১৪

إبراهيم

সূরা ইব্‌রাহীম

Ibrahim

মক্কী ৫৩ আয়াত ৭ রুকু পারা ১৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৩ আয়াত এবং ৭ রুকু আছে।

رَبِّ اجۡعَلۡنِیۡ مُقِیۡمَ الصَّلٰوۃِ وَمِنۡ ذُرِّیَّتِیۡ ٭ۖ رَبَّنَا وَتَقَبَّلۡ دُعَآءِ ﴿۴۱﴾

৪১
হে আমার প্রভু! আমাকে নামায কায়েমকারী কর এবং আমার বংশধরকেও। হে আমাদের প্রভু! (আমার উপর তোমার করুণা বর্ষণ কর) এবং আমার দোয়া কবুল কর;

رَبَّنَا اغۡفِرۡ لِیۡ وَلِوَالِدَیَّ وَلِلۡمُؤۡمِنِیۡنَ یَوۡمَ یَقُوۡمُ الۡحِسَابُ ﴿٪۴۲﴾

৪২
হে আমাদের প্রভু! যে দিন হিসাব কায়েম হইবে সেই দিন আমাকে ও আমার পিতামাতাকে এবং মো’মেনগণকে ক্ষমা১৪৭২ করিও।”
সূরা ইব্‌রাহীম - রুকু ৬
১৪৭২। আল্লাহ্‌তা’লার প্রেরিত নবী-রসূলগণ আল্লাহ্‌তা’লার নিকট সর্বাবস্থায় শয়তান হইতে আল্লাহ্‌তা’লার আশ্রয়ে থাকেন—এই বাস্তব জ্ঞান থাকা সত্বেও তাঁহারা কেন ক্ষমা চাহিয়া আল্লাহ্‌র নিকট প্রার্থনা করেন, ইহার কারণ তাহারা আল্লাহ্‌তা’লার পবিত্রতা ও মহত্ব এবং নিজেদের দুর্বলতা উপলব্ধি করেন। ইহাই হইল মানবীয় দুর্বলতা সম্বন্ধে বাস্তব উপলব্ধি যাহা তাহাদিগকে আল্লাহ্‌তা’লার নিকট বিনম্র প্রার্থনা করিতে বাধ্য করে। মহান আল্লাহ্‌তা’লা যেন নিজ করুণা ও অনুকম্পায় তাঁহাদের দুর্বলতা ঢাকিয়া দেন যাহাতে তাহাদের নিজ সত্তা সম্পূর্ণ বিলীন হইয়া আল্লাহ্‌তা’লার সঙ্গে মিলিত হইয়া যায়।

وَلَا تَحۡسَبَنَّ اللّٰہَ غَافِلًا عَمَّا یَعۡمَلُ الظّٰلِمُوۡنَ ۬ؕ اِنَّمَا یُؤَخِّرُہُمۡ لِیَوۡمٍ تَشۡخَصُ فِیۡہِ الۡاَبۡصَارُ ﴿ۙ۴۳﴾

৪৩
এবং এই যালেমগণ যাহা কিছু করিতেছে উহা হইতে তুমি আল্লাহ্‌কে কখনও গাফেল মনে করিও না। তিনি তাহাদিগকে কেবল সেই দিন পর্যন্ত অবকাশ দিতেছেন যেই দিন (তাহাদের) চক্ষুগুলি (আতঙ্কে) বিস্ফারিত হইবে;

مُہۡطِعِیۡنَ مُقۡنِعِیۡ رُءُوۡسِہِمۡ لَا یَرۡتَدُّ اِلَیۡہِمۡ طَرۡفُہُمۡ ۚ وَاَفۡـِٕدَتُہُمۡ ہَوَآءٌ ﴿ؕ۴۴﴾

৪৪
তাহারা তাহাদের মাথা উঁচু করিয়া আতংকে দৌড়াইতে থাকিবে, তাহাদের দৃষ্টি তাহাদের দিকে ফিরিয়া আসিবে না, এবং তাহাদের অন্তঃকরণ সম্পূর্ণ খালি হইয়া যাইবে।১৪৭৩
১৪৭৩। পূর্ববর্তী এবং বর্তমান আয়াত মক্কাবাসীদের ভীতি এবং বিহ্বলতার সুস্পষ্ট বর্ণনামূলক চিত্র অংকন করিয়াছে— যখন তাহারা অকস্মাৎ দেখিল যে, হযরত রসূল করীম (সাঃ) মক্কাবাসীদের সম্পূর্ণ অজ্ঞাতে দশ হাজার সৈন্যসহ মক্কার প্রবেশ দ্বারে উপস্থিত।

وَاَنۡذِرِ النَّاسَ یَوۡمَ یَاۡتِیۡہِمُ الۡعَذَابُ فَیَقُوۡلُ الَّذِیۡنَ ظَلَمُوۡا رَبَّنَاۤ اَخِّرۡنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیۡبٍ ۙ نُّجِبۡ دَعۡوَتَکَ وَنَتَّبِعِ الرُّسُلَ ؕ اَوَلَمۡ تَکُوۡنُوۡۤا اَقۡسَمۡتُمۡ مِّنۡ قَبۡلُ مَا لَکُمۡ مِّنۡ زَوَالٍ ﴿ۙ۴۵﴾

৪৫
এবং তুমি লোকদিগকে সেই দিন সম্পর্কে সতর্ক কর যেদিন তাহাদের উপর শাস্তি আসিবে, তখন যাহারা যুলুম করিয়াছিল তাহারা বলিবে, ‘হে আমাদের প্রভু! আমাদিগকে স্বল্প কালের জন্য অবকাশ দান কর, আমরা তোমার ডাকে সাড়া দিব এবং রসূলগণকে অনুসরণ করিব।’ (তিনি বলিবেন,) ‘তোমরা কি ইতিপূর্বে কসম খাও নাই যে তোমাদের অধঃপতন ঘটিবে না?

وَّسَکَنۡتُمۡ فِیۡ مَسٰکِنِ الَّذِیۡنَ ظَلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ وَتَبَیَّنَ لَکُمۡ کَیۡفَ فَعَلۡنَا بِہِمۡ وَضَرَبۡنَا لَکُمُ الۡاَمۡثَالَ ﴿۴۶﴾

৪৬
অথচ তোমরা সেই সকল লোকের গৃহেই বসবাস করিতেছ, যাহারা নিজেদের উপর যুলুম করিয়াছিল এবং তোমাদের নিকট স্পষ্ট হইয়াছিল যে, আমরা তাহাদের সংগে কি ব্যবহার করিয়াছিলাম, এবং তোমাদের নিকটে আমরা সকল উপমা (সবিস্তারে) বর্ণনা করিয়াছি।’

وَقَدۡ مَکَرُوۡا مَکۡرَہُمۡ وَعِنۡدَ اللّٰہِ مَکۡرُہُمۡ ؕ وَاِنۡ کَانَ مَکۡرُہُمۡ لِتَزُوۡلَ مِنۡہُ الۡجِبَالُ ﴿۴۷﴾

৪৭
এবং তাহারা তাহাদের সকল পরিকল্পনা গ্রহণ করিয়াছে; কিন্তু তাহাদের পরিকল্পনাসমূহ আল্লাহ্‌র১৪৭৪ নিকট রহিয়াছে। যদিও তাহাদের পরিকল্পনা এমনই হউক না কেন যদ্বারা পাহাড়ও স্বস্থান হইতে টলিয়া যায় (তথাপি তাহারা সফল কাম হইবে না)।
১৪৭৪। আল্লাহ্‌তা’লা তাহাদের ষড়যন্ত্রের বিষয় ভালভাবেই জানেন এবং উহা যত বড়ই হউক না কেন উহা ব্যর্থ করিয়া দিবেন।

فَلَا تَحۡسَبَنَّ اللّٰہَ مُخۡلِفَ وَعۡدِہٖ رُسُلَہٗ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ ذُو انۡتِقَامٍ ﴿ؕ۴۸﴾

৪৮
অতঃপর, তুমি আল্লাহ্‌র সম্বন্ধে কখনও এই ধারণা করিও না যে, তিনি তাঁহার রসূলগণের সহিত কৃত নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করিবেন। নিশ্চয় আল্লাহ্ মহা পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী;

یَوۡمَ تُبَدَّلُ الۡاَرۡضُ غَیۡرَ الۡاَرۡضِ وَالسَّمٰوٰتُ وَبَرَزُوۡا لِلّٰہِ الۡوَاحِدِ الۡقَہَّارِ ﴿۴۹﴾

৪৯
সেই দিন যখন এই পৃথিবীকে অন্য পৃথিবীতে পরিবর্তিত করা হইবে এবং আকাশ১৪৭৫ সমূহকেও, এবং তাহারা আল্লাহ্‌র সমীপে উপস্থিত হইবে, যিনি এক-অদ্বিতীয় মহাপ্রতাপশালী।
১৪৭৫। মক্কার পতনের সাথে আরবে ইসলাম প্রবল শক্তিরূপে প্রতিষ্ঠিত হইল এবং বিশ্ব এক নতুন বিশ্বের রূপ ধারণ করিল। উহার আকাশ ও যমীন নবরূপে পরিবর্তিত হইয়া উঠিল। অর্থাৎ পুরাতন সমাজ-ব্যবস্থা সম্পূর্ণরূপে উচ্ছেদ হইয়া গেল এবং উহার স্থলে ভিন্ন এক নতুন ব্যবস্থা কায়েম হইল, এক নতুন সভ্যতা জন্ম গ্রহণ করিল।

وَتَـرَی الۡمُجۡرِمِیۡنَ یَوۡمَئِذٍ مُّقَرَّنِیۡنَ فِی الۡاَصۡفَادِ ﴿ۚ۵۰﴾

৫০
এবং সেইদিন তুমি অপরাধীদিগকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় দেখিবে।