১৫

الحجر

সূরা আল্ হিজ্‌র

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১০০ আয়াত এবং ৬ রুকু আছে।

کَمَاۤ اَنۡزَلۡنَا عَلَی الۡمُقۡتَسِمِیۡنَ ﴿ۙ۹۱﴾

৯১
এইজন্য যে, আমরা তাহাদের উপর (শাস্তি) অবতীর্ণ (করার সিদ্ধান্ত) করিয়াছি, যাহারা (হে রসূল! তোমার বিরুদ্ধে) নিজদিগকে বিভিন্নদলে১৫২৪ বিভক্ত করিয়া ছিল;
১৫২৪। মক্কার কাফেরগণ তাহাদের বিভিন্ন দল গঠন করিয়া উহাদের উপর বিভিন্ন দায়িত্ব অর্পণ করিল যাহাতে তাহারা নবী করীম (সাঃ)-এর কাজে বিঘ্নতা সৃষ্টি করিতে পারে। অথবা উক্ত ভিন্ন ভিন্ন দল নিজেরা নির্দিষ্ট কাজের দায়িত্ব গ্রহণ করিল এবং তাহারা তাঁহাকে (আঁ- হযরত-সাঃ কে) হত্যা করার সিদ্ধান্ত নিল। মুক্‌তাসেমীন-এর অর্থ ইহাও হয় যে, তাহারা একে অন্যের প্রতি বিভিন্ন কাজের দায়িত্ব অর্পণ করিল।

الَّذِیۡنَ جَعَلُوا الۡقُرۡاٰنَ عِضِیۡنَ ﴿۹۲﴾

৯২
যাহারা কুরআনকে বহু মিথ্যার সমষ্টি১৫২৫ বলিয়া মনে করিয়া লইয়াছিল।
১৫২৫। ’এয্‌’-এর বহুবচন ‘এযীনা’। ‘এয’ অর্থ মিথ্যা কথা, দুর্নাম, যাদুমন্ত্র, কোন বস্তুর অংশ বা টুকরা বিশেষ, দল,সম্প্রদায় বা জনগোষ্ঠি (লেইন)।

فَوَرَبِّکَ لَنَسۡـَٔلَنَّہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۹۳﴾

৯৩
অতএব, তোমার প্রভুর কসম, আমরা নিশ্চয় তাহাদের সকলের নিকট কৈফিয়ত তলব করিব;

عَمَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿ٙ۹۴﴾

৯৪
উহা সম্বন্ধে, যাহা তাহারা করিয়া আসিতেছিল।

فَاصۡدَعۡ بِمَا تُؤۡمَرُ وَاَعۡرِضۡ عَنِ الۡمُشۡرِکِیۡنَ ﴿۹۵﴾

৯৫
অতএব, তোমাকে যে বিষয়ে আদেশ দেওয়া হইয়াছে উহা তুমি (লোকদের নিকট) সবিস্তারে বর্ণনা কর এবং মোশরেকদেরকে উপেক্ষা কর।

اِنَّا کَفَیۡنٰکَ الۡمُسۡتَہۡزِءِیۡنَ ﴿ۙ۹۶﴾

৯৬
নিশ্চয় বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমরাই তোমার জন্য যথেষ্ট -

الَّذِیۡنَ یَجۡعَلُوۡنَ مَعَ اللّٰہِ اِلٰہًا اٰخَرَ ۚ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿۹۷﴾

৯৭
যাহারা আল্লাহ্‌র সংগে আরও মা’বূদ স্থির করিয়াছে; সুতরাং তাহারা অচিরেই (উহার পরিণাম) জানিতে পারিবে।

وَلَقَدۡ نَعۡلَمُ اَنَّکَ یَضِیۡقُ صَدۡرُکَ بِمَا یَقُوۡلُوۡنَ ﴿ۙ۹۸﴾

৯৮
এবং আমরা নিশ্চয় জানি যে, তাহারা যাহা বলিতেছে উহাতে তোমার অন্তঃকরণ সংকুচিত হইতেছে।১৫২৬
১৫২৬। রসূলে পাক (সাঃ) অবিশ্বাসীদের বিদ্রূপের কারণে ব্যথিত ছিলেন না, বরং তিনি ব্যথিত ছিলেন আল্লাহ্‌র সঙ্গে অন্যান্য দেব-দেবীর শরীক করার কারণে। তাহার দুঃখের কারণ ছিল একদিকে আল্লাহ্‌তা’লার প্রতি অকৃত্রিম ও গভীর ভালবাসা, অন্যদিকে তাঁহার জাতির জন্য উৎকণ্ঠা ও চিন্তা।

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَکُنۡ مِّنَ السّٰجِدِیۡنَ ﴿ۙ۹۹﴾

৯৯
অতএব, তুমি তোমার প্রভুর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও।

وَاعۡبُدۡ رَبَّکَ حَتّٰی یَاۡتِیَکَ الۡیَقِیۡنُ ﴿٪۱۰۰﴾

১০০
এবং তুমি তোমার উপর মৃত্যু আসা পর্যন্ত তোমার প্রভুর ইবাদত করিতে থাক।১৫২৭
সূরা আল্ হিজ্‌র - রুকু ৬
১৫২৭। এই আয়াতের তাৎপর্য হইল: যেহেতু মহানবী (সাঃ)-এর প্রেরিত হওয়ার মুখ্য ও মূল উদ্দেশ্য ছিল আল্লাহ্‌তা’লার তওহীদ প্রতিষ্ঠা, যাহা পূর্ণ হওয়ার পর্যায় ও সময় উপস্থিত, সেই জন্য আনন্দপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তাঁহাকে আল্লাহ্‌তা’লার সমীপে কায়মনোচিত্তে কৃতজ্ঞ হইয়া সেজদায় প্রণত হইতে হইবে।