২২

الحج

সূরা আল্‌ হাজ্জ্ব

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৯ আয়াত এবং ১০ রুকু আছে।

ۣالَّذِیۡنَ اُخۡرِجُوۡا مِنۡ دِیَارِہِمۡ بِغَیۡرِ حَقٍّ اِلَّاۤ اَنۡ یَّقُوۡلُوۡا رَبُّنَا اللّٰہُ ؕ وَلَوۡلَا دَفۡعُ اللّٰہِ النَّاسَ بَعۡضَہُمۡ بِبَعۡضٍ لَّہُدِّمَتۡ صَوَامِعُ وَبِیَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ یُذۡکَرُ فِیۡہَا اسۡمُ اللّٰہِ کَثِیۡرًا ؕ وَلَیَنۡصُرَنَّ اللّٰہُ مَنۡ یَّنۡصُرُہٗ ؕ اِنَّ اللّٰہَ لَقَوِیٌّ عَزِیۡزٌ ﴿۴۱﴾

৪১
যাহাদিগকে তাহাদের ঘরবাড়ী হইতে অন্যায়ভাবে শুধু এই কারণে বহিষ্কার করা হইয়াছে যে তাহারা বলে, ‘আল্লাহ্ আমাদের প্রতিপালক’।১৯৫৮ আল্লাহ্ যদি এই সকল মানুষের একদলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন, তাহা হইলে সাধু-সন্নাসীগণের মঠ, গির্জা, ইহুদীদের উপাসনালয় এবং মসজিদসমূহ যাহাতে আল্লাহ্‌র নাম অধিক স্মরণ করা হয়,১৯৫৯ অবশ্যই ধ্বংস করিয়া দেওয়া হইত। এবং নিশ্চয় আল্লাহ্ তাহাদিগকে সাহায্য করিবেন যাহারা তাঁহার (ধর্মের পথে) সাহায্য করে; নিশ্চয় আল্লাহ্ অতিশয় শক্তিমান, মহা পরাক্রমশালী।
১৯৫৮। এই আয়াত দ্বিতীয় কারণ উত্থাপন করিয়াছে। উহা এই যে, মুসলমানগণ কোন ন্যায়সম্মত ও বৈধ কারণ ছাড়াই তাহাদের বাড়ী-ঘর হইতে বিতাড়িত হইয়াছিল। তাহাদের একমাত্র অপরাধ ছিল যে, তাহারা এক আল্লাহ্‌তে বিশ্বাস স্থাপন করিয়াছিল। বৎসরের পর বৎসর মক্কায় মুসলমানগণ নির্যাতিত হইয়াছিল, তৎপর তাহারা সেস্থান হইতে বিতাড়িত হইয়াছিল এবং মদীনায় হিজরতের পরে সেখানেও শান্তিতে থাকিতে পারিল না। মদীনায় চারিদিকের আরব উপজাতিগুলির সমন্বিত আক্রমণ দ্বারা ইসলামকে সম্পূর্ণ নির্মূল করিয়া দেওয়ার অবস্থা সৃষ্টি করা হইল। কোরায়শগণ কা’বা ঘরের তত্ত্বাবধায়ক হওয়ায় তাহাদের প্রভাবই ছিল সর্বাপেক্ষা অধিক। স্বয়ং মদীনাও তখন ছিল বিদ্রোহ এবং বিশ্বাসঘাতকতা দ্বারা পরিপূর্ণ। নবী করীম (সাঃ)-এর দেশত্যাগের ফলে ঐক্যবদ্ধ ইহুদীগণের বিরোধিতা হ্রাস হওয়ার পরিবর্তে বৃদ্ধি পাইয়াছিল। এইরূপে ভয়ানক প্রতিকূল অবস্থার মধ্যে মুসলমানগণ নিজেদের জীবন, ঈমান এবং রসূল (সাঃ)-কে ধ্বংসের হাত হইতে রক্ষা করিবার জন্য অস্ত্র ধারণ করিতে বাধ্য হইয়াছিল। কোন মানুষের যদি কখনো যুদ্ধ করিবার যথার্থতা ও ন্যায়সম্মত কোন কারণ থাকিয়া থাকে, তাহা সর্বাংশে ছিল হযরত মুহাম্মদ (সাঃ) এবং তাঁহার সাহাবা কেরামের (রাঃ)। তথাপি ইসলামের একেবারে অযৌক্তিক সমালোচনাকারীগণ আক্রমণাত্মক যুদ্ধ দ্বারা জবরদস্তিপূর্বক অনিচ্ছুক মানুষের উপর তাঁহার ধর্মের বিশ্বাস চাপাইয়া দেওয়ার মিথ্যা অভিযোগ আনিয়াছে।
১৯৫৯। মুসলমানগণ কেন যুদ্ধ করিতে বাধ্য হইয়াছিল—এই যুক্তি প্রদর্শন করিবার পর তফসীরাধীন আয়াত ইসলাম ধর্মে যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করিয়াছে। উদ্দেশ্য কখনো এইরূপ ছিল না যে, অপর জনগোষ্ঠীকে তাহাদের বাড়ী-ঘর, বিষয়-সম্পত্তির অধিকার হইতে বঞ্চিত করা বা তাহাদের জাতীয় স্বাধীনতা হরণ করিয়া বিদেশী শক্তির গোলামী করিতে বাধ্য করা। ইহা না ছিল বাজার আবিষ্কার করা, না নূতন উপনিবেশ স্থাপন করা, যেরূপ পশ্চিমা শক্তিগুলি করিয়া থাকে। ইহা ছিল আত্মরক্ষার জন্য এবং ইসলাম ধর্মকে নির্মূল করার হাত হইতে রক্ষার জন্য যুদ্ধ করা এবং বিবেকের স্বাধীনতা, চিন্তা ও বুদ্ধির মুক্তি প্রতিষ্ঠা করার যুদ্ধ। ইহার আরও উদ্দেশ্য ছিল অন্যান্য ধর্মের উপাসনালয়ের স্থানগুলিকে রক্ষা করা যথা, গীর্জা, ইহুদীদের উপাসনার স্থান, মন্দির, মঠ-বা আশ্রম ইত্যাদি (২ঃ১৯৪; ২ঃ২৫৭; ৮ঃ৪০ এবং ৮ঃ৭৩)। এতদনুসারে ইসলামে যুদ্ধের প্রথম ও প্রধান লক্ষ্য ছিল এবং সর্বদাই ভবিষ্যতেও থাকিবে—ধর্মীয় বিশ্বাস এবং ইবাদতের স্বাধীনতা প্রতিষ্ঠা করা এবং বিনা কারণে অন্যায় আক্রমণের বিরুদ্ধে দেশ, সম্মান এবং স্বাধীনতা রক্ষাকল্পে যুদ্ধ করা। যুদ্ধ করিবার জন্য উহা অপেক্ষা অধিকতর সঙ্গত উদ্দেশ্য অন্য কিছু হইতে পারে কি?

اَلَّذِیۡنَ اِنۡ مَّکَّنّٰہُمۡ فِی الۡاَرۡضِ اَقَامُوا الصَّلٰوۃَ وَاٰتَوُا الزَّکٰوۃَ وَاَمَرُوۡا بِالۡمَعۡرُوۡفِ وَنَہَوۡا عَنِ الۡمُنۡکَرِ ؕ وَلِلّٰہِ عَاقِبَۃُ الۡاُمُوۡرِ ﴿۴۲﴾

৪২
ইহারা এমন লোক যে, যদি আমরা তাহাদিগকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি, তাহা হইলে তাহারা নামায কায়েম করিবে, যাকাত দিবে এবং সৎকর্মের আদেশ করিবে এবং মন্দ কর্ম হইতে নিষেধ করিবে।১৯৬০ বস্তুতঃ সকল কর্মের পরিণাম আল্লাহ্‌র ইখতিয়ারে।
১৯৬০। এই আয়াতে মুসলমানদিগকে এই আদেশ দেওয়া হইয়াছে যে, তাহাদের হাতে যখন ক্ষমতা আসিবে, তখন ইহা তাহাদের নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করা সমীচীন হইবে না, বরং দরিদ্র ও অবহেলিত লোকদিগের ভাগ্যের উন্নতি বিধানের জন্য এবং তাহাদের কর্তৃত্বাধীন রাজ্যগুলিতে শান্তি-নিরাপত্তা প্রতিষ্ঠিত করিবার জন্য উক্ত ক্ষমতা নিয়োজিত করিতে হইবে এবং ইবাদত বা উপাসনার স্থানসমূহকে রক্ষা করা ও সম্মান করা তাহাদের কর্তব্য হইবে।

وَاِنۡ یُّکَذِّبُوۡکَ فَقَدۡ کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّعَادٌ وَّثَمُوۡدُ ﴿ۙ۴۳﴾

৪৩
এবং যদি তাহারা তোমাকে মিথ্যাবাদী বলিয়া অস্বীকার করে, তাহা হইলে (ইহা নূতন কথা নহে) তাহাদের পূর্বেও (নবীদিগকে) মিথ্যাবাদী বলিয়া অস্বীকার করিয়াছিল নূহের জাতি এবং আদ এবং সামূদ —

وَقَوۡمُ اِبۡرٰہِیۡمَ وَقَوۡمُ لُوۡطٍ ﴿ۙ۴۴﴾

৪৪
এবং ইব্রাহীমের জাতি এবং লূতের জাতি;

وَّاَصۡحٰبُ مَدۡیَنَ ۚ وَکُذِّبَ مُوۡسٰی فَاَمۡلَیۡتُ لِلۡکٰفِرِیۡنَ ثُمَّ اَخَذۡتُہُمۡ ۚ فَکَیۡفَ کَانَ نَکِیۡرِ ﴿۴۵﴾

৪৫
এবং মিদিয়ানবাসীগণ। এবং মূসাকে মিথ্যাবাদী বলিয়া অস্বীকার করা হইয়াছিল। তখন আমি অস্বীকারকারীগণকে কিছু অবকাশ দিয়াছিলাম, অতঃপর আমি তাহাদিগকে পাকড়াও করিয়াছিলাম; অতএব (চিন্তা করিয়া দেখ) আমাকে অস্বীকার করা (পরিণামে) কত ভয়াবহ ছিল!

فَکَاَیِّنۡ مِّنۡ قَرۡیَۃٍ اَہۡلَکۡنٰہَا وَہِیَ ظَالِمَۃٌ فَہِیَ خَاوِیَۃٌ عَلٰی عُرُوۡشِہَا وَبِئۡرٍ مُّعَطَّلَۃٍ وَّقَصۡرٍ مَّشِیۡدٍ ﴿۴۶﴾

৪৬
এবং কত জনপদ ছিল যেগুলিকে আমরা এমতাবস্থায় ধ্বংস করিয়া দিয়াছি যখন তাহারা যুলুমে লিপ্ত ছিল, ফলে ঐগুলি স্বীয় ছাদের উপরে পড়িয়া রহিয়াছে, এবং কত পরিত্যক্ত কূপ এবং সুউচ্চ ও সুদৃঢ় কিল্লা (যেগুলিকে আমরা ধ্বংস করিয়াছি)!

اَفَلَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَتَکُوۡنَ لَہُمۡ قُلُوۡبٌ یَّعۡقِلُوۡنَ بِہَاۤ اَوۡ اٰذَانٌ یَّسۡمَعُوۡنَ بِہَا ۚ فَاِنَّہَا لَا تَعۡمَی الۡاَبۡصَارُ وَلٰکِنۡ تَعۡمَی الۡقُلُوۡبُ الَّتِیۡ فِی الصُّدُوۡرِ ﴿۴۷﴾

৪৭
তাহারা কি পৃথিবীতে ভ্রমণ করিয়া দেখে নাই যাহাতে তাহারা এমন হৃদয় লাভ করে যেগুলি দ্বারা তাহারা (এইসব কথা) উপলব্ধি করিতে পারে অথবা এমন কান লাভ করে, যেগুলি দ্বারা তাহারা (এই সব কথা) শুনিতে পারে? আসল কথা এই যে, বাহ্যিক চক্ষু অন্ধ হয় না, পরন্তু অন্ধ হয় হৃদয় যাহা বক্ষেঃ আছে।১৯৬১
১৯৬১। এই আয়াত ইহা সুস্পষ্ট করিয়া দিয়াছে যে, এই আয়াতে এবং কুরআনের অন্যান্য স্থানে বর্ণিত এই প্রকারে মৃত, অন্ধ এবং বধির বলিতে ঐ সকল লোকদিগকে বুঝাইতেছে যাহারা আধ্যাত্মিক ভাবে মৃত, অন্ধ এবং বধির।

وَیَسۡتَعۡجِلُوۡنَکَ بِالۡعَذَابِ وَلَنۡ یُّخۡلِفَ اللّٰہُ وَعۡدَہٗ ؕ وَاِنَّ یَوۡمًا عِنۡدَ رَبِّکَ کَاَلۡفِ سَنَۃٍ مِّمَّا تَعُدُّوۡنَ ﴿۴۸﴾

৪৮
এবং তাহারা তোমার নিকট শীঘ্র আযাব কামনা করিতেছে, অথচ আল্লাহ্‌ কখনও তাঁহার ওয়াদা ভংগ করেন না। এবং নিশ্চয় কোন কোন দিন তোমার প্রতিপালকের নিকট এক হাজার বৎসরের সমান যাহা তোমরা গণনা কর।১৯৬১-ক
১৯৬১-ক। বর্ণিত আছে যে, হযরত রসূল করীম (সাঃ) ফরমাইয়াছেন যে, ইসলামের প্রথম তিন শতাব্দী ইহার সর্বোত্তম সময়, তৎপর মিথ্যার প্রাদুর্ভাব হইবে এবং এক অন্ধকার যুগের বাতাস বহিতে আরম্ভ করিবে যাহা এক হাজার বৎসরাধিক কাল ব্যাপিয়া চলিতে থাকিবে (তিরমিযী)। উক্ত এক সহস্র বৎসর সময় একদিনের অনুরূপ বলা হইয়াছে (৩২ঃ৬)। এই সময়ের মধ্যে নীল চক্ষুবিশিষ্ট এক জাতির উত্থান হইবে এবং তাহারা সমগ্র পৃথিবীতে ছড়াইয়া পড়িবে (২০ঃ১০৩-১০৪)। উহারাই নীল চক্ষুবিশিষ্ট লোকরূপে চিত্রায়িত হইয়াছে যাহারা জাগতিক গৌরব ও রাজনৈতিক ক্ষমতার ফলে অতিশয় আত্মম্ভরিতা ও ঔদ্ধত্য সহকারে নবী করীম (সাঃ)-কে চ্যালেঞ্জের সম্মুখীন করিয়াছে। তাঁহার ঘোষণাকৃত শাস্তি ত্বরান্বিত করিবার জন্য তাহারা শীঘ্র কামনা করিতেছে যাহা তাহাদিগকে নির্ধারিত এবং প্রতিশ্রুত সময়ে পাকড়াও করিবে বলিয়া তিনি ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন।

وَکَاَیِّنۡ مِّنۡ قَرۡیَۃٍ اَمۡلَیۡتُ لَہَا وَہِیَ ظَالِمَۃٌ ثُمَّ اَخَذۡتُہَا ۚ وَاِلَیَّ الۡمَصِیۡرُ ﴿٪۴۹﴾

৪৯
এবং এমন কত জনপদ ছিল যাহাদিগকে আমি (প্রথমে) অবকাশ দিয়াছিলাম, অথচ তাহারা যুলুমে ব্যাপৃত ছিল। অতঃপর আমি তাহাদিগকে পাকড়াও করিয়াছি, এবং আমারই নিকট প্রত্যাবর্তন করিতে হইবে।
সূরা আল্‌ হাজ্জ্ব - রুকু ৬

قُلۡ یٰۤاَیُّہَا النَّاسُ اِنَّمَاۤ اَنَا لَکُمۡ نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿ۚ۵۰﴾

৫০
তুমি বল, ‘হে মানবমণ্ডলী! আমি তোমাদের জন্য কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী;