২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

ہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّاۡتِیَہُمُ اللّٰہُ فِیۡ ظُلَلٍ مِّنَ الۡغَمَامِ وَالۡمَلٰٓئِکَۃُ وَقُضِیَ الۡاَمۡرُ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۲۱۱﴾٪

২১১
তাহারা কি কেবল ইহারই প্রতীক্ষায় আছে যে, আল্লাহ্ মেঘের২৫০ আবরণে তাহাদের নিকট আগমন করুন২৫১ এবং ফিরিশ্‌তাগণও,২৫২ এবং সকল বিষয়ের ফয়সালা করিয়া দেওয়া হউক? এবং নিশ্চয় সকল বিষয়ই আল্লাহ্‌র নিকট প্রত্যাবর্তিত হইবে।
সূরা আল্ বাকারা - রুকু ২৫
২৫০। ‘আল-গামাম’ শব্দটি কুরআনে করুণা অর্থে (৭ঃ১৬১) এবং শাস্তি অর্থে (২৫ঃ২৬) ব্যবহৃত হইয়াছে।
২৫১। “আল্লাহ্‌র আগমন” শব্দগুলি কুরআনের অন্যত্রও ব্যবহৃত হইয়াছে (১৬ঃ২৭, ৫৯ঃ৩) এবং ইহার অর্থ হয় “আল্লাহ্‌র শাস্তি” অবতীর্ণ হওয়া।
২৫২। এখানে বদরের যুদ্ধের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে। আল্লাহ্‌ মেঘ এবং বৃষ্টি পাঠাইয়া (বুখারী) আপন প্রতিশ্রুতি অনুযায়ী (২৫ঃ২৬) বিশ্বাসীগণকে সাহায্য করিয়াছিলেন এবং ফিরিশ্‌তাগণকে পাঠাইয়া (৮ঃ১০) বিশ্বাসীগণের মনোবল ও সাহস বৃদ্ধি ও অবিশ্বাসীদের অন্তরে ভীতির সঞ্চার করিয়াছিলেন (৮ঃ১৩)। অবিশ্বাসীদের কেহ কেহ সত্য সত্যই ফিরিশ্‌তাগণকে দেখিয়াছিল বলিয়া বর্ণিত আছে (জুরকানী)।

سَلۡ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ کَمۡ اٰتَیۡنٰہُمۡ مِّنۡ اٰیَۃٍۭ بَیِّنَۃٍ ؕ وَمَنۡ یُّبَدِّلۡ نِعۡمَۃَ اللّٰہِ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡہُ فَاِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۲۱۲﴾

২১২
তুমি বনী ইসরাঈলকে জিজ্ঞাসা কর, আমরা তাহাদিগকে কত সুস্পষ্ট নিদর্শনাবলী প্রদান করিয়াছিলাম। কিন্তু যে ব্যক্তি আল্লাহ্‌র নেয়ামতকে, তাহার নিকট উহা আসিবার পর, পরিবর্তন করে, তাহা হইলে (সে যেন জানিয়া রাখে যে) নিশ্চয় আল্লাহ্‌ শাস্তি২৫৩ প্রদানে কঠোর।
২৫৩। ইহার অর্থ এই নয় যে, আল্লাহ্‌ অনর্থক কঠিন শাস্তি দেন। ঐশী শাস্তি মানুষের জন্য ভয়ঙ্করই হইয়া থাকে।

زُیِّنَ لِلَّذِیۡنَ کَفَرُوا الۡحَیٰوۃُ الدُّنۡیَا وَیَسۡخَرُوۡنَ مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا ۘ وَالَّذِیۡنَ اتَّقَوۡا فَوۡقَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ وَاللّٰہُ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ ﴿۲۱۳﴾

২১৩
যাহারা অস্বীকার করে তাহাদিগকে পার্থিব জীবন সুন্দর করিয়া দেখানো হয়, এবং তাহারা তাহাদিগকে ঠাট্টা-বিদ্রূপ করে যাহারা ঈমান আনে। বস্তুতঃ যাহারা তাক্‌ওয়া অবলম্বন করিয়া চলে তাহারা কেয়ামতের দিন তাহাদের ঊর্ধ্বে থাকিবে, এবং আল্লাহ্ যাহাকে চাহেন অগণিত রিয্‌ক প্রদান করেন।

کَانَ النَّاسُ اُمَّۃً وَّاحِدَۃً ۟ فَبَعَثَ اللّٰہُ النَّبِیّٖنَ مُبَشِّرِیۡنَ وَمُنۡذِرِیۡنَ ۪ وَاَنۡزَلَ مَعَہُمُ الۡکِتٰبَ بِالۡحَقِّ لِیَحۡکُمَ بَیۡنَ النَّاسِ فِیۡمَا اخۡتَلَفُوۡا فِیۡہِ ؕ وَمَا اخۡتَلَفَ فِیۡہِ اِلَّا الَّذِیۡنَ اُوۡتُوۡہُ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡہُمُ الۡبَیِّنٰتُ بَغۡیًۢا بَیۡنَہُمۡ ۚ فَہَدَی اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا لِمَا اخۡتَلَفُوۡا فِیۡہِ مِنَ الۡحَقِّ بِاِذۡنِہٖ ؕ وَاللّٰہُ یَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۲۱۴﴾

২১৪
মানবজাতি একই উম্মতভুক্ত২৫৪ ছিল, অতঃপর আল্লাহ্ নবীগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারীরূপে প্রেরণ করিলেন, এবং তাহাদের সহিত সত্য সম্বলিত কিতাব নাযেল করিলেন যেন তিনি মানবজাতির মধ্যে সেই বিষয় মীমাংসা করেন যে বিষয়ে তাহারা মতভেদ করিয়াছে। বস্তুতঃ কেবল তাহারাই, যাহাদিগকে ইহা (কিতাব) দেওয়া হইয়াছিল, তাহাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ আসিবার পর পরস্পর বিদ্রোহ করিয়া ইহার সম্বন্ধে মতভেদ২৫৫ করিল। কিন্তু যাহারা ঈমান আনিয়াছিল, আল্লাহ্‌ নিজ আদেশে তাহাদিগকে ঐ সত্যের পথে পরিচালিত করিলেন যাহার সম্বন্ধে তাহারা (অস্বীকারকারীরা) মতভেদ করিয়াছিল; এবং আল্লাহ্ যাহাকে চাহেন সরল-সুদৃঢ় পথে পরিচালিত করেন।
২৫৪। নবী আসার পূর্বে, সকল মানুষই এক থাকে বা এক পর্যায়ের হইয়া থাকে—এই অর্থে যে, তাহারা সকলেই অবিশ্বাসের পর্যায়ে থাকে। কিন্তু নবীর অভ্যুদয় ঘটার সাথে সাথে, তাহাদের পারস্পরিক মতানৈক্য থাকা সত্বেও তাহারা নবীর বিরোধিতাকল্পে ঐক্যফ্রন্ট গঠন করিয়া লয়। “মানবজাতি একই উম্মতভুক্ত ছিল” বাক্যটি বা ইহারই অনুরূপ বাক্য কুরআনের আরও সাতটি স্থানে ব্যবহৃত হইয়াছে। ১০ঃ২০, ২১ঃ৯৩ এবং ২৩ঃ ৫৩ তে জাতির ঐক্য এবং ৫ঃ৪৯; ১৬ঃ৯৪; ৪২ঃ৯; ৪৩ঃ৩৪ সহ আলোচ্য আয়াতে চিন্তাধারার ঐক্য ও একাত্মতা বুঝাইতেছে।
২৫৫। এই একই আয়াতে, দুইটি স্থলে অনৈক্যের কথা বলা হইয়াছে। এই দুইটি অনৈক্য দুই ধরণের। নবী আসার পূর্বে তাহাদের মধ্যে প্রতিমা-পূজা ও ব্রত পালন ইত্যাদি নিয়া বিভিন্নতা ছিল। কিন্তু নবী আসার পরে, নবীর দাবী নিয়া তাহাদের মধ্যে অনৈক্য দেখা দিল। নবী তাহাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি করেন না; কেননা অনৈক্যতো তাহাদের মধ্যে পূর্বেই ছিল, নবী আসাতে সেই অনৈক্যের রং ও রূপ বদলাইয়াছে মাত্র। নবী আসার পূর্বে তাহাদের মধ্যে পারস্পরিক বিবাদ-বিসংবাদ ও বিভেদ থাকা সত্ত্বেও তাহারা এক জাতি বলিয়া মনে হয়। আর, নবী আসার পরে এই বিভেদ রং বদলাইয়া, বিশ্বাসী ও অবিশ্বাসী, এই দুই দলে বিভক্ত হয়। সার্বিকভাবে দেখিলে এই আয়াতটি মানবেতিহাসের পাঁচটি বিভিন্ন স্তরের কথা বর্ণনা করিতেছে। প্রাথমিক অবস্থায় মানব-গোষ্ঠীর মধ্যে ঐক্য ছিল, সকলেই ছিল এক সম্প্রদায়ের। জনসংখ্যা বৃদ্ধি ও স্বার্থের ব্যাপকতা বিস্মৃতির মধ্য দিয়া, সামাজিক জটিলতা ও সমস্যাদি সৃষ্টি হইলে, তাহারা সুসংবদ্ধ থাকিতে পারিল না এবং বিভিন্নতা দেখা দিতে লাগিল। তখন আল্লাহ্ তাহাদের মধ্যে নবী প্রেরণ করিয়া, তাঁহার ইচ্ছা ও নিয়ম মানবকে জানাইতে লাগিলেন। কিন্তু যে জাতির জন্য ঐশী বাণী প্রেরণ করা হইল, তাহারা ঐ বাণীকে এবং ঐ বাণীবাহককে কেন্দ্র করিয়া কলহ ও বিচ্ছেদে লিপ্ত হইল। প্রত্যেক বাণী ও বাণী-বাহকের অবতরণের ক্ষেত্রেই এইরূপ ঘটিয়াছে। অবশেষে আল্লাহ্‌তা’লা তাঁহার সর্বশেষ ধর্মগ্রন্থ ও সার্বজনীন বাণীসহ বিশ্বনবীকে প্রেরণ করিলেন, যিনি আসিয়া বিশ্বের সকল মানবকে তাঁহার ধর্মীয় পতাকাতলে সমবেত হইবার উদাত্ত আহবান জানাইলেন। এইভাবে একটি বৃত্ত, যাহা একত্বের বিন্দু হইতে আরম্ভ হইয়াছিল, উহা যেন ঘুরিয়া সেই একত্বের বিন্দুতেই মিলিত হইয়া, বৃত্তের চক্র ও পরিধিকে পূর্ণ করে। ইহাই আল্লাহ্‌র পরিকল্পনা ও ইচ্ছা।

اَمۡ حَسِبۡتُمۡ اَنۡ تَدۡخُلُوا الۡجَنَّۃَ وَلَمَّا یَاۡتِکُمۡ مَّثَلُ الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلِکُمۡ ؕ مَسَّتۡہُمُ الۡبَاۡسَآءُ وَالضَّرَّآءُ وَزُلۡزِلُوۡا حَتّٰی یَقُوۡلَ الرَّسُوۡلُ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ مَتٰی نَصۡرُ اللّٰہِ ؕ اَلَاۤ اِنَّ نَصۡرَ اللّٰہِ قَرِیۡبٌ ﴿۲۱۵﴾

২১৫
তোমরা কি ধারণা করিয়াছ যে, তোমরা জান্নাতে প্রবেশ করিবে অথচ তোমাদের উপর এখনও তাহাদের অবস্থা আসে নাই যাহারা তোমাদের পূর্বে অতীত হইয়াছে২৫৬? অভাব-অনটন এবং দুঃখ-কষ্ট তাহাদিগকে নিপীড়িত করিয়াছিল এবং তাহাদিগকে ভীত-কম্পিত করা হইয়াছিল, এমনকি২৫৬-ক রসূল ও তাহার সহিত যাহারা ঈমান আনিয়াছিল, তাহারা বলিয়া উঠিল, ‘কখন আল্লাহ্‌র সাহায্য আসিবে?’২৫৭ স্মরণ রাখিও, নিশ্চয় আল্লাহ্‌র সাহায্য সন্নিকট।
২৫৬। ইসলামকে কবুল করা এবং ইহার বাণীকে রূপায়িত করা কুসুমাস্তীর্ণ পথে সম্ভব নহে। তাই মুসলমানকে সতর্ক করা হইয়াছে যে, তাহাদিগকে অগ্নি-পরীক্ষা, ত্যাগ-তিতিক্ষা ও দুঃখ-যন্ত্রণার মধ্য দিয়া পথ অতিক্রম করিতে করিতে মহোত্তম পূর্ণতা অর্জন করিতে হইবে।
২৫৬-ক। হাত্তা অর্থ এমন কিও হয় (মুগ্‌ণী)। শব্দটি এই অর্থে ৬৩ঃ৮ এ ব্যবহৃত হইয়াছে।
২৫৭। সাহায্যের জন্য মর্মবিদারী যে করুণ প্রার্থনা—“কখন আল্লাহ্‌র সাহায্য আসিবে” কথাগুলির মধ্যে ব্যক্ত হইয়াছে, তাহাতে কাতরতা থাকিলে নৈরাশ্য বা হতাশা নাই। আল্লাহ্‌র নবী ও তাঁহার সত্যিকার অনুসারীদের নৈরাশ্যে পতিত হওয়া অসম্ভব ও ধারণাতীত (১২ঃ৮৮)। এই বাক্যটিও একটি সকাতর, সানুনয় প্রার্থনা, যাহাতে আল্লাহ্‌র করুণা উদ্বেলিত হইয়া সাহায্যের আকারে নামিয়া আসে।

یَسۡـَٔلُوۡنَکَ مَاذَا یُنۡفِقُوۡنَ ۬ؕ قُلۡ مَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ خَیۡرٍ فَلِلۡوَالِدَیۡنِ وَالۡاَقۡرَبِیۡنَ وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنِ وَابۡنِ السَّبِیۡلِ ؕ وَمَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ ﴿۲۱۶﴾

২১৬
তাহারা তোমাকে জিজ্ঞাসা করে, তাহারা কি খরচ করিবে? তুমি বল, ‘উত্তম ধন-সম্পদ২৫৮ হইতে তোমরা যাহা কিছু খরচ কর উহা পিতামাতা, আত্মীয়স্বজন, এতীম এবং মিস্‌কীন এবং মুসাফিরগণের জন্য হইবে। এবং তোমরা যে কোন নেক কাজ কর, নিশ্চয় আল্লাহ্ উহা উত্তম জানেন।’
২৫৮। এইখানে বলা হইতেছে যে, তাহারা যাহা ব্যয় করিবে, উহা প্রথমে সদ্ভাবে উপার্জিত হওয়া চাই। যাহা দান করা বা খরচ করা হইবে, উহা ভাল হওয়া চাই অর্থাৎ গ্রহীতার কাছে গ্রহণীয় হওয়া চাই ও তাহার প্রয়োজন মিটাইবার উপযোগী হওয়া চাই। যে উদ্দেশ্য এইরূপ খরচের পিছনে কাজ করে, সেই উদ্দেশ্য সৎ ও প্রশংসনীয় হওয়া চাই।

کُتِبَ عَلَیۡکُمُ الۡقِتَالُ وَہُوَ کُرۡہٌ لَّکُمۡ ۚ وَعَسٰۤی اَنۡ تَکۡرَہُوۡا شَیۡئًا وَّہُوَ خَیۡرٌ لَّکُمۡ ۚ وَعَسٰۤی اَنۡ تُحِبُّوۡا شَیۡئًا وَّہُوَ شَرٌّ لَّکُمۡ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ وَاَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۲۱۷﴾٪

২১৭
তোমাদের জন্য যুদ্ধ বিধিবদ্ধ করা হইল এমতাবস্থায় যে, উহা তোমাদের নিকট অপ্রীতিকর,২৫৯ কিন্তু ইহা খুব সম্ভব যে, তোমরা কোন বস্তুকে ঘৃণা কর, অথচ উহা তোমাদের জন্য কল্যাণকর, এবং ইহাও সম্ভব যে, তোমরা কোন জিনিষকে ভালবাস, অথচ উহা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহ্‌ জানেন এবং তোমরা জান না।
সূরা আল্ বাকারা - রুকু ২৬
২৫৯। মুসলমানেরা যুদ্ধ করা অপসন্দ করিতেন। তবে এই অপসন্দ তাহাদের ভীতির কারণে নহে, বরং মানুষের রক্তপাত ঘটানোকেই তাহারা অপসন্দ করিতেন। অপসন্দের অন্য কারণটি ছিল এই যে, শান্তিপূর্ণ পরিবেশে ইসলামের প্রচার ও বিস্তৃতির যে সুযোগ-সুবিধা থাকে, যুদ্ধাবস্থায় উহা ব্যহত হইয়া যায় এবং বিরূপ মনোভঙ্গী বাড়িয়া যায়।

یَسۡـَٔلُوۡنَکَ عَنِ الشَّہۡرِ الۡحَرَامِ قِتَالٍ فِیۡہِ ؕ قُلۡ قِتَالٌ فِیۡہِ کَبِیۡرٌ ؕ وَصَدٌّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَکُفۡرٌۢ بِہٖ وَالۡمَسۡجِدِ الۡحَرَامِ ٭ وَاِخۡرَاجُ اَہۡلِہٖ مِنۡہُ اَکۡبَرُ عِنۡدَ اللّٰہِ ۚ وَالۡفِتۡنَۃُ اَکۡبَرُ مِنَ الۡقَتۡلِ ؕ وَلَا یَزَالُوۡنَ یُقَاتِلُوۡنَکُمۡ حَتّٰی یَرُدُّوۡکُمۡ عَنۡ دِیۡنِکُمۡ اِنِ اسۡتَطَاعُوۡا ؕ وَمَنۡ یَّرۡتَدِدۡ مِنۡکُمۡ عَنۡ دِیۡنِہٖ فَیَمُتۡ وَہُوَ کَافِرٌ فَاُولٰٓئِکَ حَبِطَتۡ اَعۡمَالُہُمۡ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۚ وَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۲۱۸﴾

২১৮
তাহারা তোমাকে পবিত্রমাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বল, ‘উহাতে যুদ্ধ করা গুরুতর অন্যায় এবং আল্লাহ্‌র পথ হইতে (লোকদিগকে) বিরত রাখা এবং তাঁহাকে অস্বীকার করা এবং মসজিদুল হারাম হইতে (লোকদিগকে) বিরত রাখা এবং উহার অধিবাসীকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহ্‌র২৬০ দৃষ্টিতে সর্বাধিক অন্যায়; এবং ফিৎনা হত্যা অপেক্ষা গুরুতর অন্যায়।’ যদি তাহাদের ক্ষমতা থাকিত তাহা হইলে তাহারা তোমাদিগকে তোমাদের দীন হইতে বিচ্যুত না করা পর্যন্ত তোমাদের সহিত যুদ্ধ চালাইয়া যাইত। এবং তোমাদের মধ্য হইতে যে কেহ নিজ দীন হইতে ফিরিয়া যাইবে এবং কাফের অবস্থায়ই মারা যাইবে সে যেন স্মরণ রাখে যে, ইহারাই এমন লোক যাহাদের আমলসমূহ ইহকাল ও পরকালে ব্যর্থ হইবে।এবং ইহারা আগুনের অধিবাসী, তাহারা উহাতে দীর্ঘকাল থাকিবে।
২৬০। বিশ্বাসীগণকে বলা হইতেছে যে, অবিশ্বাসীরা যদি পবিত্র মাসগুলির পবিত্রতা নষ্ট করিয়া যুদ্ধে লিপ্ত হয়, তাহা হইলে বিশ্বাসীগণও যেন পবিত্র মাসেই তাহাদিগকে সমুচিত শিক্ষা দিতে ইতস্ততঃ না করে। কারণ একমাত্র এইভাবে পবিত্র বস্তুর পবিত্রতা রক্ষা করা সম্ভব (২ঃ১৯৫)। তফসীরকারকগণ সাধারণভাবে বলিয়াছেন এবং এই বিষয়ে হাদীসও রহিয়াছে যে, মহানবী (সাঃ) একবার মক্কা প্রত্যাবর্তনকারী একদল কুরাইশের খবর নিবার জন্য হযরত আব্দুল্লাহ্‌ বিন জাহ্‌শকে পাঠাইলেন। তখন তাহারা একটি ক্ষুদ্রদলের সন্ধান পাইলেন। আবদুল্লাহ দলটিকে আক্রমণ করিয়া বসিলেন এবং একজনকে হত্যা ও অপর দুইজনকে বন্দী করিলেন। এই ঘটনা কোন তারিখে ঘটিয়াছিল, তাহা সঠিক জানা যায় না। কেহ বলেন ঐ দিনটি পবিত্র মাসেরই একটি দিন ছিল, অন্যেরা তাহা স্বীকার করেন না। এই সংবাদ মক্কায় পৌঁছিলে, কুরাইশগণ তারিখটির সন্ধিগ্ধতার সুযোগ নিয়া প্রতিবাদ উঠাইলেন যে, মুসলমানেরা পবিত্র মাসে যুদ্ধ করিয়াছে এবং ইহার পবিত্রতা নষ্ট করিয়াছে। এই আয়াতটি ঐ ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হইয়াছিল।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَالَّذِیۡنَ ہَاجَرُوۡا وَجٰہَدُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۙ اُولٰٓئِکَ یَرۡجُوۡنَ رَحۡمَتَ اللّٰہِ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۲۱۹﴾

২১৯
নিশ্চয় যাহারা ঈমান আনে এবং যাহারা আল্লাহ্‌র পথে হিজরত করে এবং জেহাদ করে, ইহারাই আল্লাহ্‌র রহমতের আশা রাখে, বস্তুতঃ আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।

یَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡخَمۡرِ وَالۡمَیۡسِرِ ؕ قُلۡ فِیۡہِمَاۤ اِثۡمٌ کَبِیۡرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ ۫ وَاِثۡمُہُمَاۤ اَکۡبَرُ مِنۡ نَّفۡعِہِمَا ؕ وَیَسۡـَٔلُوۡنَکَ مَاذَا یُنۡفِقُوۡنَ ۬ؕ قُلِ الۡعَفۡوَ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَتَفَکَّرُوۡنَ ﴿۲۲۰﴾ۙ

২২০
তাহারা তোমাকে মদ২৬১ ও জুয়া২৬২ সম্বন্ধে জিজ্ঞাসা করে। তুমি বল, ‘এতদুভয়ের মধ্যে মহাপাপ২৬৩ (এবং ক্ষতি) আছে, এবং মানুষের জন্য উহাদের মধ্যে অল্প কিছু উপকারও২৬৪ আছে কিন্তু উহাদের পাপ (ও ক্ষতি) উহাদের উপকার অপেক্ষা গুরুতর।’ এবং তাহারা তোমাকে ইহাও জিজ্ঞাসা করে যে, তাহারা কি খরচ করিবে, তুমি বল, ‘যাহা উদ্বৃত্ত;’২৬৫ এইভাবে আল্লাহ্ তাঁহার আদেশাবলী তোমাদের জন্য বর্ণনা করেন যেন তোমরা চিন্তা কর —
২৬১। ‘খামারাশ্‌শয়্‌আ’ মানে সে বস্তুটিকে আচ্ছাদিত বা আবৃত করিল, অথবা লুকাইল। মদকে ‘খাম্‌র’ বলা হয়, যেহেতু ইহা ইন্দ্রিয় ও বুদ্ধিবৃত্তিকে আচ্ছন্ন ও অবসাদগ্রস্ত করিয়া ফেলে, হুস্ জ্ঞানকে লুপ্ত করিয়া দেয় এবং মস্তিষ্ককে এত উত্তেজিত করে যে, ইহার উপর মাতালের কোনও দখলই থাকে না। শব্দটি নির্দিষ্টভাবে আঙ্গুর-মদকে বুঝায়। তবে ইহা সকল মাদক দ্রব্যের জন্যই ব্যবহৃত হয় (লেইন)। “মাদকদ্রব্যের ব্যবহার রোগসৃষ্টির অন্যতম কারণ। আর মাদক-সেবীরা সবচেয়ে দূরারোগ্য রোগী। মহামারীর সময় ইহারাই মরে বেশী। কেননা ক্ষত, আঘাত, শ্রান্তি-ক্লান্তি ও রোগাদিতে তাহাদের প্রতিরোধ ক্ষমতা থাকে না। তাই, জীবনের সুযোগ তাহাদের জন্য সঙ্কুচিত হয়। ইংল্যাণ্ডের ইনশিওরেন্স কোম্পানীগুলি অভিজ্ঞতা লাভ করিয়াছেন, মাদকাসক্তদের অনুমিত আয়ু সাধারণ মানুষের জীবনের আয়ুর অর্ধেক মাত্র। মদ ও অপরাধের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে। ব্যায়ার, কুরেলা, গালাভার্ডিন ও সিকার্টের সংখ্যাতত্ব ইহাই প্রমাণ করে যে, শতকরা ২৫ হইতে ৮৫ জন দুষ্কৃতকারী মাতাল। মাতালের বংশের মধ্যেই অনেক কুফল প্রতিফলিত হইয়া থাকে ......। তাহাদের সন্তানদের মধ্যে এপিলেপ্সি (সংজ্ঞা-লোপ রোগ, মৃগী), পাগলামী, বোকামী এবং অন্যান্য ধরণের শারীরিক, মানসিক ও নৈতিক অবক্ষয়াদি ছড়াইয়া যায়” (জিওয়ীশ এনসাই)। “মদ খাওয়ার বহুবিধ কুফল এই কারণেই ঘটিয়া থাকে, যেহেতু মদ সরাসরি স্নায়ুতন্ত্রের উপর আক্রমণ করে। মাত্‌লামীর পরিণত অবস্থায়, বুদ্ধিবৃত্তির ও বিচার ক্ষমতার সাময়িক অবসান ঘটে এবং অনিশ্চয়তা বিরাজ করে” (এন্‌সাই বৃট)। “ইহা সর্ব স্বীকৃত যে, অতিরিক্ত মদপান এবং নৈতিক ও রাষ্ট্রীয় আইন-ভঙ্গের মধ্যে গভীর যোগ-সূত্র বিদ্যমান। উচ্চতর মানবশক্তিগুলির বুদ্ধিসত্তা ও নীতিবোধগুলির প্যারালাইসিস হওয়ার কারণেই, নীচ প্রবৃত্তিগুলি মুক্তমনে আপন খেলা জুড়িয়া দেয়” (এনসাই, রিল, এথ)।
২৬২। ‘আইসারার রাজুলু’ অর্থ ‘লোকটা ধনী হইল’। জুয়াড়ীকে এই জন্য ‘মাইসার’ বলা হয়, যেহেতু সে তাড়াতাড়ি ও সহজপথে ধনী হইতে চায়; পরিশ্রম করিয়া, কষ্টকর কাজের মাধ্যমে ধন উপার্জন করিতে চায় না। “জুয়া খেলার ঘৃণ্য মানসিকতা সম্বন্ধে সন্দেহের অবকাশ নাই। ইহা নিশ্চয়ই সমাজ-বিরোধী কাজ। ইহা সহানুভূতিকে পুড়িয়া ভস্মীভূত করে, আত্ম-স্বার্থকে বর্দ্ধিত করে এবং সর্ব সাধারণের চরিত্র হরণ করে। মূলতঃ ইহা একটি বর্বর অভ্যাস। গোপন অর্থ লালসাই ইহার চালিকা-শক্তি। কোনও মূল্য না দিয়াই ইহা ধনার্জনের এক হীন পন্থা। দেওয়া-নেওয়ার সমতা ও ভারসাম্যের আইনকে ইহা ভঙ্গ করে। ইহা পারস্পরিক চুক্তির মাধ্যমে এক ধরণের ডাকাতি, যেরূপ দুই বীরের মল্লযুদ্ধের ফলে হত্যা। ধন-লিপ্সা হইতে ইহার উৎপত্তি; আর আলস্যে ইহার পরিণতি। ইহা দৈব সুযোগের আকর্ষণ বৈ অন্য কিছুই নহে। দৈব সুযোগকে আচরণের ভিত্তি করা,আর নীতি ও স্থিতিশীলতার জীবনকে বিসর্জন দেওয়া একই কথা। ইহা হীন লাভের প্রতি মনকে কেন্দ্রীভূত করিয়া, জীবনের উচ্চতর উদ্দেশ্যকে ভুলাইয়া দেয়” (এনসাই, রিল, এথ)।
২৬৩। ‘ইসম’ মানে পাপ; পাপের শাস্তি, পাপোদ্ভুত ক্ষতি (লেইন)।
২৬৪। ইসলামের একটা বৈশিষ্ট্য এই যে, ইহা কোনও কিছুকে সামগ্রীকভাবে নিন্দা করে না, বরং ইহাতে সামান্যতম গুণ পাওয়া গেলেও তাহা মুক্তকণ্ঠে স্বীকার করে। ইসলাম কিছুসংখ্যক জিনিষকে ‘হারাম’ (নিষিদ্ধ) ঘোষণা করিয়াছে, ইহার অর্থ এই নয় যে, ইহাদের মধ্যে সামান্য উপকারও নাই। কেননা পৃথিবীতে এমন কিছুই নাই, যাহার মধ্যে কেবলমাত্র অপকারিতাই আছে। নিষিদ্ধ করার কারণ হইল, উপকারিতা হইতে ইহাদের মধ্যে অপকারিতার পরিমাণ অত্যধিক বেশী। মাদক দ্রব্য ও জুয়াতে বিনাশী শক্তির বিপূল আধিক্য থাকার কারণে এই গুলিকে নিষিদ্ধ করা হইয়াছে বটে, কিন্তু তাহা সত্বেও ইহাদের মাঝে যেটুকু সামান্য উপকারিতা আছে, তাহা স্বীকার করিতে কুরআন কুষ্ঠিত হয় নাই।
২৬৫। ‘আফ্‌ওয়া’ মানে (১) একজনের প্রয়োজন মিটাইয়া যাহা বাকী থাকে এবং যাহা দান করিলে দাতা কষ্টে পতিত হয় না, (২) একটি বস্তুর শ্রেষ্ঠাংশ, (৩) অযাচিত দান (আকরাব)। সাধারণ মুমেনরা ততটুকু দিবে, যতটুকু তাহার ন্যায্য প্রয়োজন মিটাইবার পর থাকিয়া যায়। উচ্চমানের মুমিনরা তাহাদের সম্পদের শ্রেষ্ঠাংশ দান করিবে বলিয়া আশা করা যাইতে পারে। তবে কথাটি যদি সকলের উপর সমভাবে প্রযোজ্য হয়, তাহা হইলে ইহার অর্থ হইবে, যুদ্ধের সময়ে মুমেনরা কেবলমাত্র জীবন-ধারণোপযোগী সম্পদ নিজেদের জন্য রাখিয়া, বাকী সব আল্লাহ্‌র রাস্তায় দিয়া দিবে।