২৩

المؤمنون

সূরা আল্‌ মো’মেনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৯ আয়াত এবং ৬ রুকু আছে।

وَالَّذِیۡنَ یُؤۡتُوۡنَ مَاۤ اٰتَوۡا وَّقُلُوۡبُہُمۡ وَجِلَۃٌ اَنَّہُمۡ اِلٰی رَبِّہِمۡ رٰجِعُوۡنَ ﴿ۙ۶۱﴾

৬১
এবং যাহারা (হকদারকে) যাহা কিছু দান করে তাহা এমন অবস্থায় দান করে যে, তাহাদের অন্তর ভীত-সন্ত্রস্ত থাকে এই বলিয়া যে, এক দিন তাহারা তাহাদের প্রভুর নিকট ফিরিয়া যাইবে—

اُولٰٓئِکَ یُسٰرِعُوۡنَ فِی الۡخَیۡرٰتِ وَہُمۡ لَہَا سٰبِقُوۡنَ ﴿۶۲﴾

৬২
এই সকল লোকই পুণ্য কর্মে তৎপরতা অবলম্বন করে এবং তাহারা পুণ্য কর্মে একে অপরের আগে যাইবার প্রতিযোগিতা করে।

وَلَا نُکَلِّفُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَا وَلَدَیۡنَا کِتٰبٌ یَّنۡطِقُ بِالۡحَقِّ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۶۳﴾

৬৩
এবং আমরা কোন ব্যক্তির উপর তাহার সাধ্যাতীত কোন কর্মভার ন্যস্ত করি না;২০০৫ এবং আমাদের নিকট এক কিতাব আছে যাহা সত্য কথা বলে;২০০৬ এবং তাহাদের উপর কোন যুলুম করা হইবে না।
২০০৫। মানবের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আল্লাহ্‌তা’লা কুরআন মজীদে এইরূপ বিধিনিয়ম স্থাপন করিয়াছেন যাহা তাহার দক্ষতা ও কর্মশক্তির অন্তর্ভুক্ত। সকল অবস্থা, পরিস্থিতি, মেযাজ ও প্রকৃতির জন্য এইগুলি সামঞ্জস্যপূর্ণ।
২০০৬। এই আয়াতগুলির মর্ম এইরূপও হইতে পারে যে, কুরআনের শিক্ষা জ্ঞান-ভিত্তিক এবং সর্বপ্রকার অবস্থা ও পরিস্থিতিতে যথার্থ এবং বিভিন্ন স্বভাব ও প্রকৃতির লোকের জন্য যথা যোগ্য। তদুপরি জ্ঞান, নিরপেক্ষতা ও ন্যায়বিচারের সহিত সংগতি-পূর্ণ। ইহাই ‘ইয়ানতিকু বিল হাক্‌’ অর্থাৎ ‘যাহা সত্য কথা বলে’ উক্তির মর্মার্থ।

بَلۡ قُلُوۡبُہُمۡ فِیۡ غَمۡرَۃٍ مِّنۡ ہٰذَا وَلَہُمۡ اَعۡمَالٌ مِّنۡ دُوۡنِ ذٰلِکَ ہُمۡ لَہَا عٰمِلُوۡنَ ﴿۶۴﴾

৬৪
কিন্তু তাহাদের অন্তরসমূহ ইহার সম্বন্ধে ঔদাসীন্যে পড়িয়া আছে, ইহা ব্যতীত তাহাদের আরও অনেক (মন্দ) কর্ম আছে যাহা তাহারা করিতেছে।

حَتّٰۤی اِذَاۤ اَخَذۡنَا مُتۡرَفِیۡہِمۡ بِالۡعَذَابِ اِذَا ہُمۡ یَجۡـَٔرُوۡنَ ﴿ؕ۶۵﴾

৬৫
এমনকি যখন আমরা তাহাদের মধ্য হইতে অবস্থাশালী লোকদিগকে আযাব দ্বারা ধৃত করি, তখন দেখ! অকস্মাৎ তাহারা ফরিয়াদ করতঃ চিৎকার করিতে থাকে;

لَا تَجۡـَٔرُوا الۡیَوۡمَ ۟ اِنَّکُمۡ مِّنَّا لَا تُنۡصَرُوۡنَ ﴿۶۶﴾

৬৬
(ইহাতে আমরা বলি) ‘আজ তোমরা ফরিয়াদ করতঃ চিৎকার করিও না; আমাদের তরফ হইতে তোমাদিগকে কোন সাহায্য করা হইবে না;

قَدۡ کَانَتۡ اٰیٰتِیۡ تُتۡلٰی عَلَیۡکُمۡ فَکُنۡتُمۡ عَلٰۤی اَعۡقَابِکُمۡ تَنۡکِصُوۡنَ ﴿ۙ۶۷﴾

৬৭
নিশ্চয় আমার আয়াতসমূহ তোমাদের নিকট পাঠ করিয়া শুনানো হইত, কিন্তু তোমরা তোমাদের গোড়ালির উপর (তৎক্ষণাৎ পশ্চাতে) ফিরিয়া যাইতে,

مُسۡتَکۡبِرِیۡنَ ٭ۖ بِہٖ سٰمِرًا تَہۡجُرُوۡنَ ﴿۶۸﴾

৬৮
অহংকার করিয়া,২০০৭ উহার সম্বন্ধে রাত্রিকালে বৃথা বাজে কথা বলিয়া তোমরা পশ্চাতে সরিয়া পড়িতে।’
২০০৭। ‘মুস্‌তাকবিরীন’ শব্দ দ্বারা এইরূপও বুঝায় যে, কুরআনের মত বিশাল গুরুত্বপূর্ণ ওহী দুর্বল মানুষের উপর অর্পণ করার মত নহে বলিয়া অবিশ্বাসীরা মনে করে। অথবা এরূপ বুঝায় যে, কাফেরগণ যখন কুরআন তেলাওয়াত শ্রবণ করে তখন তাহারা অহংকার করিয়া অবাধ্য হইয়া ফিরিয়া যায়।

اَفَلَمۡ یَدَّبَّرُوا الۡقَوۡلَ اَمۡ جَآءَہُمۡ مَّا لَمۡ یَاۡتِ اٰبَآءَہُمُ الۡاَوَّلِیۡنَ ﴿۫۶۹﴾

৬৯
তাহারা কি এই (ঐশী) বাণীর প্রতি মনোনিবেশ করে নাই অথবা তাহাদের নিকট কি এমন কিছু আসিয়াছে যাহা তাহাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের নিকট আসে নাই?

اَمۡ لَمۡ یَعۡرِفُوۡا رَسُوۡلَہُمۡ فَہُمۡ لَہٗ مُنۡکِرُوۡنَ ﴿۫۷۰﴾

৭০
অথবা তাহারা কি তাহাদের রসূলকে২০০৮ চিনে নাই যেজন্য তাহারা তাহাকে অস্বীকার করিতেছে?
২০০৮। এই আয়াতে হযরত নবী করীম (সাঃ)-এর বিরুদ্ধবাদীগণের বিবেকের নিকট এক মর্মস্পর্শী আবেদন রাখা হইয়াছে। তাহাদিগকে বলা হইয়াছে যে, আঁ-হযরত (সাঃ)-এর জীবন তাহাদের সম্মুখে এক খোলা-গ্রন্থের মত বিরাজ করিতেছে। তাহারা উহার সকল স্তরের সহিত সুপরিচিত। ইহা নিষ্কলঙ্ক। বহু বৎসর পর্যন্ত তাহারা তাঁহাকে আল্‌ আমীন ও সাধু সজ্জন বলিয়া জানে, ন্যায়পরায়ণতা ও সদ্‌গুণাবলীর এক আদর্শ নমুনাস্বরূপ দেখিয়াছে এবং এতদ্‌সত্ত্বেও তাহারা তাঁহার (আঁ-হযরত সাঃ) প্রতি মিথ্যা অপবাদ দেওয়ার দুঃসাহস করে। ১২৪৫ টীকা দ্রষ্টব্য।