২৩

المؤمنون

সূরা আল্‌ মো’মেনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৯ আয়াত এবং ৬ রুকু আছে।

بَلۡ اَتَیۡنٰہُمۡ بِالۡحَقِّ وَاِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿۹۱﴾

৯১
বরং আমরা তাহাদের নিকট সত্য আনিয়াছি, বস্তুতঃ তাহারা সম্পূর্ণ মিথ্যাবাদী।

مَا اتَّخَذَ اللّٰہُ مِنۡ وَّلَدٍ وَّمَا کَانَ مَعَہٗ مِنۡ اِلٰہٍ اِذًا لَّذَہَبَ کُلُّ اِلٰہٍۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعۡضُہُمۡ عَلٰی بَعۡضٍ ؕ سُبۡحٰنَ اللّٰہِ عَمَّا یَصِفُوۡنَ ﴿ۙ۹۲﴾

৯২
আল্লাহ্‌ কোন পুত্র গ্রহণ করেন নাই এবং তাঁহার সহিত অন্য কোন মা’বূদ নাই, এইরূপ হইলে প্রত্যেক মা’বূদ নিজ নিজ সৃষ্ট-বস্তুকে লইয়া পৃথক হইয়া যাইত এবং তাহাদের কতক কতকের উপর অবশ্যই চড়াও করিয়া বসিত। তাহারা যাহা বর্ণনা করে, উহা হইতে আল্লাহ্ পবিত্র।২০১৩
২০১৩। ‘ঈসা (আঃ) খোদার পুত্র’ এই মতবাদ যে অসার এবং ভ্রান্ত তাহা এই আয়াত অত্যন্ত কার্যকরভাবে স্পষ্ট করিয়া দিয়াছে। ইহার অন্তর্নিহিত অর্থ এই যে, কাজকর্মে সাহায্য-সহায়তা করার জন্য মানুষ পুত্রের প্রয়োজন বোধ করে; কিন্তু যেহেতু আল্লাহ্‌তা’লা আকাশ ও পৃথিবীর সৃজনকারী এবং সমগ্র বিশ্বের প্রভু ও নিয়ন্ত্রণকারী সেই কারণে কোন সাহায্যকারী বা পুত্রের প্রয়োজন তাঁহার নাই। তদুপরি সমগ্র বিশ্ব এক অবিচল নিয়মের অধীন এবং এই পরিকল্পনার একত্ব ইহার উদ্দেশ্য এবং উহার পরিকল্পনাকারী ও নিয়ন্ত্রণকারীর একত্বকেই নির্দেশ করে। পরিচালনা ও কর্তৃত্বের ব্যাপারে দ্বৈত্ব ক্ষমতা বিভ্রান্তি এবং বিশৃংখলার ইংগিত বহন করে।

عٰلِمِ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ فَتَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿٪۹۳﴾

৯৩
তিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞান রাখেন। সুতরাং তাহারা যাহা শরীক করে, তিনি উহা হইতে বহু ঊর্ধ্বে।
সূরা আল্‌ মো’মেনূন - রুকু ৫

قُلۡ رَّبِّ اِمَّا تُرِیَنِّیۡ مَا یُوۡعَدُوۡنَ ﴿ۙ۹۴﴾

৯৪
তুমি বল, ‘হে আমার প্রভু! যদি তুমি আমাকে উহা দেখাইয়া দাও যাহার প্রতিশ্রুতি তাহাদিগকে দেওয়া হইতেছে;

رَبِّ فَلَا تَجۡعَلۡنِیۡ فِی الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿۹۵﴾

৯৫
হে আমার প্রভু! তখন তুমি আমাকে যালেম জাতির অন্তর্ভুক্ত করিও না।’২০১৪
২০১৪। আঁ-হযরত (সাঃ)-এর মক্কা-জীবনের শেষের দিকে এই সূরা নাযেল হইয়াছিল। নবী করীম (সাঃ)-এর মক্কা ত্যাগ ঘনাইয়া আসিয়াছিল। তাঁহার হিজরত করার মধ্যে এই সংকেত বহন করে যে, তাঁহাকে অস্বীকার, নির্যাতন এবং মক্কা হইতে বহিষ্কার করার দরুন কোরায়শদিগের উপর ঐশী আযাব অত্যাসন্ন হইয়াছিল। তাঁহাকে এই শিক্ষা দেওয়া হইয়াছিল যে, সেই ভীতি-প্রদ আযাব যখন তাহাদিগকে (কোরায়শদিগকে) পাকড়াও করিবে তখন তিনি যেন তাহাদের মধ্যে মক্কায় উপস্থিত না থাকেন।

وَاِنَّا عَلٰۤی اَنۡ نُّرِیَکَ مَا نَعِدُہُمۡ لَقٰدِرُوۡنَ ﴿۹۶﴾

৯৬
এবং আমরা তাহাদের সহিত যে ওয়াদা করিতেছি উহা তোমাকে দেখাইতে অবশ্যই আমরা সক্ষম।

اِدۡفَعۡ بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ السَّیِّئَۃَ ؕ نَحۡنُ اَعۡلَمُ بِمَا یَصِفُوۡنَ ﴿۹۷﴾

৯৭
তুমি মন্দকে উহা দ্বারা প্রতিহত কর যাহা সর্বোত্তম,২০১৫ তাহারা যাহা বর্ণনা করে, আমরা উহা ভালভাবেই জানি।
২০১৫। এখানে নবী করীম (সাঃ)-কে নিদের্শ দেওয়া হইয়াছে যে, যতদিন তিনি মক্কায় অবিশ্বাসীদিগের মধ্যে থাকিবেন ততদিন তিনি যেন সমস্ত গালি ও নির্যাতন ধৈর্যসহকারে বরদাশত করেন এবং মন্দের বিনিময়ে কল্যাণ করেন।

وَقُلۡ رَّبِّ اَعُوۡذُ بِکَ مِنۡ ہَمَزٰتِ الشَّیٰطِیۡنِ ﴿ۙ۹۸﴾

৯৮
এবং তুমি বল, ‘হে আমার প্রভু!  আমি শয়তানদের কুপ্ররোচনা হইতে তোমারই আশ্রয় চাহিতেছি;২০১৬
২০১৬। ‘শয়তানদের’ শব্দ নবী করীম (সাঃ)-এর শত্রুদিগের সর্দারগণকে বুঝায় এবং ‘কুপ্ররোচনা’ দ্বারা মিথ্যা রটনা ও মানহানি এবং জঘন্য কারসাজি ও প্রচার কার্য বুঝায়, যদ্বারা তাহারা আঁ-হযরত (সাঃ)-এর বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করিতে চেষ্টা করিত।

وَاَعُوۡذُ بِکَ رَبِّ اَنۡ یَّحۡضُرُوۡنِ ﴿۹۹﴾

৯৯
এবং হে আমার প্রভু! আমি তোমার নিকট ইহা হইতেও আশ্রয় চাহিতেছি যে, তাহারা আমার নিকটে উপস্থিত হউক।’

حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَہُمُ الۡمَوۡتُ قَالَ رَبِّ ارۡجِعُوۡنِ ﴿ۙ۱۰۰﴾

১০০
এমন কি যখন তাহাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, ‘হে আমার প্রভু! তুমি আমাকে ফেরৎ পাঠাও,