بني إسرائيل
Bani Isra'il
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।
নাযেল হওয়ার তারিখ ও প্রসংগ
এই সূরায় বনী ইস্রাঈল এবং ইস্রাঈলীদের ইতিহাসের কতিপয় উল্লেখযোগ্য ঘটনা বর্ণিত হইয়াছে এবং যে অভিজ্ঞতার মধ্য দিয়া বনী ইস্রাঈলদিগকে অতিক্রম করিতে হইয়াছিল উহার কথাও উল্লেখ করা হইয়াছে। তাই এই সূরার নামকরণ করা হইয়াছে বনী ইস্রাঈল। এই সূরাটি ‘ইস্রা’ শিরোনামেও পরিচিত, কেননা, ইহা হযরত মুহাম্মদ (সাঃ)-এর আধ্যাত্মিক নৈশ ভ্রমণ দ্বারা শুরু হইয়াছে, যাহার মধ্যে তিনি মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসায় গমন করেন এবং এই আধ্যাত্মিক ভ্রমন বৃত্তান্ত এই সূরার একটি গুরুত্বপূর্ণ বিষয়। হযরত মুহাম্মদ (সাঃ)-এর একজন প্রথম দিককার সাহাবী, হযরত ইবনে মাসউদের মতে মক্কী জীবনের ৪র্থ হইতে ১১তম বৎসরের মধ্যে এই সূরা নাযেল হইয়াছিল। খৃষ্টীয় লেখকগণ অবশ্য এই সময় কালকে ৬ষ্ঠ হইতে ১২শ বৎসরের মধ্যে মনে করিয়া থাকেন। পূর্ববতী সূরার শেষাংশে মুসলমানদেরকে সতর্ক করিয়া বলা হইয়াছিল যে, শীঘ্রই তাহারা আহ্লে কিতাবগণের পক্ষ হইতে কঠোর বিরোধিতার সম্মুখীন হইবে, যেমন হইয়াছিল তাহারা মক্কার মোশরেকদের পক্ষ হইতে। কিন্তু ইহাতে তাহারা যেন ধৈর্য ধারণ করে, যে পর্যন্ত না আল্লাহ্তা’লা স্বীয় অনুগ্রহে তাহাদের শত্রুদের বিরুদ্ধে তাহাদিগকে বিজয় দান করেন। আলোচ্য সূরাতে মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করিয়া বলা হইয়াছে যে, এবারকার বিরোধিতা মদীনা হইতে শুরু হইবে যাহার পরিণতিতে ‘আহলে কিতাবগণ’ সম্পূর্ণভাবে পরাজিত হইবে এবং তাহাদের পবিত্র স্থানসমূহ মুসলমানদের হস্তগত হইবে।
বিষয়বস্তু
শিরোনাম হইতে স্বভাবতঃই প্রতীয়মান হয় যে, এই সূরাটিতে ইহুদী জাতির ইতিহাস, বিশেষ করিয়া তাহাদের দুইটি সুবিদিত ঘটনা অর্থাৎ যেভাবে তাহারা আল্লাহ্র দুইজন মহান নবী হযরত দাউদ (আঃ) ও হযরত ঈসা (আঃ)-কে প্রকাশ্যে অস্বীকার করিয়াছিল, তৎপ্রতি মনোযোগ আকর্ষণকারী বর্ণনা রহিয়াছে। এই অস্বীকৃতির দরুন প্রথমে তাহারা ব্যবিলনীয় সম্রাট নবুখদ-নিৎসর (বখতেনসর) কর্তৃক নিগৃহীত হয় এবং তাহাদের জাতীয় জীবনের ধ্বংস সাধিত হয়। দ্বিতীয় পর্যায়ে রোমক সম্রাট টিটাস কর্তৃক তাহাদের বিনাশ ঘটে। ইহুদী জাতির এই দ্বিবিধ ধ্বংস প্রাপ্তির ঘটনা একটি সতর্কতামূলক বিষয় হিসাবে মুসলমান জাতির নিকট পেশ করিয়া বলা হইয়াছে যে, তাহাদের অন্যায়, অপকর্ম ও বাড়াবাড়ির ফলে তাহাদের জাতীয় জীবনও দুইটি বিরাট বিপর্যয়ের মধ্য দিয়া অতিক্রম করিবে। তবে এই সতর্কতার সাথে তাহাদেরকে আশা ও উৎসাহ জাপক সান্তনাও দেওয়া হইয়াছে। কেননা, হযরত মুহাম্মদ (সাঃ) শেষ শরীয়তধারী নবী, তাই তাঁহার বিধান ইহুদী বিধান গ্রন্থের মত কখনই সম্পূর্ণভাবে ধ্বংস প্রাপ্ত হইবে না, বরং প্রাথমিক বাধাবিপত্তি অতিক্রম করিয়া ইহা আরো অনেক দীপ্তি ও উজ্জ্বলতা সহকারে সফলতার দিকে আগাইয়া যাইবে। ইহা ছাড়া বর্তমান সূরাতে এমন কিছু বিষয়ের বিস্তৃত আলোচনা রহিয়াছে যাহা পূর্ববর্তী সূরাতে সংক্ষিপ্ত উদ্ধৃতি হিসাবে উল্লেখিত হইয়াছিল। সূরার প্রারম্ভেই হযরত মুহাম্মদ (সাঃ)-এর ‘ইস্রা’ বা আধ্যাত্মিক নৈশ ভ্রমণের বিষয়টি বর্ণিত হইয়াছে। ইহার মাধ্যমে এই ভবিষ্যদ্বাণীও করা হইয়াছে যে, হযরত মূসা (আঃ)-এর উত্তরসূরী এবং তাঁহার সদৃশ নবী হিসাবে হযরত মুহাম্মদ (সাঃ)-এর অনুসারীরা মূসা (আঃ)-এর নিকট প্রতিশ্রুত পবিত্রভূমি (জেরুযালেম) লাভ করিবে এবং হযরত মূসা (আঃ)-এর হিজরতের অনুরূপ হযরত মুহাম্মদ (সাঃ)-কেও হিজরত করিতে হইবে যাহার ফলে ইসলাম অত্যন্ত তরক্কী লাভ করিবে এবং দ্রুত সফলতার দিকে আগাইয়া যাইবে। অতঃপর, সংক্ষিপ্তভাবে বলা হইয়াছে যে, হযরত মূসা (আঃ)-এর কওম তাহাদের মধ্যে আগত নবীদের সান্নিধ্যে থাকিয়া বিপুল ক্ষমতা ও সম্মানের অধিকারী হইয়াছিল, কিন্তু পরিণামে ঐশী সতর্কতাকে উপেক্ষা করার ফলে তাহারা দুঃখ-কষ্টে নিপতিত হয়। কিন্তু হযরত মূসা (আঃ)-এর বিধান-গ্রন্থ তওরাত হইতে যেহেতু কুরআন সকল দিক দিয়াই পরিপূর্ণ ও উৎকৃষ্ট, তাই ইহার অনুসারীরা তওরাতের অনুসারী হইতে নিজেদের মধ্যে অধিকতর উন্নত ও বাঞ্ছিত পবির্তন সাধনে সক্ষম হইবে। ইহুদীদের উত্থান ও পতনের এই সংক্ষিপ্ত বর্ণনার সঙ্গে সঙ্গেই মুসলমানদিগকে এই সাবধান বাণী শুনানো হইয়াছে যে, আল্লাহ্তা’লা মুসলমানদেরকেও তাহার নেয়ামতের অধিকারী করিবেন এবং ইহুদীদের মত তাহারাও জাগতিক উন্নতি ও গৌরবের অধিকারী হইবে, কিন্তু এই সম্পদ, প্রতিপত্তি ও যশ লাভের পর তাহারা যেন আল্লাহ্কে ভুলিয়া না যায়। অতঃপর, এমন কতিপয় কার্যবিধি সম্পর্কে আলোচনা করা হইয়াছে যাহার অনুসরণে একটি জাতি উহার আধ্যাত্মিক উৎকর্ষতার এক অতি উন্নত পর্যায়ে নিজেদেরকে উন্নীত করিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, অবিশ্বাসীরা উন্নতি লাভের এই কার্যবিধি হইতে কোন প্রকার ফায়দা হাসিল করে না, উপরন্তু তাহারা উদ্ধতভাবে উহা হইতে মুখ ফিরাইয়া লয় এবং তাহাদের মিথ্যা অহংকার ও গর্ব তাহাদেরকে যে ভয়াবহ পরিণতির দিকে নিয়া যায় সেই বিষয়ে তাহারা মোটেই দৃকপাত করে না। তাহাদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণপূর্বক বলা হইয়াছে যে, সত্যের অস্বীকার কোন সময়েই শুভ পরিণতি প্রদান করে না, বরং উহার পরিণাম হইয়া থাকে ভয়াবহ ঐশী শাস্তি এবং ইহা বিশেষ ভাবে আখেরী যামানায় প্রতিভাত হইবে, যখন এই পৃথিবী আলো এবং অন্ধকারের শেষ মোকাবিলা প্রত্যক্ষ করিবে এবং পরিণামে অন্ধকার তথা শয়তানী শক্তিসমৃহ বিনষ্ট হইবে। অবিশ্বাসীদের প্রতি কঠোর তিরস্কার পূর্বক অতঃপর বলা হইয়াছে যে, তাহারা যদিও হযরত মুহাম্মদ (সাঃ)-এর ধ্বংস কামনায় চেষ্টার কোন ত্রুটি করিতেছে না, তথাপি পরিণামে তিনিই বিজয়ী হইবেন। আল্লাহ্তা’লা তাহাকে এক বিশেষ এবং মহৎ উদ্দেশ্যে প্রেরণ করিয়াছেন। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে তাঁহার নাম প্রচারিত হইবে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত তাঁহার নাম সম্মানের সহিত উচ্চারিত হইবে। মানবতার সর্বোচ্চ পথ প্রদর্শক ও নেতা হিসাবে পৃথিবী তাঁহাকে কবুল করিবে এবং তাঁহার আনীত শিক্ষা অর্থাৎ, কুরআন শরীফও এক অনন্ত আধ্যাত্মিক জ্ঞান ভাণ্ডার হিসাবে প্রতিভাত হইবে। সূরাটির শেষাংশে আখেরী যামানার কিছু নিদর্শন ও লক্ষণাবলী সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনার পর সেই সময় যেসব সামাজিক পাপাচার প্রাধান্য লাভ করিবে সে সম্পর্কে আলোচনা করা হইয়াছে। আর এক্ষেত্রে প্রার্থনা ও আল্লাহ্তা’লার সাথে নিবিড় এবং সত্যিকার সম্পর্কই যে মানুষকে পাপ ও ধ্বংসের পথ হইতে রক্ষা করিবে – উহারও ঘোষণা দেওয়া হইয়াছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
سُبۡحٰنَ الَّذِیۡۤ اَسۡرٰی بِعَبۡدِہٖ لَیۡلًا مِّنَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ اِلَی الۡمَسۡجِدِ الۡاَقۡصَا الَّذِیۡ بٰرَکۡنَا حَوۡلَہٗ لِنُرِیَہٗ مِنۡ اٰیٰتِنَا ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡبَصِیۡرُ ﴿۲﴾
وَاٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ وَجَعَلۡنٰہُ ہُدًی لِّبَـنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اَلَّا تَتَّخِذُوۡا مِنۡ دُوۡنِیۡ وَکِیۡلًا ؕ﴿۳﴾
ذُرِّیَّۃَ مَنۡ حَمَلۡنَا مَعَ نُوۡحٍ ؕ اِنَّہٗ کَانَ عَبۡدًا شَکُوۡرًا ﴿۴﴾
وَقَضَیۡنَاۤ اِلٰی بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ فِی الۡکِتٰبِ لَتُفۡسِدُنَّ فِی الۡاَرۡضِ مَرَّتَیۡنِ وَلَتَعۡلُنَّ عُلُوًّا کَبِیۡرًا ﴿۵﴾
فَاِذَا جَآءَ وَعۡدُ اُوۡلٰٮہُمَا بَعَثۡنَا عَلَیۡکُمۡ عِبَادًا لَّنَاۤ اُولِیۡ بَاۡسٍ شَدِیۡدٍ فَجَاسُوۡا خِلٰلَ الدِّیَارِ ؕ وَکَانَ وَعۡدًا مَّفۡعُوۡلًا ﴿۶﴾
ثُمَّ رَدَدۡنَا لَکُمُ الۡکَرَّۃَ عَلَیۡہِمۡ وَاَمۡدَدۡنٰکُمۡ بِاَمۡوَالٍ وَّبَنِیۡنَ وَجَعَلۡنٰکُمۡ اَکۡثَرَ نَفِیۡرًا ﴿۷﴾
اِنۡ اَحۡسَنۡتُمۡ اَحۡسَنۡتُمۡ لِاَنۡفُسِکُمۡ ۟ وَاِنۡ اَسَاۡتُمۡ فَلَہَا ؕ فَاِذَا جَآءَ وَعۡدُ الۡاٰخِرَۃِ لِیَسُوۡٓءٗا وُجُوۡہَکُمۡ وَلِیَدۡخُلُوا الۡمَسۡجِدَ کَمَا دَخَلُوۡہُ اَوَّلَ مَرَّۃٍ وَّلِیُتَبِّرُوۡا مَا عَلَوۡا تَتۡبِیۡرًا ﴿۸﴾
عَسٰی رَبُّکُمۡ اَنۡ یَّرۡحَمَکُمۡ ۚ وَاِنۡ عُدۡتُّمۡ عُدۡنَا ۘ وَجَعَلۡنَا جَہَنَّمَ لِلۡکٰفِرِیۡنَ حَصِیۡرًا ﴿۹﴾
اِنَّ ہٰذَا الۡقُرۡاٰنَ یَہۡدِیۡ لِلَّتِیۡ ہِیَ اَقۡوَمُ وَیُبَشِّرُ الۡمُؤۡمِنِیۡنَ الَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ الصّٰلِحٰتِ اَنَّ لَہُمۡ اَجۡرًا کَبِیۡرًا ۙ﴿۱۰﴾