২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩৬ আয়াত এবং ৮ রুকু আছে।

مَنۡ اَعۡرَضَ عَنۡہُ فَاِنَّہٗ یَحۡمِلُ یَوۡمَ الۡقِیٰمَۃِ وِزۡرًا ﴿۱۰۱﴾ۙ

১০১
যে কেহ ইহা হইতে মুখ ফিরাইবে সে নিশ্চয় কিয়ামত দিবসে এক মস্ত বড় বোঝা বহন করিবে,

خٰلِدِیۡنَ فِیۡہِ ؕ وَسَآءَ لَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ حِمۡلًا ﴿۱۰۲﴾ۙ

১০২
ইহারা এই অবস্থায় দীর্ঘকাল থাকিবে এবং কিয়ামত দিবসে তাহাদের জন্য ইহা অতীব মন্দ বোঝা হইবে;

یَّوۡمَ یُنۡفَخُ فِی الصُّوۡرِ وَنَحۡشُرُ الۡمُجۡرِمِیۡنَ یَوۡمَئِذٍ زُرۡقًا ﴿۱۰۳﴾ۚۖ

১০৩
যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে। এবং যেদিন আমরা অপরাধীগণকে নীল চক্ষু বিশিষ্ট অবস্থায় উঠাইব।১৮৪৯
১৮৪৯। এই আয়াতে পরোক্ষভাবে উল্লেখিত প্রতিভাত বিষয় হইতেছেঃ পাশ্চাত্যের খৃষ্টান জাতিসমূহ যাহারা নীল চক্ষু বিশিষ্ট তাহাদের আধ্যাত্মিক চক্ষু অন্ধ এবং তাহারা ইসলাম ধর্মের প্রতি অশেষ ঘৃণা পোষণ করিয়া থাকে।

یَّتَخَافَتُوۡنَ بَیۡنَہُمۡ اِنۡ لَّبِثۡتُمۡ اِلَّا عَشۡرًا ﴿۱۰۴﴾

১০৪
তাহারা পরস্পর চুপি চুপি বলাবলি করিবে যে, ‘তোমরা কেবল দশ (দিন) অবস্থান করিয়াছ।’১৮৫০
১৮৫০। ‘দশদিন’ বলিতে এখানে দশ শতাব্দী বুঝায়। উল্লেখিত দশ শতাব্দী হিজরতের পরের দশ শতবর্ষের প্রতি ইঙ্গিত করিতেছে, যে সময় ইউরোপের জাতিগুলি প্রায় সম্পূর্ণ সুপ্তাবস্থায় ছিল। প্রায় ৭ম শতাব্দীর গোড়ার দিকে হযরত মুহাম্মদ (সাঃ) তাঁহার মিশন প্রচার করিতে আরম্ভ করিয়াছিলেন। উহার প্রায় এক হাজার বৎসর পরে অর্থাৎ সপ্তাদশ শতাব্দীর শুরুতে ইউরোপের জাতিসমূহ জড়তা কাটাইয়া বাহির হইয়া আসে এবং পৃথিবীময় ছড়াইয়া পড়িতে আরম্ভ করে এবং ইহা জয় করিয়া লয়।

نَحۡنُ اَعۡلَمُ بِمَا یَقُوۡلُوۡنَ اِذۡ یَقُوۡلُ اَمۡثَلُہُمۡ طَرِیۡقَۃً اِنۡ لَّبِثۡتُمۡ اِلَّا یَوۡمًا ﴿۱۰۵﴾٪

১০৫
আমরা উহা বিশদরূপে জানি যাহা তাহারা ঐ সময় বলিবে— যখন তাহাদের মধ্য হইতে সৎপথ হিসাবে সর্বোত্তম ব্যক্তি বলিবে যে,১৮৫০-ক ‘তোমরা কেবল এক দিন অবস্থান করিয়াছ।’
সূরা তাহা - রুকু ৫
১৮৫০-ক। ‘তারীকাতুল কাওম’ অর্থাৎ জাতির উত্তম এবং ন্যায়পরায়ণ ব্যক্তিবর্গ (আকরাব)। ‘ইয়াওম’-এর তাৎপর্য এখানে এক হাজার বৎসর, যেমন ২২ঃ৪৮ আয়াতে উল্লেখিত এবং পূর্ববর্তী আয়াতের দশ দিনের বরাবর, অর্থাৎ দশ শতাব্দী বা এক হাজার বৎসর। ‘ইয়াওম’ দ্বারা ক্ষেত্র বিশেষে যামানা এবং সময়ও বুঝায়। সেক্ষেত্রে ‘ইয়াওম’ শব্দ দ্বারা এই অর্থ বুঝাইবে যে, কাফেরগণ যখন ঐশী আযাবে নিপতিত হইবে, তখন বলিবে যে, তাহাদের উন্নতি এবং অগ্রগতির সময় মাত্র একদিন ছিল অর্থাৎ স্বল্পকাল স্থায়ী ছিল।

وَیَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡجِبَالِ فَقُلۡ یَنۡسِفُہَا رَبِّیۡ نَسۡفًا ﴿۱۰۶﴾ۙ

১০৬
এবং তাহারা তোমাকে পর্বতসমূহ সম্পর্কে১৮৫১ জিজ্ঞাসা করিতেছে। অতএব তুমি বল, ‘আমার প্রতিপালক সেগুলিকে চূর্ণ-বিচূর্ণ করিয়া বিক্ষিপ্ত করিয়া দিবেন;
১৮৫১। ‘আল্ জিবাল’ (অর্থ-পর্বতগুলি) শব্দ দ্বারা এখানে পাশ্চাত্যের শক্তিধর খৃষ্টান জাতিগুলিকে ইশারা করিতেছে। এই আয়াতের ভবিষ্যদ্বাণী তাহাদের সম্পূর্ণ ধ্বংস সম্পর্কে প্রযোজ্য। পাশ্চাত্যের পতন পূর্বাহ্নেই আরম্ভ হইয়াছে। বিগত দুই বিশ্বযুদ্ধ ইহাকে ভীষণভাবে দুর্বল করিয়া ফেলিয়াছে (স্পেংলার-এর “দি ডিক্লাইন অব দি ওয়েষ্ট”এবং টয়েনবির “এ ষ্টাডি অব হিষ্টরী”)। আরও দ্রষ্টব্য ১৬৬৬ টীকা।

فَیَذَرُہَا قَاعًا صَفۡصَفًا ﴿۱۰۷﴾ۙ

১০৭
এবং তিনি সেগুলিকে মসৃণ সমতল ময়দানে পরিণত করিয়া ছাড়িবেন;

لَّا تَرٰی فِیۡہَا عِوَجًا وَّلَاۤ اَمۡتًا ﴿۱۰۸﴾ؕ

১০৮
উহার মধ্যে তুমি না কোন বক্রতা দেখিবে এবং না কোন উচ্চতা।’১৮৫২
১৮৫২। পরোক্ষভাবে উল্লেখিত বিষয়টি মনে হয় সমাজতন্ত্র এবং গণতন্ত্রের উত্থান, সম্পর্কিত যখন বিশাল এবং ক্ষমতাশালী সাম্রাজ্যগুলি উহার স্রোতের মুখে ভাসিয়া যাইবে তখন মানব সমাজের বিভিন্ন শ্রেণীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থা একাকার হইয়া যাইবে।

یَوۡمَئِذٍ یَّتَّبِعُوۡنَ الدَّاعِیَ لَا عِوَجَ لَہٗ ۚ وَخَشَعَتِ الۡاَصۡوَاتُ لِلرَّحۡمٰنِ فَلَا تَسۡمَعُ اِلَّا ہَمۡسًا ﴿۱۰۹﴾

১০৯
সেদিন লোকসকল একজন আহ্বানকারীর১৮৫৩ অনুসরণ করিবে যাহার (শিক্ষার) মধ্যে কোনরূপ বক্রতা থাকিবে না এবং ‘রহমান’ আল্লাহ্‌র সম্মুখে (সকল) আওয়াজ নিস্তব্ধ হইয়া যাইবে, তখন তুমি চাপা গুঞ্জন ব্যতীত কিছুই শুনিতে পাইবে না।
১৮৫৩। ইসলামের মহানবী (সাঃ)-কে বুঝাইতেছে।

یَوۡمَئِذٍ لَّا تَنۡفَعُ الشَّفَاعَۃُ اِلَّا مَنۡ اَذِنَ لَہُ الرَّحۡمٰنُ وَرَضِیَ لَہٗ قَوۡلًا ﴿۱۱۰﴾

১১০
সেদিন কাহারও জন্য সুপারিশ কোন উপকারে আসিবে না কেবল সেই ব্যাক্তি ব্যতীত, যাহার পক্ষে ‘রহমান’ আল্লাহ্‌ (সুপারিশ করিবার) অনুমতি দিবেন এবং যাহার জন্য কথা বলা তিনি পসন্দ করিবেন।