২২

الحج

সূরা আল্‌ হাজ্জ্ব

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৯ আয়াত এবং ১০ রুকু আছে।

فَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّرِزۡقٌ کَرِیۡمٌ ﴿۵۱﴾

৫১
সুতরাং যাহারা ঈমান আনে এবং পুণ্যকর্ম করে, তাহাদের জন্য ক্ষমা এবং সম্মানজনক রিয্‌ক (অবধারিত) আছে;

وَالَّذِیۡنَ سَعَوۡا فِیۡۤ اٰیٰتِنَا مُعٰجِزِیۡنَ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَحِیۡمِ ﴿۵۲﴾

৫২
কিন্তু যাহারা আমাদিগকে আমাদের নিদর্শনসমূহর ব্যাপারে পরাভূত করিতে চেষ্টা করে — তাহারা জাহান্নামের অধিবাসী।’

وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ مِنۡ رَّسُوۡلٍ وَّلَا نَبِیٍّ اِلَّاۤ اِذَا تَمَنّٰۤی اَلۡقَی الشَّیۡطٰنُ فِیۡۤ اُمۡنِیَّتِہٖ ۚ فَیَنۡسَخُ اللّٰہُ مَا یُلۡقِی الشَّیۡطٰنُ ثُمَّ یُحۡکِمُ اللّٰہُ اٰیٰتِہٖ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿ۙ۵۳﴾

৫৩
এবং আমরা তোমার পূর্বে না কোন রসূল এবং না কোন নবী পাঠাইয়াছি কিন্তু যখনই সে কোন ইচ্ছা করিয়াছে তখনই শয়তান তাহার ইচ্ছার পথে বিঘ্ন দাঁড় করাইয়াছে। কিন্তু আল্লাহ্ উহা দূরীভূত করিয়া দেন যাহা শয়তান দাঁড় করায়।১৯৬২ অতঃপর তিনি নিজ নিদর্শনসমূহকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন। বস্তুতঃ আল্লাহ্‌ সর্বজ্ঞানী, পরম প্রজ্ঞাময়।
১৯৬২। পক্ষপাতদুষ্ট খৃষ্টান লেখকগণ এই আয়াতের স্বেচ্ছাকৃত ভুল ব্যাখ্যা এবং উদ্দেশ্য প্রনোদিত বিকৃত অর্থ করিয়াছে। তাহারা বলে যে, মক্কায় একদিন নবী করীম (সাঃ) সূরা আন্‌ নজমের ২০ এবং ২১ আয়াত তেলাওয়াত করিতেছিলেন, “এখন তোমরা আমাকে ‘লাত’ এবং ‘উয্‌যা’র অবস্থা শুনাও, এবং আরও একটি তৃতীয় ‘মানাতের’ অবস্থাও শুনাও” তখন শয়তান তাঁহার জিহ্‌বাতে -- তিল্‌কাল্ গারানীক্বুল উলা, ওয়া ইন্না শাফা’য়াতাহুন্না লাতুর তাজা’ (ইহারা গৌরবময় দেবী এবং উহাদের শাফায়াত বা সুপারিশ আশা করা যায়) শব্দগুলি ঢালিয়া দিয়াছিল। তাহারা ইহাকে হযরত মুহাম্মাদ (সাঃ)-এর বিচ্যুতি বা ‘প্রতিমা পূজার ব্যাপারে আপোষ’ বলিয়া অভিহিত করিয়াছে। হযরত নবী করীম (সাঃ) কখনো প্রতিমা পূজার ব্যাপারে আপোষ করেন নাই, কখনই কোন বিচ্যুতি তাঁহার পক্ষে ঘটে নাই। এই অভিযোগ স্রেফ কল্পিত। এই সমালোচকগণ সর্বদা নবী করীম (সাঃ)-এর দোষ-ত্রুটি আবিষ্কার করার জন্য প্রস্তুত হইয়া থাকে এবং যখন কিছু পাওয়া যায় না, তখন তাহারা একটা কিছু মিথ্যা উদ্ভাবন করিয়া তাঁহার প্রতি আরোপ করে। ইহার বিস্তারিত বর্ণনা আমরা সংশ্লিষ্ট আয়াত (৫৩ঃ২০, ২১)-এর ব্যাখ্যায় করিব। এখানে শুধু ইহাই বলা যথেষ্ট হইবে যে, সমস্ত কাহিনীটি মিথ্যা প্রমাণিত হয়—এই ঘটনা দ্বারা যে, বিজ্ঞ ব্যক্তিগণের সর্বসম্মত মতে, সূরা নজম আঁ-হুযূর (সাঃ)-এর প্রতি নবুওয়াতের পঞ্চম বৎসরে নাযেল হইয়াছিল, পক্ষান্তরে বর্তমান সূরা মদীনায় নবুওয়াতের ত্রয়োদশ বৎসরে অথবা হিজরতের পূর্ব মুহূর্তে নাযেল হইয়াছিল। ইহা কল্পনাতীত ব্যাপার যে, আল্লাহ্‌তা’লাকে বর্তমান সূরার মধ্যে উক্ত ঘটনা সম্বন্ধে উল্লেখ করিবার জন্য আট বৎসর অপেক্ষা করিতে হইয়াছিল। অধিকন্তু কুরআনের সকল বিজ্ঞ তফসীরকারকগণ কর্তৃক এই কাহিনী সম্পূর্ণ ভিত্তিহীন বলিয়া প্রত্যাখ্যাত হইয়াছে। ইহা ছাড়া আয়াতের কোন শব্দে এইরূপ কিছুই নাই যাহার কারণে একটা ডাহা মিথ্যার আবশ্যক হইতে পারে। আয়াতের অর্থ একেবারে সুস্পষ্ট। এই আয়াতের অভিপ্রায় হইতেছে যে, যখন আল্লাহ্‌তা’লার নবী-রসূল তাঁহার লক্ষ্যে পৌঁছার প্রচেষ্টা চালাইয়া থাকেন অর্থাৎ যখনই তিনি সত্যের বাণী প্রচার করেন এবং আকাংখা করেন যে, পৃথিবীতে আল্লাহ্‌র তৌহীদ যেন প্রতিষ্ঠিত হয়, তখনই শয়তানী শক্তিতে পরিচালিত লোকেরা তাঁহার পথে সকল প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া সত্যের অগ্রগতিকে রুদ্ধ করিতে চেষ্টা করে। উহারা তাঁহার মিশন বা প্রচার কার্যকে ব্যর্থরূপে দেখিতে চায়। কিন্তু তাহারা কখনও ঐশী-পরিকল্পনাকে ব্যাহত করিতে পারে না। আল্লাহ্‌তা’লা সর্বপ্রকার বাধা দূর করিয়া দেন এবং সত্যকে প্রাধান্য দিয়া বিজয়ী করেন। এতদ্ব্যতীত শয়তানের পক্ষে ইহা কিছুতেই সম্ভব নহে যে, সে কুরআনের পবিত্র ওহীতে দখল দিতে পারে। আল্লাহ্‌তা’লা স্বয়ং ইহাকে সকল প্রকার হস্তক্ষেপ ও প্রক্ষেপ হইতে হেফাযত ও সরক্ষণের দায়িত্ব গ্রহণ করিয়াছেন (১৫ঃ১০; ৭২ঃ২৭-২৯)। এমনকি খৃষ্টান পণ্ডিতগণও কুরআনের এই দাবীর সত্যতা স্বীকার করিতে বাধ্য হইয়াছেন।

لِّیَجۡعَلَ مَا یُلۡقِی الشَّیۡطٰنُ فِتۡنَۃً لِّلَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ وَّالۡقَاسِیَۃِ قُلُوۡبُہُمۡ ؕ وَاِنَّ الظّٰلِمِیۡنَ لَفِیۡ شِقَاقٍۭ بَعِیۡدٍ ﴿ۙ۵۴﴾

৫৪
যেন তিনি উহাকে, যাহা শয়তান দাঁড় করায়, ঐ সকল লোকের জন্য পরীক্ষার কারণ করেন, যাহাদের অন্তরে ব্যাধি১৯৬৩ আছে এবং যাহাদের হৃদয় শক্ত পাষাণ, বস্তুতঃ যালেমগণ কঠোর বিরুদ্ধাচরণে লিপ্ত রহিয়াছে।
১৯৬৩। আমরা পূর্ববর্তী আয়াতের যে ব্যাখ্যা করিয়াছি তাহা এই আয়াতও সমর্থন করে। ভিত্তিহীন কল্প-কাহিনী যাহা কতিপয় নাদান ও ব্যাখ্যাকারী উক্ত আয়াত সম্পর্কে জালিয়াতি করিবার দায়িত্ব নিজেদের স্কন্ধে তুলিয়া লইয়াছিল, তাহা ন্যায়নিষ্ঠার সম্পূর্ণ পরিপন্থী। এই আয়াতের অভিপ্রায় হইতেছে যে, শয়তানী চরিত্রের লোকেরা আল্লাহ্‌র প্রেরিতগণের মিশন প্রচারে সর্বপ্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে ইহার অগ্রগতি রোধ করিবার জন্য প্রচেষ্টা চালায়। এবং উহারা এরূপ লোক যাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে, তাহারাই পথভ্রষ্ট। কিন্তু আল্লাহ্‌তা’লা এই রূপ সকল প্রতিবন্ধকতা দূর করিয়া দেন এবং প্রাথমিক ও স্বল্প স্থায়ী বাধা-বিপত্তির পরে সত্য নিয়মিত গতিতে উন্নতি ও অগ্রগতির পথে অগ্রসর হইতে থাকে।

وَّلِیَعۡلَمَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ اَنَّہُ الۡحَقُّ مِنۡ رَّبِّکَ فَیُؤۡمِنُوۡا بِہٖ فَتُخۡبِتَ لَہٗ قُلُوۡبُہُمۡ ؕ وَاِنَّ اللّٰہَ لَہَادِ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۵۵﴾

৫৫
এবং যাহাদিগকে জ্ঞান দান করা হইয়াছে তাহারা যেন জানিতে পারে যে, নিশ্চয় ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে সর্বাঙ্গীন সত্য; ফলে তাহারা যেন ঈমান আনে এবং তাঁহার প্রতি তাহাদের হৃদয় বিনয়াবনত হয়। এবং আল্লাহ্ মো’মেনগণকে সরল-সুদৃঢ় পথের দিকে নিশ্চয় হেদায়াত দিয়া থাকেন;

وَلَا یَزَالُ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ مِرۡیَۃٍ مِّنۡہُ حَتّٰی تَاۡتِیَہُمُ السَّاعَۃُ بَغۡتَۃً اَوۡ یَاۡتِیَہُمۡ عَذَابُ یَوۡمٍ عَقِیۡمٍ ﴿۵۶﴾

৫৬
এবং কাফেরগণ ইহার সম্বন্ধে সেই সময় পর্যন্ত সন্দেহে পড়িয়া থাকিবে যতক্ষণ পর্যন্ত না (ধ্বংসের) নির্ধারিত মুহূর্ত১৯৬৪ তাহাদের উপর অকস্মাৎ আসিয়া পড়িবে, অথবা তাহাদের নিকট এক ধ্বংসাত্মক দিবসের আযাব আসিয়া পড়িবে।১৯৬৫
১৯৬৪। ‘ধ্বংসের নির্ধারিত মূহূর্তে’ শব্দ দ্বারা ইসলামের শেষ বিজয়কে বুঝায়। ইহার অর্থ মক্কা বিজয়ও হইতে পারে, যে সময়ে অবিশ্বাসী কোরায়শদিগের শক্তিকে চূড়ান্ত ভাবে চূর্ণ-বিচূর্ণ করিয়া দেওয়া হইয়াছিল। এই পতন অকস্মাৎ ঘটিয়াছিল। মুসলমান সৈন্য-বাহিনীর মক্কা শহরের দ্বার দেশে আসিয়া পৌঁছার পূর্ব মুহূর্তেও কোরায়শরা তাহাদের আগমন সম্বন্ধে কোন ধারণাই করিতে পারে নাই।
১৯৬৫। ‘ইমরাআতুন আক্বীমুন’ বন্ধ্যা স্ত্রীলোক। ‘ইয়াওমিন আক্বীমিন’ অর্থ বিষাদপূর্ণ দিবস, এক ধ্বংসাত্মক দিবস, কঠিন যুদ্ধের দিবস। এইরূপ বলা হইয়া থাকে যে, বহু নারী এই যুদ্ধে তাহাদের পুত্রদিগকে হারাইয়া ‘আক্বীম’ (বন্ধ্যা) হইয়া গিয়াছিল (মুফরাদাত, লেইন)।

اَلۡمُلۡکُ یَوۡمَئِذٍ لِّلّٰہِ ؕ یَحۡکُمُ بَیۡنَہُمۡ ؕ فَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیۡ جَنّٰتِ النَّعِیۡمِ ﴿۵۷﴾

৫৭
সেদিন সমস্ত আধিপত্য একমাত্র আল্লাহ্‌র হইবে।১৯৬৬ তিনি তাহাদের মধ্যে ফয়সালা করিবেন। সুতরাং যাহারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাহারা নেয়ামতপূর্ণ বাগানসমূহে থাকিবে।
১৯৬৬। সাধারণভাবে প্রয়োগ ছাড়াও এই আয়াত বিশেষভাবে মক্কার পতন সম্পর্কে প্রযোজ্য। সেদিন আরবে আল্লাহ্‌তা’লার আধিপত্য প্রতিষ্ঠিত হইয়াছিল এবং প্রতিমা-উপাসনা উহাদের শক্তির কেন্দ্র হইতে চিরতরে বিদায় নিয়াছিল এবং আল্লাহ্‌র পবিত্র সিদ্ধান্ত এই শব্দগুলিতে উচ্চারিত হইয়াছিল ‘সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে। নিশ্চয় মিথ্যা বিলীন হওয়ারই’(১৭ঃ৮২)।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَا فَاُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿٪۵۸﴾

৫৮
এবং যাহারা অস্বীকার করিয়াছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে, তাহারাই ঐ সকল লোক যাহাদের জন্য লাঞ্ছনাজনক আযাব (নির্ধারিত) আছে।
সূরা আল্‌ হাজ্জ্ব - রুকু ৭

وَالَّذِیۡنَ ہَاجَرُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ثُمَّ قُتِلُوۡۤا اَوۡ مَاتُوۡا لَیَرۡزُقَنَّہُمُ اللّٰہُ رِزۡقًا حَسَنًا ؕ وَاِنَّ اللّٰہَ لَہُوَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ ﴿۵۹﴾

৫৯
এবং যাহারা আল্লাহ্‌র পথে হিজরত করে, অতঃপর নিহত হয় অথবা স্বাভাবিক ভাবে মারা যায়১৯৬৭ নিশ্চয় আল্লাহ্‌ তাহাদিগকে উত্তম রিয্‌ক দান করিবেন। বস্তুতঃ আল্লাহ্‌ রিয্‌ক দাতাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম।
১৯৬৭। যাহারা আল্লাহ্‌তা’লার জন্য নিজেদের ঘরবাড়ী এবং সমস্ত প্রিয় বিষয়াদি ত্যাগ করিয়া তাঁহারই পথে জীবন অতিবাহিত করে এবং তাঁহারই জন্য নিত্য দিন কার্যে ব্যাপৃত অবস্থায় মৃত্যু বরণ করে, তাহারা ঐ সকল লোকের শ্রেণীভুক্ত হওয়ার যোগ্য যাহারা প্রকৃতই আল্লাহ্‌র রাস্তায় যুদ্ধ করিয়া শহীদ হয়, একমাত্র আল্লাহ্‌তা’লার অভ্রান্ত জ্ঞানই তাহাদের জীবনকে অব্যাহত রাখে। ইহাই হইল ‘অথবা স্বাভাবিকভাবে মারা যাওয়ার’ মর্মার্থ ।

لَیُدۡخِلَنَّہُمۡ مُّدۡخَلًا یَّرۡضَوۡنَہٗ ؕ وَاِنَّ اللّٰہَ لَعَلِیۡمٌ حَلِیۡمٌ ﴿۶۰﴾

৬০
তিনি নিশ্চয় তাহাদিগকে এমন স্থানে প্রবেশ করাইবেন যাহাকে তাহারা পসন্দ করিবে। এবং নিশ্চয় আল্লাহ্ সর্বজ্ঞানী, পরম সহিষ্ণু।