২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩৬ আয়াত এবং ৮ রুকু আছে।

یَعۡلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَمَا خَلۡفَہُمۡ وَلَا یُحِیۡطُوۡنَ بِہٖ عِلۡمًا ﴿۱۱۱﴾

১১১
যাহা কিছু তাহাদের সম্মুখে এবং যাহা কিছু তাহাদের পশ্চাতে আছে (সকলই) তিনি জানেন;১৮৫৪ তাহারা (তাহাদের) জ্ঞান দ্বারা তাঁহাকে আয়ত্ত করিতে পারিবে না।
১৮৫৪। ‘যাহা কিছু তাহাদের পশ্চাতে আছে’ শব্দসমূহ দ্বারা তাহাদের অতীতে সম্পাদিত উত্তম কার্যাবলী বুঝায়, এবং ‘যাহা তাহাদের সম্মুখে আছে’ শব্দগুলি দ্বারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কৃতকার্যতা অর্জন করিবার প্রবল আকাঙ্খা বুঝায়।

وَعَنَتِ الۡوُجُوۡہُ لِلۡحَیِّ الۡقَیُّوۡمِ ؕ وَقَدۡ خَابَ مَنۡ حَمَلَ ظُلۡمًا ﴿۱۱۲﴾

১১২
এবং (সেদিন) ‘চির-জীবন্ত ও সকলের জীবন দাতা’ (হায়ুই্যন) এবং ‘চিরস্থায়ী ও সকলের স্থিতি-দাতা’র (কাইয়ুম) সম্মুখে নেতৃবৃন্দ১৮৫৪-ক বিনয়ের সহিত নতশির হইবে। এবং যে যুলুমের বোঝা বহন করিবে সে বিফল হইবে।
১৮৫৪-ক। ‘উজুহু’ অর্থ নেতৃবৃন্দ (আকরাব)।

وَمَنۡ یَّعۡمَلۡ مِنَ الصّٰلِحٰتِ وَہُوَ مُؤۡمِنٌ فَلَا یَخٰفُ ظُلۡمًا وَّلَا ہَضۡمًا ﴿۱۱۳﴾

১১৩
এবং যে মো’মেন অবস্থায় সৎকর্ম করে সে কোন প্রকার যুলুমেরও ভয় করিবে না এবং ক্ষতিরও আশংকা করিবে না।

وَکَذٰلِکَ اَنۡزَلۡنٰہُ قُرۡاٰنًا عَرَبِیًّا وَّصَرَّفۡنَا فِیۡہِ مِنَ الۡوَعِیۡدِ لَعَلَّہُمۡ یَتَّقُوۡنَ اَوۡ یُحۡدِثُ لَہُمۡ ذِکۡرًا ﴿۱۱۴﴾

১১৪
এবং এইরূপে আমরা ইহাকে— আরবী ভাষায় কুরআনের আকারে নাযেল করিয়াছি এবং আমরা ইহাতে সকল প্রকার সতর্ক বাণী বিশদভাবে বর্ণনা করিয়াছি যেন তাহারা তাক্‌ওয়া অবলম্বন করে অথবা ইহা (কুরআন) তাহাদের জন্য (আল্লাহ্‌কে) স্মরণ করার লক্ষ্যে কোন নূতন উপাদান সৃষ্টি করে।

فَتَعٰلَی اللّٰہُ الۡمَلِکُ الۡحَقُّ ۚ وَلَا تَعۡجَلۡ بِالۡقُرۡاٰنِ مِنۡ قَبۡلِ اَنۡ یُّقۡضٰۤی اِلَیۡکَ وَحۡیُہٗ ۫ وَقُلۡ رَّبِّ زِدۡنِیۡ عِلۡمًا ﴿۱۱۵﴾

১১৫
অতএব আল্লাহ্‌ই সর্বোচ্চ, তিনি প্রকৃত সর্বাধিপতি। এবং তুমি কুরআন পাঠে ত্বরা করিও না তোমার প্রতি ইহার ওহী পূর্ণভাবে নাযেল হওয়ার পূর্বে, এবং তুমি বলিতে থাক, ‘হে আমার প্রভু! আমার জ্ঞান বৃদ্ধি কর।’১৮৫৫
১৮৫৫। হযরত নবী করীম (সাঃ) হইতে বর্ণিত হইয়াছে ‘জ্ঞান অন্বেষণ কর যদি সুদূর চীন দেশেও যাইতে হয়’ (সগীর, ১ম খণ্ড)। কুরআন মজীদের অন্যত্র বলা হইয়াছে যে, জ্ঞান আল্লাহ্‌তা’লার মহান অনুগ্রহ (২ঃ২৭০ এবং ৪ঃ১১৪)। জ্ঞান দুই প্রকারঃ (ক) যে জ্ঞান ওহী-ইলহাম দ্বারা অনুগ্রহ করিয়া মানবকে প্রদান করা হইয়াছে; (খ) যে জ্ঞান মানুষ নিজ প্রচেষ্টা এবং পরিশ্রমের দ্বারা অর্জন করে।

وَلَقَدۡ عَہِدۡنَاۤ اِلٰۤی اٰدَمَ مِنۡ قَبۡلُ فَنَسِیَ وَلَمۡ نَجِدۡ لَہٗ عَزۡمًا ﴿۱۱۶﴾٪

১১৬
এবং ইতিপূর্বে নিশ্চয় আমরা আদমকে (এক বিষয়ের) তাকিদ করিয়াছিলাম, কিন্তু সে ভুলিয়া গিয়াছিল এবং আমরা১৮৫৬ তাহার মধ্যে (আদেশ লঙঘনের) কোন সংকল্প পাই নাই।
সূরা তাহা - রুকু ৬
১৮৫৬। আয়াতটি প্রতিপন্ন করে যে, হযরত আদম (আঃ)-এর ভুল কেবল মূল্যায়ন বা বিচারের ক্রুটি ছিল। ইহা অনিচ্ছাকৃত ছিল এবং আদৌ স্বেচ্ছাকৃত ছিল না। ভুল করা মানুষের স্বভাব।

وَاِذۡ قُلۡنَا لِلۡمَلٰٓئِکَۃِ اسۡجُدُوۡا لِاٰدَمَ فَسَجَدُوۡۤا اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ اَبٰی ﴿۱۱۷﴾

১১৭
এবং (স্মরণ কর) যখন আমরা ফিরিশ্‌তাগণকে বলিয়াছিলাম, ‘তোমরা আদমের জন্য সেজদা (আনুগত্য) কর।’ তখন ইবলীস ব্যতীত তাহারা সকলেই সেজদা করিল। সে অস্বীকার করিল।

فَقُلۡنَا یٰۤـاٰدَمُ اِنَّ ہٰذَا عَدُوٌّ لَّکَ وَلِزَوۡجِکَ فَلَا یُخۡرِجَنَّکُمَا مِنَ الۡجَنَّۃِ فَتَشۡقٰی ﴿۱۱۸﴾

১১৮
তখন আমরা বলিলাম, ‘হে আদম! নিশ্চয় এই হইল তোমার ও তোমার সঙ্গিণীর শত্রু, সুতরাং সে যেন তোমাদেরকে এই বাগান১৮৫৭ হইতে বাহির করিয়া না দেয়, পাছে না তুমি দুঃখে নিপতিত হও;
১৮৫৭। হযরত আদমকে সতর্ক করা হইয়াছে যে, ইবলিসের চাটুবাক্যে যদি তুমি লোভের বশবর্তী হও এবং তাহার কথা গ্রহণ কর তাহা হইলে তুমি জান্নাত হইতে বঞ্চিত হইবে। ‘আল্ জান্নাত’ অর্থ পরম সুখ এবং আধ্যাত্মিক প্রশান্তির জীবন যাহা তিনি ইতিপূর্বে ভোগ করিতেছিলেন।

اِنَّ لَکَ اَلَّا تَجُوۡعَ فِیۡہَا وَلَا تَعۡرٰی ﴿۱۱۹﴾ۙ

১১৯
নিশ্চয় ইহাতে তোমার জন্য (বিধি ব্যবস্থা) রহিয়াছে যে, তুমি ইহাতে ক্ষুধার্ত থাকিবে না এবং উলঙ্গও থাকিবে না;

وَاَنَّکَ لَا تَظۡمَؤُا فِیۡہَا وَلَا تَضۡحٰی ﴿۱۲۰﴾

১২০
এবং তুমি ইহাতে তৃষ্ণার্ত থাকিবে না এবং রৌদ্রেও পুড়িবে না।’১৮৫৮
১৮৫৮। তফসীরাধীন এবং পূর্ববর্তী আয়াতের ইঙ্গিত বোধ হয় সভ্য জীবনের সুযোগ-সুবিধা ও আরাম-উপভোগের আনুসঙ্গিক উপকরণসমূহের প্রতি করা হইয়াছে। উক্ত দুই আয়াত এই বাস্তব সত্যের প্রতি ইঙ্গিত করিতেছে যে, মানুষের জীবনের প্রাথমিক প্রয়োজন খাদ্য, পানীয়বস্তু, বস্ত্র এবং আশ্রয় বা বাসস্থানের ব্যবস্থা করা যে কোন সভ্য সরকারের প্রথম কর্তব্য এবং কোন সমাজকে কেবল তখনই সভ্য সমাজ বলা যায় যখন উহার অধীনে সকল লোক এই চাহিদাগুলি পর্যাপ্তরূপে প্রাপ্ত হয়। মানবজাতি ততক্ষণ পর্যন্ত সামাজিক আন্দোলনে অশান্তিতে ভুগিতে থাকিবে এবং মানব সমাজে নৈতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের অকৃত্রিম উন্নতি হইবে না, যতক্ষণ পর্যন্ত না এরূপ গুরুতর অর্থনৈতিক অসমতা, যেমন সমাজের এক শ্রেণীর লোক সম্পদে গড়াগড়ি করে এবং অন্যরা অনাহারে মৃত্যুবরণ করে, এই অবস্থার অবসান করা হয়। এখানে হযরত আদম (আঃ)-কে বলা হইয়াছে যে, তিনি এমন একস্থানে বসবাস করিবেন যেখানে জীবনের সকল প্রয়োজন এবং সকল সুখ-সুবিধা ইহার বাসিন্দাগণের জন্য পর্যাপ্ত পরিমাণে থাকিবে। এই অবস্থা কুরআন করীমের অন্যত্র এইভাবে বর্ণিত হইয়াছে, ‘এবং উহা হইতে যেখানে তোমাদের ইচ্ছা তৃপ্তিসহকারে আহার কর’ (২ঃ৩৬)। তফসীরাধীন আয়াতেও প্রতীয়মান হয় যে, হযরত আদম (আঃ)-এর সময় হইতে এক নূতন সমাজ ব্যবস্থা আরম্ভ হইয়াছিল এবং তিনি এক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করিয়াছিলেন, যাহা মানবজাতির সামাজিক অগ্রগতির পথ দেখাইয়াছিল।