২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا ہِیَ ۙ اِنَّ الۡبَقَرَ تَشٰبَہَ عَلَیۡنَا ؕ وَاِنَّاۤ اِنۡ شَآءَ اللّٰہُ لَمُہۡتَدُوۡنَ ﴿۷۱﴾

৭১
তাহারা বলিল, ‘তুমি আমাদের জন্য তোমার প্রভুর সমীপে দোয়া কর, যেন তিনি আমাদিগকে অবহিত করেন যে, উহা কিরূপ, কারণ আমাদের নিকট সকল গাভী পরস্পর একই রকম মনে হইতেছে এবং আল্লাহ্‌ ইচ্ছা করিলে নিশ্চয় আমরা হেদায়াত প্রাপ্ত হইব।’

قَالَ اِنَّہٗ یَقُوۡلُ اِنَّہَا بَقَرَۃٌ لَّا ذَلُوۡلٌ تُثِیۡرُ الۡاَرۡضَ وَلَا تَسۡقِی الۡحَرۡثَ ۚ مُسَلَّمَۃٌ لَّا شِیَۃَ فِیۡہَا ؕ قَالُوا الۡـٰٔنَ جِئۡتَ بِالۡحَقِّ ؕ فَذَبَحُوۡہَا وَمَا کَادُوۡا یَفۡعَلُوۡنَ ﴿٪۷۲﴾

৭২
সে বলিল, ‘তিনি বলিতেছেন, উহা এমন এক গাভী, না উহাকে ভূকর্ষণের জন্য হালে জোতা হইয়াছে, না উহাকে খেতে পানি সেচের কাজে ব্যবহার করা হইয়াছে; উহা সুস্থ কায়া, উহাতে কোন দাগ নাই।’ তাহারা বলিল, ‘তুমি এখন প্রকৃত বিষয় পেশ করিয়াছ।’ তখন তাহারা উহাকে যবাহ করিল, যদিও তাহারা ইহা১০৮ করিতে ইচ্ছুক ছিল না।
সূরা আল্ বাকারা - রুকু ৮
১০৮। ইসরাঈলীগণ মিশরবাসীদের সাথে সুদীর্ঘকাল বসবাস করিয়াছিল। মিশরীয়রা গাভীকে অতিশয় শ্রদ্ধা করিত, তাই ইসরাঈলীদের মনেও গাভীর প্রতি শ্রদ্ধা ভক্তি জন্মিয়াছিল। তাই, তাহারা যখন উপাসনার জন্য আরাধ্য-দেবতা বানাইল, তখন তাহারা ইহাকে গো-বৎসের রূপ দান করিল (কুরআন- ২ঃ৫২, যাত্রাপুস্তক- ৩২ঃ৪)। গাভীর প্রতি তাহাদের ভক্তি ভালবাসা হইতে তাহাদিগকে মুক্ত করার উদ্দেশ্যে, তাহাদিগকে বার বার আদেশ দেওয়া হইল, তাহারা যেন গাভী কুরবানী করে (গণনা পুস্তক- ১৯ঃ১-৯; লেবীয় পুস্তক- ৪ঃ ১-২১, ১৬ঃ ৩-১১)। মনে হয়, তাহাদের একটি নির্দিষ্ট গাভী ছিল, যাহা তাহাদের পোষা ও প্রিয় ছিল। তাহাদের মনে আশঙ্কা ছিল যে, ঐ গাভীটিকেই হয়তঃ উৎসর্গ করিবার আদেশ দেওয়া হইতেছে। তাই বারংবার গাভীর বর্ণনা দিবার পর তাহারা হযরত মূসা (আঃ) কে আরো বর্ণনা দিবার অনুরোধ করিতেছিল। তাহাদের প্রশ্নাবলীর ফলে, কতকগুলি নূতন বর্ণনা সংযোজিত হয় এবং গাভীটি চিহ্নিত হইয়া যায়।

وَاِذۡ قَتَلۡتُمۡ نَفۡسًا فَادّٰرَءۡتُمۡ فِیۡہَا ؕ وَاللّٰہُ مُخۡرِجٌ مَّا کُنۡتُمۡ تَکۡتُمُوۡنَ ﴿ۚ۷۳﴾

৭৩
এবং (স্মরণ কর সেই সময়ের কথা) যখন তোমরা এক ব্যক্তিকে১০৯ হত্যা১০৯-ক করিয়াছিলে, অতঃপর, তোমরা উহার সম্বন্ধে মতভেদ করিয়াছিলে, অথচ যাহা তোমরা গোপন১০৯-খ করিতেছিলে, আল্লাহ্ উহার উদঘাটনকারী ছিলেন।
১০৯। ‘নাফসান’ অনির্দিষ্ট আকারে নাকিরা হিসাবে ব্যবহৃত হইলে, আরবী ভাষা অনুযায়ী, অতি উচ্চস্তরের ব্যক্তিকে বুঝাইয়া থাকে (মুতাওওয়াল)। পূর্ববর্তী আয়াতে ইহুদীদের কতকগুলি কুকর্ম ও অপরাধের উল্লেখ করা হইয়াছে, এই আয়াতে হীনতম অপরাধের কথা বলা হইয়াছে, অর্থাৎ তাহারা ঈসা (আঃ) কে ক্রুশে বধ করিয়া, বাইবেলের নিয়মানুসারে, তাহাকে মিথ্যা নবী সাব্যস্ত করিতে চাহিয়াছিল (দ্বিতীয় বিবরণ ২১ঃ২৩)। এই হীনতম প্রচেষ্টায় তাহারা সম্পূর্ণ ব্যর্থ হয়। ঈসা (আঃ)-কে জীবিত অবস্থায় ক্রুশ হইতে নামানো হয়, কিন্তু তিনি সংজ্ঞাহীন মৃতবৎ হইয়া গিয়াছিলেন। ঈসা (আঃ) যে ক্রুশে মরেন নাই এবং তাঁহাকে যে মৃতবৎ জীবিতাবস্থাতেই ক্রুশ হইতে নামানো হইয়াছিল, উহার ঐতিহাসিক তথ্যাবলী ২০০০ নং টীকায় দেখুন।
১০৯-ক। ‘কাতালতুম’ মানে, তোমরা মারিতে চাহিয়াছিলে বা মারিতে চেষ্টা করিয়াছিলে বা মনস্থির করিয়াছিলে বা মারিয়াছ বলিয়া দাবী করিয়াছিলে (৪০ঃ২৯) অথবা তোমরা তাহাকে মৃতবৎ করিয়াছিলে বা প্রায় মারিয়া ফেলিয়াছিলে।‘কাতালাহু’ বলিতে ইহাও বুঝায়—সে তাহাকে শারীরিকভাবে বা নৈতিক ভাবে মৃতবৎ করিয়াছিল (লেইন)। হযরত উমরের প্রসিদ্ধ বাক্য ‘উক্‌তুলু সা’দান’-এর অর্থ ধরা হইয়াছে ‘সাদ’কে কার্যতঃ মৃতের মত করিয়া দাও’।
১০৯-খ। এই বাক্যাংশটির তাৎপর্য হইল, এক সময় আসিবে যখন ঈসা (আঃ)-এর  ক্রুশ বিদ্ধ হওয়ার রহস্য সম্পর্কে সঠিক তথ্যাবলী উদ্‌ঘাটিত হইবে এবং এই ঘটনার দীর্ঘদিনের আবরণ উন্মোচিত হইয়া পড়িবে।

فَقُلۡنَا اضۡرِبُوۡہُ بِبَعۡضِہَا ؕ کَذٰلِکَ یُحۡیِ اللّٰہُ الۡمَوۡتٰی ۙ وَیُرِیۡکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۷۴﴾

৭৪
অতঃপর, আমরা বলিলাম, ‘এই ঘটনাকে (অপরাপর অনুরূপ) কতক ঘটনাবলীর সহিত মিলাইয়া১১০ দেখ (তাহা হইলে তোমরা প্রকৃত স্বরূপ বুঝিতে পারিবে), এইভাবে আল্লাহ্ মৃতকে১১০-ক জীবিত করেন এবং তোমাদিগকে তিনি নিজ নির্দশনাবলী দেখান যেন তোমরা বিবেক-বুদ্ধি খাটাও।
১১০। ‘যার্‌ব’ অর্থ একটি বস্তুর মত অন্য বস্তু (লেইন); ‘যারাবা’ ক্রিয়াটি ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কাল (বর্তমান, অতীত, ভবিষ্যৎ) রূপে ব্যবহৃত হইয়াছে যথা ১৩ঃ১৮, ১৬ঃ৭৫ এবং ৪৩ঃ৫৮-এ। প্রত্যেকটি স্থানে ‘তুলনা’ রহিয়াছে। অতএব ‘ইয্‌রিবূহু বিবা’যিহা”-র অর্থ এইরূপও হইতে পারে। ঈসা (আঃ) কে ক্রুশ হইতে যেরূপ মৃতবৎ অবস্থায় নামানো হইয়াছিল, সেই অবস্থাকে ঐসব লোকের অবস্থার সহিত তুলনা করিয়া দেখ, যাহারা মৃত না হইলেও মৃতের মত হওয়ার কারণে তাহাদিগকে মৃত মনে করা হইয়া থাকে। তাহা হইলেই তোমরা ঈসা (আঃ)-এর কল্পিত মৃত্যুর ব্যাপারে সত্যে উপনীত হইতে পারিবে।
১১০-ক। বাক্যাংশটির অর্থ এই হইতে পারেঃ এইরূপ ভাবে আল্লাহ্‌তা’লা ঈসা (আঃ)-কে মৃতপ্রায়, অবস্থা হইতে নবজীবন দান করিলেন। ‘মাওতা’ শব্দ ‘মাইয়েৎ’-এর বহুবচন। মাইয়েৎ অর্থ মৃতপ্রায়, মৃতের মত, মৃতবৎ (লেইন)। এখানে ‘মাওতা’ শব্দটিকে এই অর্থেই গ্রহণ করিতে হইবে, কেননা, কুরআনের বর্ণনানুসারে সত্যিকার মৃতরা পৃথিবীতে পুনর্জীবিত হয় না (২১ঃ৯৬, ২৩ঃ১০১)। সম্পূর্ণ আয়াতটির অনুবাদ এইরূপ ভাবেও করা যাইতে পারে— তখন আমরা বলিলাম, তাহাকে (হত্যাকারীকে) তাহার অপরাধের অংশ বিশেষের জন্য আঘাত কর। এই ভাবেই আল্লাহ্‌ মৃতকে জীবিত করেন এবং তোমাদিগকে তাঁহার নিদর্শন দেখাইয়া থাকেন যাহাতে তোমরা বুঝিতে পার। এই অনুবাদের প্রেক্ষিতে, পূর্ববর্তী আয়াতকে মিলাইয়া বিষয়টি এইরূপ দাঁড়াইবেঃ মহানবী(সাঃ) মদীনায় পৌঁছিয়া ইহুদীদের সহিত একটি শান্তি-চুক্তি সম্পাদন করিয়া পারস্পরিক সৎ প্রতিবেশী-সুলভ সম্পর্কের মাঝে থাকিবার ব্যবস্থা করিলেন। কিন্তু ইসলামের ক্রমোন্নতি ও কৃতকার্যতা ধীরে ধীরে ইহুদীদের ঈর্ষার কারণ হইয়া উঠিল। তাহাদের নেতৃবৃন্দ, বিশেষ করিয়া ইহুদী নেতা কাব-বিন-আশরাফ অগ্রবর্তী ভূমিকায় অবতীর্ণ হইয়া ইহুদীদিগকে মুসলমানের বিরুদ্ধে গোপনে গোপনে ক্ষেপাইয়া তুলিল। বদরের যুদ্ধের অল্পদিন পরেই একজন মুসলমান মহিলা এক ইহুদীর দোকানে কিছু কেনা-কাটার জন্য গেলে, দোকানদার তাহার সহিত অপমানসূচক ব্যবহার করে। নিরীহ ভদ্র মহিলা সাহায্যের জন্য চিৎকার করিতে থাকিলে, নিকটবর্তী স্থান হইতে একজন মুসলমান তাহার সাহায্যের জন্য দৌড়িয়া আসে। ধ্বস্তা-ধ্বস্তির মাঝে দোকানদারের মৃত্যু হইলে, ইহুদীরা সদল বলে ছুটিয়া আসিয়া ঐ মুসলমানকেও মারিয়া ফেলে। ঘটনার তদন্ত শুরু হইলে দুষ্কৃতকারীদের কেহই দোষ স্বীকার করিল না, একে-অন্যের দোষ ঢাকিয়া রাখিল। কেহ কেহ অন্যের ঘাড়ে দোষ চাপাইবার চেষ্টাও চালাইল। এই হত্যা একটি আচম্‌কা ঘটনা হইলেও তেমন কিছু হইত না। কিন্তু ইহুদীদের দুষ্কর্ম ও দুর্ব্যবহার দিন দিন বাড়িতে লাগিল। মুসলমানের প্রতি অপমানজনক ব্যবহার এবং উস্কানীমূলক আচরণ ইহুদীদের নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হইল। তাহারা সর্বদাই গণ্ডগোল বাধাইবার চেষ্টায় রত থাকিত (হিশাম)। এইসব ষড়যন্ত্র ও গণ্ডগোল পাকাইবার মূল হোতা ছিল রসূলুল্লাহ্ (সাঃ)-এর প্রধান শত্রু কাব-বিন-আশরাফ। সে মক্কাতে গিয়া, আপন বাগ্মীতা দ্বারা মক্কার নেতৃবৃন্দকেও এমনভাবে উত্তেজিত করে যে, বদর-যুদ্ধের শোচনীয় পরাজয়ের প্রতিশোধ গ্রহণকল্পে কুরাইশগণ কা’বা গৃহের আবরণ বা গিলাফ ছুইয়া প্রতিজ্ঞা করিল, ইসলাম ধর্ম ও এই ধর্মের প্রবর্তককে ধ্বংস না করিয়া তাহারা শান্তিতে নিদ্রা যাইবে না। কাব মহানবীর (সাঃ) পরিবারের মহিলাগণের নামে দুর্নাম রটনা করিয়া ঘৃণ্য পন্থায় বহু কবিতা প্রচার করাইবারও ব্যবস্থা করিল। তাই পুনঃ পুনঃ বিশ্বাস-ঘাতকতা ও দুষ্কৃতির জন্য এবং সর্বোপরি একজন নিরপরাধ মুসলমানকে হত্যার শাস্তি-স্বরূপ তাহাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল। এই শাস্তি হইল আংশিক শাস্তি; অবশিষ্ট শাস্তিতো পরকালের জন্য রহিলই। ‘কাতালতুম’ ক্রিয়াপদটি বহুবচনে ব্যবহার করিয়া, কুরআন মদীনার সকল ইহুদী গোষ্ঠীকেই ঐ হত্যার জন্য দায়ী করিয়াছে। তবে মৃত্যুদণ্ড দিবার সময় কেবল মাত্র দুষ্ট দলপতিকে বাছিয়া চিহ্নিত করা হইল, এখানে ‘আয্‌রিবুহু’ র ‘হু’ সর্বনামটি কাবকে নির্দেশ করিতেছে। আয়াতটির অর্থ উপরোক্তভাবে ধরিয়া লইলে, “এইভাবে আল্লাহ্‌ মৃতকে জীবিত করেন” বাক্যের তাৎপর্য দাঁড়ায়, প্রতিশোধ গ্রহণ মৃতকে জীবন দানের কার্যকরী ব্যবস্থা। কারণ এরই মাধ্যমে সম্ভাব্য হত্যাকারীকে হত্যাকাণ্ড হইতে প্রতিরোধ ও বিরত করা যাইতে পারে। প্রতিশোধ গ্রহণ মৃতকে জীবন-দানের কার্যকরী পন্থা, এই কথা কুরআনে ২ঃ১৮০ আয়াতেও বলা হইয়াছে। জাহেলিয়াতের যুগে আরবেরা, যে নিহত ব্যক্তির মৃত্যুর প্রতিশোধ গ্রহণ করা হয় নাই, তাহাকেই নিহত বা মৃত মনে করিত এবং যে নিহত ব্যক্তির হত্যার প্রতিশোধ পূরাপুরিভাবে লওয়া হইয়াছে তাহাকে জীবিত জ্ঞান করিত। হারিস-বিন হিজলা নামক প্রসিদ্ধ কবি বলেন, “ইন নাবাশ্‌তুম মা বাইনা মাল্‌হাতা ওয়াল সাকীব, ফিহাল আম্‌ওমাতু ওয়াল আহ্ইয়ায়ু” অর্থাৎ তোমরা যদি মাল্‌হা ও সাকীবের মধ্যবর্তী স্থানের কবরগুলি খুঁড়িয়া বাহির কর, তাহা হইলে সেখানে তোমরা মৃতকেও দেখিতে পাইবে, জীবিতকেও দেখিতে পাইবে। এখানে জীবিত বলিতে ঐ সকল নিহত ব্যক্তিকে বুঝাইয়াছে, যাহাদের হত্যার প্রতিশোধ গ্রহণ করা হইয়াছে।

ثُمَّ قَسَتۡ قُلُوۡبُکُمۡ مِّنۡۢ بَعۡدِ ذٰلِکَ فَہِیَ کَالۡحِجَارَۃِ اَوۡ اَشَدُّ قَسۡوَۃً ؕ وَاِنَّ مِنَ الۡحِجَارَۃِ لَمَا یَتَفَجَّرُ مِنۡہُ الۡاَنۡہٰرُ ؕ وَاِنَّ مِنۡہَا لَمَا یَشَّقَّقُ فَیَخۡرُجُ مِنۡہُ الۡمَآءُ ؕ وَاِنَّ مِنۡہَا لَمَا یَہۡبِطُ مِنۡ خَشۡیَۃِ اللّٰہِ ؕ وَمَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۷۵﴾

৭৫
অতঃপর, তোমাদের হৃদয় ইহার পর কঠিন১১১ হইয়া গেল—এমন কি উহা প্রস্তরের ন্যায় বরং তদপেক্ষাও কঠিনতর, অথচ প্রস্তরের মধ্যে নিশ্চয় কতক এমন আছে যেগুলি হইতে নহর সমূহ নির্গত হয়, এবং নিশ্চয় উহাদের মধ্যে কতক এমন আছে যখন উহারা বিদীর্ণ হয় তখন উহাদের মধ্য হইতে পানি উৎসারিত হয়। এবং নিশ্চয় উহাদের মধ্যে কতক এমনও আছে যাহারা আল্লাহ্‌র ভয়ে বিনত হইয়া পড়ে। বস্তুতঃ তোমরা যাহা কিছুই কর১১২ আল্লাহ্ উহা সম্বন্ধে গাফেল নহেন।
১১১। পূর্ববর্তী আয়াতগুলিতে বর্ণিত, নিরপরাধ মুসলমানকে হত্যা করার পরে, মদীনার ইহুদীদের ভাগ্য বিপর্যয় শুরু হইল। তাহাদের হৃদয় দিন দিন কঠিন হইয়া উঠিল, এমনকি পাথর হইতেও পাষাণ হইয়া গেল। এই আয়াত এতদূর পর্যন্ত বলিতেছে যে, প্রাণহীন পাথরও কিছু না কিছু উপকারে আসে, কিন্তু ইহুদীরা এতই দূরাচার হইয়া উঠিল যে, স্বেচ্ছায় কোনও সৎ কর্ম করা তো দূরের কথা, ভ্রমেও তাহারা কখনও কোন ভাল কাজ করে নাই। তাহারা পাথর হইতে নিকৃষ্ট হইয়া গেল, কেননা পাথরের নীচে হইতে পানি উত্থিত হয়, যাহা মানুষের কাজে লাগে।
১১২। প্রস্তর হইতেও কঠিন—এই মন্তব্য সমগ্র ইহুদী জাতির উপরে বর্তায় না; কেননা, তাহাদের মধ্যে কেহ কেহ অবশ্য এমনও আছে, যাহারা নিঃসন্দেহে আল্লাহ্‌তা’লাকে ভয় করে। তাহাদের সম্বন্ধে কুরআন বলে- তাহাদের মধ্যে কিছু সংখ্যক আছে, যাহারা আল্লাহ্‌র ভয়ে মাথা নত করে। কুরআনে ‘ইন্তেশারুল যামায়ের’ এর বহু দৃষ্টান্ত পাওয়া যায় অর্থাৎ একই আয়াতে, একই ধরণের সর্বনাম ভিন্ন বিশেষ্যের জন্য আসিয়াছে এইরূপ দেখা যায় (৪৮ঃ১০)।

اَفَتَطۡمَعُوۡنَ اَنۡ یُّؤۡمِنُوۡا لَکُمۡ وَقَدۡ کَانَ فَرِیۡقٌ مِّنۡہُمۡ یَسۡمَعُوۡنَ کَلٰمَ اللّٰہِ ثُمَّ یُحَرِّفُوۡنَہٗ مِنۡۢ بَعۡدِ مَا عَقَلُوۡہُ وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۷۶﴾

৭৬
তোমরা কি আশা কর যে, তাহারা তোমাদের কথায় বিশ্বাস আনয়ন করিবে? অথচ তাহাদের মধ্যে একদল এমন আছে, যাহারা আল্লাহ্‌র কালাম শুনে এবং উহা বুঝিবার পরও উহাকে বিকৃত করিয়া দেয়, অথচ তাহারা (উহার মন্দ পরিণাম সবিশেষ) অবগত আছে।

وَاِذَا لَقُوا الَّذِیۡنَ اٰمَنُوۡا قَالُوۡۤا اٰمَنَّا ۚۖ وَاِذَا خَلَا بَعۡضُہُمۡ اِلٰی بَعۡضٍ قَالُوۡۤا اَتُحَدِّثُوۡنَہُمۡ بِمَا فَتَحَ اللّٰہُ عَلَیۡکُمۡ لِیُحَآجُّوۡکُمۡ بِہٖ عِنۡدَ رَبِّکُمۡ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۷۷﴾

৭৭
এবং যখন তাহারা সাক্ষাৎ করে তাহাদের সাথে যাহারা ঈমান আনিয়াছে, তাহারা বলে, ‘আমরা ঈমান আনিয়াছি,’ এবং যখন তাহার পরস্পর নিভৃতে সাক্ষাৎ করে, তাহারা বলে, ‘তোমরা কি তাহাদিগকে (যাহারা ঈমান আনিয়াছে) ঐ সকল কথা বলিয়া দাও যাহা আল্লাহ্ তোমাদের নিকট প্রকাশ করিয়াছেন, যাহার ফলে তাহারা এইগুলির সাহায্যে তোমাদের প্রভুর সমীপে তোমাদের সহিত তর্ক-বিতর্কে লিপ্ত হয়। তোমরা কি বিবেক-বুদ্ধি১১৩ খাটাইবে না’?
১১৩। ইহুদীদের মধ্যে একটি শ্রেণী এমনও ছিল যাহারা সর্বদাই কপট আচরণ করিত। যখন তাহারা মুসলমানদের সহিত মিলিত হইত, তখন দুনিয়ার ফায়দা লুটবার উদ্দেশ্যে, তাহারা মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করিয়া বলিত, তাহাদের ধর্মগ্রন্থেও মহানবী সম্বন্ধে ভবিষ্যদ্বাণী রহিয়াছে। কিন্তু যখন তাহারা নিজের জাতির মধ্যে যাইয়া মিলিত হইত, তখন জাতির অন্যান্যরা তাহাদিগকে দোষারোপ করিয়া বলিত– তোমরা কেন আমাদের জন্য খাসভাবে অবতীর্ণ ভবিষ্যদ্বাণীর বিষয় সমূহ মুসলমানদিগকে অবহিত করিতে গিয়াছ? অর্থাৎ আঁ হযরত (সাঃ) সম্বন্ধে তাহাদের ধর্মগ্রন্থে যে সকল ভবিষ্যদ্বাণী রহিয়াছে, তাহা মুসলমানদিগকে অবহিত করাতে তাহাদের অন্যায় হইয়াছে।

اَوَلَا یَعۡلَمُوۡنَ اَنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا یُسِرُّوۡنَ وَمَا یُعۡلِنُوۡنَ ﴿۷۸﴾

৭৮
তাহারা কি জানে না যে, তাহারা যাহা কিছু গোপন করে এবং যাহা কিছু প্রকাশ করে নিশ্চয় আল্লাহ্ সবই জানেন?

وَمِنۡہُمۡ اُمِّیُّوۡنَ لَا یَعۡلَمُوۡنَ الۡکِتٰبَ اِلَّاۤ اَمَانِیَّ وَاِنۡ ہُمۡ اِلَّا یَظُنُّوۡنَ ﴿۷۹﴾

৭৯
এবং তাহাদের মধ্যে কতক নিরক্ষর১১৩-ক লোক আছে যাহারা মিথ্যা ধারণা ব্যতীত কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তাহারা কেবল অনুমান করে।
১১৩-ক। ‘উম্মিইউন’ তাহাদিগকে বলা হয় যাহারা কোন ঐশী-গ্রন্থ অনুসরণ করে না। শব্দটি উম্মি শব্দের বহুবচন। উম্মি মানে যে লেখাপড়া জানে না।

فَوَیۡلٌ لِّلَّذِیۡنَ یَکۡتُبُوۡنَ الۡکِتٰبَ بِاَیۡدِیۡہِمۡ ٭ ثُمَّ یَقُوۡلُوۡنَ ہٰذَا مِنۡ عِنۡدِ اللّٰہِ لِیَشۡتَرُوۡا بِہٖ ثَمَنًا قَلِیۡلًا ؕ فَوَیۡلٌ لَّہُمۡ مِّمَّا کَتَبَتۡ اَیۡدِیۡہِمۡ وَوَیۡلٌ لَّہُمۡ مِّمَّا یَکۡسِبُوۡنَ ﴿۸۰﴾

৮০
সুতরাং পরিতাপ তাহাদের জন্য যাহারা স্বহস্তে কিতাব লিখে, অতঃপর তাহারা বলে, ‘ইহা আল্লাহ্‌র নিকট হইতে’, যাহাতে তাহারা ইহা দ্বারা স্বল্প মূল্য গ্রহণ করিতে পারে; অতঃপর পরিতাপ তাহাদের জন্য উহার কারণে যাহা তাহাদের হাত লিখিয়াছে এবং পরিতাপ তাহাদের জন্য উহার কারণে যাহা তাহারা অর্জন১১৪ করে।
১১৪। ইহুদীদের মধ্যে এমন লোকও ছিল যাহারা পুস্তক বা পুস্তিকা রচনা করিয়া, নিজের কথাগুলিকে আল্লাহ্‌র বাক্য বলিয়া চালাইয়া দিত। এই ধৃষ্ট কু-অভ্যাস ইহুদীদের মধ্যে বেশ প্রচলিত ছিল। সুতরাং বাইবেলের বিধানু-পুস্তক গুলির পাশাপাশি অনেক পুস্তক মুক্ত হইয়া যায়, যেগুলিকে ইহুদীরা ঐশী পুস্তক মনে করে। এখন অবস্থা এইরূপ দাঁড়াইয়াছে যে, কোনটি আসল অবতীর্ণ গ্রন্থ, আর কোনটি নয়, তাহা নির্ণয় করা অসম্ভব হইয়া পড়িয়াছে।