৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

قَالَ رَبِّ اَنّٰی یَکُوۡنُ لِیۡ غُلٰمٌ وَّقَدۡ بَلَغَنِیَ الۡکِبَرُ وَامۡرَاَتِیۡ عَاقِرٌ ؕ قَالَ کَذٰلِکَ اللّٰہُ یَفۡعَلُ مَا یَشَآءُ ﴿۴۱﴾

৪১
সে বলিল, ‘হে আমার প্রভু! আমার পুত্র৪০৮ কিরূপে হইবে, অথচ বার্ধক্য আমাকে পরাভুত করিয়াছে এবং আমার স্ত্রী বন্ধ্যা?’ তিনি বলিলেন ‘এই রূপেই, আল্লাহ্‌ যাহা চাহেন করেন।’
৪০৮। ‘গোলাম’ অর্থ যুবক (লেইন)। অতিবৃদ্ধ স্বামী-স্ত্রীর পুত্র-প্রাপ্তির প্রতিশ্রুতি, যাকারিয়্যাকে বিস্ময় ও আনন্দে উদ্বেল করিয়া তুলিলে, তিনি জিজ্ঞাসু মনে, স্বাভাবিক-সরল বিস্ময় প্রকাশ করিলেন, হে আল্লাহ্! তুমি তাহাও পার। এই অভিব্যক্তির মধ্যে প্রচ্ছন্ন দোয়াও রহিয়াছে যে, তিনি যেন তাঁহার সন্তানকে যুবক অবস্থায় দেখিয়া যাইবার মত দীর্ঘায়ু প্রাপ্ত হন।

قَالَ رَبِّ اجۡعَلۡ لِّیۡۤ اٰیَۃً ؕ قَالَ اٰیَتُکَ اَلَّا تُکَلِّمَ النَّاسَ ثَلٰثَۃَ اَیَّامٍ اِلَّا رَمۡزًا ؕ وَاذۡکُرۡ رَّبَّکَ کَثِیۡرًا وَّسَبِّحۡ بِالۡعَشِیِّ وَالۡاِبۡکَارِ ﴿٪۴۲﴾

৪২
সে বলিল, ‘হে আমার প্রভু! আমার জন্য (আদেশ পূর্বক) কোন নিদর্শন৪০৯ দান কর।’ তিনি বলিলেন, ‘তোমার জন্য নির্দেশ এই যে, তুমি তিন দিন৪১০ যাবৎ লোকের সহিত ইঙ্গিত ব্যতীত কথা বলিবে না। এবং তুমি তোমার প্রভুকে বেশী বেশী স্মরণ কর এবং সন্ধ্যা ও প্রভাতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।’
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ৪
৪০৯। যাকারিয়্যাকে তিনদিন নীরবে নিভৃতে কাটাইবার নির্দেশ দেওয়া হইল ও তাহা পালনের পর আল্লাহ্‌র প্রতিশ্রুতি পূর্ণ হইবে বলিয়া আশ্বাস দেওয়া হইল। কিন্তু সুসমাচার পাঠে দেখা যায়, ঐশী-বাণীতে বিশ্বাস-স্থাপন না করার কথিত অপরাধে, তাঁহাকে তিনদিনের জন্য বাকশক্তিহীন করিয়া দেওয়া হইয়াছিল (লুক-১ঃ২০-২২)।
৪১০। যাকারিয়্যার প্রতি নীরবতা পালনের নির্দেশ এই জন্য দেওয়া হইয়াছিল যাহাতে তিনি ধ্যান-আরাধনা ও প্রার্থনাতে একান্তভাবে দিনগুলি কাটাইতে পারেন এবং আল্লাহ্‌তা’লার বিশেষ কৃপা ও অনুগ্রহ আকর্ষণ করিতে সমর্থ হন। নীরবতা অবলম্বন দ্বারা হৃত জীবনীশক্তি ও শারীরিক বল পুনরুজ্জীবিত হয় বলিয়াও দেখা গিয়াছে। এই ধারণা ও অভ্যাস, মনে হয়, তখনকার দিনের ইহুদীদের মধ্যেও প্রচলিত ছিল।

وَاِذۡ قَالَتِ الۡمَلٰٓئِکَۃُ یٰمَرۡیَمُ اِنَّ اللّٰہَ اصۡطَفٰکِ وَطَہَّرَکِ وَاصۡطَفٰکِ عَلٰی نِسَآءِ الۡعٰلَمِیۡنَ ﴿۴۳﴾

৪৩
এবং (স্মরণ কর) যখন ফিরিশ্‌তাগণ৪১১ বলিল, ‘হে মরিয়ম! নিশ্চয় আল্লাহ্‌ তোমাকে মনোনীত৪১২ করিয়াছেন এবং তোমাকে পবিত্র করিয়াছেন এবং তোমাকে (তৎকালীন) বিশ্বের মহিলাগণের উপরে মনোনীত করিয়াছেন।
৪১১। ‘ফিরিশ্‌তারা’ শব্দটি বহুবচনে ব্যবহারের স্বকীয় তাৎপর্য রহিয়াছে। যদি কেবলমাত্র একটি সংবাদ প্রদানই উদ্দেশ্য হইত, তাহা হইলে একজন সংবাদ-বাহক ফিরিশ্‌তাই যথেষ্ট বিবেচিত হইত। কুরআনের বাকধারা অনুযায়ী ফিরিশ্‌তার বহুবচন তখনই ব্যবহৃত হয়, যখন আল্লাহ্‌তা’লা পৃথিবীতে বিরাট ও বহুবিধ পরিবর্তন সাধন করিতে ইচ্ছা করেন। যেহেতু এই ক্ষেত্রেও মরিয়মের পুত্র দ্বারা পৃথিবীতে মহা বিবর্তনের সূচনা করার ইচ্ছা রহিয়াছে, সেই কারণে বিভিন্ন ধরণের বিবর্তনের সহিত সংশ্লিষ্ট ফিরিশ্‌তাগণকে এই সুসংবাদ বহনে অংশ গ্রহণ করার জন্য আল্লাহ্‌তা’লা নির্দেশ দান করিলেন, যাহাতে ঈপ্সিত পরিবর্তন সাধনে মরিয়ম ও মরিয়ম-পুত্রকে তাহারা সাহায্য করেন।
৪১২। এই আয়াতে ‘নির্বাচিত’ শব্দটি দুইবার ব্যবহৃত হইয়াছে। প্রথম বার ব্যবহৃত হইয়াছে মরিয়মের স্বকীয় উচ্চ মর্যাদা প্রকাশের জন্য। আর দ্বিতীয়বার ব্যবহৃত হইয়াছে তাহার সম-সাময়িক মহিলাগণের তুলনায় তাঁহার সর্বোচ্চ মর্যাদা প্রকাশের জন্য। কুরআনের ব্যবহার-বিধি অনুযায়ী ‘নিসাউল-আলামীন’ বলিতে এখানে সর্বকালের সকল নারীকে বুঝায় নাই বরং মরিয়মের সম-সাময়িক সকল নারীকে বুঝাইয়াছে।

یٰمَرۡیَمُ اقۡنُتِیۡ لِرَبِّکِ وَاسۡجُدِیۡ وَارۡکَعِیۡ مَعَ الرّٰکِعِیۡنَ ﴿۴۴﴾

৪৪
হে মরিয়ম! তুমি তোমার প্রভুর আনুগত্য কর এবং সেজদা (পরম দীনতা প্রকাশ) কর এবং রুকূকারিগণের (এক আল্লাহ্‌র ইবাদত কারীগণের) সহিত মিলিত হইয়া রুকূ কর।’

ذٰلِکَ مِنۡ اَنۡۢبَآءِ الۡغَیۡبِ نُوۡحِیۡہِ اِلَیۡکَ ؕ وَمَا کُنۡتَ لَدَیۡہِمۡ اِذۡ یُلۡقُوۡنَ اَقۡلَامَہُمۡ اَیُّہُمۡ یَکۡفُلُ مَرۡیَمَ ۪ وَمَا کُنۡتَ لَدَیۡہِمۡ اِذۡ یَخۡتَصِمُوۡنَ ﴿۴۵﴾

৪৫
ইহা গায়েবের৪১৩ সংবাদ সমূহের অন্তর্গত, যাহা আমরা তোমার প্রতি ওহী করিতেছি। এবং তুমি তখন তাহাদের নিকটে ছিলে না যখন তাহারা আপন আপন তীর নিক্ষেপ করিতেছিল যে, তাহাদের মধ্য হইতে কে মরিয়মের অভিভাবক হইবে; এবং যখন তাহারা পরস্পরের মধ্যে বাদানুবাদ করিতেছিল তখনও তুমি তাহাদের নিকটে ছিলে না।
৪১৩। এমন অনেক তথ্য কুরআন মরিয়ম সম্বন্ধে সরবরাহ করিয়াছে, যাহা অন্য কোন ধর্ম গ্রন্থে পাওয়া যাইবে না।  তাই, ঐ তথ্যগুলিকে ‘অজানা-অদেখা বস্তু’ বলা হইয়াছে। পরবর্তী আয়াতগুলিতে বর্ণিত হইয়াছে যে, মরিয়ম যখন উপাসনালয়ে উৎসর্গীত জীবন যাপন করিতেছিলেন, তখনই তিনি অন্তঃসত্বা হন। এই অত্যাশ্চর্য ঘটনায় পুরোহিতেরা উদ্বিগ্ন হইয়া পড়েন। তাহারা কলঙ্কের ভয়ে, নিজেদের মধ্যে বাদানুবাদ করেন। অতঃপর, তাহারা ভাগ্য পরীক্ষার মাধ্যমে ঠিক করিলেন, কে মরিয়মের অভিভাবকত্ব গ্রহণ পূর্বক তাহার বিবাহের ব্যবস্থা করিবেন। যোসেফ নামক একব্যক্তি, যাহাকে ইনজীলে কাঠমিস্ত্রী বলা হইয়াছে, মরিয়মের যোগ্য পাত্র বলিয়া তাহারা স্থির করিলেন এবং তাহাকে স্বামীত্বের দায়িত্ব বহনের জন্য বহুকষ্টে রাজি করাইলেন। স্বভাবতঃই, এই সব কিছু সংগোপনে করা হইয়াছিল। তাই ইহাকে গায়েব (অদৃশ্যবস্তু) বলা হইয়াছে, যাহা কুরআন সবিস্তারে প্রকাশ করিল।

اِذۡ قَالَتِ الۡمَلٰٓئِکَۃُ یٰمَرۡیَمُ اِنَّ اللّٰہَ یُبَشِّرُکِ بِکَلِمَۃٍ مِّنۡہُ ٭ۖ اسۡمُہُ الۡمَسِیۡحُ عِیۡسَی ابۡنُ مَرۡیَمَ وَجِیۡہًا فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ وَمِنَ الۡمُقَرَّبِیۡنَ ﴿ۙ۴۶﴾

৪৬
যখন ফিরিশ্‌তাগণ বলিল, ‘হে মরিয়ম! নিশ্চয় আল্লাহ্‌ নিজের এক কালামের৪১৪ দ্বারা তোমাকে (একটি সন্তানের) সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইবে মসীহ্‌৪১৫ ঈসা৪১৬ ইবনে মরিয়ম৪১৭, সে ইহকাল এবং পরকালে সম্মানের অধিকারী এবং (আল্লাহ্‌র৪১৮) নৈকট্য-প্রাপ্ত লোকগণের অন্তর্ভুক্ত হইবে;
৪১৪। ‘কলিমা’ মানে একটি শব্দ; একটি অনুশাসন, একটি আদেশ (মুফরাদাত)। এই কলিমা শব্দটি, ৪ঃ১৭২ আয়াতে উল্লেখিত ‘রূহ্’ শব্দের সহিত মিলিত হইয়া, স্পষ্ট ও সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে, ঈসা (আঃ) না ছিলেন আল্লাহ্, আর না ছিলেন আল্লাহ্‌র পুত্র। তাঁহার ঈশ্বরত্ব ও পুত্রত্বকে এই শব্দগুলি প্রতিষ্ঠিত করার পরিবর্তে উহাকে বরং ধূলিসাৎ করে। এই আয়াতে ঈসা (আঃ)-কে ‘আল্লাহ্‌র বাক্য’ বলা হইয়াছে; কারণ তাহার বাক্য ছিল সত্য প্রতিষ্ঠার সহায়ক। যে ব্যক্তি নিজের বীরত্ব ও সাহসিকতাকে সত্য প্রচারের কাজে ব্যবহার করেন, তাহাকে বলা হয় ‘সাইফুল্লাহ’ (আল্লাহ্‌র তরবারী) বা ‘আসাদুল্লাহ’ (আল্লাহ্‌র সিংহ)। তেমনিভাবে, ঈসা (আঃ)-কে ‘কলিমাতুল্লাহ’ বলা হইয়াছে, যেহেতু তিনি কোন পুরুষের মাধ্যমে জন্মগ্রহণ করেন নাই বরং আল্লাহ্‌র আদেশ-বাক্য সরাসরি তাঁহাকে মাতৃগর্ভে আনিয়াছে (১৯ঃ২২)। অধিকন্তু, উপরে প্রদত্ত শব্দার্থগুলি ছাড়াও, কুরআনে নিম্নলিখিত অর্থেও ‘কলিমা’ শব্দটি ব্যবহৃত হইয়াছে যথাঃ (১) চিহ্ন বা নিদর্শন (৬৬ঃ১৩; ৮ঃ৮), (২) শাস্তি (১০ঃ৯৭), (৩) পরিকল্পনা (৯ঃ৪০) (8) সুসংবাদ (৭ঃ১৩৮), (৫) আল্লাহ্‌র সৃষ্টি (১৮ঃ১১০), (৬) কেবল মুখের কথা (২৩ঃ১০১)। এই সব অর্থের কোন একটিও যীশুকে অন্যান্য নবীর চাইতে উচ্চ মর্যাদা দান করে না। তদুপরি, যীশু বা ঈসা (আঃ)-কে কুরআনে ‘কলিমা’ (শব্দ) বলা হইয়াছে মাত্র। কিন্তু মহানবী (সাঃ)-কে ‘যিকর’ (গ্রন্থ বা বক্তৃতা) বলা হইয়াছে (৬৫ঃ১১,১২) যাহা বহু বহু ‘কলিমা’র সমষ্টি। বস্তুতঃ, ‘কলিমাতুল্লাহর’ অর্থ যদি আমরা আল্লাহ্‌র শব্দ বা বাক্য’ই ধরিয়া লই, তাহা হইলেও, খুব বেশী বলিলে আমরা এইটুকুই বলিতে পারি যে, আল্লাহ্ নিজেকে ঈসা (আঃ)-এর মাধ্যমে প্রকাশিত করিয়াছিলেন, যেমন তিনি অন্যান্য নবীর মাধ্যমে নিজেকে প্রকাশিত করিয়াছেন। শব্দাবলী আর কিছুই নয়, ভাব প্রকাশের মাধ্যম মাত্র। শব্দ আমাদের সত্তার অংশ নহে, তাই ইহা সশরীরী হইতে পারে না।
৪১৫। ‘আল্‌-মসীহ্’ ‘মাসাহা’ হইতে উৎপন্ন; ‘মাসাহা’ অর্থ যে নিজের হাতে বস্তুটির ময়লা মুছিয়াছিল। সে ইহাতে তৈল মর্দ্দন করিয়াছিল; সে সারা যমীনে ভ্রমণ করিয়াছিল; আল্লাহ্ তাহাকে আশিসমণ্ডিত করিলেন (আকরাব)। অতএব, ‘মসীহ্’ অর্থ (১) যাহাকে পবিত্র করা হইয়াছে, (২) যিনি অতিমাত্রায় ভ্রমণ করেন, (৩) যিনি আশিসমণ্ডিত। হিব্রু ‘মাশিয়া’ হইতে মেসায়া হইয়াছে এবং এই মেসায়ার আরবী রূপ হইল আল্-মসীহ্। ‘মাশিয়া’ অর্থ পবিত্রকৃত ব্যক্তি (এনসাই বিব ও এনসাই রিল এণ্ড এম্)। ঈসা (আঃ)-কে এই নাম এজন্যই দেওয়া হইয়াছিল যেহেতু তাঁহার জন্য দেশ-বিদেশ ভ্রমণ নির্ধারিত ছিল। কিন্তু, ইনজীলের বর্ণনানুযায়ী, ঈসা (আঃ)-এর কার্যকাল যদি মাত্র তিন বছরই হইয়া থাকে এবং প্যালেষ্টাইন ও সিরীয়ার কয়েকটি নগর ভ্রমণেই সীমাবদ্ধ থাকে, তাহা হইলে ঐ মসীহ্ নাম তো তাঁহার কার্যের সাথে খাপই খায় না। তবে, সাম্প্রতিক ঐতিহাসিক গবেষণাদারা এই তথ্য উদঘাটিতও প্রমাণিত হইয়াছে যে, ক্রুশের মর্মান্তিক ঘটনার পর যখন তিনি জখম ও যন্ত্রণার ধাক্কা সামলাইয়া উঠিলেন, তখন তিনি প্রাচ্যের দূরদেশগুলি ভ্রমণ করিতে করিতে এবং বনী ইস্‌রাঈল জাতির ‘হারানো মেষগুলির’ মধ্যে প্রচারের দায়িত্ব পালন করিতে করিতে, সর্বশেষে কাশ্মীরে বসবাসরত বনী ইস্‌রাঈলীদের ‘হারানো মেষের’ কাছে আসিয়া পৌছিলেন। দীর্ঘকাল তিনি এইসব এলাকায় ধর্ম প্রচারে লিপ্ত ছিলেন বলিয়া ইতিহাস সাক্ষ্য বহন করিতেছে। [২০০০ টিকা দেখুন]। সেখানে বলা হইয়াছে যে, ঈসা (আঃ) কে উচ্চ পাহাড়ী অঞ্চলে আশ্রয় দেওয়া হইয়াছিল। ‘মসীহ্’ এর একটি অর্থ পূর্বেই বলা হইয়াছে ‘পবিত্রকৃত’। যেহেতু ঈসা (আঃ)-এর জন্মের মধ্যে অস্বাভাবিকতা রহিয়াছে এবং জারজ সন্তান মনে করিয়া তাহাকে ঘৃণা করার সম্ভাবনা ছিল, সেজন্য এইরূপ মিথ্যা অপবাদ ও ঘৃণা হইতে রক্ষার উদ্দেশ্যে তাহাকে ‘পবিত্রকৃত’ নামে অভিহিত করা হইয়াছিল, যেমন অন্যান্য সকল নবিই পবিত্রকৃত ছিলেন।
৪১৬। ‘ঈসা’ নামটি হিব্রু ‘ইয়াসূ’ শব্দের একটি বিবর্তিত রূপ। যিসাস হইল যসূয়া বা যেসূয়া শব্দের গ্রীক রূপায়ন (এনসাই. বিব্)। ইহার বাংলা রূপায়ন হইল যীশু।
৪১৭। ইবনে মরিয়ম, ঈসা (আঃ) এর একটি অতিরিক্ত নাম, আরবীতে যাহাকে বলা হয় কুনিয়াৎ। ঈসা (আঃ)-কে সম্ভবতঃ এই কারণে ‘ইবনে মরিয়ম’ বলা হইয়াছে, যেহেতু তিনি পিতৃ মাধ্যম ব্যতীতই মাতা মরিয়মের গর্ভজাত ছিলেন। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হওয়াই অধিকতর যুক্তি-সঙ্গত হইয়াছে।
৪১৮। এই কথাটিও অন্যান্য ধর্মপরায়ণ নিষ্ঠাবান সাধু বান্দাগণ হইতে অধিকতর উচ্চ মর্যাদায় ঈসা (আঃ)-কে ভূষিত করে না। কেননা, কুরআনে উচ্চ পর্যায়ের সকল ধার্মিক ব্যক্তিকেই আল্লাহ্‌র নৈকট্যপ্রাপ্ত বলিয়া ঘোষণা করা হইয়াছে (৫৬ঃ১১,১২)।

وَیُکَلِّمُ النَّاسَ فِی الۡمَہۡدِ وَکَہۡلًا وَّمِنَ الصّٰلِحِیۡنَ ﴿۴۷﴾

৪৭
এবং সে দোলনায়৪১৮-ক এবং প্রৌঢ়াবস্থায়৪১৮-খ লোকদের সহিত কথা বলিবে এবং সৎকর্মপরায়ণগণের অন্তর্ভুক্ত হইবে।’
৪১৮-ক। ‘মাহ্দ্‌’ শব্দের প্রাথমিক অর্থ হইল প্রস্তুতির সময় বা অবস্থা, যখন কোনও ব্যক্তি সুন্দর ও পরিপাটি রূপে পূর্ণ-বয়সের কার্য সম্পাদনের জন্য প্রস্তুতি নিতেছে। ‘কাহ্‌ল’ ও ‘মাহ্দ্‌’ শব্দ দুইটি একই সাথে ব্যবহৃত হওয়া দ্বারা বুঝা যায়, এই দুইটি সময়ের মাঝখানে কোন মধ্যবর্তী সময় নাই। ‘কাহ্‌ল’ (মধ্যম বয়স) এর পূর্বেকার সাকল্য সময়টুকুই ‘মাহ্দ্‌’ (প্রস্তুতি- সময়)।
৪১৮-খ। ‘কাহ্‌ল’ মানে মধ্যম বয়স, অথবা সেই বয়স যে বয়সে কাঁচা চুলের সাথে পাকা চুল মিশ্রিত হইতে থাকে; ত্রিশ-চৌত্রিশ বৎসর বয়স্ক হইতে একান্ন বৎসর বয়স্ক হওয়ার সময় বা চল্লিশ হইতে একান্ন বৎসর বয়সের সময়কাল (লেইন ও সালাবী)। ঈসা (আঃ) অতি শিশুকালেই জ্ঞান-বুদ্ধি সম্পন্ন কথা বলিতেন, ইহা আশ্চর্যজনক বা অপ্রাকৃতিক নহে। বহু মেধাবী, ধীমান শিশু যাহারা সুপরিবেশে, সযত্নে লালিত হয়, তাহাদের মাঝেও এই প্রতিভা দৃষ্টি গোচর হয়। সমস্ত বাক্যটির অর্থ ইহাই যে, তিনি শিশু, কিশোর-যৌবনে এবং মধ্যম বয়সে এমন অসাধারণ জ্ঞান-বুদ্ধি সম্পন্ন কথাবার্তা বলিতেন, যাহা তাহার বয়স ও অভিজ্ঞতার তুলনায় অধিকতর উচ্চ স্তরের। ঈসার জীবনের দুইটি বয়ঃক্রম কালের উল্লেখ এই কথার প্রতিও ইঙ্গিত করিতে পারে যে, তাঁহার দ্বিতীয় বয়ঃক্রম (কাহ্‌ল) কালের কথা প্রথম বয়ঃক্রম (মাহ্দ্‌) কালের কথা হইতে ভিন্ন প্রকৃতির হইবে। তখন তিনি মানুষের কাছে নবীরূপে কথা বলিবেন। অতএব, মরিয়মকে যে সুসংবাদগুলি আল্লাহ্‌তা’লা দিয়াছিলেন, তাহা আসলে এই ছিল যে, তাহার পুত্র শুধু যে বুদ্ধি-তেজোদ্দীপ্ত জ্ঞানী ব্যক্তি হইবেন তাহাই নহে, বরং তিনি একজন উচ্চ পর্যায়ের ধার্মিক, আল্লাহ্‌র মনোনীত ব্যক্তিত্ব হিসাবে দীর্ঘজীবনও লাভ করিবেন।

قَالَتۡ رَبِّ اَنّٰی یَکُوۡنُ لِیۡ وَلَدٌ وَّلَمۡ یَمۡسَسۡنِیۡ بَشَرٌ ؕ قَالَ کَذٰلِکِ اللّٰہُ یَخۡلُقُ مَا یَشَآءُ ؕ اِذَا قَضٰۤی اَمۡرًا فَاِنَّمَا یَقُوۡلُ لَہٗ کُنۡ فَیَکُوۡنُ ﴿۴۸﴾

৪৮
সে বলিল, ‘হে আমার প্রভু। কিরূপে আমার সন্তান হইবে অথচ কোন মানুষ আমাকে স্পর্শ৪১৯ করে নাই?’ তিনি বলিলেন, ‘এই ভাবেই, আল্লাহ্‌ যাহা চাহেন সৃষ্টি করেন, যখন কোন বিষয়ে তিনি ফয়সালা করেন তখন উহার সম্বন্ধে তিনি শুধু বলেন, ‘হও’, তখন উহা হইয়া যায়;
৪১৯। পুত্র প্রাপ্তির সংবাদ যদিও অত্যন্ত সুখকর বিষয়, তথাপি অবিবাহিতা মরিয়মের জন্য ইহা ছিল এক বিব্রতকর ব্যাপার। কেননা, তাঁহার জীবনতো ভবিষ্যতেও অবিবাহিত থাকিবার জন্যই নিবেদিত ও নির্ধারিত। এই আয়াত তাঁহার মনের হতবুদ্ধি অবস্থাকে যুক্তিযুক্ত সাব্যস্ত করিতেছে। এই আয়াতদ্বারা ইহাও প্রমাণিত হয় যে, ঈসা (আঃ)-এর কোনও পিতা ছিল না; মরিয়মের উক্তি ‘কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই’ বাক্যের মধ্যেই তাহা সুস্পষ্টরূপে বুঝা যায়। মরিয়মের সম্পূর্ণ জীবন উপাসনালয়ের নামে উৎসর্গীকৃত থাকায় এবং ভবিষ্যতে বিবাহ করা উৎসর্গীত জীবনের সাথে সঙ্গতিহীন হওয়ায়, তাহাকে সন্ন্যাসিনী হইয়া থাকিতে হইবে। যদি তাহা না হইত এবং তাঁহার বিবাহের সম্ভাবনার কথা তাঁহার চিন্তায় কখনও আসিত, তাহা হইলে তিনি পুত্র-সন্তান প্রাপ্তির ভবিষ্যত সংবাদ ফিরিশ্‌তা হইতে অবগত হইয়া আশ্চর্যান্বিত হইতেন না। ‘মরিয়মের সুসমাচারে’ আমরা মরিয়মের কুমারী ব্রতের প্রতিজ্ঞার কথা স্পষ্টাক্ষরে দেখিতে পাই। উক্ত সুসমাচারের পঞ্চম অধ্যায়ে আছেঃ উপাসনালয়ের প্রধান পুরোহিত সাধারণ হুকুম জারি করিলেন যে, উপাসনালয়ে বসবাসকারী যে সকল কুমারী মেয়ের বয়স চৌদ্দ বৎসর হইয়াছে, তাহারা বাড়ীতে ফিরিয়া যাইবে। সকল কুমারীরাই এই আদেশ পালন করিল। কিন্তু ‘প্রভুর কুমারী মরিয়ম’ একমাত্র মেয়ে যিনি উত্তর দিলেন যে, তিনি এই আদেশ পালনে অসমর্থ, কেননা তিনি এবং তাঁহার পিতা-মাতা তাহাকে প্রভুর সেবায় উৎসর্গ করিয়াছেন। তাছাড়া, তিনি প্রভুর নিকট কুমারীত্ব পালনের শপথ নিয়াছেন, যাহা তিনি কোনও অবস্থায়ই ভঙ্গ করিবেন না বলিয়া প্রতিশ্রুতিবদ্ধ (মরিয়মের সুসমাচার- ৫ঃ৪,৫,৬)। পরবর্তীকালে যোসেফের সহিত তাহার বিবাহ, তাঁহার ইচ্ছার বিরুদ্ধে এবং তাঁহার শপথের বিরুদ্ধে, তাঁহার উপর চাপাইয়া দেওয়া হইয়াছিল। ছেলের মা হওয়ার কারণে, অবস্থার চাপে পড়িয়া, তিনি বাধ্য হইয়াছিলেন এবং যাজকেরা দুর্নাম হইতে বাঁচিবার জন্য এই বিবাহের আয়োজন করিয়াছিল। সুসমাচার হইতে একথা বুঝা যায় না, যোসেফকে এই বিবাহে কিভাবে সম্মত করা হইয়াছিল। তবে ইহা স্বতঃসিদ্ধ যে, মরিয়ম ঐ সময়ে সন্তান-সম্ভবা, তাহা যোসেফ মোটেই জানিতেন না (মথি- ১ঃ১৮,১৯)। সম্ভবতঃ মরিয়মের শপথ ভঙ্গের কোনও একটা যুক্তিগ্রাহ্য বাহানা আবিষ্কার করা হইয়াছিল। ঈসা (আঃ)-এর জন্ম বৃত্তান্তের বিশদ বিবরণ ১৭৫০-১৭৫৫ টীকা দেখুন।

وَیُعَلِّمُہُ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ وَالتَّوۡرٰٮۃَ وَالۡاِنۡجِیۡلَ ﴿ۚ۴۹﴾

৪৯
এবং তিনি তাহাকে কিতাব এবং হিকমত এবং তওরাত এবং ইন্‌জিল শিক্ষা দিবেন;

وَرَسُوۡلًا اِلٰی بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ۬ۙ اَنِّیۡ قَدۡ جِئۡتُکُمۡ بِاٰیَۃٍ مِّنۡ رَّبِّکُمۡ ۙ اَنِّیۡۤ اَخۡلُقُ لَکُمۡ مِّنَ الطِّیۡنِ کَہَیۡـَٔۃِ الطَّیۡرِ فَاَنۡفُخُ فِیۡہِ فَیَکُوۡنُ طَیۡرًۢا بِاِذۡنِ اللّٰہِ ۚ وَاُبۡرِیٴُ الۡاَکۡمَہَ وَالۡاَبۡرَصَ وَاُحۡیِ الۡمَوۡتٰی بِاِذۡنِ اللّٰہِ ۚ وَاُنَبِّئُکُمۡ بِمَا تَاۡکُلُوۡنَ وَمَا تَدَّخِرُوۡنَ ۙ فِیۡ بُیُوۡتِکُمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿ۚ۵۰﴾

৫০
এবং বনী ইস্‌রাঈলের৪১৯-ক প্রতি রসুল রুপে (এই পয়গাম সহ প্রেরন করিবেন) যে আমি নিশ্চয় তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ হইতে এক নিদর্শনসহ আসিয়াছি (উহা এই) যে, তোমাদের জন্য কাদা৪২০ হইতে আমি পাখীর৪২০-ক অবস্থার অনুরূপ৪২০-খ সৃষ্টি৪২০-গ করিব, অতঃপর উহার মধ্যে আমি ফুৎকার করিব, ফলে উহা আল্লাহ্‌র আদেশে উড্ডয়নশীল হইয়া যাইবে, এবং আল্লাহ্‌র আদেশে৪২০-ঘ আমি অন্ধ৪২০-ঙ এবং কুষ্ঠ রোগীকে নিরাময়৪২০-চ করিব এবং মৃতগণকে জীবন দান করিব, এবং তোমরা কি খাইবে৪২০-ছ এবং তোমাদের ঘরে কি সঞ্চয় করিবে সেই বিষয়ে তোমাদিগকে আমি অবহিত করিব। নিশ্চয় ইহার মধ্যে তোমাদের জন্য এক নিদর্শন রহিয়াছে যদি তোমরা মো’মেন হও।
৪১৯-ক। ‘বনী ইসরাঈলের প্রতি রসূল’, এই শব্দগুলি বলিয়া দিতেছে যে, ঈসা (আঃ)-এর ধর্ম প্রচার কার্য ও দায়িত্ব, ইস্‌রাঈলদের মধ্যেই সীমাবদ্ধ করিয়া, তাহাকে পাঠানো হইয়াছিল। তিনি সারা বিশ্বের জন্য আসেন নাই (মথি- ১০ঃ৫-৬; ১৫ঃ২৪, ১৯ঃ২৮, প্রেরিতঃ-৩ঃ২৫,২৬ ১৩ঃ৪৬; লুক-১৯ঃ১০, ২২ঃ২৮-৩০)।
৪২০। ‘তীন’ অর্থ কাদামাটি, মাটি, নরম মাটি ইত্যাদি। রূপকভাবে ‘আত্‌-তীন’ অর্থ এমন মানুষ যাহার মধ্যে এত নমনীয়তার গুণ রহিয়াছে যে তাহাকে যে কোনও প্রকৃতিতে গড়িয়া তোলা যায়। আমরা এরূপ স্বভাবের মানুষকে সাধারণতঃ বাংলায় ‘মাটির মানুষ’ বলিয়া থাকি।
৪২০-ক। ‘তায়র’ অর্থ পাখী। রূপক বা আলঙ্কারিক ব্যবহার অনুযায়ী পাখীর অর্থ উচ্চ ও উড্ডীয়মান ঊর্ধ্বগামী আধ্যাত্মিক স্তরের মানব। যেমন সিংহ (আক্ষরিক অর্থে পশুরাজ সিংহ) বলিতে বীর পুরুষকে বুঝায়, আর ‘দাব্বাহ্’ (পোকা) বলিতে নিষ্কর্মা, হীন ও ঘোর সংসারাসক্ত ব্যক্তিকে বুঝাইয়া থাকে (৩৪ঃ১৫)।
৪২০-খ। ‘হায়য়াত’ অর্থ আকৃতি, নমুনা, রূপ, অবস্থা, ধরণ, পদ্ধতি (লেইন)।
৪২০-গ। ‘খালাকা’ অর্থ সে ওজন করিল, নক্সা প্রণয়ন করিল, আকৃতি দিল বা পরিকল্পনা করিল; আল্লাহ্ উৎপন্ন করিলেন, সৃষ্টি করিলেন বা অস্তিত্ব দান করিলেন, এমন বস্তু বা জীবকে যাহার নমুনা, আদর্শ বা সমরূপ পূর্বে ছিল না অর্থাৎ তিনিই ইহাকে আদি-সৃষ্টি বা প্রথম সৃষ্টি করিলেন (লেইন ও লিসান)।
৪২০-ঘ। বাইবেলে কোথাও উল্লেখ নাই যে, ঈসা (আঃ) মু’জেযা প্রদর্শন করিবার জন্য পাখি সৃষ্টি করিয়া আকাশে উড়াইয়াছিলেন। সত্যি সত্যি যদি ঈসা (আঃ) পাখি বানাইয়া উড়াইয়া থাকিতেন, তাহা হইলে বাইবেল তাহা উল্লেখ না করিয়া, কিভাবে ও কেন চুপ করিয়া থাকিল? আল্লাহ্‌র কোন নবী পূর্বে এই ধরণের ঐশী-নিদর্শন দেখান নাই, অথচ বাইবেল এই সম্বন্ধে সম্পূর্ণ নীরব রহিল, ইহা আশ্চর্য নয় কি? বাইবেলে এই মহা-নিদর্শনের উল্লেখ থাকিলে, সকল নবীর উপর ঈসা (আঃ)-এর শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হইত এবং পরবর্তী কালের খৃষ্টানেরা ঈসার প্রতি যে ঈশ্বরত্ব আরোপ করিয়াছে, তাহাও কিছুটা সমর্থন লাভ করিত। ‘খাল্‌ক’ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় (১) মাপ বা ওজন করা, পরিমাণ ঠিক করা, নক্সা তৈরী করা, (২) আকৃতি দেওয়া, তৈরী করা, সৃষ্টি করা ইত্যাদি অর্থ রহিয়াছে। এখানে প্রথমোক্ত অর্থে শব্দটি ব্যবহৃত হইয়াছে। সৃষ্টি করা অর্থে ’খাল্‌ক’ শব্দটি কুরআনের কোথায়ও আল্লাহ্‌র কাজ ছাড়া অন্য কাহারও কাজ বলিয়া স্বীকৃতি পায় নাই; আল্লাহ্ ছাড়া অন্য কাহারও প্রতি এই গুণটি, কুরআনের কোথায়ও আরোপিত হয় নাই (১৩ঃ১৭, ১৬ঃ২১, ২২ঃ৭৪; ২৫ঃ৪, ৩১ঃ১১-১২, ৩৫ঃ৪১ এবং ৪৬ঃ৫)। উপরোক্ত ব্যাখ্যার আলোকে এবং ‘কাদামাটি’র রূপক অর্থ সম্মুখে রাখিয়া, “তোমাদের জন্য কাদা হইতে আমি পাখীর অবস্থার অনুরূপ সৃষ্টি করিব,অতঃপর উহার মধ্যে আমি (নবজীবন) ফুৎকার করিব, ফলে উহা আল্লাহ্‌র আদেশে উড্ডয়নশীল হইয়া যাইবে” ইত্যাদি কথার মর্ম বুঝিবার চেষ্টা করিলে, উহার তাৎপর্য দাঁড়াইবে এই যে, সাধারণ শ্রেণীর লোক - যাহাদের মধ্যে উন্নতি ও জাগরণের শক্তি রহিয়াছে, তাহারা যদি ঈসা (আঃ)-এর সংস্পর্শে আসে ও তাহার বাণী গ্রহণ করিয়া জীবন যাপন করে, তাহা হইলে তাহাদের জীবনে আমূল পরিবর্তন আসিয়া যাইবে। ধূলি-ধূসরিত, সংসারাসক্ত, বস্তুকেন্দ্রিক জীবনকে জলাঞ্জলি দিয়া, তাহারা আধ্যাত্মিক আকাশের উচ্চ মার্গে পাখীর মত বিচরণ করিতে সমর্থ হইবে এবং বস্তুতঃ, তাহাই ঘটিয়াছিল। ঘৃণিত, অবহেলিত গেলিলীর জেলেরা, তাহাদের প্রভু ও গুরুর উপদেশ ও উদাহরণ অনুসরণের মাধ্যমে, পাখীরই মত উচ্চমার্গে আরোহণ করিয়া, বনীইসরাঈল জাতির মধ্যে আল্লাহ্‌র বাণী প্রচারের তৌফিক লাভ করিয়াছিল। অন্ধ ও কুষ্ঠব্যাধিগ্রস্তদের রোগমুক্তির বা উপশম দানের সম্বন্ধে বলা যায় যে, এই ধরণের রোগাক্রান্ত ব্যক্তিদিগকে বনী ইস্‌রাঈল জাতি অপবিত্র ও নোংরা জ্ঞানে, সমাজের সংশ্রব হইতে দূরে রাখিত; সমাজে ঘেঁষিতে দিত না। ‘আমি নিরাময় করিব’ কথাটির তাৎপর্য ইহাই যে, এই সব রোগাক্রান্ত লোকেরা আইনগত ও সমাজগত ভাবে, অবহেলিত অবস্থায় বহু বঞ্চনা ও অসুবিধার মধ্যে ঘৃণার পরিবেশে বাস করিত। ঈসা (আঃ) আসিয়া তাহাদিগকে সেবা যত্ন করার তাগিদ দিয়া, সমাজে তাহাদিগকে স্থান দান করিয়া, তাহাদিগকে দুর্বিসহ জীবন হইতে মুক্ত করিয়াছিলেন। ইহাও হইতে পারে যে, ঈসা (আঃ) এই সব রোগীকে সুস্থ করিতেন। আল্লাহ্‌র নবীগণ আধ্যাত্মিক চিকিৎসক বিশেষ। তাহারা আধ্যাত্মিক অন্ধগণকে চক্ষুদান করেন, বধিরকে শ্রবণশক্তি দান করেন, আধ্যাত্মিক মৃতদিগকে জীবন দান করেন (মথি- ১৩ঃ১৫)। এখানে ‘আকমাহ্‌’ (রাতকানা) অর্থ ঐ লোক যাহার বিশ্বাস থাকা সত্বেও দুর্বল মানসিকতার কারণে পরীক্ষার সম্মুখে দাঁড়াইতে পারে না। সে দিনের আলোতে দেখে অর্থাৎ যতক্ষণ পরীক্ষার ঝামেলা থাকে না এবং বিশ্বাসের সূর্য মেঘ-দুর্যোগ হইতে মুক্ত অবস্থায় কিরণ দেয়, তখন সে ঠিকই দেখে। কিন্তু যখন দুর্যোগের রাত্রি নামিয়া আসে অর্থাৎ পরীক্ষা ও আত্মোৎসর্গের সময় উপস্থিত হয়, তখন সে আধ্যাত্মিক আলো হারাইয়া ফেলে এবং থামিয়া যায় (২ঃ২১)। তেমনি ভাবে, ‘আব্রাস’ (কুষ্ঠরোগী) শব্দটি আধ্যাত্মিক অর্থে রুগ্ন ও দুর্বল বিশ্বাসকে বুঝাইয়াছে, যাহার আবরণ স্থানে স্থানে সুস্থ আবার স্থানে স্থানে ক্ষতপূর্ণ। ‘আমি মৃতগণকে জীবনদান করিব’ বাক্যটির অর্থ ইহা নয় যে, ঈসা (আঃ) মৃত ব্যক্তিকে সত্যই জীবিত করিয়াছিলেন। যাহারা প্রকৃতই মরিয়া যায়, তাহারা পৃথিবীর বুকে কখনও পুনজ্জবিত হয় না। এইরূপ বিশ্বাস কুরআনের শিক্ষার সম্পূর্ণ বিপরীত (২ঃ২৯, ২৩ঃ১০০-১০১, ২১ঃ৯৬, ৩৯ঃ৫৯-৬০ ৪০ঃ১২, ৪৫ঃ২৭)। আধ্যাত্মিক পরিভাষা মতে, নবীগণ তাহাদের অনুসারীদের জীবনে যে বৈপ্লবিক ও অসাধারণ মহা-পরিবর্তন আনয়ন করেন, তাহাকেই বলা হয় ‘মৃতকে জীবিত করা’।
৪২০-ঙ। ‘আক্‌মাহ’ অর্থ রাতকানা, জন্মান্ধ, যে পরে অন্ধ হইয়াছে, যাহার জ্ঞান-বুদ্ধি ও যুক্তি শক্তি নাই (মুফরাদাত)।
৪২০-চ। ‘উব্‌রিয়ু’ ‘বারিয়া’ হইতে উৎপন্ন। ‘বারিয়া’ অর্থ সে (অমুক বস্তু বা দোষারোপ হইতে) মুক্তি পাইল। ‘উবরিয়ু’ অর্থ আমি দোষমুক্ত বা রোগমুক্ত করি; আমি অমুককে তাহার প্রতি আরোপিত দোষ হইতে মুক্ত ঘোষণা করি (লেইন)।
৪২০-ছ। বাক্যাংশটির সামগ্রিক অর্থঃ ঈসা (আঃ) তাঁহার শিষ্যগণকে শিক্ষা দিলেন, দিন যাপনের জন্য তাহারা কি পরিমাণ খাওয়া-দাওয়ার ব্যাপারে খরচ করিবে এবং কি পরিমাণ তাহারা বাঁচাইবে অর্থাৎ পরকালে পাইবার জন্য খরচ করিবে। অন্য কথায়, ঈসা (আঃ) তাহাদিগকে বলিলেন, তাহারা ন্যায়ভাবে যাহা উপার্জন করিবে, তাহা দ্বারা জীবিকা নির্বাহ করিবে এবং অবশিষ্ট অর্থ আল্লাহ্‌র পথে খরচ করিবে। আর আগামী দিনের কথা আল্লাহ্‌র উপর ছাড়িয়া দিবে (মথি- ৬ঃ২৫-২৬)।