৫৯

الحشر

সূরা আল-হাশর

Al-Hashr

মাদানী ২৫ আয়াত ৩ রুকু পারা ২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৫ আয়াত এবং ৩ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১খদেখুন: ১৭:৪৫; ২৪:৪২; ৬১:২; ৬২:২; ৬৪:২

سَبَّحَ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ۚ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۲﴾

২
আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে (সবই) আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে।৩০১৫ আর তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
৩০১৫। দেখুন টীকা ২৯৮১। আল্লাহ তা’লার গুণাবলি উল্লেখ ও স্মরণ করাকে বলা হয় ‘তাসবীহ’ এবং আল্লাহ তা’লার কার্যাবলি উল্লেখ ও স্মরণ করাকে বলা হয় ‘তাকদীস’।

ہُوَ الَّذِیۡۤ اَخۡرَجَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ مِنۡ دِیَارِہِمۡ لِاَوَّلِ الۡحَشۡرِ ؕؔ مَا ظَنَنۡتُمۡ اَنۡ یَّخۡرُجُوۡا وَظَنُّوۡۤا اَنَّہُمۡ مَّانِعَتُہُمۡ حُصُوۡنُہُمۡ مِّنَ اللّٰہِ فَاَتٰٮہُمُ اللّٰہُ مِنۡ حَیۡثُ لَمۡ یَحۡتَسِبُوۡا ٭ وَقَذَفَ فِیۡ قُلُوۡبِہِمُ الرُّعۡبَ یُخۡرِبُوۡنَ بُیُوۡتَہُمۡ بِاَیۡدِیۡہِمۡ وَاَیۡدِی الۡمُؤۡمِنِیۡنَ ٭ فَاعۡتَبِرُوۡا یٰۤاُولِی الۡاَبۡصَارِ ﴿۳﴾

৩
তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি আহলে কিতাবের মাঝে অস্বীকারকারীদের প্রথম দলবদ্ধ নির্বাসনের সময় তাদেরকে বাড়িঘর থেকে বের করে দিয়েছিলেন।৩০১৬ তারা বের হয়ে যাবে বলে তোমরা ধারণাও করো নি, যদিও তারা মনে করত, তাদের দুর্গসমূহ আল্লাহর (হাত) থেকে তাদেরকে রক্ষা করবে; গদেখুন: ১৬:২৭; ৩৯:২৬কিন্তু আল্লাহ এমন দিক থেকে তাদের কাছে আসলেন যা তারা কল্পনাও করে নি।৩০১৭ ঘদেখুন: ৩:১৫২; ৮:১৩আর তিনি তাদের অন্তরে ত্রাসসঞ্চার করলেন। তারা নিজেদের হাতে ও মুমিনদের হাতে নিজেদের বাড়িঘর ধ্বংস করছিল।৩০১৮ সুতরাং হে দূরদৃষ্টিসম্পন্ন লোকেরা! তোমরা শিক্ষা গ্রহণ করো।
৩০১৬। মদীনাতে তিনটি ইহুদী গোত্র বাস করত, বনু কাইনুকা, বনু নাযীর ও বনু কুরাইযা। এ আয়াতে মদীনা থেকে ‘বনু নাযীর’ গোত্রের নির্বাসনের ঘটনার কথা বলছে। এদের পূর্ববর্তী ‘বনু কাইনুকা গোত্রের মতো এরাও বার বার মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তারা ষড়যন্ত্র করে শত্রুদের সাথে গোপনে হাত মিলিয়ে মুসলিম বিরোধী মৈত্রী গড়েছিল। তারা বার বার অঙ্গীকার ভঙ্গ করছিল এবং হযরত মুহাম্মদ (সা.)-এর জীবননাশের ষড়যন্ত্র পর্যন্ত তারা করেছিল। তাদের নেতা কাব বিন আশরাফ মুসলমানদেরকে মদীনা থেকে বিতাড়িত করার জন্য মক্কায় গিয়ে কুরাইশ ও অন্যান্য পৌত্তলিক গোত্রগুলোর সাহায্য চেয়েছিল। উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়ের পর তাদের ষড়যন্ত্র ও মহানবী (সা.)-এর প্রতি অবজ্ঞা প্রদর্শন বহুলাংশে বেড়ে গেল। তাদের পাপের পাত্র যখন কানায় কানায় ভরে গেল এবং তাদের মদীনায় অবস্থান মুসলমানদের জীবনের প্রতি ও মুসলিম রাষ্ট্রের প্রতি স্থায়ী হুমকি হয়ে দাঁড়ালো তখন তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে নবী করীম (সা.) বাধ্য হলেন। তিনি ৩০১৭ ও ৩০১৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য তাদের দুর্গগুলো অবরোধ করলেন। একুশ দিন ধরে তারা দুর্গগুলোকে স্বীয় অধিকারে রাখল, কিন্তু তাদের শেষ রক্ষা হলো না। তারা আত্মসমর্পণ করল। তাদেরকে মদীনা ছেড়ে যেতে বলা হলো এবং তারা সিরিয়ায় চলে গেল। মাত্র দুটি পরিবার খায়বারে থেকে গেল। মহানবী (সা.) তাদের প্রতি ব্যতিক্রমধর্মী বিবেচনা ও অসামান্য দয়া প্রদর্শন করলেন। তিনি তাদেরকে তাদের সব মালামাল ও তৈজসপত্র তাদের সাথে নিয়ে যেতে দিলেন। পূর্ণ নিরাপত্তার ভেতর দিয়ে তারা মদীনা ত্যাগ করল, কিন্তু তারা তখনো মক্কার মিত্রদের সাহায্যের আশা করছিল এবং মদীনার মুনাফিকদের দিকে তাকিয়ে ছিল। তাদের অজেয় দুর্গগুলো তাদেরকে বাঁচাতে পারল না। তাদের অসৎ উদ্দেশ্য ও গোপন ষড়যন্ত্র, তাদের চালাকি ও চক্রান্ত, তাদের পৌনঃপুনিক বিশ্বাসঘাতকতা ও অবিশ্বস্ততা এবং বার বার প্রতিজ্ঞাভঙ্গ ইত্যাদির তুলনায় তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছিল তা খুবই লঘু। ‘প্রথম দলবদ্ধ নির্বাসনের সময়’ কথাগুলো দ্বারা বদরের যুদ্ধের পরে ‘বনু কাইনুকা’ গোত্রের মদীনা থেকে নির্বাসনকেও বুঝাতে পারে অথবা নবী করীম (সা.) কর্তৃক মদীনা থেকে উপরোক্ত তিন গোত্রের বহিষ্কারকেও বুঝাতে পারে। এটা ছিল তিন গোত্রের ক্ষেত্রেই প্রথম বহিষ্কার। মহানবী (সা.)-এর দ্বিতীয় খলীফা হযরত উমর (রা.) দ্বিতীয় ও শেষ বারের মতো আরব ভূখণ্ড থেকে সকল ইহুদীকেই বিতাড়ন করেন। এ দিক দিয়ে বিচার করলে দেখা যায়, একথাগুলোর মধ্যে একটা প্রচ্ছন্ন ভবিষ্যদ্বাণী রয়েছে আর তা হলো, মদীনার ইহুদী গোত্রগুলো প্রথম বার নবী করীম (সা.) কর্তৃক নির্বাসিত হবার পর আবার দ্বিতীয় বার তারা গোটা আরব ভূমি থেকে নির্বাসিত হবে।
৩০১৭। ইহুদীদের ধনসম্পদ, রাজনৈতিক জোট এবং সংগঠনের দিকে তাকালে কেউ কল্পনাও করতে পারবে না, তারা এত সহজে রক্তপাত ও জীবনহানি ছাড়াই মদীনা থেকে নির্বাসিত হবার বাস্তবতাকে মেনে নেবে। মুসলমানরাও তা ভাবে নি।
৩০১৮। মদীনা ত্যাগের পূর্বমুহূর্তে বনু নাযীর গোত্র নিজ হতে তাদের বাড়িঘর, আসবাবপত্র ও অন্যান্য অস্থাবর সম্পত্তি মুসলমানদের চোখের সামনে ধ্বংস করল। মহানবী (সা.) তাদেরকে নিজ ইচ্ছামাফিক তাদের বিষয়সম্পত্তির ব্যবস্থা করার জন্য দশ দিনের সময় দিয়েছিলেন, কিন্তু তারা অন্য কিছু না করে ধ্বংস করার নীতিই অবলম্বন করল। এভাবে দ্বিতীয় মহাযুদ্ধের সময় রুশদের ‘পোড়ামাটি নীতি’ পন্থা অবলম্বনের বহু শতাব্দী পূর্বেই মদীনার ইহুদীরা এ নীতির গোড়াপত্তন করেছিল। ৩০১৯ ও ৩০২০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَلَوۡلَاۤ اَنۡ کَتَبَ اللّٰہُ عَلَیۡہِمُ الۡجَلَآءَ لَعَذَّبَہُمۡ فِی الدُّنۡیَا ؕ وَلَہُمۡ فِی الۡاٰخِرَۃِ عَذَابُ النَّارِ ﴿۴﴾

৪
আর আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন অবধারিত করে না রাখতেন তাহলে তিনি এ পৃথিবীতেই তাদেরকে শাস্তি দিতেন।৩০১৯ আর পরকালে তাদের জন্য আগুনের আযাব (নির্ধারিত) রয়েছে।
৩০১৯। মদীনা থেকে বনু নাযীরের বহিষ্কার ছিল অপরাধের তুলনায় নগণ্য শাস্তি। তারা গুরুতর শাস্তির যোগ্য ছিল। তারা নির্বাসিত না হলে অন্যভাবে ভয়াবহ শাস্তিপ্রাপ্ত হতো।

ذٰلِکَ بِاَنَّہُمۡ شَآقُّوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ ۚ وَمَنۡ یُّشَآقِّ اللّٰہَ فَاِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۵﴾

৫
এর কারণ হলো, তারা আল্লাহ ও তাঁর রসূলের চরম বিরোধিতা করেছে। কদেখুন: ৪:১১৬; ৮:১৪; ৪৭:৩৩আর যে আল্লাহর বিরোধিতা করে (তার জেনে রাখা উচিত,) নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অতি কঠোর।

مَا قَطَعۡتُمۡ مِّنۡ لِّیۡنَۃٍ اَوۡ تَرَکۡتُمُوۡہَا قَآئِمَۃً عَلٰۤی اُصُوۡلِہَا فَبِاِذۡنِ اللّٰہِ وَلِیُخۡزِیَ الۡفٰسِقِیۡنَ ﴿۶﴾

৬
তোমরা যে খেজুর গাছই কেটেছিলে বা সেটিকে নিজ মূলে অক্ষত দাঁড়িয়ে থাকতে দিয়েছিলে, মূলত তা ছিল আল্লাহর আদেশে।৩০২০ আর (এর উদ্দেশ্য ছিল,) তিনি যেন দুষ্কৃতকারীদের লাঞ্ছিত করে দেখান।
৩০২০। এখানে বনু নাযীর গোত্রের কয়েকটি খেজুর গাছ কাটার কথা উল্লেখ হয়েছে। ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, নবী করীম (সা.) ইহুদী গোত্রকে বার বার আত্মসমর্পণের আহ্বান জানালেও তারা তা গ্রাহ্য না করে নিজেদেরকে দুর্গের মধ্যে আবদ্ধ রাখল। বেশ কয়েকদিন অবরোধ করে রাখার পর তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য মহানবী (সা.) কয়েকটি খাওয়ার অযোগ্য নিম্নমানের ফলদায়ী ‘লীনা’ জাতীয় খেজুর গাছ কেটে ফেলার নির্দেশ দেন (আর-রাউযুল উনুফ)। ছয়টি গাছ কাটার পরই তারা আত্মসমর্পণ করে (যুরকানী)। মহানবী (সা.)-এর এ নির্দেশ ছিল অত্যন্ত লঘু ও অনুকম্পাপূর্ণ, যা বর্তমান সভ্যতার যুগে অনুষ্ঠিত যুদ্ধের নীতি ও আইনের সাথেও সম্পূর্ণ সংগতিপূর্ণ।

وَمَاۤ اَفَآءَ اللّٰہُ عَلٰی رَسُوۡلِہٖ مِنۡہُمۡ فَمَاۤ اَوۡجَفۡتُمۡ عَلَیۡہِ مِنۡ خَیۡلٍ وَّلَا رِکَابٍ وَّلٰکِنَّ اللّٰہَ یُسَلِّطُ رُسُلَہٗ عَلٰی مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۷﴾

৭
আর আল্লাহ তাদের (তথা বিদ্রোহী লোকদের) ধনসম্পদের মাঝ থেকে নিজ রসূলকে যা (বিনাযুদ্ধে) দান করেছেন এর জন্য তোমরা ঘোড়া বা উট কোনোটিই হাঁকাও নি, কিন্তু আল্লাহ যার ওপর চান নিজ রসূলদের কর্তৃত্ব দান করেন। আর আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান।

مَاۤ اَفَآءَ اللّٰہُ عَلٰی رَسُوۡلِہٖ مِنۡ اَہۡلِ الۡقُرٰی فَلِلّٰہِ وَلِلرَّسُوۡلِ وَلِذِی الۡقُرۡبٰی وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنِ وَابۡنِ السَّبِیۡلِ ۙ کَیۡ لَا یَکُوۡنَ دُوۡلَۃًۢ بَیۡنَ الۡاَغۡنِیَآءِ مِنۡکُمۡ ؕ وَمَاۤ اٰتٰٮکُمُ الرَّسُوۡلُ فَخُذُوۡہُ ٭ وَمَا نَہٰٮکُمۡ عَنۡہُ فَانۡتَہُوۡا ۚ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ۘ﴿۸﴾

৮
আল্লাহ জনপদসমূহের অধিবাসীদের ধনসম্পদ থেকে তাঁর রসূলকে (কৃপাস্বরূপ বিনাযুদ্ধে) যা দান করেছেন,৩০২১ তা আল্লাহ ও রসূলের জন্য এবং নিকটাত্মীয়দের, এতিমদের, অভাবীদের আর মুসাফিরদের জন্য নির্ধারিত, যেন এটি তোমাদের বিত্তশালীদের মাঝেই আবর্তিত হতে না থাকে। আর রসূল তোমাদের যা দান করে তা গ্রহণ করো এবং যে বিষয়ে নিষেধ করে তা থেকে বিরত হও।৩০২২ আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অতি কঠোর।
৩০২১। ‘ফাই’ সেসব দ্রব্যসামগ্রীকেও বলা হয় যা বিনাপরিশ্রমে, বিনাযুদ্ধে ও বিনাকষ্টে মুসলমানদের হাতে আসে। সেজন্য এতে যোদ্ধার কোনো অংশ প্রাপ্য থাকে না, সবটাই সরকারি খাজাঞ্চিখানায় চলে যায়। খায়বারের ইহুদীদের কাছ থেকে যে দ্রব্যসামগ্রী মুসলমানদের হস্তগত হয়েছিল, এ আয়াতে তারই প্রতি বিশেষ ইঙ্গিত রয়েছে। এতে এ নীতি কায়েম হয়েছে, ধনসম্পদ যেন কেবল ধনী ও সম্পদশালীদের মাঝেই হাতবদল না হয়। ব্যক্তিবিশেষের স্বাস্থ্য সংরক্ষণের জন্য যেমন তার শারীরিক প্রয়োজন ও চাহিদাগুলো মেটানো দরকার, তেমনই সমাজের স্বাস্থ্যের জন্য সম্পদের সুষম বণ্টন এবং সম্পদের অবাধ ও সহজ সরবরাহ বা সার্কুলেশন অত্যাবশ্যক। এটাই ইসলামী অর্থনীতির মূলভিত্তি। ইসলাম এসে মানুষকে কায়েমি স্বার্থের যাঁতাকলে নিষ্পেষিত পেয়েছিল। তাই ইসলাম এমন ব্যবস্থা প্রবর্তন করল যা অর্থসম্পদভিত্তিক সামাজিক বৈষম্যকে চূর্ণবিচূর্ণ করে দিল এবং অন্যায়ভাবে সংরক্ষিত ৩০২২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য বিশেষ সুবিধা ভোগকে প্রায় বিলুপ্ত করে দিল। ইসলাম ন্যায্য মুনাফাভিত্তিক সামাজিক ব্যাবসা কিংবা অর্থনৈতিক প্রতিযোগিতার বিরোধিতা করে না। তবে সম্পদ আহরণের প্রেরণা ও প্রতিযোগিতা, ন্যায় ও সহমর্মিতা দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। মুনাফার লোভ মানুষের আছেই, তবে প্রতিযোগিতামূলক অতি মুনাফা আর অতি লোভ সামাজিক আইন দ্বারা সংযত করা ছাড়া উপায় নাই। ‘যাকাত’ ইসলামের হাতে এমন একটি মৌলিক অর্থনৈতিক অস্ত্র যা অন্যের প্রয়োজন ও অভাবকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করেছে। সমাজের দরিদ্রতা বিতাড়নে যাকাত ছাড়াও অন্যান্য ব্যবস্থা ইসলামে রয়েছে।
৩০২২। ‘রসূল তোমাদের যা দান করে তা গ্রহণ করো’ বাক্যটিতে প্রকাশ পায়, ইসলামী আইনের একটি অপরিহার্য অঙ্গ হলো রসূলুল্লাহ (সা.)-এর সুন্নত।

لِلۡفُقَرَآءِ الۡمُہٰجِرِیۡنَ الَّذِیۡنَ اُخۡرِجُوۡا مِنۡ دِیَارِہِمۡ وَاَمۡوَالِہِمۡ یَبۡتَغُوۡنَ فَضۡلًا مِّنَ اللّٰہِ وَرِضۡوَانًا وَّیَنۡصُرُوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ اُولٰٓئِکَ ہُمُ الصّٰدِقُوۡنَ ۚ﴿۹﴾

৯
(বিনাযুদ্ধে প্রাপ্ত এ সম্পদ) সেই দরিদ্র মুহাজিরদের জন্যও বটে, যাদেরকে নিজ ভিটেমাটি ও সহায়সম্পদ থেকে উচ্ছেদ করা হয়েছে। তারা আল্লাহরই অনুগ্রহ ও তাঁর সন্তুষ্টি চায় এবং আল্লাহ ও তাঁর রসূলকে সাহায্য করে। এরাই তারা- যারা (ঈমানের দাবিতে) সত্য।কদেখুন: ৫:৩; ৪৮:৩০

وَالَّذِیۡنَ تَبَوَّؤُ الدَّارَ وَالۡاِیۡمَانَ مِنۡ قَبۡلِہِمۡ یُحِبُّوۡنَ مَنۡ ہَاجَرَ اِلَیۡہِمۡ وَلَا یَجِدُوۡنَ فِیۡ صُدُوۡرِہِمۡ حَاجَۃً مِّمَّاۤ اُوۡتُوۡا وَیُؤۡثِرُوۡنَ عَلٰۤی اَنۡفُسِہِمۡ وَلَوۡ کَانَ بِہِمۡ خَصَاصَۃٌ ؕ۟ وَمَنۡ یُّوۡقَ شُحَّ نَفۡسِہٖ فَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ۚ﴿۱۰﴾

১০
আর (এ যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্যও) যারা পূর্ব থেকেই (মদীনায়) বসবাস করত এবং তাদের (অর্থাৎ মুহাজিরদের আসার) পূর্বেই ঈমান এনেছিল, তারা তাদের ভালোবাসত যারা হিজরত করে তাদের কাছে এসেছিল। আর যা তাদেরকে দেওয়া হয়েছিল, তারা এর (তথা সেই সম্পদের) কোনো আকাঙ্ক্ষা নিজেদের অন্তরে রাখত না। আর নিজেরা দরিদ্র হওয়া সত্ত্বেও তারা নিজেদের ওপর অন্যদের (অর্থাৎ মুহাজিরদের) অগ্রাধিকার দিত।৩০২৩ খদেখুন: ৬৪:১৭আর স্বভাবগত কার্পণ্য থেকে যাদেরকে রক্ষা করা হয়, অবশেষে তারাই সফল হবে।
৩০২৩। এ আয়াতের কথাগুলো আনসারদের (তথা মদীনার সাহায্যকারী মুসলমানদের) আত্মত্যাগ, আতিথেয়তা ও শুভেচ্ছার বিরাট সাক্ষ্য ও প্রশংসাপত্র। মক্কার মুহাজিররা তাদের ধনসম্পদ সবকিছু মক্কাতে ছেড়ে আসতে বাধ্য হয়েছিল। কেবল প্রাণ নিয়ে তারা নিরুপায়ের মতো যখন মদীনায় পৌঁছালেন, মদীনাবাসী মুসলমানরা তখন তাঁদেরকে প্রাণ খুলে স্বাগত জানালেন এবং নিজেদের সবকিছুতেই তাঁদেরকে সমান অংশীদার বানালেন। যে প্রগাঢ় ভালোবাসা ও ভ্রাতৃত্ব মহানবী (সা.) মক্কার আশ্রয়প্রার্থী ও মদীনার সাহায্যকারীদের মধ্যে স্থাপন করেছিলেন এবং এ আয়াতে যার সপ্রশংস উল্লেখ রয়েছে তা মানবসম্পর্কের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্তস্বরূপ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।