২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩৬ আয়াত এবং ৮ রুকু আছে।

فَاُلۡقِیَ السَّحَرَۃُ سُجَّدًا قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ ہٰرُوۡنَ وَمُوۡسٰی ﴿۷۱﴾

৭১
তখন যাদুকরগণ (প্রকৃত বিষয় উপলব্ধি করায়) সেজদায় পড়িতে বাধ্য হইল। তাহারা বলিল ‘আমরা হারূন ও মূসার প্রভুর উপর ঈমান আনিলাম।’

قَالَ اٰمَنۡتُمۡ لَہٗ قَبۡلَ اَنۡ اٰذَنَ لَکُمۡ ؕ اِنَّہٗ لَکَبِیۡرُکُمُ الَّذِیۡ عَلَّمَکُمُ السِّحۡرَ ۚ فَلَاُقَطِّعَنَّ اَیۡدِیَکُمۡ وَاَرۡجُلَکُمۡ مِّنۡ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّکُمۡ فِیۡ جُذُوۡعِ النَّخۡلِ ۫ وَلَتَعۡلَمُنَّ اَیُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبۡقٰی ﴿۷۲﴾

৭২
সে (ফেরাউন) বলিল, ‘আমি তোমাদিগকে হুকুম দেওয়ার পূর্বেই কি তোমরা তাহার উপর ঈমান আনিয়াছ? সে নিশ্চয় তোমাদের প্রধান, যে তোমাদিগকে যাদু বিদ্যা শিখাইয়াছে। অতএব, আমি নিশ্চয় তোমাদের হাত ও পা (অবাধ্যতার জন্য) বিপরীত দিক হইতে১৮৩৫-খ কাটিয়া ফেলিব, এবং তোমাদিগকে নিশ্চয় খেজুর বৃক্ষের কাণ্ডে শূলবিদ্ধ করিব, এবং (তখন) তোমরা নিশ্চয় জানিতে পারিবে যে, আমাদের মধ্যে কে কঠোরতর এবং অধিক স্থায়ী শাস্তিদানকারী।’
১৮৩৫-খ। ‘মিন’ অব্যয়ের অর্থ এইরূপও হয়ঃ এই কারণে, এই উদ্দেশ্য। ‘খেলাফ’ শব্দের অর্থ বিরোধ, প্রতিবাদ বা প্রতিপক্ষ (লেইন)।

قَالُوۡا لَنۡ نُّؤۡثِرَکَ عَلٰی مَا جَآءَنَا مِنَ الۡبَیِّنٰتِ وَالَّذِیۡ فَطَرَنَا فَاقۡضِ مَاۤ اَنۡتَ قَاضٍ ؕ اِنَّمَا تَقۡضِیۡ ہٰذِہِ الۡحَیٰوۃَ الدُّنۡیَا ﴿ؕ۷۳﴾

৭৩
তাহারা বলিল, ‘আমরা কখনও তোমাকে ঐসকল সুস্পষ্ট নিদর্শনের উপর প্রাধান্য দিতে পারি না যাহা আমাদের নিকট আসিয়াছে, এবং তাঁহার উপরও (তোমাকে প্রাধান্য দিতে পারি না) যিনি আমাদিগকে সৃষ্টি করিয়াছেন। সুতরাং তোমার ক্ষমতায় যাহা কুলায় তাহাই তুমি কর, তুমি তো কেবল এই পার্থিব জীবন সম্বন্ধেই সিদ্ধান্ত গ্রহণ করিতে পার।১৮৩৬
১৮৩৬। আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ্য করুন, কিভাবে মানুষের মধ্যে ঈমান ক্রিয়াশীল হইয়া উঠে। কিছুক্ষণ পূর্বেই পার্থিব লোভে যে সব যাদুকরেরা ফেরাউনের নিকট অর্থ, সম্মান বা মর্যাদার পুরস্কার প্রার্থনা করিয়াছিল (৭ঃ১১৪), তাহারাই এখন ফেরাউন কর্তৃক প্রদর্শিত হুমকি এবং ভয়ানক মৃত্যুর প্রতিও দ্রুক্ষেপ করিল না, যখন তাহারা সত্য বুঝিতে পারিল এবং সত্য গ্রহণ করিল।

اِنَّـاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِیَغۡفِرَ لَنَا خَطٰیٰنَا وَمَاۤ اَکۡرَہۡتَنَا عَلَیۡہِ مِنَ السِّحۡرِ ؕ وَاللّٰہُ خَیۡرٌ وَّاَبۡقٰی ﴿۷۴﴾

৭৪
আমরা নিশ্চয় আমাদের প্রভুর উপর ঈমান আনিয়াছি যেন তিনি আমাদিগকে আমাদের পাপসমূহ এবং যাদুমন্ত্রের যে কাজ করিতে তুমি আমাদিগকে বাধ্য করিয়াছ উহা ক্ষমা করেন। বস্তুতঃ আল্লাহ্ সর্বোত্তম এবং চিরস্থায়ী।’

اِنَّہٗ مَنۡ یَّاۡتِ رَبَّہٗ مُجۡرِمًا فَاِنَّ لَہٗ جَہَنَّمَ ؕ لَا یَمُوۡتُ فِیۡہَا وَلَا یَحۡیٰی ﴿۷۵﴾

৭৫
প্রকৃত বিষয় ইহাই, যে ব্যক্তি তাহার প্রভুর নিকট অপরাধী হিসাবে উপস্থিত হইবে তাহার জন্য নিশ্চয় জাহান্নাম অবধারিত, উহাতে সে মরিবেও না এবং বাঁচিবেও না।১৮৩৭
১৮৩৭। মৃত্যু মানুষকে যন্ত্রণা হইতে রক্ষা করে। অতএব পাপীরা নরকে মরিবে না এবং উহার যন্ত্রণা ভোগ করিতে থাকিবে। না তাহারা উহাতে মরিবে না বাঁচিবে। কারণ প্রকৃত জীবনের আনন্দ আল্লাহ্‌র সঙ্গে ভালবাসার মধ্যে নিহিত এবং পাপীগণ উহা হইতে বঞ্চিত। অথবা আয়াতের মর্ম ইহাও হইতে পারে যে, পাপীগণ সকল প্রকার আরাম ও আনন্দ হইতে সম্পূর্ণ বঞ্চিত হইবে এবং এরূপ অবস্থাকেই এখানে মৃত্যু হইতে নিকৃষ্ট বলিয়া বর্ণনা করা হইয়াছে।

وَمَنۡ یَّاۡتِہٖ مُؤۡمِنًا قَدۡ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰٓئِکَ لَہُمُ الدَّرَجٰتُ الۡعُلٰی ﴿ۙ۷۶﴾

৭৬
এবং যে ব্যক্তি সৎকর্ম করিয়া তাঁহার নিকট ঈমানদার অবস্থায় উপস্থিত হইবে, এইরূপ লোকদের জন্য হইবে উচ্চ মর্যাদাসমূহ—

جَنّٰتُ عَدۡنٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَذٰلِکَ جَزٰٓؤُا مَنۡ تَزَکّٰی ﴿٪۷۷﴾

৭৭
চিরস্থায়ী বাগানসমূহ, যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত হইবে, উহাতে তাহারা সদা বাস করিবে। বস্তুতঃ যাহারা পবিত্রতা অবলম্বন করে, তাহাদের উপযুক্ত পুরস্কার ইহাই।’
সূরা তাহা - রুকু ৩

وَلَقَدۡ اَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی ۬ۙ اَنۡ اَسۡرِ بِعِبَادِیۡ فَاضۡرِبۡ لَہُمۡ طَرِیۡقًا فِی الۡبَحۡرِ یَبَسًا ۙ لَّا تَخٰفُ دَرَکًا وَّلَا تَخۡشٰی ﴿۷۸﴾

৭৮
এবং আমরা মূসার প্রতি ওহী করিয়াছিলাম যে: ‘তুমি আমার বান্দাগণকে লইয়া রাত্রিযোগে সফর কর এবং সমুদ্রে তাহাদের জন্য শুষ্ক রাস্তার নির্দেশ দাও; তুমি পশ্চাৎ হইতে ধরা পড়ারও ভয় করিবে না এবং সম্মুখস্থ বিপদেরও আশংকা করিবে না।১৮৩৮
১৮৩৮। ইসরাঈল জাতি সম্পর্কে অভিযোগের সমস্ত ঐতিহাসিক সূত্রের বিরুদ্ধে সর্বাপেক্ষা অসাধারণ তত্ত্বসমূহ উপস্থাপিত হইয়াছেঃ (ক) তাহারা কখনই মিশরে বসবাস করে নাই; কারণ পুরাতন মিশরীয় ইতিহাসের দলীলে তাহাদের কোন উল্লেখ পাওয়া যায় না; (খ) ফেরাউন মেরেনেপ ্তাহ (Merenptah)-এর রাজত্বের পঞ্চম বর্ষে, যখন হযরত মূসা (আঃ) ইসরাঈলীদিগকে মিশর রাজ্য হইতে বাহির করিয়া আনিয়াছিলেন বলিয়া বলা হয়, সেই সময় কোন কোন ইহুদী উপজাতি বাস্তবেই কেনানে বাস করিত। অতএব এই মত যে, মূসা (আঃ) কেনানে তাঁহার রাজত্বকালে ইসরাঈলীদিগকে মিশর হইতে বাহির করিয়া সেখানে নিয়া গিয়াছিলেন এবং তাহারা পঞ্চাশ বৎসর পরে কেনানে আবাস স্থাপন করিয়াছিল—এইসব সম্পূর্ণ ভুল। এই অদ্ভূত তত্ত্বের উপস্থাপকগণ মনে হয় ভুলিয়া গিয়াছিলেন যে, ইসরাঈলীরা মিশর দেশে বিদেশী ছিল এবং এক পরাধীন জাতিরূপে তাহারা নির্দয় শাসকের অধীনে কৃতদাসবৎ দায়বদ্ধ কৃষকের ও দাসত্বের দুর্দশাগ্রস্থ জীবনযাপন করিত। এইরূপ এক সম্প্রদায় কিভাবে ঐতিহাসিকগণের দৃষ্টি আকর্ষণের যোগ্য বিবেচিত হইতে পারে? এমনকি এই বিংশ শতাব্দীতেও যখন ইতিহাস রচনাকারীগণ ধংসপ্রাপ্ত সভ্যতার ভগ্নাবশেষ হইতে কোন এক জাতি সম্পর্কে সামঞ্জস্যপূর্ণ বর্ণনা লিপিবদ্ধ করা সহজসাধ্য মনে করেন না, তখন বহুদূরবর্তী অতীতের ইতিহাসবিদগণের জন্য আরও অধিক কষ্টসাধ্য ব্যাপার ছিল যে, টুকরা টুকরা অসম্পূর্ণ বর্ণনা হইতে এমন এক জাতি সম্পর্কে সামঞ্জস্যপূর্ণ দলীল রচনা করা, যাহারা অতি প্রাচীনকালে বাস করিত এবং যাহারা তাহাদের শাসক কর্তৃক ভারবাহী পশুর ন্যায় ব্যবহৃত হইত। কোন কোন ইহুদী গোত্রকে ফেরাউন মেরেনেপ্‌তাহর রাজত্বকালের পঞ্চম বৎসরে কেনানে বাস করিতে দেখা গিয়াছিল, এই সন্দেহপূর্ণ সূত্র সম্বন্ধে উল্লেখ করিতে গেলে বলিতে হয় যে, অন্যান্য ইসরাঈলী গোত্রগুলি মিশরে বাস করিতেছিল—এই বাস্তব ঘটনাকে ইহা মিথ্যা প্রমাণিত করিতে পারে না। ইহা কি সম্ভব নহে যে, মূসা (আঃ) কর্তৃক উহাদের সকলকে উদ্ধার করার প্রাক্কালে কোন কোন গোত্র কেনানের পথে মিশর ত্যাগ করিয়াছিল? ইহা আশ্চর্যের কথা যে, এই সকল লোক একদিকে বলে যে, মূসা মিশরীয় নাম এবং কোন ইহুদীর নামও মিশরীয় নাম ছিল; অপরদিকে বলে যে, তাহারা কখনও মিশরে গমন করে নাই। উপরন্তু ইসরাঈলীগণ মিশরে বাস করিত বলিয়া বাইবেল বিশদ ও সঙ্গত বর্ণনা করিয়াছে। বাইবেল রচয়িতাগণের জন্য এইরূপ করার কোন বাধ্যকর কারণ ছিল না, বিশেষতঃ যখন ইহুদীরা সেখানে কৃতদাস ও ভারবাহী পশুর অপেক্ষা নিকৃষ্ট জীবনযাপন করিত। কোন জাতিই নিজেদের অপমান ও দুঃখের বেদনাদায়ক মিথ্যা এবং বানোয়াট দলীল আবিষ্কার করিবার গরজ বা গর্ববোধ করিবে না। সেই সময়ের ফেরাউনদের রীতি-নীতি, সংস্কৃতি ও জীবনযাপনের পদ্ধতি সম্বন্ধে বাইবেলের খুঁটিনাটি বর্ণনা আরও একটি বাস্তব প্রমাণ যে, ইহুদী জাতি মিশরে বাস করিত। মিশরীয় ফেরাউন রাজ-বংশে বাইবেলের কোন স্বার্থ ছিল না—এই প্রকৃত বাস্তব ঘটনা ব্যতীত যে, তাহারা ইহুদীদিগের শাসক ছিল। এতদ্ব্যতীত প্রাচীন গ্রীক ঐতিহাসিকগণের বর্ণনানুযায়ী, মিশরীয়গণ নিজেরাই স্বীকারোক্তি করিয়াছিল যে,ইসরাঈলী জাতি দীর্ঘদিন মিশরে বসবাস করিয়াছিল এবং পরবর্তী কালে সেখান হইতে হিজরত করিয়াছিল। যাহা হউক পুরাকালে পরিচিত মিশর রাজ্য, যাহা উত্তর আরব নিয়া গঠিত ছিল, উহার সহিত বর্তমানকালের মিশর নিয়া তাল-গোল পাকানো সমীচীন নহে। মিশরত্যাগী ইসরাঈলীদিগের দলবদ্ধভাবে প্রস্থানের তারিখটিও বহু বিতর্কীত বিষয় এবং কেবলমাত্র বাইবেল হইতে উহার সঠিক তারিখ নির্ধারণ করা খুবই কষ্টসাধ্য বলিয়া মনে হয়। ঐতিহাসিক সূত্র, প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং ইহুদী জাতির ঐতিহ্য দ্বারা সমর্থনপুষ্ট এই ধারণা ব্যাপকভাবে বিদ্যমান যে, উক্ত দলবদ্ধভাবে প্রস্থানের ঘটনা (যাত্রা পুস্তক) পুরুষানুক্রমিক উনবিংশতম রাজ পুরুষ (১৩২৮-১২০২ খৃঃ পূর্ব) বা মেরেনেপ্‌তাহ্ ২য় (Merenptah II) (১২৩৪-১২১৪ খৃঃ পূর্ব)-এর শাসনামলে সংঘটিত হইয়াছিল এবং এখনও ইহা সর্বাধিক সম্ভাব্য বলিয়া প্রতিপন্ন। এই যাত্রা ১২৩০ খৃঃ পূর্বাব্দে হইয়াছিল বলিয়া প্রতীয়মান হয়। অত্যাচারী ফেরাউন ছিল রামেসেস ২য় এবং তাহার উত্তরসূরী মেনেরেপতাহ্ ২য় ছিল মূসা (আঃ)-এর যাত্রাকালের ফেরাউন। (পীকস্ কমেন্টারী অব দি বাইবেল পৃঃ ১১৯, ৯৫৫, ৯৫৬, আরও দেখুন ‘দি লারজার এডিশন অব দি কমেন্টারী’ পৃঃ-১৬৪৬-১৬৪৭)।

فَاَتۡبَعَہُمۡ فِرۡعَوۡنُ بِجُنُوۡدِہٖ فَغَشِیَہُمۡ مِّنَ الۡیَمِّ مَا غَشِیَہُمۡ ﴿ؕ۷۹﴾

৭৯
অতপর, ফেরাউন তাহার সৈন্যদলসহ তাহাদের পশ্চাদানুসরণ করিল, পরিণামে সমুদ্রের জলরাশি তাহাদিগকে সম্পূর্ণরূপে ঢাকিয়া ফেলিল।

وَاَضَلَّ فِرۡعَوۡنُ قَوۡمَہٗ وَمَا ہَدٰی ﴿۸۰﴾

৮০
এবং ফেরাউন তাহার কওমকে বিপথগামী করিল এবং হেদায়াতের পথে পরিচালিত করিল না।