২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

فَاِذَا قَضَیۡتُمۡ مَّنَاسِکَکُمۡ فَاذۡکُرُوا اللّٰہَ کَذِکۡرِکُمۡ اٰبَآءَکُمۡ اَوۡ اَشَدَّ ذِکۡرًا ؕ فَمِنَ النَّاسِ مَنۡ یَّقُوۡلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا وَمَا لَہٗ فِی الۡاٰخِرَۃِ مِنۡ خَلَاقٍ ﴿۲۰۱﴾

২০১
অতঃপর, যখন তোমরা ইবাদতের যাবতীয় অনুষ্ঠান সুসম্পন্ন কর তখন তোমরা আল্লাহ্‌কে স্মরণ কর তোমাদের পিতৃপুরুষদিগকে স্মরণ করার ন্যায়, অথবা তদপেক্ষা অধিকতর স্মরণ কর। এবং লোকদের মধ্যে এমন কতক আছে যাহারা বলে, ‘হে আমাদের প্রভু! আমাদিগকে এই পৃথিবীতে (সুখ) দাও, বস্তুতঃ তাহাদের জন্য পরকালে কোন অংশ হইবে না।’

وَمِنۡہُمۡ مَّنۡ یَّقُوۡلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّقِنَا عَذَابَ النَّارِ ﴿۲۰۲﴾

২০২
এবং তাহাদের মধ্যে কতক এমন আছে, যাহারা বলে, ‘হে আমাদের প্রভু! আমাদিগকে ইহকালেও কল্যাণ এবং পরকালেও২৩৯ কল্যাণ দান কর, এবং আমাদিগকে আগুনের আযাব হইতে রক্ষা কর।’
২৩৯। এই আয়াতে ঐসব লোকের কথা বলা হইয়াছে, যাহারা কেবলমাত্র ইহলৌকিক কল্যাণ, সুখ স্বাচ্ছন্দ্য ও ধন-দৌলতের মধ্যে নিজেদের ধ্যান-ধারণা ও সাধনা-প্রার্থনাকে নিয়োজিত রাখে না, বরং ইহলৌকিক কল্যাণের সাথে সাথে, পারলৌকিক মঙ্গলকে পাইবার জন্য আল্লাহ্‌র কাছে প্রাণপণে নিবেদন করিতে থাকে। ‘হাসানা’র অর্থ কৃতকার্যতা (তাজ)। এই দোয়াটি অতি ব্যাপক। সকল মঙ্গলই এই দোয়ার আওতায় আসিয়া যায়। রসূল করীম (সাঃ) এই দোয়াটি প্রায়শঃ পাঠ করিতেন (মুসলিম)।

اُولٰٓئِکَ لَہُمۡ نَصِیۡبٌ مِّمَّا کَسَبُوۡا ؕ وَاللّٰہُ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۲۰۳﴾

২০৩
ইহারা এমন লোক, তাহারা যাহা অর্জন করিয়াছে, উহার দরুন তাহাদের জন্য এক বড় অংশ আছে। নিশ্চয় আল্লাহ্ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।

وَاذۡکُرُوا اللّٰہَ فِیۡۤ اَیَّامٍ مَّعۡدُوۡدٰتٍ ؕ فَمَنۡ تَعَجَّلَ فِیۡ یَوۡمَیۡنِ فَلَاۤ اِثۡمَ عَلَیۡہِ ۚ وَمَنۡ تَاَخَّرَ فَلَاۤ اِثۡمَ عَلَیۡہِ ۙ لِمَنِ اتَّقٰی ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّکُمۡ اِلَیۡہِ تُحۡشَرُوۡنَ ﴿۲۰۴﴾

২০৪
এবং তোমরা নির্দিষ্ট দিনগুলিতে২৪০ আল্লাহ্‌কে স্মরণ কর, কিন্তু যে ব্যক্তি তাড়াতাড়ি করে দুই দিনের মধ্যেই (ফিরিয়া যাইতে),তাহা হইলে তাহার উপর কোন পাপ বর্তিবে না, এবং যদি কেহ বিলম্ব করে, তাহা হইলে তাহার উপরও কোন পাপ বর্তিবে না। ইহা ঐ ব্যক্তির জন্য যে তাক্‌ওয়া অবলম্বন করে। সুতরাং তোমরা আল্লাহ্‌র২৪১ তাক্‌ওয়া অবলম্বন কর এবং জানিয়া রাখ যে, নিশ্চয় তোমাদের সকলকে তাহার সমীপে একত্রিত করা হইবে২৪২।
২৪০। এই দিনগুলি হইল যিলহজ্জ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ। এই তিনদিন হাজীগণকে পারতপক্ষে মীনায় থাকিয়া সাধ্যমত আল্লাহ্‌তা’লার তসবীহ্‌ বা মাহাত্ম্য কীর্তনে রত থাকিতে হয়। এই দিনগুলিকে ‘আইয়ামুত্‌তাশরীক’ বা সৌন্দর্য ও উজ্জ্বলতার দিন বলা হয়।
২৪১। হজ্জের অন্তর্নিহিত উদ্দেশ্য হইল ‘তাক্‌ওয়া’ (ধর্মপরায়ণতা) অর্জন করা। হজ্জের নির্দেশ জারি করিতে গিয়া, কুরআন প্রথমেই এই ‘তাক্‌ওয়া’ অর্জনের কথা বলিয়া হজ্জের বিষয়টি শুরু করিয়াছে (২ঃ১৯৮)। অতএব, বাহ্যিকভাবে কতকগুলি কাজকর্ম ও ব্রত পালন অর্থহীন হইয়া যাইবে, যদি ইহার মধ্যে ধর্মপরায়ণতা ও আত্মবিলীনতার আবেগাপ্লুতভাব সংশ্লিষ্ট না হয়। আসলে, মানুষের সব কাজকর্মেই পূণ্য ও ধর্মভাব জাগরূক থাকা চাই।
২৪২। হজ্জব্রত পালনের দিনগুলিতে যে সব বস্তু ও যে সব স্থান আবশ্যকীয় ভূমিকা পালন করে, কুরআনে সেইগুলিকে “শায়ায়েরুল্লাহ্‌” (আল্লাহ্‌তা’লার চিহ্নাবলী) নামে অভিহিত করা হইয়াছে (২ঃ১৫৯; ৫ঃ৩; ২২ঃ৩৩)। তাৎপর্য এই যে, ঐ গুলি এমনই প্রতীক বিশেষ যাহা হজ্জযাত্রীদের মনের গভীরে স্থায়ী রেখাপাত করে। লক্ষ লক্ষ লোক যখন কা’বা গৃহ প্রদক্ষিণ করে এবং সকল মুসলমান যেখানেই থাকুক না কেন, যখন এই একই কা’বার দিকে মুখ করিয়া নামায আদায় করে, তখন তাহাদের মনের মধ্যে আল্লাহ্‌র একত্ব মহিমা গভীর ভাবে ভাস্বর হইয়া উঠে। ইহা মানবজাতির একত্বেরও প্রতীক। সাফা ও মারওয়া টিলাদ্বয়ের মধ্যে দৌড়ানো অবস্থায় হজ্জযাত্রীকে তরুলতাশূন্য, জনমানবহীন মরুভূমিতে হাজেরা ও ইসমাঈলের চরম নিসঙ্গতা ও অসহায়ত্বের অবস্থায় তাহাদের প্রতি আল্লাহ্‌তা’লার কৃপা প্রদর্শনের অনন্য সাধারণ কাহিনীকে স্মরণ করাইয়া দেয়। মীনা (উম্‌নিয়্যা হইতে উৎপন্ন, অর্থ উদ্দেশ্য বা লক্ষ্য) হাজীকে স্মরণ করাইয়া দেয় যে, তিনি সেখানে আল্লাহ্-মিলনের উদ্দেশ্যে গিয়াছেন। ‘মাশ্‌’আরুল হারাম’ (পবিত্র চিহ্ন) ইঙ্গিত দান করে যে, শুভলগ্ন সন্নিকটে। ‘আরাফাত’ মনে করাইয়া দেয় যে, তিনি সিদ্ধির দুয়ারে সমুপস্থিত। ‘ইহরাম’ তাহাকে কিয়ামতের দিনের কথা মনে করাইয়া দেয়। মৃতদেহ আবৃতকারী কাফনের কাপড়ের মত, তাহার দেহ তখন মাত্র দুই টুকরা সেলাইবিহীন কাপড় (এক টুকরা উপরাংশকে ও অন্য টুকরা নিম্নাংশকে) আবৃত রাখে। তাহার মস্তক থাকে অনাবৃত। এই অবস্থা (ইহরাম) তাহাকে মনে করায় যে, তিনি যেন মরিয়া পুনর্জীবিত হইয়াছেন। আরাফাতের ময়দানে লাখো মানুষের সমাগম হাশরের ময়দানের কথা মানসপটে জাগাইয়া তুলে; সকলেরই মনে হয়, তাহারা যেন হঠাৎ মৃত অবস্থা হইতে সাদা বস্ত্র-খণ্ডে আবৃত্ত হইয়া প্রভুর সম্মুখে সম্মিলিত হইয়াছেন। কুরবানীর পশুগুলি ইব্‌রাহীম (আঃ) কর্তৃক পুত্র ইসমাঈলকে যবাহ্‌ করার সেই ঐতিহাসিক অনন্য ঘটনার কথা হৃদয়ে পুনর্জাগরিত করে, প্রতীকী ভাষায় যাহার তাৎপর্য এই যে, মানুষ যেন সর্বদা নিজেকে, নিজের ধন-সম্পদকে এমন কি নিজের সন্তান-সন্ততিকে আল্লাহ্‌র রাস্তায় উৎসর্গ করিতে প্রস্তুত থাকে।

وَمِنَ النَّاسِ مَنۡ یُّعۡجِبُکَ قَوۡلُہٗ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَیُشۡہِدُ اللّٰہَ عَلٰی مَا فِیۡ قَلۡبِہٖ ۙ وَہُوَ اَلَدُّ الۡخِصَامِ ﴿۲۰۵﴾

২০৫
এবং লোকদের মধ্য হইতে কেহ এমনও আছে, পার্থিব জীবন সম্বন্ধে যাহার কথাবার্তা২৪৩ তোমাকে মুগ্ধ করে এবং তাহার হৃদয়ে যাহা আছে সেই সম্বন্ধে সে আল্লাহ্‌কে সাক্ষী রাখে, অথচ সে কলহপরায়ণ লোকের মধ্যে সর্বাধিক কলহপরায়ণ।
২৪৩। অনেক লোক এইরূপ আছে, যাহারা সুন্দর কথা-বার্তা ও মেকী-ভালবাসা দ্বারা শ্রোতৃমণ্ডলীকে একেবারে ভুলাইয়া ফেলে, মনে হয় তাহারা কত মানব-দরদী! কিন্তু প্রকৃত পক্ষে তাহারা নিজেদের স্বার্থ ছাড়া, অন্তরে অন্য কাহারও পরওয়া করে না। এমনকি নিজের সামান্য স্বার্থের জন্য, তাহা ন্যায়ই হউক বা অন্যায়ই হউক, অন্যদের সঙ্গে ঝগড়া বাধাইয়া দেয়। যে স্বার্থত্যাগের বিনিময় ছাড়া, মানুষ উন্নতির সোপান অতিক্রম করিতে পারে না, সেই স্বার্থত্যাগের কোন চিহ্নই তাহাদের মধ্যে দৃষ্ট হয় না।-

وَاِذَا تَوَلّٰی سَعٰی فِی الۡاَرۡضِ لِیُفۡسِدَ فِیۡہَا وَیُہۡلِکَ الۡحَرۡثَ وَالنَّسۡلَ ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ الۡفَسَادَ ﴿۲۰۶﴾

২০৬
এবং যখন সে শাসন ক্ষমতায় আসে তখন সে দেশে অশান্তি সৃষ্টি করিবার এবং ক্ষেত-খামার২৪৪ ও সৃষ্টিকে বিনাশ করিবার উদ্দেশ্যে ছুটিয়া বেড়ায়, অথচ আল্লাহ্‌ অশান্তিকে ভালবাসেন না।
২৪৪। ‘হার্স’ অর্থ (১) শস্য বোনার জন্য কর্ষণযোগ্য ভূমিখণ্ড বা শস্য-জনিত জমি (২) জমির শস্য, মাঠেরই হউক বা বাগানের হউক (৩) লাভ, অর্জন বা উপার্জন (৪) পুরস্কার বা প্রতিদান (৫) জাগতিক মালামাল (৬) স্ত্রী বা স্ত্রীগণ—স্ত্রীকে উৎপাদিকা জমি এই জন্য বলা হয় যে, ইহাতে সন্তানরূপ শস্য উৎপাদিত হয় (লেইন)।

وَاِذَا قِیۡلَ لَہُ اتَّقِ اللّٰہَ اَخَذَتۡہُ الۡعِزَّۃُ بِالۡاِثۡمِ فَحَسۡبُہٗ جَہَنَّمُ ؕ وَلَبِئۡسَ الۡمِہَادُ ﴿۲۰۷﴾

২০৭
এবং যখন তাহাকে বলা হয়, ‘আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর,’ তখন আত্মগরিমা তাহাকে পাপে২৪৫ লিপ্ত করে। সুতরাং তাহার জন্য জাহান্নামই২৪৬ উপযুক্ত স্থান, এবং নিশ্চয় উহা অতি মন্দ, আবাসস্থল।২৪৭
২৪৫। তাহার সকল প্রচেষ্টা, অন্যের স্বার্থ জলাঞ্জলি দিয়া হইলেও, নিজের স্বার্থ বৃদ্ধি করা।
২৪৬। ভাষা বিজ্ঞানীরা সকলেই একমত যে ‘জাহান্নাম’ শব্দটির মূল আরবী ভাষাতে নাই। তবে শব্দটি জাহুমা ধাতু হইতে উৎপন্ন হইলে হইতেও পারে। ‘জাহুমা’ অর্থ সে ভীতিপূর্ণভাবে বিরক্ত হইল; সে সঙ্কুচিত হইয়া গেল অথবা বিশ্রী মুখাবয়ব ধারণ করিল। যদি তাহাই হয়, তাহা হইলে ‘নূন’ অক্ষরটি অতিরিক্ত বিবেচিত হইবে (মুহিত)। এইরূপ বিশ্লেষণে, ‘জাহান্নাম’ একটি শাস্তির স্থানকে বুঝায় যাহা এরূপ অন্ধকার ও পানি-বিহীন যে, ইহার অধিবাসীগণের চেহারা বিকট ও সঙ্কুচিত রূপ ধারণ করে।
২৪৭। পাপীর মারাত্মক ব্যাধি হইল তাহার অহ্‌ঙ্কার ও মিথ্যা সম্মান-বোধ। আত্মম্ভরিতাই তাহাকে পাপ-কার্যে অধিক হইতে অধিকতর প্ররোচিত করিয়া থাকে। শেষে পাপ তাহাকে চারিদিক হইতে ঘিরিয়া ফেলে। এইরূপ ব্যক্তি নিজেই নিজের জন্য জাহান্নাম রচনা করে।

وَمِنَ النَّاسِ مَنۡ یَّشۡرِیۡ نَفۡسَہُ ابۡتِغَآءَ مَرۡضَاتِ اللّٰہِ ؕ وَاللّٰہُ رَءُوۡفٌۢ بِالۡعِبَادِ ﴿۲۰۸﴾

২০৮
এবং লোকদের মধ্যে কতক এমন আছে যাহারা আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্য নিজেদের আত্মাকে বিক্রয়২৪৮ করিয়া দেয়, এবং নিশ্চয় আল্লাহ্ এইরূপ বান্দাগণের প্রতি অত্যন্ত মমতাশীল।
২৪৮। পূর্ববর্তী আয়াতগুলিতে বর্ণিত ব্যক্তিদের তুলনায়, পৃথিবীতে এমন এক শ্রেণীর লোকও আছেন যাহারা কেবল আল্লাহ্‌তা’লার সন্তুষ্টি লাভের জন্য তাহাদের প্রাণ-মনসহ নিজেদের সর্বশক্তি নিয়োগ করেন।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِی السِّلۡمِ کَآفَّۃً ۪ وَلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۲۰۹﴾

২০৯
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা২৪৯ সকলেই পূর্ণরূপে আত্মসমর্পণের আওতায় প্রবেশ কর এবং শয়তানের পদাংক অনুসরণ করিও না, সে নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু।
২৪৯। ‘কাফ্‌ফাতান’ অর্থ (১) সকলে মিলিয়া (২) সম্পূর্ণভাবে বা সর্বতোভাবে (৩) শত্রু দমন করিয়া এবং (৪) পাপ ও বিপথগামীতা হইতে নিজেকে ও অপরাপরকে বারণ করিয়া (মুফ্‌রাদাত)।

فَاِنۡ زَلَلۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ مَا جَآءَتۡکُمُ الۡبَیِّنٰتُ فَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۲۱۰﴾

২১০
অতঃপর, তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলী আসিবার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহা হইলে জানিও যে, নিশ্চয় আল্লাহ্‌ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।