২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

وَمِنۡ حَیۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡہَکَ شَطۡرَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ ؕ وَحَیۡثُ مَا کُنۡتُمۡ فَوَلُّوۡا وُجُوۡہَکُمۡ شَطۡرَہٗ ۙ لِئَلَّا یَکُوۡنَ لِلنَّاسِ عَلَیۡکُمۡ حُجَّۃٌ ٭ۙ اِلَّا الَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡہُمۡ ٭ فَلَا تَخۡشَوۡہُمۡ وَاخۡشَوۡنِیۡ ٭ وَلِاُتِمَّ نِعۡمَتِیۡ عَلَیۡکُمۡ وَلَعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿۱۵۱﴾ۙۛ

১৫১
এবং তুমি যেখান হইতেই বাহির হও না কেন তোমার মুখ মসজিদুল হারামের১৭৪ দিকে ফিরাও, এবং (হে মুসলমানগণ!) তোমরাও যেখানেই থাক না কেন তোমাদের মুখ উহার দিকে ফিরাও যেন (বিরুদ্ধবাদীদের মধ্য হইতে) ঐ সকল লোক ব্যতীত যাহারা যুলুম করিয়াছে অন্য লোকদের পক্ষ হইতে তোমাদের১৭৫ বিরুদ্ধে কোন যুক্তি খাড়া না হয়; সুতরাং তোমরা তাহাদিগকে ভয় করিও না, শুধু আমাকে ভয় কর, এবং যেন আমি আমার নেয়ামত তোমাদের১৭৬ উপর পূর্ণ করি এবং যেন তোমরা হেদায়াত পাও।
১৭৪। কেবল মহানবী (সাঃ)-কেই নয়, মুসলমানদের সবাইকে মক্কা বিজয়ের কর্তব্য সম্পাদনের কথা সর্বদা মনে রাখিতে নির্দেশ দেওয়া হইয়াছিল।
১৭৫। “অন্য লোকের পক্ষ হইতে তোমাদের বিরুদ্ধে কোন যুক্তি খাড়া না হয়”-এই বাক্যটির তাৎপর্য ইহাই যে, যদি মুসলমান জাতি মক্কা বিজয়ে অসমর্থ হয়, তাহা হইলে ইসলামের শত্রুরা যুক্তিসঙ্গত ভাবেই আপত্তি উত্থাপন করিবে যে, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ), ইব্‌রাহীম (আঃ) এর প্রার্থনার ফল সেই ব্যক্তিত্ব নহেন (২ঃ১৩০)। এমতাবস্থায়, প্রতিশ্রুত নবী বলিয়া তাঁহার যে দাবী, সেই দাবী মিথ্যা প্রতিপন্ন হয়। তদুপরি, যে কা’বা গৃহের দিকে মুখ রাখিয়া নামায পড়িবার জন্য মুসলমানদেরকে আদেশ করা হইয়াছে, তাহা পৌত্তলিক আরবদের হাতে থাকিয়া, মূর্তিদ্বারা পরিপূর্ণ হইয়া রহিয়াছে। মূর্তিগুলির অবস্থান যতদিন কা’বা গৃহে থাকিবে, ততদিন মুসলমান উম্মতকে মূর্তিপূজক বলিয়া অভিযুক্ত করার সুযোগ থাকিয়া যাইবে। এই আপত্তির পূর্ণ খণ্ডন কেবল তখনই হইতে পারে যখন এই পবিত্র গৃহ, যাহা একমাত্র মা’বুদ আল্লাহ্‌র ইবাদতের জন্যই নিবেদিত ছিল, তাহা মূর্তি-মুক্ত হয়। এই কারণেই জেরুজালেমের স্থলে কা’বাকে ‘কিব্‌লা’ হিসাবে গ্রহণের নির্দেশদানের পরে পরেই স্বাভাবিকভাবে মক্কা বিজয়ের আদেশও অবতীর্ণ হয়।
১৭৬। এই বাক্যাংশটির অর্থ হইল, মক্কা মুসলমানদের হাতে আসিয়া গেলে মুসলমানদের প্রতি আল্লাহ্‌তা’লার অনুগ্রহ পরিপূর্ণ হইয়া যাইবে, কেননা মক্কা বিজয় মানেই আরব দেশের সর্বত্র মুসলমানের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং হাজার হাজার আরববাসীর ইসলাম গ্রহণ। উপরোক্ত ভবিষ্যদ্বাণী ফলাফলের মধ্য দিয়া ঠিক ঠিক ভাবে পূর্ণ হইয়াছিল, কেননা মক্কা বিজয়ের সাথে সহস্র সহস্র আরব কাল বিলম্ব না করিয়া ইসলাম কবুল করিয়াছিল। মক্কা বিজয়ের পরে পরেই আরবদের মধ্যে ইসলাম গ্রহণের যে হিড়িক পড়িয়াছিল উহার আরেকটি কারণ এই ছিল যে, আরবেরা কোন অবতীর্ণ গ্রন্থের অনুসারী না হইলেও ইব্‌রাহীম (আঃ)-এর একটি ভবিষ্যদ্বাণী তাহাদের মাঝে প্রচলিত ছিল যে, কোন মিথ্যা নবীর অনুসারীরা কখনও মক্কা জয় করিতে পারিবে না, বরং মক্কা জয়ের চেষ্টা করিলে সমূলে ধ্বংস হইয়া যাইবে। মাত্র কিছু দিন পূর্বে এই ভবিষ্যদ্বাণীর সত্যতা যাচাই করিবার সুযোগও তাহাদের ভাগ্যে ঘটিয়াছিল। আবিসিনিয়ার আক্রমণকারী আব্রাহা এক বিরাট ও শক্তিশালী হস্তীবাহিনী লইয়া মক্কা দখলের অভিপ্রায়ে আক্রমণ করিতে আসিলে, অলৌকিকভাবে তাহার ও তদীয় সেনাবাহিনীর যে শোচনীয় ধ্বংস তাহারা মাত্র কিছুকাল পুর্বে দেখিয়াছিল, তাহা তাহাদের স্মৃতিতে তখনও ভাস্বর ছিল।

کَمَاۤ اَرۡسَلۡنَا فِیۡکُمۡ رَسُوۡلًا مِّنۡکُمۡ یَتۡلُوۡا عَلَیۡکُمۡ اٰیٰتِنَا وَیُزَکِّیۡکُمۡ وَیُعَلِّمُکُمُ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ وَیُعَلِّمُکُمۡ مَّا لَمۡ تَکُوۡنُوۡا تَعۡلَمُوۡنَ ﴿۱۵۲﴾ؕۛ

১৫২
যেভাবে আমরা তোমাদের মধ্য হইতে তোমাদের নিকট এক রসূল পাঠাইয়াছি, যে তোমাদের নিকট আমাদের আয়াতসমূহ পাঠ করিয়া শুনায় এবং তোমাদিগকে পবিত্র করে এবং তোমাদিগকে কিতাব ও হিকমত১৭৭ শিক্ষা দেয়, এবং তোমরা পূর্বে যাহা জানিতে না, তাহা তোমাদিগকে শিক্ষা দেয়।
১৭৭। এই আয়াতে রসূলে করীম (সাঃ)-এর কার্যাবলীকে প্রায় ঐ ভাষায় বর্ণনা করা হইয়াছে, যে ভাষায় ইব্‌রাহীম (আঃ) মক্কাবাসীদের মধ্যে নবী-প্রেরণের প্রার্থনা করিবার সময় তাঁহার কার্যাবলীর উল্লেখ করিয়াছিলেন (২ঃ১৩০)। ইহা দ্বারা বুঝা যায় মহানবী (সাঃ)-এর মধ্যে ইব্‌রাহীম (আঃ)-এর প্রার্থনা রূপায়িত ও বাস্তবায়িত হইয়াছে।

فَاذۡکُرُوۡنِیۡۤ اَذۡکُرۡکُمۡ وَاشۡکُرُوۡا لِیۡ وَلَا تَکۡفُرُوۡنِ ﴿۱۵۳﴾٪

১৫৩
সুতরাং তোমরা আমাকে স্মরণ১৭৮ কর, আমিও তোমাগিকে স্মরণ করিব, এবং আমার প্রতি কৃতজ্ঞ হও, এবং অকৃতজ্ঞ হইও না আমার প্রতি।
সূরা আল্ বাকারা - রুকু ১৮
১৭৮। মানুষ কর্তৃক আল্লাহ্‌কে স্মরণ করার অর্থ আল্লাহ্‌তা’লাকে ভক্তি ও ভালবাসা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করা, তাঁহার নির্দেশাবলী পালন করা, তাঁহার গুণাবলীকে মনের মাঝে গাঁথিয়া রাখা, তাহার মাহাত্ম্য কীর্তন করা এবং তাঁহার কাছে প্রার্থনা করা। অপর দিকে, আল্লাহ্‌তা’লা কর্তৃক মানুষকে স্মরণ করার অর্থ হইল মানুষকে তাঁহার নৈকট্য দান করা, তাহার উপর আশিস বর্ষণ করা এবং তাহার মঙ্গলময় জীবন যাপনের ব্যবস্থা করা।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَالصَّلٰوۃِ ؕ اِنَّ اللّٰہَ مَعَ الصّٰبِرِیۡنَ ﴿۱۵۴﴾

১৫৪
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা ধৈর্য১৭৯ এবং নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ্ ধৈর্যশীলগণের১৮০ সহিত আছেন।
১৭৯। ‘সব্‌র’ অর্থ (১) কোন কিছুতে লাগিয়া থাকা (২) সাহসের সহিত, বিনা অভিযোগে ও বিনা বিরক্তিতে দুঃখ-যন্ত্রণা সহ্য করা (৩) শরীয়াত বা আল্লাহ্‌র বিধান ও বিবেকের আহ্বানকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া থাকা (৪) আল্লাহ্‌র বিধান ও বিবেকের ডাক যাহা নিষেধ করে, তাহা হইতে বিরত থাকা (মুফরাদাত)।
১৮০। এই আয়াতটি কৃতকার্যের সুবর্ণ নীতি সম্বলিত। প্রথমতঃ একজন মুসলমানের উচিত তাহার প্রচেষ্টায় সে যেন লাগিয়া থাকে এবং তাহার অধ্যবসায়ে যেন কখনও ভাঁটা না পড়ে, উদ্দেশ্য সাধনের পথে কখনও যেন মনে নৈরাশ্য সৃষ্টি না হয়, যাহা কিছু মন্দ ও ক্ষতিকর তাহাই যেন সে বর্জন করে এবং যাহা ভাল তাহাই যেন সে আঁকড়াইয়া থাকে (‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ ইহাই হইবে তাহার ব্রত)। দ্বিতীয়তঃ সাফল্য অর্জনের জন্য তাহাকে আল্লাহ্‌তা’লার সমীপে প্রার্থনা করিতে হইবে, কেননা সকল মঙ্গলের আকর একমাত্র তিনিই। এই আয়াতে সালাত (নামায) শব্দের পূর্বে সব্‌র (ধৈর্য ও অধ্যবসায়) শব্দটি এই জন্য আসিয়াছে যে, মানুষ সাধারণতঃ আল্লাহ্‌র আইন-কানুন মানিয়া চলিতে অবহেলা বা অজ্ঞতা প্রদর্শন করে এবং তাড়াতাড়ি সুফল পাইবার জন্য ব্যতিব্যস্ত হইয়া পড়ে। অথচ সফলতা লাভের চাবিকাঠি রহিয়াছে আল্লাহ্‌র নিয়ম-কানুন মানার মধ্যে। সেখানে ধৈর্য ধারণ অত্যাবশ্যক। প্রার্থনা কেবল তখনই ফলপ্রসূ হয়, যখন অভীষ্ট বস্তু পাওয়ার যতসব আবশ্যকীয় উপায় আল্লাহ্‌তা’লা সৃষ্টি করিয়াছেন সেইগুলি সঠিকভাবে অবলম্বন করা হয়।

وَلَا تَقُوۡلُوۡا لِمَنۡ یُّقۡتَلُ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَمۡوَاتٌ ؕ بَلۡ اَحۡیَآءٌ وَّلٰکِنۡ لَّا تَشۡعُرُوۡنَ ﴿۱۵۵﴾

১৫৫
এবং যাহারা আল্লাহ্‌র পথে নিহত হয় তাহাদের সম্বন্ধে বলিও না যে তাহারা মৃত, বরং তাহারা জীবিত১৮১ কিন্তু তোমরা উপলব্ধি করিতে পারিতেছ না।
১৮১। ‘আহ্ইয়া’ শব্দ ‘হাঈ’ শব্দের বহুবচন। ‘হাঈ’ শব্দের অনেক অর্থ আছে, উহার মধ্যে দুইটি হইল (১) সেই ব্যক্তি যাহার জীবন-যাপন ব্যর্থ হয় না (২) যাহার হত্যার প্রতিশোধ লওয়া হইয়াছে। এই আয়াতে এমন একটি প্রগাঢ় মনস্তাত্বিক সত্য তুলিয়া ধরা হইয়াছে যাহা মানব জাতির জীবন ও উন্নতির ক্ষেত্রে বিরাট প্রভাব বিস্তার করিতে পারে। যে জাতি তাহাদের বীর শহীদগণের সম্মতির প্রতি উপযুক্ত মর্যাদা প্রদর্শন করে না এবং তাহাদের মন হইতে মৃত্যুভয়কে অপসারণ করিয়া মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ করে না, তাহাদের উন্নতি হইতে পারে না।

وَلَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَالۡجُوۡعِ وَنَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَالۡاَنۡفُسِ وَالثَّمَرٰتِ ؕ وَبَشِّرِ الصّٰبِرِیۡنَ ﴿۱۵۶﴾ۙ

১৫৬
এবং অবশ্যই আমরা তোমাদিগকে ভয়-ভীতি ও ক্ষুধা এবং ধন-সম্পদ, প্রাণসমূহ এবং ফল-ফলাদির১৮২ ক্ষতির মাধ্যমে পরীক্ষা করিব এবং তুমি ধৈর্যশীলগণকে সুসংবাদ দাও।
১৮২। পূর্ববর্তী আয়াতের প্রেক্ষিতে, পরবর্তী আয়াত হিসাবে ইহা খুবই যুক্তিযুক্ত। মুসলমানদের প্রস্তুত থাকা উচিত, ইসলামের মঙ্গলার্থে কেবল নিজেদের জান-মাল কুরবানী করাই নয় বরং সকল দুঃখ-দুর্দশা, জ্বালা-যন্ত্রণা, ও বিপদ-আপদ যাহাই পরীক্ষাস্বরূপ তাহাদের উপর আপতিত হউক না কেন, তাহা হৃষ্ট চিত্তে বরণ করা।

الَّذِیۡنَ اِذَاۤ اَصَابَتۡہُمۡ مُّصِیۡبَۃٌ ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰہِ وَاِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ ﴿۱۵۷﴾ؕ

১৫৭
যাহারা, তাহাদের উপর বিপদ আসিলে বলে, ‘নিশ্চয় আমরা আল্লাহ্‌রই, এবং নিশ্চয় আমরা তাঁহারই দিকে প্রত্যাবর্তনকারী১৮৩।’
১৮৩। আল্লাহ্‌তা’লাই, আমাদের যাহা কিছু আছে উহার প্রকৃত মালিক। এমনকি আমাদের নিজেদের মালিকও তিনিই। সত্যিকার মালিক যদি, তাঁহার অসীম প্রজ্ঞায়, আমাদের নিকট হইতে কোন কিছু নিয়া যান, আমাদের দুঃখ করিবার বা নালিশ করিবার কোনও কারণ-থাকিতে পারে না। কাজেই যে দুঃখ-দুর্দশাই আমাদের উপর আপতিত হউক না কেন, তাহা আমাদিগকে হতোদ্যম ও হতাশাগ্রস্ত করার পরিবর্তে, আমাদিগকে অধিকতর সচেষ্ট করিয়া উন্নতমানের সাফল্য অর্জনের দিকে আগাইয়া দেওয়া উচিত। অতএব, যে বিধি-সূত্র এই আয়াতটিতে দেওয়া হইয়াছে, তাহা কেবলমাত্র মৌখিক মন্ত্রই নহে, বরং অতি মূল্যবান, বাস্তব ও জ্ঞানগর্ভ উপদেশ এবং সময়োচিত সতর্কবাণী!

اُولٰٓئِکَ عَلَیۡہِمۡ صَلَوٰتٌ مِّنۡ رَّبِّہِمۡ وَرَحۡمَۃٌ ۟ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُہۡتَدُوۡنَ ﴿۱۵۸﴾

১৫৮
ইহারাই ঐ সকল লোক যাহাদের প্রতি তাহাদের প্রভুর পক্ষ হইতে আশীষ এবং রহমতসমূহ বর্ষিত হয়, এবং ইহারাই হেদায়াতপ্রাপ্ত।

اِنَّ الصَّفَا وَالۡمَرۡوَۃَ مِنۡ شَعَآئِرِ اللّٰہِ ۚ فَمَنۡ حَجَّ الۡبَیۡتَ اَوِ اعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیۡہِ اَنۡ یَّطَّوَّفَ بِہِمَا ؕ وَمَنۡ تَطَوَّعَ خَیۡرًا ۙ فَاِنَّ اللّٰہَ شَاکِرٌ عَلِیۡمٌ ﴿۱۵۹﴾

১৫৯
নিশ্চয় সাফা ও মারওয়াহ্১৮৪ আল্লাহ্‌র নিদর্শনসমূহের অন্যতম; সুতরাং যে কেহ এই গৃহের হজ্জ করে অথবা উমরাহ্‌ করে, অতঃপর সে যদি ঐ দুইটির তাওয়াফ্‌ (প্রদক্ষিণ) করে তাহা হইলে তাহার উপর কোন পাপ বর্তিবে না, এবং যে কেহ স্বতঃপ্রবৃত্ত১৮৫ হইয়া নেক কাজ করে, তাহা হইলে (সে জানিয়া রাখুক) আল্লাহ্ নিশ্চয় গুণগ্রাহী, সর্বজ্ঞানী।
১৮৪। ‘সাফা ও মারওয়া’ কা’বার অদূরে দুইটি পাহাড়ী টিলার নাম, দুইটির মধ্যে প্রথমটি কা’বার অধিক নিকটবতী। এই দুইটি পাহাড়, একদিকে যেমন হযরত হাজেরার অসীম ধৈর্য ও অপরিসীম আল্লাহ্ নির্ভরতার বিরল সম্মতি বহন করে, অন্যদিকে তেমনি তাঁহার ও তাঁহার পুত্র ইসমাঈলের প্রতি আল্লাহ্‌তা’লার বিশেষ যত্ন ও অভিভাবকত্বের কথা স্মরণ করাইয়া দেয়। এই দুইটি পাহাড়ে স্বল্পকালীন উপস্থিতি মানুষের মনকে আল্লাহ্‌র ভালবাসা, বিশ্বস্ততা ও সর্বময় ক্ষমতার অনুভূতিতে অভিভূত করিয়া ফেলে।
১৮৫। ‘যে কেহ স্বতঃ প্রবৃত্ত হইয়া নেক কাজ করে’ বাক্যাংশটি ‘হজ্জ’ এর জন্য ব্যবহৃত হয় নাই, কারণ একটি হজ্জ অবস্থাভেদে অনেকের উপর বাধ্যকর। অতএব, এখানে নেক কাজ বলিতে ওমরাহ্’কে বুঝাইতেছে যাহা ‘ফরয’ (অবশ্যকরণীয়) নহে, বরং ‘নফল’ (অতিরিক্ত) তবে, প্রথমবারের মত বাধ্যতামূলক হজ্জ পালনের পর যদি কেহ আরো হজ্জ পালন করে, তবে সেই হজ্জগুলিকে সৎকর্ম বা বাড়তি নেক কাজের মধ্যে গণ্য করা যাইতে পারে।

اِنَّ الَّذِیۡنَ یَکۡتُمُوۡنَ مَاۤ اَنۡزَلۡنَا مِنَ الۡبَیِّنٰتِ وَالۡہُدٰی مِنۡۢ بَعۡدِ مَا بَیَّنّٰہُ لِلنَّاسِ فِی الۡکِتٰبِ ۙ اُولٰٓئِکَ یَلۡعَنُہُمُ اللّٰہُ وَیَلۡعَنُہُمُ اللّٰعِنُوۡنَ ﴿۱۶۰﴾ۙ

১৬০
নিশ্চয় সুস্পষ্ট নিদর্শনাবলী ও হেদায়াত হইতে আমরা যাহা কিছু নাযেল করিয়াছি, উহাকে এই কিতাবে মানব জাতির জন্য স্পষ্টভাবে আমাদের বর্ণনা করিয়া দেওয়ার পরও যাহারা উহা গোপন১৮৬ করে, তাহারই ঐ সকল লোক যাহাদিগকে আল্লাহ্ অভিশাপ দেন এবং অভিশাপকারীগণও তাহাদিগকে অভিশাপ দেয়।
১৮৬। যে সব ইহুদীরা জানিয়া শুনিয়া মহানবী (সাঃ) সম্পর্কিত ভাবষ্যদ্বাণী (যাহা তাহাদের ধর্মগ্রন্থে রহিয়াছে) গোপন রাখে, এই আয়াতে তাহাদের কথা বলা হইয়াছে।