৩৩

الأحزاب

সূরা আল্ আহ্‌যাব

Al-Ahzab

মাদানী ৭৪ আয়াত ৯ রুকু পারা ২১–২২

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৪ আয়াত এবং ৯ রুকু আছে।

یٰنِسَآءَ النَّبِیِّ مَنۡ یَّاۡتِ مِنۡکُنَّ بِفَاحِشَۃٍ مُّبَیِّنَۃٍ یُّضٰعَفۡ لَہَا الۡعَذَابُ ضِعۡفَیۡنِ ؕ وَکَانَ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرًا ﴿۳۱﴾

৩১
হে নবীর পত্নীগণ! যদি তোমাদের মধ্য হইতে কেহ প্রকাশ্য অসদাচরণ করে,২৩৪৯-ক তাহা হইলে তাহাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হইবে।২৩৫০ এবং আল্লাহ্‌র জন্য ইহা সহজ।
২৩৪৯-ক। সেই ব্যবহারিক জীবন যাহা বিশ্বাসের দৃঢ়তার প্রকাশক নহে।
২৩৫০। এই আয়াতে ব্যবহৃত ‘ফাহিশা’ শব্দটির তাৎপর্য হইল পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য ভোগ (লেইন)। নবী-পত্নীরা যদি পার্থিব-সম্ভোগে লালায়িত হন, তাহা হইলে, তাঁহারা অন্যান্য স্ত্রীলোকের জন্য অতি খারাপ দৃষ্টান্ত স্থাপন করিবেন৷ অন্যান্য স্ত্রীলোক নবী-পত্নীর আদর্শ অনুসরণ করিতে বাধ্য। অতএব নবী-পত্নীদের দায়িত্ব খুব বেশী। ঐ দায়িত্ব যথাযথ পালন না করিলে নবী-পত্নীরা দ্বিগুণ শাস্তি পাইবার যোগ্য। অপরদিকে যদি তাঁহারা আল্লাহ্ ও তাঁহার রসূল (সাঃ)-এর ভক্ত থাকিয়া, আত্মত্যাগের মহতী দৃষ্টান্ত স্থাপন করেন এবং তদ্বারা অন্যান্য স্ত্রীলোকের সংযত ও সুন্দর জীবন যাপনের প্রেরণাস্থল হইয়া যান, তাহা হইলে তাঁহারা দ্বিগুণ পুরস্কারের অধিকারী হইবেন।

وَمَنۡ یَّقۡنُتۡ مِنۡکُنَّ لِلّٰہِ وَرَسُوۡلِہٖ وَتَعۡمَلۡ صَالِحًا نُّؤۡتِہَاۤ اَجۡرَہَا مَرَّتَیۡنِ ۙ وَاَعۡتَدۡنَا لَہَا رِزۡقًا کَرِیۡمًا ﴿۳۲﴾

৩২
এবং তোমাদের মধ্য হইতে যে কেহ২৩৫১ আল্লাহ্ ও তাঁহার রসূলের আনুগত্য করিবে এবং সৎকর্ম করিবে তাহাকে আমরা পুরস্কার দিব দুইবার, এবং আমরা তাহার জন্য অতি সম্মানজনক রিয্‌ক প্রস্তুত করিয়া রাখিয়াছি।
২৩৫১। ‘ইয়াক্ব্‌নুৎ’ ক্রিয়া পদটি পুংলিঙ্গে ব্যবহৃত হইয়াছে, কারণ ‘মান’ শব্দটি এই ক্রিয়ার কর্তা। ‘মান’ (যেকেহ) শব্দটির সহিত সর্বদাই ক্রিয়াপদের পুংলিঙ্গ ব্যবহৃত হয়।

یٰنِسَآءَ النَّبِیِّ لَسۡتُنَّ کَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَیۡتُنَّ فَلَا تَخۡضَعۡنَ بِالۡقَوۡلِ فَیَطۡمَعَ الَّذِیۡ فِیۡ قَلۡبِہٖ مَرَضٌ وَّقُلۡنَ قَوۡلًا مَّعۡرُوۡفًا ﴿ۚ۳۳﴾

৩৩
হে নবীর পত্নীগণ! তোমরা কোন সাধারণ নারীগণের মত নহ, যদি তোমরা তাক্‌ওয়া অবলম্বন করিয়া চল; অতএব তোমরা নম্র মিহি সুরে কথা বলিও না,২৩৫২ নতুবা যাহার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হইতে পারে, এবং সদা ন্যায়-সংগত কথা বলিও।
২৩৫২। যদিও রসূলে পাক (সাঃ)-এর স্ত্রীগণকে এখানে নির্দেশ দেওয়া হইতেছে যে, পুরুষদের সহিত কথা বলিবার সময় তাঁহারা যেন নিজেদের উচ্চ মর্যাদা ও সম্মানের প্রতি লক্ষ্য রাখিয়া অত্যন্ত ভদ্রতা, শালীনতা ও স্বকীয়তার পরিচয় দেন, বস্তুতঃ সকল মুসলমান স্ত্রীলোকই এই অধ্যাদেশের আওতায় আসেন।

وَقَرۡنَ فِیۡ بُیُوۡتِکُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ الۡجَاہِلِیَّۃِ الۡاُوۡلٰی وَاَقِمۡنَ الصَّلٰوۃَ وَاٰتِیۡنَ الزَّکٰوۃَ وَاَطِعۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ اِنَّمَا یُرِیۡدُ اللّٰہُ لِیُذۡہِبَ عَنۡکُمُ الرِّجۡسَ اَہۡلَ الۡبَیۡتِ وَیُطَہِّرَکُمۡ تَطۡہِیۡرًا ﴿ۚ۳۴﴾

৩৪
এবং তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করিও২৩৫৩ এবং পূর্বতন অজ্ঞযুগের পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য প্রকাশ করিও না, এবং নামায কায়েম করিও, যাকাত দিও এবং আল্লাহ্ ও তাঁহার রসূলের আনুগত্য করিয়া চলিও। হে আহ্‌লে বায়্‌ত(নবী-পরিবার)! নিশ্চয় আল্লাহ্ তোমাদিগ হইতে সর্বপ্রকার কলুষ দূরীভূত করিতে এবং তোমাদিগকে পূর্ণরূপে পবিত্র করিতে চাহেন।
২৩৫৩। এই কথাগুলি দ্বারা বুঝা যায় যে, স্ত্রীলোকের সর্বপ্রথম ও সর্বপ্রধান কাজের গণ্ডী তাহার গৃহ। ইহার অর্থ এই নয় যে, সে চারি দেওয়ালের বাহির যাইতে পারিবে না। ন্যায্য কার্য সমাধার জন্য কিংবা ন্যায্য প্রয়োজন মিটাইবার জন্য সে যতবার চাহে বাহিরে যাইতে পারে। কিন্তু গৃহকর্ত্রীর দায়িত্ব-কর্তব্য অবহেলা করিয়া স্ত্রী-পুরুষের মিশ্রিত সমাজে মুক্তভাবে চলাফেরা করা কিংবা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া, যে কোন প্রকারের কাজকর্মে, পেশায় বা চাকুরী-বাকুরীতে, অবাধে পুরুষের সাথে নিজেকে নিয়োজিত করিতে ইসলাম বাধা দেয়। এইরূপ করা ইসলামে স্ত্রীলোকের মর্যাদার যে ধারণা আছে উহার বিপরীত। বিশেষ করিয়া মহানবী (সাঃ)-এর স্ত্রীগণ ‘বিশ্বাসীদের মাতা’ (উম্মুল মো’মেনীন) রূপে যে সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন তাহারই প্রেক্ষিতে তাহাদের স্বীয় গৃহে থাকা প্রয়োজন ছিল। কেননা মুসলমানগণ প্রায়শঃ তাঁহাদিগকে সালাম ও শ্রদ্ধাভক্তি জ্ঞাপন করিবার জন্য তাহাদের কাছে আসিতেন এবং সামাজিক ও ধর্মীয় বিষয়ে তাহাদের নিকট প্রয়োজনীয় উপদেশ ও পথ-নির্দেশ চাহিতেন। এই সব নির্দেশ সকল মুসলমান স্ত্রীলোকের উপর সমভাবে প্রযোজ্য। কুরআনের বাগ্‌ধারাই অনেকটা এইরূপ যে, যেখানে মহানবী (সাঃ)-কে আহ্বান করিয়া কোন কথা, উপদেশ বা নির্দেশ দেওয়া হইয়াছে, সেখানে ঐ আহ্বান সমভাবে সকল মুসলমানের উপরই বর্তাইয়াছে। সেইরূপ, যে সব নির্দেশ নবী-পত্নীগণের উপরে প্রযোজ্য হইয়াছে, তাহা সমভাবে সকল মুসলমান স্ত্রীলোকের উপরও বর্তাইয়াছে। ‘আহ্লু‌ল বায়্‌ত’ শব্দগুলি দ্বারা প্রধানতঃ ও প্রথমতঃ মহানবী (সাঃ)-এর পত্নীগণকে বুঝায়। প্রসঙ্গ হইতেও ইহাই বুঝায়। এছাড়া ১১ সূরার ৭৪ আয়াত এবং ২৮ সূরার ১৩ আয়াতেও এই কথাই বুঝায়। তবে ব্যাপক অর্থে, ইহা দ্বারা একটি পরিবারের পুত্র-কন্যা-নাতি-নাত্‌নীসহ বাড়ীর সকল সদস্যকেও বুঝাইয়া থাকে। মহানবী (সাঃ) স্বয়ং তাঁহার কয়েকজন বিশিষ্ট সাহাবীকে ‘আহ্‌লে বায়্‌ত’-এর অন্তর্গত বলিয়াছেন। মহানবীর প্রসিদ্ধ হাদীস আছে, “সালমান আমার (আহ্‌লে বায়্‌ত) পরিবারের সদস্য” (সগীর)।

وَاذۡکُرۡنَ مَا یُتۡلٰی فِیۡ بُیُوۡتِکُنَّ مِنۡ اٰیٰتِ اللّٰہِ وَالۡحِکۡمَۃِ ؕ اِنَّ اللّٰہَ کَانَ لَطِیۡفًا خَبِیۡرًا ﴿٪۳۵﴾

৩৫
এবং আল্লাহ্‌র আয়াতসমূহ ও হিকমত২৩৫৪ হইতে যাহা কিছু তোমাদের গৃহসমূহে আবৃত্তি করা হয় উহা তোমরা স্মরণ রাখিও। নিশ্চয় আল্লাহ্ অত্যন্ত সূক্ষ্মদর্শী, সকল বিষয়ে অবহিত।
সূরা আল্ আহ্‌যাব - রুকু ৪
২৩৫৪। মহানবী (সাঃ)-এর সঙ্গিণী হিসাবে তাঁহার মহিয়সী স্ত্রীগণের কর্তব্য ছিল যে, তাঁহারা বিশ্বাসীদের জন্য সদগুণ, পুণ্য, পবিত্রতা ও ধার্মিকতার প্রতীক ও দৃষ্টান্তস্থল হইবেন। তদুপরি, ইসলামের ধর্ম-বিশ্বাস ও নীতিমালা, যাহা তাঁহারা মহানবী (সাঃ)-এর সাহচর্যে থাকিয়া নিজেরা শিখিয়াছেন, তাহা বিশ্বাসীগণকেও শিখাইবেন।

اِنَّ الۡمُسۡلِمِیۡنَ وَالۡمُسۡلِمٰتِ وَالۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ وَالۡقٰنِتِیۡنَ وَالۡقٰنِتٰتِ وَالصّٰدِقِیۡنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِیۡنَ وَالصّٰبِرٰتِ وَالۡخٰشِعِیۡنَ وَالۡخٰشِعٰتِ وَالۡمُتَصَدِّقِیۡنَ وَالۡمُتَصَدِّقٰتِ وَالصَّآئِمِیۡنَ وَالصّٰٓئِمٰتِ وَالۡحٰفِظِیۡنَ فُرُوۡجَہُمۡ وَالۡحٰفِظٰتِ وَالذّٰکِرِیۡنَ اللّٰہَ کَثِیۡرًا وَّالذّٰکِرٰتِ ۙ اَعَدَّ اللّٰہُ لَہُمۡ مَّغۡفِرَۃً وَّاَجۡرًا عَظِیۡمًا ﴿۳۶﴾

৩৬
নিশ্চয় (আল্লাহ্‌র সমীপে) মুসলমান পুরুষ ও মুসলমান নারী এবং মো’মেন পুরুষ ও মো’মেন নারী এবং অনুগত পুরুষ ও অনুগত নারী এবং সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী এবং ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী এবং বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী এবং দানশীল পুরুষ ও দানশীল নারী এবং রোযাদার পুরুষ ও রোযাদার নারী এবং নিজেদের লজ্জাস্থানের হিফাযতকারী পুরুষ ও হিফাযতকারী নারী এবং আল্লাহ্‌কে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারীগণ —আল্লাহ্ তাহাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত করিয়া রাখিয়াছেন।২৩৫৫
২৩৫৫। ইসলামের শত্রুরা এই অপবাদ দেয় যে, ইসলামে নারীর মর্যাদা পুরুষের মর্যাদা হইতে কম। এই আয়াত এরূপ অপবাদকে কার্যকরীভাবে রদ করিতেছে। কুরআনের শিক্ষা অনুযায়ী নারীরা পুরুষের মতই সমমর্যাদাশীল। পুরুষেরা যে সব আধ্যাত্মিক মর্যাদা লাভ করিতে পারে, স্ত্রীলোকেরা সেই সকল মর্যাদায় উন্নীত হইতে পারে। পুরুষ মানুষ যে সকল সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করিতে পারে, স্ত্রীলোকেরাও সমভাবে সেই অধিকারসমূহ ভোগ করিতে পারে। তবে তাহাদের কর্মক্ষেত্রের ব্যাপারে ব্যবধান আছে বলিয়াই তাহাদের কর্তব্যেও বিভিন্নতা আছে। কর্তব্য, দায়িত্ব ও কর্মক্ষেত্রের বিভিন্নতার কারণে, ভুলক্রমে কিংবা ইচ্ছা করিয়াই, ইসলামের শত্রু ভাবাপন্ন সমালোচকরা মনে করেন ইসলাম স্ত্রীলোককে পুরুষের সমান মর্যাদা দেয় না। মনে রাখা উচিত, কার্যক্ষেত্র ও দায়িত্বাবলীর বিভিন্নতাকে মর্যাদার বিভিন্নতা মনে করা ঠিক নয়।

وَمَا کَانَ لِمُؤۡمِنٍ وَّلَا مُؤۡمِنَۃٍ اِذَا قَضَی اللّٰہُ وَرَسُوۡلُہٗۤ اَمۡرًا اَنۡ یَّکُوۡنَ لَہُمُ الۡخِیَرَۃُ مِنۡ اَمۡرِہِمۡ ؕ وَمَنۡ یَّعۡصِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ فَقَدۡ ضَلَّ ضَلٰلًا مُّبِیۡنًا ﴿ؕ۳۷﴾

৩৭
যখন আল্লাহ্‌ ও তাঁহার রসূল কোন বিষয়ে ফায়সালা করিয়া দেন তখন কোন মো’মেন পুরুষ ও মো’মেন নারীর পক্ষে তাহাদের নিজেদের বিষয়ে অধিকার খাটানো সমীচীন নহে।২৩৫৬ এবং যে ব্যাক্তি আল্লাহ্‌ ও তাঁহার রসূলের অবাধ্যতা করে সে প্রকাশ্য বিভ্রান্তিতে পতিত হয়।
২৩৫৬। মহানবী (সাঃ)-এর বহুদিনের পোষিত ইচ্ছা ইহাই ছিল যে, নিজের পুত্রবৎ পালিত মুক্ত-দাস হযরত যায়েদের সহিত ফুফাত বোন যয়নাবের বিবাহ দেন। কিন্তু যয়নাব ইহাতে ইতস্ততঃ করিতেছিলেন। এই আয়াতটি অবতীর্ণের কারণ ইহাই। তবে যয়নাবের প্রশংসা করিতে হয় যে, মহানবী (সাঃ)-এর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়া নিজের ব্যক্তিগত পসন্দের বিরুদ্ধে তিনি যায়েদকে বিবাহ করিতে সম্মত হইলেন। অবশ্য নবী করীম (সাঃ) যয়নাবকে এ বিষয়ে মোটেই কোন পীড়াপীড়ি করেন নাই। নবী করীম (সাঃ)-এর প্রকাশিত ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই যয়নাব এই বিবাহে নিজ হইতে সম্মত ছিলেন।

وَاِذۡ تَقُوۡلُ لِلَّذِیۡۤ اَنۡعَمَ اللّٰہُ عَلَیۡہِ وَاَنۡعَمۡتَ عَلَیۡہِ اَمۡسِکۡ عَلَیۡکَ زَوۡجَکَ وَاتَّقِ اللّٰہَ وَتُخۡفِیۡ فِیۡ نَفۡسِکَ مَا اللّٰہُ مُبۡدِیۡہِ وَتَخۡشَی النَّاسَ ۚ وَاللّٰہُ اَحَقُّ اَنۡ تَخۡشٰہُ ؕ فَلَمَّا قَضٰی زَیۡدٌ مِّنۡہَا وَطَرًا زَوَّجۡنٰکَہَا لِکَیۡ لَا یَکُوۡنَ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ حَرَجٌ فِیۡۤ اَزۡوَاجِ اَدۡعِیَآئِہِمۡ اِذَا قَضَوۡا مِنۡہُنَّ وَطَرًا ؕ وَکَانَ اَمۡرُ اللّٰہِ مَفۡعُوۡلًا ﴿۳۸﴾

৩৮
এবং (স্মরণ কর) যখন তুমি সেই ব্যক্তিকে, যাহাকে আল্লাহ্‌ অনুগ্রহ করিয়াছিলেন এবং তুমিও অনুগ্রহ করিয়াছিলে,২৩৫৭ বলিতেছিলে: ‘তুমি তোমার স্ত্রীকে নিজের নিকট রাখ (তাহাকে তালাক দিও না) এবং আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর,’ এবং তুমি নিজ অন্তরে যাহা গোপন করিতেছিলে আল্লাহ্ উহা প্রকাশ করিয়া দিতে চলিয়াছিলেন এবং তুমি মানুষকে ভয় করিতেছিলে। অথচ আল্লাহ্ অধিকতর হক্‌দার যে, তুমি তাঁহাকে ভয় কর। অতঃপর যখন যায়েদ তাহার (স্ত্রী) সম্বন্ধে (তালাক দেওয়ার) ইচ্ছা পূর্ণ করিল,২৩৫৭-ক তখন আমরা তোমার সঙ্গে তাহার বিবাহ করাইয়া দিলাম, যেন মো’মেনদের জন্য তাহাদের পোষ্যপুত্রগণের স্ত্রীগণের ব্যাপারে যখন তাহারা তাহাদের সম্বন্ধে (তালাক দেওয়ার) ইচ্ছা পূর্ণ করিয়া লয় তখন (তাহাদের সহিত বিবাহ করিতে) কোন সংকোচ না হয়, এবং আল্লাহ্‌র ফয়সালা পূর্ণ হওয়া অবধারিত ছিল।২৩৫৭-খ
২৩৫৭। যায়েদ ইবনে হারিস ছিলেন রসুলে পাক (সাঃ)-এর কৃতদাস যাহাকে তিনি মুক্তি দিয়া পোষ্য-পুত্ররূপে লালন-পালন করিয়াছিলেন। ইসলামে পোষ্য-পুত্র গ্রহণ নিষিদ্ধ হইবার অনেক পূর্বে তিনি তাহাকে পুত্ররূপে গ্রহণ করিয়াছিলেন।
২৩৫৭-ক। তাহাকে তালাক দিল; ‘ওয়াতারা’ অর্থ অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন, অভাব, অভাবের বস্তু (মুফরাদাত, লেইন)।
২৩৫৭-খ। নবী করীম (সাঃ)-এর ফুফুর কন্যা ছিলেন যয়নাব। এই হিসাবে তিনি ছিলেন পূর্ণরক্তের আরব মহিলা। তিনি ছিলেন গৌরবের অধিকারিণী, মর্যাদাশালিণী মহিলা। ইসলাম বিশ্বকে এমন একটা অভিনব সভ্যতা ও সংস্কৃতি দিতে আসিয়াছিল যেখানে শ্রেণীভেদ, বংশ মর্যাদা, চিরস্থায়ী স্বার্থ ইত্যাদির স্থান রহিল না। সকল মানুষই সৃষ্টিকর্তা আল্লাহ্‌র কাছে সমান। এই সুমহান ইসলামী আদর্শকে ভূপৃষ্ঠে প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিজের পরিবারেই তাহা প্রথমে বাস্তবায়নের উদ্যোগ নিলেন। তিনি যয়নাবকে যায়েদের কাছে বিবাহ দিতে চাহিলেন। যায়েদ যদিও তখন মুক্ত মানুষ, তথাপি তাহার অতীতের কৃতদাসত্ব অনেকের মনে তখনও জাগরূক ছিল। কৃতদাসত্বের এই চিহ্ন তথা ‘মুক্ত’ ও ‘কৃতদাস’-এর মধ্যকার অসঙ্গত এই ব্যবধান দূর করার জন্যই মহানবী (সাঃ) যয়নাবের সহিত যায়েদের বিবাহ দিতে চাহিয়াছিলেন। তাঁহার ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য যয়নাব এই প্রস্তাবে সম্মতি দিলেন। নবী করীম (সাঃ)-এর উদ্দেশ্য পূরণ হইল। জাতিভেদ, বর্ণভেদ ও শ্রেণীভেদ উচ্ছেদ করা হইল। কিন্তু দুর্ভাগ্যবশতঃ এই বিবাহ স্থায়ী হইল না। তবে, এই বিবাহ স্থায়ী না হওয়াতে যায়েদ ও যয়নাবের মধ্যে সামাজিক মর্যাদার বৈষম্যকে মোটেই দায়ী করা যায় না। কারণ দুইজনের মধ্যে এইরূপ বৈষম্যের কথা কখনও উত্থিত হয় নাই। তবে, দুইজনের চাল-চলন ও মেযাজ-মর্জির মধ্যে মিল ছিল না এবং যায়েদ সর্বদাই নিজেকে হেয় মনে করিতেন যাহা যয়নাবের মনকে পীড়া দিত। এই বিবাহের অকৃতকার্যতায় নবী করীম (সাঃ)-এর মনে সাধারণভাবেই কষ্টের উদ্রেক হইল। কিন্তু ইহাতে আরেকটি উপকার সাধিত হইল। এই আয়াতেরই শেষাংশে বর্ণিত আল্লাহ্‌র এক আদেশে মহানবী (সাঃ) স্বয়ং যয়নাবকে বিবাহ করিয়া আরবদের বহু পুরাতন একটি কুসংস্কারের মূলোৎপাটন করিয়াছিলেন। কুসংস্কারটি ছিল— পোষ্যপুত্রের পরিত্যক্তা স্ত্রীকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করা মহা অন্যায় ও পাপ। ফলে, পোষ্যপুত্রকে নিজের ঔরসজাত পুত্রের অধিকার ও স্থান দিয়া লালন-পালন করার রীতি বাতিল হইয়া গেল এবং এইরূপ ধারণাও উঠিয়া গেল। এইরূপে যয়নাবের সহিত যায়েদের বিবাহ সম্পাদনের মাধ্যমে একটি মহৎ উদ্দেশ্য সাধিত হইল এবং এই বিবাহের অস্থায়ীত্ব আরেকটি মহৎ উদ্দেশ্য অর্জনের উপলক্ষ্যও হইল। ‘আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর’ এই উপদেশ-বাক্যের তাৎপর্য ইহাই যে, যায়েদ যয়নাবকে তালাক দিতে চাহিতেছিলেন। যেহেতু ইসলামের শিক্ষানুযায়ী, ‘তালাক দান’ আল্লাহ্‌র কাছে একটি ঘৃণ্য কাজ, সেইজন্য মহানবী (সাঃ) যায়েদকে এই কাজ হইতে বিরত রাখিতে চাহিয়াছিলেন। ‘তুমি আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর’ বাক্যাংশটি যায়েদের প্রতিও আরোপিত হইতে পারে এবং নবী করীম (সাঃ)-এর প্রতিও আরোপিত হইতে পারে। যায়েদের প্রতি আরোপিত হইলে, ইহার অর্থ দাঁড়াইবে এইরূপঃ যয়নাবের সহিত তাহার বিবাহ-বিচ্ছেদের কথা ও কারণ যায়েদ লুকাইতে চাহিতেছিলেন। কারণ ‘আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন’ কথাটিতে বুঝা যায়, দোষ যয়নাবের চাইতে যায়েদেরই ছিল বেশী। বাক্যাংশটিকে মহানবী (সাঃ)-এর প্রতি আরোপ করিলে অর্থ দাঁড়াইবে এইরূপঃ যেহেতু যায়েদের সহিত যয়নাবের বিবাহ তাহার ইচ্ছা ও উদ্যোগে হইয়াছিল, সেজন্য তিনি এই বিবাহ-বিচ্ছেদ দ্বারা ইসলামী ভ্রাতৃত্ববোধের প্রথম পরীক্ষায় অকৃতকার্য সাব্যস্ত হওয়ায়, দুর্বল বিশ্বাসের লোকেরা বিব্রত ও মানসিক চাঞ্চল্য বোধ করিবে। ‘তুমি মানুষকে ভয় করিতেছিলে’ -বাক্যটিতে এই কথাই বলা হইয়াছে। মহানবী (সাঃ)-এর সাথে যয়নাবের বিবাহকে কেন্দ্র করিয়া, ইসলামের সমালোচক কোন কোন খৃষ্টান, মিথ্যা অপবাদ ও হীন আক্রমণ রচনা করিয়াছেন। তাহারা বলেন যে, মহানবী (সাঃ) ঘটনাচক্রে যয়নাবকে দেখিতে পাইয়া তাহার সৌন্দর্যে আত্মহারা ও বিমুগ্ধ হইয়া গেলেন। তিনি (সাঃ) যয়নাবকে বিবাহ করিতে চান একথা যায়েদ টের পাইয়া যয়নাবকে তালাক দিতে চাহিলেন। নবী করীম (সাঃ)-এর জীবনের চরম শত্রুগণ যাহাদের চোখের সামনে এই ঘটনা সংঘটিত হইয়াছিল, তাহারা পর্যন্ত তাঁহার (সাঃ) সম্বন্ধে এমন কুৎসিৎ ধারণা পোষণ ও প্রকাশ করিতে সাহস করে নাই, যাহা বহু শতাব্দী পরে এই খৃষ্টান সমালোচকগণ নিজ হইতে আরোপ করিলেন। সম-সাময়িক শত্রুরাও যখন তাঁহার প্রতি এরূপ অপবাদ আবিষ্কার করে নাই, তখন শত শত বৎসর পরে খৃষ্টান সমালোচকদের আরোপিত এই অপবাদ যে একেবারে ভিত্তিহীন ও স্বপরিকল্পিত, তাহা বলিবার অপেক্ষা রাখে না। যয়নাব ছিলেন মহানবী (সাঃ)-এর ফুফাত বোন এবং এই ঘনিষ্ঠ আত্মীয়তার কারণে তিনি তাহাকে পর্দা প্রথার নির্দেশপ্রাপ্তির পূর্ব পর্যন্ত বহুবার দেখিয়াছিলেন। তাহা ছাড়া, মহানবী (সাঃ)-এর পুনঃ পুনঃ ব্যক্ত ইচ্ছার সম্মান রক্ষার্থে যয়নাব যায়েদকে বিবাহ করিতে সম্মত হইয়াছিলেন। একথাও প্রকাশিত সত্য যে, যায়েদের সহিত বিবাহের পূর্বে যয়নব ও তাহার ভ্রাতা মহানবী (সাঃ)-এর সহিত যয়নাবের বিবাহের প্রস্তাব নিজেরাই দিয়াছিলেন। যখন যয়নাব অবিবাহিতা অবস্থায় নিজেই নবী করীম (সাঃ)-কে বিবাহ করার ইচ্ছা স্বীয় ভাইয়ের মাধ্যমে প্রকাশ করিয়াছিলেন, তখন এমন কি বাধা ছিল যে মুহাম্মদ (সাঃ) তাহা করিলেন না? অতএব এই উদ্ভট কাহিনী যে মহানবী (সাঃ)-এর শত্রুপক্ষীয় সমালোচকদের উর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত তাহা দিবালোকের মত স্পষ্ট। এই কল্প-কাহিনী বিশ্বাস করা মানব-বুদ্ধির অবমাননার শামিল।

مَا کَانَ عَلَی النَّبِیِّ مِنۡ حَرَجٍ فِیۡمَا فَرَضَ اللّٰہُ لَہٗ ؕ سُنَّۃَ اللّٰہِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ؕ وَکَانَ اَمۡرُ اللّٰہِ قَدَرًا مَّقۡدُوۡرَا ﴿۫ۙ۳۹﴾

৩৯
নবীর উপর সেই বিষয়ে কোন দোষারোপ হইতে পারে না যাহা আল্লাহ্ তাহার উপর ফরয করিয়াছেন।২৩৫৮ তিনি এই নিয়মসমূহ পূর্ববর্তীগণের মধ্যেও প্রবর্তিত করিয়াছিলেন—এবং আল্লাহ্‌র আদেশ এক সুনির্ধারিত বিষয়—
২৩৫৮। এই বাক্যটিতে নবী করীম (সাঃ)-এর সহিত যয়নাবের বিবাহের কথা বলা হইয়াছে। এই আয়াত হইতে দেখা যায় যে, ঐশী-নির্দেশ অনুযায়ী এই বিবাহ সম্পাদিত হইয়াছিল।

ۣالَّذِیۡنَ یُبَلِّغُوۡنَ رِسٰلٰتِ اللّٰہِ وَیَخۡشَوۡنَہٗ وَلَا یَخۡشَوۡنَ اَحَدًا اِلَّا اللّٰہَ ؕ وَکَفٰی بِاللّٰہِ حَسِیۡبًا ﴿۴۰﴾

৪০
যাহারা আল্লাহ্‌র পয়গামসমূহ (লোকদিগকে) পৌঁছাইয়া দিত এবং তাঁহাকে ভয় করিত, এবং আল্লাহ্‌ ব্যতীত তাহারা কাহাকেও ভয় করিত না। বস্তুতঃ হিসাব গ্রহণকারী হিসাবে আল্লাহ্‌ই যথেষ্ট।