২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩৬ আয়াত এবং ৮ রুকু আছে।

یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ قَدۡ اَنۡجَیۡنٰکُمۡ مِّنۡ عَدُوِّکُمۡ وَوٰعَدۡنٰکُمۡ جَانِبَ الطُّوۡرِ الۡاَیۡمَنَ وَنَزَّلۡنَا عَلَیۡکُمُ الۡمَنَّ وَالسَّلۡوٰی ﴿۸۱﴾

৮১
হে বনী ইসরাঈল! আমরা তোমাদিগকে তোমাদের শত্রু হইতে রক্ষা করিয়াছিলাম, এবং তূর পর্বতের দক্ষিণ পার্শ্বে আমরা তোমাদিগকে প্রতিশ্রুতি দান করিয়াছিলাম এবং তোমাদের উপর মান্না ও সালওয়া নাযেল করিয়াছিলাম।১৮৩৯
১৮৩৯। ইসরাঈলীগণ অতি দীর্ঘকাল যাবৎ ফেরাউনদের অত্যাচারে শৃংখলাবদ্ধ থাকার পরিণতিতে তাহারা পুরুষোচিত ঐ সকল গুণাবলী হারাইয়া বসিয়াছিল যাহা একটি জাতিকে পরিশ্রমী, নির্ভিক এবং শৌর্যপূর্ণ করিয়া তোলে। ঐশী পরিকল্পনানুযায়ী তাহাদের জন্য কেনান জয় করিয়া রাজত্ব করা নির্ধারিত ছিল। অতএব হযরত মূসা (আঃ) তাহাদিগকে মিশরের বাহিরে লইয়া আসার পর তাহাদিগকে সিনাই অঞ্চলের রৌদ্র-দগ্ধ অনুর্বর অঞ্চলে বাস করিতে হইয়াছিল যাহাতে তাহারা উন্মুক্ত ও কষ্ট-সাধ্য জীবন যাপনে অভ্যস্ত হইয়া উঠে এবং এইরূপে উজ্জ্বল ভবিষ্যতের জন্য অত্যাবশ্যক গুণাবলী ও যোগ্যতা অর্জন করিয়া তাহারা উন্নতি করিতে পারে। কিন্তু সুদীর্ঘ কালের দাসত্ব বন্ধনে থাকিয়া তাহারা সর্বপ্রকার উদ্যম হারাইয়া ফেলিয়াছিল এবং অস্বাভাবিক অনুদ্দীপক এবং নিস্তেজ জীবনে অভ্যস্ত হইয়া পড়িয়াছিল। এমতাবস্থায় তাহারা যখন দেখিল যে, মরুভূমি ও নির্জন প্রান্তরে তাহাদিগকে বাস করিতে হইবে, যেখানে জীবনের কোন সুখ-সুবিধা পাওয়ার কোন অবস্থা ছিল না, এমনকি খাদ্যেরও অভাব ছিল, তখন তাহারা আতঙ্কিত ও অস্থির হইয়া উত্তেজিত হইল। তাহারা মূসা (আঃ)-এর সঙ্গে এই বলিয়া কলহে লিপ্ত হইয়াছিল, “হায় হায় ! আমরা মিশর দেশে সদাপ্রভুর হস্তে কেন মরি নাই ? তখন মাংসের হাঁড়ীর কাছে বসিতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করিতাম; তোমরা তো এই সমস্ত সমাজকে ক্ষুধায় মারিয়া ফেলিতে আমাদিগকে বাহির করিয়া এই প্রান্তরে আনিয়াছ (যাত্রা -১৬ঃ৩)।” আল্লাহ্‌তা’লা তাহাদের বিড়বিড়ানি শুনিলেন এবং এই অকৃতজ্ঞ লোকদিগকে বলিবার জন্য, মূসা (আঃ)-কে আদেশ করিলেনঃ ‘আমি ইসরাঈল সন্তানদের বচসা শুনিয়াছি; তুমি তাহাদিগকে বল, সায়ং কালে তোমরা মাংস ভোজন করিবে ও প্রাতঃকালে অন্নে তৃপ্ত হইবে, তখন জানিতে পারিবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর।” ঐশী প্রতিশ্রুতি কিভাবে পূর্ণ হইয়াছিল উহা বাইবেলে বিস্তারিত বর্ণিত হইয়াছে (যাত্রা পুস্তক-১৬ঃ১২-১৫) আরো দেখুন টীকা ৯৮ এবং ৯৯।

کُلُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا رَزَقۡنٰکُمۡ وَلَا تَطۡغَوۡا فِیۡہِ فَیَحِلَّ عَلَیۡکُمۡ غَضَبِیۡ ۚ وَمَنۡ یَّحۡلِلۡ عَلَیۡہِ غَضَبِیۡ فَقَدۡ ہَوٰی ﴿۸۲﴾

৮২
(এবং বলিয়াছিলাম যে,) ‘আমরা তোমাদিগকে যাহা দিয়াছি, উহা হইতে তোমরা পবিত্র জিনিষ খাও এবং সীমা লঙ্ঘন করিও না, নচেৎ তোমাদের উপর আমার ক্রোধ বর্ষিত হইবে, এবং যাহার উপর আমার ক্রোধ বর্ষিত হয়, সে নিশ্চয় ধ্বংসপ্রাপ্ত হয়;১৮৪০
১৮৪০। ১৮৩৯ টীকা দ্রষ্টব্য।

وَاِنِّیۡ لَغَفَّارٌ لِّمَنۡ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اہۡتَدٰی ﴿۸۳﴾

৮৩
এবং যে ব্যক্তি তওবা করে এবং ঈমান আনে ও সৎকার্য করে এবং হেদায়াত প্রাপ্ত হয়, আমি নিশ্চয় তাহার জন্য পরম ক্ষমাশীল।’

وَمَاۤ اَعۡجَلَکَ عَنۡ قَوۡمِکَ یٰمُوۡسٰی ﴿۸۴﴾

৮৪
এবং (আমরা বলিলাম) ‘হে মূসা! তোমাকে কিসে তোমার জাতি হইতে চলিয়া আসার জন্য তাড়াহুড়া করিতে বাধ্য করিয়াছে?’

قَالَ ہُمۡ اُولَآءِ عَلٰۤی اَثَرِیۡ وَعَجِلۡتُ اِلَیۡکَ رَبِّ لِتَرۡضٰی ﴿۸۵﴾

৮৫
সে বলিল, ‘তাহারা আমার পদাঙ্ক অনুসরণ করিতেছে এবং হে আমার প্রভু! আমি এই জন্য তোমার নিকট তাড়াতাড়ি আসিয়াছি যেন তুমি সন্তুষ্ট হও।’

قَالَ فَاِنَّا قَدۡ فَتَنَّا قَوۡمَکَ مِنۡۢ بَعۡدِکَ وَاَضَلَّہُمُ السَّامِرِیُّ ﴿۸۶﴾

৮৬
তিনি বলিলেন, ‘আমরা নিশ্চয় তোমার কওমকে তোমার (আসার) পর এক পরীক্ষায় ফেলিয়াছি এবং সামেরী১৮৪১ তাহাদিগকে পথভ্রষ্ট করিয়াছে।’
১৮৪১। ‘সামিরাহ্’ (সামারিটান) হইতে ‘সামিরী’ বিশেষ্যপদ হইতে পারে। ‘সামিরাহ্‌’ ইসরাঈল বংশীয় একটি গোত্র বলিয়া কথিত অথবা ইহুদীদের একটি সম্প্রদায়, খুব সম্ভব তাহারা ‘সামারিয়াহ্‌র’ অধিবাসী ছিল। সামিরী নামটি এখন নাবলুসে বসবাকারী ছোট একটি উপজাতির মধ্যে সীমাবদ্ধ এবং তাহারা নিজদিগকে ‘বেনি ঈজরাইয়েল’ (Benyisrael) বলিয়া পরিচয় দিয়া থাকে। স্পষ্ট স্বতন্ত্র গোষ্ঠী বা দল হিসাবে তাহাদের ইতিহাসের সূচনা হয় ৭২২ খৃঃ পূর্বাব্দে আসিরিয়ান কর্তৃক সামারিয়াহ্ দখল করিয়া লওয়ার সময় হইতে (লেইন এবং যিউ এনসাইকো)।

فَرَجَعَ مُوۡسٰۤی اِلٰی قَوۡمِہٖ غَضۡبَانَ اَسِفًا ۬ۚ قَالَ یٰقَوۡمِ اَلَمۡ یَعِدۡکُمۡ رَبُّکُمۡ وَعۡدًا حَسَنًا ۬ؕ اَفَطَالَ عَلَیۡکُمُ الۡعَہۡدُ اَمۡ اَرَدۡتُّمۡ اَنۡ یَّحِلَّ عَلَیۡکُمۡ غَضَبٌ مِّنۡ رَّبِّکُمۡ فَاَخۡلَفۡتُمۡ مَّوۡعِدِیۡ ﴿۸۷﴾

৮৭
ইহাতে মূসা তাহার কওমের নিকট ক্রুদ্ধ ও ক্ষুদ্ধ অবস্থায় ফিরিয়া গেল, এবং বলিল, ‘হে আমার কওম! তোমাদের প্রতিপালক কি তোমাদের সহিত এক উত্তম ওয়াদা করেন নাই? সেই অঙ্গীকার (পূর্ণ হইবার সময়) কি তোমাদের জন্য অতি দীর্ঘ হইয়াছিল? অথবা তোমরা কি ইচ্ছা করিয়াছ যে তোমাদের প্রতিপালকের ক্রোধ তোমাদের উপর বর্ষিত হউক? যাহার কারণে তোমরা আমার (সহিত কৃত) ওয়াদা ভঙ্গ করিয়াছ?’

قَالُوۡا مَاۤ اَخۡلَفۡنَا مَوۡعِدَکَ بِمَلۡکِنَا وَلٰکِنَّا حُمِّلۡنَاۤ اَوۡزَارًا مِّنۡ زِیۡنَۃِ الۡقَوۡمِ فَقَذَفۡنٰہَا فَکَذٰلِکَ اَلۡقَی السَّامِرِیُّ ﴿ۙ۸۸﴾

৮৮
তাহারা বলিল, ‘আমরা তোমার (সহিত কৃত) ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করি নাই, বরং আমাদের উপর সেই (ফেরাউনের) কওমের অলংকারাদির১৮৪২ যে বোঝা চাপাইয়া দেওয়া হইয়াছিল আমরা উহা ফেলিয়া দিয়াছি এবং তদনুরূপ সামেরীও (উহা) ফেলিয়া দিয়াছে—
১৮৪২। এই আয়াতে করীমের মধ্যে কুরআন শরীফ বলে যে, মিশরীয়গণ স্বেচ্ছায় মনি-মুক্তা-খচিত স্বর্ণ-রৌপ্য ইসরাঈলীদিগকে প্রদান করিয়াছিল, অথচ বাইবেল বলে যে, তাহারা মিশরবাসীদিগের গহণা-পত্র সম্পূর্ণ লুণ্ঠন করিয়াছিল (যাত্রা পুস্তক-১২ঃ৩৬)। কিন্তু সাধারণতঃ অন্যান্য ঘটনার মত এই বিষয়েও বাইবেল স্ববিরোধিতা করিয়াছে। অন্য এক স্থানে (যাত্রা পুস্তক-১২ঃ৩৩) ইহা বলা হইয়াছে যে, মিশরবাসীরা নিজেরাই ইসরাঈলীদিগকে গহণাপত্র দিয়া নাছোড় বান্দার মত অনুরোধ করিয়াছিল যে, অনতিবিলম্বে তাহাদিগের মিশর ত্যাগ করা উচিৎ। যুক্তি এবং সাধারণ জ্ঞান কুরআনের বর্ণনাকেই সমর্থন করে।

فَاَخۡرَجَ لَہُمۡ عِجۡلًا جَسَدًا لَّہٗ خُوَارٌ فَقَالُوۡا ہٰذَاۤ اِلٰـہُکُمۡ وَاِلٰہُ مُوۡسٰی ۬ فَنَسِیَ ﴿ؕ۸۹﴾

৮৯
তৎপর সে তাহাদের জন্য একটি গোবৎস প্রস্তুত করিল, যাহা কেবল একটি দেহ ছিল, যাহার মধ্য হইতে এক নিরর্থক হাম্বা রব বাহির হইত। ইহার পর তাহারা (সামেরী এবং তাহার সাথীগণ) বলিল, ‘ইহা তোমাদেরও মা’বূদ এবং মূসারও মা’বূদ,১৮৪৩ কিন্তু সে (মূসা) ইহা ভুলিয়া (পিছনে ফেলিয়া) গিয়াছে।’
১৮৪৩। ইসরাঈলীগণ এক দীর্ঘ সময় দাসত্ববন্ধনে মিশরে অতিবাহিত করিয়াছিল, ফলে তাহারা নিজেদের জীবনের চাল-চলনে এবং ধর্মীয় আচার-আচরণে তাহাদের গরু-পূজারী মিশরীয় শাসকগণের অনেক রীতি-নীতি গ্রহণ করিয়াছিল (এনসাইক, রিল, এণ্ড এথিক্স, ১ম খণ্ড, ৫০৭ পৃষ্ঠা)। এই কারণে গরুর প্রতি তাহাদের বিশেষ আসক্তি জন্মিয়াছিল এবং হযরত মূসা (আঃ)-এর অনুপস্থিতির সুযোগে সামিরী তাহাদিগকে গরুর উপাসনা করিতে উদ্বুদ্ধ করিয়াছিল।

اَفَلَا یَرَوۡنَ اَلَّا یَرۡجِعُ اِلَیۡہِمۡ قَوۡلًا ۬ۙ وَّلَا یَمۡلِکُ لَہُمۡ ضَرًّا وَّلَا نَفۡعًا ﴿٪۹۰﴾

৯০
তবে কি তাহারা ভাবিয়া দেখে নাই যে, উহা তাহাদের কথার কোন উত্তর দেয় না১৮৪৪ এবং তাহাদের কোন অপকারও করিতে পারে না এবং কোন উপকারও করিতে পারে না?
সূরা তাহা - রুকু ৪
১৮৪৪। গোবৎসরূপে প্রতিমা নিরর্থক ও অলীক হওয়ার প্রমাণ বর্ণিত হইয়াছে। কারণ উহা তাহার সেবা-দাসগণের সহিত কথা বলিতে পারে না। উপাসনাকারীর প্রার্থনার উত্তর দেয় না যে, এমন খোদায় (দেবমূর্তীর) লাভ কি (২১ঃ৬৬-৬৭)? সে তো একটি গাছের গুঁড়ির মতই অসাড়। জীবনবিহীন মা’বুদ এবং জীবন্ত মা’বূদের মধ্যে প্রভেদ এই যে, জীবন্ত মা’বূদ তাঁহার দাসদের সহিত কথা বলেন ও তাহাদের কাতর প্রার্থনা শোনেন, পক্ষান্তরে অপরটি এরূপ কিছুই করিতে পারে না। ইসলাম ধর্মের আল্লাহ্ তাঁহার ইবাদতকারীগণের সঙ্গে বাক্যালাপ বন্ধ করেন নাই। তিনি এখনও তাঁহার সাধক ও ভক্তদের সহিত কথা বলিয়া থাকেন, যেরূপ হযরত আদম, ইব্‌রাহীম, মূসা, ঈসা (আঃ) এবং নবী করীম মুহাম্মদ (সাঃ)-এর সহিত বলিতেন। আল্লাহ্‌তা’লার সঙ্গে বাক্যালাপের এই জ্বলন্ত নিদর্শনের যেইরূপে পূর্বে প্রয়োজন ছিল সেইরূপে এখনও আছে এবং ভবিষ্যতেও থাকিবে। অতএব তাঁহার বান্দাদের সহিত অনন্তকাল পর্যন্ত তিনি বাক্যালাপ করিতে থাকিবেন।