৩৩

الأحزاب

সূরা আল্ আহ্‌যাব

Al-Ahzab

মাদানী ৭৪ আয়াত ৯ রুকু পারা ২১–২২

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৪ আয়াত এবং ৯ রুকু আছে।

یَحۡسَبُوۡنَ الۡاَحۡزَابَ لَمۡ یَذۡہَبُوۡا ۚ وَاِنۡ یَّاۡتِ الۡاَحۡزَابُ یَوَدُّوۡا لَوۡ اَنَّہُمۡ بَادُوۡنَ فِی الۡاَعۡرَابِ یَسۡاَلُوۡنَ عَنۡ اَنۡۢبَآئِکُمۡ ؕ وَلَوۡ کَانُوۡا فِیۡکُمۡ مَّا قٰتَلُوۡۤا اِلَّا قَلِیۡلًا ﴿٪۲۱﴾

২১
তাহারা (এখনও) মনে করে যে, সৈন্যদলগুলি চলিয়া যায় নাই; এবং যদি সৈন্যদলগুলি পুনরায় ফিরিয়া আসে তাহা হইলে তাহারা আকাঙ্খা করিবে যে, যদি তাহারা মরুবাসীদের মধ্যে যাযাবর হইত, এবং তাহারা (দূরে থাকিয়া) তোমাদের সম্বন্ধে সংবাদ জিজ্ঞাসা করিত (যে তোমরা বাঁচিয়া আছ না কি)। এবং যদি তাহারা তোমাদের মধ্যে উপস্থিত থাকিত, তাহা হইলে তাহারা তোমাদের পক্ষ হইতে অল্পই যুদ্ধ করিত।২৩৪২
সূরা আল্ আহ্‌যাব - রুকু ২
২৩৪২। ১৩ আয়াতে মোনাফেকদের মনের বিচিত্র অবস্থার বর্ণনা শুরু হইয়াছিল, বিশেষভাবে, বিপদগ্রস্ত অবস্থায় তাহাদের মানসিক পরিবর্তনের চিত্র তুলিয়া ধরা হইয়াছিল। আলোচ্য আয়াতে আসিয়া সেই বর্ণনা সম্পূর্ণ হইল। মোনাফেকরা ভীরু ও হীনমনা। তাহারা মিথ্যাবাদী এবং শপথ ও চুক্তি পালনে বিমুখ। তাহারা বিশ্বাস-ঘাতক, নিমকহারাম। তাহারা কৃপণ, হীনমনা ও লোভী। অল্প কথায়, তাহারা মো’মেনদের সম্পূর্ণ উল্টারূপ।

لَقَدۡ کَانَ لَکُمۡ فِیۡ رَسُوۡلِ اللّٰہِ اُسۡوَۃٌ حَسَنَۃٌ لِّمَنۡ کَانَ یَرۡجُوا اللّٰہَ وَالۡیَوۡمَ الۡاٰخِرَ وَذَکَرَ اللّٰہَ کَثِیۡرًا ﴿ؕ۲۲﴾

২২
নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ্‌র রসূলের মধ্যে উৎকৃষ্টতম আদর্শ২৩৪৩ রহিয়াছে, তাহার জন্য যে আল্লাহ্ এবং পরকালের আশা রাখে এবং আল্লাহ্‌কে অধিক পরিমাণে স্মরণ করে।
২৩৪৩। নবী করীম (সাঃ)-এর জীবনের অন্তহীন পরীক্ষার মধ্যে সর্বাপেক্ষা কঠিন ও কঠোর পরীক্ষা ছিল এই খন্দকের যুদ্ধ। এই কঠোরতম পরীক্ষা হইতে সফলতার সহিত উত্তীর্ণ হওয়ার ফলে, তাঁহার নৈতিক স্তর ও আধ্যাত্মিক মর্যাদা বহুগুণে বাড়িয়া গেল। মানুষের মনের প্রকৃত পরিচয়, তাহার মাহাত্ম্য বা নীচতা, তখনই সঠিকভাবে প্রকাশিত হয় যখন সে মহাবিপদে বা ঘোর অন্ধকারে নিপতিত হয় অথবা যখন সে নিজের শত্রুকে স্বীয় পদতলে ভূলুণ্ঠিত অবস্থায় দেখিয়া কৃতকার্যতা ও বিজয়ের গৌরব অর্জন করে। ইতিহাস এই কথার ভূরি ভূরি সাক্ষ্য প্রমাণে ভরপুর যে, মহানবী (সাঃ) স্বীয় সংকট মুহূর্তে যেমনি মহান ও মহীয়ান ছিলেন, স্বীয় কৃতকার্যতা ও বিজয় মুহূর্তেও তেমনি মহান ও মহীয়ান ছিলেন। খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ ও হুনায়নের যুদ্ধ তাঁহার সুমহান চরিত্রের এক বিশিষ্ট দিকে যেমন ব্যাপকভাবে আলোক সম্পাত করে, তেমনি মক্কা-বিজয় তাঁহার চরিত্রের অন্য বিশিষ্ট দিকের প্রতি ব্যাপকভাবে আলোক সম্পাত করে। সম্পদে-বিপদে, জয়-পরাজয়ে তিনি সমভাবে মহান ও মহীয়ান। সংকট ও বিপদ তাঁহাকে হতাশ বা মুহ্যমান করে নাই,আবার কৃতকার্যতা ও বিজয় তাঁহাকে গর্বিত করে নাই। হুনায়নের যুদ্ধের দিনে যখন তিনি প্রায় একাকী রণাঙ্গণে ছিলেন এবং ইসলামের অস্তিত্ব প্রায় মিটিয়া যাইবার মত হইল, তখনও তিনি নির্ভয়ে নির্দ্বিধায় শত্রুব্যূহে একা প্রবেশ করিলেন, আর তাঁহার পবিত্র মুখে বীরত্বভরে উচ্চারিত হইল—‘আমি নিশ্চয়ই আল্লাহ্‌র নবী, আমি মিথ্যা বলিতেছি না। আমি আব্দুল মুত্তালিবের পুত্র।’ আর যেদিন মক্কা বিজয়ের সাথে, সারা আরব ভূমি তাঁহার পদতলে প্রণত হইল, তখন অবিসংবাদিত সর্বময় ক্ষমতার অধিকারী হইয়াও তিনি গর্বিত ও উদ্ধত হইলেন না। তিনি শত্রুর প্রতি ক্ষমা ও মাহাত্ম্য প্রদর্শন করিলেন। মহানবী (সাঃ)-এর চরিত্র-মাহাত্ম্যের সর্বাপেক্ষা উজ্জ্বল সাক্ষ্য ইহাই যে, যাহারা তাঁহার নিত্য সাথী ছিলেন এবং তাঁহাকে সর্বাপেক্ষা বেশী ঘনিষ্ঠভাবে চিনিতেন, তাহারা প্রত্যেকেই বিনা বাক্য ব্যয়ে তাঁহার দাবীর সাথে সাথে তাঁহাকে সত্যনবী বলিয়া গ্রহণ করিয়াছিলেন। তাঁহারা হইলেন, মহানবী (সাঃ)-এর স্ত্রী হযরত খাদীজা (রাঃ), তাঁহার জীবনব্যাপী বন্ধু হযরত আবুবকর (রাঃ), তাঁহার চাচাত ভাই হযরত আলী (রাঃ) এবং তাঁহার মুক্তিপ্রাপ্ত কৃতদাস হযরত যায়েদ (রাঃ)। মহানবী (সাঃ) ছিলেন উচ্চতম মানবতার প্রতীক। তিনি (সাঃ) ছিলেন সুন্দরের, কল্যাণের ও পরহিতের মহোত্তম আদর্শ। তাঁহার বৈচিত্র্যময় জীবনের ও মহান চরিত্রের যে কোন দিকে তাকাইয়া দেখুন, তিনি অনুপম। তিনি মানবতার জন্য অতুলনীয় দৃষ্টান্ত ও আদর্শ। তিনিই সর্বাধিক অনুসরণযোগ্য। তাঁহার জীবন, প্রথম হইতে শেষ পর্যন্ত, উন্মুক্ত ইতিহাসের মত পাতায় পাতায় বর্ণিত। তিনি এক এতীম (পিতামাতাহীন) বালক হিসাবে জীবন আরম্ভ করেন এবং সমগ্র জাতির ভাগ্যনিয়ন্তা হিসাবে জীবন সমাপ্ত করেন। বালক বয়সে তিনি ছিলেন শান্ত, গম্ভীর ও মর্যাদাবান। যৌবনের প্রারম্ভে তিনি ছিলেন নীতিবান, চারিত্রিক গুণাবলীর প্রকৃষ্ট উদাহরণ, ন্যায় ও গাম্ভীর্যের মূর্ত প্রতীক। মধ্য বয়সে তিনি হইলেন তাহাদের সকলের কাছে ‘আল্‌ আমীন’ (বিশ্বস্ত ও সত্যবাদী)। ব্যবসায়ী হিসাবে তিনি ছিলেন বিবেক-বিবেচনা ও সততার শীর্ষে। তিনি অধিক বয়স্কা ও অল্প বয়স্কার পানিগ্রহণ করিলেন এবং তাঁহারা সকলেই শপথ-পূর্বক তাঁহার বিশ্বস্ততা, ভালবাসা, পবিত্রতা ও মহত্বের সাক্ষ্য দান করিলেন। পিতা হিসাবে তিনি ছিলেন অতিশয় স্নেহশীল, বন্ধু হিসাবে ছিলেন বিশ্বস্ত ও বিবেচনাশীল। একটি অধঃপতিত পাপাচারী সমাজের সংস্কারের কঠিন গুরুদায়িত্বের বোঝা যখন তাহার কাঁধে চাপিল এবং এই কারণে অত্যাচারিত ও নির্বাসিত হইলেন, তখন তিনি মোটেই দমিলেন না, বরং অত্যন্ত ধৈর্য, স্থৈর্য ও মর্যাদার সহিত তাহা বরণ করিয়া লইলেন। তিনি সাধারণ সৈন্যরূপে যুদ্ধ করিয়াছেন, আবার বড় বড় সেনা-বাহিনীকে পরিচালনাও করিয়াছেন। তিনি পরাজয় বরণ করিয়াছেন, বিজয়ীও হইয়াছেন। তিনি আইন-প্রণয়ন করিয়াছেন, আবার বিচারকের কাজও করিয়াছেন। তিনি ছিলেন একাধারে রাষ্ট্র-নীতিবিদ, শিক্ষাদাতা ও মানুষের নেতা। “রাষ্ট্রপতি ও ধর্মাধিপতিরূপে তিনি ছিলেন একাধারে সীজার ও পোপ। কিন্তু তিনি পোপ হওয়া সত্ত্বেও পোপের ভূষণ-ভড়ং কিছুই তাঁহার ছিল না। তিনি সীজার ছিলেন বটে, কিন্তু সীজারের রাজদণ্ড তাঁহার ছিল না। নিয়মিত সেনাবাহিনী ছাড়া, নিয়মিত দেহ-রক্ষী ছাড়া, নিয়মিত রাজস্ব ও রাজপ্রাসাদ ছাড়া যদি কোন মানুষের একথা বলিবার অধিকার থাকে যে, তিনি ঐশী অধিকার বলে শাসন করিয়াছেন, তবে সেই অধিকার একমাত্র মুহাম্মদ (সাঃ)-এরই রহিয়াছে। কেননা তিনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিকারী ছিলেন, যদিও ক্ষমতা প্রয়োগের সকল যন্ত্র ও ব্যবস্থাপনা তাঁহার হাতে মোটেই ছিল না। তিনি নিজ হাতে গৃহকর্ম করিতেন, চামড়ার মাদুরে শয়ন করিতেন। দৈনিক কয়েকটি খেজুর কিংবা বার্লি-রুটি মাত্র পানিসহ খাইতেন। সারাদিনব্যাপী নানাবিধ কর্তব্য ও দায়িত্ব পালনের পর, রাত্রির প্রহরগুলি তিনি দোয়া ও প্রার্থনায় কাটাইয়া দিতেন। এমন কি, দাঁড়াইয়া দীর্ঘ সময় ব্যাপী দোয়া করিতে করিতে তাঁহার পায়ের পাতা ফুলিয়া যাইত। বিশ্বে এমন কোন দ্বিতীয় ব্যক্তি নাই যিনি এতসব পরিবর্তিত অবস্থা ও অবস্থানের ভিতর দিয়া জীবন কাটাইয়াছেন অথচ নিজে সামান্য পরিবর্তিত হন নাই।” (মুহাম্মদ এণ্ড মুহাম্মদানিজমঃ বসওয়ার্থ স্মীথ)।

وَلَمَّا رَاَ الۡمُؤۡمِنُوۡنَ الۡاَحۡزَابَ ۙ قَالُوۡا ہٰذَا مَا وَعَدَنَا اللّٰہُ وَرَسُوۡلُہٗ وَصَدَقَ اللّٰہُ وَرَسُوۡلُہٗ ۫ وَمَا زَادَہُمۡ اِلَّاۤ اِیۡمَانًا وَّتَسۡلِیۡمًا ﴿ؕ۲۳﴾

২৩
এবং যখন মো’মেনগণ সৈন্যদলগুলিকে দেখিতে পাইল তখন তাহারা বলিল, ‘ইহা তো উহাই যাহার সম্বন্ধে আল্লাহ্‌ ও তাঁহার রসূল আমাদের সঙ্গে ওয়াদা করিয়াছিলেন,২৩৪৪ বস্তুতঃ আল্লাহ্‌ ও তাঁহার রসূল সত্যই বলিয়াছিলেন।’ এবং এই ঘটনা তাহাদিগকে কেবল ঈমানে ও আত্মসমর্পণে আরও বাড়াইয়া দিল।
২৩৪৪। অবিশ্বাসীদের জোটবদ্ধ বাহিনীগুলির পরাজয় ও মুসলমানদের বিজয় সংক্রান্ত ভবিষ্যদ্বাণীর প্রতি এই আয়াত অঙ্গুলি নির্দেশ করিতেছে (৩৮ঃ১২ এবং ৫৪ঃ৪৬)।

مِنَ الۡمُؤۡمِنِیۡنَ رِجَالٌ صَدَقُوۡا مَا عَاہَدُوا اللّٰہَ عَلَیۡہِ ۚ فَمِنۡہُمۡ مَّنۡ قَضٰی نَحۡبَہٗ وَمِنۡہُمۡ مَّنۡ یَّنۡتَظِرُ ۫ۖ وَمَا بَدَّلُوۡا تَبۡدِیۡلًا ﴿ۙ۲۴﴾

২৪
অবশ্য মো’মেনগণের মধ্যে কতক পুরুষ এমন আছে যাহারা সেই অঙ্গীকারকে পূর্ণ করিয়াছে যাহা তাহারা আল্লাহ্‌র সঙ্গে করিয়াছিল।২৩৪৫ এবং তাহাদের মধ্যে কতক এমন আছে যাহারা (শাহাদত বরণ করিয়া) নিজেদের সংকল্প পূর্ণ করিয়াছে, এবং তাহাদের মধ্যে কতক এমনও আছে যাহারা অপেক্ষা করিতেছে এবং তাহারা নিজেদের সংকল্পে তিল পরিমাণও পরিবর্তন করে নাই,
২৩৪৫। এই আয়াতটি নবী করীম (সাঃ)-এর শিষ্যগণের স্থৈর্য, ধৈর্য, বিশ্বস্ততা ও একাগ্রতা এবং তাঁহাদের বিশ্বাসের দৃঢ়তা সম্বন্ধে এক স্মরণিকা বিশেষ। অন্য কোন নবীর অনুসারীরা বিশ্বস্ততা ও সৎকর্মশীলতার এত বড় প্রশংসাপত্র আল্লাহ্‌র কাছ হইতে পান নাই। প্রভু মুহাম্মদ (সাঃ) যেমন নবীগণের মধ্যে স্বীয় কর্তব্য পালনের দিক দিয়া অনন্য ও অদ্বিতীয়, তাঁহার সাহাবীগণও তেমনি নিজের দায়িত্ব ও কর্তব্য পালনের দিক দিয়া অতুলনীয়।

لِّیَجۡزِیَ اللّٰہُ الصّٰدِقِیۡنَ بِصِدۡقِہِمۡ وَیُعَذِّبَ الۡمُنٰفِقِیۡنَ اِنۡ شَآءَ اَوۡ یَتُوۡبَ عَلَیۡہِمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿ۚ۲۵﴾

২৫
যেন আল্লাহ্‌ সত্যবাদীদিগকে তাহাদের সত্যতার প্রতিদান প্রদান করেন এবং তিনি চাহিলে মোনাফেকদিগকে আযাব দেন অথবা তাহাদের প্রতি সদয় দৃষ্টিপাত করেন। নিশ্চয় আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।

وَرَدَّ اللّٰہُ الَّذِیۡنَ کَفَرُوۡا بِغَیۡظِہِمۡ لَمۡ یَنَالُوۡا خَیۡرًا ؕ وَکَفَی اللّٰہُ الۡمُؤۡمِنِیۡنَ الۡقِتَالَ ؕ وَکَانَ اللّٰہُ قَوِیًّا عَزِیۡزًا ﴿ۚ۲۶﴾

২৬
এবং যাহারা অস্বীকার করিয়াছে, আল্লাহ্ তাহাদিগকে তাহাদের সকল ক্রোধসহ (মদীনা হইতে) ফিরাইয়া দিলেন,২৩৪৬ তাহারা কোন প্রকার উপকার লাভ করিতে পারিল না। বস্তুতঃ যুদ্ধে মো’মেনদের জন্য আল্লাহ্‌ই যথেষ্ট, এবং আল্লাহ্ অতীব ক্ষমতাবান, মহা পরাক্রমশালী।
২৩৪৬। দুর্ধর্ষ কাফেরদের সম্মিলিত আক্রমণ আল্লাহ্‌তা’লা ব্যর্থ করিয়াছিলেন। তাহারা অবরোধ তুলিতে বাধ্য হইল। তাহাদের এই অপবিত্র ও ঘৃণ্য উদ্দেশ্য সিদ্ধিতে ব্যর্থ হইয়া তাহারা রাগে, ক্ষোভে নিজেরা ভিতরে ভিতরে জ্বলিতে লাগিল। তাহারা এমনি শিক্ষালাভ করিল যে, আর কখনও মদীনা আক্রমণের চিন্তা তাহাদের মনে স্থান পায় নাই। এখন হইতে যুদ্ধ করা না করার এখতিয়ার মুসলমানদের হাতে চলিয়া আসিল। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসের মোড় ঘুরাইয়া ছিল। দুর্বল, অত্যাচারিত ও নির্যাতিত সংখ্যালঘুর অবস্থান হইতে মুসলমানগণ আরবদেশের এক মহাশক্তিতে পরিগণিত হইল।

وَاَنۡزَلَ الَّذِیۡنَ ظَاہَرُوۡہُمۡ مِّنۡ اَہۡلِ الۡکِتٰبِ مِنۡ صَیَاصِیۡہِمۡ وَقَذَفَ فِیۡ قُلُوۡبِہِمُ الرُّعۡبَ فَرِیۡقًا تَقۡتُلُوۡنَ وَتَاۡسِرُوۡنَ فَرِیۡقًا ﴿ۚ۲۷﴾

২৭
এবং আহ্‌লে কিতাব হইতে যাহারা তাহাদের সাহায্য করিয়াছিল, তিনি তাহাদিগকে তাহাদের দুর্গসমূহ হইতে নামাইয়া দিয়াছিলেন এবং তাহাদের অন্তরে ত্রাসের সঞ্চার করিয়াছিলেন, (এমন কি) তাহাদের একদলকে তোমরা হত্যা করিয়াছিলে এবং অপর দলকে তোমরা বন্দী করিয়াছিলে।২৩৪৭
২৩৪৭। বিশ্বাসঘাতক বনু কুরায়যা গোত্র মহানবী (সাঃ)-এর সাথে শপথ করিয়া চুক্তিবদ্ধ হইয়াছিল যে, শত্রুরা মদীনায় মুসলমানগণকে আক্রমণ করিলে তাহারা মুসলমানদের সাথে থাকিবে ও সাহায্য করিবে। কিন্তু খন্দকের যুদ্ধের সময় দেখা গেল, বনু নাযীর গোত্রের নেতা হুয়াই-এর প্ররোচনায় বনু কুরায়যা গোত্র স্বীয় অঙ্গীকার ও চুক্তি ভঙ্গ করিয়া মুসলমানের বিরুদ্ধে সংঘবদ্ধ অবিশ্বাসীদের সাথে যোগদান করিল। যখন এই সম্মিলিত আক্রমণ ব্যর্থতায় পর্যবসিত হইল, মহানবী (সাঃ) তখন বনু কুরায়যার বিরুদ্ধে অগ্রসর হইলেন এবং তাহাদের ঘাঁটিতেই তাহাদিগকে অবরোধ করিলেন। এই অবরোধ ২৫ দিন স্থায়ী ছিল। অতঃপর, তাহারা অস্ত্র সংবরণ করিয়া মহানবী (সাঃ)-এর স্থলে আউস গোত্রের প্রধান সা’দ বিন মা’আযের ‘মধ্যস্থতা’ মানিয়া লইল। সা’দ মূসায়ী বিধান (দ্বিতীয় বিবরণ-২০ঃ১০-১৫) অনুযায়ী বনু কুরায়যাকে শাস্তি প্রদান করিল।

وَاَوۡرَثَکُمۡ اَرۡضَہُمۡ وَدِیَارَہُمۡ وَاَمۡوَالَہُمۡ وَاَرۡضًا لَّمۡ تَطَـُٔوۡہَا ؕ وَکَانَ اللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرًا ﴿٪۲۸﴾

২৮
এবং তিনি তোমাদিগকে তাহাদের ভূসম্পত্তির, তাহাদের ঘর-বাড়ির এবং তাহাদের ধন-সম্পদের উত্তরাধিকারী করিয়াছিলেন এবং সেই ভূমিরও যাহার উপর তোমরা (এখনও) পদার্পণ কর নাই।২৩৪৮ বস্তুতঃ আল্লাহ্‌ প্রত্যেক বিষয়ের উপর সর্বশক্তিমান।
সূরা আল্ আহ্‌যাব - রুকু ৩
২৩৪৮। এখানে খয়বারের ভূমির প্রতি ইঙ্গিত থাকিতে পারে অথবা ইঙ্গিত রহিয়াছে পারস্য ও রোমীয় সাম্রাজ্যের প্রতি বা আরো দূরবর্তী কোন দেশের প্রতি যাহাতে মুসলমানগণ তখনও পর্দাপণ করে নাই, কিন্তু যাহা অদূর ভবিষ্যতে মুসলমানদের অধিকারে আসিয়াছিল।

یٰۤاَیُّہَا النَّبِیُّ قُلۡ لِّاَزۡوَاجِکَ اِنۡ کُنۡـتُنَّ تُرِدۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا وَزِیۡنَتَہَا فَتَعَالَیۡنَ اُمَتِّعۡکُنَّ وَاُسَرِّحۡکُنَّ سَرَاحًا جَمِیۡلًا ﴿۲۹﴾

২৯
হে নবী! তুমি তোমার পত্নীদিগকে বল, ‘যদি তোমরা পার্থিব জীবন ও উহার শোভা-সৌন্দর্য কামনা কর, তাহা হইলে আইস, আমি তোমাদিগকে সুখ-সম্ভোগের সামগ্রী দিব, এবং তোমাদিগকে অতি সুন্দরভাবে বিদায় করিব।২৩৪৯
২৩৪৯। যেহেতু মহানবী (সাঃ)-এর বিবিগণ নৈতিক ও সামাজিক সদ্ব্যবহারের আদর্শ নমুনা ছিলেন, সেহেতু ইহাই তাঁহাদের পক্ষে শোভনীয় ছিল যে, তাঁহারা আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করুন। এমন নহে যে, অর্থ বা জীবন-ভোগ তাহাদের জন্য একেবারে নিষিদ্ধ ছিল। তবু সংযম ও ত্যাগ-তিতিক্ষার উচ্চতম আদর্শ ও দৃষ্টান্ত স্থাপনই ছিল তাঁহাদের কাজ। পার্থিব জীবনের সুযোগ-সুবিধা ভোগ, সম্পদশালী সুখী জীবনের প্রত্যাশাকে বিসর্জন দিয়া, উচ্চতর নৈতিক ও আধ্যাত্মিক জীবন-যাপনকে বাছিয়া নেওয়াতেই উচ্চ পর্যায়ের ত্যাগ প্রকাশ পায়। নবী-সঙ্গিনীদের এইরূপ ত্যাগের মহিমায় দীপ্ত হওয়া উচিত। এই আয়াতে ও পরবর্তী কয়েকটি আয়াতে নবী-সঙ্গিণীদের বলা হইয়াছে যে, তাহারা হয় নবী করীম (সাঃ)-এর চির-সঙ্গিণী থাকিয়া সংযম ও ত্যাগের পথ বরণ করুন, নতুবা (নবীকে ছাড়িয়া) ভোগ-বিলাসের জীবনকে বাছিয়া নিন।

وَاِنۡ کُنۡـتُنَّ تُرِدۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَالدَّارَ الۡاٰخِرَۃَ فَاِنَّ اللّٰہَ اَعَدَّ لِلۡمُحۡسِنٰتِ مِنۡکُنَّ اَجۡرًا عَظِیۡمًا ﴿۳۰﴾

৩০
কিন্তু যদি তোমরা আল্লাহ্ ও তাঁহার রসূল এবং পারলৌকিক গৃহ কামনা কর, তাহা হইলে নিশ্চয় আল্লাহ্ তোমাদের মধ্য হইতে সৎকর্মশীলগণের জন্য মহান পুরস্কার প্রস্তুত করিয়া রাখিয়াছেন।’