১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

سُبۡحٰنَ الَّذِیۡۤ اَسۡرٰی بِعَبۡدِہٖ لَیۡلًا مِّنَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ اِلَی الۡمَسۡجِدِ الۡاَقۡصَا الَّذِیۡ بٰرَکۡنَا حَوۡلَہٗ لِنُرِیَہٗ مِنۡ اٰیٰتِنَا ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡبَصِیۡرُ ﴿۲﴾

২
তিনি পরম পবিত্র ও মহিমাময়, যিনি রাত্রিযোগে স্বীয় বান্দাকে মসজিদুল হারাম (সম্মানিত মসজিদ) হইতে মসজিদুল আকসা১৫৯০ (দূরবর্তী মসজিদ) পর্যন্ত লইয়া১৫৯১ গেলেন, যাহার চতুষ্পার্শ্বকে আমরা বরকতমণ্ডিত করিয়াছি, যেন আমরা তাহাকে আমাদের কতক নিদর্শন১৫৯১-ক দেখাই। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
১৫৯০। এই আয়াতে হযরত রসূল করীম (সাঃ)-এর এক কাশফ (দিব্য-দর্শন)-এর কথা ব্যক্ত হইয়াছে যাহা অধিকাংশ তফসীরকারকগণের মতে মে’রাজ (আধ্যাত্মিক স্বর্গারোহণ) বলিয়া পরিচিত। সাধারণ্যে প্রচলিত ধারণার বিপরীতে আমাদের মতে এই আয়াতে নবী করীম (সাঃ)-এর ইস্‌রা (রাত্রিকালীন আধ্যাত্মিক সফর) সম্বন্ধে ব্যক্ত হইয়াছে, যাহাতে আঁ-হুযূর (সাঃ) কাশ্‌ফ যোগে মক্কা হইতে জেরুযালেম পর্যন্ত সফর করিয়াছেন। মে’রাজ সম্পর্কে সূরা আন্‌ নজ্‌মে মোটামুটিভাবে বর্ণিত হইয়াছে। সূরা আন্‌ নজ্‌মে উল্লেখিত ঘটনাসমূহ (আয়াত ৮-১৮), যাহা নবুওয়াতের পঞ্চম বৎসরে রজব মাসে কিছু সংখ্যক সাহাবার (রাঃ) আবিসিনিয়াতে হিজরতের পরে পরেই নাযেল হইয়াছিল। হাদীস শরীফে রসূলে করীম (সাঃ)-এর মে’রাজ সম্পর্কিত ঘটনাবলী সবিস্তারে বর্ণিত হইয়াছে। এই আয়াতে মক্কা হইতে জেরুযালেম পর্যন্ত নবী করীম (সাঃ)-এর ইস্‌রা (রাত্রিতে আধ্যাত্মিক ভ্রমণ) সম্বন্ধে আলোচিত হইয়াছে। যুরকানীর মতে উহা নবুওয়াতের একাদশ বৎসরে সংঘটিত হইয়াছিল, এবং মূইর ও কোন কোন খৃষ্টান লেখকের মতে নবুওয়াতের দ্বাদশ বৎসরে ঘটিয়াছিল। যাহা হউক ইবনে সা’আদ এবং মারদাওয়াইয়ের মতে হিজরতের ১ বৎসর পূর্বে রবিউল আউয়াল মাসের ১৭ তারিখে এই ‘ইস্‌রার’ ঘটনা ঘটিয়াছিল (আল-খাসাইসুল কুব্‌রা)। বায়হাকীও বর্ণনা করিয়াছেন যে, হিজরতের এক বৎসর বা ছয়মাস পূর্বে ইস্‌রা সংঘটিত হইয়াছিল। এইরূপে সকল সংশ্লিষ্ট বর্ণনা হইতে ইহা প্রতীয়মান হয় যে, নবুওয়াতের দ্বাদশ বৎসরে হিজরতের এক বৎসর বা ছয় মাস পূর্বে ইস্‌রার ঘটনা ঘটিয়াছিল। সেই সময়ে দশম বৎসরে হযরত খাদিজা (রাঃ)-এর মৃত্যুর পর হযরত রসূলে করীম (সাঃ) তাঁহার চাচাত বোন উম্মে হানীর সঙ্গে বসবাস করিতেছিলেন। কিন্তু অধিকাংশ পণ্ডিতগণের মতে মে’রাজ সংঘটিত হইয়াছিল নবুওয়াতের পঞ্চম বৎসরে। অতএব ঘটনা সংঘটিত হওয়ার সময়ের মধ্যেও ৬/৭ বৎসরের ব্যবধান রহিয়াছে। কাজেই এই ঘটনা দুইটি ভিন্ন ভিন্ন, একটি অন্যটি হইতে সম্পূর্ণ আলাদা। ইহা ছাড়া ঐ সকল ঘটনা যাহা রসূলুল্লাহ (সাঃ)-এর মে’রাজের ঘটনা বলিয়া হাদীসে উল্লেখিত হইয়াছে তাহা ইস্‌রার ঘটনাবলী হইতে সম্পূর্ণ আলাদা ধরণের। ঘটনাদ্বয় আধ্যাত্মিক বিস্ময়ক ব্যাপার ! হযরত নবী করীম (সাঃ) সশরীরে উর্দ্ধাগমন করেন নাই বা জেরুযালেমে গমন করেন নাই। ঐতিহাসিক প্রমাণ ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট বৃত্তান্তসমূহও এই মতেরই সমর্থন করে যে, এই দুইটি ঘটনা একটি অন্যটি হইতে সম্পূর্ণভাবে স্বতন্ত্র। (ক) পবিত্র কুরআন মজীদের সূরা আন্‌ নজ্‌মে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মে’রাজ সম্বন্ধে বর্ণনা দেওয়া হইয়াছে, কিন্তু ইস্‌রা সম্পর্কে কিছুই বলা হয় নাই। অথচ আলোচ্য আয়াতে তাঁহার ইস্‌রার কথা বর্ণনা করা হইয়াছে কিন্তু মে’রাজ সম্পর্কে কোন পরোক্ষ আয়াত পর্যন্ত নাই। (খ) ইস্‌রা সংঘটিত হওয়ার রাত্রে রসূলে করীম (সাঃ) তাঁহার চাচাতো বোন উম্মে হানীর ঘরে ছিলেন এবং তিনি শুধু তাঁহার জেরুযালেম সফরের কথাই বলিয়াছেন, জান্নাত সফরের কোন কথাই বলেন নাই। তিনিই (উম্মে হানী) প্রথম মহিলা যাহার নিকট আঁ-হযরত (সাঃ) তাঁহার জেরুযালেমে রজনীযোগে আধ্যাত্মিক ভ্রমণের কথা প্রকাশ করেন এবং অন্ততঃপক্ষে সাত জন মোহাদ্দিস (হাদীস সংগ্রহকারী) উম্মে হানীর নাম উল্লেখের সহিত চারজন ভিন্ন ভিন্ন রেওয়ায়াতকারীর বরাত দিয়াছেন যাহারা উম্মে হানীর নিকট হইতে উক্ত ঘটনা বর্ণনা করিয়াছেন। এই চার জন বর্ণনাকারী একই রেওয়ায়াত করিয়াছেন যে, নবী করীম (সাঃ) যে রাত্রে জেরুযালেম ভ্রমণ করিয়াছিলেন, সেই রাত্রেই তিনি মক্কায় প্রত্যাবর্তন করিয়াছিলেন। যদি আঁ-হযরত (সাঃ) তাঁহার বেহেশতে আরোহণের কথা বলিতেন তাহা হইলে উম্মে হানী তাঁহার একাধিক বর্ণনার কোন একটিতে অন্ততঃ এই বিষয়ে উল্লেখ না করিয়া পারিতেন না। কিন্তু তিনি তাঁহার কোন রেওয়ায়াতেই একথা উল্লেখ না করায় ইহা নিশ্চিতরূপে প্রমাণিত হয় যে, যে রাত্রিতে নবী করীম (সাঃ) কেবল ইস্‌রা বা জেরুযালেমে আধ্যাত্মিক সফর করিয়াছিলেন, সেই রাত্রিতে মে’রাজ সংঘটিত হয় নাই। মনে হয় কতক বর্ণনাকারী ইস্‌রা ও মে’রাজ—এই দুইটি বিষয়কে এক করিয়া ফেলিয়াছেন। এই গরমিল সম্ভবতঃ ‘ইস্‌রা’ শব্দ হইতে সৃষ্টি হইয়াছে, কারণ ইহা ‘ইস্‌রা’ এবং মে’রাজ উভয়ের জন্য ব্যবহৃত হইয়াছে এবং ইস্‌রা ও মে’রাজের বিবরণের কোথাও কোথাও সাদৃশ্য বিদ্যমান থাকায় এই বিভ্রান্তি বৃদ্ধি পায় এবং বদ্ধমূল হইয়া যায়। (গ) যে সব হাদীস প্রথমে আঁ-হযরত (সাঃ)-এর জেরুযালেম সফর এবং তৎপর সেখান হইতে ঊর্ধ্বলোকে তাঁহার পরিভ্রমণের বিবরণ দিয়াছে, সেগুলিতে উল্লেখ রহিয়াছে যে, মহানবী (সাঃ) জেরুযালেমে পূর্ববর্তী নবীগণের সঙ্গে সাক্ষাত করিয়াছিলেন, তাঁহাদের মধ্যে ছিলেন হযরত আদম, ইব্‌রাহীম, মূসা ও ঈসা (আঃ), এবং বেহেশ্‌তেও পুনরায় তাঁহাদের সঙ্গে সাক্ষাত হইয়াছিল, কিন্তু সেখানে তিনি তাঁহাদিগকে চিনিতে পারেন নাই। এখন প্রশ্ন জাগে যে, এই নবীগণ (আঃ) যাঁহাদের সঙ্গে মহানবী (সাঃ)-এর জেরুযালেমে দেখা হইয়াছিল, সেখান হইতে তাহারা কিরূপে তাঁহার পূর্বেই বেহেশ্‌তে পৌঁছিয়া গেলেন, এবং একই সফরের মধ্যে কিছুক্ষণ পূর্বে যাহাদিগকে দেখিয়াছিলেন তাঁহাদিগকে তিনি কেনইবা চিনিতে পারিলেন না ? ইহা কল্পনা করা যায় না যে, উল্লেখিত সফরের মধ্যে মাত্র আঁ-হযরত (সাঃ) অল্পক্ষণ পূর্বেই যাঁহাদিগকে দেখিয়াছিলেন ক্ষণিক সময়ের ব্যবধানেই তিনি তাহাদিগকে চিনিতে ব্যর্থ হইলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনার জন্য দেখুন “দি লারজার এডিশন অব দি কমেন্টারী”- পৃঃ ১৪০৪—১৪০৯।
১৫৯১। মসজিদুল আকসা (দূরবর্তী মস্‌জিদ) দ্বারা জেরুযালেমে হযরত সুলায়মান (আঃ)-এর ইবাদত গৃহের কথা বলা হইয়াছে।
১৫৯১-ক। তফসীরাধীন আয়াতে বর্ণিত নবী করীম (সাঃ)-এর ‘কাশ্‌ফ’ এর মধ্যে এক মহান ভবিষ্যদ্বাণী নিহিত রহিয়াছে। দূরবর্তী মসজিদে তাঁহার ভ্রমণ দ্বারা মদীনায় প্রত্যাবাসন এবং সেখানে এক মসজিদ নির্মাণ করার ইংগিত বহন করিতেছে, যাহা পরবর্তী সময়ে ইসলামের কেন্দ্রীয় মসজিদরূপে নির্ধারিত হইবে। কাশ্‌ফে ‘মহানবী (সাঃ) নামাযে অন্যান্য নবীগণের ইমামতি করিতেছিলেন’ ইহা দ্বারা ব্যক্ত করা হইয়াছে যে, নতুন ধর্ম ইসলাম ইহার জন্মস্থানেই কেবল সীমাবদ্ধ থাকার জন্য প্রবর্তিত হয় নাই, বরং ইহা বিশ্বব্যাপী বিস্তার লাভ করিবে এবং অন্যান্য সকল ধর্মাবলম্বীগণ ইসলাম ধর্মের পতাকাতলে সমবেত হইবে। কাশ্‌ফে জেরুযালেম গমন দ্বারা ইহাও ব্যক্ত হইতে পারে যে, তাঁহাকে (সাঃ) সেই অঞ্চলের আধিপত্য দান করা হইবে যেখানে জেরুযালেম অবস্থিত। এই ভবিষ্যদ্বাণী হযরত ওমর (রাঃ)-এর খেলাফতের সময় পূর্ণ হইয়াছিল। এই কাশ্‌ফ দ্বারা ভবিষ্যতে কোন দূরবর্তী দেশে মহানবী (সাঃ)-এর আধ্যাত্মিক সফরের ইংগিত রূপেও ব্যাখ্যা করা যাইতে পারে। ইহার অর্থ হইল যে, যখন আধ্যাত্মিকভাবে অন্ধকার সারা বিশ্বকে আচ্ছন্ন করিয়া ফেলিবে তখন নবী করীম (সাঃ)-এরই কোন অনুগামীর মধ্যে তাঁহারই আত্মিকরূপে দ্বিতীয় আবির্ভাব ঘটবে— তাঁহার প্রথম আবির্ভাবের ঘটনাস্থল হইতে বহু দূরের কোন অঞ্চলে। মহানবী (সাঃ)-এর এই দ্বিতীয় রূহানী আবির্ভাব প্রসঙ্গে সূরা জুমুআর ৩-৪ আয়াতে সুনির্দিষ্ট উল্লেখ রহিয়াছে।

وَاٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ وَجَعَلۡنٰہُ ہُدًی لِّبَـنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اَلَّا تَتَّخِذُوۡا مِنۡ دُوۡنِیۡ وَکِیۡلًا ؕ﴿۳﴾

৩
এবং আমরা মূসাকে কিতাব দিয়াছিলাম এবং আমরা ইহাকে বনী ইসরাঈলের জন্য হেদায়াত স্বরূপ করিয়াছিলাম (এই আদেশ দিয়া) যে, ‘তোমরা আমাকে ছাড়া অপর কাহাকেও অভিভাবক বানাইও না,

ذُرِّیَّۃَ مَنۡ حَمَلۡنَا مَعَ نُوۡحٍ ؕ اِنَّہٗ کَانَ عَبۡدًا شَکُوۡرًا ﴿۴﴾

৪
হে ঐ সকল লোকের বংশধরগণ, যাহাদিগকে আমরা নূহের সহিত (কিশ্‌তিতে) আরোহণ করাইয়াছিলাম।’ নিশ্চয় সে (আমাদের) একজন কৃতজ্ঞ বান্দা ছিল।

وَقَضَیۡنَاۤ اِلٰی بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ فِی الۡکِتٰبِ لَتُفۡسِدُنَّ فِی الۡاَرۡضِ مَرَّتَیۡنِ وَلَتَعۡلُنَّ عُلُوًّا کَبِیۡرًا ﴿۵﴾

৫
এবং আমরা ঐ কিতাবে স্পষ্টভাবে বনী ইসরাঈলকে এই সিদ্ধান্তের কথা বলিয়াছিলাম, ‘অবশ্যই তোমরা দেশে দুইবার১৫৯২ বিশৃঙ্খলা সৃষ্টি করিবে এবং তোমরা অবশ্যই পরম স্বৈরাচারী অহংকারমত্ত হইবে।’
১৫৯২। হযরত মূসা (আঃ)-এর কিতাবের (দ্বিতীয় বিবরণ-২৮ঃ১৫, ৪৯ঃ৫৩, ৬৩-৬৪ এবং ৩০ঃ১৫) মধ্যে ইসরাঈল জাতি কর্তৃক দুইবার সীমালংঘন করার কথা বলা হইয়াছে। আয়াতে বর্ণনা করা হইয়াছে যে, তাহাদের মধ্যে যাহারা অস্বীকার করিয়াছিল, তাহারা হযরত দাউদ (আঃ) ও হযরত ঈসা ইবনে মরিয়ম (আঃ) কর্তৃক দুইবার অভিশপ্ত হইয়াছিল (৫ঃ৭৯), ফলে দুইবারই তাহারা শাস্তি-প্রাপ্ত হইয়াছিল।

فَاِذَا جَآءَ وَعۡدُ اُوۡلٰٮہُمَا بَعَثۡنَا عَلَیۡکُمۡ عِبَادًا لَّنَاۤ اُولِیۡ بَاۡسٍ شَدِیۡدٍ فَجَاسُوۡا خِلٰلَ الدِّیَارِ ؕ وَکَانَ وَعۡدًا مَّفۡعُوۡلًا ﴿۶﴾

৬
অতঃপর, যখন দুইবারের মধ্যে প্রথম১৫৯৩ বারের প্রতিশ্রুতি (পূর্ণ হওয়ার সময়) আসিল তখন আমরা আমাদের কতক শক্তিশালী রণ নিপুণ বান্দাকে তোমাদের বিরুদ্ধে দাঁড় করাইলাম এবং তাহারা (তোমাদের) গৃহসমূহে অনুপ্রবেশ করিল এবং এই প্রতিশ্রুতি পূর্ণ হওয়া অবশ্যম্ভাবী ছিল।
১৫৯৩। হযরত দাউদ (আঃ)-এর পরে ইসরাঈল জাতিকে প্রথমে দৈব দুর্বিপাক গ্রাস করিয়াছিল এবং দ্বিতীয়বার তাহাদের উপর শাস্তি আসিয়াছিল হযরত ঈসা (আঃ)-এর পরে। বাইবেল হইতে ইহা প্রতীয়মান হয় যে, ইহুদীরা হযরত মূসা (আঃ)-এর পরে খুবই শক্তিশালী জাতিতে পরিণত হইয়াছিল। দাউদ (আঃ)-এর সময়ে তাহারা অত্যন্ত ক্ষমতাশালী রাজ্য প্রতিষ্ঠা করে এবং তাঁহার মৃত্যুর কিছু কাল পরেও ইহারা ক্ষমতা ও গৌরবে উন্নতি করিতে থাকে। পরবর্তী কালে এই রাষ্ট্র ক্রমান্বয়ে অবনতির শিকারে পরিণত হয় এবং খৃষ্টপূর্ব প্রায় ৭৩৩ অব্দে সামারিয়া বিজিত হয় অ্যাসিরিয়ান দ্বারা, যাহারা জেযরিলের উত্তর অংশের ইহুদী রাজ্যের সম্পূর্ণ অংশ দখল করিয়া নেয়। খৃষ্টপূর্ব ৬০৮ সনে ফেরাউন নিকো-এর মিশরীয় সৈন্যবাহিনী কর্তৃক প্যালেষ্টাইন লুণ্ঠিত ও বিধ্বস্ত হয় এবং ইসরাঈলীগণ মিশরীয় শাসনাধীনে চলিয়া যায় (যিউ এনসাইক, ৬ষ্ঠ খণ্ড, পৃঃ ৬৬৫)। তাহাদের পার্থিব শক্তি ক্ষয়, তাহাদের ধ্বংসযজ্ঞ এবং তাহাদের উৎসাদন কোন কিছুই তাহাদেরকে তাহাদের সংশোধনের জন্য প্রবৃত্ত করিতে পারে নাই। তাহাদের অতীতের শয়তানী ক্রিয়াকলাপে তাহারা লাগিয়াই ছিল। আল্লাহ্‌তা’লার ক্রোধাগ্নি প্রায় আসন্ন হওয়ায় বনী ইসরাঈলদিগকে তাহাদের পাপাচার ত্যাগ করিবার জন্য যিরমিয় নবী সতর্ক করিয়াছিলেন, কিন্তু তাহারা এই নবীর সতর্কবাণীর প্রতি কর্ণপাত করে নাই। জেহোয়াকিম-এর শাসনকালে ব্যাবিলনের নেবুখদনিৎসর প্রথম আক্রমণে মিশরীয়গণকে পরাজিত করিয়া প্যালেষ্টাইন দখল করে এবং অনেক ধর্মপ্রাণ গুণীব্যক্তিকে ও ধন-সম্পদ সঙ্গে করিয়া নিয়া যায়, কিন্তু শহরটিকে বিজয়াক্রমণের ধ্বংসলীলা হইতে অব্যাহতি দেয়। খৃষ্টপূর্ব ৫৯৭ সালেও প্যালেষ্টাইন অবরুদ্ধ হয় এবং ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পতিত হয়। সিদ্‌কিয়ার (Zedekiah) বিদ্রোহীগণ নেবুখদনিৎসরের সাহায্যে প্যালেষ্টাইন দ্বিতীয়বার আক্রমণ করে এবং অবরোধের দেড় বৎসর পরে আকস্মিক প্রচণ্ড আক্রমণে শহরটি দখল করিয়া লয়। রাজা সিদ্‌কিয়া শহর ছাড়িয়া পলায়ন করে কিন্তু তাহাকে বন্দী করা হয়। তাহার পুত্রদিগকে হত্যা করা হয় এবং তাহার চোখ উৎপাটিত করা হয় এবং পরে বেড়ী লাগাইয়া তাহাকে ব্যাবিলনে নিয়া যাওয়া হয়। ধর্মশালা, রাজপ্রাসাদ এবং শহরের রহৎ অট্টালিকাগুলিকে ভস্মীভূত করা হয়, প্রধান পুরোহিত ও অন্যান্য নেতৃস্থানীয় লোকদিগকে হত্যা করা হয় এবং বহু সংখ্যক লোককে বন্দী করিয়া নিয়া যাওয়া হয় (‘জেরুযালেম’ অধ্যায়ের অধীন যিউ এনসাইক, ৬ষ্ঠ খণ্ড, ৬৬৫ পৃঃ এবং ৭ম খণ্ড ১২২ পৃঃ)।

ثُمَّ رَدَدۡنَا لَکُمُ الۡکَرَّۃَ عَلَیۡہِمۡ وَاَمۡدَدۡنٰکُمۡ بِاَمۡوَالٍ وَّبَنِیۡنَ وَجَعَلۡنٰکُمۡ اَکۡثَرَ نَفِیۡرًا ﴿۷﴾

৭
তখন আমরা পুনরায় তোমাদিগকে তাহাদের বিরুদ্ধে আক্রমণ করিবার ক্ষমতা দিলাম এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা তোমাদিগকে সাহায্য করিলাম এবং তোমাদিগকে জন সংখ্যায়১৫৯৪ (পূর্বাপেক্ষা) অধিক করিলাম।
১৫৯৪। নির্বাসনে ইহুদীগণ উন্নতি করিতে থাকে। তাহাদের অধিকাংশকে কেন্দ্রীয় ব্যাবিলনিয়াতে জাতীয় কাজে নিয়োগ করা হইল এবং তাহাদের মধ্যে অনেকেই পরিণামে স্বাধীনতা অর্জন করিল এবং মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হইল। তাহাদের বিশ্বাস ও ধর্মীয় অনুরাগ পুনর্জীবিত হইল, ইতিহাসে তাহারা জ্ঞানার্জন করিল, তাহা পুনঃ সম্পাদনা করিল এবং জাতীয় পুনর্জীবনের উপযোগী করিয়া রচনা করিল এবং প্যালেষ্টাইন পুনরুদ্ধারের আশা আকাংখা পোষণ ও প্রচার করিতে লাগিল। প্রায় খৃষ্টপূর্ব ৫৪৫ সনে তাহাদের এই উচ্চাকাংখা আরো নিশ্চিত রূপ পরিগ্রহ করিল। ইহুদীগণ মেদিয়া ও পারশ্য রাজা সাইরাস (Cyrus)-এর সঙ্গে এক গোপন চুক্তি সম্পাদন করিল এবং তাহাকে ব্যাবিলন জয় করিতে সাহায্য করিল। নগরবাসীরা বিনা বাধায় খৃষ্টপূর্ব ৫৩৯ সনের জুলাই মাসে আত্মসমর্পণ করিল। ইহুদীগণের এই কাজের পুরস্কার স্বরূপ রাজা সাইরাস তাহাদিগকে জেরুযালেমে প্রত্যাবর্তনের অনুমতি দিলেন এবং তাহাদের ধর্মীয় ইবাদতখানা পুননির্মাণ করার জন্য সাহায্য করিলেন (হিষ্টরিয়ানস্ হিষ্টরি অব দি ওয়ার্লড, ২য় খণ্ড, ১২৬ পৃষ্ঠা; যিউ এনসাইকো, ৭ম খণ্ড, ‘জেরুযালেম’ অধ্যায়, এনসাইক বিব ‘সাইরাস’ অধ্যায় এবং ২-বংশাবলী-৩৬ঃ২২-২৩) জুডিয়ান শেশ্‌বাজার (সাইরাসের অধীনস্থ শাসনকর্তা) সেই সব সম্পদ মন্দিরের ধর্ম যাজকের নিকট ফিরাইয়া দিল যাহা নেবুখদনিৎসর নিয়া গিয়াছিল এবং রাজকোষের খরচে সব কিছু পুনঃস্থাপনের কাজ করিয়া দিল। নির্বাসিতদের এক বৃহৎ দল জেরুযালেমে প্রত্যাবর্তন করিল (ইষ্রা-১ঃ৩-৫)। ইবাদতখানা পুনর্ণির্মাণের কাজ নিয়মিত আগাইয়া চলিল এবং খৃষ্টপূর্ব ৫১৬ সালে সম্পূর্ণ হইল ৷ এই সকল ঘটনাবলী এবং ইহুদীদের তৎপরবর্তী উন্নতি সম্পর্কিত ঘটনাবলী এই আয়াতে বর্ণিত হইয়াছে এবং এই সকল ঘটনাবলী সংঘটিত হওয়ার বহু পূর্বেই এগুলি সম্পর্কে হযরত মূসা (আঃ) ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন (দ্বিতীয় বিবরণ-৩০ঃ১-৫)।

اِنۡ اَحۡسَنۡتُمۡ اَحۡسَنۡتُمۡ لِاَنۡفُسِکُمۡ ۟ وَاِنۡ اَسَاۡتُمۡ فَلَہَا ؕ فَاِذَا جَآءَ وَعۡدُ الۡاٰخِرَۃِ لِیَسُوۡٓءٗا وُجُوۡہَکُمۡ وَلِیَدۡخُلُوا الۡمَسۡجِدَ کَمَا دَخَلُوۡہُ اَوَّلَ مَرَّۃٍ وَّلِیُتَبِّرُوۡا مَا عَلَوۡا تَتۡبِیۡرًا ﴿۸﴾

৮
(শুন!) যদি তোমরা সৎ কর্ম কর তাহা হইলে তোমরা এই সৎ কর্ম দ্বারা নিজেদেরই আত্মার কল্যাণ করিবে; এবং যদি তোমরা মন্দ কর্ম কর, তাহা হইলে উহারই জন্য (আত্মার অকল্যাণ করিবে)। অতঃপর, যখন দ্বিতীয় বারের প্রতিশ্রুতি (পূর্ণ হওয়ার সময়) আসিল যাহাতে তাহারা তোমাদের মুখমণ্ডলকে লাঞ্ছনায়১৫৯৪-ক আবৃত করিয়া ফেলে এবং মসজিদে প্রবেশ করে যেভাবে উহাতে তাহারা প্রথম বারে প্রবেশ করিয়াছিল এবং যাহা কিছু তাহারা পরাভূত১৫৯৫ করে উহা যেন পূর্ণভাবে ধ্বংস করিয়া দেয়।
১৫৯৪-ক। ইহার এই অর্থও হয়ঃ ‘তাহারা তোমাদের নেতাগণকে অপমানিত করিতে পারে।’ ‘উজুহুন্’ অর্থ নেতৃবৃন্দ (লেইন)।
১৫৯৫। এই আয়াতে বনী ইসরাঈল জাতির দ্বিতীয়বার পূর্ববর্তী পাপাচারণের কুঅভ্যাসে পুনরায় লিপ্ত হওয়া এবং উহার ফলে তাহাদের উপরে নিপতিত আযাব সম্বন্ধে বলা হইয়াছে। তাহারা হযরত ঈসা (আঃ)-এর উপর নির্যাতন করিয়াছিল এবং তাঁহাকে ক্রুশবিদ্ধ করিয়া হত্যা করিতে চাহিয়াছিল এবং তাঁহার প্রচার বন্ধ করিয়া দিতে চাহিয়াছিল। অতএব, আল্লাহ্‌তা‘লা ইহুদীদিগকে যন্ত্রণাদায়ক আযাব দ্বারা দুর্দশাগ্রস্ত করিয়াছিলেন যখন টাইটাসের রোমান সৈন্যবাহিনী ৭০ খৃষ্টাব্দে তাহাদিগকে দেশব্যাপী বিধ্বস্ত করিয়াছিল। তীব্র ঘৃণা ও ভয়াবহ অবস্থার মধ্যে জেরুযালেম ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল এবং হযরত সুলায়মান (আঃ)-এর ইবাদতখানা ভস্মীভূত হইয়াছিল (এনসাইক, বিব, এর ‘জেরুয়ালেম’ অধ্যায়)। এই আকস্মিক দুর্ঘটনা যখন ঘটিয়াছিল তখনও হযরত ঈসা (আঃ) কাশ্মীরে বসবাস করিতেছিলেন; ইহারও উল্লেখ আছে হযরত মূসা (আঃ)-এর ভবিষ্যদ্বাণীতে (দ্বিতীয়-৩২ঃ১৮-২৬)। বাইবেলে যেখানে প্রথম শাস্তির কথা বর্ণিত হইয়াছে, দ্বিতীয় আযাব সম্পর্কেও ভবিষ্যদ্বাণী উহার পরেই লিপিবদ্ধ রহিয়াছে (দ্বিতীয়-২৮অধ্যায়)। ভবিষ্যদ্বাণীর পরে ইহারও উল্লেখ রহিয়াছে যে, ইহুদীজাতি জেরুযালেমে প্রত্যাবর্তন করিবে (দ্বিতীয়-৩০ঃ১-৫)। ইহাতে প্রমাণিত হইতেছে যে, এই ভবিষ্যদ্বাণী (দ্বিতীয়– ৩২ঃ১৮-২৬) দ্বিতীয় আযাবের প্রতি নির্দেশ করিতেছে, যাহার প্রতি কুরআন মজীদে ইংগিত রহিয়াছে, যথাঃ ‘অবশ্যই তোমরা দেশে দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করিবে’ (১৭ঃ৫)। এই আয়াতের মধ্যে মুসলমানগণের জন্য সতর্কতার সংকেত নিহিত রহিয়াছে যে, ইহুদীদের মত তাহারাও দুইবার শাস্তি প্রাপ্ত হইবে যদি তাহারা অসৎ পথ পরিত্যাগ না করে। কিন্তু সময়ের সংকেত হইতে তাহারা শিক্ষা গ্রহণ করে নাই এবং অসদাচরণ হইতে বিরত না হওয়ার দরুন তাহারা প্রথম আযাবে পতিত হইয়াছিল ১২৫৮ খৃষ্টাব্দে যখন বাগদাদের পতন ঘটিয়াছিল। হালাকু খাঁর বর্বর তাতার যাযাবরদল মুসলমানদের ক্ষমতা ও জ্ঞানের কেন্দ্রস্থল বাগদাদ সম্পূর্ণ ধ্বংস করিয়া দিয়াছিল এবং ১৮ লক্ষ মুসলমানকে হত্যা করিয়াছিল। যাহা হউক এই ভয়াবহ বিপর্যয় হইতে ইসলাম বিজয়ী রূপে প্রকাশ লাভ করিয়াছিল যখন বিজয়ীগণ কালক্রমে হইল পরাজিত। হালাকুর পৌত্র (গজন খান) মোগল ও তাতার বাহিনীর এক বিরাট দলসহ ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছিলেন। দ্বিতীয় আযাব আখেরী যমানাতে তাহাদের জন্য নির্ধারিত ছিল।

عَسٰی رَبُّکُمۡ اَنۡ یَّرۡحَمَکُمۡ ۚ وَاِنۡ عُدۡتُّمۡ عُدۡنَا ۘ وَجَعَلۡنَا جَہَنَّمَ لِلۡکٰفِرِیۡنَ حَصِیۡرًا ﴿۹﴾

৯
হইতে পারে যে, তোমাদের প্রভু তোমাদের উপর রহম করিবেন, কিন্তু তোমরা যদি আবার (তোমাদের ভ্রান্ত পথের দিকে) ফিরিয়া আস, তাহা হইলে আমরাও (তোমাদের শাস্তির দিকে) ফিরিয়া আসিব এবং (স্মরণ রাখিও যে;) জাহান্নামকে আমরা কাফেরদের জন্য কয়েদখানা বানাইয়াছি।

اِنَّ ہٰذَا الۡقُرۡاٰنَ یَہۡدِیۡ لِلَّتِیۡ ہِیَ اَقۡوَمُ وَیُبَشِّرُ الۡمُؤۡمِنِیۡنَ الَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ الصّٰلِحٰتِ اَنَّ لَہُمۡ اَجۡرًا کَبِیۡرًا ۙ﴿۱۰﴾

১০
নিশ্চয় এই কুরআন সেই পথের দিকে পরিচালিত করে যাহা সর্বাপেক্ষা সুদৃঢ়় এবং ইহা মো’মেনগণকে, যাহারা সৎ কর্ম করে, সুসংবাদ দান করে যে, নিশ্চয় তাহাদের জন্য এক মহা পুরস্কার১৫৯৬ নির্ধারিত আছে,
১৫৯৬। আপন অনুসারীগণের জন্য কুরআন করীম যে লক্ষ্য স্থাপন করিয়াছে উহা পূর্ববর্তী জাতিসমূহের আদর্শ হইতে অধিকতর উদার এবং ভয় ও শ্রদ্ধার উদ্রেককারী, মহিয়ান ও শ্রেষ্ঠ এবং ইহা খাঁটি মান্যকারীগণকে আধ্যাত্মিক ও জাগতিক উভয় প্রকার কল্যাণে ভূষিত ও মহিমান্বিত করার প্রতিশ্রুতি দিয়াছে। অতএব, মুসলমানদের কর্তব্য হইতেছে সেই মহোত্তম লক্ষ্যে পৌঁছিতে সর্বপ্রকার চেষ্টা করা এবং শিথিলতা এবং নিয়ম-শৃংখলা ও নৈতিকতা বিরোধী জীবন যাপন হইতে সতর্কতা অবলম্বন করা এবং প্রতিশ্রুত ঐশী অনুগ্রহ ও কল্যাণ প্রাপ্তির জন্য নিজদিগকে সর্বদা উপযুক্ত বলিয়া প্রমাণ করা।