৪৮

الفتح

সূরা আল্ ফাত্‌হ

Al-Fath

মাদানী ৩০ আয়াত ৪ রুকু পারা ২৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩০ আয়াত এবং ৪ রুকু আছে।

اِنَّ الَّذِیۡنَ یُبَایِعُوۡنَکَ اِنَّمَا یُبَایِعُوۡنَ اللّٰہَ ؕ یَدُ اللّٰہِ فَوۡقَ اَیۡدِیۡہِمۡ ۚ فَمَنۡ نَّکَثَ فَاِنَّمَا یَنۡکُثُ عَلٰی نَفۡسِہٖ ۚ وَمَنۡ اَوۡفٰی بِمَا عٰہَدَ عَلَیۡہُ اللّٰہَ فَسَیُؤۡتِیۡہِ اَجۡرًا عَظِیۡمًا ﴿٪۱۱﴾

১১
নিশ্চয় যাহারা তোমার বয়’আত করে২৭৬৯ বস্তুতঃ পক্ষে তাহারা আল্লাহ্‌র বয়’আত করে। আল্লাহ্‌র হাত তাহাদের হাতের উপর আছে। অতএব যে ব্যক্তি (বয়’আতের) অঙ্গীকারকে ভঙ্গ করে সে নিজেরই বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গ করে; এবং যে ব্যক্তি ঐ অঙ্গীকারকে পূর্ণ করে যাহা সে আল্লাহ্‌র সঙ্গে করিয়াছে তাহাকে অচিরেই তিনি মহাপুরস্কার দান করিবেন।
সূরা আল্ ফাত্‌হ - রুকু ১
২৭৬৯। এখানে ঐ আনুগত্যের শপথ ও প্রতিজ্ঞার প্রতি মনোযোগ আকৃষ্ট করা হইয়াছে, যে প্রতিজ্ঞা মো’মেনগণ মহানবী (সাঃ)-এর কাছে হুদায়বিয়ার বৃক্ষতলে শপথসহ উচ্চারণ করিয়াছিলেন (বুখারী)।

سَیَقُوۡلُ لَکَ الۡمُخَلَّفُوۡنَ مِنَ الۡاَعۡرَابِ شَغَلَتۡنَاۤ اَمۡوَالُنَا وَاَہۡلُوۡنَا فَاسۡتَغۡفِرۡ لَنَا ۚ یَقُوۡلُوۡنَ بِاَلۡسِنَتِہِمۡ مَّا لَیۡسَ فِیۡ قُلُوۡبِہِمۡ ؕ قُلۡ فَمَنۡ یَّمۡلِکُ لَکُمۡ مِّنَ اللّٰہِ شَیۡئًا اِنۡ اَرَادَ بِکُمۡ ضَرًّا اَوۡ اَرَادَ بِکُمۡ نَفۡعًا ؕ بَلۡ کَانَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا ﴿۱۲﴾

১২
মরুবাসীদের মধ্য হইতে যাহাদিগকে পশ্চাতে পরিত্যাগ করা হইয়াছিল,২৭৭০ তাহারা নিশ্চয় তোমাকে বলিবে, ‘আমাদিগকে আমাদের ধন-সম্পদ ও পরিজনবর্গ মশগুল রাখিয়াছিল, সুতরাং আপনি আমাদের জন্য (আল্লাহ্‌র নিকট) ক্ষমা প্রার্থনা করুন।’ তাহারা নিজেদের জিহ্বায় যাহা বলে তাহা তাহাদের অন্তরে নাই। তুমি বল, ‘যদি আল্লাহ্ তোমাদের ক্ষতি করিতে চাহেন অথবা তোমাদের কল্যাণ সাধন করিতে চাহেন তাহা হইলে কে আছে যে আল্লাহ্‌র বিরুদ্ধে তোমাদের জন্য কিছু করিবার ক্ষমতা রাখে? না, বরং তোমরা যাহা কিছু করিতেছ সে সম্বন্ধে আল্লাহ্ সম্যক অবহিত।’
২৭৭০। মদীনার পাশাপাশি বেদুঈন গোত্রগুলিকে আমন্ত্রণ জানানো হইয়াছিল, তাহারাও যেন মক্কায় ‘উমরাহ’পালনের জন্য ১৫০০ মুসলমানের দলের সহিত শামিল হয়। কেননা এই প্রতিবেশী গোত্রগুলির সহিত মুসলমানের সম্পর্ক ভাল ছিল। যদিও মহানবী (সাঃ) নিছক শান্তিময় উদ্দেশ্য নিয়া রওয়ানা হইলেন, তথাপি মরু-গোত্রের লোকেরা ভাবিল যে, কুরায়শরা কখনও মুসলমানদিগকে মক্কায় প্রবেশ করিতে দিবে না। এই কারণে যুদ্ধ বাধিয়া যাওয়াও বিচিত্র নয়। মুসলমানরা যুদ্ধাস্ত্র বড় একটা সাথে নিতেছে না; যুদ্ধ বাধিয়া গেলে অস্ত্রহীন মুসলমানের পরাজয় অবশ্যম্ভাবী। এমতাবস্থায়, তাহারা ভাবিল, মহানবী (সাঃ)-এর সাথে গোত্রগুলির সঙ্গ দান তাহাদের নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলিয়া দেওয়ার শামিল হইবে (মূইর ও কাসীর)। এই আয়াতটি, তাবুকের যুদ্ধের সময়ে যে গোত্রগুলি মুসলমানের সহিত যোগদানের পরিবর্তে পিছনে থাকিয়া গিয়াছিল, তাহাদের সম্বন্ধেও হইতে পারে। কেননা, সূরা ‘তাওবাতে’ তাহাদের সম্বন্ধে একই ধরণের শব্দাবলীই ব্যবহৃত হইয়াছে।

بَلۡ ظَنَنۡتُمۡ اَنۡ لَّنۡ یَّنۡقَلِبَ الرَّسُوۡلُ وَالۡمُؤۡمِنُوۡنَ اِلٰۤی اَہۡلِیۡہِمۡ اَبَدًا وَّزُیِّنَ ذٰلِکَ فِیۡ قُلُوۡبِکُمۡ وَظَنَنۡتُمۡ ظَنَّ السَّوۡءِ ۚۖ وَکُنۡتُمۡ قَوۡمًۢا بُوۡرًا ﴿۱۳﴾

১৩
‘না, বরং তোমারা এই ধারণা করিয়াছিলে যে, এই রসূল এবং মো’মেনগণ নিজেদের পরিবার-পরিজনের নিকট আর কখনও ফিরিয়া আসিবে না;২৭৭১ এবং এই ধারণাকে তোমাদের অন্তরে অতি মনোরম করিয়া দেখানো হইয়াছিল, এবং তোমরা অতি মন্দ ধারণা করিয়াছিলে; বস্তুতঃ তোমরা ধ্বংসপ্রাপ্ত জাতি ছিলে।’
২৭৭১। ইচ্ছাই চিন্তার জন্মদাতা; অশুভ ইচ্ছা অশুভ চিন্তার জন্ম দেয়। তাই যখনই নবী করীম (সাঃ) কোন অভিযানে যোগদানের জন্য সকলের প্রতি আহ্বান জানাইতেন, তখন মোনাফেকগণ মনে মনে এই আশাই পোষণ করিত যে, এই দুর্বল ও অল্প সংখ্যক মুসলমান এই অভিযান হইতে তাহাদের পরিবারের কাছে কখনও ফিরিয়া আসিবে না। অতএব, কোন না কোন অজুহাত দেখাইয়া তাহারা মুসলমানের অভিযানগুলি হইতে বিরত থাকিত। কিন্তু তাহাদের হীন বাসনা কখনও চরিতার্থ হইত না। তাহারা ব্যর্থতা ও নৈরাশ্য বরণ করিত। কেননা, প্রত্যেকটি অভিযান হইতেই মুসলমানেরা বিজয়ীর বেশে ঘরে ফিরিত।

وَمَنۡ لَّمۡ یُؤۡمِنۡۢ بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ فَاِنَّاۤ اَعۡتَدۡنَا لِلۡکٰفِرِیۡنَ سَعِیۡرًا ﴿۱۴﴾

১৪
এবং যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁহার রসূলের উপর ঈমান আনে না— অবশ্যই আমরা এইরূপ কাফেরদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করিয়া রাখিয়াছি।

وَلِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنۡ یَّشَآءُ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۱۵﴾

১৫
বস্তুতঃ আকাশসমূহের এবং পৃথিবীর আধিপত্য আল্লাহ্‌রই। তিনি যাহাকে চাহেন ক্ষমা করেন এবং যাহাকে চাহেন শাস্তি দেন এবং আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।

سَیَقُوۡلُ الۡمُخَلَّفُوۡنَ اِذَا انۡطَلَقۡتُمۡ اِلٰی مَغَانِمَ لِتَاۡخُذُوۡہَا ذَرُوۡنَا نَتَّبِعۡکُمۡ ۚ یُرِیۡدُوۡنَ اَنۡ یُّبَدِّلُوۡا کَلٰمَ اللّٰہِ ؕ قُلۡ لَّنۡ تَتَّبِعُوۡنَا کَذٰلِکُمۡ قَالَ اللّٰہُ مِنۡ قَبۡلُ ۚ فَسَیَقُوۡلُوۡنَ بَلۡ تَحۡسُدُوۡنَنَا ؕ بَلۡ کَانُوۡا لَا یَفۡقَہُوۡنَ اِلَّا قَلِیۡلًا ﴿۱۶﴾

১৬
যখন তোমরা যুদ্ধলব্ধ মালের দিকে অগ্রসর হইবে, উহা নেওয়ার জন্য, তখন যাহাদিগকে পশ্চাতে পরিত্যাগ করা হইয়াছিল তাহারা অবশ্যই বলিবে, ‘আমাদিগকেও তোমাদের অনুসরণ করিতে দাও।’ তাহারা আল্লাহ্‌র ফয়সালাকে পরিবর্তন করিতে চাহিবে। তুমি বল, ‘তোমরা কখনও আমাদের পিছনে আসিতে পারিবে না।২৭৭২ তোমাদের সম্বন্ধে এইরূপই আল্লাহ্ ইতিপূর্বে বলিয়াছেন।’ তখন তাহারা নিশ্চয় বলিবে, ‘না, বরং তোমরা আমাদের সহিত হিংসা করিতেছ।’ বস্তুতঃ তাহারা খুব সামান্য ব্যতীত কিছুই বুঝে না।
২৭৭২। খয়বরের যুদ্ধে মুসলমানদের হাতে যে বিস্তর গণিমতের মাল (পরাজিত শত্রুর পরিত্যক্ত মাল) আসিয়াছিল, এই আয়াতে উহার কথাই বলা হইয়াছে। হুদায়বিয়া হইতে ফিরিবার পথে এই সূরাটি নাযেল হইয়াছিল। ২০ আয়াতে মুসলমানদিগকে বিরাট গণিমতের মাল প্রাপ্তির প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল। হুদায়বিয়া হইতে ফিরিবার অল্পদিনের মধ্যেই মহানবী (সাঃ)-কে খয়বরের ইহুদীদের বিরুদ্ধে অভিযান চালাইতে হইল, কেননা তাহারা বারবার বিশ্বাসঘাতকতা করিয়া ইসলামের ক্ষতি সাধনে মগ্ন ছিল। বেদুঈন গোত্রেরা, যাহারা ছোট হজ্জের জন্য যাত্রাকালে নবী করীম (সাঃ)-এর সাথে মক্কা-গমনে পরাঙ্খুখ ছিল, এখন মুসলমানদের ক্রমোন্নতি দেখিয়া ভাবিল, খয়বরের এই অভিযানে যোগ দিলে গণিমতের মালের একটা ভাল অংশ পাওয়ার সম্ভাবনা রহিয়াছে। তখন তাহারা মুসলমান বীর-সৈনিকদের সাথে অভিযানে যোগদানের জন্য মহানবী (সাঃ)-এর কাছে অনুরোধ জানাইল। তিনি (সাঃ) তাহাদিগকে জানাইয়া দিলেন যে, যেহেতু গণিমতের মাল প্রাপ্তির প্রতিশ্রুতি কেবল ঐ সকল মুসলমানদের সহিত সম্পর্কিত যাহারা হুদায়বিয়াতে রসূলুল্লাহ (সাঃ)-এর সঙ্গে ছিলেন, সেই জন্য তাহারা ঐ অভিযানে শরীক হইতে পারে না।

قُلۡ لِّلۡمُخَلَّفِیۡنَ مِنَ الۡاَعۡرَابِ سَتُدۡعَوۡنَ اِلٰی قَوۡمٍ اُولِیۡ بَاۡسٍ شَدِیۡدٍ تُقَاتِلُوۡنَہُمۡ اَوۡ یُسۡلِمُوۡنَ ۚ فَاِنۡ تُطِیۡعُوۡا یُؤۡتِکُمُ اللّٰہُ اَجۡرًا حَسَنًا ۚ وَاِنۡ تَتَوَلَّوۡا کَمَا تَوَلَّیۡتُمۡ مِّنۡ قَبۡلُ یُعَذِّبۡکُمۡ عَذَابًا اَلِیۡمًا ﴿۱۷﴾

১৭
মরুবাসীদের মধ্যে যাহাদিগকে পশ্চাতে পরিত্যাগ করা হইয়াছিল, তুমি তাহাদিগকে বল, ‘অচিরেই তোমাদিগকে এক দুর্দান্ত যোদ্ধা জাতির সহিত যুদ্ধ করিবার জন্য আহ্বান করা হইবে,২৭৭৩ তোমরা তাহাদের সহিত যুদ্ধ করিয়া যাইবে যতক্ষণ পর্যন্ত না তাহারা আত্মসমর্পণ করে। সুতরাং যদি তোমরা তখন আনুগত্য কর, তাহা হইলে আল্লাহ্ তোমাদিগকে উত্তম পুরস্কার দিবেন; কিন্তু যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন কর যেরূপে পূর্বে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিলে, তাহা হইলে তিনি তোমাদিগকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন।’
২৭৭৩। এখানে “পরাক্রমশালী জাতি” বলিতে রোম সাম্রাজ্য বা পারস্য সাম্রাজ্যকে বুঝাইয়া থাকিবে। কারণ মুসলমানেরা এই পর্যন্ত যতগুলি শত্রু–শক্তির সহিত মোকাবেলা করিয়াছেন, তাহাদের সকলের চাইতেই এই দুইটি শক্তি ধন-জন ও শৌর্য-বীর্যের দিক দিয়া বহুগুণে শ্রেষ্ঠতর ছিল। এখানে ভবিষ্যদ্বাণী করা হইয়াছে যে, মুসলমানগণকে এই পরাক্রমশালী দুর্ধর্ষ শত্রু–শক্তির সহিতও অচিরেই দীর্ঘস্থায়ী যুদ্ধ করিতে হইবে এবং তাহাদিগকে সম্পূর্ণভাবে পরাভূত ও পদানত করিয়া ছাড়তে হইবে। পশ্চাতে পরিত্যক্ত দলকে বলা হইতেছে যে, যদিও ইহুদীদের বিরুদ্ধে খয়বরের যুদ্ধে গমন ও গণিমতের মালে অংশ গ্রহণে তাহাদিগকে অনুমতি দেওয়া যাইতে পারে না, তথাপি তাহাদিগকে নিকট ভবিষ্যতেই ইহার চাইতে অধিকতর ক্ষমতাশালী শক্তির সহিত যুদ্ধ করিবার জন্য আহ্বান জানানো হইবে। সেই আহবানে সাড়া দিয়া যদি তাহারা তখন যুদ্ধে অবতীর্ণ হয়, তাহা হইলে তাহারা ভালভাবে পুরস্কৃত হইবে। এই আয়াতে ইহাও আঁচ করা যায় যে, রোমীয় সাম্রাজ্যের ও ইরান সাম্রাজ্যের বিরুদ্ধে যে বিরাট যুদ্ধ হইতে যাইতেছে, সেই যুদ্ধগুলি অত্যন্ত রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী হইবে।

لَیۡسَ عَلَی الۡاَعۡمٰی حَرَجٌ وَّلَا عَلَی الۡاَعۡرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الۡمَرِیۡضِ حَرَجٌ ؕ وَمَنۡ یُّطِعِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ یُدۡخِلۡہُ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۚ وَمَنۡ یَّتَوَلَّ یُعَذِّبۡہُ عَذَابًا اَلِیۡمًا ﴿٪۱۸﴾

১৮
অন্ধের উপর কোন দোষ নাই, খঞ্জের উপর কোন দোষ নাই, পীড়িতদের উপর কোন দোষ নাই (যদি তাহারা জিহাদে যোগদান না করিতে পারে) এবং যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁহার রসূলের আনুগত্য করিবে, তিনি তাহাকে এমন জান্নাতে প্রবিষ্ট করিবেন যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত থাকিবে; কিন্তু যে পৃষ্ঠ প্রদর্শন করিবে তাহাকে তিনি যন্ত্রণাদায়ক আযাব দিবেন।
সূরা আল্ ফাত্‌হ - রুকু ২

لَقَدۡ رَضِیَ اللّٰہُ عَنِ الۡمُؤۡمِنِیۡنَ اِذۡ یُبَایِعُوۡنَکَ تَحۡتَ الشَّجَرَۃِ فَعَلِمَ مَا فِیۡ قُلُوۡبِہِمۡ فَاَنۡزَلَ السَّکِیۡنَۃَ عَلَیۡہِمۡ وَاَثَابَہُمۡ فَتۡحًا قَرِیۡبًا ﴿ۙ۱۹﴾

১৯
নিশ্চয় আল্লাহ্ মো’মেনগণের প্রতি সন্তুষ্ট হইয়াছেন যখন তাহারা একটি বৃক্ষতলে তোমার বয়’আত করিতেছিল,২৭৭৪ এবং তিনি তাহাদের অন্তরে যাহা ছিল তাহা অবগত ছিলেন,২৭৭৫ সুতরাং তিনি তাহাদের অন্তরে প্রশান্তি নাযেল করিলেন এবং তাহাদিগকে নিকটবর্তী বিজয় দান করিলেন—২৭৭৬
২৭৭৪। গুজব ছড়াইয়া পড়িয়াছিল যে, নবী করীম (সাঃ) হুদায়বিয়া হইতে মক্কার কুরায়শদের সহিত আলোচনার জন্য দূতরূপে যে উসমান (রাঃ)-কে তাহাদের নিকট পাঠাইয়া ছিলেন, কূটনৈতিক রীতি-নীতি ও শ্রদ্ধাবোধকে জলাঞ্জলি দিয়া, তাহারা সেই দূত উসমান (রাঃ)-কে হত্যা করিয়া ফেলিয়াছে। এই মিথ্যা সংবাদে মহানবী (সাঃ) মুসলমানগণকে বলিলেন যে, চিরকালের সম্মানজনক ও প্রচলিত রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া যদি তাহারা এমন গর্হিত কার্য করিয়া থাকে, তাহা হইলে যুদ্ধই হইবে এর সমুচিত জওয়াব। তোমরা অস্ত্রহীন, তোমরা কি এই সুমহান সার্বজনীন ‘দৌত্যনীতি’ লঙ্ঘনের প্রতিবাদে যুদ্ধ করিতে প্রস্তুত আছ? তখন সমবেত মুসলমানেরা প্রত্যেকে হুদায়বিয়ার একটি বাবলা গাছের নীচে হুযুর আকরাম (সাঃ)-এর হাতে হাত রাখিয়া জীবন-পণ যুদ্ধের এক অনন্য সাধারণ শপথ গ্রহণ করিয়াছিলেন। হযরত উসমান (রাঃ)-এর তথাকথিত মৃত্যুর জন্য যতটা নয়, বরং একটা সুমহান ঐতিহ্যবাহী পবিত্র প্রথার মৃত্যুর জন্য তদপেক্ষা বেশী উৎকণ্ঠায় পড়িয়াছিলেন মহানবী (সাঃ)। এই শপথকে “বায়াতুর রিয্‌ওয়ান” বলা হইয়া থাকে। “বায়াতুর রিয্‌ওয়ান” দ্বারা ইহাই বুঝায় যে, ঐ সৌভাগ্যশালী ব্যক্তিগণ যাহারা শপথ গ্রহণ করিয়াছিলেন, তাহারা আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ করিয়াছিলেন।
২৭৭৫। মুসলমানদের মনের উপর আল্লাহ্‌তা’লাই দৃঢ় প্রশান্তি ঢালিয়া দিয়াছিলেন। ইহার সর্বাপেক্ষা বড় প্রমাণ এই যে, মাত্র ১৫০০ মুসলমান নিজ বাসভূমি হইতে বহু দূরে, বন্ধু-বান্ধবহীন, শত্রু-পরিবেষ্টিত অবস্থায়, এমন এক শক্তিশালী সেনাবাহিনীর সহিত তাহাদের স্বীয় কেন্দ্রস্থলে অপমানজনক শর্তে সন্ধির পরিবর্তে, মরণ-পণ যুদ্ধের জন্য প্রস্তুত হইয়াছিল।
২৭৭৬। “নিকটবর্তী বিজয়” অর্থাৎ যে বিজয় নাগালের ভিতরে আসিয়া গিয়াছে। এই শব্দগুলি দ্বারা খয়বরের বিজয়কে বুঝাইয়াছে। ইহুদীদের ইসলাম-বিরোধী কার্যকলাপ ও ষড়যন্ত্র চরমে উঠিয়াছিল বরং খয়বর ছিল এই ষড়যন্ত্রাদির আড্ডাখানা ও কেন্দ্রভূমি। তাই হুদায়বিয়া হইতে ফিরিয়াই মহানবী (সাঃ) খয়বরের ইহুদীদের বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করেন। এই অভিযানে কেবল ঐসব সাহাবীই শরীক ছিলেন, যাহারা তাঁহার সাথে হুদায়বিয়াতেও ছিলেন।

وَّمَغَانِمَ کَثِیۡرَۃً یَّاۡخُذُوۡنَہَا ؕ وَکَانَ اللّٰہُ عَزِیۡزًا حَکِیۡمًا ﴿۲۰﴾

২০
এবং বহু পরিমাণ যুদ্ধ-লব্ধ সম্পদ২৭৭৭ (দান করিলেন) যাহা তাহারা সংগ্রহ করিতেছিল। বস্তুতঃ আল্লাহ্ মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
২৭৭৭। ‘মাগানিমা কাসীরা’ অর্থ যুদ্ধ ক্ষেত্রে পরাজিত শত্রুর পরিত্যক্ত মালামাল। “নিকটবতী” যে বিজয়ের প্রতিশ্রুতি পূর্ববর্তী আয়াতে দেওয়া হইয়াছে, তাহাতে পরাজিত শত্রুর কাছ হইতে বহু মালামাল লাভেরও ভবিষ্যদ্বাণী রহিয়াছে। এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ‘খয়বরের যুদ্ধে’ মুসলমানেরা বহু ‘মালেগনিমত’ পাইয়াছিলেন।