২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

کُتِبَ عَلَیۡکُمۡ اِذَا حَضَرَ اَحَدَکُمُ الۡمَوۡتُ اِنۡ تَرَکَ خَیۡرَا۠ ۚۖ ۣالۡوَصِیَّۃُ لِلۡوَالِدَیۡنِ وَالۡاَقۡرَبِیۡنَ بِالۡمَعۡرُوۡفِ ۚ حَقًّا عَلَی الۡمُتَّقِیۡنَ ﴿۱۸۱﴾ؕ

১৮১
তোমাদের জন্য বিধিবদ্ধ করা হইল যে, যখন তোমাদের মধ্যে কাহারও মৃত্যুকাল উপস্থিত হয় এবং সে যদি প্রচুর ধন-সম্পত্তি ছাড়িয়া যায় তাহা হইলে সে পিতামাতা এবং আত্মীয়স্বজনকে ন্যায়সঙ্গত২০৫ ভাবে কাজ করিবার ওসীয়্যত করিয়া যাইবে, যাহা মুত্তাকীগণের উপর অবশ্য কর্তব্য।
২০৫। ‘সূরা নিসার’ ১২-১৩ আয়াতে, মৃতব্যক্তির উত্তরাধিকারীগণের কাহার কত অংশ রহিয়াছে তাহা নির্ধারণ করা হইয়াছে। তফ্সীর কারকগণের কেহ কেহ ভ্রম বশতঃ, মনে করিয়াছে, ‘সূরা নিসার’ আয়াত দুইটি সূরা বাকারার এই আলোচ্য আয়াতটিকে রহিত করিয়া দিয়াছে। আলোচ্য আয়াতটি প্রকৃত পক্ষে একটি অতিরিক্ত ও প্রয়োজনীয় দফা, এবং ইহাতে বর্ণিত হইয়াছে যে, ওয়ারিস নহে এমন নিকটতম ব্যক্তিকে কিংবা জনহিতকর কাজে কিংবা যুদ্ধাবস্থার কারণে সম্পত্তির অধিকারী আপন জীবদ্দশায়, উইল বা দান-পত্র সম্পাদন করিয়া, সম্পত্তির কিছু অংশ দান করিতে পারেন। এইরূপ দানের সহিত ওয়রিসগণের তেমন কোনও সম্পর্ক নাই। আইনানুগ উত্তরাধিকারীদের বিষয় ‘সূরা নিসার’ ১২-১৩ আয়াতে আলাদা ভাবে বর্ণিত হইয়াছে। অতএব, আলোচ্য আয়াতকে, উত্তরাধিকারের আয়াত দ্বারা রহিত করার কোনও প্রশ্নই উঠে না। ইহা বরং আলোচ্য আয়াতের আওতায় কোনও দানপত্র বা উইল সম্পাদিত হইলে, উহাকে স্বীকৃতিদানের কথা বলে। উত্তরাধিকার ও উইল উভয়ই আপন-আপন ক্ষেত্রে কার্যকরী; একটি অপরটিকে শক্তি যোগায়। পরিত্যক্ত সম্পত্তির তিনভাগের একভাগ দানপত্র বা উইলের মাধ্যমে দানের সর্বোচ্চ সীমা। সাদ-বিন্ আবি-ওক্কাস কর্তৃক বর্ণিত এক হাদীস হইতে এই সীমা জানা যায় (বুখারী, কিতাবুজ্ জানায়েয)। সম্পত্তির অধিকারী ইহার বেশী নিজের ইচ্ছামত দান করিতে পারেন না। আর কেবল মাত্র অতি মাত্রায় থাকিলেই এই সর্বোচ্চ সীমা পর্যন্ত ‘উইল’ করিতে পারেন, নতুবা নহে। ‘খায়ের’ (অনেক ধন) শব্দ দ্বারা এই কথাই বুঝায়। সূরা ‘মায়েদার’ ১০৭ নং আয়াত, যাহার ভিত্তিতে একজন মৃত্যুমুখী ব্যক্তি ‘উইল’ করিতে পারেন, এই আয়াতটি যে সূরা নিসার ১২-১৩ আয়াতের পরবর্তী সময়ে নাযেল হইয়াছিল সে ব্যাপারে সকলেই একমত এবং তাহা এই অভিমতকে আরো শক্তিশালী করিয়া তুলে যে, আলোচ্য আয়াতটি ৪ঃ১২-১৩ দ্বারা রহিত হয় নাই। আসল কথা হইল যে, কুরআনের কোনও আয়াত বাতিল হওয়ার মতবাদ সম্পূর্ণ ভিত্তিহীন।

فَمَنۡۢ بَدَّلَہٗ بَعۡدَمَا سَمِعَہٗ فَاِنَّمَاۤ اِثۡمُہٗ عَلَی الَّذِیۡنَ یُبَدِّلُوۡنَہٗ ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۱۸۲﴾ؕ

১৮২
কিন্তু যে ব্যক্তি উহা (ওসীয়্যত) শ্রবণ করিবার পর উহাক পরিবর্তন করিবে, তাহা হইলে উহার অপরাধ তাহাদের উপরই বর্তিবে, যাহারা উহা২০৫-ক পরিবর্তন করে। নিশ্চয় আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
২০৫-ক। পূর্ববত্তী আয়াতে (উইল-কারীর) কতকগুলি বাধ্যকর নির্দেশ নিরূপণ করা হইয়াছে, যেগুলিকে না মানিলে পাপ হইবে। স্বতঃই মনে হয়, সম্পত্তির ব্যবস্থাপনা ও প্রশাসন ইত্যাদি বিষয় উত্তরাধিকার আইন মোতাবেক পরিচালিত হওয়ার নির্দেশ-নামা থাকিবে। যদি উইলকারী এই ধরণের কোনও নির্দেশ-নামা দিয়া থাকেন, তাহা হইলে ঐ নির্দেশনামা ভঙ্গের পাপ তাহাদেরই উপর বর্তাইবে যাহারা ঐ নির্দেশনামা অমান্য করিবে।

فَمَنۡ خَافَ مِنۡ مُّوۡصٍ جَنَفًا اَوۡ اِثۡمًا فَاَصۡلَحَ بَیۡنَہُمۡ فَلَاۤ اِثۡمَ عَلَیۡہِ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۸۳﴾٪

১৮৩
কিন্তু যে ব্যক্তি মুসীর (ওসীয়্যতকারীর) পক্ষ হইতে পক্ষপাতিত্ব অথবা অন্যায়ের আশংকা করে এবং সে যদি তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয় তাহা হইলে তাহার২০৫-খ উপর কোন পাপ বর্তিবে না। নিশ্চয় আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দমাময়।
সূরা আল্ বাকারা - রুকু ২২
২০৫-খ। ‘উইল’ আইন মোতাবেক বৈধ হইলেও, ইহাতে এমন কোন কোন শর্ত বা কথা থাকিতে পারে যাহা ন্যায়-সঙ্গত নহে। দৃষ্টান্তস্বরূপ, একজন ব্যক্তির অনেক উত্তরাধিকারী রহিয়াছে, যদি ঐ ব্যক্তি তাহার সম্পত্তির এক-তৃতীয়াংশ দাতব্যকাজে বা অন্য কোন আইনানুগ কাজের জন্য উইল করিয়া দেন, তাহা হইলে, উত্তরাধিকারীদের অভাবজনিত কষ্ট হইতে পারে। অথবা অনুমোদিত একতৃতীয়াংশ দিতে গিয়াও, ন্যায়ের ভিত্তিকে লঙ্ঘন করিতে পারেন বা প্রকৃত দাবীকে উপেক্ষা করিতে পারেন। এইরূপ ক্ষেত্রে ইহাই উচিত হইবে,বরং পুণ্যের কাজ হইবে, যদি উত্তরাধিকারীগণ ও উইলবলে দাবীদারগণের মধ্যে ন্যায়-ভিত্তিক সমঝোতা স্থাপন করিয়া দেওয়া হয়।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُتِبَ عَلَیۡکُمُ الصِّیَامُ کَمَا کُتِبَ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ﴿۱۸۴﴾ۙ

১৮৪
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমাদের উপর রোযা বিধিবদ্ধ করা হইল, যেরূপে তোমাদের পূর্ববর্তীগণের২০৬ উপর ইহা বিধিবদ্ধ করা হইয়াছিল যেন তোমরা তাক্‌ওয়া অবলম্বন করিতে পার।
২০৬। ধর্মীয় অনুষ্ঠান হিসাবে রোযা (উপবাস-ব্রত) পালন কোন না কোন আকারে সকল ধর্মেই পাওয়া যায়। “অধিকাংশ ধর্মগুলিতে এবং নিম্ন, মধ্য ও উচ্চ শ্রেণীর কৃষ্টির মধ্যে, উপবাস ব্রত একটি সাধারণ ভাবে নির্দেশিত ব্যাপার। আর যেখানে এই ধরণের নির্দেশ নাই, সেখানেও প্রাকৃতিক প্রয়োজনের তাকিদে অনেকেই উপবাস করিয়া থাকেন”(এনসাই-বৃট)। সাধুপুরুষ ও দিব্যজ্ঞানীগণের অভিজ্ঞতা হইতে জানা যায় যে, আধ্যাত্মিক উন্নতি ও মনের পবিত্রতা সাধনের জন্য শারীরিক সম্পর্ক সমূহ কিছুটা ছিন্ন করা এবং সাংসারিক বন্ধন হইতে কতকটা মুক্তিলাভ একান্তই প্রয়োজন। তবে, ইসলাম এই উপবাস ব্রতের মধ্যে নবরূপ, নব অর্থ ও নবতম আধ্যাত্মিক তাৎপর্য আরোপ করিয়াছে। ইসলাম রোযাকে (উপবাস পালন) পূর্ণমাত্রার আত্মোৎসর্গ স্বরূপ মনে করিয়া থাকে। ইহা আত্মবলিদানের প্রতীক। যিনি রোযা পালন করেন, তিনি যে কেবল শরীর রক্ষাকারী খাদ্য-পানীয় হইতেই বিরত থাকেন তেমন নহে, বরং সন্তানাদি জন্মদান তথা বংশবৃদ্ধির ক্রিয়াকলাপ হইতেও দূরে থাকেন। অতএব, যিনি রোযা রাখেন, তিনি তাহার প্রস্তুতির কথা জানাইয়া দেন যে, প্রয়োজন বোধে, তাহার প্রভু ও সৃষ্টিকর্তার খাতিরে তিনি তাহার সবকিছু, এমনকি তাহার জীবন পর্যন্ত কুরবানী করিয়া দিতে সামান্যও কুণ্ঠিত নহেন।

اَیَّامًا مَّعۡدُوۡدٰتٍ ؕ فَمَنۡ کَانَ مِنۡکُمۡ مَّرِیۡضًا اَوۡ عَلٰی سَفَرٍ فَعِدَّۃٌ مِّنۡ اَیَّامٍ اُخَرَ ؕ وَعَلَی الَّذِیۡنَ یُطِیۡقُوۡنَہٗ فِدۡیَۃٌ طَعَامُ مِسۡکِیۡنٍ ؕ فَمَنۡ تَطَوَّعَ خَیۡرًا فَہُوَ خَیۡرٌ لَّہٗ ؕ وَاَنۡ تَصُوۡمُوۡا خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۱۸۵﴾

১৮৫
(ফরয রোযা) নির্দিষ্ট দিনগুলোতে, কিন্তু তোমাদের মধ্যে যদি কেহ পীড়িত হয় অথবা সফরে থাকে, তাহা হইলে তাহাকে অন্য সময়ে এই সংখ্যা পূর্ণ করিতে হইবে; এবং যাহাদের পক্ষে ইহা (রোযা রাখা) ক্ষমতাতীত,২০৭ তাহাদের উপর ফিদিয়া – এক মিসকীনকে আহার্য দান করা। অতএব, যে কেহ স্বেচ্ছায় পূণ্যকর্ম করিবে, উহা অবশ্য তাহার জন্য উত্তম হইবে। বস্তুতঃ তোমরা যদি জ্ঞানরাখ তাহা হইলে জনিও যে, তোমাদের জন্য রোযা রাখাই কল্যাণ কর।
২০৭। ‘ইয়ুতিকুনাহু’র অর্থ করা হইয়াছে, যাহাদের পক্ষে ইহা ক্ষমতাতীত বা যাহারা অতিকষ্টে ইহা (রোযা) করিতে পারে। অন্য পাঠ ‘ইয়ুতাঈকুনাহু’ এই অর্থকে সমর্থন করে (জরীর)। এই আয়াতে তিন শ্রেণীর বিশ্বাসীকে রোযার ব্যাপারে কিছুটা রেহাই বা সুবিধা দেওয়া হইয়াছে— অসুস্থ, ভ্রমণরত এবং অতি দুর্বল দিগকে। ‘ইয়ুতিকুনাহু’র অর্থ এখানে “যাহারা রোযা রাখিতে অসমর্থ” হইতে পারে (লিসান ও মুফরাদাত)। সমস্ত বাক্যটির অর্থ এইরূপও করা হইয়াছে, “রোযা রাখা ছাড়াও, অতিরিক্ত পুণ্য অর্জনের জন্য সামর্থ্যবান ও অবস্থাসম্পন্ন ব্যক্তিগণ” গরীবদিগকে খাওয়াইতে পারেন। সেই ক্ষেত্রে ‘ইয়ুতিকুনাহু’র ‘হু’ সর্বনামটি একজন গরীবকে “খাওয়ানোর” পরিবর্তে ব্যবহৃত হইবে।

شَہۡرُ رَمَضَانَ الَّذِیۡۤ اُنۡزِلَ فِیۡہِ الۡقُرۡاٰنُ ہُدًی لِّلنَّاسِ وَبَیِّنٰتٍ مِّنَ الۡہُدٰی وَالۡفُرۡقَانِ ۚ فَمَنۡ شَہِدَ مِنۡکُمُ الشَّہۡرَ فَلۡیَصُمۡہُ ؕ وَمَنۡ کَانَ مَرِیۡضًا اَوۡ عَلٰی سَفَرٍ فَعِدَّۃٌ مِّنۡ اَیَّامٍ اُخَرَ ؕ یُرِیۡدُ اللّٰہُ بِکُمُ الۡیُسۡرَ وَلَا یُرِیۡدُ بِکُمُ الۡعُسۡرَ ۫ وَلِتُکۡمِلُوا الۡعِدَّۃَ وَلِتُکَبِّرُوا اللّٰہَ عَلٰی مَا ہَدٰٮکُمۡ وَلَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۱۸۶﴾

১৮৬
রমযান২০৭-ক সেই মাস যাহাতে নাযেল২০৮ করা হইয়াছে কুরআন২০৭-খ যাহা মানবজাতির জন্য হেদায়াত স্বরূপ এবং হেদায়াত ও ফুরকান (হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী) বিষয়ক সৃস্পষ্ট প্রমাণাদি স্বরূপ। সুতরাং তোমাদের মধ্যে যে কেহ এই মাসকে পায়, সে যেন ইহাতে রোযা রাখে কিন্তু যে কেহ রুগ্ন অথবা সফরে - থাকে তাহা হইলে অন্য দিনে২০৯ গণনা পূর্ণ করিতে হইবে, আল্লাহ্ তোমাদের জন্য স্বাচ্ছন্দ্য চাহেন এবং তোমাদের জন্য কাঠিন্য চাহেন না, এবং যেন তোমরা গণনা পূর্ণ কর এবং আল্লাহ্‌র মহিমা কীর্তন কর ই জন্য যে, তিনি তোমাদিগকে হেদায়াত দিয়াছেন এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
২০৭-ক। ‘রমযান’ চান্দ্রমাস গুলির মধ্যে নবম মাস। শব্দটি ‘রামাযা’ ধাতু হইতে উৎপন্ন। ‘রামাযাস্ সায়্মু’ অর্থ রোযা করার কারণে রোযাদারের ভিতরটা তৃষ্ণায় উত্তপ্ত হইয়া উঠিয়াছে (লেইন)। মাসটির নামকরণ এই কারণে হইয়াছে (১) রোযার কারণে এই মাসটিতে মানুষের তৃষ্ণা ও জ্বালা বৃদ্ধি পায়, (২) এই মাসের ইবাদত-বন্দেগী মানুষের পাপকে জ্বালাইয়া-পুড়াইয়া নিঃশেষ করে (আসাকির ও মারদাওয়াই), (৩) এই মাসে মানুষের তপস্যা ও সাধনা তাহার মনে স্রষ্টার প্রতি ভালবাসার উত্তাপ সৃষ্টি করে এবং মানবের প্রতি সহানুভূতির উদ্রেক করে। ‘রমযান’ নামটি ইসলামের অবদান। এই মাসটির পূর্বনাম ছিল নাতিক (কাদীর)।
২০৭-খ। ‘আল্-কুরআন’ শব্দটি ‘কারাআ’ হইতে উৎপন্ন। ‘কারাআ’ অর্থ সে পাঠ করিয়াছিল, সে বাণী পৌঁছাইয়াছিল, সে সংগ্রহ করিয়াছিল। ‘কুরআন’ অর্থ (১) পঠনের উপযোগী পুস্তক, যাহা বার বার পাঠ করা যায়; ‘কুরআন বিশ্বের সর্বাধিক পঠনীয় পুস্তক’(এনসাইক্লো-বৃট.), (২) একটি পুস্তক কিংবা বাণী যাহা পৃথিবীর সর্বত্র নিয়া যাওয়া ও পৌঁছানো প্রয়োজন, কুরআনই একমাত্র পুস্তক যাহার বাণী সারা বিশ্বের জন্য সম্পূর্ণরূপে অবারিত। কেননা, যেখানে অন্যান্য অবতীর্ণ ধর্মগ্রন্থাদি স্থান, কাল ও পাত্রে সীমাবদ্ধ, সেখানে কুরআনই একমাত্র অবতীর্ণ ধর্মগ্রন্থ যাহা সকল দেশ, সকল জাতি ও সকল সময়ের জন্য আসিয়াছে (৩৪ঃ২৯), (৩) এমন গ্রন্থ যাহা সকল সত্যকে ধারণ করে; কুরআনই একমাত্র ধর্মগ্রন্থ যাহা যাবতীয় জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার। ইহাতে অন্যান্য অবতীর্ণগ্রন্থাবলীর শাশ্বত সত্যগুলি তো স্থান পাইয়াছেই, উপরন্তু সর্বাবস্থায় সকল মানুষের জন্য প্রয়োজনীয় অনেক নতুন নতুন শিক্ষা ও সত্য ইহাতে সংযোজিত হইয়া, ইহা সর্বকালের জন্য পূর্ণতম গ্রন্থে পরিণত হইয়াছে (৯৮ঃ৪, ১৮ঃ ৫০)।
২০৮। রমযান মাসেরই চব্বিশ তারিখে, হযরত রসূলে করীম (সাঃ) প্রথম আল্লাহ্‌র বাণী প্রাপ্ত হইয়াছিলেন (জরীর)। এই রমযান মাসেই, জিব্‌রাঈল প্রতি বৎসর পূর্বে নাযিলকৃত সমস্ত বাণী রসূলে করীম (সাঃ)-এর নিকট পুনরাবৃত্তি করিতেন। এই ব্যবস্থা মহানবী (সাঃ)-এর জীবনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। তাঁহার জীবনের শেষ বৎসরের রমযান মাসে প্রধান ফিরিশ্‌তা জিব্‌রাঈল পূর্ণ কুরআনকে মহানবী (সাঃ) এর কাছে দুইবার পাঠ করিয়া শুনান (বুখারী)। এই হিসাবে বলা যাইতে পারে যে, সমগ্র কুরআনই রমযান মাসে অবতীর্ণ হইয়াছে।
২০৯। এই বাক্যটি অপ্রয়োজনীয় পুনরুক্তি নয়। কেননা, পূর্ববর্তী আয়াতে মনস্তাত্বিক প্রস্তুতির ক্ষেত্র গঠনের জন্য এই বাক্যটি ব্যবহৃত হইয়াছিল, যাহাতে রোযা রাখার নির্দেশ তাহারা সহজে গ্রহণ করিতে পারে। এই আয়াতে ঐ নির্দেশেরই বাস্তবায়নকে উপলক্ষ্য করিয়া এই বাক্যটি ব্যবহৃত হইয়াছে। এখানে বাক্যটি নির্দেশেরই অঙ্গ-বিশেষ। ‘অসুখ’, ‘ভ্রমণ’ শব্দগুলিকে সংজ্ঞায়িত না করিয়া, কুরআন মানুষের সাধারণ বুদ্ধি-বিবেচনা ও পরিস্থিতির প্রেক্ষিতে শব্দগুলির অর্থ করার ভার ছাড়িয়া দিয়া বিজ্ঞতা ও বিচক্ষণতা দেখাইয়াছে।

وَاِذَا سَاَلَکَ عِبَادِیۡ عَنِّیۡ فَاِنِّیۡ قَرِیۡبٌ ؕ اُجِیۡبُ دَعۡوَۃَ الدَّاعِ اِذَا دَعَانِ ۙ فَلۡیَسۡتَجِیۡبُوۡا لِیۡ وَلۡیُؤۡمِنُوۡا بِیۡ لَعَلَّہُمۡ یَرۡشُدُوۡنَ ﴿۱۸۷﴾

১৮৭
এবং যখন আমার বান্দাগণ আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, তখন (বল), ‘আমি নিকটে২১০ আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দিই যখন সে আমার নিকট প্রার্থনা করে। সুতরাং তাহারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর ঈমান২১১ আনে যাহাতে তাহারা সঠিক পথ প্রাপ্ত হয়।’
২১০। যখন মানুষ রমযান মাসের মাহাত্ম্য সম্বন্ধে ও এই মাসে রোযা রাখার পুণ্য ও আশীর্ব্বাদরাশির সম্বন্ধে অবগত হয়, তখন তাহারা স্বভাবতঃই ইহা হইতে খুব বেশী আধ্যাত্মিক কল্যাণ লাভের আশা পোষণ করিয়া থাকে। মো’মেনের এই আশা-আকাঙ্খার প্রত্যুত্তরে, এই আয়াতটি মো’মেনের আত্মাকে নিশ্চয়তা দান করিতেছে।
২১১। “আমার উপর ঈমান আনে” এই বাক্যটির অর্থ এই স্থলে, আল্লাহ্‌র অস্তিত্বে ঈমান আনা বা বিশ্বাস করা অর্থে নহে। কারণ পূর্ববত্তী বাক্যেই বলা হইয়াছে “তাহারা যেন আমার ডাকে সাড়া দেয়”। অস্তিত্বে বিশ্বাস না করিলে, সাড়া দেওয়ার কথাই আসিত না। অতএব,“আমার উপর ঈমান আনে” অর্থ এই কথার উপর বিশ্বাস স্থাপন করা যে, আল্লাহ্ তাঁহার বান্দার প্রার্থনা শুনেন এবং মঞ্জুর করেন।

اُحِلَّ لَکُمۡ لَیۡلَۃَ الصِّیَامِ الرَّفَثُ اِلٰی نِسَآئِکُمۡ ؕ ہُنَّ لِبَاسٌ لَّکُمۡ وَاَنۡتُمۡ لِبَاسٌ لَّہُنَّ ؕ عَلِمَ اللّٰہُ اَنَّکُمۡ کُنۡتُمۡ تَخۡتَانُوۡنَ اَنۡفُسَکُمۡ فَتَابَ عَلَیۡکُمۡ وَعَفَا عَنۡکُمۡ ۚ فَالۡـٰٔنَ بَاشِرُوۡہُنَّ وَابۡتَغُوۡا مَا کَتَبَ اللّٰہُ لَکُمۡ ۪ وَکُلُوۡا وَاشۡرَبُوۡا حَتّٰی یَتَبَیَّنَ لَکُمُ الۡخَیۡطُ الۡاَبۡیَضُ مِنَ الۡخَیۡطِ الۡاَسۡوَدِ مِنَ الۡفَجۡرِ ۪ ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیۡلِ ۚ وَلَا تُبَاشِرُوۡہُنَّ وَاَنۡتُمۡ عٰکِفُوۡنَ ۙ فِی الۡمَسٰجِدِ ؕ تِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ فَلَا تَقۡرَبُوۡہَا ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ اٰیٰتِہٖ لِلنَّاسِ لَعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۱۸۸﴾

১৮৮
রোযার রাত্রে তোমাদের জন্য তোমাদের স্ত্রীগমন বৈধ করা হইয়াছে। তাহারা তোমাদের জন্য এক (প্রকারের) পোশাক,২১২ এবং তোমরা তাহাদের জন্য এক (প্রকারের) পোশাক। আল্লাহ্‌ অবগত আছেন যে, তোমরা তোমাদের নিজেদের অধিকার খর্ব করিতেছিলে, অতএব আল্লাহ্ তোমাদের প্রতি সদয় দৃষ্টিপাত করিলেন এবং তোমাদের এই অবস্থার সংশোধন২১৩ করিলেন। অতএব, এখন তোমরা তাহাদের নিকট গমন কর এবং আল্লাহ্ তোমাদের জন্য যাহা বিধিবদ্ধ করিয়াছেন উহা অনুসন্ধান কর, এবং তোমরা আহার কর এবং পান কর যতক্ষণ পর্যন্ত না তোমাদের নিকট ঊষার শুভ্ররেখা কৃষ্ণরেখা হইতে পৃথক দৃষ্টিগোচর হয়। অতঃপর, রাত্রি২১৪ (আগমন) পর্যন্ত রোযা পূর্ণ কর; এবং তোমরা মসজিদ২১৫ সমূহে যখন এ’তেকাফে থাক তখন তোমরা স্ত্রী-গমন করিও না। এইগুলি হইতেছে আল্লাহ্‌র সীমাসমূহ, অতএব তোমরা ইহাদের নিকটে যাইও না, এইভাবে আল্লাহ্ তাঁহার নিদর্শনাবলী মানবজাতির জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তাহারা তাক্‌ওয়া অবলম্বন করে।
২১২। কি চমৎকার ভাবে একটি মাত্র বাক্যে কুরআন স্ত্রীলোকের অধিকার ও মর্যাদাকে বর্ণনা করিয়াছে এবং বিবাহের উদ্দেশ্য ও তাৎপর্য এবং স্বামী-স্ত্রীর সম্পর্ককে তুলিয়া ধরিয়াছে। এই আয়াত বলিতেছে—বিবাহের উদ্দেশ্য হইল দম্পতির শান্তিলাভ, আত্ম-সংরক্ষণ এবং সৌন্দর্য বর্দ্ধন। কেননা পোশাকের কাজও তাহাই (৭ঃ২৭, ১৬ঃ৮২)। বিবাহের উদ্দেশ্য কেবল কাম-রত্তি চরিতার্থ করা নয়। স্বামী ও স্ত্রী পরস্পরকে মন্দকাজ ও কুৎসা হইতে রক্ষা করা।
২১৩। “আফা আল্লাহ্‌ আন্‌হু” অর্থ আল্লাহ্ তাহার ভ্রম সংশোধন করিয়া, তাহার কাজকর্ম ঠিক করিয়া দিলেন, আল্লাহ্ তাহাকে সম্মান দিলেন। ইহার অন্য এক অর্থ হইল, আল্লাহ্ তাহাকে উদ্ধার করিলেন (মুহীত)।
২১৪। যে সব দেশে দিন ও রাত্রি অতিমাত্রায় দীর্ঘ (যেমন মেরু অঞ্চলে), সেখানে দিন ও রাত্রির দৈর্ঘ প্রতি ১২ঘন্টার হিসাবে গণনা করিতে হইবে (মুসলীম, বাবু আশরাত আস্‌সায়াত)।
২১৫। এ’তেকাফে থাকা অবস্থায় দিনে এবং রাত্রিতে স্ত্রী-গমণ কিংবা তৎসন্নিহিত অন্য কিছু নিষিদ্ধ। কেননা, রোযার আত্মিক সুফলকে পূর্ণতার দিকে পৌঁছানোর জন্য দিবা-রাত্র চেষ্টা-সাধনা করার নামই এ’তেকাফ।

وَلَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ وَتُدۡلُوۡا بِہَاۤ اِلَی الۡحُکَّامِ لِتَاۡکُلُوۡا فَرِیۡقًا مِّنۡ اَمۡوَالِ النَّاسِ بِالۡاِثۡمِ وَاَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۱۸۹﴾٪

১৮৯
এবং তোমরা তোমাদের  ধন-সম্পদ২১৫-ক তোমাদের পরস্পরের মধ্যে অন্যায় ভাবে২১৬ গ্রাস করিও না, এবং উহাকে কর্তৃপক্ষের নিকট পেশ করিও না যাহাতে লোকের ধন-সম্পদের কোন অংশ তোমরা জানিয়া শুনিয়া অন্যায়ভাবে আত্মসাৎ করিতে পার।
সূরা আল্ বাকারা - রুকু ২৩
২১৫-ক। সাম্প্রদায়িক ঐক্যকে জোর দিবার উদ্দেশ্যে মুসলমানের ধন-সম্পদকে কুরআনে “তোমাদের ধন-সম্পদ” বলিয়া অনেক সময় উল্লেখ করা হইয়াছে। এখানেও “তোমাদের ধন-সম্পদ” বলিতে মুসলমানদের ধন-সম্পদ বুঝাইতেছে।
২১৬। রোযা রাখার নির্দেশ , মুসলমানদের উপর কর্তব্য নির্ধারণ করিয়াছে যে, তাহারা যেন একটা নির্দ্ধারিত সময় ব্যাপী খাদ্য-পানীয় হইতে বিরত থাকে, যাহাতে তাহাদের মধ্যে পুণ্য ও ধর্মপরায়ণতা জাগ্রত হয়। তাই, ইহাই উপযুক্ত সময়, যখন তাহাদিগকে মনে করাইয়া দেওয়া হইতেছে যে, তাহারা যেন অবৈধ খাদ্যাদি হইতে বিরত থাকে অর্থাৎ তাহারা যেন সজ্ঞানে অবৈধ উপার্জন হইতে আত্মরক্ষা করে। কথাচ্ছলে, এই আয়াত ঘুষ দেওয়া-নেওয়াকে অত্যন্ত ঘৃণ্য কাজ বলিয়া নিন্দা করিয়াছে।

یَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡاَہِلَّۃِ ؕ قُلۡ ہِیَ مَوَاقِیۡتُ لِلنَّاسِ وَالۡحَجِّ ؕ وَلَیۡسَ الۡبِرُّ بِاَنۡ تَاۡتُوا الۡبُیُوۡتَ مِنۡ ظُہُوۡرِہَا وَلٰکِنَّ الۡبِرَّ مَنِ اتَّقٰی ۚ وَاۡتُوا الۡبُیُوۡتَ مِنۡ اَبۡوَابِہَا ۪ وَاتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۱۹۰﴾

১৯০
তাহারা তোমাকে নূতন চাঁদ সম্বন্ধে জিজ্ঞাসা করে, তুমি বল, ইহা লোকদের (সাধারণ কাজের জন্য এবং হজ্জের জন্য সময় নির্ণয়ের২১৭ উপকরণ স্বরূপ।’ এবং ইহা উত্তম নেকী নহে যে তোমরা গৃহে উহার পশ্চাৎ২১৮ দিক দিয়া প্রবেশ কর, বরং পূর্ণ পুণ্যবান সেই ব্যক্তি যে তাক্‌ওয়া অবলম্বন করে। এবং তোমরা গৃহে উহার দ্বার দিয়া প্রবেশ কর এবং আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর যেন তোমরা সফলকাম হইতে পার।
২১৭। ইসলাম সময় পরিমাপের জন্য চান্দ্র ও সৌর উভয় পদ্ধতিই ব্যবহার করে। যেখানে দিনের বিভিন্ন সময়ে নামায পড়ার হুকুম আসিয়াছে সেখানে সময় গণনায় সৌর পদ্ধতি ব্যবহৃত হয়, পাঁচ বার নামায পড়ার সময় নির্দ্ধারণ এবং রোযা আরম্ভ করা ও সমাপ্ত করার ব্যাপারে সৌর পদ্ধতি অবলম্বিত হয়। আবার যখন কোনও ধর্ম-কর্মের সম্পাদন, মাস বা মাসের অংশ বিশেষের জন্য নির্দ্ধারিত করা হয় তখন চান্দ্র পদ্ধতি অবলম্বিত হয়, যথাঃ রোযা রাখার মাস বা হজ্জ পালনের তারিখ নির্দ্ধারণে। এইভাবে, ইসলাম উভয় পদ্ধতির ব্যবহার করিয়া, উভয় পদ্ধতিকেই ইসলাম সম্মত মনে করে।
২১৮। “ইহা উত্তম নেকী নহে যে তোমরা গৃহে উহার পশ্চাৎ দিক দিয়া প্রবেশ কর” এই বাক্যটি একটি নীতি নির্দ্ধারণী বাক্য। উপাসনার বিভিন্ন রূপ ও পদ্ধতির উদ্দেশ্য ঐ উপাসনার উপকারিতার মধ্যেই অন্তর্নিহিত রহিয়াছে। প্রত্যেক বেলা পরিবর্তনের সাথে সাথে একটা একটা করিয়া উপাসনা সংশ্লিষ্ট রাখার মধ্যে কোন সার্থকতা নাই। বিশ্বাসীগণের অতি-উদগ্রীবতা হইতে উদ্গত প্রশ্ন - উপবাস ব্রতের মত অন্যান্য মাসেও অন্যান্য ধরণের উপাসনা থাকা দরকার—এইরূপ কথাকে, গৃহের সদর দরজা দিয়া প্রবেশ না করিয়া “পিছন দিক দিয়া প্রবেশ করার” সাথে তুলনা করা যাইতে পারে। আসল বিষয়টি হইল ইবাদত, সময় হইল গৌণ। কিন্তু প্রশ্নটিতে সময়কে মুখ্য ও ইবাদতকে গৌণ দেখাইতেছে। ইহা যেন, ঘোড়ার সামনে গাড়ী বাঁধার মত। কথাটিতে পৌত্তলিক আরবদের একটি কুপ্রথার প্রতি ইঙ্গিত আছে বলিয়া মনে হয়। তাহারা মক্কায় হজ্জ করিতে যাইয়া যদি কোনও কারণে হজ্জ না করিয়া গৃহে ফিরিত, তাহা হইলে তাহারা সম্মুখ দ্বার দিয়া গৃহে প্রবেশ না করিয়া, পিছন দিকের দেওয়াল টপকাইয়া গৃহে আসিত। আয়াতটি এই বদভ্যাসকে নিন্দা করিতেছে, কেননা এরূপ করাতে কোনই পুণ্য নাই। পুণ্য তো একটা আধ্যাত্মিক বিষয়, যাহা আধ্যাত্মিক কর্মের ফলে প্রাপ্ত হওয়া যায়। আয়াতটিতে এই উপদেশ নিহিত রহিয়াছে যে, উদ্দেশ্য সাধনের জন্য উপযুক্ত পন্থা অবলম্বন অপরিহার্য (বুখারীঃ কিতাবুত্ তফসীর)।