২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

اَوَکُلَّمَا عٰہَدُوۡا عَہۡدًا نَّبَذَہٗ فَرِیۡقٌ مِّنۡہُمۡ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۰۱﴾

১০১
কী! যখনই তাহারা কোন অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ হয়, তখনই তাহাদের একদল উহা দূরে নিক্ষেপ করে? বরং তাহাদের অধিকাংশই ঈমান আনে না।

وَلَمَّا جَآءَہُمۡ رَسُوۡلٌ مِّنۡ عِنۡدِ اللّٰہِ مُصَدِّقٌ لِّمَا مَعَہُمۡ نَبَذَ فَرِیۡقٌ مِّنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ ٭ۙ کِتٰبَ اللّٰہِ وَرَآءَ ظُہُوۡرِہِمۡ کَاَنَّہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۰۲﴾۫

১০২
এবং যখন আল্লাহ্‌র পক্ষ হইতে তাহাদের নিকট এমন এক রসূল আসিল, যে তাহাদের নিকট যাহা আছে উহার সত্যায়নকারী, তখন যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল, তাহাদের মধ্যে একদল আল্লাহ্‌র কিতাবকে নিজেদের পিঠের পিছনে নিক্ষেপ করিল, যেন তাহারা (ইহা) আদৌ জানে না।

وَاتَّبَعُوۡا مَا تَتۡلُوا الشَّیٰطِیۡنُ عَلٰی مُلۡکِ سُلَیۡمٰنَ ۚ وَمَا کَفَرَ سُلَیۡمٰنُ وَلٰکِنَّ الشَّیٰطِیۡنَ کَفَرُوۡا یُعَلِّمُوۡنَ النَّاسَ السِّحۡرَ ٭ وَمَاۤ اُنۡزِلَ عَلَی الۡمَلَکَیۡنِ بِبَابِلَ ہَارُوۡتَ وَمَارُوۡتَ ؕ وَمَا یُعَلِّمٰنِ مِنۡ اَحَدٍ حَتّٰی یَقُوۡلَاۤ اِنَّمَا نَحۡنُ فِتۡنَۃٌ فَلَا تَکۡفُرۡ ؕ فَیَتَعَلَّمُوۡنَ مِنۡہُمَا مَا یُفَرِّقُوۡنَ بِہٖ بَیۡنَ الۡمَرۡءِ وَزَوۡجِہٖ ؕ وَمَا ہُمۡ بِضَآرِّیۡنَ بِہٖ مِنۡ اَحَدٍ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَیَتَعَلَّمُوۡنَ مَا یَضُرُّہُمۡ وَلَا یَنۡفَعُہُمۡ ؕ وَلَقَدۡ عَلِمُوۡا لَمَنِ اشۡتَرٰٮہُ مَا لَہٗ فِی الۡاٰخِرَۃِ مِنۡ خَلَاقٍ ۟ؕ وَلَبِئۡسَ مَا شَرَوۡا بِہٖۤ اَنۡفُسَہُمۡ ؕ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿۱۰۳﴾

১০৩
এবং তাহারা (ইহুদীগণ) উহার অনুসরণ১২৬ করিল যাহা সুলায়মানের রাজত্ব কালে১২৭ বিদ্রোহীরা অবলম্বন করিয়াছিল। বস্তুতঃ সুলায়মান অস্বীকার করেনাই বরং বিদ্রোহীরাই অস্বীকার করিয়াছিল। তাহারা লোকদিগকে প্রতারণামূলক যাদু-বিদ্যা শিক্ষা দিত১২৮,এবং (দাবী করিত যে তাহারা অনুসরণ করিতেছে) উহাকে (কূটকৌশল) যাহা বাবিল শহরে হারূত এবং মারূত১২৯ ফিরিশ্‌তাদ্বয়ের১৩০ উপর নাযেল করা হইয়াছিল, অথচ তাহারা উভয়ই কোন ব্যক্তিকে কিছুই শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত না তাহারা বলিত, ‘আমরাতো কেবল (আল্লাহ্‌র পক্ষ হইতে) পরীক্ষা স্বরূপ, অতএব, তুমি কুফরী করিও না।’ তদনুযায়ী লোকেরা তাহাদের উভয়ের নিকট হইতে এমন কিছু শিক্ষালাভ করিত যদ্বারা তাহার পুরুষ এবং তাহার স্ত্রীর মধ্যে মতভেদ সৃষ্টি করিয়া দিত, এবং আল্লাহ্‌র আদেশ ব্যতীত তাহার উহার দ্বারা কাহারও ক্ষতিসাধন করিত না, পক্ষান্তরে ইহারা (হযরত মুহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধবাদীরা) এমন শিক্ষা লাভ করিতেছে যাহা লোকের ক্ষতি সাধন করে এবং তাহাদের কোন উপকার১৩০-ক করে না; এবং তাহারা নিশ্চয় জানিয়া লইয়াছে যে, যে কেহ উহা অবলম্বন করিবে তাহার জন্য পরকালে কোন অংশ থাকিবে না, এবং উহা অতি জঘন্য যাহার বিনিময়ে তাহারা নিজেদের আত্মাকে বিক্রয় করিয়াছে; হায়! যদি তাহারা জানিত।
১২৬। ‘তালাওতুহু’ অর্থ ‘আমি তাহাকে অনুসরণ করিয়াছিলাম’ (লেইন)।
১২৭। ‘আলা’ এখানে ‘ফি’র অর্থ প্রকাশ করে যথা, ‘মধ্যে’ ‘বিরুদ্ধে’ ‘কালীন’ (মুগনী)। এই অব্যয়টি কুরআনে ‘তদনুসারে’ অর্থেও ব্যবহৃত হয় (২ঃ১১৩)। অন্যান্য অর্থে যেমন, ‘ফি’ অর্থে (২৮ঃ১৬), ‘মিন’ অর্থে (৮৩ঃ৩)। ‘তালা আলাইহে’ অর্থ ‘সে তাহার বিরুদ্ধে মিথ্যা কথা বলিল’ (তাজ, মুহীত রাদি)।
১২৮। ‘সিহ্‌র’ মানে ছলচাতুরী, কৌশল; দুষ্কর্ম, সম্মোহন, মিথ্যাকে সত্যের আকৃতিতে দেখানো, যে ঘটনার কারণ লুকানো থাকে এবং যাহা প্রকৃত স্বরূপ হইতে ভিন্নতর দৃষ্ট হয় (লেইন) অতএব, প্রত্যেক মিথ্যা, ঠগ্‌বাজি ও চালাকি-চাতুর্যকেই ‘সিহ্‌র’ বলা হয়।
১২৯। হারূত ও মারূত দুইটি নামই গুণবাচক নাম। প্রথম শব্দটি ‘হারাত’ ক্রিয়া হইতে উৎপন্ন, যার অর্থ সে ছিঁড়িয়া ফেলিল। ‘মারূত’ শব্দটি মারাতা হইতে উৎপন্ন যার অর্থ, সে ভাঙ্গিয়া ফেলিল। অতএব, শব্দ দুইটির অর্থ, যে ছিঁড়িয়া ফেলে ও যে ভাঙ্গিয়া ফেলে। নামগুলির তাৎপর্য এই যে, ঐ দুইজনের অবির্ভাব দ্বারা এই কথা বুঝাইতেছে যে, বনী ইস্‌রাঈল জাতির শত্রুদের ক্ষমতা ও সাম্রাজ্য ছিন্ন ভিন্ন ও ভাঙ্গিয়া খণ্ডবিখণ্ড হইয়া যাইবে। এই পবিত্র লোকেরা (১৩০তম টিকা দ্রষ্টব্য) নব দীক্ষিতগণকে দীক্ষাদানের সময় বলিলেন যে, তাহারা আল্লাহ্‌র তরফ হইতে এক ধরণের পরীক্ষা-স্বরূপ আসিয়াছেন, যাহাতে মানুষ সৎ ও অসতের এবং ভাল ও মন্দের পার্থক্য শিখিতে পারে। সেই সমাজের সদস্য পদ কেবল পুরুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই আয়াতে বলা হইতেছে যে, মহা নবী (সাঃ)-এর সময়েও ইহুদীরা ঐ একই ধরণের হীন কলাকৌশল ও দুষ্কর্মে রত ছিল, যেরূপ হযরত সুলায়মান (আঃ)-এর রাজত্ব কালে তাহাদের পিতৃপুরুষগণও অবলম্বন করিয়াছিল। এই আয়াত ইহাও বলিয়া দিতেছে যে, তখনকার দুষ্কৃতকারীরা ঐ সব বিদ্রোহী লোক ছিল যাহারা সুলায়মান (আঃ)-কে ভণ্ড ও অবিশ্বাসী আখ্যা দিয়াছিল। তাই এই আয়াত, সুলায়মান (আঃ) কে এই অপবাদ হইতে মুক্ত করিতেছে এবং আরো ব্যক্ত করিতেছে যে, দুস্কৃতকারীরা তাহাদের সঙ্গী সাথীদের জন্য এমন সব চিহ্ন ব্যবহার করিত, যাহা সাধারণ লোকের কাছে এক অর্থ বহন করিত এবং নিজেদের কাছে ভিন্ন অর্থ বহন করিত। এইভাবে প্রতারণার মাধ্যমে তাহারা সাধারণ মানুষের কাছ হইতে তাহাদের মনের আসল অভিসন্ধি গোপন রাখিত। সুলায়মান (আঃ)-এর বিরুদ্ধে পাকানো গোপন ষড়যন্ত্রের প্রতি এই আয়াত দৃষ্টি আকর্ষণ পূর্বক বলিতেছে যে, তাহারা তাঁহার সাম্রাজ্যকে ধ্বংস করিতে চাহিয়াছিলে এবং ইহা দ্বারা ইঙ্গিত করিতেছে যে, মদীনার ইহুদীরা এখন ঐ একই ধরণের হীন পন্থায় মহা নবী (সাঃ)-এর বিরোধীতা ও ষড়যন্ত্র করিতেছে, কিন্তু তাহারা কখনও তাহাদের এই জঘন্য উদ্দেশ্য চরিতার্থ করিতে পারিবে না।
১৩০। ‘ফিরিশ্‌তাদ্বয়’ বলিতে এখানে, ‘দুইজন পবিত্র মানুষ’ বুঝাইয়াছে (১২ঃ৩২), কেননা এই দুই জন ফিরিশ্‌তা মানুষকে কিছু শিখাইতেছেন বলিয়া উল্লেখ করা হইয়াছে। ফিরিশ্‌তারা সাধারণ মানুষের মাঝে বাস করেন না এবং মানুষের সাথে অবাধ মিলামিশাও করেন না (১৭ঃ ৯৫; ২১ঃ৮)।
১৩০-ক। যখন ইহুদীরা দেখিতে পাইল যে, ইসলাম দৃঢ় গতিতে বিস্তার লাভ করিতেছে এবং আরবদের বিরোধিতা স্তিমিত হইয়া পড়িয়াছে, আর মনে হইতেছিল, ইসলামকে ঠেকাইবার বা প্রতিরোধ করিবার শক্তি আরবদেশে অবশিষ্ট নাই, তখন তাহারা ইসলামের বিরুদ্ধে ভিন্ন দেশগুলিকে ক্ষেপাইতে লাগিল। এই ইহুদীরা খৃষ্টান শাসকদের অত্যাচার ও নির্যাতনে স্বদেশ ত্যাগ পূর্বক পারশ্য সাম্রাজ্যে আশ্রয় নিয়াছিল এবং নিজেদের ধর্ম কেন্দ্রকে জুডা হইতে বেবিলনীয়াতে স্থানান্তরিত করিয়াছিল (হাচিন্‌সনের হিস্ট্রী অব নেশন্‌স, পৃঃ ৫৫০) ক্রমে ক্রমে, তাহারা পারশ্যের রাজদরবারে প্রভাবশালী হইয়া উঠিল এবং এই সুযোগে, ইসলামের বিরুদ্ধে সেখানে ষড়যন্ত্র পাকাইতে শুরু করিল। যখন ইরানের সম্রাট দ্বিতীয় খস্‌রুর কাছে রসূলে করীম (সাঃ)-এর প্রেরিত ইস্‌লাম গ্রহণের আহবান-পত্র পৌঁছিল, তখন ইহুদীরা তাহাকে এতই উত্তেজিত করিয়া তুলিল যে, খসরু (২) ইয়েমেনের গভর্ণর বাধানকে হুকুম দিলেন, সে যেন রসূলে করীম (সাঃ)-কে গ্রেফতার করিয়া শিকল-বাঁধা অবস্থায় পারশ্যের রাজ দরবারে পাঠাইয়া দেয়। এই আয়াতটিতে মহানবী (সাঃ)-এর সময়কার ইহুদীদের এইসব ষড়যন্ত্র ও দুষ্কৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে। তাহাদিগকে বলা হইতেছে যে, তাহাদের পূর্ব পুরুষেরা সুলায়মান (আঃ)-এর বিরুদ্ধেও ষড়যন্ত্র করিয়াছিল এবং তাঁহার বিরুদ্ধে গোপন দল গঠন পূর্বক গোপন চিহ্নাবলীর ব্যবহার শিখাইয়াছিল (১-রাজাবলী-১১ঃ২৯-৩২; ১-রাজাবলী - ১১ঃ১৪, ২৩, ২৬ ; ২-বংশাবলী-১০ঃ ২-৪)। দ্বিতীয় বারের মত তাহারা অনুরূপ গোপন সংস্থা গঠন করিয়াছিল রাজা নবুখদনিৎসরের সময়ে, যখন ইহুদীরা ব্যাবিলনে বন্দী অবস্থায় ছিল। যে দুইজন পবিত্র পুরুষের কথা এই আয়াতে বলা হইয়াছে, তাহাদের একজন হইলেন হাগ্‌গাই নবী এবং অপরজন ইদ্দোর পুত্র যাকারিয়্যা (ইষ্রা ৫ঃ১)। এই পবিত্র পুরুষ দুইজন তাঁহাদের সমাজে কেবল পুরুষদিগকে গ্রহণ করিতেন এবং নব-দীক্ষিত সভ্যগণকে বলিয়া দিতেন যে, তাহারা আল্লাহ্‌র তরফ হইতে এক ধরণের পরীক্ষা স্বরূপ আসিয়াছেন এবং আরও বুঝইয়া দিতেন যে, ইসরাঈলীরা তাহাদের কথায় যেন অবিশ্বাস না করে। যখন মিডিয়া-পারশ্যের বাদশাহ্ সাইরাস ক্ষমতায় আসিলেন, তখন ইসরাঈলীরা তাহার সহিত এক গোপন চুক্তিতে আবদ্ধ হইল। ইহার ফলে সাইরাসের ব্যাবিলন বিজয় সহজ ও ত্বরান্বিত হইল। এই সাহায্যের জন্য, সাইরাস ইসরাঈলীদের প্রতি অনুরক্ত হইয়া তাহাদিগকে জেরুজালেমে ফিরিবার অনুমতি ত দিলেনই, তদুপরি সুলায়মানের ধর্মশালা পূনঃনির্মাণেও তাহাদিগকে সাহায্য প্রদান করিলেন (হিষ্টোরিয়ান’স হিষ্ট্রী অব দি ওয়ার্ল্ড, ২য়, ১২৬)। এই আয়াত ইঙ্গিত করিতেছে যে, ইহুদীদের পূর্বেকার দুইটি প্রচেষ্টার দুই রকম ফল হইয়াছিল। প্রথমবার সুলায়মান (আঃ)-এর বিরুদ্ধে তাহারা যে ষড়যন্ত্র পাকাইয়াছিল, তাহাতে তাহারা নিজেদের সম্মান-প্রতিপত্তি তো হারাইলই, পরন্ত শেষ পর্যন্ত ব্যাবিলনে নির্বাসিত হইল। দ্বিতীয়বার, তাহারা দুইজন পবিত্র লোকের সাহায্যে একই ধরণের কর্মপন্থা অবলম্বনের মাধ্যমে কৃতকার্য হইয়াছিল। তাই, ইস্‌রাঈলীদের এই তৃতীয়বারের ষড়যন্ত্র যাহা তাহারা মহানবী (সাঃ)-এর বিরুদ্ধে পাকাইতেছে তাহা ব্যর্থতায় পর্যবসিত হইবে (যেমন সুলায়মান (আঃ)-এর সময় হইয়াছিল, কিম্বা সাফল্যমণ্ডিত হইবে, যেমন ব্যাবিলনে হইয়াছিল), সেই বিষয়ে আলোকপাত করিতে গিয়া কুরআন বলিতেছে, ‘মহানবী (সাঃ)-এর শত্রুরা এখন বুঝিতে পারিতেছে যে, ইহা তাহাদের ক্ষতি করিবে, ভাল করিবে না।’ অর্থাৎ হযরত (সাঃ)-এর বিরুদ্ধে তাহাদের সকল প্রচেষ্টা ব্যর্থ ও বিফল হইবে।

وَلَوۡ اَنَّہُمۡ اٰمَنُوۡا وَاتَّقَوۡا لَمَثُوۡبَۃٌ مِّنۡ عِنۡدِ اللّٰہِ خَیۡرٌ ؕ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿۱۰۴﴾٪

১০৪
এবং যদি তাহারা ঈমান আনিত এবং তাক্‌ওয়া অবলম্বন করিত, তাহা হইলে আল্লাহ্‌র নিকট হইতে নির্ধারিত প্রতিদানই উৎকৃষ্টতর হইত; হায়! তাহারা যদি জানিত।
সূরা আল্ বাকারা - রুকু ১২

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقُوۡلُوۡا رَاعِنَا وَقُوۡلُوا انۡظُرۡنَا وَاسۡمَعُوۡا ؕ وَلِلۡکٰفِرِیۡنَ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۰۵﴾

১০৫
হে যাহারা ঈমান আনিয়াছ! ‘তোমরা (নবীকে) ‘রায়েনা’১৩১ বলিও না, বরং ‘উনযুরনা’ বলিও এবং (তাহার কথা) শুনিও। বস্তুতঃ কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রহিয়াছে।
১৩১। ‘রা-য়েনা’ শব্দটি ‘মুফাআলা’ ওজনের, যাহাতে পারস্পরিকতাবোধ বিদ্যমান আছে এবং উভয় দিকই সমমর্যাদায় অবস্থিত বুঝায়, সেই ক্ষেত্রে অর্থ দাঁড়াইবে, ‘আমাদিগকে মর্যাদা দাও যাহাতে আমরাও তোমাকে মর্যাদা দিতে পারি’। আর যদি ধরিয়া লওয়া হয় যে, শব্দটি ‘রা-ইন’ ধাতু হইতে উৎপন্ন (উচ্চারণে সামান্য বিভিন্নতা আছে), তাহা হইলে অর্থ হইবে, ‘হে বোকা’ বা ‘হে অহঙ্কারী ব্যক্তি’। যেহেতু এইরূপ দ্ব্যর্থ-বোধক শব্দের ব্যবহারের মাঝে রসূলে পাক (সাঃ)-এর প্রতি অবমাননা প্রকাশের এবং ভুল বুঝার অবকাশ রহিয়াছে, সেই জন্য আল্লাহ্‌তা’লা মুসলমানকে এরূপ শব্দ ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন এবং এইরূপ ক্ষেত্রে সম্মান সূচক দ্ব্যর্থহীন শব্দ ব্যবহার করিতে উপদেশ দিয়াছেন, যেমন ‘উনযুরনা’ যাহার অর্থ ‘আমাদের জন্য অপেক্ষা করুন ।’ বাহিরের জাতির সাথে আরবীয় ইহুদীদের ইসলাম বিরোধী কার্যকলাপের উল্লেখ করিয়া, কুরআন এই আয়াতের মাধ্যমে উদাহরণ দিয়া বুঝাইতেছে, রসূলে করীম (সাঃ)-কে ছোট ও খাটো বানাইবার কী অপচেষ্টাই না ইহুদীরা করিতেছে ; এমনকি মুসলমানদের মধ্যে বিবাদ-বিসংবাদ ও ঝগড়া-ঝাটি সৃষ্টি করিতেও তাহারা তৎপরতা চালাইতেছে। এখানে একটি মামুলি উদাহরণকে (দ্ব্যর্থবোধক শব্দে সৃষ্ট ভুল-ভ্রান্তি ঝগড়া-বিবাদ ইত্যাদি) নির্বাচন করা হইয়াছে এই উদ্দেশ্যে যে, মানুষের ভাবাবেগ এতই শক্তিশালী যে, সামান্য তুচ্ছ ব্যাপারও অনেক সময় মহা বিপদ ডাকিয়া আনে এবং কর্তৃপক্ষের সম্মানসহ সমাজের শৃংখলাবোধকে ব্যাহত করিয়া থাকে।

مَا یَوَدُّ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ وَلَا الۡمُشۡرِکِیۡنَ اَنۡ یُّنَزَّلَ عَلَیۡکُمۡ مِّنۡ خَیۡرٍ مِّنۡ رَّبِّکُمۡ ؕ وَاللّٰہُ یَخۡتَصُّ بِرَحۡمَتِہٖ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ ﴿۱۰۶﴾

১০৬
আহ্‌লে কিতাবের (কিতাবধারীদের) মধ্য হইতে এবং মুশরেকদের (অংশীবাদীদের) মধ্য হইতে যাহারা কুফরী করিয়াছে তাহারা চাহে না যে, তোমাদের প্রভুর পক্ষ হইতে তোমাদের উপর কোন কল্যাণ নাযেল করা হউক, অথচ আল্লাহ্‌ যাহাকে চাহেন নিজ রহমতের জন্য মনোনীত করেন এবং আল্লাহ্ মহা ফযলের অধিকারী।

مَا نَنۡسَخۡ مِنۡ اٰیَۃٍ اَوۡ نُنۡسِہَا نَاۡتِ بِخَیۡرٍ مِّنۡہَاۤ اَوۡ مِثۡلِہَا ؕ اَلَمۡ تَعۡلَمۡ اَنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۰۷﴾

১০৭
আমরা যেকোন আয়াতকে১৩১-ক রহিত১৩২ করি অথবা ভুলাইয়া দিই, আমরা উহা হইতে উৎকৃষ্টতর অথবা উহার সমতুল্য আয়াত আনয়ন করি; তুমি কি অবগত নহ যে, নিশ্চয় আল্লাহ্‌ সকল বিষয়ে সর্বশক্তিমান?
১৩১-ক। ‘আয়াত’ অর্থ বাণী, চিহ্ন, হুকুম, কুরআনের আয়াত (লেইন)।
১৩২। ভ্রমবশতঃ এই আয়াত হইতে এইরূপ ধারণার উদ্ভব হইয়াছে যে, কুরআনের কিছু আয়াত বাতিল করা হইয়াছে। এইরূপ সিদ্ধান্তে পৌছা খুবই মারাত্মক ও ভ্রমাত্মক। এই আয়াতে এমন কোন ইঙ্গিতও নাই যে আয়াত বলিতে কুরআনের আয়াতকে বুঝাইয়াছে। পূর্বাপর বাক্যগুলি পাঠ করিলে ইহাই দেখা যায় যে, এখানে পূর্ববর্তী কিতাবধারী ইহুদীদের কথাই বলা হইতেছে এবং নূতনভাবে অবতীর্ণ আল্লাহ্‌র বাণীর প্রতি তাহাদের হিংসা-বিদ্বেষের কথা বলা হইতেছে। ইহা হইতে এই কথা স্পষ্ট বুঝা যায়, বাতিলকৃত আয়াত বলিতে পূর্ববর্তী কিতাবের আয়াত বুঝাইতেছে। পূর্ববতী ধর্মগ্রন্থগুলিতে দুই রকমের আদেশনির্দেশ পাওয়া যায়ঃ (১) ঐ সব নির্দেশ, যাহা সময় ও অবস্থার পরিবর্তনের কারণে এবং নূতন বিশ্বজনীন নির্দেশাবলীর অবতরণের ফলে অপ্রয়োজনীয় হইয়া পড়িয়াছে; এইগুলি বাতিল যোগ্য। (২) ঐ সব আদেশ, যেগুলিতে চিরসত্য বিদ্যমান রহিয়াছে; সেগুলির পুনর্বর্ণনা ও পুনরুজ্জীবন প্রয়োজন যাহাতে মানুষ ঐ হারানো সত্যকে ফিরিয়া পায়। অতএব, ইহার প্রয়োজন ছিল যে পূর্ববর্তী কিতাবের কিছু অংশ বাতিল হইয়া নূতন কিছু সময়োপযোগী শিক্ষা উহার স্থান লাভ করে এবং ভুলিয়া যাওয়া চিরসত্যগুলি পুনরুজ্জীবিত হয়। অতএব, আল্লাহ্‌তা’লা তাহাই করিয়াছেন। তিনি পূর্ববর্তী কিতাবের কতকাংশ অপ্রয়োজনীয় বিধায় বাতিল করিয়া তদস্থলে নূতন ও উন্নতমানের বাণী পাঠাইয়াছেন এবং সঙ্গে সঙ্গে হারানো অংশগুলিকে, অনুরূপ নূতন বাণী দ্বারা পুনরুদ্ধার করা হইয়াছে। ইহাই এই আয়াতের সত্যিকার অর্থ ও তাৎপর্য যাহা প্রসঙ্গের সহিত সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং কুরআনের সাধারণ শিক্ষামালার সাথে সঙ্গতিপূর্ণ। কুরআন পূর্ববর্তী সকল ধর্মগ্রন্থকে বাতিল করিয়া, তাহাদের সকলের স্থান গ্রহণ করিয়াছে। কেননা, মানবের পরিবর্তিত পরিস্থিতিতে, কুরআন নূতন বিধান নিয়া আসিয়াছে, যাহা পূর্ববর্তী বিধানসমূহ হইতে কেবল যে উন্নত পর্যায়ের,তাহাই নহে বরং সর্বকালের সর্বমানবের জন্য ইহার কার্যকারিতা রহিয়াছে। অপূর্ণ, অপোক্ত সাময়িক শিক্ষা, যাহা সীমাবদ্ধ সময়ের জন্য নির্ধারিত ছিল, তাহা বিশ্বজনীন সর্বকালোপযোগী শিক্ষার কাছে হার মানিবে, ইহাই স্বাভাবিক। এই আয়াতে, ‘নানসাখ’ (আমরা বাতিল করি) শব্দটির সরাসরি সম্পর্ক ‘বি-খাইরিন’ (আরও উত্তম একটি) শব্দটির সাথে এবং ‘নূনসিহা’ (আমরা ভুলাইয়া দেই) শব্দটির সম্পর্ক রহিয়াছে বি-মিসলিহা (তদনুরূপ) শব্দটির সাথে। অতএব, অর্থ দাঁড়ায় এইরূপঃ— যখন আল্লাহ্‌ কোন কিছু বাতিল করেন, তখন তদস্থলে উহা হইতে উত্তম কিছু প্রবর্তন করেন। আর যখন তিনি কিছু ভুলাইয়া দেন, তখন তিনি তাহা পুনরুজ্জীবিত করেন বা তদনুরূপ কিছু প্রবর্তন করেন। ইহুদী ওলামা নিজেরাই স্বীকার করেন যে,নবুখদনিৎসর যখন ইসরাঈলীদিগকে বন্দী করিয়া ব্যাবিলনে লইয়া গিয়াছিলেন, তখন সমস্ত তওরাত গ্রন্থই হারাইয়া গিয়াছিল (এনসা বিব্‌)।

اَلَمۡ تَعۡلَمۡ اَنَّ اللّٰہَ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَمَا لَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ ﴿۱۰۸﴾

১০৮
তুমি কি অবগত নহ যে, নিশ্চয় আকাশ সমূহের ও পৃথিবীর আধিপত্য একমাত্র আল্লাহ্‌রই? এবং আল্লাহ্‌ ছাড়া তোমাদের জন্য না কোন বন্ধু আছে এবং না কোন সাহায্যকারী আছে।

اَمۡ تُرِیۡدُوۡنَ اَنۡ تَسۡـَٔلُوۡا رَسُوۡلَکُمۡ کَمَا سُئِلَ مُوۡسٰی مِنۡ قَبۡلُ ؕ وَمَنۡ یَّتَبَدَّلِ الۡکُفۡرَ بِالۡاِیۡمَانِ فَقَدۡ ضَلَّ سَوَآءَ السَّبِیۡلِ ﴿۱۰۹﴾

১০৯
তোমরা কি তোমাদের রসূলকে সেই ভাবে প্রশ্ন১৩৩ করিতে চাহ যেভাবে ইতিপূর্বে মূসাকে প্রশ্ন করা হইয়াছিল? এবং যে কেহ ঈমানকে অস্বীকারের সহিত বদল করিয়া লয়, নিঃসন্দেহে সে সোজা পথ হইতে বিচ্যুত হইয়াছে।
১৩৩। এই আয়াত ইহুদীদের আরেকটি অপকৌশলের কথা উল্লেখ করিতেছে, যে অপকৌশলটি মহানবী (সাঃ)-এর উদ্দেশ্যকে বান্‌চাল করার জন্য তাহারা ব্যবহার করিত। তাহারা নবী করীম (সাঃ)-কে আজে-বাজে ও অদ্ভূৎ প্রশ্নাবলী জিজ্ঞাসা করিত, যেগুলির সাথে ধর্ম বিষয়ের দূরতম সম্পর্কও ছিল না। তাহারা এই সব অনর্থক প্রশ্নাবলী এই অসদুদ্দেশ্যে করিত, যাহাতে মুসলমানগণও একই ধারায় অর্থহীন প্রশ্ন রসূলুল্লাহ (সাঃ)-এর কাছে উত্থাপন করিতে প্রলুদ্ধ হয় এবং এইভাবে ধর্মের মর্যাদা ও গাম্ভীর্য ব্যহত হয়, আর সাথে সাথে যাহাতে সত্য সম্বন্ধে তাহাদের মনেও সন্দেহ জাগে।

وَدَّ کَثِیۡرٌ مِّنۡ اَہۡلِ الۡکِتٰبِ لَوۡ یَرُدُّوۡنَکُمۡ مِّنۡۢ بَعۡدِ اِیۡمَانِکُمۡ کُفَّارًا ۚۖ حَسَدًا مِّنۡ عِنۡدِ اَنۡفُسِہِمۡ مِّنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُمُ الۡحَقُّ ۚ فَاعۡفُوۡا وَاصۡفَحُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۱۰﴾

১১০
আহ্‌লে কিতাবের মধ্য হইতে অনেক লোক, যাহাদের উপর সত্য পূর্ণরূপে প্রকাশিত হওয়ার পর, তাহাদের অন্তর্নিহিত বিদ্বেষের কারণে, এই আকাঙ্খা করে যেন তোমাদের ঈমান আনার পর তাহারা তোমাদিগকে পুনরায় কাফের বানাইয়া ফেলিতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আল্লাহ্ তাহার আদেশ নাযেল করেন তোমরা তাহাদিগকে মার্জনা কর এবং উপেক্ষা কর। নিশ্চয় আল্লাহ্‌ সকল বিষয়ে সর্বশক্তিমান।