২৩

المؤمنون

সূরা আল্‌ মো’মেনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৯ আয়াত এবং ৬ রুকু আছে।

فَاتَّخَذۡتُمُوۡہُمۡ سِخۡرِیًّا حَتّٰۤی اَنۡسَوۡکُمۡ ذِکۡرِیۡ وَکُنۡتُمۡ مِّنۡہُمۡ تَضۡحَکُوۡنَ ﴿۱۱۱﴾

১১১
কিন্তু তোমরা তাহাদিগকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র২০২০ বানাইয়া লইয়াছিলে, এমন কি তাহারা (ঠাট্টা-বিদ্রূপের পাত্র হইয়া) তোমাদিগকে আমার স্মরণ ভুলাইয়া দিয়াছিল, এবং তোমরা সদা তাহাদের সঙ্গে হাসি-ঠাট্টা করিতে;
২০২০। আরবী ‘সাখ্‌খারাহু’ শব্দের অর্থ সে অনিচ্ছাকৃতভাবে অথবা বিনিময় ছাড়াই কিছু করিতে বাধ্য হইয়াছিল (লেইন)। অতএব তফসীরাধীন আয়াতের এই অর্থও হয় যে, মো’মেনগণ দরিদ্র এবং দুর্বল হওয়ার কারণে কাফেরগণ তাহাদিগকে তাহাদের ইচ্ছার বিরুদ্ধ কাজে লাগাইত, তাহাদিগকে শোষণ করিত এবং তাহাদের কৃত-কর্মের জন্য কোন পারিশ্রমিক বা ক্ষতি পূরণ না দিয়া বাধ্যতামূলকভাবে তাহাদের নিকট হইতে জোরপূর্বক কাজ আদায় করিত।

اِنِّیۡ جَزَیۡتُہُمُ الۡیَوۡمَ بِمَا صَبَرُوۡۤا ۙ اَنَّہُمۡ ہُمُ الۡفَآئِزُوۡنَ ﴿۱۱۲﴾

১১২
যেহেতু তাহারা ধৈর্য ধারণ করিয়াছিল এইজন্য আজ আমি তাহাদিগকে পুরস্কার দান করিয়াছি; নিশ্চয় তাহারাই সফলকাম হইয়াছে।’

قٰلَ کَمۡ لَبِثۡتُمۡ فِی الۡاَرۡضِ عَدَدَ سِنِیۡنَ ﴿۱۱۳﴾

১১৩
তিনি বলিবেন, ‘তোমরা পৃথিবীতে কত বৎসর অবস্থান করিয়াছিলে?’

قَالُوۡا لَبِثۡنَا یَوۡمًا اَوۡ بَعۡضَ یَوۡمٍ فَسۡـَٔلِ الۡعَآدِّیۡنَ ﴿۱۱۴﴾

১১৪
তাহারা বলিবে, ‘আমরা একদিন অথবা দিনের কিয়দংশ২০২১ অবস্থান করিয়াছিলাম, সুতরাং তুমি গণনাকারীদিগকে জিজ্ঞাসা কর।’
২০২১। আরাম-আয়াসে অতিবাহিত জীবনের ফল স্বরূপ যন্ত্রণা এবং শাস্তির কারণে সমস্ত জীবনটা অতি স্বল্পস্থায়ী মনে হয়, এমন কি মনস্তাপ ও অনুশোচনার উপকরণে পরিণত হয়। আয়াতে অবিশ্বাসীদিগের উত্তর ইহাই প্রতিপন্ন করে যে, ইহজীবনের আরাম-আয়েস কিরূপ বৃথা এবং ক্ষণস্থায়ী।

قٰلَ اِنۡ لَّبِثۡتُمۡ اِلَّا قَلِیۡلًا لَّوۡ اَنَّکُمۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۱۱۵﴾

১১৫
তিনি বলিবেন, ‘যদি তোমাদের জ্ঞান থাকিয়া থাকে তাহা হইলে তোমরা বুঝিতে পারিবে যে, তোমরা অতি অল্প সময়ই অবস্থান করিয়াছিলে।’

اَفَحَسِبۡتُمۡ اَنَّمَا خَلَقۡنٰکُمۡ عَبَثًا وَّاَنَّکُمۡ اِلَیۡنَا لَا تُرۡجَعُوۡنَ ﴿۱۱۶﴾

১১৬
‘তোমরা কি মনে করিয়াছিলে যে, আমরা তোমাদিগকে অযথা সৃষ্টি করিয়াছি এবং তোমরা আমাদের দিকে ফিরিয়া আসিবে না’?২০২২
২০২২। এক মহান উদ্দেশ্য সাধনের জন্য মানবকে সৃষ্টি করা হইয়াছে— তাহার সত্তায় আল্লাহ্‌তা’লার গুণাবলী বিকশিত এবং প্রতিফলিত করিবার জন্য। মানবের ব্যক্তি-সত্তাকে বৈশিষ্ট্যমণ্ডিত করা হইয়াছে এবং সন্দেহাতীতভাবে সমগ্র সৃষ্টির কেন্দ্র-বিন্দু বা মধ্য-মনিরূপে গণ্য করা হইয়াছে, অন্ততঃ সৃষ্টির সেই অংশের জন্য যাহা আমাদের এই বিশ্ব-চরাচরের সঙ্গে সম্পৃক্ত। যেহেতু এক মহান উদ্দেশ্য পূর্ণ করিতে হইবে সেই জন্য ইহজগৎ হইতে এবং জড় আবাস হইতে চলিয়া গেলেও মানুষের জীবনের অবসান হইবে না। তাহার আত্মা নূতন আকৃতিতে এবং নূতন দেহে এক নূতন জগতে অন্তহীনভাবে চলিতে থাকিবে। ‘দেহ হইতে আত্মার বিচ্ছেদই মানবাত্মার মৃত্যু’-এই ধারণা আল্লাহ্‌তা’লার জ্ঞানের বিরোধী, তাঁহার নিখিল-বিশ্ব সৃষ্টির সমস্ত পরিকল্পনা ও লক্ষ্যের বিরোধী।

فَتَعٰلَی اللّٰہُ الۡمَلِکُ الۡحَقُّ ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ رَبُّ الۡعَرۡشِ الۡکَرِیۡمِ ﴿۱۱۷﴾

১১৭
অতএব, আল্লাহ্ মহিমান্বিত প্রকৃত সর্বাধিপতি। তিনি ব্যতীত অন্য কোন মা’বূদ নাই, তিনি সম্মানিত আরশের অধিপতি।

وَمَنۡ یَّدۡعُ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ ۙ لَا بُرۡہَانَ لَہٗ بِہٖ ۙ فَاِنَّمَا حِسَابُہٗ عِنۡدَ رَبِّہٖ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الۡکٰفِرُوۡنَ ﴿۱۱۸﴾

১১৮
এবং যে ব্যক্তি আল্লাহ্‌র সহিত অন্য মা’বূদকে ডাকে, যাহার জন্য তাহার নিকট কোন প্রমাণ নাই, তাহা হইলে তাহার হিসাব তাহার প্রভুর নিকট আছে; বস্তুতঃ কাফেররা কখনও সফলকাম হয় না।

وَقُلۡ رَّبِّ اغۡفِرۡ وَارۡحَمۡ وَاَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ ﴿٪۱۱۹﴾

১১৯
এবং তুমি বল, ‘হে আমার প্রভু! ক্ষমা কর এবং দয়া কর, বস্তুতঃ দয়াকারীদের মধ্যে তুমিই সর্বোত্তম।’
সূরা আল্‌ মো’মেনূন - রুকু ৬