলা থাকেঃ (১) স্বামী তাহার স্ত্রীকে রাখিয়া দিতে পারে, তবে স্ত্রীর সহিত ভাল ও উদার ব্যবহার করিতে হইবে, (২) স্বামী তাহাকে (স্ত্রীকে) নিজের বন্ধন হইতে মুক্ত করিয়া দিতে পারে। এই ক্ষেত্রেও সে, উদারতা ও শালীনতার সহিত তাহাকে বিদায় দিবে। উভয় অবস্থাতেই স্ত্রীর সহিত স্বামীর দুর্বব্যবহার নিষিদ্ধ। তদুপরি, স্ত্রীকে ঝুলন্ত ও অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলিয়া রাখাও নিষিদ্ধ।

وَاِذَا طَلَّقۡتُمُ النِّسَآءَ فَبَلَغۡنَ اَجَلَہُنَّ فَلَا تَعۡضُلُوۡہُنَّ اَنۡ یَّنۡکِحۡنَ اَزۡوَاجَہُنَّ اِذَا تَرَاضَوۡا بَیۡنَہُمۡ بِالۡمَعۡرُوۡفِ ؕ ذٰلِکَ یُوۡعَظُ بِہٖ مَنۡ کَانَ مِنۡکُمۡ یُؤۡمِنُ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ ذٰلِکُمۡ اَزۡکٰی لَکُمۡ وَاَطۡہَرُ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ وَاَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۲۳۳﴾

২৩৩
এবং যখন তোমরা স্ত্রীগণকে তালাক দাও এবং তাহারা তাহাদের ইদ্দতকাল পূর্ণ করার শেষ সময়ে পৌঁছে তখন তোমরা তাহাদিগকে তাহাদের স্বামীদের২৮৫ সহিত বিবাহ করিতে বাধা দিও না যদি তাহারা ন্যায়সংগতভাবে পরস্পর সম্মত হয়। এই আদেশ দ্বারা তোমাদের মধ্য হইতে ঐ ব্যক্তিকে উপদেশ দেওয়া হইতেছে যে আল্লাহ্‌র উপর এবং শেষ দিবসের উপর ঈমান আনে। ইহা তোমাদের জন্য সর্বাপেক্ষা বরকত পূর্ণ এবং সর্বাপেক্ষা পবিত্র; বস্তুতঃ আল্লাহ্‌ জানেন এবং তোমরা জান না।
২৮৫। এই আয়াতে “স্বামীদিগকে” বলিতে তালাক-প্রাপ্তা স্ত্রীগণের আপন আপন প্রাক্তন স্বামীকে অথবা ভাবী-স্বামীকে বুঝাইতে পারে। প্রাক্তন স্বামী বুঝাইলে, “এবং যখন তোমরা স্ত্রীগণকে তালাক দাও” বাক্যাংশটি প্রথম ও দ্বিতীয় তালাকের প্রতি ইঙ্গিত করে। আর যদি ভাবী-স্বামী বুঝাইয়া থাকে, তাহা হইলে উক্ত বাক্যাংশটি তৃতীয় ও শেষ ‘তালাক’ নির্দেশ করে। তালাক-প্রাপ্তা স্ত্রীলোকের অভিভাবক, পূর্ব স্বামীর সহিত (পূর্বোক্ত বিধি মোতাবেক) তাহার পুনর্বিবাহে বাধা দিতে পারে না এবং তাহার ভুর্তপূ্র্ব স্বামী তাহাকে নূতন স্বামী গ্রহণে বাধা দিতে পারে না।

وَالۡوَالِدٰتُ یُرۡضِعۡنَ اَوۡلَادَہُنَّ حَوۡلَیۡنِ کَامِلَیۡنِ لِمَنۡ اَرَادَ اَنۡ یُّتِمَّ الرَّضَاعَۃَ ؕ وَعَلَی الۡمَوۡلُوۡدِ لَہٗ رِزۡقُہُنَّ وَکِسۡوَتُہُنَّ بِالۡمَعۡرُوۡفِ ؕ لَا تُکَلَّفُ نَفۡسٌ اِلَّا وُسۡعَہَا ۚ لَا تُضَآرَّ وَالِدَۃٌۢ بِوَلَدِہَا وَلَا مَوۡلُوۡدٌ لَّہٗ بِوَلَدِہٖ ٭ وَعَلَی الۡوَارِثِ مِثۡلُ ذٰلِکَ ۚ فَاِنۡ اَرَادَا فِصَالًا عَنۡ تَرَاضٍ مِّنۡہُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَیۡہِمَا ؕ وَاِنۡ اَرَدۡتُّمۡ اَنۡ تَسۡتَرۡضِعُوۡۤا اَوۡلَادَکُمۡ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ اِذَا سَلَّمۡتُمۡ مَّاۤ اٰتَیۡتُمۡ بِالۡمَعۡرُوۡفِ ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۲۳۴﴾

২৩৪
এবং মাতাগণ তাহাদের সন্তানদিগকে পূর্ণ দুই বৎসরকাল স্তন্য পান করাইবে, (এই বিধান) তাহার জন্য যে স্তন্য দানের কাল পূর্ণ করিতে চাহে। এবং যাহার সন্তান, তাহার উপর ন্যায়সংগতভাবে তাহাদের খাদ্য ও তাহাদের বস্ত্রের দায়িত্বভার ন্যস্ত। কাহারও উপর তাহার সাধ্যাতীত দায়িত্বভার ন্যস্ত করা যায় না। কোন মাতাকে যেন তাহার সন্তানের কারণে কষ্ট২৮৬ দেওয়া না হয়, এবং কোন পিতাকেও২৮৭ যেন তাহার সন্তানের কারণে কষ্ট দেওয়া না হয় এবং ওয়ারিসগণের২৮৮ উপরও এইরূপই কর্তব্য। এবং যদি তাহারা উভয়ে পরস্পরের সম্মতি ও পরামর্শ২৮৮-ক  অনুসারে স্তন্য পান বন্ধ করিতে চাহে তাহা হইলে তাহাদের কোন পাপ হইবে না। এবং তোমরা যদি তোমাদের সন্তানদিগকে (অন্য কোন স্ত্রীলোক দ্বারা) স্তন্য পান করাইতে চাহ, তাহা হইলেও তোমাদের কোন পাপ হইবে না, যদি তোমরা ন্যায়সংগতভাবে তোমাদের ধার্যকৃত পারিশ্রমিক দিয়া দাও। এবং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং জানিয়া রাখ যে, তোমরা যাহা কিছু করিতেছ উহা সম্বন্ধে আল্লাহ্‌ সম্যক দ্রষ্টা।
২৮৬। ‘লা তুযাররা’ কথাটি কর্তৃবাচক ও কর্মবাচক, এই হিসাবে অর্থ হইতে পারে (১) সন্তানের মা সন্তানের কারণে সন্তানের পিতাকে কষ্ট দিবে না, (২) সন্তানের মাকেও সন্তানের কারণে কষ্ট দেওয়া যাইবে না। এখানে এই উভয় অর্থই প্রযোজ্য।
২৮৭। মাওলুদুন্‌ লাহু (যে পুরুষ সন্তানের অধিকারী) কথাটি পিতা অর্থেই বলা হইয়াছে। সরাসরি ‘পিতা’ না বলিয়া কথাটি ব্যবহার করার তাৎপর্য এই যে, পিতাই সন্তানের ভারপ্রাপ্ত মালিক এবং স্বাভাবিক ভাবেই সন্তানের ভরণ-পোষণের দায়িত্ববহনকারী ব্যক্তি।
২৮৮। যে ব্যক্তি উত্তরাধিকার সূত্রে মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করে, সেই মৃত ব্যক্তির সন্তানাদির লালন-পালনের দায়িত্বও সেই ব্যক্তির উপরেই বর্তায়।
২৮৮-ক। উর্ধপক্ষে সন্তানকে দুই বৎসর পর্যন্ত স্তন্য পান করানো যাইতে পারে। তবে, পিতা ও মাতা যদি একযোগে সম্মত হন যে, তাহারা দুই বৎসরের পূর্বেই সন্তানের স্তন্যপান ছাড়াইয়া দিবেন, তাহারা তাহা করিতে পারেন, ইহাতে কোনও বাধা নাই। তবে, আয়াতটির মধ্যে ইঙ্গিত রহিয়াছে যে, মায়ের সম্মতি ছাড়া সন্তানকে দুই বৎসর পূর্ণ হইবার পূর্বে স্তন্য পানে বিরত করা যাইবে না।

وَالَّذِیۡنَ یُتَوَفَّوۡنَ مِنۡکُمۡ وَیَذَرُوۡنَ اَزۡوَاجًا یَّتَرَبَّصۡنَ بِاَنۡفُسِہِنَّ اَرۡبَعَۃَ اَشۡہُرٍ وَّعَشۡرًا ۚ فَاِذَا بَلَغۡنَ اَجَلَہُنَّ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا فَعَلۡنَ فِیۡۤ اَنۡفُسِہِنَّ بِالۡمَعۡرُوۡفِ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۲۳۵﴾

২৩৫
এবং তোমাদের মধ্য হইতে যাহারা মৃত্যু বরণ করে এবং তাহারা স্ত্রীগণকে ছাড়িয়া যায়, তাহারা যেন নিজেদের বিষয়ে চার মাস দশ দিন প্রতীক্ষা করে। অতঃপর, যখন তাহারা তাহাদের ইদ্দতকাল২৮৯ পূর্ণ করে, তখন তাহারা ন্যায়সংগতভাবে নিজেদের২৯০ জন্য যাহা কিছু করিবে উহার জন্য তাহাদের কোন পাপ হইবে না। এবং তোমরা যাহা কিছু কর আল্লাহ্ সেই সম্বন্ধে সম্যক অবহিত।
২৮৯। ‘ইদ্দৎ’ বা অপেক্ষার নির্ধারিত সময়, বিধবাদের ক্ষেত্রে চারমাস দশ দিন। এই সময়ের পরিমাপ, পর পর চারটি ঋতুস্রাব ও তৎসংশ্লিষ্ট ঋতু মুক্তির সম্মিলিত সময়ের সমান। স্বামীর মৃত্যুতে, বিধবার মনের ও আবেগের প্রতি সম্মান প্রদর্শন করিতে গিয়া, ইসলাম ‘ইদ্দৎ’কে দীর্ঘতর করিয়াছে। বিবাহের বন্ধনের প্রতি ইসলামের সম্মান-বোধ ও পবিত্রতার অনুভূতি কতটুকু, তাহাও ইদ্দৎ পালন হইতে স্পষ্টভাবে বুঝা যায়।
২৯০। ‘তাহারা নিজেদের সম্পর্কে ন্যায় সংঙ্গতভাবে যে কোন সিদ্ধান্ত নিতে পারে’ কথাটির দ্বারা তাহাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবার অধিকার, বিশেষ করিয়া নিজেদের ব্যাপারে সেই অধিকার প্রয়োগ করিবার ক্ষমতাকে নির্দেশ করিতেছে। কুরআনে অন্যত্র বলা হইয়াছে— এবং তোমরা তোমাদের মধ্যে বিধবাদের বিবাহের ব্যবস্থা কর (২৪ঃ৩৩)।

وَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا عَرَّضۡتُمۡ بِہٖ مِنۡ خِطۡبَۃِ النِّسَآءِ اَوۡ اَکۡنَنۡتُمۡ فِیۡۤ اَنۡفُسِکُمۡ ؕ عَلِمَ اللّٰہُ اَنَّکُمۡ سَتَذۡکُرُوۡنَہُنَّ وَلٰکِنۡ لَّا تُوَاعِدُوۡہُنَّ سِرًّا اِلَّاۤ اَنۡ تَقُوۡلُوۡا قَوۡلًا مَّعۡرُوۡفًا ۬ؕ وَلَا تَعۡزِمُوۡا عُقۡدَۃَ النِّکَاحِ حَتّٰی یَبۡلُغَ الۡکِتٰبُ اَجَلَہٗ ؕ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا فِیۡۤ اَنۡفُسِکُمۡ فَاحۡذَرُوۡہُ ۚ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ غَفُوۡرٌ حَلِیۡمٌ ﴿۲۳۶﴾٪

২৩৬
এবং তোমাদের কোন পাপ হইবে না যদি তোমরা স্ত্রীলোকদের নিকট বিবাহ প্রস্তাব সম্বন্ধে ইঙ্গিত দাও, অথবা তোমরা তোমাদের অন্তরে গোপন রাখ। আল্লাহ্‌ জানেন যে, তোমরা নিশ্চয় তাহাদিগকে স্মরণ করিবে। কিন্তু তাহাদের সহিত তোমরা গোপনে২৯১ কোন চুক্তি করিও না, ইহা ছাড়া যে, তোমরা কেবল কোন ন্যায়সংগত কথা বল। এবং যে পর্যন্ত না ইদ্দতকাল উহার পূর্ণতায় পৌঁছে, তোমরা বিবাহ বন্ধনের পাকা সংকল্প করিও না। এবং জানিয়া রাখ যে, নিশ্চয় আল্লাহ্ তোমাদের অন্তরে যাহা কিছু আছে তাহা জানেন, অতএব তোমরা তাহার সম্বন্ধে সতর্ক হও। এবং জানিয়া রাখ যে, নিশ্চয় আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম সহিষ্ণু।
সূরা আল্ বাকারা - রুকু ৩০
২৯১। অপেক্ষা করার নির্দিষ্ট পরিমাণ সময়ের মধ্যে কোনও বিধবার কাছে বিবাহ-প্রস্তাব উত্থাপন করা নিষেধ। তবে কোন ব্যক্তি সরাসরি প্রস্তাব উত্থাপন না করিয়া, নিজের ইচ্ছার কথা পরোক্ষ ইংগিতে প্রকাশ করিতে পারিবে। কিন্তু সে ব্যক্তি কোন মতেই, খোলাখুলিভাবে প্রস্তাব করা বা গোপনে বিবাহের প্রস্তাব পাঠানোর মত গর্হিত কাজ করিবে না। বিধবাকে নিষেধ করা হইয়াছে যে, ঐ ৪ মাস ১০ দিনের ‘ইদ্দৎ’ কালে, এইরূপ কোন প্রস্তাবে সে যেন সম্মতি প্রদান না করে। তাহার সদ্যমৃত স্বামীর সম্মতির প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য এবং তাহার গর্ভে মৃত স্বামীর কোন সন্তান আছে কিনা তাহা স্পষ্টভাবে জানার জন্য ‘ইদ্দৎ’ পালন একান্ত প্রয়োজন। গর্ভবতী স্ত্রীলোকের বিবাহ নিষিদ্ধ, যে পর্যন্ত গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ না হয়।

لَا جُنَاحَ عَلَیۡکُمۡ اِنۡ طَلَّقۡتُمُ النِّسَآءَ مَا لَمۡ تَمَسُّوۡہُنَّ اَوۡ تَفۡرِضُوۡا لَہُنَّ فَرِیۡضَۃً ۚۖ وَّمَتِّعُوۡہُنَّ ۚ عَلَی الۡمُوۡسِعِ قَدَرُہٗ وَعَلَی الۡمُقۡتِرِ قَدَرُہٗ ۚ مَتَاعًۢا بِالۡمَعۡرُوۡفِ ۚ حَقًّا عَلَی الۡمُحۡسِنِیۡنَ ﴿۲۳۷﴾

২৩৭
তোমাদের কোন পাপ হইবে না যদি তোমরা স্ত্রীদিগকে ঐ সময়েও তালাক দাও যখন তোমরা তাহাদিগকে স্পর্শ কর নাই, অথবা তাহাদের জন্য দেন-মহর ধার্য কর নাই। কিন্তু তোমরা তাহাদিগকে উপকার স্বরূপ কিছু দিও২৯২ বিত্তবানের উপর তাহার ক্ষমতানুযায়ী এবং বিত্তহীনের উপর তাহার ক্ষমতানুযায়ী—ন্যায়সংগতভাবে উপকার করা বিধেয়। ইহা সৎকর্মশীলগণের কর্তব্য।
২৯২। ইহা একটি বিরল ও ব্যতিক্রমধর্মী ঘটনা। তবে সময় সময় এইরূপও ঘটে যে, উভয় পক্ষ হইতেই বিবাহের কথাবার্তা পাকা-পাকি হইয়া যায়, এমনকি দিন তারিখ ধার্য হইয়া যায়। কিন্তু ইতিমধ্যে এমন অবস্থার উদ্ভব হয় যে, ঐ বিবাহ অনুষ্ঠিত হইতে পারে না, অথবা তাহা অবাঞ্ছনীয় প্রতিপন্ন হইয়া পড়ে। এইরূপ বিরল ঘটনার ক্ষেত্রে কি করা উচিত, তাহাই এই আয়াত ও পরবর্তী আয়াতে বলা হইয়াছে।

وَاِنۡ طَلَّقۡتُمُوۡہُنَّ مِنۡ قَبۡلِ اَنۡ تَمَسُّوۡہُنَّ وَقَدۡ فَرَضۡتُمۡ لَہُنَّ فَرِیۡضَۃً فَنِصۡفُ مَا فَرَضۡتُمۡ اِلَّاۤ اَنۡ یَّعۡفُوۡنَ اَوۡ یَعۡفُوَا الَّذِیۡ بِیَدِہٖ عُقۡدَۃُ النِّکَاحِ ؕ وَاَنۡ تَعۡفُوۡۤا اَقۡرَبُ لِلتَّقۡوٰی ؕ وَلَا تَنۡسَوُا الۡفَضۡلَ بَیۡنَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۲۳۸﴾

২৩৮
এবং যদি তোমরা তাহাদিগকে স্পর্শ করিবার পূর্বে তালাক দাও এবং তাহাদের জন্য দেন-মহর ধার্য করিয়া থাক, তাহা হইলে যাহা তোমরা ধার্য করিয়াছ উহার অর্ধেক২৯৩ (তাহাদিগকে) দিতে হইবে, যদি না তাহারা ক্ষমা করিয়া দেয় অথবা ঐ ব্যাক্তি ক্ষমা২৯৪ করিয়া দেয় যাহার হাতে বিবাহ বন্ধন২৯৪-ক (এর ভার) রহিয়াছে। এবং তোমাদের ক্ষমা করা তাক্‌ওয়ার অধিকতর নিকটবর্তী। এবং তোমরা পরস্পরের মধ্যে হিতসাধন করিতে ভুলিও না। তোমরা যাহা কিছু করিতেছ উহার সম্বন্ধে আল্লাহ্ নিশ্চয় সম্যক দ্রষ্টা।
২৯৩। বিবাহের মহরানা ( কাবীনের টাকার পরিমাণ ) ধার্য হইবার পর (অর্থাৎ আক্দ্ হইবার পর), যদি স্বামী-স্ত্রীর মিলনের পূর্বেই স্ত্রীকে তালাক দেয় তাহা হইলে স্বামী স্ত্রীকে ধার্যকৃত মহরানার অর্ধেক প্রদান করিবে।
২৯৪। “যাহার হাতে বিবাহের বন্ধন-এর (ভার) রহিয়াছে” বলিতে, হয় স্বামীকে বুঝাইবে নতুবা তালাক-প্রাপ্তা স্ত্রীর অভিভাবককে বুঝাইয়া থাকিবে। কেননা বিবাহের পরে, বিবাহ সংরক্ষণের গ্রন্থি স্বামীর হাতে থাকে, তবে বিবাহের পূর্বে ঐ গ্রন্থি স্ত্রীলোকের অভিভাবকের হাতেই থাকে।
২৯৪-ক। ইয়া’ফু মানে মা’ফ করা, কম করা, বৃদ্ধি করা। স্ত্রী কিংবা তাহার অভিভাবক প্রাপ্য টাকার সম্পূর্ণ বা অংশ মাফ করিয়া দিতে পারে এবং স্বামী ইচ্ছা করিলে স্ত্রীর প্রাপ্য হইতে আরও বেশী দিতে পারে। তবে স্বামীই অধিকতর মহানুভবতা দেখাইবে, ইহাই আশা করা হইয়াছে।

حٰفِظُوۡا عَلَی الصَّلَوٰتِ وَالصَّلٰوۃِ الۡوُسۡطٰی ٭ وَقُوۡمُوۡا لِلّٰہِ قٰنِتِیۡنَ ﴿۲۳۹﴾

২৩৯
তোমরা সকল নামাযের, বিশেষ করিয়া মধ্যবর্তী২৯৫ নামাযের সংরক্ষণ২৯৬ কর, এবং আল্লাহ্‌র উদ্দেশ্যে অনুগত হইয়া দণ্ডায়মান হও।
২৯৫। বিবাহের পরে, নামাযের ব্যাপারে কিছু কিছু শৈথিল্য দেখা দেয়। তাহা ছাড়া পারিবারিক জীবনে স্ত্রী-পুরুষ উভয়েরই ঝামেলা কিছুটা বৃদ্ধি পায়। তাই, রীতিমত ও সময় মত নামায আদায় করার তাকিদ দেওয়া হইয়াছে।
২৯৬। “সালাওয়াতুল উস্‌তা” (মধ্যবর্তী নামায) বলিতে আসরের নামায বুঝাইয়াছে বলিয়া মহানবী (সাঃ)-এর হাদীস হইতেও বুঝা যায় (বুখারী)। যে সময়ে মানুষ কাজ-কর্মে বেশী ব্যস্ত থাকে, সেই সময়ের নির্ধারিত নামাযকেই ‘মধ্যবর্তী নামায’ বলা হইয়াছে বলিয়া মনে হয়। তবে প্রত্যেক নামাযই এক হিসাবে ‘মধ্যবর্তী নামায’ কেননা একটি জিঞ্জিরের বা শিকলের কোনটি মধ্যবর্তী কড়া তাহা বলা কঠিন।

فَاِنۡ خِفۡتُمۡ فَرِجَالًا اَوۡ رُکۡبَانًا ۚ فَاِذَاۤ اَمِنۡتُمۡ فَاذۡکُرُوا اللّٰہَ کَمَا عَلَّمَکُمۡ مَّا لَمۡ تَکُوۡنُوۡا تَعۡلَمُوۡنَ ﴿۲۴۰﴾

২৪০
তবে যদি তোমরা আশংকা কর তাহা হইলে (নামায আদায় কর) পায়ে চলা অথবা আরোহণ২৯৭ অবস্থাতেই, অতঃপর, যখন তোমরা নিরাপদ হও তখন তোমরা আল্লাহ্‌কে স্মরণ কর, যেভাবে তিনি তোমাদিগকে শিক্ষা দিয়াছেন, যাহা তোমরা জানিতে না।
২৯৭। আল্লাহ্‌র আদেশাবলীর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হইল পাঁচবার নামায। যে পর্যন্ত একজন মুসলমান জ্ঞানসম্পন্ন থাকে, অজ্ঞান বা পাগল না হয়, সে পর্যন্ত সে কোনও অবস্থাতেই নামায আদায় করার ব্যাপারে অবহেলা করিতে পারে না। এমনকি যে ব্যক্তি জীবন-বিপন্ন অবস্থায় চলিতেছে, তাহারও নামায পড়িতে হইবে, ঘোড়ার উপর চলন্ত অবস্থায় বা পদব্রজে চলা অবস্থায়, কিংবা দৌড়াইতে থাকা অবস্থায় নামায পড়িতে হইবে। দাঁড়াইতে না পারিলে বসা অবস্থায়, বসিতে না পারিলে শোয়া অবস্থায় নামায পড়িতে হইবে।