২৩

المؤمنون

সূরা আল্‌ মো’মেনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৯ আয়াত এবং ৬ রুকু আছে।

اَمۡ یَقُوۡلُوۡنَ بِہٖ جِنَّۃٌ ؕ بَلۡ جَآءَہُمۡ بِالۡحَقِّ وَاَکۡثَرُہُمۡ لِلۡحَقِّ کٰرِہُوۡنَ ﴿۷۱﴾

৭১
অথবা তাহারা কি বলিতেছে যে, সে উম্মাদগ্রস্ত? না, বরং সে তাহাদের নিকট সত্য লইয়া আসিয়াছে; বস্তুতঃ তাহাদের অধিকাংশ লোক সত্যের প্রতি বীতশ্রদ্ধ।

وَلَوِ اتَّبَعَ الۡحَقُّ اَہۡوَآءَہُمۡ لَفَسَدَتِ السَّمٰوٰتُ وَالۡاَرۡضُ وَمَنۡ فِیۡہِنَّ ؕ بَلۡ اَتَیۡنٰہُمۡ بِذِکۡرِہِمۡ فَہُمۡ عَنۡ ذِکۡرِہِمۡ مُّعۡرِضُوۡنَ ﴿ؕ۷۲﴾

৭২
এবং সত্য যদি তাহাদের প্রবৃত্তির অনুসরণ করিত তাহা হইলে আকাশ-মণ্ডল ও পৃথিবী এবং উহাদের মধ্যে যাহারা বাস করে সবকিছু বিশৃঙ্খল হইয়া পড়িত; বস্তুতঃ আমরা তাহাদের নিকট তাহাদের উপদেশ লইয়া আসিয়াছি কিন্তু তাহারা তাহাদের উপদেশকে উপেক্ষা করিতেছে।

اَمۡ تَسۡـَٔلُہُمۡ خَرۡجًا فَخَرَاجُ رَبِّکَ خَیۡرٌ ٭ۖ وَّہُوَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ ﴿۷۳﴾

৭৩
অথবা তুমি কি তাহাদের নিকট কোন কর চাহিতেছ২০০৯? কিন্তু তোমার প্রভুর প্রদত্ত প্রতিদান অতি উত্তম, এবং তিনি সর্বোত্তম রিয্‌কদাতা।
২০০৯। আঁ-হযরত (সাঃ)-এর স্নেহশীল চাচা আবু তালেব প্রতিমা উপাসকদিগের সঙ্গে আপোষ করিয়া মূর্তি পূজার বিরুদ্ধে প্রচার না করার জন্য নবী করীম (সাঃ)-এর নিকট প্রস্তাব দিয়াছিলেন। উত্তরে আঁ-হযরত (সাঃ) যাহা বলিয়াছিলেন তাহাই তাঁহার নিঃস্বার্থ সেবার প্রতিদান গ্রহণের প্রতি পূর্ণ অবজ্ঞার এবং তাঁহার উদ্দেশ্যের সততার উত্তম সাক্ষ্য। সেই অবিস্মরণীয় জবাবটি ছিলঃ ‘যদি তাহারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র আনিয়াও দেয় এবং প্রতিমা উপাসনার বিরুদ্ধে প্রচার বন্ধ করিতে বলে তাহা হইলেও আমার মিশন পূর্ণ না হওয়া পর্যন্ত অথবা এই প্রচেষ্টায় আমি বিলীন না হওয়া পর্যন্ত ক্ষান্ত হইব না’ (তাবারী, ৩য় খণ্ড)।

وَاِنَّکَ لَتَدۡعُوۡہُمۡ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۷۴﴾

৭৪
এবং নিশ্চয় তুমি তাহাদিগকে সরল-সুদৃঢ় পথের দিকে আহ্বান করিতেছ।

وَاِنَّ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ عَنِ الصِّرَاطِ لَنٰکِبُوۡنَ ﴿۷۵﴾

৭৫
এবং নিশ্চয় যাহারা পরকালের উপর ঈমান আনে না তাহারাই সরল-সুদৃঢ় পথ হইতে বিচ্যুত।

وَلَوۡ رَحِمۡنٰہُمۡ وَکَشَفۡنَا مَا بِہِمۡ مِّنۡ ضُرٍّ لَّلَجُّوۡا فِیۡ طُغۡیَانِہِمۡ یَعۡمَہُوۡنَ ﴿۷۶﴾

৭৬
এবং যদি আমরা তাহাদের উপর দয়া করি এবং যে অনিষ্ট তাহাদের সঙ্গে লাগিয়া আছে উহা দূর করি, তথাপি তাহারা নিজেদের বিদ্রোহিতায় অন্ধ হইয়া অনড় থাকিবে।

وَلَقَدۡ اَخَذۡنٰہُمۡ بِالۡعَذَابِ فَمَا اسۡتَکَانُوۡا لِرَبِّہِمۡ وَمَا یَتَضَرَّعُوۡنَ ﴿۷۷﴾

৭৭
এবং আমরা তাহাদিগকে কঠোর শাস্তিতে ধৃত করিয়াছি, তবুও তাহারা তাহাদের প্রভুর সমীপে বিনয়ের সহিত ঝুঁকে নাই এবং তাহারা কান্নাকাটিও করে নাই।

حَتّٰۤی اِذَا فَتَحۡنَا عَلَیۡہِمۡ بَابًا ذَا عَذَابٍ شَدِیۡدٍ اِذَا ہُمۡ فِیۡہِ مُبۡلِسُوۡنَ ﴿٪۷۸﴾

৭৮
এমন কি যখন আমরা তাহাদের উপর কঠিন শাস্তির দ্বার খুলিয়া দিই তখন দেখ! সহসা তাহারা হতাশ হইয়া যায়।২০১০
সূরা আল্‌ মো’মেনূন - রুকু ৪
২০১০। মানব প্রকৃতি এরূপে গঠিত যে, যখন আরামে ও সহজ অবস্থায় থাকে তখন সে সকল সতর্কতা পরিস্থিতির অনুকুলে ছাড়িয়া দেয় এবং অবাঞ্ছিত আচার-আচরণকে প্রশ্রয় দেয়। কিন্তু যখন তাহার পাপকর্মসমূহ এবং দুষ্ট-বৃত্তিগুলি কুফল প্রকাশ করে, তখন সে হতাশাগ্রস্ত হইয়া পড়ে।

وَہُوَ الَّذِیۡۤ اَنۡشَاَ لَکُمُ السَّمۡعَ وَالۡاَبۡصَارَ وَالۡاَفۡـِٕدَۃَ ؕ قَلِیۡلًا مَّا تَشۡکُرُوۡنَ ﴿۷۹﴾

৭৯
এবং তিনিই তো তোমাদের জন্য কর্ণ, চক্ষু এবং হৃদয় সৃষ্টি করিয়াছেন, কিন্তু তোমরা খুব কমই কৃতজ্ঞতা জ্ঞাপন কর।২০১১
২০১১। কৃতজ্ঞতার এক অর্থ দান বা প্রদত্ত বস্তুর সদ্ব্যবহার (১৪ঃ৮)। এই আয়াতের মর্ম এই যে, আল্লাহ্‌তা’লা আমাদিগকে চক্ষু, কর্ণ এবং অন্তঃকরণ দান করিয়াছেন যাহাতে এইগুলির উপযুক্ত ব্যবহার করিয়া আমরা পার্থিব এবং আধ্যাত্মিক উপকার সাধন করি, তাহার নিদর্শনাবলী পর্যবেক্ষণ করি, ঐশী-বাণীসমূহ শ্রবণ করি এবং সঠিক চিন্তা-ভাবনা করি।

وَہُوَ الَّذِیۡ ذَرَاَکُمۡ فِی الۡاَرۡضِ وَاِلَیۡہِ تُحۡشَرُوۡنَ ﴿۸۰﴾

৮০
এবং তিনিই তোমাদিগকে ভূ-পৃষ্ঠে বিস্তৃত করিয়াছেন, এবং তাঁহারই নিকট তোমাদিগকে একত্রিত করা হইবে।