المؤمنون
Al-Mu'minun
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৯ আয়াত ও ৬ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
বহু অভ্যন্তরীণ সাক্ষীপ্রমাণ পেশপূর্বক দেখানো হয় যে, বর্তমান সূরাটি (আল-মুমিনূন) হযরত রসূল করীম (সা.)-এর মক্কী জীবনের শেষের দিকে অবতীর্ণ হয়েছিল। ইমাম সুয়ূতীর মতে, হযরত মুহাম্মদ (সা.)-এর নিকট মদীনায় হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ সূরাসমূহের মধ্যে এটাই সর্বশেষ সূরা। তবে মক্কায় অবতীর্ণ সর্বশেষ সূরা না হলেও এটা যে শেষ মক্কী সূরাগুলোর অন্যতম তাতে কোনো সন্দেহ নাই। পূর্ববর্তী সূরার শেষাংশে মুমিনদেরকে আল্লাহর সমীপে প্রণত হয়ে তাঁর নির্দেশাবলি মেনে চলার আহ্বান জানানো হয়েছিল, কেননা এতেই তাদের ভবিষ্যৎ উন্নতি ও প্রগতির গুঢ় রহস্য নিহিত রয়েছে। তাদেরকে কাফিরদের বিরুদ্ধে তরবারির জিহাদ করতেও অনুমতি দেওয়া হয়েছিল যারা তাদের বিরুদ্ধে তরবারি উঠিয়েছিল, যারা অস্ত্রধারণ করে ইসলামকে নিশ্চিহ্ন করতে এসেছিল, তাদেরকে তরবারি দ্বারাই প্রতিরোধ করা যায়। তাদেরকে আরো নির্দেশ দেওয়া হয়েছিল, তারা যেন কুরআনের আলোকে তাদের সংগ্রাম চালিয়ে যায় এবং এই প্রতিশ্রুতিও তাদেরকে দেওয়া হয়েছিল, যদি তারা তাদের সেই কর্তব্য সঠিকভাবে সম্পাদন করে তাহলে তারা আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবে আর আল্লাহ তাদেরকে সাফল্য ও বিজয় দান করবেন। এই প্রতিশ্রুতি ছিল শর্তসাপেক্ষ। তবে আলোচ্য সূরাতে পূর্ব প্রসঙ্গের জের টেনে একটি নিশ্চয়তা এভাবে দেওয়া হয়েছে যে, একটি মুমিন সম্প্রদায় অবশ্যই জয়লাভ করবে, যারা পূর্ব বর্ণিত অবস্থা পুরোপুরি মেনে চলার ফলশ্রুতিতে অবশ্যই সফল হবে। কাজেই এই বিষয়টি যা পূর্ববর্তী সূরাতে একটি অনুমানের আকারে পেশ করা হয়েছিল তা বর্তমান সূরাতে একটি বাস্তবভিত্তিক সত্য হিসাবে সাব্যস্ত করা হয়েছে।
মুমিনদের বিজয় ও সফলতার সময় উপস্থিত হয়েছে এই শুভ সংবাদ দিয়ে আলোচ্য সূরাটির শুরু। অতঃপর কতিপয় বৈশিষ্ট্য ও বিশেষ পরিচয়-চিহ্নের বর্ণনা তুলে ধরা হয়েছে, যা বস্তুত তাদের আধ্যাত্মিক উন্নতি ও উৎকর্ষের পরিচায়ক। এ বর্ণনার পরপরই অত্যন্ত সংক্ষিপ্ত অথচ সুন্দরভাবে মানুষের সৃষ্টিপর্যায়ের কথা বলা হয়েছে, যেখানে এক বিন্দু শুক্র থেকে বিভিন্ন বিবর্তনের পর পরিপূর্ণ অবয়বের মানব শিশু জন্ম লাভ করে। অতঃপর বলা হয়েছে যে, বাহ্যিকভাবে প্রত্যেক মানবজন্মের শেষে যেমন মৃত্যু ও পুনরুত্থান ঘটবে, তেমনই জাতি বা সম্প্রদায়সমূহের মধ্যেও উত্থান-পতনের ঘটনা একটি স্বাভাবিক বিষয়। কাজেই একটি জাতির মধ্যে একসময় যদিও আধ্যাত্মিক নবজাগরণ ঘটে, পরবর্তীতে সে জাতির মধ্যেই পুনরায় আত্মিক অবক্ষয় দেখা দেয় এবং যথাসময়ে অন্য একটি জাতি তাদের স্থলাভিষিক্ত হয়। বস্তুত শারীরিক ও আধ্যাত্মিক বিষয়ের উৎকর্ষ একে অপরের সাথে গভীর সাদৃশ্য রাখে। উভয় ক্ষেত্রেই তারা সাতটি পর্যায় অতিক্রম করে ধাপে ধাপে পরিপূর্ণতায় উন্নীত হয়। অতঃপর সূরাটিতে এই প্রসঙ্গের অবতারণা করা হয়েছে, পৃথিবীতে সবকিছুই একটি নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রেরিত হয়ে থাকে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে সংরক্ষণ করা হয়। তারপর তাদের প্রয়োজন শেষ হয়ে যায় এবং সেগুলো লয়প্রাপ্ত হয়। একইভাবে পবিত্র কুরআনের পূর্ববর্তী ধর্ম-বিধানগুলো তাদের নিজ নিজ সময়ের প্রয়োজন মিটিয়েছিল এবং কুরআন অবতীর্ণ হবার পর এখন সেগুলো অকার্যকর হয়ে গেছে। কাজেই শুধুমাত্র ঐশী হবার কারণেই যে-কোনো ধর্ম চিরকাল অবিকৃত থেকে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। শুধুমাত্র পবিত্র কুরআনের ক্ষেত্রেই এই নিশ্চয়তা দেওয়া হয়েছে, এর শিক্ষা শাশ্বত ও চিরন্তন এবং কিয়ামতকাল পর্যন্ত তা সমগ্র মানবজাতির আধ্যাত্মিক প্রয়োজন মেটাতে থাকবে। তারপর সূরাটিতে মানবকে প্রদত্ত আল্লাহ তা’লার একাধিক অনুগ্রহের কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে যা তার পার্থিব জীবনধারণের জন্য অপরিহার্য। এ বিষয়টিকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আর তা হলো, মানুষের বাহ্যিক প্রয়োজন পূর্ণ করার জন্য যেখানে আল্লাহ তা’লা এতকিছুর আয়োজন করেছেন, সেক্ষেত্রে তার আধ্যাত্মিক চাহিদা মেটানোর জন্য নিশ্চয় তিনি এর সমান বা ততোধিক কার্যকরী ব্যবস্থা রেখেছেন। তারপর বলা হয়েছে, আধ্যাত্মিক উৎকর্ষের জন্য এক অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে আল্লাহর তওহীদের প্রতি বিশ্বাস এবং এই তওহীদ প্রতিষ্ঠার জন্যই পৃথিবীর আদি থেকে বিভিন্ন নবী-রসূলের আবির্ভাব ঘটেছে। হযরত নূহ (আ.)-ও এই তওহীদের বিষয়ই শিক্ষা দিয়েছেন এবং তা প্রচার করেছেন। তাঁর পরে আগত বহু ঐশী শিক্ষকও একই বিষয়ে শিক্ষা প্রদান করেছেন, কিন্তু যারা অন্ধকারের অনুসারী তারা সবসময়ই এসব নবী-রসূলের বিরোধিতা করেছে এবং তাঁদেরকে নানাভাবে কষ্ট দিয়েছে। সত্য বনাম মিথ্যার এই মোকাবিলায় পরিণামে মুমিনরাই বিজয়ী হয়েছে এবং যারা নবী-রসূলদের অস্বীকারকারী ছিল তারা পরাজিত ও হতাশ হয়েছে। আল্লাহ তা’লার পুণ্যবান বান্দারা তাঁদের প্রভুকে ভয় করে, তাঁর নিদর্শনাবলিতে ঈমান আনে, আল্লাহর তওহীদের ব্যাপারে তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাসী, তাঁদের সাধ্যমতো তাঁরা সৎকর্ম করে এবং এতৎসত্ত্বেও তাঁরা ভীত থাকে যে, সম্ভবত তাঁরা তাঁদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে নি। সৎকর্ম সম্পাদনে তাঁরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে। অতঃপর কাফিরদেরকে সতর্ক করে বলা হয়েছে, যদি তারা ঐশীবাণীকে ক্রমাগত অস্বীকার করতে থাকে তবে পরিণামে তারা ঐশী শাস্তিতে নিপতিত হবে, কিন্তু এই সতর্কতা সত্ত্বেও অবিশ্বাসীরা তাদের মন্দকর্ম থেকে বিরত হয় না, বরং পাপাচারে তারা আরো বেশি লিপ্ত হয়ে পড়ে। এমন অবস্থায় সত্য সত্যই একদিন ঐশী আযাবের সময় এসে উপস্থিত হয়। তখন তারা মিনতি করতে থাকে, অন্তত তাদের সংশোধনের জন্য একবার হলেও তাদেরকে শেষ সুযোগ দেওয়া হোক, কিন্তু ততক্ষণে অনেক বিলম্ব হয়ে গেছে। তাদের কৃতকর্মের শেষ সীমায় তারা উপনীত হয়। তাই সেই আযাব তাদের ভোগ না করে আর উপায় থাকে না। সেই অবস্থায় তারা উপলব্ধি করে, সারাজীবন ভোগবিলাস সত্ত্বেও অল্প সময়ের ঐশী আযাব কত-না কষ্টকর! পরিশেষে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয়ের উল্লেখ করে সূরাটি শেষ হয়েছে। এতে বলা হয়েছে, মানুষকে উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করা হয় নি। মানবজীবনের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। তাই ঐশী অনুশাসন, নবী-রসূলের মিশন ইত্যাদি বিষয়ের সত্যতা সম্পর্কে মানুষের সন্দেহ পোষণ করা উচিত নয়, কেননা একদিন তার প্রভুর সমীপে তাকে তার কৃতকর্মের জবাবদিহি করতে হবে।
১৮শ পারা
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ﴿۲﴾
الَّذِیۡنَ ہُمۡ فِیۡ صَلَاتِہِمۡ خٰشِعُوۡنَ ۙ﴿۳﴾
وَالَّذِیۡنَ ہُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَ ﴿ۙ۴﴾
وَالَّذِیۡنَ ہُمۡ لِلزَّکٰوۃِ فٰعِلُوۡنَ ۙ﴿۵﴾
وَالَّذِیۡنَ ہُمۡ لِفُرُوۡجِہِمۡ حٰفِظُوۡنَ ۙ﴿۶﴾
اِلَّا عَلٰۤی اَزۡوَاجِہِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُمۡ فَاِنَّہُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ ۚ﴿۷﴾
فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ۚ﴿۸﴾
وَالَّذِیۡنَ ہُمۡ لِاَمٰنٰتِہِمۡ وَعَہۡدِہِمۡ رٰعُوۡنَ ۙ﴿۹﴾
وَالَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَوٰتِہِمۡ یُحَافِظُوۡنَ ۘ﴿۱۰﴾