الشورى
Ash-Shura
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৪ আয়াত এবং ৫ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটিও মক্কায় পূর্ববর্তী সূরার প্রায় কাছাকাছি সময়ে অবতীর্ণ হয়েছিল। তবে নলডিকি বলেছেন, এ সূরা পূর্ববর্তী সূরার কিছুকাল পরে অবতীর্ণ হয়েছিল। মারদাওয়াই এবং ইবনে যুবাইর বলেছেন, ইবনে আব্বাস (রা.)-এর মতে এ সূরা মক্কায় এমন সময়ে অবতীর্ণ হয়েছিল যখন ইসলামের বিরোধিতা চরমে পৌঁছেছিল এবং মুসলমানরা একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল। পূর্ববর্তী সূরার শেষাংশে বলা হয়েছিল, যে ব্যক্তি ঐশী শিক্ষাকে প্রত্যাখ্যান করে সে নিজের আত্মারই ক্ষতিসাধন করে এবং নিজেই এই প্রত্যাখ্যানের কুফল ভোগ করে থাকে। বর্তমান সূরাটি এ ঘোষণার সাথে আরম্ভ হয়েছে যে, কুরআন মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়, উচ্চমর্যাদাশালী এবং অতি মহান আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে। অতএব যদি মুহাম্মদ (সা.)-এর জাতি একে প্রত্যাখ্যান করে তাহলে তারা ব্যক্তিগত ও জাতিগত শক্তিসামর্থ্য, প্রজ্ঞা ও জ্ঞানবিজ্ঞান এবং মর্যাদা ও মাহাত্ম্য অর্জন করা থেকে বঞ্চিত হয়ে নিজেদেরই পরম ক্ষতিসাধন করবে।
কুরআন অবতীর্ণ হবার বিষয় অবলম্বনে সূরাটি আরম্ভ হয়েছে এবং বলা হয়েছে মানুষের পাপাচারের সংখ্যা বহু আর পাপগুলোও গুরুতর। তবে আল্লাহ তা’লার ক্ষমাশীলতার পরিধি এসবের চেয়ে অনেক বেশি এবং সীমাহীন। তাঁর করুণার চাহিদা মোতাবেক মানবমণ্ডলীকে পাপ থেকে পরিত্রাণের জন্য তিনি কুরআন অবতীর্ণ করলেন, কিন্তু মানুষের প্রকৃতি এমনই বিচিত্র যে, সে আল্লাহ তা’লার এ রহমত থেকে উপকার লাভ না করে নিজের ধ্যানধারণার সৃষ্ট প্রতিমার পূজা করতে লেগে যায়। আল্লাহ তা’লা তাঁর রসূল (সা.)-কে সান্ত্বনা দিয়ে বললেন, হে মুহাম্মদ (সা.)! তোমার এত দুঃখিত হবার কিছু নাই, অবিশ্বাসীদের কুকর্মের জন্য তাদেরকেই দায়ী করা হবে, কেননা তুমি তাদের ওপর নিযুক্ত অভিভাবক নও, তোমার কর্তব্য মানুষের কাছে শুধু ঐশীবার্তা পৌছে দেওয়া। বাকিটা আল্লাহ তা’লার কাজ। অতঃপর সূরাতে বলা হয়েছে, যখনই ধর্মের মৌলিক নীতিমালা নিয়ে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে প্রবল মতানৈক্য দেখা দেয় তখন আল্লাহ তা’লা এসব মতানৈক্য দূর করে মানুষকে সঠিক ও সত্য পথে আনার জন্য তাঁর প্রেরিত পুরুষের অভ্যুদয় ঘটিয়ে থাকেন। সকল ধর্মের মৌলিক নীতিমালা এক হবার কারণে প্রেরিত পুরুষরা একই ধর্ম অনুসরণ করেছেন। এই মৌলিক নীতিটি হলো: একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ। এই ধর্মেরই পরিপূর্ণ বিকাশ ও পূর্ণতম প্রকাশ ঘটেছে কুরআনের অবতীর্ণ ঐশীবাণীর মধ্যে। আর এজন্য এই পরিপূর্ণতাপ্রাপ্ত ইলাহী ধর্মের অনুসরণকে বিশ্বের সর্বমানবের কাছে পৌঁছে দেবার জন্য মহানবী (সা.)-এর প্রতি আল্লাহ তা’লার নির্দেশ এলো। তাঁকে বলা হলো, অত্যাচার-অনাচার, বাধাবিপ্ন এবং বিরূপ প্রতিক্রিয়া কোনোকিছুকেই যেন তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের পথে তিনি অন্তরায় মনে না করেন। সূরাতে বলা হয়েছে, কুরআনে অবতীর্ণ আদেশ ও নিষেধাজ্ঞা পালনের নামই সৎকর্ম এবং এগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শনের নাম অসৎকর্ম। জাতি এবং ব্যক্তির ভাগ্য নির্ণীত হয় তাদের সৎ-অসৎকর্ম দ্বারা। এই কর্মের সৎ-অসৎ গুণাগুণই ভবিষ্যতের সৌভাগ্য ও দুর্ভাগ্য গঠন করে থাকে। মানুষের জীবনে এমন একদিন আসে যখন তার কার্যাবলিকে নিক্তি দ্বারা ওজন করা হয়। তাদের ভালো কার্যাবলির ওজন যদি মন্দ কার্যাবলির ওজন থেকে বেশি হয় তাহলে এক আশিসপূর্ণ সুখী জীবন তাদের ভাগ্যে জুটে যায়। অপরপক্ষে মন্দ কার্যাবলির ওজন যদি তাদের সৎকর্মের ওজনকে ছাড়িয়ে যায় তাহলে তাদের জীবনে নেমে আসে অনুতাপ, দুর্ভোগ ও দীর্ঘশ্বাস। অতঃপর এ সূরাতে বলা হয়েছে, নবী করীম (সা.) কঠোর সাধনা ও পরিশ্রম করেছেন এবং অসহনীয় যাতনাও ভোগ করেছেন- নিজের জন্য নয় বরং মানবের মঙ্গলের জন্য। দয়ামায়া, প্রেমপ্রীতি, ভালোবাসা ও হিতৈষণা দ্বারা তাঁর কোমল হৃদয় পরিপূর্ণ ছিল। তাঁর একনিষ্ঠ চিন্তা ও ধ্যান ছিল যে, মানুষ আল্লাহ তা’লার সাথে সত্যিকার প্রেমময় সম্পর্ক স্থাপন করুক। এমন অকপট, সাধু, মানবহিতৈষী কি কখনো আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলতে পারেন? তথাপি তাঁর জাতি তাঁকে মহাপাপে পাপী বলতে দ্বিধা বোধ করে নি। এই সাধারণ কথাটা তারা কেন বুঝতে পারে নি, আল্লাহ সম্বন্ধে কিছু মিথ্যা-বানোয়াট কথা বলা বা আরোপ করা এমনই মারাত্মক বিষ যা সে মিথ্যারোপকারীকে সমূলে ধ্বংস করে ফেলে। অথচ ধ্বংস হওয়া তো দূরের কথা, মহানবী (সা.)-এর মহতী প্রচেষ্টা সুফল দান করছে এবং তাঁর উদ্দেশ্য ক্রমাগতভাবে দ্রুতবেগে উন্নতি সাধন করছে। তারপর উপমাস্বরূপ বলা হচ্ছে, প্রাকৃতিক জগতে আমরা দেখতে পাই যে, তৃষ্ণার্ত পৃথিবী যখন পানির প্রয়োজন বোধ করে তখন আল্লাহ তা’লা মেঘমালা থেকে বৃষ্টি প্রেরণ করেন। ঠিক অনুরূপভাবে আধ্যাত্মিক জগৎ যখন শুষ্ক হয়ে গেল তখন আল্লাহ তা’লা কুরআনের আকারে বারিধারা বর্ষণ করলেন। অতঃপর ইসলামী রাষ্ট্র-পরিচালনা ও অন্যান্য রাষ্ট্রীয় কাজকর্ম ইত্যাদি পরামর্শ সভার মাধ্যমে সম্পাদন করার নীতি অবলম্বনের উপদেশ দিয়ে এ সূরাতেই অপরাধ ও দণ্ডবিধির ভিত্তি ও রূপরেখা কীরূপ হবে তা বলা হয়েছে। এ রূপরেখা অনুসারে শাস্তি প্রদানের আসল উদ্দেশ্য হলো অপরাধী ব্যক্তির নৈতিক সংশোধন। ‘এক গালে চড় দিলে অন্য গালও পেতে দাও।’ খ্রিষ্টানদের এরূপ ঢালাও শিক্ষা কিংবা ‘চোখের বদলে চোখ, আর দাঁতের বদলে দাঁত’ ইহুদীদের এই মতবাদ-এর কোনোটিরই স্থান ইসলামে নাই। ইসলামের দৃষ্টিতে অবস্থানুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন সংশোধন সাধন হয়। সূরার শেষ পর্যায়ে বলা হয়েছে, মহানবী (সা.) তাঁর যাবতীয় কর্তব্য সম্পাদন করেছেন। তিনি একজন সতর্ককারী হিসাবে সতর্কীকরণের দায়িত্ব পূর্ণভাবে পালন করেছেন। তিনি তাদের রক্ষণাবেক্ষণকারী নন। তিনিই জীবন এবং তিনিই আলো। তাঁর পথই একমাত্র পথ যা মানবসৃষ্টির উদ্দেশ্য সাধনের দিকে মানুষকে পরিচালিত করে। সর্বশেষে ওহী বা বাণী অবতীর্ণ হবার তিনটি পদ্ধতির উল্লেখ করে সূরাটি সমাপ্ত হয়েছে।
** শিয়া তফসীরকারকরা এ সূরার প্রেক্ষাপট থেকে সরে গিয়ে এ সূরার ২৪ নম্বর আয়াতের এক বিভ্রান্তিকর অনুবাদ করেছেন। তাদের দৃষ্টিতে হযরত মুহাম্মদ (সা.)-কে যেন একথা বলার নির্দেশ দেওয়া হচ্ছে, ‘হে লোকেরা! আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, কিন্তু এর বিনিময়ে আমার নিকটাত্মীয়দের প্রতিদান দাও।’ এ আয়াতের অর্থ কখনো এটি নয়, কেননা নিজের নিকটাত্মীয়দের জন্য প্রতিদান চাওয়ার অর্থ আসলে নিজের জন্যই প্রতিদান চাওয়া হয়ে থাকে। এর আসল বিষয়বস্তু হলো, আমি তোমাদের কাছ থেকে নিজের জন্য এবং নিজের নিকটাত্মীয়দের জন্যও কোনো প্রতিদান চাই না। একথার সমর্থনে উল্লেখ করতে হয়, হযরত মুহাম্মদ (সা.) সুস্পষ্টভাবে বলেন, আমার নিকটাত্মীয়দের এবং তাদের বংশধরদেরও কখনো সদকা দিও না, কিন্তু তোমরা নিজেদের নিকটাত্মীয়দের উপেক্ষা কোরো না। তাদের প্রয়োজনে খরচ করা তোমাদের জন্য অবশ্যকর্তব্য।
দরিদ্র ও অভাবীদের জন্য এবং বিশেষভাবে নিকটাত্মীয়দের জন্য খরচ করার বিষয়ে প্রশ্ন উঠতে পারে, আল্লাহ তা’লা স্বয়ং কেন সরাসরি এদের দান করেন না? এর উত্তরে বলা হয়েছে, রিযক সম্প্রসারিত হওয়া বা সংকুচিত হবার বিষয়টি বহুবিধ প্রজ্ঞার সাথে সম্পৃক্ত। কোনো কোনো সময় রিযক সম্প্রসারণের মাধ্যমে লোকদের পরীক্ষা করা হয় এবং কোনো কোনো সময় রিযক সংকোচনের মাধ্যমেও পরীক্ষা করা হয়। সম্প্রসারণের মাধ্যমে যাদের পরীক্ষা করা হয়ে থাকে তাদের কথাই পূর্বে বলা হয়েছে, সচ্ছলতা সত্ত্বেও তারা দুর্বলদের এমনকি নিকটাত্মীয়দের প্রতিও লক্ষ রাখে না।
এরপর ৩০ নম্বর আয়াত এক বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করছে। হযরত মুহাম্মদ (সা.)-এর যুগে পৃথিবীর কোনো মানুষ এ বিষয়টি সম্পর্কে কোনো ধারণাও করতে পারত না। সে যুগে আকাশসমূহকে প্লাস্টিক ধরনের কিছুই ওপর সাত স্তরে অবস্থিত মনে করা হতো, যেখানে চন্দ্র, নক্ষত্ররাজি এভাবে জড়িয়ে আছে যেভাবে কাপড়ে পুঁতি ও জরি সেলাই করে লাগানো হয়। কে বলতে পারত, পৃথিবীর ন্যায় সেখানেও বিচরণশীল প্রাণী বিদ্যমান রয়েছে? কেবল আকাশসমূহে বহুরূপ প্রাণী বিদ্যমান থাকার নিশ্চিত খবরই দেওয়া হয় নি, বরং একত্র করার বিষয়টিকে একথা বলে আকাশসমূহ পর্যন্ত উন্নীত করা হয়েছে যে, পৃথিবীর প্রাণী এবং আকাশে বসবাসকারী প্রাণিকে একদিন অবশ্যই একত্র করে দেওয়া হবে। এ একত্রীকরণ কি দৈহিকভাবে হবে নাকি যোগাযোগের মাধ্যমে হবে, এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা এ চেষ্টাপ্রচেষ্টায় লেগে রয়েছে কীভাবে আকাশে বসবাসকারী প্রাণিকুলের সাথে তাদের সংযোগ স্থাপিত হতে পারে। তারা একথা ভাবতে বাধ্য হয়ে গেছে, পৃথিবী ছাড়াও অন্যান্য জ্যোতিষ্কমণ্ডলীতেও বিচরণশীল প্রাণী বিদ্যমান রয়েছে। *
হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
حٰمٓ ۚ﴿۲﴾
عٓسٓقٓ ﴿۳﴾
کَذٰلِکَ یُوۡحِیۡۤ اِلَیۡکَ وَاِلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکَ ۙ اللّٰہُ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۴﴾
لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَہُوَ الۡعَلِیُّ الۡعَظِیۡمُ ﴿۵﴾
تَکَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرۡنَ مِنۡ فَوۡقِہِنَّ وَالۡمَلٰٓئِکَۃُ یُسَبِّحُوۡنَ بِحَمۡدِ رَبِّہِمۡ وَیَسۡتَغۡفِرُوۡنَ لِمَنۡ فِی الۡاَرۡضِ ؕ اَلَاۤ اِنَّ اللّٰہَ ہُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ ﴿۶﴾
وَالَّذِیۡنَ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اَوۡلِیَآءَ اللّٰہُ حَفِیۡظٌ عَلَیۡہِمۡ ۫ۖ وَمَاۤ اَنۡتَ عَلَیۡہِمۡ بِوَکِیۡلٍ ﴿۷﴾
وَکَذٰلِکَ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ قُرۡاٰنًا عَرَبِیًّا لِّتُنۡذِرَ اُمَّ الۡقُرٰی وَمَنۡ حَوۡلَہَا وَتُنۡذِرَ یَوۡمَ الۡجَمۡعِ لَا رَیۡبَ فِیۡہِ ؕ فَرِیۡقٌ فِی الۡجَنَّۃِ وَفَرِیۡقٌ فِی السَّعِیۡرِ ﴿۸﴾
وَلَوۡ شَآءَ اللّٰہُ لَجَعَلَہُمۡ اُمَّۃً وَّاحِدَۃً وَّلٰکِنۡ یُّدۡخِلُ مَنۡ یَّشَآءُ فِیۡ رَحۡمَتِہٖ ؕ وَالظّٰلِمُوۡنَ مَا لَہُمۡ مِّنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ ﴿۹﴾
اَمِ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اَوۡلِیَآءَ ۚ فَاللّٰہُ ہُوَ الۡوَلِیُّ وَہُوَ یُحۡیِ الۡمَوۡتٰی ۫ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿٪۱۰﴾